করোনায় আরও ২১১ জনের মৃত্যু

স্বাস্থ্য ডেস্কঃ করোনায় বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় আরও ২১১ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৬১৪ জন। সুস্থ হয়েছেন ১০ লাখ ১ হাজার ৬২৬ জন। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।

এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে জাপানে। এ সময় দেশটিতে মৃত্যু হয়েছে ৬২ জনের এবং আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে তাইওয়ানে। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১২ হাজার ৩৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৬২ জনের।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে করোনায় আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৩ জন এবং মারা গেছেন ২ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১২ জন এবং মারা গেছেন ৬ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৭৪ জন এবং মারা গেছেন ৩১ জন। ইরানে আক্রান্ত হয়েছে ৮৩ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

একইসময়ে করোনায় ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছে ১৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৩ জনের। গ্রিসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২৯৪ জন এবং মারা গেছেন ১১ জন। চিলিতে আক্রান্ত হয়েছে ২ হাজার ১০৭ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের। ফিলিপাইনে আক্রান্ত হয়েছেন ১১৭ জন এবং মারা গেছেন ১৪ জন। সার্বিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৯৯ জন এবং মারা গেছেন ৯ জন।

বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৭ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২৬০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৭ লাখ ৯৮ হাজার ৫৬৭ জনের। সুস্থ হয়েছেন ৬৫ কোটি ২৫ লাখ ২ হাজার ৮৫৯ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

আজ থেকে শুরু ঢাবির ভর্তি পরীক্ষার আবেদন

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষার আবেদন আজ থেকে শুরু হচ্ছে। বিকেল ৪টার পর শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে।

আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশাসনিক ভবনস্থ অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি কার্যক্রম উদ্বোধন করবেন।

ভর্তি কমিটির পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২০ মার্চ পর্যন্ত আবেদন করা যাবে এবং ১৮ এপ্রিল থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ব পর্যন্ত ভর্তি পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা যাবে।

এবার চারটি ইউনিটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইউনিটগুলো হচ্ছে ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’, ‘বিজ্ঞান ইউনিট’, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’ এবং ‘চারুকলা ইউনিট’।

আগামী ২৯ এপ্রিল চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা দিয়ে শুরু হবে এবারের ভর্তি যুদ্ধ। এ ছাড়া ৬ মে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ১২ মে বিজ্ঞান ইউনিট এবং ১৩ মে ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সব ইউনিটের পরীক্ষা বেলা ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। ‘চারুকলা ইউনিট’ ব্যতীত অন্য তিনটি ইউনিটের ভর্তি পরীক্ষা গতবারের মতো ঢাকাসহ আটটি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে।

এদিকে সভায় চারুকলা ইউনিট ছাড়া অন্যান্য ইউনিটের ভর্তি পরীক্ষায় ৬০ নম্বরের এসমিকিউ এবং ৪০ নম্বরের লিখিত পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। শুধুমাত্র চারুকলা ইউনিটের পরীক্ষায় ৪০ নম্বরের এমসিকিউ এবং ৬০ নম্বরের অংকন পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়। চারুকলা ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৩০ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৬০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য ইউনিটের এমসিকিউ পরীক্ষার জন্য ৪৫ মিনিট এবং লিখিত পরীক্ষার জন্য ৪৫ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে। ভর্তি পরীক্ষায় মোট ১২০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। এরমধ্যে ভর্তি পরীক্ষায় ১০০ এবং মাধ্যমিক-সমমান এবং উচ্চ মাধ্যমিক-সমমান পরীক্ষার ফলাফলের উপর থাকবে ২০ নম্বর।

ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ২০১৭ থেকে ২০২০ সন পর্যন্ত মাধ্যমিক-সমমান এবং ২০২২ সনের উচ্চ মাধ্যমিক-সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) ‘বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮ এবং আলাদাভাবে জিপিএ ৩.৫, ‘কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০, ‘ব্যবসায় শিক্ষা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ এবং ‘চারুকলা ইউনিট’-এর জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৬.৫ এবং আলাদাভাবে জিপিএ ৩.০ থাকতে হবে।

এবার চীনকে ধমকালেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়াকে অস্ত্র দিয়ে সহায়তা করলে চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে চীনকে এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু চীন নয়, অন্য যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে তাদের ওপরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানান তিনি। সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বাইডেন এসব জানিয়েছেন।

বাইডেন জানান, চীন যদি সত্যি সত্যি রাশিয়াকে অস্ত্র দেয়, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা কঠোর ব্যবস্থা নেয়া হবে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে অস্ত্র দেবে চীন- গেল কয়েকদিন ধরে এমন দাবি করে আসছে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলো। এছাড়া মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোও বলেছে একই কথা। তবে এ দাবি প্রত্যাখ্যান করেছে বেইজিং। এমন পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই, এবার চীনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন বাইডেন।

চীন রাশিয়াকে ‘মরণাস্ত্র’ দিলে ‘সীমা লঙ্ঘন’ হবে কি না, সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, সেক্ষেত্রেও ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। যেসব দেশ রাশিয়াকে অস্ত্র সহায়তা দিয়েছে, তাদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গেল বছর ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর মস্কো থেকে নিজেদের ব্যবসা গুটিয়ে নিয়েছিল ম্যাকডোনাল্ডসসহ প্রায় ৬০০ মার্কিন প্রতিষ্ঠান। সেসময় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে সতর্ক করে বাইডেন বলেছিলেন, ‘রাশিয়াকে সহায়তা করলে বেইজিংয়ের অর্থনৈতিক পরিণতি ভালো হবে না।’

দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্কঃ দুই দিনের সফরে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন তাকে স্বাগত জানান।

জানা গেছে, সান্তিয়াগো তার এই সফরে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বা কনসুলার অফিস খুলতে পারেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে।

১৯৭৮ সালে ঢাকায় আর্জেন্টিনার দূতাবাস বন্ধ হয়ে যায় বলে জানা গেছে।

উল্লেখ্য, কাতার বিশ্বকাপে মেসিদের নিয়ে বাংলাদেশি সমর্থকদের উচ্ছ্বাস আর্জেন্টিনার বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার করে। এমনকি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের টুইটারেও বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে টুইট করে।

শুধু তাই নয়, গত ২০ ডিসেম্বর আর্জেন্টিনা ফুটবল দলের প্রতি অকুণ্ঠ সমর্থনের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানান আর্জেন্টিনার প্রেসিডেন্ট।

কুড়িগ্রামে চলছে বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শনী

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ এই স্লোগানে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে বাছাইকৃত চলচ্চিত্র প্রদর্শনী।

রবিবার দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে বাংলাদেশ সরকারের ২০১৭ সালের অনুদানপ্রাপ্ত চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ প্রদর্শন করা হয়।

এ উপলক্ষে কলেজ গভর্নিং বডির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকুর সভাপতিত্বে অলোচনাসভা অনুষ্ঠিত হয়।

প্রভাষক মামুন সেলিমের উপস্থাপনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কুড়িগ্রাম শাখার সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মন্ডল, কলেজ গভর্নিং বডির সহ-সভাপতি সাইদ হাসান লোবান, সহকারী অধ্যাপক আয়নাল কবির, কলেজ ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক কাউছার আহমেদ প্রমুখ।

শেখ হাসিনা গৃহিনী পশু ফার্মের উদ্বোধন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা রায়পুর গ্রামডাঙ্গী এলাকায় রবিবার ২৬ ফেব্রুয়ারি দুপুরে শেখ হাসিনা  গৃহিনী পুশু ফার্মের উদ্বোধন করা হয়।

ওই গ্রামের হাবিবুর রহমান ও আহসান হবির এর যৌথ উদ্যোগে ফার্মটির শুভ উদ্বধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সইদুল হক। এ সময় পৌর মেয়র, প্রাণিসম্পাদ কর্মকর্তা ও উপজেলা আ.লীগের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে, ফার্ম চত্বরে ফার্মের মালিক হাবিবুর রহমানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উদ্বোধক ছাড়াও বক্তব্য দেন পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার, ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক আ,জ,ম সফিউলাহ  বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, হোসেনগাঁও ইউনিয়ন আ.লীগ সভাপতি প্রভাষক আব্দুল খালেক, ফার্মের পরিচালক আহসান হাবিব  প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগ যুগ্ন সম্পাদক সারওয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, পৌর প্যানেল মেয়র মতিউর রহমান, আ.লীগ সদস্য তারেক আজীজ, সিনিনিয় সাংবাদিক মোবারক আলী, সফিকুল ইসলাম শিল্পী ও হুমায়ুন কবির প্রমুখ।

শেখ হাসিনা গৃহিনী ফার্মে শুরুতেই ২৭ টি ভেড়া, সাতটি গাভি, ১০০ মুরগি ও ৫০ টি হাস দিয়ে ফার্মটির যাত্রা শুরু করা হয়।

নওগাঁর আত্রাইয়ে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নবীন বরণ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। ২৬ ফেব্রুয়ারী সকালে মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারী কলেজে এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ মাহবুবুল হক এর সভাপতিত্বে নওগাঁ-ছয় আত্রাই- রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, বিশেষ অতিথি আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ হাফিজুর রহমার, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, আত্রাই থানা অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ তারেকুর রহমান সরকার, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সহ-সভাপতি ও নওগাঁ জেলা পরিষদের সদস্য চৌধুরী গোলাম মোস্তফা বাদল, সাধারণ সম্পাদ আক্কাছ আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী প্রমূখ।

উল্লেখ্য, নবীন শিক্ষার্থীদের ফুলের শুভেচ্ছার পর বার্ষিক ক্রীড়া প্রতিযোতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের পর এবার ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান। স্থানীয় সময় গতকাল শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে দেশটির উপকূলীয় শহর কুশিরো এবং নেমুরো কেঁপে উঠে। তবে ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এ ছাড়া জাপানের সংবাদমাধ্যমগুলোতে এখনও পর্যন্ত ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ভূমিকম্পটি প্রায় ৪৩ কিলোমিটার গভীরতায় আঘাত হানে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস)।

জাপানে প্রায়ই ভূমিকম্প হয়। প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অফ ফায়ার’-এ অবস্থিত হওয়ায় দেশটিতে ভূমিকম্প সাধারণ ঘটনা।

এদিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে তুরস্কের ৪৪ হাজার ২১৮ এবং সিরিয়ায় ৫ হাজার ৯১৪ জন। গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে।

ইউপি সদস্যের নির্দেশে টিলা পাহাড় কাঁটার হিড়িক

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের জুড়ীতে টিলা কাটার হিড়িক, উপজেলার বিভিন্ন এলাকায় অবাধে পাহাড় ও টিলা কাটা চলমান। পরিবেশমন্ত্রীর কঠোর নিষেধাজ্ঞার প্রেক্ষিতে ও থামছে না এসব পাহাড় ও টিলা কাটা। অন্য দিকে মহামান্য হাইকোর্ট কোর্টের নির্দেশ টিলা ও পাহাড় কাটার সাথে জড়িতদের সরাসরি আইনানুগ ব্যবস্থা গ্রহণের। জুড়ীর পূর্ব জুড়ী ও সাগরনাল ইউনিয়নে চলছে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে টিলা কাটার প্রতিযোগীতায় ব্যস্ত।

গত বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারী)  সরেজমিন ঘুরে দেখা যায়, উপজেলার ২ নং পূর্ব জুড়ী ইউনিয়নের ১নং ওয়ার্ডের পূর্ব গোয়ালবাড়ী (হালগরা) গ্রামের আতিয়া বাগ চা-বাগানের রাবার বাগান ও চা-বাগানের সরকারী টিলা কেটে কৃষি জমি ভরাট করে নিজস্ব স্বার্থ উদ্ধারে চলছে বাড়ীর ভিটে নির্মানের হিড়িক। জানা গেছে , পূর্ব জুড়ীর ১নং ওয়ার্ডের প্রায় ১২ টি পরিবারের মধ্যে ৯-১০ টি অসহায় পরিবারের নিকট থেকে স্থানীয় ইউপি সদস্য (ময়না মেম্বার) নামক এক ব্যক্তি নগদ অর্থ নেয় গৃহ নির্মানের নামে। পরবর্তীতে স্থানীয় ইউপি সদস্য রেজান আলী সরকারী টিলা ব্যক্তিগতভাবে জরিপ করে দখল প্রদান করে দেন প্রায় ১০ টি পরিবারকে। উক্ত দখলদারদেরকে স্ব-স্ব দখলীয় টিলার বসত ঘরের ভিটে প্রস্তুত করতে ও নির্দেশ প্রদান করে ঐ ইউপি সদস্য।

পরবর্তীতে দখলদাররা যৌথভাবে ইউপি সদস্য মোঃ লতিবুর রহমান রেজানের নির্দেশে সরকারী বিশাল এ সু-উচ্চ টিলা কেটে পরিবেশ ও আইন লঙ্গন করেছেন। সরকার যেখানে অবৈধ দখলীয় ও পরিত্যাক্ত জমি উদ্ধার করে অসহায় ও গৃহহীনদের মধ্যে বণ্টন করে দিচ্ছে, সেখানে সরকারী চাবাগান ও রাবার বাগানের টিলার জমি দখল করিয়ে টিলা নিশ্চিহ্ন করে কৃষি ফসলী জমি ভরাট করিয়ে দিচ্ছেন। এ বিষয়ে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় উপজেলা প্রশাসনের নিকট আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানানো হচ্ছে।

নাম না প্রকাশ শর্তে এক ভুক্তভোগী এ প্রতিবেদককে বলেন , চাঁদার অর্থ না দেওয়াতে ইউপি সদস্য লতিফুর রহমান (রেজান আলী) আমার নামের ভিটের জমির দখল আমাকে বুঝিয়ে দেননি। এবিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য মোঃ লতিবুর রহমান রেজানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। সাগরনাল ইউনিয়নের দক্ষিন বড়ডহর গ্রামের মৃত মনাফ মিয়ার ছেলে আমির উদ্দিন দীর্ঘদিন থেকে টিলা কেটে মাটি বিক্রি করছে।

রাজনৈতিক মহলের ছত্রছায়ায় পূর্বজুড়ী ও সাগরনাল ইউনিয়নে অবাধে বড় বড় সরকারী টিলা কাঁটার নেপথ্য। পরিবেশ ও বনমন্ত্রীকে বেকায়দায় ফেলতে উটে পড়ে লেগে আছে এই কুচক্রী স্বার্থনেষী লোভী মহলটি।

কুড়িগ্রামে মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকুরি পেল ৭৯ জন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে কুড়িগ্রামে বাংলাদেশ পু্লিশ বাহিনীতে শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশে চাকুরি পেলেন ৭৯ জন। শূণ্য পদের বিপরীতে বিদ্যমান কোটা পদ্ধতি অনুসরণ করে সুষ্ঠু ও সুশৃঙ্খল ভাবে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সম্পূর্ণ করেছেন নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম।

স্মার্ট পুলিশ গড়ার লক্ষ্যে ‘চাকরি নয় সেবা’ এই প্রত্যয়ে বাংলাদেশ পুলিশে নতুন নিয়মে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষা গত ৫ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ হতে শুরু হওয়া Physical Endurance Test, লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এই সকল ধাপ অতিক্রম করে গতকাল ২৪ ফেব্রুয়ারি  ৭৯ জন চূড়ান্তভাবে মনোনীত হয়।

কুড়িগ্রাম জেলার নিয়োগ বোর্ডের সভাপতি পুলিশ সুপার জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম  পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে ২৩ ফেব্রুয়ারি রাত আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন এবং কুড়িগ্রাম জেলা পুলিশের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী  অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

কুড়িগ্রাম পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম বলেন, কনস্টেবল রিক্রুটমেন্ট পরীক্ষার পুরো প্রক্রিয়াটি ডিজিটালাইজড ভাবে অনলাইনে সম্পন্ন করতে হয় বিধায় প্রক্রিয়াটি শতভাগ নির্ভুল এবং ধাপে ধাপে এমন সিস্টেমেটিক ডিজাইনে স্তরে স্তরে সাজানো যে, শুধুমাত্র মেধাবী, যোগ্য ও শারীরিক ভাবে প্রার্থীরাই উর্ত্তীন হতে পারে, অন্য কেউ নয়। চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্ব সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান পুলিশ সুপার।

অন্যদিকে এবারে যারা এই নিয়োগে অংশগ্রহণ করেছে কিন্ত কৃতকার্য হতে পারে নাই, তাদের তিনি প্রবল মনশক্তি নিয়ে অনাগত সময়ে অধিকতর ভাল কিছু করার প্রেষণা প্রদান করেন এবং এবারের পরীক্ষায় সকল অংশগ্রহনকারীই জেলা পুলিশের নির্মোহ প্রার্থনায় অবিরত থাকবে মর্মে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

এ সময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মমিনুল করিম, নীলফামারী জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, কুড়িগ্রাম জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা। এই প্রক্রিয়ায় আরো ছিল  পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক প্রেরিত উচ্চতর কমিটির নিরিবিচ্ছিন্ন তদারকি, মনিটরিং ও সহযোগিতা।

উল্লেখ্য, কুড়িগ্রাম জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৭৯ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে ২৭৮৮ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষা শেষে ৬১২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ২১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে  চূড়ান্তভাবে ৭৯ জনকে মনোনীত করে কুড়িগ্রাম  জেলা টিআরসি নিয়োগ পরীক্ষা বোর্ড ।