আজ থেকে শুরু হচ্ছে ডিপিএল, শুরু দিকে থাকছেনা মাশরাফি

স্পোর্টস ডেস্ক/S.H:

আজ থেকে শুরু হতে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ ২০২১। জাতীয় দলের সব খেলোয়াড় থাকলেও থাকছেনা বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। করোনার কারণে হঠাৎ বিসিবি সিদ্ধান্ত নেন ডিপিএল শুরু করার। প্রস্তুতি না থাকায় শুরুর ম্যাচগুলোতে খেলতে পারছে না মাশরাফি।

আবাহনী ও পারটেক্সের খেলা দিয়ে শুরু হচ্ছে ২০২১ সালের ডিপিএল আাসর। ১২ দল নিয়ে টি-টোয়ান্টি এই টুর্নামেন্টে রয়েছে জাতীয় দলের সব খেলোয়াড়। আবাহনী দলের অধিনায়ক মি.ডিফেন্ডার মুশফিকুর রহিম । প্রাইমে অধিনায়কত্ব করছে তামিম ইকবাল ও মোহামেডানের জন্য অধিনায়কত্ব করছে সাকিব আল হাসান। আর আগে থেকে প্রস্তুতি না থাকায় টুর্নামেন্টের শুরু থেকে থাকছে না মাশরাফি বিন মুর্তজা। এই বিষয়ে তিনি জানান “আগে নিয়মিত খেলার মধ্যে থাকতাম। বিরতিতে থাকলেও লিগ শুরুর অনেক আগে জানতে পারতাম, তখন প্রস্তুতি নিতাম। এখন তো সেই পরিস্থিতি নেই।” তিনি আরও জানান প্রস্তুতি ছাড়া মাঠে নামা কঠিন। এখন থেকে তিনি প্রস্তুতি নেওয়ার পরিকল্পনা করছেন এবং টুর্নামেন্টের শেষের ম্যাচগুলোতে তাকে দেখা যাবে বলে জানান তিনি।

 

জামালপুরে প্রবীন বিএনপি নেতা ভোলা মল্লিকের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

হাসান আহাম্মেদ সুজন,জামালপুর প্রতিনিধি। বাংলাদেশ জাতীয়তাবাদী দল  বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর ৪০ তম শাহাদাৎ   বার্ষিকী উপলক্ষে জামালপুরে জেলা বিএনপির সাবেক আহবায়ক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন ভোলা মল্লিকের নেতৃত্বে ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন,আলোচনা সভা -দোয়া মাহফিল ও দুস্থ মানুষের মাঝে  খাদ্য বিতরণের মধ্য দিয়ে শাহাদাৎ বার্ষিকী  অনুষ্ঠিত   হয়েছে।

৩০ মে রোববার সারাদিন ব্যাপী স্থানীয় স্টেশন রোডস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এ বিভিন্ন কর্মসূচির আয়োজন করেন।

শহীদ জিয়াউর রহমানের  শাহাদাৎ বার্ষিকীর বিভিন্ন কর্মসূচিতে এসময় জামালপুর জেলা বিএনপি নেতা দিলীপ কুমার দে, আবু আশিক মল্লিক বাবু, মিজানুর রহমান মুক্তা,জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি মোশারফ সিদ্দিকী,জেলা যুবদলের সহ-সম্পাদক এম. শুভ পাঠান,জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ নাসরুল্লাহ,এ.এম.কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রুবেল, জেলা ছাত্রদল নেতা রিপন হোসেন হৃদয়,সাজ্জাদ হোসেন হৃদয়, আশরাফী রাজন,মিরাজ হোসেন, জিল্লুর রহমান জনি, সোহেল রানা, লিখন শেখ,  সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সোহাগ মিয়া,জেলা সেচ্ছাসেবক দলের সহসাধারণ ভৌমিক ধর পাপ্পু, সহসাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম পিয়াস,শহর শ্রমিক দলের সহসাধারণ সম্পাদক ফিজুর আকন্দ বাবু, কাবুল হোসেন চিকলী,মিজানুর রহমান ধুইলেগেদা,দুলাল হোসেন,শহর ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহাবুবুল হাসান হীরা,শহর ছাত্রদলের সাবেক সহসভাপতি সাব্বির হোসেন শাওন, ছাত্র নেতা মোশারফ হোসেন হৃদয় সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

জামালপুরে বিএনপিনেতা শামীম আহমেদের নেতৃত্বে শহীদ জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী উদযাপিত

হাসান আহাম্মেদ সুজন,  জামালপুর প্রতিনিধি। জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপিনেতা শামীম আহমেদের নেতৃত্বে আলোচনা সভা, স্বেচ্ছায় রক্তদান, দোয়া মাহফিল ও দু:স্থদের মাঝে রান্না করা খাদ্য বিতরণসহ নানা কর্মসূচি আয়োজনের মধ্য দিয়ে স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকী উদযাপিত হয়েছে। ৩০ মে দুপুরে শহরের সকাল বাজারে বিএনপিনেতা শামীম আহমেদের দলীয় কার্যালয়ে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

৩০ মে বেলা সাড়ে ১১টায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম শাহাদত বার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক বিএনপিনেতা শামীম আহমেদ।

এ সময় শামীম আহমেদ বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও আধুনিক বাংলাদেশের স্থপতি। তার দেওয়া ১৯ দফা বাস্তবায়নের পথ ধরে বাংলাদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠা ও আধুনিক বাংলাদেশর উন্নয়নে আপসহীনভাবে দেশ পরিচালনা করেন বেগম খালেদা জিয়া। তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সফল নেতৃত্বের প্রতি ঈর্শান্বিত হয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে কারাবন্দি করে রেখেছে। আমাদের প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়া আজ গুরুতর অসুস্থ। লন্ডনে  অবস্থানরত তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের অন্যান্যরা তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা করাতে চেয়েছিলেন তাকে। তার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদনও করা হয়েছিল। কিন্তু বর্তমান স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার তাকে সেই চিকিৎসার সুযোগ দেয়নি। বর্তমান সরকার চায় খালেদা জিয়া ও তার সুযোগ্য ছেলে তারেক রহমান যেন আর রাজনীতিতে ফিরতে না পারে। জিয়া পরিবারকে নিশ্চিহ্ন করার জন্যই বর্তমান সরকার ষড়যন্ত্রের মাধ্যমে তাদের সকল নীলনকশা বাস্তবায়ন করছে।

শামীম আহমেদ আরো বলেন, শহীদ জিয়াউর রহমান প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদী চেতনা ও আদর্শে উদ্বুব্ধ হয়ে স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আন্দোলন-সংগ্রামের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। স্বৈরাচারী আওয়ামী লীগ সকারের কবল থেকে এ দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার যেকোন আন্দোলন সংগ্রামে শরিক হওয়ার জন্য বিএনপি ও অঙ্গদলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান শামীম আহমেদ।

উদ্বোধনী আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা বিষ্ণ চন্দ্র মন্ডল, শহর বিএনপিনেতা হুমায়ুন কবীর ও মোতালেব হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহবুবুর রহমান জিলানী, জেলা ছাত্রদলের সহসভাপতি শাহাদত হোসেন সাগর ও যুগ্মসম্পাদক মোরশেদ খান, শহর ছাত্রদলের সহ-সভাপতি রানা ম্যানশন, শহর ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মুক্তা খান, জেলা সংগ্রামী ছাত্রদলের সাধারণ সম্পাদক আশিক রায়হান পারভেজ, স্বেচ্ছাসেবকদল নেতা গোলাম রব্বানী জনি, ছাত্রদলনেতা কাবুল হোসেন, সোহানুর রহমান সোহান, জাহিদুল ইসলাম হৃদয়, বাবু চন্দ্র গোয়ালা, প্রমুখ।

আলোচনা সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত এবং তার সহধর্মিনী সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন গুরুতর অসুস্থ বেগম খালেদা জিয়ার আশু  রোগমুক্তি ও তারেক রহমানের রাজনৈতিক সফলতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে দিবসটি উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ও দু:স্থ মানুষের মাঝে রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। জেলা বিএনপির একাংশের বিভিন্ন অংগদলের বিপুল সংখ্যক নেতাকর্মী এসব কর্মসূচিতে অংশ নেন।

পাবজি ও ফ্রি ফায়ার গেম দুটি বন্ধের বিষয়টি গুজব- ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী

আরাফাত আহমেদ রনি, নিজেস্ব প্রতিবেদক জনপ্রিয় গেম ফ্রি ফায়ার ও পাবজি বন্ধের সিদ্ধান্ত নেয়নি সরকার। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা চললেও ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জানালেন, গেম দুটি বন্ধের খবর গুজব। তবে এসব গেমে কিশোর-তরুণদের আসক্তি নিয়ে উদ্বেগ আছে শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের।

মন্ত্রী জানান, গেমগুলো বন্ধের সুপারিশ করা হচ্ছে বিভিন্ন মহল থেকে। তবে গেম বন্ধ করা কোনো সমাধান নয়। প্রযুক্তিবিদরাও বিকল্প উপায় ভাবার পরামর্শ দিচ্ছেন।

তবে অভিভাবকরা বলছেন, স্কুল-কলেজ বন্ধ থাকায় অনলাইন ক্লাসের জন্য সন্তানদের হাতে মোবাইল তুলে দিয়েছেন তারা। এখন শিক্ষা প্রতিষ্ঠান খুললে তাদের মোবাইল আসক্তি কিছুটা কমতে পারে।

আমাদের বঙ্গোপসাগরে পাশের দেশগুলো বেশি ময়লা ফেলছে- পরিকল্পনামন্ত্রী

আরাফাত আহমেদ রনি, নিজেস্ব প্রতিবেদক আগে ভাবতাম বঙ্গোপসাগরে শুধু আমাদের প্লাস্টিক বর্জ্য জমা হয়। কিন্তু আজকের আলোচনা শুনে জানলাম এই সাগরে আমাদের তুলনায় পাশের দেশগুলো থেকে আসে দশগুণ বেশি বর্জ্য। আমাদের বঙ্গোপসাগরে পাশের দেশগুলো বেশি বর্জ্য ফেলছে।

রোববার (৩০ মে) বাংলাদেশ একাডেমিক অব সায়েন্স ও অ্যাসোসিয়েশন অব একাডেমিক অ্যান্ড সোসাইটি অব এশিয়া আয়োজিত এক ওয়েবিনারে তিনি এ দাবি করেন।

বঙ্গোপসাগর রক্ষার্থে মন্ত্রী বলেন, তবে এটি নিয়ন্ত্রণের তেমন কোনো উপায় নেই। কারণ দেখা যায় তাদের নদীগুলোর মাধ্যমে এই বর্জ্য সাগরে এসে মেশে। তবে আমাদের দেশের বিকল্প আমাদের তৈরি করতে হবে। আমাদের সাগরকে রক্ষা করতে হবে। বিদেশে যখন আমি প্রথম গিয়েছিলাম তখন দেখেছিলাম সেখানেও প্লাস্টিকের ব্যবহার আছে। তবে তাদের বর্জ্য ব্যবস্থাপনা সিস্টেম আছে, কিন্তু আমাদের তা নেই। আমরা যেখানে সেখানে প্লাস্টিক ফেলে দেই। প্লাস্টিক একটি জাতীয় ইস্যু। এ নিয়ে আমার বিশদ বর্ণনার দরকার নেই। আমি শুধু কিছু উদাহরণ দেই।

‘তামাকের কারণে আমাদের অনেক প্রাণহানি হচ্ছে। সরকারের অনেক ক্ষতি হচ্ছি। তবে এটাকে কোনোভাবে আমরা দমন করতে পাচ্ছি না। আমি যখন অর্থ মন্ত্রণালয়ে কাজ করেছি তখন আমরা এনবিআরের মাধ্যমে নানাভাবে তামাক নিয়ন্ত্রণের চেষ্টা করেছিলাম। কিন্তু আমরা তা পারছি না। প্লাস্টিকও এখানে একটি বড় উদাহরণ। কারা যেন একটা আইন করেছিল প্লাস্টিক ব্যবহার করা যাবে না। কিন্তু আমরা এখানে কনটেন্ট করতে পারছি না। আমাদের অনেকখানে আইন ব্যবহারের দুর্বলতা রয়েছে। এর বিকল্প আছে তবুও আমরা পাচ্ছি না। ’

তিনি আরো বলেন, আমাদের শহরের ড্রেনগুলো প্লাস্টিকে ভরে যাচ্ছে। সাগরের তলদেশ ভরে যাচ্ছে প্লাস্টিকে। মাছের পেটে প্লাস্টিক পাওয়া যাচ্ছে। আমাদের কাছে প্রস্তাব আসে, এটা সেটা চায় আমরা অনুমোদন দেই। কিন্তু পরে আর কাজ হয় না। এটা নিয়ে আমাদের সরকারপ্রধানও বিরক্ত । তিনি (প্রধানমন্ত্রী) বলেন, তোমরা তো প্রায়ই বলো বর্জ্য দিয়ে বিদ্যুৎ বানাবা, কিন্তু বিদ্যুৎ কোথায়? আমি একশ কোটি লাগলে তাই দেবো, তোমরা একটা করে নারায়ণগঞ্জ, রাজশাহী, সিলেট করে দেখাও যে তোমরা পারো। ’

ওয়েবিনারের অর্গানাইজিং সেক্রেটারি প্রফেসর ড. লিয়াকত আলী বলেন, প্লাস্টিক দূষণ একটি ভয়াবহ বিষয় যেটি মানুষের শারীরিক ক্ষতির পাশাপাশি আবহাওয়ারও ব্যাপক ক্ষতি করে। শুধু এশিয়াতে ৫১ শতাংশ প্লাস্টিক উৎপাদন হয় যা পরিবেশ দূষণে বড় ভূমিকা রাখছে। এই দিক দিয়ে আমাদের বিশেষ নজর দেওয়া উচিত। সারাবিশ্বে প্রতিদিন তিন হাজার টন প্লাস্টিকের বর্জ্য উৎপাদিত হয় তার মধ্যে বাংলাদেশে উৎপাদিত হয় শতকরা আট শতাংশ। যা প্রতিনিয়ত বাড়ছে। এক্ষেত্রে প্রথমেই আমাদের দেশের যে বিদ্যমান আইন আছে সেগুলোর যথাযথ প্রয়োগ করতে হবে। পাশাপাশি আমাদের কিছু আইনের সংশোধন করতে হবে। পাট নিয়ে আরো কাজ করতে হবে।

চট্টগ্রামে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ সহ ১৪ জন আটক

আরাফাত আহমেদ রনি, নিজেস্ব প্রতিবেদক চট্টগ্রামের বাকলিয়া থেকে জুয়া খেলার সরঞ্জামসহ হাতেনাতে ১৪ জুয়াড়িকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৯ মে) দিবাগত রাত ১টার দিকে ময়দার মিল এলাকার একটি ভবনের ৩য় তলার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বাহার (৫০), মো. কামাল হোসেন (৪৫), মো. রাজু (২২), ইকবাল (২৯), আশরাফ আলী (৫৫), দেলোয়ার হোসেন (৩৫), আলমগীর (৩৪), মো. কাউসার (২৪), মো. তৈয়ব (৩০), জয়নাল আবেদীন (৩০), আবুল হোসেন (৩৪), মাঈনুল (২৬), তাজুল ইসলাম (৩০), মো. সাকিব (২২)।

বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, গতকাল  গোপন সংবাদের ভিত্তিতে ময়দার মিল এলাকার একটি ভবনে অভিযানে যায় পুলিশ। এই সময় ভবনের ৩ তলায় একটি রুমে জুয়া খেলার সময় তাদের গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নগদ ৩ হাজার ২৪২ টাকা ও ৬ প্যাকেট তাস উদ্ধার করা হয়।

জুনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে ৭ কলেজের মানববন্ধন

নি রবিবার  (৩০ মে) রাজধানীর নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীরা এই মানববন্ধন করেন। স্বাস্থ্যবিধি মেনে পহেলা জুনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে মানববন্ধন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের  শিক্ষার্থীরা।

এতে ঢাকা কলেজের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রণালয় শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে বারবার আশ্বাস দিয়েও শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে কোনো প্রস্তুতি নিচ্ছেন না। আমরা কোনো আশ্বাসের বাণী শুনতে চাই না। শিক্ষামন্ত্রী এমনভাবে কথা বলেন যেন শিক্ষামন্ত্রালয় করোনার আশ্রয়স্থল। ধিক্কার জানাই এমন সিদ্ধান্তের।

তিনি বলেন, আগামী একদিনের মধ্যে শিক্ষাপ্রতিষ্ঠান খুলতে হবে। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে না দেওয়া হয় তাহলে রাজপথ অচল করে শিক্ষাপ্রতিষ্ঠানে খুলতে বাধ্য করা হবে।

আর নয় অনলাইনে ক্লাস, হল ক্যাম্পাস খোলা চাইসহ বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন শিক্ষার্থীরা।

বছরে ৬ কোটি টাকা লেনদেন হতো মামুনুল এর আ্যকাউন্টে- ডিবি

আরাফাত আহমেদ রনি, নিজেস্ব প্রতিবেদক রোববার (৩০ মে) বিকেল সাড়ে ৫টায় ডিবি কার্যালয়ে এসব কথা বলেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।

হেফাজতে ইসলামের সদ্যবিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পেয়েছে ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

তিনি বলেন, সম্প্রতি হেফাজতের বেশ কয়েকজন নেতাকে আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের মধ্য দিয়ে অনেক মামলার তদন্তে অগ্রগতি হয়েছে। এর মধ্যে হেফাজতের অর্থনৈতিক বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ ও নথিপত্র যাচাই-বাছাই করছি। মামুনুল হকের ব্যাংক অ্যাকাউন্টে বছরে প্রায় ৬ কোটি টাকা লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এছাড়াও অতি সম্প্রতি গ্রেফতার করা হয়েছে হেফাজতের সাবেক কমিটির অর্থ সম্পাদক কাসেমীকে। তার কাছেও বেশ কিছু অ্যাকাউন্ট পেয়েছি, সেগুলোরও তদন্ত চলছে।

এই অর্থায়নগুলো হয় বিশেষ করে প্রবাসী বাংলাদেশিদের মাধ্যমে। প্রবাসীরা মাদরাসা কিংবা মাদরাসা-শিক্ষার্থীদের বিভিন্ন কাজে হেফাজতের কাছে দান করে থাকে। এর মধ্যে রোহিঙ্গাদের জন্যও তারা দান করে থাকে। এছাড়াও হেফাজতের জন্যও কিছু কিছু টাকা বিদেশ থেকে আসে।

এই টাকাগুলো বিদেশ থেকে আসার পর সেগুলো সঠিকভাবে হেফাজত ইসলামের নেতারা সঠিকভাবে মেইনটেইন করতেন না। তাদের নিজের ইচ্ছামতো টাকাগুলো নেয়ার পর খরচ করতেন। তারা এই টাকাগুলো রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করেছে। বিশেষ করে হেফাজতের নিজেদের কর্মকাণ্ডে ব্যবহার করেছে। রোহিঙ্গাদের টাকাও হেফাজত নিজেদের কাজে ব্যবহার করত। এছাড়াও বিপুল পরিমাণ টাকা তারা তসরুপ করেছে। টাকাগুলো দিয়ে হেফাজত নেতারা নিজেদের বাড়ি-গাড়ি করেছে।

তদন্তে দেখা গেছে, মাদরাসার সংগঠন বেফাক কিংবা হায়াতুল উলয়া এসব সংগঠন অনেক গুরুত্বপূর্ণ সংগঠন কিন্তু এসব সংগঠনও হেফাজতের কাছে জিম্মি হয়ে যাচ্ছে। ফলে এসব সংগঠনগুলো তাদের সঠিক কার্যক্রম পরিচালনা করতে পারছে না।

এ ধরনের অর্থ যাদের হাতে চলে যাচ্ছে কিংবা অর্থের নিয়ন্ত্রক যারা তারাই রাজনীতি নিয়ন্ত্রণ করছে। আবার ক্ষেত্রবিশেষে তারাই এই টাকাগুলোর মালিক হচ্ছে। আবার অনেক ভালো আলেম-ওলামা আছেন তারা এই সিন্ডিকেটের কাছে অসহায় হয়ে যাচ্ছে। কারণ যার কাছে অর্থ আছে, টাকার বিনিময়ে ক্ষমতা তারাই নিয়ন্ত্রণ করতে চান। এসব বিষয়ে আলাদা মামলা হতে পারে বলেও জানান তিনি।

এক প্রশ্নের জবাবে মাহবুব আলম বলেন, ২০১৩ সালের ১৪টি মামলা আমরা তদন্ত করছি। এছাড়াও নতুন বেশ কয়েকটি মামলা আমরা পেয়েছি। এছাড়াও অন্যান্য গোয়েন্দা বাহিনীও এসব বিষয় নিয়ে কাজ করছে। খুব দ্রুতই মামলার তদন্ত প্রতিবেদন জমা হবে বলে জানান তিনি।

সিএনবিডি/আরাফাত

কাল আসবে ফাইজারের টিকা

নিউজ ডেস্ক, ফাইজার-বায়োএনটেকের টিকা আসার খবর নিয়ে রীতিমত নাটকীয়তা হয়েছে। করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধের এ টিকার প্রথম চালান কবে আসবে, তা নিয়ে চার দফায় অবস্থান বদলেছে স্বাস্থ্য অধিদফতরের। প্রথমে ‘আজ রোববার (৩০ মে) রাতে’, এরপর ‘আজ নয় পরে’, তারপর আবার ‘আজই’ এবং সবশেষবার ‘আজ নয়, এ টিকা কাল সোমবার (৩১ মে) রাতে আসবে’ বলে জানিয়েছে তারা।

স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক সবশেষবারের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, আজ নয়, আগামীকাল সোমবার (৩১ মে) রাতে ফাইজারের টিকা আসছে বাংলাদেশে।

গত ২৭ মে জরুরি ব্যবহারের জন্য ফাইজারের টিকা অনুমোদন পায়। এর আগে ভারতের সেরাম ইনস্টিটিউটে তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড, রাশিয়ার তৈরি স্পুৎনিক-ভি এবং চীনের সিনোফার্মের তৈরি টিকার অনুমোদন দেয় সরকার। সেদিন জানানো হয়, রোববারই আসছে এ টিকার প্রথম চালান।

রোববার সকালেও ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক জানান, ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকার প্রথম চালান রাতেই আসছে।

কিন্তু দুপুরে করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন জানান, আজ টিকার চালান আসছে না। ১০ থেকে ১২ দিন দেরি হবে।

এ নিয়ে আবার যোগাযোগ করা হলে ডা. শামসুল হক বলেন, ‘আমার কাছে যে কাগজপত্র রয়েছে তাতে আমি নিশ্চিত, আজ রাতেই টিকার চালান আসছে।’

পরবর্তীতে রোবেদ আমিনও ‘ভুল তথ্য দিয়েছেন’ বলে সংশোধনী দেন।

কিন্তু রোববার বিকেলে ডা. শামসুল হক আবার নতুন তথ্য দেন। তিনি বলেন, ‘আমরা জানতাম আজ রাতেই যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান আসছে। কিন্তু পরে কার্গোর কনফারমেশনের তথ্য নিতে গিয়ে দেখি আজ রাতে নয়, আগামীকাল রাতে এসে পৌঁছাবে।’ আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে এসে টিকা পৌঁছাবে বলে আশা করছি’—বলেন ডা. শামসুল হক।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি মশিউর রহমান

নিউজ ডেস্ক, রবিবার (৩০ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাকে ৪ বছরের মেয়াদে এই নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও আচার্য মো. আবদুল হামিদ।

প্রজ্ঞাপনে নিয়োগের শর্তে বলা হয়, উপাচার্য হিসেবে তার নিয়োগের মেয়াদ চার বছর হবে। তবে প্রযোজ্য ক্ষেত্রে তিনি নিয়মিত চাকরির বয়সপূর্তিতে মূল পদে প্রত্যাবর্তন করে অবসর গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পাদন শেষে উক্ত মেয়াদের অবশিষ্ট অংশ পূর্ণ করবেন।

উপাচার্য হিসেবে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতা পাবেন। তিনি বিধি অনুযায়ী, পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি প্রয়োজনে যে কোনও সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।