আত্রাইয়ে ইন্সুরেন্স সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে “যা জমা দেবেন এক সপ্তাহের মধ্যে তার দ্বিগুণ ফেরত পাবেন” এমন প্রলোভন দিয়ে এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ নামের একটি সংস্থার বিরুদ্ধে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম আত্রাই থানা পুলিশকে সাথে নিয়ে অভিযান চালিয়ে ওই অফিস থেকে ৩ জনকে আটক করেন এবং ভূক্তভোগী অনেককে উদ্ধার করেছেন। এ ব্যাপারো ভূক্তভোগীরা আত্রাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

প্রাপ্ত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার খোলাপাড়া নামক স্থানে “এনআরবি গ্লোবাল লাইফ ইন্সুরেন্স কোং লিঃ” নামে প্রায় ৩ মাস পূর্বে একটি অফিস খোলেন। ইন্সুরেন্সের আড়ালে তারা এলাকার তরুনীদের অর্থনৈতিক স্বাবলম্বী করার প্রলোভন দিয়ে সঞ্চয় হিসাব খুলতে উদ্বুদ্ধ করেন। তাদের প্রতারণার শিকার হয়ে এলাকার বিভিন্ন গ্রামের প্রায় ৬ শতাধিক মহিলা সেখানে সঞ্চয় হিসাব খুলেন। এদিকে সঞ্চয়ী মহিলাদের বিভিন্ন সময় প্রশিক্ষণের নামে একটি ঘরে নিয়ে মোটা অংকের টাকা জমা করতে উদ্বুদ্ধ করা হয়। সেখানে তাদেরকে শুনানো হয় “যা জমা দেবেন এক সপ্তাহের মধ্যে তার দ্বিগুণ ফেরত পাবেন”। এমন প্রতারণার ফাঁদে পড়ে উপজেলার বিভিন্ন গ্রামের ৬ শতাধিক মহিলা কোটি কোটি টাকা ওই অফিসে জমা দেন। টাকা জমা দেয়ার এক সপ্তাহ পর দ্বিগুণ টাকা ফেরৎ চাইলে তারা কালক্ষেপন করতে থাকেন।

এরই মধ্যে বিষয়টি জানাজানি হলে গত রোববার সন্ধ্যায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকতেখারুল ইসলাম থানা পুলিশকে সাথে নিয়ে ওই অফিসে হানা দেন। এ সময় অফিসে কর্মরত ম্যানেজার নূরুন্নবী ইসলাম (৪৮), বকতিয়ার হোসেন ডায়মন্ড (৩৩) ও রবিউল ইসলাম (ছানা) কে (৩৫) আটক করেন। এ সময় সেখান থেকে উদ্ধার করা হয় ভূক্তভোগী প্রায় ১০ জন মহিলাকে। ভূক্তভোগী মহিলা উপজেলার মহাদিঘী গ্রামের লিপি, শাহেরা শারমিন, মাহবুবা খানম, সুমাইয়া সনি, কাশিয়াবাড়ি গ্রামের বৃষ্টি আক্তার, জাতপাড়া গ্রামের হিরা, শাহাগোলা গ্রামের সুমাইয়া সুলতানা, শিমুলিয়া গ্রামের ছাবিনাসহ অনেকেই জানান, প্রায় ৬ শতাধিক তরুণী তারা প্রত্যেকে ৫০ হাজার থেকে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত এ অফিসে জমা দিয়েছেন। কিন্তু তাদের টাকা নিয়ে দ্বিগুণ টাকা তো দূরের কথা আসল টাকাও তারা ফেরত পাচ্ছেন না।

গতকাল সোমবার আত্রাই থানা চত্বর ও এনআরবি অফিস সংলগ্ন এলাকাতে দেখা যায় প্রতারণার শিকার শত শত তরণীর বুকফাটা আর্তনাদ।

আত্রাই থানার ওসি (তদন্ত) মোজাম্মেল হক কাজী বলেন, ইন্সুরেন্সের আড়ালে তারা ভয়াবহ প্রতারণা বাণিজ্য শুরু করেছে। রোববার সন্ধ্যায় ওই অফিস থেকে ৩ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ভূক্তভোগিরা অভিযোগ করেছেন। গতকাল সোমবার আটককৃত ৩ জনকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার মো. ইকতেখারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে যাদেরকে পেয়েছি তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করেছি। তবে মূল হোতাদের পাওয়া যায়নি।

 

লক ডাউন শুরুর দিনে রাজধানীতে বেড়েছে সবজির দাম

সিএনবিডি ডেস্কঃ দেশে ৭ দিনের লক ডাউনের আজ ৫ এপ্রিল প্রথম দিনেই রাজধানীর বাজারগুলোতে বেড়েছে সবজির দাম। তবে অন্যান্য পণ্যের দাম আগের মতোই রয়েছে।

এদিকে লকডাউনে বাজারে কোনও সবজির তেমন কোন ঘাটতি লক্ষ্য করা যায়নি। আলু, পটল, করলা, টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, ঢেঁড়স, বেগুন, মূলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে যথেষ্ট পরিমানে আছে। তবুও এসব সবজির দাম কেজিপ্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা।

সরেজমিনে দেখা গেছে, দাম বেড়ে প্রতি কেজি ঢেঁড়স, বেগুন, পটল, বরবটি বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকায়। যা গতকালও রোববার (৩ মার্চ) ৫০ থেকে ৬০ টাকার মধ্যে ছিল। আলুতে কেজি প্রতি বেড়েছে ৫ টাকা। যে আলু ২০ টাকায় বিক্রি হতো সে আলু এখন ২৫ টাকা বিক্রি হচ্ছে। পেঁপে এবং টমটো কেজি প্রতি বেড়েছে ৫ থেকে ১০ টাকা। পেঁপে আগে ছিল ২৫ টাকা এখন তা বেড়ে দাড়িয়েছে ৩০ টাকা। আর টমেটো ২০ থেকে বেড়ে ৩০ টাকা হয়েছে।

পাইকারিতে কাওরান বাজারে প্রতি পাল্লা (৫ কেজি) সবজির দাম ৩০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে। লাউয়ের দামও বেড়েছে। গত সপ্তাহে ৪০ থেকে ৪৫ টাকা পিস বিক্রি হওয়া লাউয়ের দাম বেড়েছে ৬০ থেকে ৬৫ টাকা।

অন্যদিকে, বাজারে পেঁয়াজ, আদা, রসুনের দাম লকডাউনে নতুন করে বাড়েনি। প্রতিকেজি পেঁয়াজ ৩৫ টাকা, আদা ও রসুন মানভেদে ১২০ থেকে ১৪০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তবে স্থিতিশীল রয়েছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম।

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখীর তাণ্ডবে নিহত ১৩

সিএনবিডি ডেস্কঃ চৈত্রের শেষভাগে এসে গতকাল ৪ এপ্রিল দেশের বিভিন্ন স্থানে বয়ে গেছে কালবৈশাখী ঝড়। গতকাল দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া কালবৈশাখীর তাণ্ডবে নিহত হয়েছেন ১৩ জন। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা বিভাগসহ দেশের বিভিন্ন অঞ্চলে আঘাত হানা এ ঝড়ে গাইবান্ধায় ১০ জন, ফরিদপুরে ২জন এবং কুষ্টিয়ায় ১ জন নিহত হয়েছেন। সারা দেশে আহত হয়েছেন অন্তত ৫০ জন মানুষ। ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে এমন হতাহতের ঘটনা ঘটেছে।

গাইবান্ধায় নিহতরা হলেন- পলাশবাড়ি উপজেলার গোফফার রহমান (৪২), জাহানারা বেগম (৪৮) ও মমতা বেগম (৫৫), সুন্দরগঞ্জ উপজেলার ময়না বেগম (৪০), ফুলছড়ি উপজেলার শিমুলি আকতার (২৭) ও হাফেজ উদ্দিন (৪৪), সাদুল্লাপুর উপজেলার আবদুস ছালাম সর্দার (৪৫), সদর উপজেলার শিশু মনির মিয়া (৫) ও আরজিনা (২৮) এবং বাদিয়াখালির শেফালি বেগম (৬৫)। এর মধ্যে গাছের চাপা পড়ে মৃত্যু হয় শিশু মনির, গোফফার, জাহানারা ও ময়না বেগমের। ঘরের নিচে চাপা পড়ে শিমুলি আকতার ও অটোরিকশা উল্টে মৃত্যু হয় হারিস মিয়ার। এ ছাড়া দোকান থেকে বাড়ি ফিরেই মৃত্যু হয়েছে আবদুস ছালামের। আরজিনা ও হাফেজ উদ্দিন আহত হওয়ার পর হাসপাতালে চিকিৎসাধীন মারা গেছেন।

ফরিদপুরে নিহতরা হলেন- মধুখালী উপজেলার বাজিতপুর গ্রামের জাহিদের স্ত্রী হালিমা (২৬) ও তার এক বছর চার মাস বয়সী শিশু কন্যা আফছানা। ঝড়ে গাছ ভেঙ্গে পড়ে তাদের মৃত্যু হয়।

কুষ্টিয়ায় নিহত ব্যক্তি হলেন- দৌলতপুর উপজেলার মহিষাডোরার আল্লারদর্গা এলাকার শশীধরপুর গ্রামের রবিউল ইসলাম (৪০) স্থানীয় বাসিন্দা সাদ মন্ডলের ছেলে এবং পেশায় একজন সবজি ব্যবসায়ী। ঝড়ে উড়ে আসা টিনের আঘাতে তার মৃত্যু হয়েছে।

এছাড়া, প্রচণ্ড গতির দমকা ঝড়ে দেশের বিভিন্ন এলাকার বিদ্যুতের খুঁটি ও তার ছিঁড়ে গেছে। এতে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছ। এ অবস্থার কারণে প্রচন্ড গরমে চরম ভোগান্তিতে পড়েছেন ওইসব এলাকার সর্বস্তরের মানুষ।

ঠাকুরগাঁওয়ে মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঢোলারহাটে রবিবার (৪ এপ্রিল) ১৮ জন মেধাবী ছাত্রীদের মাঝে বাই বাইসাইকেল বিতরণ করা হয়।

রুহিয়া ইউনিয়ন পরিষদ হলরুমে ২০২০-২১ অর্থ বছর এলজিএসপি-৩ এর আওতায় বাল্য বিবাহ প্রতিরোধ ও স্বাস্থ্য সচেতনতা সৃষ্টিমূলক অনুষ্ঠান শেষে এ সাইকেল বিতরণ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন দুপুরে ইউনিয়ন চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাইসাইকেল বিতরণ করেন ঠাকুরগাঁও সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এড. অরুনাংশু  দত্ত টিটো।

এ ছাড়াও  ঢোলারহাট ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অজিত কুমার রায় ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ছাত্রী, অভিভাবক,স্থানীয় ব্যক্তিবর্গ ও  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

নওগাঁর মহাদেবপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় একই সংখ্যালঘু পরিবারের নারী ও পুরুষসহ ৬ জন গুরুতর আহত

কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধি: ঘটনাটি ঘটেছে গত ২৮ মার্চ বেলা সাড়ে ১২টার সময় উপজেলার ভীমপুর ইউনিয়নের ঝাজিরা গ্রামের উত্তর পাড়ায়। এ ঘটনায় নির্যাতিত সংখ্যালঘু পরিবার থানায় যেন মামলা করতে না পারে সে লক্ষে ওই বাড়িটি ঘেরাও করে রাখে হামলাকারীরা। এ খবর পেয়ে গত ৩১ মার্চ বুধবার রাতে থানা পুলিশ ওই সংখ্যালঘু পরিবারে গিয়ে তাদের উদ্ধার করে এবং মামলার প্রস্তুতি নেয়।

জানা যায়, ওই গ্রামের মোস্তফা হোসেনের সংগে ২০ শতক জমি নিয়ে প্রতিবেশি উপেন চন্দ্র হাজরার বিরোধ চলে আসছিল। উপেন চন্দ্র হাজরা অভিযোগ করেন তার বাড়ির সামনে এ জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে ওই দিন মোস্তফার নেতৃত্বে স্থানীয় ১০/১২ জন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার উপর হামলা চালায়। এ সময় তার আত্মচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে এলে তাদের উপরও হামলা করে তারা। এতে করে উপেনসহ ৬ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে আহত উপেন চন্দ্র হাজরা তার স্ত্রী লতা রানী হাজরা ও ছেলে বিমান চন্দ্র হাজরাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্যান্যদের নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনর্চাজ ওসি আজম উদ্দিন মাহমুদ বলেন, ঘটনার ৪ দিন পর এ বিষয়টি যেনে তিনি ঘটনা স্থলে দ্রুত পুলিশ পাঠিয়েছি এবং এ সংখ্যালঘু পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং আহতরা চিকিৎসায় জন্য হাসপাতালে থাকায় অপরাধীদের বিরুদ্ধে এখন মামলা হয় নাই তবে মামলার প্রস্তুতি চলছে।

 

দেশে করোনায় রেকর্ড শনাক্ত ৭০৮৭, মৃত্যু ৫৩

সিএনবিডি ডেস্কঃ দেশে একদিনে রেকর্ড সংখ্যক করোনাভাইসের আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৩০ হাজার ৭২৪টি নমুনা পরীক্ষা করে গত ২৪ ঘণ্টায় ৭ হাজার ৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৫৮ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ২ এপ্রিল একদিনে সর্বোচ্চ ৬৮৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

রোববার (৪ এপ্রিল) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৭০৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ৫২ হাজার ৪৮২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩ দশমিক ০৭ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৩২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭ দশমিক ৬৮ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৫ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ৫৩ জনের মধ্যে ৪৫ জন পুরুষ, আট জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ৩৭ জন, চট্টগ্রাম সিলেট বিভাগে নয় জন, রংপুর ও ময়মনসিংহ বিভাগে তিন জন করে ছয় জন। এছাড়া রাজশাহী বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৫২ জন ও বাড়িতে এক জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরে ঊর্ধ্বে ৩৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুই জন, ১১ থেকে ২০ বছরের মধ্যে এক জন রয়েছেন।

 

নবাবগঞ্জে মাটি খুঁড়তেই মিলল ২০ কেজি ওজনের মিষ্টি আলু!

সিএনবিডি ডেস্কঃ ঢাকার নবাবগঞ্জ উপজেলার গালিমপুর ইউনিয়নের সূর্যখালী ঈদগাহ মাঠের মাটি খুঁড়তেই মিলেছে ২০ কেজি ওজনের মিষ্টি আলু। গতকাল গালিমপুরের সূর্যখালী এলাকার ঈদগাহ মাঠ থেকে থেকে আলুটি তোলেন স্থানীয় বাসিন্দা তাজুল ইসলাম। শনিবার বিশাল আকৃতির আলুর খবর জানাজানি হলে অনেকে তা দেখতে আসেন। এছাড়া ১ থেকে ২.৫ কেজি ওজনের ছোট বড় আরো আলুও পাওয়া গেছে একই জায়গা থেকে।

স্থানীয় সৌখিন কৃষক তাজুল ইসলাম জানান, শখের বসে তিনি ঈদগাহ মাঠে কিছু মিষ্টি আলুর লতা রোপন করেন। গতকাল আলু ওঠাতে গিয়ে তিনি একটি বড় মিষ্টি আলু দেখতে পান। যার ওজন হয়েছে ২০ কেজির উপরে। এছাড়াও ২-৩ কেজি ওজনেরও বেশ কিছু আলু মিলেছে সেখানে। সরকারী সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে আগ্রহ প্রকাশ করেন তাজুল ইসলাম।

স্থানীয় বয়োজ্যষ্ঠদের অনেকেই বলেন, সাধারণত এক দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়। মিষ্টি আলু এত বড় হয় তা তারা কখনো দেখেননি এমনকি শোনেননি। জমি থেকে আলু উঠানোর পর এলাকায় বেশ আলোচনা শুরু হয়েছে। তাজুলের বাড়িতে এত বড় আলু দেখতে লোকজন ছুটে যাচ্ছেন।

এদিকে কৃষক তাজুল ইসলাম সরকারি সংশ্লিষ্ট দপ্তরে আলুটি গবেষণার জন্য দিতে আগ্রহ প্রকাশ করেছেন।

উপজেলা  কৃষি কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, নবাবগঞ্জ, ঢাকা-১৩২০

 

এ ব্যাপারে নবাবগঞ্জ উপজেলা  কৃষি কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান জানিয়েছেন, বিষয়টি আমরা সংবাদকর্মীদের মাধ্যমে জানতে পেরেছি। ২০ কেজি ওজনের আলুটি সংরক্ষণ করে কৃষি গবেষণা কেন্দ্রে পাঠানো হবে।

 

 

রাণীশংকৈলে আগুনে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সহায়তা দিলেন জেলা প্রশাসক

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার নেকমরদ বাজারে সম্প্রতি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত ১১টি দোকান মালিক ও রাতোরে বাড়ি পুড়ে যাওয়া ১ জনসহ মোট ১২ জনকে ২ বান্ডিল করে টিন ও নগদ ৬ হাজার টাকা করে সহায়তা দিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম।

রবিবার ৪ এপ্রিল সকালে নেকমরদ কুশুমউদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে  জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে এ সহায়তা প্রদান করা হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা নির্বাহী অফিসার সোহেল সুলতান জুলকার নাইন কবির, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা,  পিআইও স্যামুয়েল মার্ডি, ওসি(তদন্ত)আব্দুল লতিফ শেখ, নেকমরদ ইউপি চেয়ারম্যান এনামুল হক, রাতোর ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, স্থানীয় ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: গত ২৭ মার্চ রাতে নেকমরদ বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে ১১ টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায় এবং একই রাতে রাতোরে ইউনিয়নে ১ টি বাড়িও পুড়ে যায়।এতে  বাড়ির মালিকসহ ১১ জন দোকানদার ব্যাপক ক্ষতির শিকার হয়।

 

নওগাঁয় জেলা প্রশাসক কর্ত্তৃক স্বাস্থ্য বিধি যথাযথ মেনে চলতে আহবান জানিয়ে মাস্ক বিতরন

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় জেলা প্রশাসনের উদ্যোগে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকতে প্রচারনা এবং মাস্ক বিতরন করা হয়েছে।

গতকাল শনিবার সকাল সাড়ে ১১টা থেকে শহরের বিভিন্ন এলাকায় সর্বস্তরের সাধারন মানুষকে ব্যক্তিগতভাবে সুরক্ষিত থাকতে এবং অন্যকে সুরক্ষিত রাখতে সর্বাত্মক সতর্কতা অবলম্বনের আহাবান জানানো হয়েছে।

জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ সরাসরি উপস্থিত হয়ে শহরের পুরাতন বাস টার্মিনাল থেকে শুরু করে গোস্তহাটির মোড়, কাঁচা বাজার, মুরগীবাজার, মাছ বাজার, মিষ্টি বাজার এবং এসব সংলগ্ন এলাকায় মাস্ক পরিধান, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়, ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরশেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নওগাঁ’র সাবেক জেলা কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ সরকার মণি, সাধারন সম্পাদক মীর মোশারফ হোসেন জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা প্রশাসনের নিজস্বভাবে তৈরী প্রায় ১ হাজারেরও বেশী মাস্ক বিতরন করা হয়। এ সময় মাস্ক না পড়ার কারনে ৩ ব্যক্তির জরিমানা করা হয়।

 

শেখ হাসিনার নেতৃত্বে দেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে-এমপি আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর, কুমিল্লা প্রতিনিধি: বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে ক্রমাগত উন্নয়নের কারনে বিশ্ব নেতৃবৃন্দের কাছে শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল হিসাবে চিহ্নিত হয়েছেন। শেখ হাসিনার সরকার পদ্মা সেতুর মত আরো বড় বড় প্রকল্প হাতে নিয়েছেন।শেখ হাসিনা জাতিকে সুখী ও সমৃদ্ধির স্বপ্ন দেখিয়ে তা বাস্তবায়নও করছেন। তার নেতেৃত্বে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত থাকলে আগামী দু’দশকে বাংলাদেশ বিশ্বের সেরা ৩০টি ধনী দেশের মধ্যে অন্যতম হিসাবে থাকবে।

গতকাল শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরন উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্যে দেশের শীর্ষ ব্যবসায়িক সংগঠন এফবিসিসিআইয়ের দু’বারের সাবেক সভাপতি ও কুমিল্লা-৩মুরাদনগর আসনের সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার অভিষেক দাশের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: মিজানুর রহমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম.রুহুল আমিন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর, উপজেলার মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতি মো: হানিফ সরকার, মুরাদনগর থানার ওসি মো: সাদেকুর রহমান, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা মো:কামরুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহাম্মদ সোহাগ প্রমুখ।

পরে প্রধান অতিথি দু’দিনব্যাপী উন্নয়ন মেলার আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এতে উপজেলার বিভিন্ন বিভাগের ৩৭টি স্টল রয়েছে।