সাত বছর পর ইউরোতে নেদারল্যান্ডস

স্পোর্টস ডেস্ক /S.H:

সাত বছর সময়টা দীর্ঘ,  আর এই দীর্ঘ সময় ধরে কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ হয়নি ডাচদের। তবে এইবার পুরোপুরি প্রস্তুতি নিয়ে মাঠ রাঙাতে চায় কমলা জার্সি বাহিনী।

১৯৮৮ সালে উইরোর শিরোপা ঘরে তুলে ডাচরা, তবে তার আগে ১৯৮৪ সালের ইউরো খেলার যোগ্যতা তুলে ধরতে ব্যর্থ হয় নেদারল্যান্ড ফুটবল বাহিনী। ২০১৬ সালেও ইউরোতে খেলার সুযোগ হয়নি ডাচদের আর তার সাথে যোগ হয় ২০১৮ সালের ফুটবল বিশ্বকাপও। দূর্দশার গল্প এখানেই থেমে থাকেনি নেদারল্যান্ডসের। বার্সার টানে নেদারল্যান্ডসদের ত্যাগ করে কোচ কোমান, তার জায়গায় আসে ফ্রাঙ্ক ডি বোর। কোমানের হাতে গড়া নেদারল্যান্ডসের দায়িত্বটা ভালো ভাবেই বুঝে  নিয়েছে ফ্রাঙ্ক। তবে দলের মূল অধিনায়ক ফন ডাইক ছাড়া মাঠে লড়তে হবে ডাচদের। তার সাথে থাকছে না মূল গোলরক্ষক ইয়াসপারও। সব কিছুর পরেও নিজেদের সেরাটা দিতে মরিয়া হয়ে রয়েছে ডাচরা। তার কারণটা হচ্ছে নেদারল্যান্ডসে রয়েছে বেশ কিছু প্রতিভাবান খেলোয়াড়। এই ইউরোতে নেদারল্যান্ডস হচ্ছে সবচেয়ে বেশি তরুণ প্রতিভাবান খেলোয়াড় নিয়ে গড়া দল। তাই তে ইতিহাস পুনরাবৃত্তি স্বপ্ন দেখছে ডাচরা। সবুজ মাঠ আবারও রাঙ্গিয়ে দিতে চায় কমলা বাহিনী।

ইউজিসি সতর্ক করলো ১৬ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে

শিক্ষা ডেস্কঃ  বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) অননুমোদিত ভবন/ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম পরিচালনা, অননুমোদিত প্রোগ্রাম, মামলা-মোকদ্দমাসহ বিভিন্ন ধরনের সমস্যা আছে- এ রকম ১৬টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ (আপডেট) করেছে। ভর্তির মৌসুম সামনে রেখেই এই হালনাগাদ তালিকা প্রকাশ করেছে  ইউজিসি। জনস্বার্থে ইউজিসির ওয়েবসাইটে এসব বিশ্ববিদ্যালয়ের নামের পাশে লাল তারকা চিহ্ন প্রদান করা হয়েছে।

ইউজিসি সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষায় ভর্তির এই সময়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সতর্ক করতেই সম্প্রতি ওয়েবসাইটের তালিকাটি হালনাগাদ করা হয়েছে। সেখানে যেসব বিশ্ববিদ্যালয়ের নামের পাশে লাল তারকা চিহ্ন প্রদান করা হয়েছে, সেগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। তাই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় সম্পর্কে খোঁজখবর নিয়ে ভর্তি হতে হবে। পরে কোনো সমস্যায় পড়লে দায়ভার নেবে না ইউজিসি। দেশে বর্তমানে ১০৭টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন আছে।

ইউজিসির দেওয়া তালিকা অনুযায়ী, অবৈধ ভবনে থাকা বিশ্ববিদ্যালয়গুলো হল- ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব সাউথ এশিয়া, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ, ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ, সাউথ ইস্ট ইউনিভার্সিটি এবং নর্দান ইউনিভার্সিটি।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় একটি প্রোগ্রামের অনুমোদন নিয়ে সেই প্রোগ্রামের আড়ালে আরও ১০টি প্রোগ্রাম পরিচালনা করছে, যা সম্পূর্ণ অবৈধ বলে জানিয়েছে ইউজিসি। অননুমোদিত প্রোগ্রামগুলো হলো- বিবিএ ইন জেনারেল, বিবিএ ইন ফিন্যান্স, বিবিএ ইন এইচআরএম, বিবিএ ইন ইন্টারন্যাশনাল বিজনেস, বিবিএ ইন মার্কেটিং, বিবিএ ইন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম, বিবিএ ইন অ্যাকাউন্টিং, বিবিএ ইন ইকোনমিক্স, বিবিএ ইন এন্টারপ্রেনিউরশিপ এবং বিবিএ ইন সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট।

গণবিশ্ববিদ্যালয়ে অননুমোদিতভাবে পরিচালিত বিবিএ, পরিবেশ বিজ্ঞান, এমবিবিএস, বিডিএস এবং স্কাইকোথেরাপি প্রোগ্রামগুলো হাইকোর্ট ডিভিশন ২০১৯ সালের ১৯ ফেব্রুয়ারি থেকে পরবর্তী ৬ মাসের স্থগিতাদেশ দেওয়া হয়। এ স্থগিতাদেশের মেয়াদ শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়টি এসব প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম অব্যাহত রেখেছে।এছাড়া চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ইন কুরআনিক সায়েন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ প্রোগ্রামটি অননুমোদিতভাবে পরিচালনা করা হচ্ছে।

ব্রিটেনিয়া ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও কুইন্স ইউনিভার্সিটিতে মালিকানা দ্বন্দ্ব রয়েছে। ইবাইস ইউনিভার্সিটির দুজন মালিক একই সঙ্গে বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। এরমধ্যে একটি গ্রুপ ধানমন্ডি, অন্য গ্রুপ উত্তরায় শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। একসময় কোর্টের রায়ে ধানমন্ডি বাড়ি নম্বর-২১/এ, সড়ক নম্বর-১৬ (পুরাতন-২৭), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানাটি কমিশনের ওয়েব সাইটে আপলোড করা হয়েছিল। ওই স্থগিতাদেশের কার্যকারিতা ভ্যাকেট হয়ে যাওয়ায় ইবাইস ইউনিভার্সিটির ওই ঠিকানা কমিশনের ওয়েবসাইট থেকে বাতিল করা হয়। তাই বর্তমানে এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদিত কোনো ঠিকানা নেই।

সুপ্রিম কোর্টের আপিল বিভাগের Civil Petition for Leave to Appeal No. 1967/2018 (out of Writ petition no. 4263/2018) এর আদেশ বলে দি ইউনিভার্সিটি অব কুমিল্লার ঠিকানা এবং প্রোগ্রামগুলো ইউজিসির ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের বিষয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী পরবর্তী নির্দেশনা চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ে পত্র পাঠানো হয়েছে। কমিশন থেকে শিক্ষা কার্যক্রম পুনরায় শুরুর অনুমতি এখন পর্যন্ত দেওয়া হয়নি।

এছাড়া, সরকার কর্তৃক নতুন করে অনুমোদন দেওয়া ছয়টি বিশ্ববিদ্যালয় এখনও শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য অনুমতি পায়নি। এগুলোর মধ্যে রয়েছে- রূপায়ন এ কে এম শামসুজ্জাহা বিশ্ববিদ্যালয়, আহসানিয়া মিশন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খান বাহাদুর আহছানউল্লা বিশ্ববিদ্যালয়, শাহ মখদুম ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি, মাইক্রোল্যান্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এবং আর টি এম আল কবির টেকনিক্যাল ইউনিভার্সিটি।

 

কুষ্টিয়ার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে বাড়ছে পদ্মা নদীর পানি, বাড়ছে বন্যার আশংকা

কুষ্টিয়া প্রতিনিধিঃ পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে অস্বাভিকভাবে বাড়ছে পদ্মা নদীর পানি। পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গতকাল পানির উচ্চতা ছিল ৮ দশমিক ০৯ মিটার। বন্যার আশংকা করছে এলাকাবাসী।
পাবনার পানি উন্নয়ন বোর্ড ও উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার বিকেল ৩টায় পাকশীর পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানি পরিমাপ করে প্রবাহ রেকর্ড করা হয়েছে ১ লাখ ৯১ হাজার ০১১ কিউসেক। পানির এই বৃদ্ধি অস্বাভাবিক বলে জানান তিনি।
পানি পরিমাপ বিভাগের কর্মকর্তারা জানান, গত বছর এই সময়ে হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ছিল ৭ দশমিক ৫৩ মিটার। এ বছর এই সময়ে পদ্মার পানি যেভাবে বাড়ছে তাতে বর্ষার আগেই বিপদসীমার কাছাকাছি গিয়ে ঠেকতে পারে। এদিকে পদ্মায় পানি বাড়ার সঙ্গে সঙ্গে এলাকার অসংখ্য কৃষকের আবাদ করা ফসল এরই মধ্যে তলিয়ে গেছে। ভেড়ামারা চর গোলাপ নগর এলাকার চরে আবাদ করা বেশিরভাগ বাদাম ক্ষেত এখন পানির নিচে।
পদ্মায় গিয়ে দেখা গেছে, হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি স্প্যানের মধ্যে ১৩টির নিচেই এখন হুহু করে স্রোত প্রবাহিত হচ্ছে। এই সময়ে অন্যান্য বছর ব্রিজের অর্ধেকের নিচেই ধু-ধু বালুচর থাকে। অথচ এবার পানিতে ভরে গেছে নদীর দু’কূল। প্রবীণ ব্যক্তিরা জানান, ‘৮৮ সালের পর পদ্মা নদীর এই রূপ আর দেখেননি তারা।
নদী ও পানি গবেষক অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, যমুনা ও পদ্মার উৎস যমুনাত্রী ও গঙ্গাত্রীর প্রধান হিমবাহ হিমালয় পর্বতের বরফ গলা পাহাড়ি ঢলের কারণে এই সময়ে পদ্মা নদীতে পানি বৃদ্ধির প্রধান কারণ।
ভেড়ামারা উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শায়খুল ইসলামের দেওয়া তথ্য মতে, এ মৌসুমে পদ্মার চরাঞ্চলে বিভিন্ন ফসলের আবাদ হয়েছে প্রায় এক হাজার হেক্টর জমিতে। নদীতে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকার আবাদি ফসল তলিয়ে যাচ্ছে।
কৃষক আব্দুল করিম জানান, এ বছর তেমন বন্যা না হওয়ায় চরের ৫ বিঘা জমিতে আগাম মাষকলাই চাষ করেছিলেন। ফলনও ভালো হয়েছিল। কিন্তু পদ্মার পানি হঠাৎ বেড়ে যাওয়ায় ফসল তলিয়ে গেছে।
উত্তরাঞ্চল পানি পরিমাপক বিভাগ ও পাবনা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জাহেদুল ইসলাম জানান, গতকাল বিকেল ৩টায় হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে সর্বশেষ পানি পরিমাপ করে পদ্মা নদীতে ১ লাখ ৯১ হাজার ৩১১ কিউসেক পানি পাওয়া গেছে। গত বছর এই সময়ে পানিপ্রবাহ ছিল ১ লাখ ১৫ হাজার ০৬৮ কিউসেক।

একনেকে ৬৬৫১ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন

ডেস্ক রিপোর্টঃ ২০২০-২১ অর্থবছরের ২৬তম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রায় ৬ হাজার ৬৫১ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। তার মধ্যে সরকার দেবে ৫ হাজার ২১৯ কোটি ৮১ লাখ টাকা, সংস্থার নিজস্ব অর্থায়ন ৭৯৮ কোটি ৩ লাখ টাকা এবং বিদেশি ঋণ ৬৩৭ কোটি ৫০ লাখ টাকা। একনেকের এই ২৬তম বৈঠকে সভাপতিত্ব করেন একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে নয়টি প্রকল্প নতুন এবং একটি সংশোধিত।

একনেকে অনুমোদন হওয়া প্রকল্পগুলো হচ্ছে- ‘বরিশাল (দিনেরারপুল) লক্ষ্মীপাশা-দুমকি সড়কের (জেড-৮০৪৪) ২৭তম কিলোমিটারে পান্ডব-পায়রা নদীর ওপর নলুয়া-বাহেরচর সেতু নির্মাণ’ প্রকল্প। ‘মধুপুর-ময়মনসিংহ জাতীয় মহাসড়ক (এন-৪০১) যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্প। ‘চিলমারী এলাকায় (রমনা, জোড়গাছ, রাজিবপুর, রৌমারী, নয়ারহাট) নদী বন্দর নির্মাণ’ প্রকল্প। ‘বিপিএটিসি’র প্রশিক্ষণ সক্ষমতা বৃদ্ধিকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প। ‘বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জন্সের আধুনিকায়ন ও সম্প্রসারণ’ প্রকল্প।

এছাড়া, ‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলাধীন ব্রাহ্মণগ্রাম-হাটপাঁচিল ও তৎসংলগ্ন এলাকায় যমুনা নদীর ডানতীর সংরক্ষণ এবং বেতিল স্পার-১ ও এনায়েতপুর স্পার-২ শক্তিশালীকরণ’ প্রকল্প। ‘ঠাকুরগাঁও জেলার টাঙ্গন ব্যারেজ, বুড়ি বাঁধ ও ভুল্লি বাঁধ সেচ প্রকল্পসমূহ পুনর্বাসন, নদীতীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ’ প্রকল্প। ‘জীব প্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ’ প্রকল্প। ‘দেশের বিভিন্ন স্থানে ধান শুকানো, সংরক্ষণ ও অন্যান্য আনুষঙ্গিক সুবিধাদিসহ আধুনিক ধানের সাইলো নির্মাণ (প্রথম ৩০টি সাইলো নির্মাণ পাইলট প্রকল্প)। ‘বাখরাবাদ- মেঘনাঘাট- হরিপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ’ প্রকল্প।

 

ফুলবাড়ীতে নালার পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে খেলতে গিয়ে বাড়ির সামনের নালার পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  সকাল ৯টার দিকে উপজেলার বড়ভিটা ইউনিয়নের দক্ষিন বড়ভিটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশুটির নাম তাবাচ্ছুম আক্তার। তার বয়স দেড় বছর। সে ওই গ্রামের তাজুল ইসলামের কন্যা।
স্থানীয়রা জানান, সকালে বাড়ির বাহির উঠানে খেলা করছিল  শিশুটি। তার  মা শিশুটিকে রেখে বাড়ীর অদুরে মাঠে গরু বাধতে যান। এর ফাঁকে সামনের নালার পানিতে পড়ে ডুবে যায় শিশু তাবাচ্ছুম। কিছুক্ষন পর মা ফিরে এসে উঠানে শিশুটিকে দেখতে না পেয়ে পানিতে পড়েছে সন্দেহে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা সামনের নালায় নেমে খুঁজতে থাকে। এক পর্যায়ে নালা থেকে মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে করা হয়।
ফুলবাড়ী থানার ওসি রাজিব কুমার রায় পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায়  থানায়  ইউডি মামলা দায়ের করা হয়েছে।

১ দিনে কুলাউড়ায় ১৩ ব্যাক্তির করোনায় আক্রান্ত

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মীঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা করোনা পরিস্থিতি ভয়ংকর রুপ ধারন করতে যাচ্ছে। বুধবার (৯জুন) নতুন করে ১৩ জন একদিনে করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা যায়।
কুলাউড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এর সত্যতা নিশ্চিত করেন।
করোনা আক্রান্ত ১৩ জনের মধ্যে কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজারে বসবাসরত চাঁপাইনবাবগঞ্জের ৩ ব্যাক্তি, লক্ষীপুর মিশনের ৪ জন ব্যাক্তি , পিডিবি অফিসের ২ জন কর্মকর্তা, কর্মধা ইউপি বসবাসরত ১ জন, কাদিপুর ইউপি ১ জন, জয়চন্ডী ইউপি ১ জন এবং চাতলগাঁও এলাকার ১ জন সর্বসাকুল্য ১৩ জনের আক্রান্ত ১ দিনের রিপোর্টে জনমনে ভয়ভীতি দেখা দিয়েছে এলাকা জুড়ে।

চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্কঃ আজ বৃহস্পতিবার চলতি বছরের প্রথম সূর্যগ্রহণ। আজকের বলয়গ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবে গোটা বিশ্ব। নাসা জানিয়েছে, উত্তর গোলার্ধের মানুষ চাক্ষুষ করতে পারবেন বলয়গ্রাস সূর্যগ্রহণ। তবে গ্রহণটি বাংলাদেশ থেকে দেখা যাবে না। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের জলবায়ু মহাশাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, আজ বাংলাদেশ সময় দুপুর ২টা ১২ মিনিট ৩০ সেকেন্ডে গ্রহণটি শুরু হবে। কেন্দ্রীয় গ্রহণ শুরু হবে দুপুর ৩টা ৫৫ মিনিটে। সর্বোচ্চ গ্রহণ শুরু হবে বিকেল ৪টা ৪১ মিনিট ৫৮ সেকেন্ডে। কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ২৮ মিনিট ৪২ সেকেন্ডে। আর গ্রহণ শেষ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১১ মিনিট ১২ সেকেন্ডে।

নাসা জানিয়েছে, বলয়গ্রাস সূর্যগ্রহণে পৃথিবী থেকে বহু দূরে অবস্থান করবে চাঁদ। সূর্য, পৃথিবী ও চাঁদ এক সরলরেখাতে এলেও পুরোপুরি ঢাকা পড়বে না সূর্য। চাঁদের চারপাশে আগুনের বলয় দেখা যাবে। একে ‘রিং অফ ফায়ার’ বলা হয়।

নাসার মতে, কোথাও কোথাও পূর্ণ গ্রহণ দেখা গেলেও কিছু জায়গায় আংশিক গ্রহণ দেখা যাবে। রাশিয়া, গ্রিনল্যান্ড ও কানাডায় পূর্ণ বলয় দেখা যাবে। আংশিক বলয় দেখা যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্বাংশে, আলাস্কা ইত্যাদি অঞ্চলে। উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া, উত্তর আফ্রিকা ও ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের অধিকাংশ অঞ্চলে আংশিক বলয় দেখা যাবে। সর্বোচ্চ গ্রহণ হবে গ্রিনল্যান্ডের আবনানাটা থেকে দক্ষিণপূর্ব দিকে হান্স আইল্যান্ডে। রাশিয়ার মাগদান ও ব্লাস্ট শহর থেকে উত্তর-পশ্চিম দিকে বেরিং সাগরে কেন্দ্রীয় গ্রহণ শেষ হবে। গ্রহণ শেষ হবে চীনের ইজহু শহরে।

 

অপছন্দের দেশ ইসরায়েলকে হারাতে রোনালদোদের ৪ গোল

স্পোর্টস ডেস্ক/S.H:

ইসরায়েলকে খুব বেশি পছন্দ করে না রোনালদোরা, এই কথা সবার জানা। গতকাল বুধবার রাতে ইসরায়েলের বিপক্ষে মাঠে নেমে ৪-০ গোলে হারিয়ে আবার সে কথা প্রমাণ করে দেয় পর্তুগালরা।

ইউরো লিগের জন্য প্রস্তুতিটা একটু ভালো ভাবেই নিতে চায় পর্তুগাল। প্রথম প্রস্তুতি ম্যাচে স্পেনের বিরুদ্ধে জয় না পেলেও ড্র করে ক্রিশ্চিয়ান রোনালদোর দল। আর সেই অপূর্ণতা গ্লানি মোচন করে ইসরায়েলের বিপক্ষে ইউরোর শেষ প্রস্তুতি ম্যাচে। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত দাপটের লড়াই করে যায় পর্তুগালরা। তবে গোল আসে প্রথমার্ধের শেষের দিকে। ৪২ মিনিটে ইসরায়েলের জালে বল পাঠান ব্রুনো ফার্নান্দেজ। তার দু’মিনিট পরেও পর্তুগালের ক্যাপ্টেনকে পাস দেন ফার্নান্দেজ। সে বল গিয়ে থামে ইসরায়েলের জালে। বিরতির পরও নিজেদের দাপট ধরে রাখতে বিন্দু মাত্র ভুল করেননি রোনালদোরা। ৮৬ মিনিটে আবারও ইসরায়েলের জালে বল পাঠান পর্তুগাল দলের ক্যানসেলো। তার এই অসাধারণ গোলে ইসরায়েল দল একেবারে বিধ্বস্ত হয়ে পড়ে পর্তুগালের নিকট। আর অতিরিক্ত সময়ে আরও একটি গোল যোগ করে ফার্নান্দেজ। ৪-০ গোলের ব্যবধানে  মাঠ ছাড়তে হয় ইসরায়েলকে।

চাঞ্চল্যকর অপহরণ মামলার মূল হোতা সবুজের ৭ দিনের রিমান্ড শুনানি

তিমির বনিক, মৌলভীবাজার সংবাদদাতাঃ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ব্যবসায়ী শশাংক কুমার দত্তকে অপহরণ ঘটনার পরিকল্পনাকারীদের মূল হোতা সবুজ হোসেনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বড়লেখার জ্যেষ্ঠ বিচারিক হাকিম। সে দক্ষিণ শাহবাজপুর ইউপি চন্ডিনগর (বড়গুল) গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে। বুধবার (৯ জুন) তাকে বড়লেখা জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। এসময় সবুজ হোসেনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। বিকেলে ভার্চুয়ালি শুনানি শেষে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৭দিনের রিমান্ড মঞ্জুর করেন জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমারের আদালত।
৭ দিনের রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্ত কর্মকর্তা বড়লেখা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) রতন চন্দ্র দেবনাথ। বুধবার রাত সাড়ে ৭টায় বলেন, ‘সবুজ অপহরণ ঘটনার পরিকল্পনাকারীদের মুল হোতা সবুজ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করা হলে, শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, সোমবার অপহরণ ঘটনার পরিকল্পনাকারীদের মূল হোতা সবুজ হোসেনকে আটক করা হয়। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে তাকেসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করিয়া অপহরণে জড়িত আরও ৪জনকে আটক করা হয়। পরে তাদের অপহরণ মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
ব্যবসায়ী অপহরণের ঘটনায় এ পর্যন্ত মোট ৭জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে ইসমাইল আহমদ (হারুন) ও জুলমান আহমেদকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
উল্লেখ্য, গত শুক্রবার (৪ জুন) বিকেল আনুমানিক ছয়টার দিকে শশাংক কুমার দত্ত তাঁর বারইগ্রামের বাড়ি থেকে সিলেটের টিলাগড়ের ভাড়াটিয়া বাসার উদ্দেশ্যে বের হন। তিনি বড়লেখা উত্তর চৌঁমহনা পোষ্ট অফিসের সামনে থেকে সিএনজি চালিত অটোরিকশা যোগে সিলেটের বিয়ানীবাজার যান। বিয়ানীবাজার থানার বারইগ্রামে গাড়ি বদলে সিলেটের উদ্দেশ্যে আরেকটি অটোরিকশায় উঠেন। সিলেট যাওয়ার পথে বিয়ানীবাজার থানার মোল্লাপুর রাস্তার সামনে পৌঁছালে একটি মাইক্রোবাস শশাংক কুমার দত্তের গাড়ির গতিরোধ করে তাকে জোরপূর্বক  মাইক্রোবাসে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণকারী চক্র শশাংক কুমার দত্তকে অজ্ঞাত স্থানে রেখে বিভিন্ন ভিওআইপি নম্বর থেকে অপহৃত ব্যবসায়ীর ছোট ভাই সুবোধ কুমার দত্তের মোবাইলে ফোনে মুক্তিপণ হিসেবে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করে। এই ঘটনায় সুবোধ কুমার দত্ত বড়লেখা থানায় গিয়ে আইনগত সহায়তা চান। এরপরই পুলিশ তৎপর হয়ে ওঠে। বড়লেখা থানা পুলিশের বিশেষ দল মাঠে এবং উর্ধ্বতন কর্তৃপক্ষ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রহস্য উদঘাটন ও অপহারণকারীকে উদ্ধারে একটানা ৫৫ ঘন্টা অভিযান চালায়।
তারই ধারাবাহিকতায় গত রোববার (৬ জুন) দিবাগত রাতে বাহাদুরপুর চা-বাগানের গভীর জঙ্গল থেকে অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে দুই অপহরণকারী উপজেলার চন্ডিনগর গ্রামের ইসমাইল আহমদ (হারুন) ও বোবারথল গ্রামের জুলমান আহমেদকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ব্যবসায়ীর ভাই সুবোধ কুমার দত্ত গত সোমবার বড়লেখা থানায় অপহরণ মামলা দায়ের করেন।

নওগাঁয় কিছু কিছু শর্ত শিথিলপূর্বক চলমান বিশেষ লকডাউনের মেয়াদ আরও সাত দিন বাড়লো

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলার নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় কিছু কিছু শর্ত শিথিল করে চলমান বিশেষ লক ডাউনের মেয়াদ আরও সাত দিন বৃদ্ধি করা হয়েছে।

চলমান এই লকডাউন আগামী ১৬ জুন পর্যন্ত বলবৎ থাকবে। জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ গতকাল বুধবার স্থানীয় সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক প্রেস কনফারেন্সে এই ঘোষনা প্রদান করেন।

নওগাঁ পৌরসভা ও নিয়ামতুপর উপজেলায় চলমান কঠোর বিধিনিষেধের আওতায় শর্ত শিথিল করে এখন জেলা সদর থেকে অর্ধেক যাত্রী নিয়ে এবং মাস্ক পরিধানসহস্বাস্থ্য বিধি মেনে গণ পরিবহন যেমন বাস, মাইক্রো, অটো, সিএনজি, মোটর সাইকেল চলাচল করতে পারবে। জেলার নিয়ামতপুর উপজেলা এবং রাজশাহী ও চাপাই নবাবগঞ্জ জেলার সাথে সকল পরিবহণ বন্ধ থাকবে। হোটেল রেস্তোঁরাগুলো শুধুমাত্র পার্সেল আকারে বা অনলাইনে অর্ডার গ্রহণপূর্বক বিক্রয় কার্যক্রম পরিচালনা করতে পারবে। আগের মতই চাঁপাই নবাবগঞ্জ, রাজশাহী ও আর্ন্তাতিক সীমান্ত সংলগ্ন জেলার সকল হাট বাজার সমূহ বন্ধ থাকবে। জেলার সকল পর্যটন স্থল, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র সমূহ বন্ধ থাকবে। জনসমাবেশ হয় এ ধরনের সামাজিক, রাজনৈতিক সও ধর্মীয় অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান, জন্মদিন ও পিকনিক পার্টি ইত্যাদি বন্ধ থাকবে। জুম্মার নামাজসহ প্রতি ওয়াক্ত নামাজে সর্বোচ্চ ২০ জন মুসল্লী অংশগ্রহণ করতে পারবেন।

এ সময় পুলিশ সুপার প্রকৌশলী মোঃ আব্দুল মান্নান মিয়া, সিভিলসার্জন ডাঃ এ বি এম আবু হানিফ, এডিসি মোঃ ইব্রাহীমসহ জেলা প্রশাসন, জেলা পুলিশ ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নওগাঁ জেলায় জেলায় গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বিগত ২ দিন আক্রান্তের হার ৭ থেকে ৯ শতাংশের মধ্যে থাকলেও গত ২৪ ঘন্টায় জেলায় আক্রান্তের হার ১৭ দশমিক ৮০ শতাংশে দাঁড়িয়েছে। এই ২৪ ঘন্টায় জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা ৫২ জন। এ সময় মোট ২৯২ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৯২ জন-এ। জেলায় উপজেলা ভিত্তিক করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা হচ্ছে মহাদেবপুর উপজেলায় ১১ জন, সদর উপজেলায় ১০ জন, বদলগাছি উপজেলায় ৭ জন, নিয়ামতপুর উপজেলায় ৫ জন, রানীনগর ও আত্রাই উপজেলায় ৪ জন করে, মান্দা, পত্নীতলা ও সাপাহার উপজেলায় ৩ জন করে এবং থামইরহাট ও পোরশা উপজেলায় ১ জন করে।

এ সময় সুস্থ্য জেলয় মোট সুস্থ্য হয়েছেন ৫ জন এবং মোট সুস্থ্য হয়েছেন ২০৯৩ জন। বর্তমানে করোনা ভাইরাসে জেলায় আক্রান্ত রয়েছেন ৪৯৯ জন।

বর্তমানে কোয়ারেনটাইনে রয়েছেন ১ হাজার ৩শ ৭২ জন। জেলায় আইসোলেশনে আছেন ২২ জন এবং হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১১ জন। গত ২৪ ঘন্টায় জেলায় কোন মৃত্যুর ঘটনা ঘটে নি। এ পর্যন্ত জেলায় মোট মৃত্যুবরন করেছেন ৪৮ জন।