চলতি বছরের প্রথম ‘সুপারমুন’ দেখা যাবে আজ

সিএনবিডি বিজ্ঞান ডেস্কঃ চলতি বছরের প্রথম ‘সুপারমুন’ রাতের আকাশে দেখা যাবে আজ রবিবার ২৮ মার্চ। বিষয়টি নাসার এক বিবৃতিতে জানানো হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়েছে, আজ রোববার রাত ১২টা ৪৮ মিনিটে কক্ষপথে প্রদক্ষিণ করতে করতে পৃথিবীর সবচেয়ে কাছে চলে আসবে চাঁদ। এজন্য এটিকে আমাদের চোখে বড় মনে হবে। রাতের আকাশে টানা ৩ দিন ধরে বেশ বড় চাঁদ দেখা যাবে। এ সময় পৃথিবীর দ্রাঘিমাংশ অনুযায়ী চাঁদ আর সূর্য থাকবে একে অন্যের ঠিক বিপরীতে।

নাসার জ্যোতির্বিজ্ঞানীদের একাংশ জানাচ্ছেন, এ বছরে মার্চ থেকে জুনের মধ্যে চারটি ‘সুপারমুন’ হবে। কেউ কেউ বলছেন তিনটি ‘সুপারমুন’ হবে এপ্রিল ও মে এ দু’মাসের মধ্যে। আবার কেউ বলছেন, আক্ষরিক অর্থেই যাকে ‘সুপারমুন’ বলা হয় এপ্রিল ও মে মাসে তা হবে দুটি।

নাসার বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এপ্রিলে পূর্ণিমার দিন (২৬ এপ্রিল) থেকে পৃথিবীর বেশি কাছাকাছি চাঁদ আসবে মে মাসের পূর্ণিমার দিন (২৬ মে)। যদিও সেক্ষেত্রে এপ্রিলের পূর্ণিমার চাঁদের চেয়ে মে মাসের পূর্ণিমার চাঁদ আকারে মাত্র শূন্য দশমিক ৪ শতাংশ বড় হবে।’

উল্লেখ্য, ১৯৭৯ সালে প্রথম এমন বড় আকারের চাঁদের নাম ‘সুপারমুন’ দেয়া হয়।

 

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক অবরোধ

সিএনবিডি ডেস্কঃ হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল সারা দেশে চলছে। আর আজ রোববার হরতালের সমর্থনে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে হেফাজতের নেতাকর্মীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন। তারা সড়কের কয়েকটি স্থানে টায়ার, গাছের গুঁড়ি জ্বালিয়ে বিক্ষোভ করছেন। অন্যদিকে নরসিংদী সদরের জেলখানার মোড় এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন হেফাজত নেতারা।

সরেজমিনে দেখা যায়, ভোর ৭টার পর হরতাল সমর্থনে হেফাজত ইসলামের কর্মীরা আশপাশ এলাকা থেকে জড়ো হয় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ডাচ বাংলা পয়েন্ট ও মাদানীনগর এলাকায়। এসময় হরতাল সমর্থনকারীরা বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করে। তারা এখন পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করছে। তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনী বেশ কয়েক দফায় কথা বলতে দেখা যায়।

অন্যদিকে একই সময়ে নরসিংদী সদরের বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে হেফাজতের কর্মীদের মিছিল চলছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে। ফলে ঢাকা-সিলেট মহাসড়কসহ সকল আঞ্চলিক সড়কেও বন্ধ রয়েছে সব ধরণের যান চলাচল ও দোকানপাট। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা। যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় পায়ে হেটে যেতে হচ্ছে যাত্রীদের। আরশিনগর-রায়পুরা আঞ্চলিক সড়কে গাছ দিয়ে ব্যারিকেট ও অগ্নিসংযোগ করেছে হেফাজতে কর্মীরা।

করোনা মোকাবেলার জন্য আবার আগের মতো পদক্ষেপ নিতে হবে : প্রধানমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ করোনা মোকাবেলার জন্য আবার আগের মতো পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ রোববার (২৮ মার্চ) সকালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে আওয়ামী লীগের আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

দেশে হঠাৎ করোনার সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্ধগতির কারনে আবারও সকলকে বাধ্যতামুলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, কেউ যেন মাস্ক না পরে বাহিরে যায়। সকলকে অবশ্যই নিরাপদ দূরত্ব মানতে হবে।’ অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে অবশ্যই স্বাস্থ্যবিধি মানতে হবে। এটা সবার জন্য প্রযোজ্য।

এছাড়া, তিনি দলীয় নেতাকর্মীদের করোনা সংক্রমণের বিরুদ্ধে মাঠে সক্রিয় হতে প্রস্তুতির নির্দেশ দেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী নিয়ে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে পাঁচ দেশের প্রধান এসেছেন, বিশ্বের বিভিন্ন দেশ ও ২৭টি প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছাবার্তা আমরা পেয়েছি। এটা জনগণের জন্য অত্যন্ত সম্মানের। এটাই আমাদের সার্থকতা। আর সবুজ বাংলা আরও সবুজ করতে বৃক্ষরোপণ করতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে।

শিক্ষা প্রতিষ্ঠান খোলার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আমরা স্কুল-কলেজ খুলতে চেয়েছিলাম। কিন্তু হঠাৎ করে সংক্রমণ বেড়েছে। তাই এখন না খুলে সিদ্ধান্ত নিয়েছি যে ঈদের পরে খুলব।

এদিকে করোনার টিকা কার্যক্রম বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, টিকা কার্যক্রম চলমান থাকবে। ধীরে ধীরে সবাই টিকার আওতায় আসবে।

 

ব্রাহ্মণবাড়িয়ায় চলছে হেফাজতের তাণ্ডব

ডিবিএন ডেস্কঃ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের ডাকা হরতালে তাণ্ডব চালাচ্ছে তাদের নেতাকর্মীরা। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা, জেলা পরিষদ, জেলা পরিষদ মার্কেট, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব, ইন্ডাস্ট্রিয়াল স্কুল, জেলা ভূমি অফিস, আলাউদ্দিন সঙ্গীতাঙ্গন, জেলা সাব রেজিস্টার অফিসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অফিস-প্রতিষ্ঠানে ভাঙচুর চালিয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। এছাড়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে হেফাজতের নেতাকর্মীরা।

আজ সকাল থেকেই হেফাজতে ইসলামের নেতাকর্মীরা হরতালের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করে। হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে প্রেসক্লাবের সামনে এক সংক্ষিপ্ত সভা করে। বক্তব্য রাখেন হেফাজত ইসলামের জেলার সাধারণ সম্পাদক ও জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি মোবারক উল্লাহসহ অনেকে।

উল্লেখ্য, শনিবার রাতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া রণক্ষেত্রে পরিণত হয়। জেলার বিভিন্ন স্থানে সংঘর্ষে অন্তত ৮ জন নিহত হয় বলে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমান জানান। এছাড়াও আরও অনেক ছাত্র গুরুতর আহত হয়।

হরতালে ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ

সিএনবিডি ডেস্কঃ সারাদেশে হেফাজতে ইসলামের ডাকা হরতালের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে ইট-পাটকেল নিক্ষেপের পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায়  সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে হেফাজতে ইসলামীর কর্মীরা। এই ঘটনায় ট্রেনের ভেতরে থাকা অন্তত ১০ আহত হওয়ার খবর পাওয়া গেছে।

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন মাস্টার শোয়েব আহমেদ হামলার এ বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

স্টেশন মাস্টার শোয়েব আহমেদ জানান, আজ সকাল সাড়ে ৯টা থেকে ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে। সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি রেলপথের ব্যাড়িকেডের কারণে দক্ষিণ পৈরতলা রেলগেটে থামে। এসময় হরতালকারীরা চারদিক থেকে ট্রেনটিকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে থাকে এবং ট্রেনের কাছাকাছি চলে আসে। পরে হরতালকারীরা ট্রেনের প্রতিটি বগিতে হামলা ও ভাঙচুর করে। পরিস্থিতি অবনতি হতে থাকায় ট্রেনটিকে পুশব্যাক করে ভৈরব রেলওয়ে জংশনে নেয়া হয়েছে। পরিস্থিতি শান্ত হলে কর্তৃপক্ষের নির্দেশ পাওয়ার পর পুনরায় ট্রেনটি চট্টগ্রামে উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই পরিস্থিতিতে আপাতত ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট এবং ঢাকা-নোয়াখালী রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রাণীশংকৈলে ১২ টি বাড়ি আগুনে পুড়ে ছাই

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল  উপজেলার নেকমরদ বাজারের পাশে ১১টি ও রাতোর গ্রামে ১টি মোট ১২টি বাড়ি গত ২৬ মার্চ শুক্রবার গভীর রাতে আগুনে পড়ে ছাই হয়েছে। আগুন লাগার কারন কিছু জানা যায়নি।

পরদিন ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির ও উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না একসাথে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারদের প্রত্যেককে দুই হাজার টাকা ও এক বস্তা করে শুকনা খাবার দেন।
ইউএনও বলেন, ক্ষতিগ্রস্তদের প্রাথমিক সাহায্য দেওয়া হয়েছে। এই সাথে তাদের কাছে পরবর্তি সাহায়্যের জন্য লিখিত আবেদন চাওয়া হয়েছে। সে আবেদন পেলে তাদেরকে আরো সাহায়্যের ব্যবস্থা নেওয়া হবে।

তুচ্ছ বিষয়ে তর্কের সূত্রে হত্যা

তিমির বনিক, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৪নং সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের  প্রতিবেশী দুই যুবকের তর্কবিতর্কের জের ধরে একজন আরেকজনকে কাঠেরবর্গা দিয়ে মাথায় সজোরে আঘাত করলে গুরুতর আহত হয় এক যুবক। আহত যুবকে চিকিৎসার জন্যে সিলেট নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যুবরণ করে।

ঘটনা সম্পর্কে স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার ২৬ শে মার্চ বিকাল সাড়ে তিনটায় কুঞ্জবন এলাকায় দুইযুবকের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে ফয়সল মিয়া (২১) কাঠের বর্গা দিয়ে সুরুক মিয়াকে (৩৫) মাথায় স্বজোরে আঘাত করলে গুরুতর রক্তাক্ত জখম হয়ে অজ্ঞান অবস্থায় মাটিতে লুটে পড়েন। প্রথমে শ্রীমঙ্গল হাসপাতাল চিকিৎসার জন্য নিয়ে যায়। শ্রীমঙ্গল উপজেলা কমপ্লেক্সে কতৃপক্ষ কত্যব্যরত ডাঃ রোগীর অবস্থা বেগতিক দেখে রোগী সুরুক কে উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজারে স্থানান্তরিত করা হয়।মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পৌছালে সর্বশেষ ডাক্তারদের পরামর্শে সিলেটে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাবার পরামর্শ প্রদান করেন। এরি ধারাবাহিকতায় যাবার সময় রাস্তায় আহত সুরুক মৃত্যুবরন করেন।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড মেম্বার আবদুস শহীদের সাথে কথা বললে তিনি জানান, তারা উভয়েই আত্মীয়, তর্কবিতর্কের একপর্যায়ে নির্মম এই ঘটনা ঘটেছে তবে সঠিক কারণ এখনো বলতে পারতেছি না তিনি আরো জানান ঘটনার সংবাদ পেয়ে শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা  হুমায়ুন কবির সহ এসআইআল আল আমীন ও এস আই ইউসুফ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়দের সুত্রে জানা যায়, ফয়সালের আঘাতেই সুরুক মিয়া আহত হয়ে মৃত্যুবরন করেছে। ২৬ তারিখ থানা পুলিশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে পাঠান ও ২৭ তারিখ ময়নাতদন্ত শেষে লাশ নিয়ে আসেন।

শ্রীমঙ্গল থানার তদন্ত কর্মকর্তা  হুমায়ুন কবির বলেন, ৫ জনকে আসামী করে হত্যার অভিযোগে প্রক্ষিতে একজনকে আটক করা হয়েছে,বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।নিহত ব্যাক্তিকে ময়না তদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে বলে তদন্ত অছি হুমায়ুন কবির নিশ্চিত করেন।

“উন্নয়নশীল দেশে বাংলাদেশ” উপলক্ষে খাগড়াছড়িতে মেলার উদ্বোধন

মুহাম্মদ রায়হান আদনান, রামগড়,খাগড়াছড়িঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে বাংলাদেশ’ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি জেলার রামগড়ে ২দিন ব্যাপি উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।

মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মুু. মাহমুদ উল্যাহ মারুফ। শনিবার (২৭ মার্চ) সকাল ১০টায় রামগড় উপজেলার রামগড় মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উন্নয়ন মেলা থেকে একটি র্যালী বের করা হয়।

এটি রামগড় বাজারের মূল সড়ক প্রদক্ষিণ করে উন্নয়ন মেলায় গিয়ে শেষ হয়। পরে মেলার একটি স্টলে উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্যাহ মারুফ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন, রামগড় থানা অফিসার ইনচার্জ মো: শামসুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা: প্রতিক সেন, মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু কাউছার, তথ্য কর্মকর্তা বেলায়েত হোসেন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক শাহ আলম সহ প্রমুখ।

পরে মেলা আগত অতিথিরা মাস্ক পরিধান করে বিভিন্ন দপ্তরের স্থাপিত ৮টি স্টলে সাজানো উন্নয়ন চিত্র পরিদর্শন করেন। মেলাটি আগামীকাল শেষ হওয়ার কথা রয়েছে।

ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে ২ দিন ব্যাপি উন্নয়ন মেলা

রাণীশংকৈল ( ঠাকুরগাও) প্রতিনিধিঃ “বাংলাদেশের এক অনন্য অর্জন, স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ” – এ প্রতিপাদ্য নিয়ে ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলায় ২ দিন ব্যাপি উন্নয়ন মেলা-২০২১ উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে ২৭ মার্চ শনিবার সকালে পৌর শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিতে সাবেক সংসদ ও জেলা আ’লীগ সহ-সভাপতি  সেলিনা জাহান লিটা, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও পৌর মেয়র মোস্তাফিজুর রহমান নেতৃত্ব দেন। র‍্যালি শেষে উপজেলা চত্বরে ১৮ টি স্টল নিয়ে সাজানো উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়।
পরে উপজেলা সভাকক্ষে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না। বিশেষ অতিথি অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য জেলা ওয়ার্কার্স পাটির সভাপতি ইয়াসিন আলি, সাবেক সংসদ সদস্য ও জেলা আ’লীগের সহ-সভাপতি সেলিনা জাহান
লিটা, আ’লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক,পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, সহকারি কমিশনার(ভূমি) প্রীতম সাহা।
এ ছাড়াও সভায় বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতা, শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে সরকারের উন্নয়ন কর্মকান্ড প্রদর্শন করা হয়। আরো বক্তব্য দেন, কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি ইত্তেফাক প্রতিনিধি আনোয়ারুল ইসলাম প্রমুখ।