ট্রেন দাঁড় করিয়ে মায়া হরিণ জবাই!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানে কেন সেদিন কালনি এক্সপ্রেস ট্রেনের অননুমোদিত যাত্রাবিরতি? আর মায়া হরিণটি কেইবা জবাই করেছে? এ নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। হরিণ জবাই করে হত্যার দৃষ্টি কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চালক ও কর্মচারীদের দিকেই ধাবিত হচ্ছে। প্রত্যক্ষদর্শী, রেলওয়ে পুলিশ এবং বনবিভাগের কর্মকর্তাদের সাথে আলাপ করে সে ইঙ্গিতই মিলছে।

ওইদিন কালনি এক্সপ্রেস ট্রেনে থাকা যাত্রীরা বলছেন- হরিণ জবাই করে ট্রেনে তোলার ঘটনায় সরাসরি ট্রেনের চালক ও কর্মচারীরা জড়িত। মৌলভীবাজার বনবিভাগ বলছে- এ ঘটনায় শ্রীমঙ্গল রেলওয়ে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।

শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ জানিয়েছে, এঘটনায় তদন্ত চলছে। তদন্তে বেরিয়ে আসবে আসল ঘটনা।

এদিকে হরিণ জবাই করে হত্যার ঘটনায় ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা যাওয়া সেই দাড়িওয়ালা, কাস্ত হাতে লোকটির পরিচয় পেয়েছে গণমাধ্যমে।

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের একটি মায়া হরিণের জবাই করা দেহ গত বুধবার (২২ ফেব্রুয়ারি) ঢাকাগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ। হরিণটির গায়ে আঘাতের চিহ্ন রয়েছে এবং হরিণটি জবাই করা হয়েছে বলে দাবি বনবিভাগ ও রেলওয়ে পুলিশের। তারা আরও দাবি করেন, এটি মায়া হরিণ এবং একমাত্র এই এলাকার লাউয়াছড়া বনেই এই হরিণ রয়েছে।

লাউয়াছড়া অনুমতিবিহীন ৬ মিনিট দাঁড়িয়েছিলো ট্রেনটি। এ নিয়ে অনুসন্ধানে জানা যায়, কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের চালক লাউয়াছড়া বনের ভেতর ট্রেন থামিয়ে হরিণটি জবাই করেন এবং সেই সময় কোনো অনুমতি ছাড়া তিনি ৬ মিনিট হরিণ জবাই করার জন্য ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতর দাঁড় করিয়ে রাখেন। ওই ট্রেনের একাধিক যাত্রী এ তথ্য নিশ্চিত করেছেন।

এই ট্রেনের যাত্রী ছিলেন সন্তোষ দাস। তিনি কুলাউড়া থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্য ট্রেনে উঠেন।

তিনি বলেন, ‘লাউয়াছড়ায় আসার কিছুক্ষণ পর আমি ওয়াশরুমে যাই, হঠাৎ করে দেখি ট্রেন থেমে গেছে। আমি সাথে সাথে বের হই, তারপরে শুনি যে একটা হরিণের জন্য ট্রেন থেমেছে। কেউ বলছে শিকারীরা হরিণকে ফায়ার করছে, হরিণ দৌড় দিয়ে গাড়ির সামনে পড়ছে, আবার কেউ বলছিল বন বিভাগের লোকজন সাথে ছিল। পরে দেখলাম হরিণ আহত হয়েছে, এর জন্য জবাই করছে। জবাই অবস্থায় নিয়ে আসতে দেখছি। অনেকে ভিডিও করছে। এরপর ট্রেন ছেড়ে দেয়।’

এই ট্রেনের আরেক যাত্রী কমলগঞ্জের সুমন আহমদ জানান, ট্রেনটি লাউয়াছড়া বনের ভেতর আসতেই থেমে যায়। ছয় থেকে সাত মিনিট পর একটি হরিণ নিয়ে এসে আবার ট্রেন ছাড়ে।

খোঁজ নিয়ে জানা যায়, সেদিন ট্রেনটি দেরি করে স্টেশনে পৌঁছায়। ভানুগাছ রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার তার রেকর্ড বুক থেকে জানান, ভানুগাছ থেকে ৮.২৮ মিনিটে ট্রেনটি ছেড়ে যায় এবং ৮.৫৪ মিনিটে শ্রীমঙ্গল স্টেশনে পৌঁছায়। সাধারণ সময়ে ২০ মিনিট লাগলেও ঐদিন লাগে ২৬ মিনিট।

হরিণ জবাই করে হত্যার ঘটনায় ভাইরাল ছবি ও ভিডিওতে দেখা যায় ঢাকাগামী চলন্ত কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া জাতীয় উদ্যানের বনের ভেতরে থামানো রয়েছে। এ সময় একজন দাড়িওয়ালা ব্যক্তি হাতে কাস্ত নিয়ে গাড়ির দিকে ছুটছেন। তার পেছনে আরও ৪ থেকে ৫ জন লোক মিলে জবাইকৃত হরিণ ধরে ইঞ্জিন রুমে তুলছেন। তাৎক্ষণিক হুইসেল বাজিয়ে ট্রেনটি আবারও ছেড়ে যায়।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ভাইরাল হওয়া ছবির ব্যক্তিদের ব্যাপারে খোঁজ নিতে গিয়ে অনুসন্ধানে জানা যায়, ধারালো অস্ত্র কাস্ত  হাতে মুখে দাড়িওয়ালা সাদা শার্ট পড়া লোকটি রেলওয়ের কর্মচারী এনামুল হক সোহেল। তিনি রেলওয়ে লাইন মেকানিকের কাজ করেন। জবাইকৃত হরিণকে ঝুলিয়ে নেওয়া অপর ব্যক্তি হলেন ট্রেনের সহকারী চালক। তবে তার নাম জানা যায়নি। তাদের সাথে থাকা অন্যরাও ট্রেনের কর্মচারী।

বনবিভাগ সূত্রে জানা যায়, ট্রেন না থামিয়ে কোনো ভাবেই হরিণ ট্রেনে চলে আসার কথা না। এই হরিণের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। ট্রেনের গায়ে লেগে হরিণটি আহত হয় পরে জবাই করে ট্রেনে তোলা হয়।

বনবিভাগের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের শতভাগ ধারণা যে চালক ট্রেন থামিয়েছেন এবং জবাই করে তা ট্রেনে তোলা হয়। কারণ ট্রেন না থামালে তা কোনোভাবেই ট্রেনে তোলা সম্ভব নয়। এই মায়া হরিণ লাউয়াছড়া বনেই সাধারণত দেখা যায় এবং অতীতেও ট্রেনের ধাক্কায় হরিণ আহত বা মৃত্যুর ঘটনা ঘটেছে।

ময়নাতদন্তে জানা যায়, হরিণটি জবাই করে হত্যা করা হয়েছে। যদিও এর গায়ে আরও আঘাত ছিল।

শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কর্ণ চন্দ্র মল্লিক বলেন, ‘আমরা পোস্টমর্টেম করে বুঝতে পেরেছি প্রাণিটিকে ধারালো কোনো জিনিস দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে।’

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র জানান, ঢাকাগামী কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন থেকে হরিণের মৃতদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। পরে তারা আমাদের জানায়। আমার ধারণা চলন্ত রেলের আঘাতে হরিণটি আহত হয় এবং পরে জবাই করা হয়।

তিনি বলেন, ‘আমরা পোস্টমোর্টেম করে জানতে পেরেছি জবাই করার কারণেই তার মৃত্যু হয়। গায়ে আঘাতের দাগ থাকলেও তার কারণে মৃত্যু হয়নি। জবাই না করলে এই আঘাতে সুস্থ হয়ে যেত।’

লাউয়াছড়া ট্রেন থামিয়ে হরিণ জবাই করার ঘটনায় উদ্বিগ্ন প্রাণপ্রকৃতি সংরক্ষবরা। সচেতন মহল থেকে শুরু করে, বন্য প্রাণী উদ্ধার সংঘটনের অনেকে বলেন, এটা অতিব ভয়াবহ পরিস্থিতি। ভয়ংকর! লাউয়াছড়ায় দিনের আলোতে প্রকাশ্য দিবালোকে ট্রেন থামিয়ে হরিণ জবাই করে ইঞ্জিন রুমে তুলে নিয়ে আসার মতো ঘটনা সাধারণ কোন ঘটনা নয়! এটি প্রাণ ও প্রকৃতির জন্য ভয়ংকর একটা একটা বিপদসংকেত ৷ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা ছবি এবং ভিডিও দেখে বোঝা যায় তারা অত্যন্ত সাবলীল এবং দক্ষ ভাবে দ্রুততম সময়ের মধ্যে কাজটা করেছে৷ অতীতেও যে তারা এরকম ঘটনা বা এর চেয়েও ভয়ংকর ঘটনা ঘটানো হয়নি সেটা নিশ্চিত ভাবে বলা যায়না৷ দীর্ঘদিনের অভ্যস্ততা তাদেরকে এতটা বেপরোয়া করে তুলেছে!

তদন্ত ও আইনি ব্যবস্থা

শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ‘আমার ধারণা ট্রেনের আঘাতে আহত হয়। পরে তা ট্রেনে তোলা হয়। কীভবে তোলা হয়েছে তা তদন্ত ছাড়া বলা যাবে না।’

কালনী আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনের সেই চালকের সাথে কথা বলার জন্য একাধিকবার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করলেও তিনি চালকের মোবাইল নাম্বার দিতে পারেননি। বিষয়টি নানাভাবে তিনি তালবাহানা করে এড়িয়ে যান। তবে এ বিষয়ে রেলওয়ে পুলিশের কাছে অভিযোগ করেছে বনবিভাগ। বর্তমানে বিষয়টি তদন্ত করছে রেলওয়ে পুলিশ।

রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাফিউল ইসলাম পাটোয়ারী জানান, এই বিষয়ে অনেক প্রশ্ন সামনে আসছে, সঠিক কিছু বলা যাচ্ছে না তদন্ত ছাড়া। তবে হরিণটি লাউয়াছড়ার এবং সেখান থেকেই ট্রেনে উঠানো হয়েছে তা নিশ্চিত।

ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের তিন বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় রোববার (২৬ ফেব্রুয়ারি) ভোর ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এছাড়া, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে। পরবর্তী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।

রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বর্ষপূর্তির দিনেই এ নতুন নিষেধাজ্ঞা দেওয়া হলো। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বিবিসির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে।

যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন নিষেধাজ্ঞার মধ্যে রাশিয়া ও তার মিত্রদের বিভিন্ন ফার্ম, ব্যাংক, উৎপাদকসহ অন্তত ৯০টি কোম্পানির পাশাপাশি বেশ কিছু ব্যক্তি ও সংস্থা রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, নিষেধাজ্ঞার তালিকায় ওইসব ব্যক্তি ও প্রতিষ্ঠান রয়েছে, যারা পূর্ববর্তী নিষেধাজ্ঞাগুলো এড়াতে রাশিয়াকে সহায়তা করেছে। তবে, এবার রাশিয়া যেন তৃতীয় পক্ষের মাধ্যমে নিষেধাজ্ঞাগুলো এড়াতে না পারে সেজন্য একটি টিম গঠন করার পরিকল্পনা করা হচ্ছে।

এদিকে, একইদিনে ইউক্রেনকে নতুন করে ২০০ কোটি ডলারের সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এ সহায়তার পুরোটাই অস্ত্র ও গোলাবারুদ।

এর আগে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এক বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) জাতিসংঘের সাধারণ পরিষদের বিশেষ অধিবেশন হয়। সেখানে ইউক্রেন থেকে সেনা প্রত্যাহারের পাশাপাশি যুদ্ধ বন্ধ করতে একটি প্রস্তাব পাস হয়। ওই প্রস্তাবে ইউক্রেনের পক্ষে জাতিসংঘের ১৯৩ সদস্যের মধ্যে ১৪১ সদস্য ভোট দিয়েছে। রাশিয়াসহ ৭টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়। বাংলাদেশ ও ভারতসহ ৩২টি দেশ ভোটদানে বিরত ছিল।

আত্রাইয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী উদ্বোধনী অনুষ্ঠান

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে প্রাণি সম্পদ প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ ফ্রেব্রুয়ারী) সকাল এগারো টায় উপজেলা পরিষদ মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যাপী এই প্রদর্শণীর ফিতা কেটে উদ্বোধন করেন আত্রাই-রাণীনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল যৌথ ভাবে এই প্রদর্শনীর আয়োজন করে। এ সময় প্রধান অতিথি প্রদর্শনীতে স্থাপিত বিভিন্ন ষ্টল পরির্দশন করেন। পরির্দশনকালে প্রধান অতিথির সহিত উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ এবাদুর রহমান প্রামানিক, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডাঃ মোঃআবু আনাছ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, সাধারণ সম্পাদক মোঃ আক্কাছ আলী, উপজেলা কৃষি অফিসার কেএম কাওছার হোসেন প্রমূখ।

প্রদর্শনীতে প্রায় ষোলটি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি প্রদর্শন করা হয়।উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ করেছেন।

৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুধ বিতরণ করবে সরকার

শিক্ষা ডেস্কঃ দেশের শিশুদের বেশিরভাগই অপুষ্টিতে ভোগে। ফলে তাদের শারীরিক গঠনের সঙ্গে ব্যাহত হচ্ছে মেধাবিকাশও। এর সমাধানে এবার প্রতিটি স্কুলে পুষ্টিকর খাবার দেবে সরকার। যার শুরুটা হচ্ছে দুধ বিতরণের মাধ্যমে। আগামী ২৬ ফেব্রুয়ারি থেকে ৫০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিলে দুধ বিতরণ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ বলেন, শুরুতে ৫০টি স্কুলের প্রতিটি শিক্ষার্থীকে ২৫০ মিলিলিটার করে দুধ সরবরাহ করা হবে। এ বছরের ডিসেম্বরের মধ্যেই আরও ৩০০ স্কুলে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। আমরা মনে করি, এটা আমাদের জন্য অত্যন্ত সহায়ক একটি ভূমিকা পালন করবে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, স্কুলের বাচ্চারা যদি দুধ খেতে পারে তাহলে তার শারীরিক পুষ্টির চাহিদা মিটবে। মেধার বিকাশ হবে। ভবিষ্যৎ নেতৃত্বের জন্য যে গুণগত মানে বেড়ে উঠতে হয়, সেই বেড়ে ওঠা সহায়ক হবে। আমাদের লক্ষ্য, নতুন প্রজন্মকে পুষ্টি সমৃদ্ধ জীবনে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া।

দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৫ হাজারের বেশি। যেখানে লেখাপড়া করে ২ কোটি শিক্ষার্থী। আজকের শিশুই আগামী দিনের ভবিষ্যৎ। এই ভবিষ্যতকে আরও মেধাবি করতে সরকারি স্কুলগুলোয় শুধু দুধ-ই নয়, ধারাবাহিকভাবে ডিমসহ নানা পুষ্টিকর খাবার বিতরণ করবে সরকার।

 

ফুলবাড়ীতে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: ‘স্মার্ট লাইভস্টক, স্মার্ট বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের ফুলবাড়ীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার ২৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১ টায় প্রদর্শনীর শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মাসুদ রানার সঞ্চালনায় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আকবর কবির, ফুলবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী খন্দকার, খামারী আশরাফুজ্জামান, হাবিব মিয়া বক্তব্য রাখেন।

আলোচনা সভা শেষে প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের মধ্য থেকে ৬ ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের কে পুরস্কার প্রদান করা হয়।

লাল জাম্পস্যুটে নেটদুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন লাস্যময়ী কারিনা

সবসময়ই  কারিনা কাপুর খান নানা লুকে ঝড় তুলেছেন তাঁর ভক্তদের মনে। তাঁর ফ্যাশন স্টেটমেন্ট সব সময়ই থাকে নেটিজেনদের চর্চায়। সাম্প্রতিক সাইফ-ঘরনি লাল জাম্পস্যুটে ফোটোশুট করে আবার নজর কেড়েছেন সকলের। তাঁর হট বস লেডির লুকের ছবি গুলি তিনি নিজেই শেয়ার করে নিয়েছেন ইনস্টাগ্রামে সঙ্গে। আর ক্যাপশন লিখেছেন ‘ফিলিং হট’। (ছবি: ইনস্টাগ্রাম)

এছাড়া, কারিনা কাপুর খান বেগুনি রঙের প্যান্টসুটে নজর কাড়ছেন নেট দুনিয়ায়। কালো লেসের ব্র্যালেট সঙ্গে স্যুট সব মিলিয়ে লাস্যময়ী কারিনা। (ছবি: ইনস্টাগ্রাম)

কালো লেসের ব্র্যালেটের সঙ্গে স্যুট পরে হট লুকেও দেখা গেছে সাইফ ঘরনি লাস্যময়ী কারিনা কাপুরকে।

নাগরিক সমাবেশে খাসিয়াপুঞ্জির গাছ কাটার পাঁয়তারা বন্ধের দাবি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় নাগরিক সমাবেশ থেকে ঝিমাই খাসিয়া পুঞ্জির প্রাকৃতিক গাছ কাটা বন্ধের দাবি জানানো হয়েছে। সমাবেশ থেকে গাছ কাটার পাঁয়তারা বন্ধসহ ১২ দফা দাবি জানানো হয়। গত বৃহস্পতিবার দুপুরে আদিবাসী পরিবেশ রক্ষা আন্দোলন এই সমাবেশের আয়োজন করে।

দুপুর ১২টায় কুলাউড়া বঙ্গবন্ধু উদ্যানে শুরু হওয়া এই নাগরিক সমাবেশ। সমাবেশে সভাপতিত্ব করেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি প্রত্যুষ আসাক্রা। এতে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বাংলাদেশ আদিবাসী ফোরাম, কুবরাজ আন্তপুঞ্জি উন্নয়ন সংগঠনসহ মোট ১২টি সংগঠন সহযোগিতা করে। সমাবেশে উপজেলার বিভিন্ন খাসিয়া ও গারোপুঞ্জির পাঁচ শতাধিক নারী-পুরুষের আগমন ঘটে।

হেলেনা তালাং, মনিকা খংলা ও হেজলা রেমার যৌথ উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাপার সিলেট শাখার সভাপতি ও শাবিপ্রবির সাবেক রেজিস্ট্রার জামিল আহমদ চৌধুরী, প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক ইব্রাহিম চৌধুরী খোকন, মৌলভীবাজার জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি খন্দকার লুৎফুর রহমান, বাপা জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল করিম কিম, শাবিপ্রবির সহকারী অধ্যাপক মাওলানা মো. এমদাদুল হক, বেলা সিলেট বিভাগীয় সমন্বয়কারী অ্যাড. শাহ শাহেদা, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক গৌরা দে, মৌলভীবাজার জেলা জাসদের সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সদস্য সচিব অ্যাড. আবুল হাসান, ব্লাস্ট সিলেটের সত্যজিৎ কুমার দাস, গণজাগরণ মঞ্চ সিলেটের মুখপাত্র দেবাশীষ দেবু, বাপা মৌলভীবাজার জেলা কমিটির সদস্য সচিব শিবপ্রসন্ন ভট্টাচার্য, কুলাউড়া উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক নির্মাল্য মিত্র সুমন, আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি অলিক মৃ, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদের সভাপতি জনক দেববর্মা ও খাসি স্টুডেন্ট ইউনিয়ন সিলেট শাখার সভাপতি এলিজ্যাক তাংসং।

এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন, বাপা কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ফাদার যোসেফ গোমেজ ওএমআই। বক্তব্য রাখেন কুবরাজ আন্তঃপুঞ্জি উন্নয়ন সংগঠনের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং ও ঝিমাই পুঞ্জির মন্ত্রী রানা সুরং।

সমাবেশে বক্তারা বলেন, উন্নয়নের নামে পুঞ্জির প্রাকৃতিক গাছ কেটে ধ্বংস করা হচ্ছে। আদিবাসীরা চা শিল্প উন্নয়নে বিরোধী নয়। তবে বাগান সম্প্রসারণ কিংবা উন্নয়নের নামে পরিবেশ তথা জনজীবন বিপন্ন করাকে কোনভাবে বরদাস্ত করবে না।

পুঞ্জির মন্ত্রী রানা সুরং বলেন, তাঁদের পুঞ্জিতে ৭২টি খাসিয়া পরিবার থাকে। ১০০ বছরের বেশি সময় ধরে তাঁরা সেখানে বসবাস করছেন। এর পাশ ঘেঁষেই কেদারপুর টি কোম্পানির মালিকানাধীন ঝিমাই চা-বাগান পড়েছে। ২০১২ সালে সরকার খাসিয়াদের ঐতিহ্যগত ভূমি অধিকার, তাঁদের প্রথাগত জীবনধারা ও অস্তিত্বের বিষয়টি পাশ কাটিয়ে ঝিমাই চা-বাগানের পক্ষে ৬৬১ দশমিক ৫৫ একর ভূমির ইজারা নবায়ন করে ফেলে। ওই ভূমির মধ্যে ঝিমাইপুঞ্জিও পড়ে যায়। এখন চা-বাগান কর্তৃপক্ষ চা-চাষ সম্প্রসারণের নামে ওই ভূমির দুই সহস্রাধিক গাছ কাটার পাঁয়তারা চালাচ্ছে। গাছ কাটলে পরিবেশের ক্ষতি হবে। খাসিয়ারা জীবন-জীবিকা হারাবেন। মূলত খাসিয়াদের উচ্ছেদের উদ্দেশে এ অপচেষ্টা চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

বক্তারা বলেন, এমনিতেই বনের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বাঁশমহাল ধ্বংস হয়ে গেছে। প্রাকৃতিক গাছপালা আগের মতো নেই। সামাজিক বনায়নের নামে প্রভাবশালীরা বন দখলে নিয়ে নিচ্ছেন। অথচ খাসিয়ারা বন-প্রকৃতিকে ভালোবাসেন। বন-প্রকৃতিকে ঘিরেই তাঁদের স্বাভাবিক নিয়মে জীবন-জীবিকার মাধ্যম। তাঁদের মমতায় বনের গাছগাছালি রক্ষা পাচ্ছে। সেখানে চা-বাগান সম্প্রসারণের নামে খাসিয়া পুঞ্জির প্রাকৃতিক গাছ কেটে ফেলার পাঁয়তারা চলছে। এ অপচেষ্টা রুখতে হবে।

সমাবেশে ঝিমাই খাসিয়াপুঞ্জির গাছ কাটার পাঁয়তারা বন্ধ, পুঞ্জির যাতায়াতের রাস্তায় চা-বাগান কর্তৃপক্ষের সব বাঁধা অপসারণ, কেদারপুর টি কোম্পানির ইজারা বাতিল করে ক্ষুদ্র জাতিসত্তার মানুষের ভোগদখলীয় ভূমির স্থায়ী বন্দোবস্ত প্রদান, ডুলুকছড়া, বেলকুমা, নুনছড়াসহ বিভিন্ন পুঞ্জির ক্ষুদ্র জাতিসত্তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, খাসিয়া পান চাষকে ‘বিশেষ কৃষি ঐতিহ্য’ ঘোষণা, সামাজিক বনায়নের আড়ালে প্রভাবশালী ভূমিখেকোদের আশ্রয়-প্রশ্রয় বন্ধ, ক্ষুদ্র জাতিসত্তার ভোগদখলীয় ভূমিতে সামাজিক বনায়ন প্রকল্প গ্রহণ না করা, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের শিক্ষা, স্বাস্থ্য, বিশুদ্ধ পানি, উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা, পৃথক ভূমি কমিশন গঠন, খাসিদের জীবন-জীবিকার নিরাপত্তা প্রদান, ক্ষুদ্র জাতিসত্তার মানুষের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সব সনদসহ আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়নের দাবি জানানো হয়।

বক্তারা আন্দোলনকারীদের ১২ দফা দাবির প্রতি একাত্মতা পোষণ করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে বাদ দিয়ে রাষ্ট্রের উন্নয়ন সম্ভব নয়। তারা অবিলম্বে পুঞ্জির প্রাকৃতিক গাছ কাটার পাঁয়তারা বন্ধ করে পুঞ্জিবাসীর যাতায়াতে সকল বাঁধা অপসারণের দাবি জানান তারা।

অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় নির্বাচন স্থগিত

আন্তর্জাতিক ডেস্কঃ অর্থনৈতিক সংকটে শ্রীলঙ্কায় স্থানীয় সরকার নির্বাচন স্থগিত করা হয়েছে। দেশটিতে আগামী ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গতকাল শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত জানায় দেশটির নির্বাচন কমিশন। খবর বার্তা সংস্থা এএফপি।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার শ্রীলঙ্কার নির্বাচন কমিশনের কর্মকর্তারা এক বৈঠকে বসেন। সেই বৈঠকের পর কমিশনের পক্ষ থেকে বলা হয়, তহবিল সংকটের কারণে আগামী ৯ মার্চ স্থানীয় সরকার নির্বাচনের আয়োজন করা সম্ভব হচ্ছে না। নির্বাচনের পরবর্তী সময়সূচি আগামী ৩ মার্চ জানিয়ে দেওয়া হবে।

এর আগে, গত বছরের মার্চেই এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সেবারও অর্থ সংকটের কারণে নির্বাচন স্থগিত করা হয়েছিল। এই নির্বাচন আয়োজন বাবদ অন্তত ১ হাজার কোটি শ্রীলঙ্কান রুপি প্রয়োজন বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়।

৭ দফা দাবিতে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মশাল মিছিল

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে আওয়ামী লীগের দেয়া কথা অনুযায়ী সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ না হওয়ায় ৭ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মৌলভীবাজারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

মৌলভীবাজার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ জেলা শাখার উদ্যোগে শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাতে মশাল মিছিলটি অনুষ্ঠিত হয়েছে। মশাল মিছিলটি শহরে অবস্থিত কালীবাড়ি থেকে শুরু হয়ে চৌমুহনা হয়ে বিভিন্ন প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোডস্থ কালীবাড়ির সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।

এসময় মশাল মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মনবীর রায় মঞ্জু, সাধারণ সম্পাদক নকুল কুমার দাস, সাংগঠনিক সম্পাদক শিব প্রসন্ন ভট্টাচার্য, মৌলভীবাজার জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি আশু রঞ্জন দাস প্রমুখ।

এ ছাড়া আরোও উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা শাখার হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদসহ সনাতনধর্মীয় বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ;” আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের এক বছর আগেও এ অঙ্গীকারগুলো বাস্তবায়নে সরকারের কোনো উদ্যোগ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দৃশ্যমান না হওয়ায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃত্বাধীন ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু ও আদিবাসী জনগোষ্ঠীর ঐক্যমোর্চা ধারাবাহিক আন্দোলন চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় পরবর্তী কর্মসূচি হিসেবে ঢাকাসহ সারাদেশে আজ সন্ধ্যা ৬টায় শান্তিপূর্ণ মশাল মিছিলের আয়োজন করে সুসম্পন্ন করে।