মিয়ানমারে জান্তা সরকারের বিমান হামলায় প্রাণভয়ে পালাচ্ছে মানুষ

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের দখলদার জান্তা সরকার সশস্ত্র গোষ্ঠীদের নিয়ন্ত্রণে থাকা দেশটির কারেন রাজ্যে বিমান হামলা চালিয়েছে। থাইল্যান্ড সীমান্তবর্তী মুতরাউ জেলার পাঁচটি এলাকায় গত শনিবার গভীর রাতে এই হামলা চালানো হয়। গৃহহীনদের একটি আশ্রয় কেন্দ্রেও হামলা চালানো হয়। হামলার পর তিন হাজারের বেশি অধিবাসী ঘরবাড়ি ছেড়ে পালিয়ে প্রতিবেশী দেশ থাইল্যান্ডে আশ্রয় নিয়েছেন।

কারেন উইম্যান্স অর্গানাইজেশন এক বিবৃতিতে জানায়, এই মুহূর্তে তিন হাজারের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে জঙ্গলে লুকিয়ে আছে।

রোববার থাই সংবাদমাধ্যমের খবরে বলা হয়, মিয়ানমারের প্রায় তিন হাজার শরণার্থী থাইল্যান্ড পৌঁছেছেন। আরও শরণার্থী আশ্রয় প্রার্থনা করেছে।

স্থানীয় ত্রাণ সংস্থা ‘ফ্রি বার্মা রেঞ্জার্স’ এর প্রতিষ্ঠাতা ডেভিড ইউবাঙ্ক জানান, বিমান হামলায় আদিবাসী সশস্ত্র গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) দুই যোদ্ধা নিহত হয়েছেন। তিনি আরও বলেন, আমরা গত দুই দশকের বেশি সময় ধরে এখানে বিমান হামলার আওয়াজ পাইনি।

ওই হামলা রাতে করা হয়েছে। তাই বলাই যায়, রাশিয়া এবং চীনের সহযোগিতায় মিয়ানমারের সেনাবাহিনীর ক্ষমতা বৃদ্ধি পেয়েছে এবং এটা খুবই প্রাণঘাতী। শনিবারের ওই হামলায় কেএনইউ নিয়ন্ত্রণাধীন একটি গ্রামের অন্তত তিনজন সাধারণ নাগরিকও নিহত হয়েছেন।

সুত্রঃ রয়টার্স। 

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে সরকারের ১৮ দফা নির্দেশনা

সিএনবিডি ডেস্কঃ দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে এবং পরিস্থিতি বিবেচনায়  সরকার নতুন করে ১৮ দফা নির্দেশনা প্রদান করেছে।

সরকারের দেয়া ১৮ দফা নির্দেশনা হলোঃ

১. সকল ধরনের জনসমাগম (সামাজিক/ রাজনৈতিক/ ধর্মীয়! অন্যান্য) সীমিত করতে হবে। উচ্চ সংক্রমণযুক্ত এলাকায় সকল ধরনের জনসমাগম নিষিদ্ধ করা হলো। বিয়ে/ জন্মদিনসহ যে কোনো সামাজিক অনুষ্ঠান উপলক্ষে জনসমাগম নিরুৎসাহিত করতে হবে।

২. মসজিদসহ সকল ধর্মীয় উপাসনালয়ে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

৩. পর্যটন/ বিনোদন কেন্দ্র সিনেমা হল/ থিয়েটার হলে জনসমাগম সীমিত করতে হবে এবং সকল ধরনের মেলা আয়োজন নিরুৎসাহিত করতে হবে।

৪. গণপরিবহনে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক যাত্রী পরিবহন করা যাবে না।

৫. সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাতে আন্তঃজেলা যান চলাচল সীমিত করতে হবে; প্রয়োজনে বন্ধ রাখতে হবে।

৬. বিদেশ হতে আগত যাত্রীদের ১৪ দিন পর্যন্ত প্রাতিষ্ঠানিক (হোটেলে নিজ খরচে) কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

৭. নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী খোলা/ উন্মুক্ত স্থানে স্বাস্থ্যবিধি পরিপালনপূর্বক ক্রয়-বিক্রয়ের ব্যবস্থা করতে হবে; ওষুধের দোকানে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

৮. স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানসমূহ মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

৯. শপিং মলে ক্রেতা-বিক্রেতা উভয়েরই যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে।

১০. সকল শিক্ষা প্রতিষ্ঠান (প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মাদ্রাসা, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়) ও কোচিং সেন্টার বন্ধ থাকবে।

১১. অপ্রয়োজনীয় ঘোরাফেরা/ আড্ডা বন্ধ করতে হবে। জরুরি প্রয়োজন ছাড়া রাত ১০ টার পর বাইরে বের হওয়া নিয়ন্ত্রণ করতে হবে।

১২. প্রয়োজনে বাইরে গেলে মাক্ক পরিধানসহ সকল ধরণের স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে। মাস্ক পরিধান না করলে কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘিত হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৩. করোনায় আক্রান্ত/ করোনার লক্ষণযুক্ত ব্যক্তির আইসোলেশন নিশ্চিত করতে হবে। করোনায় আক্রান্ত ব্যক্তির ঘনিষ্ঠ সংস্পর্শে আসা অন্যান্যদেরও কোয়ারেন্টিন নিশ্চিত করতে হবে।

১৪. জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সকল সরকারি-বেসরকারি অফিস! প্রতিষ্ঠান শিল্প কারখানাসমূহ ৫০ ভাগ জনবল দ্বারা পরিচালনা করতে হবে। গর্ভবতী/ অসুস্থ/ বয়স ৫৫ বছরের ঊর্ধ্বে কর্মকর্তা/ কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

১৫. সভা, সেমিনার, প্রশিক্ষণ, কর্মশালা যথাসম্ভব অনলাইনে আয়োজনের ব্যবস্থা করতে হবে।

১৬. সশরীরে উপস্থিত হতে হয় এমন যে কোন ধরণের গণপরীক্ষার ক্ষেত্রে যথাযথ স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

১৭. হোটেল-রেস্তোরাসমূহে ধারণ ক্ষমতার ৫০ ভাগের অধিক মানুষের প্রবেশ বন্ধ করতে হবে।

১৮. কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালীন সর্বদা বাধ্যতামূলকভাবে মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি পরিপালন নিশ্চিত করতে হবে।

পবিত্র শবে বরাত আজ

সিএনবিডি ডেস্কঃ আজ সোমবার (২৯ মার্চ) দিনগত রাতে যথাযথ ধর্মীয় মর্যাদায় দেশব্যাপী পবিত্র শবে বরাত পালিত হবে। দিনটি উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদ ও মাদরাসায় ওয়াজ মাহফিল, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

মুসলিমদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, হিজরি সাবান মাসের ১৫ তারিখের শবে বরাতে আল্লাহ আগামী বছরের ভাগ্য নির্ধারণ করেন। এ রাতে তিনি তার সৃষ্টি জগতের সবার অতীতের কর্মকাণ্ড আমলে নিয়ে আগামী বছরের ভাগ্য লিপিবদ্ধ করেন।

ধর্মপ্রাণ মুসলমানরা এ রাতে মানবজাতির জন্য স্রষ্টার অশেষ কল্যাণ কামনা করে বিশেষ নামাজ, কোরআন পাঠ, জিকির ও অন্যান্য ধর্মীয় ইবাদত পালন করেন। তারা পুরো রাতই ইবাদতের মাঝ দিয়ে অতিবাহিত করেন।

এছাড়া এ রাতে মুসলিমরা নিজেদের আত্মীয় ও ধর্মীয় আলেমদের কবর জিয়ারত এবং সেই সাথে গরিব, প্রতিবেশী, বন্ধু-বান্ধব ও স্বজনদের মাঝে মিষ্টি ও ঘরে তৈরি খাবার বিতরণ করেন।

উল্লেখ্য, পবিত্র শবে বরাত উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মাওলানা মিজানুর রহমান এর পরিচালনায় ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল ও ওয়াজ মাহফিল শেষে বাদ এশা দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ-কানাডা স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতাঃ বৃহত্তর ফরিদপুর এসোসিয়েশন এর উদ্যোগে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকী উপলক্ষে গত শনিবার ২৭মার্চ, ২০২১ সন্ধ্যা ৮টায় (বাংলাদেশ সময় সকাল ৬ টা) জুমের মাধ্যমে আলোচনা সভা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ ও কানাডাসহ  বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্টজনেরা অনুষ্ঠানে যোগদান করেন।

অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধু, স্বাধীনতা ও সমসাময়িক পরিস্তিতির উপর বক্তব্য রাখেন। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কানাডাস্থ বৃহত্তর ফরিদপুরের শিল্পী এবং বাংলাদেশ থেকে রেডিও টেলিভিশনের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ এবং কানাডাসহ সকলের জন্য উন্মুক্ত ছিল। সর্বদিক বিবেচনায় অনুষ্ঠানটি দারুণ উপভোগ্য ছিল।

সভাটির বিশেষসত্ব ছিল ঐক্যমত  ও অত্যন্ত আন্তরিকতা পূর্ণ। অনুষ্ঠানটি পরিচলানা করেন অন্তরীণ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব মোহাম্মদ বিপ্লব চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও বক্তাদের ছিলেন কানাডার অন্টারিও প্রদেশের সম্মানিত সংসদ সদস্য মাননীয় ডলি বেগম, লিবারেল পার্টি মনোনীত পরবর্তী নির্বাচনের প্রার্থী মাননীয় আফরোজা হোসাইন, অন্টারিও আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্দা জনাব মোস্তফা কামাল, কানাডা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস হাসিনা আক্তার জানু, আওয়ামী গ্রেটার ফরিদপুর সমিতির ভারপ্রাপ্ত সভাপতি জনাব ইউসুফ শেখ, সাধারণ সম্পাদক জনাব সিরাজুল ইসলাম, নেতা ইঞ্জিনিয়ার নওশের আলী, বিপ্লব দেবনাথ, ইম্মাম হোসাইন, সুব্রত কুমার দে, আলম সাইদ, জনাব রেজা, রেজা সাত্তার, মকবুল মোল্লা,সম্মানিত উপদেষ্টা জনাব আলম মোরাল, উপদেষ্টা আব্দুল হালিম মিয়া (এন আর বি টেলিভশন এর চেয়ারম্যান ও প্রাক্তন উপ জেলা চেয়ারম্যান, বক্তব্য রাখেন  কানাডা ইমিগ্রেশন আইন বিশেষজ্ঞ ও গবেষক বীরমুক্তিযোদ্ধা ড. আব্দুস সামাদ হাওলাদার [অধ্যাপক (প্রাক্তন)জগন্নাথ ইউনিভার্সিটি কলেজে, বি সি এস (শিক্ষা)] ও অন্যানো সম্মানিত অতিথীবৃন্দ।

মুক্তিযোদ্ধাদের নেতৃত্বে দুর্নীতিবিরোধী সংগ্রাম গড়ে তোলার জন্য আপামর জনসাধারণকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়ে কানাডায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শত বার্ষিকীর অনুষ্ঠানে মুক্তিযোদ্ধাদের পক্ষে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আব্দুস সামাদ হাওলাদার।

অনুষ্ঠানে অধ্যাপক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা ড. হাওলাদার বলেন, আওয়ামী লীগের ও অঙ্গসংগঠনের সদস্য ও পদ বা কর্ম কর্তার পদ গ্রহণ করিতে বঙ্গবন্ধু আদর্শের সৈনিকদের “বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” পড়া বাধ্যতামূলক করার প্রস্তাব করেন এবং তা সর্বসম্মতিক্রমে সভা গ্রহণ করেন। তিনি সভায় বঙ্গবন্ধুর আত্মজীবনী গ্রন্থের ১২৫-১২৬  পৃষ্ঠা থেকে উচ্চারিত করেন- “আমি কয়েকদিন বাড়িতে ছিলাম। আব্বা খুবই দুঃখ পেয়েছেন। আমি আইন পড়ব না শুনে বললেন। যদি ঢাকায় না পড়তে চাও, তবে বিলাত যাও। সেখান থেকে বার এট ল’ ডিগ্রি নিয়ে এস। যদি দরকার হয় আমি জমিজমা বিক্রি করে তোমাকে টাকা দিব। আমি বললাম এখন বিলাতে গিয়ে কি হবে, অর্থ উপার্জন করতে পারব না। আমার ভীষণ জেদ হয়েছে মুসলিম লীগ নেতাদের বিরুদ্ধে। যে পাকিস্তানের স্বপ্ন দেখেছিলাম, এখন দেখি তার উল্টা হয়েছে। এর একটি পরিবর্তন করা দরকার। জনগণ আমাদের জানত এবং আমাদের কাছেই প্রশ্ন করত. স্বাধীন হয়েছে দেশ, তবু মানুষের দুঃখ কষ্ট দূর হবে না কেন? দুর্নীতি বেড়ে গেছে, খাদ্যাভাব দেখা দিয়েছে। বিনা বিচারে রাজনৈতিক কর্মীদের জেলে বন্ধ করে রাখা হচ্ছে। বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে মুসলিম লীগ নেতারা মানবে না………..।

তিনি আরো বলেন, আমরা ছয় ভাই স্বাধীনতা সংগ্রাম তথা মুক্তিযুদ্ধে সশস্ত্র ভাবে অংশগ্রহণ করি। স্বাধীনতার পরে আমাদের অবস্থা খুব খারাপ হয়েছিল। ছয় ভাই ও বোনদের নিয়ে ঢাকায় পড়াশোনা করা খুবই দুরূহ হয়েছিল, এক্ষেত্রে বঙ্গবন্ধু মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে মোহাম্মদপুরে একটি অ্যাপার্টমেন্ট দেন, যে কারণে লেখাপড়া করতে আমাদের অনেক সহায় হয়েছে। তবে পরবর্তীতে স্বাধীনতাবিরোধী সরকার আমাদের সেই অ্যাপার্টমেন্ট থেকে উচ্ছেদ করে দেয় এবং বিভিন্ন সমস্যায় পড়ে বিদেশে চলে আসতে বাধ্য হই। একুশ বছর আমরা নানাভাবে মুক্তিযোদ্ধা পরিবার হিসেবে অত্যাচারিত ও নিষ্পেষিত হই। বর্তমানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারণে আমরা মানসিকভাবে স্বস্তিতে আছি এবং দেশে নানা ব্যবসা-বাণিজ্য, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠান করেছি এবং নানা জনকল্যাণমুখী কাজ হাতে নিয়েছি।

আমরা মাননীয় প্রধান মন্ত্রী হাসিনার জন্য দোয়া করি তিনি যেন দীর্ঘজীবী হন।

অনুষ্ঠানের ২ দ্বিতীয় পর্বে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বাংলাদেশ ও কানাডাসহ  বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট  শিল্পী এবং বাংলাদেশ থেকে রেডিও টেলিভিশনের জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানটি বাংলাদেশ এবং কানাডাসহ সকলের জন্য উন্মুক্ত ছিল। গান পরিবেশন করেন মিসেস জিন্নাত হোসাইন, জনাব এমাম হোসাইন, মিসেস মাহবুব খানম ভূইয়াঁ লাভলী, বাবু সারওয়ার ও বাংলাদেশ থেকে শিল্পী বোরহান উদ্দিনসহ অনেকে।

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের অভিযানে ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার

সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারের মহেশখালীতে অভিযান চালিয়ে কক্সবাজারের ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম ইয়াবার চালান উদ্ধার করা হয়েছে। মোট ৬ লাখ ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে মহেশখালী থানা পুলিশ। যার আনুমানিক বাজার মূল্য ৯ কোটি টাকা বলে জানা যায়। এসময় প্রায় পুড়ানো অবস্থায় ৩ মোটর সাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল রবিবার (২৮ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে পৌরসভা সিকদার পাড়া এলাকার জকরিয়ার পূত্র সালাহ উদ্দিনের প্রাইভেট কার থেকে ইয়াবা উদ্ধার করা হয়ছে বলে জানান মহেশখালী থানার ওসি আব্দুল হাই।

এর আগে রোববার রাত পৌনে ১২টার দিকে পৌর মেয়র মকছুদ মিয়ার লোকজনের ওপর বেপরোয়া গুলি বর্ষণ করে সালাহ উদ্দিনের লোকজন। এতে নুর হোছাইন (৪৮), ববষ্যা (৫৫) ও কাউছার (২৯) গুলিবৃদ্ধ হয়ে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ ব্যাপারে মহেশখালী সার্কেলের এএসপি মো: জাহেদুল ইসলাম জানান, গোলাগুলি খবর পেয়ে ওসি আব্দুল হাই এর নেতৃত্বে ঘটনাস্থলে যায় মহেশখালী থানা পুলিশ। সেখানে একটি মোটরসাইকেল দুর্বৃত্তদের দেয়া আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের লোকজন ও পুলিশ। পরে সেখানেই ইয়াবার মতো কিছু দেখতে পায়। ওই সূত্র ধরে সালাহ উদ্দিন সিকদারের বাড়িতে অভিযান চালিয়ে তাঁর গ্যারেজে গাড়ীর পিছন থেকে অক্ষত অবস্থায় ৪লাখ ২ হাজার ইয়াবা ও আংশিক পুড়ানো অবস্থায় ২লাখ ২০ হাজার ইয়াবাসহ মোট ৬লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শ্রীমঙ্গলে গাঁজা সহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেড় কেজি গাঁজা সহ রিতেশ বাল্মীকি নামে মাদক কারবারী গোয়েন্দা পুলিশের অভিযানে আটক হয়েছে।
গতকাল রবিবার ২৮শে মার্চ সাড়ে চার ঘটিকার সময় শ্রীমঙ্গল থানাথীন বালিশিরা বেইলি ক্লাবের দক্ষিন গেইটের সামনে কাঁচা বাজার রাস্তার উপর হতে দেড় কেজি গাঁজা সহ বেনু দাসের ছেলেকে আটক করা হয়।
মৌলভীবাজার গোয়েন্দা বিভাগের অফিসার ইনচার্জ সুধীর চন্দ্র দাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে হওয়া অভিযানে রিতেশ বাল্মীকিকে গাঁজাসহ আটক করা হয়। এ সময় রিতেশ বাল্মিকি কে জিজ্ঞাসা বাদে তার বক্তব্যে মাদকের কথা সে স্বীকার করে এবং তাকে আটক করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।
থানায় তাঁর বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

সরকারি বোর্ডের অধীনে পরিক্ষা দিবে না কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা

রোববার (২৮ মার্চ) মাগরিবের নামাজের পর চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা মাঠে এই বিক্ষোভ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। পরে মাদ্রাসা কর্তৃপক্ষের আশ্বাসে তারা বিক্ষোভ তুলে নেয়।

জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতিতে বাংলাদেশের কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীনে সব ধরনের পরীক্ষা বর্জনের ডাক দিয়েছে দেশের বিভিন্ন কওমী মাদ্রাসার ছাত্ররা।

রোববার (২৮ মার্চ) সন্ধ্যায় কওমি মাদরাসাসমূহের সরকার স্বীকৃত বোর্ড ‘আল হাইআতুল উলয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ’ এর অফিসিয়াল ফেসবুক পেজে আগামী ৩১ মার্চ থেকে দাওরায়ে হাদিসের পরীক্ষা শুরু হওয়ার কথা জানানো হয়। এরপর থেকে বিভিন্ন কওমি মাদ্রাসা থেকে এই পরীক্ষা বর্জনের ঘোষণা আসতে থাকে। চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, ইসলামবিদ্বেষী হিন্দুত্ববাদী সরকারের অধীনে কোনো ডিগ্রি তারা নেবে না। স্বীকৃতি নামক সোনার হরিণের তাদের কোনো প্রয়োজন নেই। তারা শহিদ ভাইদের হত্যার বিচার চান। এ সময় তারা বর্তমান সরকারকে তাগুতের সরকার বলে অভিহিত করেন।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে আন্দোলনকারী এক শিক্ষার্থী চট্টগ্রাম প্রতিদিনকে বলেন, ‘যে সরকার আমাদের ভাইদের হত্যা করেছে তাদের অধীনে আমরা কোন পরীক্ষায় অংশ নেবো না। আমরা সরকার স্বীকৃত বোর্ডের অধীনে অনুষ্ঠিতব্য সব পরীক্ষা বর্জনের ডাক দিয়েছি। ইতোমধ্যে আমাদের সাথে সাড়া দিয়ে দেশের বিভিন্ন মাদ্রাসার ছাত্ররাও বর্জন করেছে।’ এজন্য আমরা মাগরিবের পর মাদ্রাসায় বিক্ষোভ করেছি। মাদ্রাসা কর্তৃপক্ষের পক্ষে ড. নুরুল আফসার হুজুর এসে আমাদেরকে জানিয়েছেন আমরা যারা পরীক্ষা দিতে ইচ্ছুক না আর যারা ইচ্ছুক দুই পক্ষকেই স্বাক্ষরসহ দরখাস্ত দিতে। আগামীকাল তারা মিটিং করে সিদ্ধান্ত নেবেন।’

হেফাজতের হরতাল বাড়ানোর খবর গুজব

রবিবার (২৮ মার্চ) বিকেলে গণমাধ্যমকে হরতাল বাড়ানোর যে খবর ছড়িয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছে হেফাজতে ইসলাম । সংগঠনটির কেন্দ্রীয় সহ-প্রচার সম্পাদক মাওলানা মো. ফয়সাল এ কথা জানান। তবে আজ বিকেল সাড়ে পাঁচটায় রাজধানীতে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচি ঘোষণা করেন হেফাজতের মহাসচিব নুরুল ইসলাম। হরতালের পর দোয়া ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা দেন তিনি। আগামীকাল সোমবার হবে দোয়া, এরপর শুক্রবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

করোনায় গত ২৪ ঘন্টায় দেশে ৩৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৯০৮

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরো ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩৫ জনের মধ্যে ২১ জন পুরুষ, ১৪ জন নারী। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা হয়েছে ৮ হাজার ৯০৪ জনে। এছাড়া একই সময়ে আরও ৩ হাজার ৯০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। ফলে এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ৯৫ হাজার ৭১৪ জন।

আজ রোববার (২৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ২২ হাজার ৪২৫টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ১৩৬টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৪৫ লাখ ৮৮ হাজার ৮৩০টি।

এছাড়া ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩৫ হাজার ৯৪১ জন।

কায়রোতে বহুতল ভবন ধসে ১৮ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্কঃ মিশরের রাজধানী কায়রোতে একটি বহুতল ভবন ধসে ১৮ জনের মৃত্যু এবং ২৪ জন আহত হয়েছেন। খবর- আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার।

মিশরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা’র বরাতে আল জাজিরা জানিয়েছে,স্থানীয় সময় শনিবার (২৭ মার্চ) ভোরের দিকে এই ঘটনা ঘটে।

কায়রো গভর্নরের প্রধান প্রশাসনিক কর্মকর্তা জানিয়েছে, ভোররাতের দিকে গভর্নরের ক্রইসিস রুমকে জানানো হয়েছে ১০ তলা একটি ভবন ধসে পড়েছে। ওই ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অনেকেই। এরই মধ্যে উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এখনো উদ্ধার কাজ চলছে।

এদিকে পুরো জায়গা ঘিরে রেখেছে পুলিশ। চারপাশে উৎসুক জনতা ও উৎকণ্ঠা নিয়ে আত্মীয়-স্বজনরা অপেক্ষা করছে। বুলডোজার দিয়ে ধ্বংসাবশেষ সরানো হচ্ছে।

তবে, তাৎক্ষিণকভাবে ভবন ধসে পড়ার কারণ জানা যায়নি। তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ভবনটির গঠনগত ও সরঞ্জামাদির গুণগত মান পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন।

প্রসঙ্গত, ভবন নির্মাণের নিয়ম-নীতির তোয়াক্কা না করে রিয়াল স্টেট ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফার লোভে নিম্নমানের সরঞ্জামাদি দিয়ে ভবন তৈরি করার কারনে এমন ঘটনা ঘটে থাকতে পারে। পাশাপাশি সরকারের নিয়ম-নীতি না মেনে অনুমতি না থাকা সত্ত্বেও অতিরিক্ত ফ্লোর তৈরি করা হয়। সে কারণেও মিশরে ভবন ধসে পড়ার ঘটনা বেশি ঘটছে। সুত্রঃ আল-জাজিরা, মিনা।