‘মুজিব শতবার্ষিকী উপলক্ষে’ ১৬০টি ঘর হস্তান্তর করা হবে ২০ তারিখ

তিমির বনিক, মৌলভীবাজার জেলা সংবাদকর্মীঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউপি মাইজদিহিতে মুজিবশতবর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে গৃহ নির্মাণ কর্মসূচির আওতায় শ্রীমঙ্গল উপজেলা আশ্রয়ণ-২ (২য় পর্যায়) মোট নির্মিত ঘরের সংখ্যা তিনশত। তার মধ্যে রবিবার (২০ জুন) ১৬০ টি ঘরের উদ্বোধন করা হবে।
উদ্বোধনকে সামনে রেখে মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি নির্মান কাজের পরিদর্শন করেন বুধবার (৯জুন) বেলা ১২ ঘটিকায় এবং বিভিন্ন দিক- নির্দেশনা প্রদান করেন এবং সাথে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম, উপজেলা প্রকল্প অফিসার আসাদুজ্জামান, কালাপুর ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান (মজুল) ও মেম্বার গনসহ, সংবাদকর্মী ও বিভিন্ন নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গ।

নওগাঁয় সাংবাদিক আব্বাস আলীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে সাংবাদিক আব্বাস আলীর উপর হামলা করেছে প্রসাদপুর দলিল লেখক সমিতির নেতৃবৃন্দরা। তিনি যুগান্তর ও জাগোনিউজের নওগাঁ জেলা প্রতিনিধি। অন্যায়ভাবে হামলা করাসহ প্রসাদপুর সাব রেজিস্ট্রার অফিসের অতিরিক্ত ফি আদায়, অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে বুধবার (৯জুন) বেলা ১২টার সময় উপজেলা প্রসাদপুর বাজার চৌরাস্তার মোড়ে মানববন্ধন করেছে মান্দা উপজেলা প্রেসক্লাব।

মানববন্ধনে মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল মজিদ সম্রাটের সভাপতিত্বে বক্তব্য রাখেন নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ হোসেন মুরাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নয়ন, রিফাত হোসেন সবুজ, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি শামীনূর রহমান, শ্যামবাজার পত্রিকার জেলা প্রতিনিধি ফজলুল করিম সবুজ, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি এবিএম হাবিবুর রহমান ও যুগ্ম সাধারণ সম্পাদক রায়হান আলী প্রমুখ।

এসময় এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি লোকমান আলী বাবু, মান্দা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি বুলবুল আহমেদ, সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম তুহিন,অর্থ সম্পাদক সুলতান আহমেদ, প্রচার সম্পাদক ওয়াসিম রাজু, সদস্য আক্তারুজ্জামান নাইম, আমজাদ হোসেন ও শরীফ হোসেন উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা দূর্নীতিবাজ অসাধু দলিল লেখকদের হুঁশিয়ারি দিয়ে বলেন, সাংবাদিককে নির্যাতন করে জঘন্য অপরাধ করেছেন। এরকম জঘন্য কাজ থেকে আপনারা বিরত থাকবেন। দুর্নীতি না করে সৎ উপায়ে উপার্জন করতে শিখুন। সাধারণ মানুষদের সাথে প্রতারণা না করে, অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করে সরকার নির্ধারিত ফি নিয়ে জমি রেজিস্ট্রি করার জন্য তাগিদ দেন। দূর্নীতিবাজ দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক মূলহোতা বাবুল আক্তার সহ হামলার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও লাইসেন্স বাতিল করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়। অন্যথায় সাংবাদিক নেতারা কঠোর আন্দোলনের ডাক দিবেন বলে হুঁশিয়ারি করা হয়।

গত মঙ্গলবার (৮জুন) মান্দা উপজেলার প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তারের নেতৃত্বে ১০-১২ জন প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভিতরে আব্বাস আলী হামলার শিকার হন। এসময় তার কাছে থাকা ল্যাপটপ, ক্যামেরা ও তিন লাখ টাকা ছিনতাই করা হয়। ঘটনায় আব্বাস আলী বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০-১২ জনের বিরুদ্ধে মান্দা থানায় মামলা দায়ের করেন।

এ বিষয়ে প্রসাদপুর দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক বাবুল আক্তার বলেন, ঘটনাটি ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্খিত ভাবে হয়েছে। কোন প্রকার মারপিটের ঘটনা ঘটেনি। তবে একটু হাতাহাতি হয়েছে। জমি রেজিস্ট্রি করতে বাড়তি টাকা নেয়া হয়না। খুশি হয়ে জমির ক্রেতা-বিক্রেতারা যা দেয় সেটাই নেয়া হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আসামীরা পলাতক রয়েছে। আটকের চেষ্টা অব্যহৃত রয়েছে।

 

অনিয়মের অভিযোগ প্রমানিত হওয়ায় ফুলবাড়ীর ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যানের পদ শুন্য ঘোষনা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতাঃ কুড়িগ্রামে ফুলবাড়ী উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ শুন্য
ঘোষনা করা হয়েছে। গত রোববার স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপসচিব মোঃ আবু জাফর রিপন পিএএ স্বাক্ষরিত পত্রে এ ঘোষনা দেয়া হয়।

জানা গেছে, ওই ইউনিয়নের চেয়ারম্যান লুৎফর রহমান বাবুর বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেন পরিষদের ১১ জন সদস্য। পরে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন সদস্যরা। পরে প্রশাসন গোপন ব্যালটের মাধ্যমে পক্ষে-বিপক্ষে ভোট গ্রহন করে। ভোটে দুই তৃতীয়াংশের বেশি ভোট চেয়ারম্যানের বিরুদ্ধে পড়ে। প্রশাসন এ সংক্রান্ত প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেয়। এর প্রেক্ষিতে ওই ইউনিয়নের চেয়ারম্যানের পদটি শুন্য ঘোষনা করা হয়।

এ প্রসঙ্গে চেয়ারম্যান লুৎফর রহমান বাবু বলেন, আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য সদস্যরা ষড়যন্ত্র করে আমার বিরুদ্ধে অভিযোগ করেছে।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরবর্তীতে যে পদক্ষেপ গুলো রয়েছে সে গুলোর ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে।

 

রৌমারীর মকবুল হোসেন স্যার আর নেই

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মকবুল হোসেন আর নেই। বুধবার ( ৯ জুন) রংপুরে  চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

রৌমারী সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু হোরায়ারা জানান,  মকবুল স্যার চাকরি জীবনে সর্বশেষ ২০০৮ সালো সিজি জামান সরকারী উচ্চ বিদ্যালয় থেকে সহকারী শিক্ষকের পদ থেকে অবসরগ্রহণ করেন।

তার মৃত্যুতে শোক জানিয়েছেন-  রৌমারী উপজেলা আ,লীগের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মিনু, রৌমারী উপজেলা যুবলীগের সভাপতি হারুনর রশীদ, ৪নং রৌমারী সদর ইউপি চেয়ারম্যান  শহিদুল ইসলাম সালু, রৌমারী উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক জাইদুল ইসলাম মিনু, আমিনুল ইসলাম বি.এসসি, প্রভাষক ফজলুল করিম, শামসুল আলম বাদশা।

 

টিকটক ভিডিও বানাতে রাস্তা আটকে রাখায় কাভার্ড ভ্যানের দূর্ঘটনা

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ সড়কের পিছের মুখ নামক এলাকার সড়কে একদল যুবক প্রাইভেট কার দাঁড় করিয়ে টিকটক ভিডিও বানাচ্ছেন। শ্রীমঙ্গল কমলগঞ্জের সড়ক পাহাড়ি এলাকা এবং সড়ক পথ আঁকাবাকা হঠাৎ এসময় রাবার বোঝাই একটি কার্গো ভ্যান কোন দিকবিদিক না পেয়ে সড়কের পাশের খাদে পরে যায়।খাঁদে পড়ে যাওয়া কার্ভাড ভ্যানটি মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শিবলী কার্গো সার্ভিসের। দূর্ঘটনায় পরা চালকের দাবী রাস্তায় টিকটিক ভিডিও বানানোর কাজে কয়েকজন যুবক রাস্তার বাকে একটি প্রাইভেট কার নিয়ে দাঁড়িয়ে এবং এদিক ওদিক ছুটাছুটি করে থাকার কারণে এই দুর্ঘটনাটি হয়েছে। গেল মঙ্গলবার (৮ জুন) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার শ্রীমঙ্গল ভানুগাছ সড়কের পিছের মুখ এলাকায় এই ঘটনাটি ঘটে।

কার্গো ভ্যানের চালক মোঃ হাসান বলেন, লংলা চা বাগান থেকে রাবার বোঝাই কার্গো ভ্যানটি ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলাম। যাওয়ার পথে রাস্তার একটি ঝুঁকিপূর্ণ বাক পের হতেই সামনে দেখলাম কয়েকজন টিকটকার একটি প্রাইভেট কার দাঁড় করিয়ে ভিডিও প্রস্তুত করছে। এসময় রাস্তার অন্যপাশ দিয়ে অন্য একটি গাড়ি চলে আসলে কোন দিকবিদিক না পেয়ে রাস্তার পাশের খাদে কার্ভাড ভ্যানটি নিয়ে যেতে হয়। কেউ আহত না হলেও কাভার্ড ভ্যানটির সামনের অংশ রাস্তার পাশের খাদে পড়ে আটকা পড়ে। পরে শ্রীমঙ্গল মেরিগোল্ড ফিলিং স্টেশন থেকে রেকার এনে উদ্ধার করা হয়।

শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত ) হুমায়ুন কবির বলেন, রাস্তায় প্রতিবন্ধকতা তৈরি করে ভিডিও বানানোর কাজ করা যাবে না। আমরা ঘটনার খবর পেয়েই পুলিশ পাঠিয়েছি। কাভার্ড ভ্যানটি উদ্ধার করা হয়েছে এবং যে বা যারা এই রকমের সড়কে প্রতিবন্ধকতার সৃষ্টি করে এমন দূর্ঘটনার মোখোমুখি দাঁড় করিয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নওগাঁয় জমি রেজিষ্ট্রিতে অতিরিক্ত ফি নেয়ার প্রতিবাদ করায় সাংবাদিকের উপর হামলা ও টাকা ছিনতাই

কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর মান্দায় জমি রেজিস্ট্রি করতে গিয়ে অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদ করায় প্রসাদপুর দলিল লেখক সমিতির সদস্যরা এক সাংবাদিকের উপর হামলা ও মারপিট করে টাকা ছিনতাই করেছে।

হামলার স্বীকার ওই সাংবাদিক দৈনিক যুগান্তর ও জাগো নিউজ এর নওগাঁ জেলা প্রতিনিধি।বর্তমানে তিনি আহত অবস্থায় মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে দিকে প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসের ভেতরে এ হামলার ঘটনায় ঘটে।

জানা গেছে, মান্দা উপজেলার ভারশোঁ গ্রামের আসাদ আলী জমি রেজিস্ট্রি করতে প্রসাদপুর দলিল লেখক সমিতিতে আসে সাংবাদিক আব্বাস আলীর বড় ভাই আসাদ আলী। তিনি সমিতির এক দলিল লেখকের সঙ্গে আলোচনা করেন একটি দলিল ১২ লাখ টাকা মূল্যে করতে চান। যেখানে ১০ দশমিক ৫ টাকা হারে ১২ লাখ টাকার দলিলে ১ লাখ ২৬ হাজার টাকা খরচ হবে বলে জানানো হয়। বিষয়টি আসাদ আলী তার ছোট ভাই সাংবাদিক আব্বাস আলীকে জানায়। এরপর আব্বাস দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক বাবুল আক্তারের সঙ্গে মোবাইল ফোনে কিছুটা কম খরচে করার অনুরোধ
জানায়।

এরপর বেলা সাড়ে ১১টার দিকে আব্বাস আলী দলিল লেখক সমিতিতে স্বশরীরে গিয়ে সাধারন সম্পাদক বাবুল আক্তারের সঙ্গে দেখা করে আবারও কিছুটা কম করার অনুরোধ জানায়। কিন্তু বাবুল আক্তার তেমন গুরুত্ব না দিয়ে নিজের কাজ করেন। তিনি আবারও
বাবুল আক্তারের কাছে জানতে চান সরকারি খরচ আসলে কত? এতে বাবুল আক্তার সাব-রেজিস্ট্রার অফিসের দেওয়ালে টাঙানো কাগজ থেকে দেখে আসতে বলেন। দেখে আসা এবং বিষয়টি বুঝতে পারা সময় সাপেক্ষ এজন্য আবারও তার কাছে জানার
অনুরোধ করেন। বুঝতে হলে সমিতিতে ভর্তি হতে হবে এবং ক্লাস করতে হবে বলে বাবুল জানান। এতে মনোক্ষুন্ন হয়। পরে এক পর্যায়ে সমিতি থেকে তাকে জোর পূর্বক বের করে দেয়। পরে আব্বাস প্রসাদপুর সাব-রেজিস্ট্রার অফিসে সাব-রেজিস্ট্রারের সঙ্গে দেখা করতে গেলে অফিসের ভেতর থেকে বের করে দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক বাবুল আক্তার ও সাংগঠনিক সম্পাদক আলামিন রানার নেতৃত্বে ১০/১২ জন কিলঘুষি মারতে শুরু করে। পরে কয়েকজন গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়।

আহত আব্বাস আলীর বড় ভাই আসাদ আলী বলেন, জমির রেজিষ্ট্রি করতে অতিরিক্ত ফি চাওয়ার প্রতিবাদ করায় আমার সামনে ১০- ১২জন দলিল লেখক সমিতির সদস্যরা ঘিরে রেখে সংঘবদ্ধভাবে আমার ছোট ভাইয়ের উপর হামলা ও মারপিট করে। আমি বাঁধা
দিতে গেলে আমাকেও চড়-থাপ্পর মারে। আমি জড়িতদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি। প্রত্যক্ষদর্শী শরিফুল ইসলাম, আমিও জমি রেজিষ্ট্রি করতে গিয়েছিলাম। বেলা সাড়ে ১২টার দিকে হঠাৎ করে দলিল লেখক সমিতির ১০-১২ সদস্যরা সাবরেজিস্ট্রার অফিসের ভিতরে সাংবাদিক আব্বাসকে মারপিট করতে লাগলে আমি উদ্ধার করতে গেলে আমি নিজেও আঘাতপ্রাপ্ত হই। এঘটনার সাথে জড়িতদের শাস্তির দাবি জানাচ্ছি।

আহত সাংবাদিক আব্বাস আলী জানান, দলিল লেখক সমিতির সাধারন সম্পাদক বাবুল আক্তারের কাছে দলিলের সরকারি খরচ জানতে চাইলে তিনি সাব-রেজিস্ট্রার অফিসের দেওয়ালে টাঙানো কাগজ থেকে দেখে আসতে বলেন। এরপর আমি জানায়
দেখে আসতে সময়ের ব্যাপার যেহেতু আপনি জানেন একটু বলেন। এতে তিনি আমাকে সমিতিতে ভর্তি হতে বলেন এবং ক্লাস করতে বলেন। এতে আমি মনোক্ষুন্ন হয়। এসময় সাধারন সম্পাদকের বাম পাশে থাকা সাংগঠনিক সম্পাদক আলামিন রানা আমার ওপর রেগে গিয়ে সমিতি চত্বর থেকে বের হতে করে দেয়। এরপর আমি সাব-রেজিস্ট্রার অফিসে গিয়ে সাব-রেজিস্ট্রারের ফোন নম্বর সংগ্রহ করতে যায়।

সাব-রেজিস্ট্রার অফিসে প্রবেশ করামাত্র ঘর থেকে বের করে নিয়ে বাবুল আক্তার ও আলামিন রানা সহ ১০/১২জন চারদিক থেকে ঘিরে রেখে অতর্কিত হামরা চালিয়ে মারপিট করে কাছে থাকা ব্যাগ ছিনিয়ে নেন যার মধ্য জমি রেজিস্ট্রি বাবদ নগদ তিন লক্ষ টাকা, প্যানাসনিক ৪ কে ক্যামেরা যার মূল্য এক লক্ষ ত্রিশ হাজার, একটি ল্যাপটপ যার মূল্য পঞ্চাশ হাজার টাকা ছিল। সেখান ফেলে রেখে চলে যায়।

পরে স্থানীয় কয়েকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়। আমি হামলাকারী নামে থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।

মান্দা উপজেলা সাব-রেজিস্ট্রার সিরাজুল ইসলাম জানান, ঘটনাটি যখন ঘটে তখন আমি অফিসে ছিলাম না। বিষয়টি জানার পর আমি উভয় পক্ষকে নিয়ে সমঝোতার চেষ্টা করেছি। তারা কেউ বসতে রাজি হয়নি। তবে আমি বিষয়টি তদন্ত করছি।

মান্দা থানার অফিসার ইনচার্জ ( ওসি) শাহিনুর রহমান জানান, ঘটনাটি আমি মৌখিকভাবে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি তদন্তের জন্য। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

 

মান্দায় সড়ক দুর্ঘটনায় ভাঙ্গারী ব্যবসায়ী নিহত

কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় একটি ট্রাকের চাপায় শাহজাহান আলী (৩০) নামে এক ভাঙ্গারী ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে তিনটার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহজাহান আলী ফতেপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত শাহজাহান আলী একটি চার্জার ভ্যানে গ্রামে গ্রামে ঘুরে ভাঙ্গারি কিনে বাজারে বিক্রি করতেন। এইদিন সকালে একই উদ্দেশ্যে ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান। বিভিন্ন গ্রাম ঘুরে ভাংগাড়ী কিনে দুপুরে বাড়ি ফেরার পথে রাজশাহীগামী একটি ট্রাক উত্তরা বিশ্ববিদ্যালয় কলেজ মোড় এর সামনে তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যায়।

এবিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ফুলবাড়ীতে আসামী ছিনতাইয়ের ঘটনায় আরও ৫ জন আটক

ররফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিট মহল দাসিয়ার ছড়ায় পুলিশকে মারপিট করে ওয়ারেন্টভুক্ত আটক আসামীকে ছিনিয়ে নেয়ার ঘটনায় আরও ৫ জনকে পুলিশ আটক করেছে। বুধবার ভোররাতে নিজ নিজ বাড়ী থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, দাসিয়ার ছড়ার খড়িয়াটারী গ্রামের নুর হোসেনের ছেলে আদম আলী হারা (২৮) নাগদাহ গ্রামের আব্দুল হামিদের ছেলে নুরজ্জামান (৩৫) ছোটকামাত গ্রামের আলহাজ্ব জয়নাল আবেদীনের ছেলে রফিকুল ইসলাম (৩৩) ও এরশাদুল হক ( ২৭) এবং একই গ্রামের মৃত শামছুল হকের ছেলে আজিজুল হক (৩৫)।

উল্লেখ্য, গত রবিবার (৬ জুন) রাতে দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকার আফছার আলীর ছেলে যৌতুক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মিন্টু মিয়া (৩৫) কে আটক করেন ফুলবাড়ী থানার একদল পুলিশ। মিন্টুকে আটকের খবর ছড়িয়ে পড়লে মিন্টুর স্বজনরা পুলিশকে মারপিট করে তাকে ছিনিয়ে নেন। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামী ছিনতাইয়ের সাথে জড়িত ৪ জন কে আটক করে।

এ ঘটনায় পুলিশের কাজে বাধা দেয়ার অপরাধে আটক ৪ জন সহ ২০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪০/৪৫ জনের নামে সোমবার (৭ জুন) থানায় মামলা দায়ের হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ( ওসি) রাজীব কুমার রায় জানান, আটককৃতদের সকলেই আসামী ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত। বুধবার সকালে তাদেরকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

হাসপাতালে ভর্তি সেফাতুল্লাহ

বিনোদন ডেস্ক/S.H:

 

বাংলাদেশের চলমান ঘটনা নিয়ে মন্তব্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে জনপ্রিয় হয়ে উঠে অস্ট্রিয়া  প্রবাসি বাংলাদেশি নাগরিক সেফাতুল্লাহ। আলোচিত-সমালচিত সেফাতুল্লাহ খুব অল্প সময়ে মানুষের নজরে আসেন তার নেতিবাচক মন্তব্যের কারণে। সম্প্রতি নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়ে একটি ভিডিও দেন সেফাতুল্লাহ।

সেফাতুল্লাহ ওরফে সেফুদার জন্ম ১৯৪৬ সালে খুলনা জেলায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি পড়াশোনা করেন। তার স্ত্রী বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। ১৯৮৮ সালে প্রথমে সৌদি আরব পরে অস্ট্রিয়াতে চলে যায় সেফাতুল্লাহ। বর্তমানে অস্ট্রিয়াতে অধ্যাপক হিসেবে কাজ করছেন তিনি। বাংলাদেশের চলমান বিষয় নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন সেফাতুল্লাহ। মূলত সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনীতি বিষয় নিয়ে মন্তব্য করায় রাতারাতি আলোচনা-সমালোচনার কেন্দ্র বিন্দু হয়ে উঠে ছিলেন তিনি। আবার অনেক সময় উন্মাদ আচরণ করেও সমালোচিত হয়েছেন এই প্রবাসী অধ্যাপক। সামাজিক যোগাযোগমাধ্যমে সেফাতুল্লাহ , “সেফুদা” নামে অতন্ত্য জনপ্রিয়। তবে বেশ কিছুদিন ধরে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছিল না তাকে। পরে নিজেই নিজের অসুস্থতার কথা জানিয়ে সকলের কাছে দোয়া চেয়ে একটি ভিডিও আপলোড দেন সেফাতুল্লাহ। মূহুর্তের মধ্যেই ভিডিওটি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

রাণীশংকৈলে একই পরিবারের ৩ জনসহ ৭ জন করোনায় শনাক্ত

 

রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় (৮ জুন) মঙ্গলবার নতুন করে ৭ জন করোনায় সংক্রমিত রোগী শনাক্ত হয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত পরিসংখ্যানবিদ আরজুমানয়ারা আকতার এ তথ্য নিশ্চিত করেছেন।

করোনায় সংক্রমিত রোগীরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের গহেলাপাড়া গ্রামের অনন্ত রায়ের ছেলে শ্রী দানেশ (৪৫), ধর্মগড়ের চেংমারি গ্রামের হাকিমউদ্দিনের ছেলে সফিকুল ইসলাম মুকুল (৪৮) ও তার স্ত্রী রুনা বেগম (৪১), মেয়ে বন্যা (১৬), পৌরশহরের ভান্ডারা এলাকার নাইনউদ্দিনের ছেলে কুতুবউদ্দিন (২৬) এবং নেকমরদ ইউনিয়নের মেহের লাল (৩১) ও নাসিরুল ইসলাম (৮৫) ।

রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ ফিরোজ আলম জানান, আক্রান্তদের নিজ বাড়িতে হোম আইসোলেশনে রেখে চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

প্রসঙ্গত: এ পর্যন্ত রাণীশংকৈল উপজেলায় কোরনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৭৯ জন, ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ১৫৮ জন এবং মৃত্যুবরণ করেছেন ৭ জন।