
প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আমরা বিশ্বব্যাপি বাংলা ও বাঙ্গালীর কথা বলি

সিএনবিডি ডেস্কঃ আজ দেশের ইতিহাসে করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যুর রেকর্ড হয়েছে। গত ২৪ ঘন্টায় মহামারি করোনাভাইরাসে ৭৪ জন মারা গেছেন। ফলে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯ হাজার ৫২১ জনে। আর একই সময়ে নতুন করে ৬ হাজার ৮৫৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ লাখ ৬৬ হাজার ১৩২ জনে।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ৩ হাজার ৩৯১ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৬৫ হাজার ৩০ জন।
এর আগে বুধবার (৭ এপ্রিল) দেশে সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান আরও ৬৩ জন।
প্রযুক্তি ডেস্কঃ সারাবিশ্বের ৫৩ কোটি ফেসবুক ব্যবহারকারীর পরিচয়, ব্যক্তিগত তথ্য ও ফোন নম্বর সুপরিচিত একটি অনলাইন ডেটাবেজে ফাঁস করেছে হ্যাকাররা। ওই ডেটাবেজে বাংলাদেশ থেকে ৩৮ লাখেরও বেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে। ফেসবুকে আপনার ব্যক্তিগত গোপন তথ্য ফাঁস হয়েছে কিনা একটি টুল ব্যবহার করে তা আপনি এক মুহুর্তেই যাচাই করতে পারবেন।
ফেসবুক ব্যবহারকারীরা এই ওয়েবসাইট: Have I Been Pwned থেকে এখন জেনে নিতে পারবেন তাদের ইমেইল ঠিকানা এবং মোবাইল ফোন নাম্বারও ফাঁস হয়েছে কিনা।
অবশ্য ফেসবুক কর্তৃপক্ষ বলছে, তথ্য ফাঁসের ঘটনাটি পুরনো এবং এটি ২০১৯ সালে ঘটেছে। বিভিন্ন দেশের সরকার এখন এ নিয়ে তদন্ত চালাচ্ছে।
ব্লিপিংকম্পিউটারডটকম নামে একটি সাইটে সাইবার নিরাপত্তা নিয়ে এক রিপোর্ট থেকে জানা যাচ্ছে, ২০২০ সালের জুন মাস থেকে হ্যাকারদের একটি ফোরামে এসব তথ্য প্রকাশ হতে শুরু করে। ফোরাম সদস্যদের মধ্যে এই ডেটাবেজ বেচাকেনা শুরু হয়।
ফাঁস হওয়া ডেটাবেজে রয়েছে- ব্যবহারকারীর ফেসবুক আইডি, মোবাইল ফোন নাম্বার, ইমেইল ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, বৈবাহিক অবস্থা, অবস্থানের ঠিকানা, পেশা ইত্যাদি সম্পর্কে তথ্য। তবে ফেসবুক দাবি করছে বছর দেড়েক আগেই নিরাপত্তার বেলায় এসব ফাঁকফোকরগুলো বন্ধ করা হয়েছে।
তথ্য বিশ্লেষণকারীরা জানাচ্ছেন, এই ডেটাবেজ-এ ১০৬টি দেশের ৫৩ কোটি মানুষের তথ্য রয়েছে। এর মধ্যে এক কোটি ১০ লাখ ফেসবুক ব্যবহারকারীর তথ্য ব্রিটেন থেকে, যুক্তরাষ্ট্র থেকে তিন কোটি এবং অস্ট্রেলিয়া থেকে ৭০ লাখ মানুষের তথ্য ফাঁস করে দেয়া হয়েছে।
ফাঁস হওয়া তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৪ নম্বরে। বাংলাদেশের মোট ৩৮ লাখ ১৬ হাজার ৩৩৯ জনের তথ্য রয়েছে।
HaveIBeenPwned-এর একজন পরিচালক ট্রয় হান্ট বলেন, সবার সব তথ্যই যে ফাঁস হয়েছে এমন না। তবে ৫০ কোটি লোকের ফোন নম্বর ফাঁস হয়েছে। সামান্য কিছু লোকের ইমেইল ঠিকানাও চুরি হয়েছে বলে তিনি তার ওয়েবসাইটের একটি ব্লগে জানিয়েছেন।
ফেসবুকের তথ্য ফাঁস হয়েছে এমন খবর প্রচারিত হওয়ার পর তার ওয়েবসাইটের ট্রাফিক বেড়ে যাওয়ার পটভূমিতে মি. হান্ট সাইটে ফোন নাম্বার সার্চ ফাংশনটি যুক্ত করেন। এর আগে মানুষ তাদের ইমেইল হ্যাক হয়েছে কিনা তা জানতে এই সাইটটি ব্যবহার করতেন। এখন এই সাইটে গেলে ইউজাররা জানতে পারবেন তাদের ফোন নম্বর ফাঁস হয়েছে কিনা।
ট্রয় হান্ট বলেন, আমি এখন নিশ্চিত হয়ে বলতে চাইছি যে স্বল্প সংখ্যক নয়, এখন আমরা বিপুল সংখ্যক মানুষের প্রশ্নের জবাব দিতে পারবো।
এই স্ক্রিনশটটি থেকে জানা যাচ্ছে মি. জাকারবার্গ সিগনাল অ্যাপটিও ব্যবহার করেন, যার মালিকানা ফেসবুকের নয়।
ইন্টারনেট নিরাপত্তা বিশ্লেষক ডেভ ওয়াকার মি. জাকারবার্গের ফোন নাম্বারের একটি স্ক্রিনশট শেয়ার করে টুইট করেছেন, সম্প্রতি ফেসবুক থেকে যে তথ্য ফাঁস হয়েছে তার মধ্যে তার (মি. জাকারবার্গের) এই নাম্বারটি রয়েছে।
নিরাপত্তার যুক্তি দেখিয়ে ফেসবুক ২০১১ সালে থেকে তার ব্যবহারকারীদের ফোন নম্বর ডেটাবেজে যুক্ত করতে বলেছে। এর মাধ্যমে তারা ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’-এর ব্যবস্থা করেছে। কিন্তু তার ডেটাবেজ থেকে সম্প্রতি তথ্য ফাঁসের ঘটনা সম্পর্কে ফেসবুক খুব একটা মুখ খুলছে না। তারা শুধু এটুকুই বলেছে যে, ২০১৯ সালের আগস্ট মাসেই সমস্যাটি দূর করা হয়েছে।
‘এ ব্যাপারে ফেসবুকের অবস্থান কী হবে তা নিয়ে তারা কোন কথা বলছে না, মি. হান্ট লিখছেন, তারা বলার চেষ্টা করেছে ২০১৯ সালের ঘটনাটিই সমস্যার মূলে রয়েছে, কিন্তু ব্যবহারকারীদের যেসব তথ্য খোলাখুলিভাবে এখনও পাওয়া যাচ্ছে সে সম্পর্কে তারা বিস্তারিত কিছু বলছে না। সুত্র-বিবিসি বাংলা।
সিএনবিডি ডেস্কঃ আজ বৃহস্পতিবার (০৮ এপ্রিল) সারাদেশে করোনা ভাইরাসের ভ্যাকসিনের (টিকা) দ্বিতীয় ডোজ দেওয়ার কার্যক্রম শুরু করা হয়েছে।
করোনার ২য় ডোজ টিকার বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ২য় ডোজ টিকা নিয়ে অনেক ধরনের আলোচনা ছিল। আমাদের প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলে দিয়েছেন ৮ এপ্রিল থেকে যে দ্বিতীয় ডোজ শুরু হওয়ার কথা, এটা যথারীতি চলবে।
করোনার ২য় ডোজ টিকা গ্রহণ নিয়ে দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন কার্যালয় থেকে জনসাধারণের উদ্দেশে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়-
১. বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে এসএমএস পাওয়া সাপেক্ষে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে।
২. যারা যোগ্য হবেন তাদের মোবাইল ফোনে এসএমএস চলে যাবে, যাদের ভ্যাকসিন দেওয়ার পর দুই মাস অতিবাহিত হয়েছে কিন্তু এসএমএস পাননি তারা অবশ্যই টিকা কার্ড এবং টিকা কার্ডের ফটোকপি নিয়ে টিকা কেন্দ্রে আসবেন।
৩. দ্বিতীয় ডোজের জন্য আগত সবাইকে টিকা কার্ড এবং জাতীয় পরিচয়পত্র নিয়ে আসতে হবে। কারও টিকা কার্ড হারিয়ে গেলে কিংবা কোনও কারণে নষ্ট হয়ে গেলে অনলাইন থেকে পুনরায় কার্ড ওঠানো যাবে।
৪. দুই মাস পূরণের আগে ২য় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে না, তবে পরে নেওয়া যাবে (১২ সপ্তাহ পর্যন্ত)।
৫. রেজিস্ট্রেশনকৃত হজ যাত্রীদের বয়স ১৮ বছরের বেশি হলেই রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে পারবেন। (এমন হজযাত্রীর সংখ্যা প্রায় ৬০ হাজার। তাদের দ্রুত রেজিস্ট্রেশন করে ভ্যাকসিন নিতে বলা হয়েছে। সৌদি আরবের হজ কর্তৃপক্ষও জানিয়েছে, ভ্যাকসিন গ্রহণের প্রমাণপত্র ছাড়া এবছর হজে অংশ নিতে দেওয়া হবে না)।
৬. প্রথম ডোজের টিকা দেওয়ার কর্মসূচি আগের মতোই এমনকি রমজান মাসেও অব্যাহত থাকবে তাই প্রথম ডোজের টিকা নেওয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করে নির্ধারিত দিনে নির্ধারিত কেন্দ্রে গিয়ে টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
৭. পর্যাপ্ত ভ্যাকসিন আছে, শেষ হওয়ার ভয়ে কেউ ভীত হবেন না, গুজবে বিশ্বাস করবেন না, রোজা রেখে ভ্যাকসিন নেওয়া যাবে।
৮. কেন্দ্র পরিবর্তন করে আপাতত দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নেওয়া যাবে না।
৯. টিকা কেন্দ্রে বাধ্যতামূলকভাবে মাস্ক পরে আসতে হবে এবং প্রত্যেক টিকা গ্রহণকারীকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
নির্দেশনায় আরও বলা হয়েছে, টিকাদাতা এবং স্বেচ্ছাসেবীদের সহযোগিতা করলে গ্রহীতার কাজ দ্রুত এবং সহজ হবে। তাছাড়া স্বাস্থ্যবিধি মানার জন্যে বাইরে গেলেই ঘরে ফেরার পর বা যেখানে সুবিধা আছে সেখানে সাবান-পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। সঠিক তথ্যের প্রয়োজনে ৩৩৩, ৯৯৯ অথবা ১৬২৬৩ হেল্প লাইনে ফোন করার পরামর্শ দেওয়া হয়েছে।
তিমির বনিক, মৌলভীবাজার: মৌলভীবাজার শ্রীমঙ্গলে সহজ ও বৈজ্ঞানিক পদ্ধতিতে ধান রোপন, কাটা এবং মাড়াই এর জন্য সম্মিলিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষিযন্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি এ কথা বলেন মাননীয় প্রধানমন্ত্রী কৃষিক্ষেত্রে উন্নয়নে বিভিন্ন ধরনের উদ্যোগ হাতে নিয়েছেন। তারই অংশ হিসেবে বৈজ্ঞানিক পদ্ধতিতে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের মাঝে ভর্তুকি দিয়ে কৃষি যন্ত্র বিতরণ করছেন।
শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে বৃহষ্পতিবার (৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে ৫ জন কৃষকের মাঝে ৬৮ লক্ষ টাকার এসব কৃষি যন্ত্র বিতরণ করা হয়। উপজেলার কালাপুর এলাকার আব্দুল মুহিত ফাদার, দক্ষিণ ভাড়াউড়া’র সুদীপ কান্ত দাস, কাশিপুর এলাকার কৃষক মামুন হোসেন এই তিন জনকে ৭০% ভর্তুকি দিয়ে তিনটি কম্বাই হারবেস্টার এবং দুগাংগা এলাকার কাজল মিয়া ও কামারগাঁও এলাকার দরুদ মিয়াকে ৫০% ভর্তুকি দিয়ে দুটি রিপার দেওয়া হয়।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য তফাদার রেজওয়ানা সুমি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক কাজী লুৎফুর বারী, শ্রীমঙ্গল উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন মোনালিসা সুইটি প্রমুখ উপস্থিত ছিলেন।
সিএনবিডি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি করোনার চেয়েও ভয়াবহ ভাইরাসে আক্রান্ত, যার লক্ষণ নেতিবাচকতা, মিথ্যাচার, ষড়যন্ত্র আর আগুন সন্ত্রাস। এমনকি জনগণ মনে করে এখন বিএনপির রাজনৈতিক আইসোলেশন থাকা দরকার।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সরকারি বাসভবনে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে ৮ লেন বিশিষ্ট নতুন সেতুর নির্মাণ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এ কথা বলেন।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, জনগণের সম্পৃক্ততা ছাড়া এ দেশে কোনোদিন কোনো আন্দোলন সফল হয়নি, হবেও না। আর দেশে আন্দোলনের কোনো বস্তুগত পরিস্থিতি বিরাজমান নেই। সে কারণে তারা (বিএনপি) বার বার আন্দোলনের ডাক দিয়েও সাড়া না পেয়ে অবশেষে হেফাজতের ঘাড়ে ভর করেছে।
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী বলেন, জনগণের দুর্ভোগের কথা মাথায় রেখেই শর্তসাপেক্ষে সিটি করপোরেশনের এলাকায় গণপরিবহণ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। তবে পরিবহণ মালিক-শ্রমিকেরা সরকারের বেঁধে দেওয়া শর্ত মানছেন না। সাধারণ যাত্রী থেকে শুরু করে জনগণ করোনাকে পাত্তাই দিচ্ছেন না। সামাজিক দূরত্ব না মেনে বরং অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে। এ অবস্থা চলতে থাকলে সরকার কঠোর ব্যবস্থা নিতে বাধ্য হবে।
আজকের ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী আব্দুস সবুর, সড়ক ও সেতু বিভাগের সচিব নজরুল ইসলাম এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবুজ উদ্দিন।
উল্লেখ্য, ২৩৩ মিটার দীর্ঘ দ্বিতীয় ৮ লেন বিশিষ্ট আমিন বাজার সেতুটি ২০২৩ সালের ফেব্রুয়ারিতে চালু হওয়ার কথা রয়েছে।
সিএনবিডি ডেস্কঃ আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে পাঁচ দিন কঠোর স্বাস্থ্যবিধি মেনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত শপিংমল খোলা থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে একথা জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার (৯ এপ্রিল) থেকে ১৩ এপ্রিল সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কঠোর স্বাস্থ্যবিধি প্রতিপালন সাপেক্ষে দোকানপাট ও শপিংমল খোলা রাখা যাবে। তবে, স্বাস্থ্যবিধি প্রতিপালন না করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এছাড়া, কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমও যথারীতি চলমান থাকবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
উল্লেখ্য, গত রোববার (৪ এপ্রিল) দেশে করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সোমবার থেকে ৭ দিনের জন্য লকডাউনের ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। তাতে বলা হয়- এ সময় দেশের সব শপিংমল ও দোকান বন্ধ থাকবে। তবে পাইকারি ও খুচরা পণ্য অনলাইনের মাধ্যমে ক্রয়-বিক্রয় করা যাবে। সে ক্ষেত্রে অবশ্যই কর্মচারীদের মধ্যে আবশ্যিক স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং কোনো ক্রেতা সশরীরে যেতে পারবে না। আর খাবারের দোকান ও হোটেল থেকে কেবল খাদ্য বিক্রয় ও সরবরাহ করা যাবে। কোনো অবস্থাতেই হোটেল-রেস্তোরাঁয় বসে খাদ্য গ্রহণ করা যাবে না।
এছাড়া, কাঁচাবাজার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সকাল ৮টা থেকে বিকেল ৪টার মধ্যে উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি মেনে ক্রয়-বিক্রয় করতে হবে। বাজার কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন বিষয়টির নজরদারি নিশ্চিত করবে।
আন্তর্জাতিক ডেস্কঃ দিন দিন করোনা ভাইরাস আগ্রাসী ও আরো ভয়ঙ্কর হয়ে উঠছে। কিছুতেই মানুষের মনে আতঙ্ক কমছে না। করোনার টিকা আবিষ্কার হলেও এখনো অস্বস্তিতে বিশ্ববাসী। এরই মধ্যে বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২৯ লাখ এবং আক্রান্ত হয়েছে ১৩ কোটি ৩৭ লাখের বেশি মানুষ।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১৩ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার ৩০৯ জন এবং মৃত্যু হয়েছে ২৯ লাখ ৩ হাজার ৫৮৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ কোটি ৭৮ লাখ ৮২ হাজার ৭২২ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ১৬ লাখ ৩৭ হাজার ২৪৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৭২ হাজার ৮৪৯ জনের।
আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ৩১ লাখ ৯৭ হাজার ৩১ জন এবং মারা গেছেন ৩ লাখ ৪১ হাজার ৯৭ জন।
আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ২৯ লাখ ২৮ হাজার ৫৭৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৯২ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ লাখ ৪১ হাজার ৩০৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৭ হাজার ৭২২ জন।
আক্রান্তের দিক থেকে রাশিয়া রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪৬ লাখ ৬ হাজার ১৬২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ এক হাজার ৪৮০ জন।
এদিকে আক্রান্তের তালিকায় যুক্তরাজ্য ষষ্ঠ, ইতালি সপ্তম, তুরস্ক অষ্টম, স্পেন নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।