সিলেটে দুপক্ষের গোলাগুলিতে যুবক নিহত

মোঃ আমিন আহমেদ, সিলেটঃ সিলেটে রাস্তা নিয়ে দু’পক্ষের সংঘর্ষের সময় গুলিতে এক যুবক নিহত হয়েছেন। তার নাম সুমেল আহমদ (৩২)।

এই ঘটনায় মানিক মিয়া (৪৫) নামে আরেকজন গুলিবিদ্ধ হয়েছেন। তার অবস্থা আশংকাজনক। গুলিবিদ্ধ অবস্থায় দুই যুবককে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে গত শনিবার বিকেল সাড়ে ৫ টায় চিকিৎসকরা সুমেলকে মৃত ঘোষণা করেন।

আশংকাজনক মানিক মিয়াকে চিকিৎসা দেয়া হচ্ছে।

বিশ্বনাথ থানার ওসি শামীম মূসা এসব তথ্য নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে ফোর্স পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, রাস্তা নিয়ে সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের চৈতন্যনগর গ্রামে বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে দু’পক্ষ শনিবার বিকেলে আগ্নেয়াস্ত্র নিয়ে মুখোমুখি হয় এবং ব্যাপক গুলি বর্ষণের ঘটনা ঘটে। এতে সুমেল আহমদ, মানিক মিয়াসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। হাসপাতালে নেয়ার পর সুমেল মারা যান।

ডোমারের চিলাহাটির কাওলায় ধান কেটে দখল করলো জমি

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ নীলফামারীর ডোমারে চিলাহাটির ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের গোসাইগঞ্জ গ্রামে ছোট ভাইয়ের বন্ধককৃত জমির ধান কেটে নিল তারই আপন বড় ভাই। অবশেষে জমিদারী শাসন আমলের বর্বরতাকেও হার মানিয়ে দিলো এ ঘটনা। গ্রাম্য শালিশে সুবিচার না পেয়ে অবশেষে ছোট ভাই বড় ভাইয়ের নামে থানায় লেখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার গোসাইগঞ্জ গ্রামের মৃত কাজী তৈয়বের ছোট ছেলে আব্দুর রউফ একই গ্রামের মৃত রেজাউল করিমের মেয়ে জোহারা আক্তার ছেলে রাহাদ বাবুর কাছ থেকে এসএ খতিয়ান ১০৫ দাগ ৭৩৭১ জমি ৫৫ শতক বন্ধক নিয়ে চাষাবাদ করে আসছে। গত ২৪ এপ্রিল পারিবারিক জমিজমার জের ধরে আব্দুর  রউফের বড় ভাই রেজভী আলম জোর পূর্বক ছোট ভাইয়ের বন্ধককৃত জমির ধান কাটতে যায়। এ সময় বাধা দিতে গেলে রেজভী সাঙ্গ-পাঙ্গ নিয়ে লাঠিসোটা দা কুড়াল দিয়ে আব্দুর রউফের উপর হামলা চালাতে গেলে প্রতিবেশীদের হস্তক্ষেপে রক্ষা পান।

আব্দুর রউফ বন্ধককৃক জমির ধান হারিয়ে সুবিচারের জন্য দ্বারে দ্বারে ঘুড়ার পর ২৭ এপ্রিল ডোমার থানায় একটি লেখিত অভিযোগ দায়ের করেন। এ ছাড়াও তিনি বড় ভাইয়ের নানান হুমর্কী ও ধমকীতে মানবেতর জীবন যাপন করছেন।

রেজভী আলম বলেন, দীর্ঘদিন থেকে ওই জমিতে আমি চাষাবাদ করে আসছি। প্রতিবারের মত এবারও আমার লাগানো ধান আমি কেটে নিয়ে এসেছি।

প্রতিবেশী বীরমুক্তিযোদ্ধা আব্দুর জব্বার কানু বলেন, আব্দুর রউফের ওই জমি তারই বড় ভাই দীর্ঘদিন থেকে জোর পূর্বক ভোগ দখল করে আসছে।

ইউপি সদস্য সাদেকুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে জমাজমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছে। সমাধান না করে ধান কাটা ঠিক হয়নি।

বিশেষ সেবা সপ্তাহে মৌলভীবাজারে ভোক্তা অধিকারের বাজার তদারকি অভিযান

তিমির বনিক, মৌলভীবাজার জেলা: বিশেষ সেবা সপ্তাহ ২০২১ উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয় বিভিন্ন বাজার এলাকায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, ফলের দোকান, ফার্মেসী এবং অন্যান্য দোকানে পরিদর্শন ও তদারকি করেছে। এছাড়াও এসময় সচেতনতামূলক সভা ও বাজারে ক্রেতা ও বিক্রেতাদের মাঝে মাস্ক বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

রোববার (২ মে) সদর উপজেলার সরকার বাজার, শেরপুর, মৌলভীবাজার রোড, আফরোজগঞ্জ বাজার, ত্রৈলক্য বিজয় বাজার, কোর্ট রোডসহ বিভিন্ন জায়গায় এ কার্যক্রম চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আল-আমিন এই কার্যক্রমের নেতৃত্ব দেন। এসময় আমর্স ব্যাটেলিয়ান পুলিশ ফোর্স সহযোগিতা করে।

উক্ত তদারকি অভিযানে মূল্য তালিকা না রাখা, মেয়াদ উত্তীর্ণ ঔষধ ও প্রসাধনী বিক্রয় করার সাজিয়ে রাখাসহ বিভিন্ন অনিময়ের দায়ে আফরোজগঞ্জ বাজারে অবস্থিত তাহমিনা এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, শেরপুর বাজারে অবস্থিত মসহুদ মেডিকেল হলকে ৫ হাজার টাকা, মৌলভীবাজার রোডে অবস্থিত মিলি এন্টারপ্রাইজকে ১ হাজার টাকা জরিমানা সহ আদায় করা হয়। মোট ৩ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৯ টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয় জানায়, বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক নিয়মিত বাজার তদারকির পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের মজুদ ও সরবরাহ, ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয় এবং মূল্য স্থিতিশীল রাখার মাধ্যমে সঠিকভাবে পণ্য দ্রব্য ভোক্তা পর্যন্ত পৌঁছার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম আরো জোরদার করা হবে।

এছাড়াও ভোক্তা-অধিকার সংরক্ষণ আরও জানায়, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, শাক-সবজি, কাচামাল, মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে। আইন অমান্য কারীদের আইনানুসারে শান্তি প্রধান করা হবে বলে নিশ্চিত করেন।

কালিগঞ্জে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-১

ইশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদকদ্রব্য গাঁজা ও ফেন্সিডিলসহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরজু মোঃ সাজ্জাদ হোসেনের নির্দেশে ১লা মে রাত্রী আনুমানিক ১১ ঘটিকার সময় মাদকের একটি চালান সীমান্ত হতে চাপারহাটহয়ে রংপুর যাবে এমন তথ্যের ভিত্তিতে উপ পরিদর্শক মোঃ মহিদুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স কালীগঞ্জ থানাধীন ০৫ নং চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী গ্রামে অবস্থান নিয়ে ০১ (এক) কেজি গাঁজা ও ০২ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারীকে গ্রেফতার করাহয় এবং তার সাথে থাকা অন্য জন সুকৌশলে পালিয়ে যায়। উক্ত মাদক পরিবহনে ব্যবহৃত একটি পুরাতন মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আরজু মোঃ সাজ্জাদ হোসেন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে এবং তার সাথে থাকা পলাতক আরেকজনের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়েছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন মাদক বিরোধী অভিযান এখন নিয়মিত চলবে।

 

দেশে চলমান বিধিনিষেধ ১৬ মে পর্যন্ত বাড়লো

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আরোপিত চলমান বিধিনিষেধ আগামী ১৬ মে পর্যন্ত বাড়ছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

আজ সোমবার (৩ মে) মন্ত্রিপরিষদের এক বৈঠক শেষে তিনি একথা জানান।

এদিকে করোনাভাইরাস প্রতিরোধে চলমান লকডাউন বাড়লেও আন্তজেলা বাস সার্ভিস চালু না করে কেবল মহানগরীর মধ্যে গণপরিবহন চালুর পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম বলেন, ‘আন্তজেলায় বাস চলার মতো পরিস্থিতি তৈরি হয়নি। তবে মহানগরীতে বাস চলতে পারে।’

উল্লেখ্য, দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণ ঠেকাতে প্রথম দফায় গত ৫ এপ্রিল এক সপ্তাহের লকডাউন শুরু হয়ে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল থেকে সারাদেশে ‘সর্বাত্মক লকডাউন’ শুরু হয়, যা চলে ২১ এপ্রিল পর্যন্ত। তারপর আরও এক সপ্তাহ বাড়িয়ে লকডাউনের মেয়াদ ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়। আবারো আরো এক সপ্তাহ বাড়িয়ে ৫ মে পর্যন্ত করা হয়। সবশেষ তা ১৬ মে পর্যন্ত বর্ধিত করা হচ্ছে।

 

নওগাঁয় পরিবহন চলাচলের দাবিতে পরিবহন শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও মানবন্ধন

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: করোনা পরিস্থিতিতে চলমান লকডাউনের সময়ে স্বাস্থ্যবিধি মেনে গণ পরিবহন চলাচল করার অনুমতি প্রদানসহ ৩ দফা দাবীতে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেছে নওগাঁ পরিবহন শ্রমিক ফেডারেশন।

পরিবহন শ্রমিক ফেডারেশন-এর আহবানে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে রোববার বেলা সাড়ে ১১টায় নওগাঁ কেন্দ্রীয় বাসটার্মিনাল এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি চারমাথায় এসে মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় উপস্থিত ছিলেন নওগাঁ জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আজহারুল ইসলাম, জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক এস.এম মতিউজ্জামান মতি এবং দপ্তর সম্পাদক শরিফুর রহমান লিটনসহ শ্রমিক ফেডারেশন ও নওগাঁ ট্রাক, বাস, লরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতাকর্মীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন নওগাঁ পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো: আজহারুল ইসলাম। তিনি জেলা মোটর শ্রমিকদের নিদারুন কষ্টের কথা তুলে ধরে বলেন, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক যাত্রী নিয়ে গন পরিবহন চলাচলের অনুমতি প্রদান করতে হবে, সড়ক পরিবহন শ্রমিকদের আর্থিক অনুদান ও খাদ্য সহায়তা প্রদান করতে হবে এবং সারা দেশে বাস ও ট্রাক টার্মিনালগুলোতে পরিবহন শ্রমিকদের জন্য ১০টাকায় ওএমএস চাউল বিক্রয়ের ব্যবস্থা করতে হবে। অন্যথায় শ্রমিকদের পথে নামা ছাড়া আর কোন উপায় থাকবে না।

করোনার কাছে হেরে গেলেন অভিনেতা বিক্রমজিৎ

বিনোদন ডেস্কঃ শোকের কালো মেঘ যেনো ছাড়ছেনা বলিউডের আকাশকে। তাই তো শোকের সেই আকাশে নতুন নাম যোগ হলো বিক্রমজিৎ কনওয়রপাল। মাত্র ৫২ বছরে বয়সে করোনায় মৃত্যু হল শক্তিশালী এই অভিনেতার। শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

ভারতীয় সেনাবাহিনীর মেজর পদ থেকে ২০০২ সালে অবসর নেন বিক্রমজিৎ কনওয়রপাল। তারপর শুরু করেন অভিনয়। জানিয়ে ছিলেন অভিনয়ের প্রতি ভালোবাসার কথা তাইতো অবসরের পর ছোটবেলার স্বপ্ন পূরনের পথে হেঁটে ছিলেন বিক্রমজিৎ কনওয়রপাল। বড়পর্দায় এবং ছোটপর্দায় নিজের দক্ষতা দেখিয়েছেন নিখুঁত ভাবে। পেজ থ্রি, হিরোইন, রকেট সিং, ‘যব তক হ্যায় জান’-র মতো ছবিতে অভিনয় করেছেন কঠিন দাপটের সাথে। তবে সম্প্রতি দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন ডিজনি হটস্টারের বিখ্যাত ওয়েব সিরিজ ‘স্পেশাল অপস’ সিরিজেও তাঁর অভিনয় করে।

করোনা আক্রান্ত হওয়ার পরে একটা ভিডিও করেছিলেন বিক্রমজিৎ তাতে নিজের ভক্তের কাছে অনুরোধ জানিয়েছেন লকডাওনের নিয়ম নীতি মেনে চলার জন্য । বলেছেন লকডাওন শেষ হলে নিজের আপন জনের সাথে দেখা করার মনোভাবের কথা। কিন্তু পরিবারের শেষ দেখা হলোনা গুনি এই অভিনেতার, মুম্বইয়ের সেভেন হিলসের এক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে শনিবার ভোরে মৃত্যুর কাছে হার মেনে চিরদিনের জন্য চলে যায় বিক্রমজিৎ কনওয়রপাল।

বিক্রমজিতের মৃত্যু সংবাদ আসা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন একের পর এক অভিনেতা-পরিচালক-প্রযোজকেরা ও ভক্তরা। পরিচালক অশোক পণ্ডিত টুইটারের মাধ্যমে অভিনেতার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে। টুইট করে নিজেদের ক্ষতি ও ভালোবাসার কথা জানিয়েছেন মনোজ বাজপেয়ী, পরিচালক বিক্রম ভাট ইনস্টাগ্রামে অভিনেতার একটি ছবি পোস্ট করে লেখেন, ‘এসকঙ্গে এত কাজ করেছি আমরা, তোমাকে খুব কাছ থেকেই চিনি। এমন একটা সময়ের মধ্যে রয়েছি, যাতে মনে হচ্ছে একেকটা দিন যেন একেকটা দীর্ঘ অবিচুয়ারি। শান্তিতে থাকো মেজর।’

বাটলার-মুস্তাফিজ ঝড়ে উড়ে গেল হায়দ্রাবাদ

স্পোর্টস ডেস্কঃ আইপিএলে রবিবার মুখমুখি হয়েছিল সানরাইজার্স হায়দরাবাদ ও রাজস্থান রয়্যালস। তার আগের দিনই প্রকাশ পায় ডেভিড ওয়ার্নারকে পরিবর্তন করে উইলিয়ামসনকে দেওয়া হয় ক্যাপ্টেনসি। তবে তাতে তেমন কোনো লাভ হয়নি উইলিয়ামসনের দলের। জোস বাটলারের তাণ্ডবলীলায় যেনো নিরুপায় হায়দরাবাদ। তাঁর অসাধারণ সেঞ্চুরিতে ভর করেই রাজস্থান রয়্যালস দাঁড় করান ২২০ রান। রাজস্থানের হয়ে ৬৪ বলে ১২৪ রানের মারাকাটারি ইনিংস খেলে ব্রিটিশ উইকেটকিপার-ব্যাটসম্যান জোস বাটলার মন জয় করেছে সবার। ৫৬ বলে সেঞ্চুরি করে ফেলা বাটলার ১১টি চার ও ৮টি ছয় মারেন। ক্যাপ্টেন সঞ্জু স্যামসন নিজের ব্যাটে ৩৩ বলে ৪৮ রান করেন।

এদিকে, জবাবে ব্যাটিং নেমে পাহাড় সমান রানের অনেক দূরে থেকেই নিজেদের ইনিংসের ইতি টানতে হয় উইলিয়ামসনদের। হায়দরাবাদের হয়ে সর্বোচ্চ ৩১ রান করে মণীশ পাণ্ডে আর উইলিয়ামসন করে ২০ রান এবং ইংলিশ ব্যাটসম্যাান জনি বেয়ারস্টো করেন ৩০ রান।

বল হাতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান ও দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার ক্রিস মরিসের যুগলবন্দি হায়দরাবাদের ব্যাটসম্যানদের ক্রিজে বেশিক্ষণ সময় কাটাতে দেননি। দু’জনেই তুলে নেন তিনটি করে উইকেট। তাইতো নিউজিল্যান্ডের বিশ্ববন্দিত ক্যাপ্টেন দায়িত্ব নিয়েও দলকে জয়ের মুখ দেখাতে পারলো না সানরাইজার্স হায়দরাবাদ। ৫৫ রানের ব্যবধানে হেরে দ্বিতীয় সর্বনিম্নে অবস্থা করছে সানরাইজার্স হায়দরাবাদ।

মৌলভীবাজারের কন্যা লন্ডনে ডেপুটি মেয়র নির্বাচিত

তিমির বনিকঃ মৌলভীবাজারের সন্তান জোৎস্না ইসলাম লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হয়েছেন। গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত ব্রিটেনে মূল ধারার রাজনীতিতে এটি আরও এক বাঙালির সাফল্য হিসেবে দেখছেন সেখানকার বাংলাদেশি কমিউনিটির সদস্যরা।

লন্ডনের কমিউনিটি নেতা সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর জানান, মৌলভীবাজার জেলা সদরের ৬ নং একাটুনা ইউনিয়নের উত্তরমুলাইম গ্রামের লন্ডনের প্রবীণ ব্যাবসায়ী ও সমাজসেবক মরহুম আলহাজ্ব আব্দুর রহমান (মন্নাফ মিয়া) ও বেগম মুহিবুন্নাহার-এর মেয়ে জোৎস্না ইসলাম। এর আগে তিনি লন্ডন বারা অব রেডব্রীজ কাউন্সিলার ছিলেন। কাউন্সিলার পদে নিষ্ঠা ও নিরলসভাবে কাজ করার ফলস্বরূপ গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) কাউন্সিলের বার্ষিক ভ্যার্চুয়াল মিটিং-তাকে এই দায়িত্ব প্রদান করা হয়েছে।

ডেপুটি মেয়র জোৎস্না ইসলাম-এর স্বামী কমিউনিটি ব্যাক্তিত্ব সাম ইসলামও একই কাউন্সিলের কাউন্সিলার হিসাবে দায়িত্ব পালন করে আসছেন। তাঁদের এক ছেলে ও এক মেয়ে সহ লন্ডনের রেডব্রিজেই দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, ডেপুটি মেয়র জোৎস্না ইসলাম ১৯৬৬ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। মা-বাবার ইচ্ছা ছিলো মেয়ে বাংলাদেশ এবং ব্রিটেন দু’দেশেরই শিক্ষা-সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক পরিবেশে বেড়ে ওঠা ও সংস্কৃতি কাজে লাগুক।

মৌলভীবাজারে আলী আমজাদ সরকারি উচ্চ বিদ্যালয় ও মৌলভীবাজার সরকারি কলেজে লেখাপড়া করেন জোৎস্না। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও পারদর্শী ছিলেন তিনি। স্থানীয় ও বিভাগীয় পর্যায়ে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনেক পদক সুনামের সাথে অর্জন করেন।

১৯৮৬ সালে আবার লন্ডনে ফিরে লোকাল গভর্নমেন্ট-এ চাকুরীর পাশাপাশি এমবিএ করেন। বিদেশে বাংলা চলচিত্রের প্রচার ও জনপ্রিয়তা প্রতিষ্ঠার লক্ষ্যে লন্ডনে বেঙ্গলি ফিল্ম ক্লাব নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন তিনি। এছাড়াও জোৎস্না নিজ এলাকার একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের দাতা সদস্য এবং ইউকে বিডি টিভির অন্যতম ডিরেক্টর।

তিনি বর্তমানে রেডব্রিজ লেবার পার্টির ভাইস চেয়ারম্যান-এর দায়িত্ব পালন করছেন। এছাড়া তার ছোট বোন হেলেন ইসলাম ইউকে বিডি টিভির প্রোগ্রাম ডিরেক্টর  হিসেবে দায়িত্ব পালন করছেন।

মৌলভীবাজাররের একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মুকিস মনসুর বলেন, জোৎস্না ইসলাম উত্তরমুলাইম গ্রামের সন্তান। তিনি আমাদের গৌরব ও গর্বের প্রতীক। লন্ডন বারা অব রেডব্রিজের ডেপুটি মেয়র নির্বাচিত হওয়ায় শুধু একাটুনা ইউনিয়ন নয় মৌলভীবাজার জেলা তথা সিলেট বিভাগ ও বাংলাদেশি কমিউনিটির মুখ উজ্জ্বল করেছেন বাংলাদেশের আরক জন দেশ তথা সকলের জন্য কাজ করবেন এই আশা ব্যাক্ত করেন।