পটিয়াতে হেফাজতের ঝটিকা মিছিল থানায় হামলার অভিযোগ

শুক্রবার (২৬ মার্চ) বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রামের পটিয়ায় হেফাজতে ইসলামের ঝটিকা মিছিল থেকে পটিয়া থানায় হামলার অভিযোগ পাওয়া গেছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগমনের প্রতিবাদে বের করা হেফাজতের মিছিল থেকে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার।

তিনি জানান, এ ঘটনায় থানার সামনের পাঁচটি হেড লাইট ও নিরাপত্তা প্রহরীর রুমে একটি গ্লাস ভাঙচুর করা হয়েছে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করলে তারা মিছিল নিয়ে মাদ্রাসায় চলে যায়।

এদিকে, ঘটনার পর বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও আওয়ামী লীগের নেতা কর্মীরা তাৎক্ষণিক হেফাজতের হামলা নৈরাজ্যের প্রতিবাদে একটি মিছিল বের করে। পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বাংলাদেশ ইসলামী যুবসেনা দক্ষিণ জেলার সভাপতি মাস্টার কমরুদ্দিন আহমদ বলেন, আমরা স্বাধীনতার পক্ষে রাজনীতি করি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী আমাদের গৌরব। পৃথিবীর বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা আমাদের দেশে মেহমান হিসেবে আসছে। মেহমানদের সম্মান করা ইসলাম সম্মত, স্বাধীনতাবিরোধীরা দেশকে অস্থিতিশীল করতে এই হামলা চালিয়েছে।

হাটহাজাড়িতে পুলিশের সাথে মাদ্রাসা ছাত্রদের সংঘর্ষে ৪ জন নিহতের ঘটনা পরিস্থিতি সামাল দিতে স্থানীয় সাংসদের সাথে বৈঠক চলছে

 

হাটহাজারীতে পুলিশের সঙ্গে হেফাজতে ইসলামের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ ৪ জন মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া।

শিলব্রত বড়ুয়া বলেন, হাটহাজারী থেকে ৪ জন গুলিবিদ্ধ ব্যক্তিকে চমেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। নিহতরা হলেন, মেরাজ হোসেন, রবিউল, জামাল এবং আবদুল্লাহ। আহত রয়েছে অর্ধশতাধিক। তবে এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশে আগমনের বিরোধীতা করে বিক্ষোভকে কেন্দ্র করে হাটাহাজারীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় হেফাজতে ইসলাম। এক পর্যায়ে হেফাজতের নেতারা হাটহাজারী থানা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়েছে। ওই এলাকা পুরো রণক্ষেত্রে পরিণত হয়।

এনিয়ে হেফাজত ইসলামের সাথে বৈঠকে বসেছেন স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। মডেল থানার দ্বিতীয় তলায় এ বৈঠক চলছে। এ বৈঠকে হেফাজত ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত আছেন, মাদ্রাসার শিক্ষক ও পরিচালনা কমিটির সদস্য মাওলানা ইয়াহিয়ার,মুফতি জসীম উদ্দীন,মীর ইদ্রিস,মাওলানা নাছির উদ্দীন মুনিরী।

প্রশাসনের পক্ষ থেকে চট্টগ্রামের পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আনোয়ার হোসেন ও পুলিশ সুপার রশিদুল হক,মশিউদোল্লা রেজা,আব্দুল আল মাসুম,হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো: শাহাদাত হোসেন,উপজেলা নির্বাহী অফিসার রুহুল আমিন,ওসি মো: রফিকুল ইসলাম।

দিন দিন করোনার আগ্রাসীরূপ ধারণ, আরো ৩৪ জনের মৃত্যু দেশে

সিএনবিডি ডেস্কঃ দেশে দিন দিন করোনা আগ্রাসীরূপ ধারণ করছে। করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জন মারা গেছেন। ফলে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭৯৭ জনে। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৫৮৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৮৪ হাজার ৩৯৫ জনে।

আজ বৃহস্পতিবার (২৫ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৯৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৯ হাজার ৮৯৪ জন।

উল্লেখ্য, এর আগের দিন বুধবার (২৪ মার্চ) দেশে আরও ৩ হাজার ৫৬৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে আরও ২৫ জন মারা যান।

 

শ্রীমঙ্গলে ১০ কেজি গাঁজা সহ আটক ৪

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃমৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় ২৪ মার্চ বুধবার সন্ধ্যা ৬টায় গোপন তথ্য মতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-১ (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল শ্রীমঙ্গল সদর ভানুগাছ রোডের শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মোঃ মহসিন মিয়া(মধুু) বসত বাড়ীর পূর্ব পাশে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১০ কেজি গাঁজা উদ্ধার এবং ৪ জনকে গ্রেফতার করে।
আটককৃতরা হলেন-  ১।বিকাশ রবি দাস (২৪), পিতা-দুলাল রবি দাস, সাং-দারা গাঁও চা বাগান, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ।
২। লাল বাবু বাড়াইক (২৫), পিতা-মৃত শ্যাম লাল বাড়াইক, সাং- মিতিংগা চা বাগান, থানা-কমলগঞ্জ, জেলা-মৌলভীবাজার।
৩। সৌরভ রূদ্র পাল (১৮), পিতা-করুনা রূদ্র পাল, সাং-মধুপুর চা বাগান, থানা-বাহুবল, জেলা-হবিগঞ্জ।
৪। সত্য নারায়ণ দাস (১৮), পিতা- রাম চরণ দাস, সাং- মাজদিহি চা বাগান, থানা- শ্রীমঙ্গল, জেলা- মৌলভীবাজার।
গ্রেফতারকৃতরা পরবর্তী সময়ে নিজে স্বীকার করে তারা দীর্ঘদিন হতে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে আশে পাশের বিভিন্ন জেলার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিল। এই সূত্রে মাদককারবারিগন একত্রে মজুত করে অন্যত্র স্থানান্তরের জন্য। গ্রেফতারকৃত আসামীদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে র‌্যাব মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আটককৃত গাঁজা আলামতসহ আসামীদ্বয়কে সংশ্লিষ্ট শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করেছে।
 শ্রীমঙ্গল থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি)আব্দুল ছালিকের  সঙ্গে যোগাযোগ করা হলে এর সত্যতা নিশ্চিত করেন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ অনুযায়ী বিজ্ঞ আজ বৃহস্পতিবার ২৫শে মার্চ আদালতে প্রেরন করেন।

নওগাঁয় ৮৮ হাজার ৩শ ৬৩ ব্যক্তির শরীরে ভ্যাকসিন প্রদান

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ জেলায় এ পর্যন্ত ৮৮ হাজার ৩শ ৬৩ জন ব্যক্তিকে কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন প্রদান করা হয়েছে। গত ২৪ মার্চ বুধবার পর্যন্ত জেলার ১১টি উপজেলায় এই পরিমান ভ্যাকসিন
প্রদান করা হয়েছে। ভ্যাকসিন গ্রহণকারীর মধ্যে ৫৪ হাজার ৭শ ৯২ জন পুরুষ এবং ৩৩ হাজার ৫শ ৭১ জন মহিলা।

জেলার ডেপুটি সিভিল সার্জন ডাঃ মঞ্জুর মোরশেদ জানিয়েছেন উপজেলা ভিত্তিক ভ্যাকসিন নেয়া ব্যক্তির সংখ্যা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় ১৭ হাজার ৭শ ১১ জন, রানী নগর উপজেলায় ৪ হাজার ৬শ ৪৬ জন, আত্রাই উপজেলায় ৬ হাজার ৮শ ৪০ জন, মহাদেবপুর উপজেলায় ৯ হাজার ২৬ জন, মান্দা উপজেলায় ৮ হাজার ৭শ ১০ জন, বদলগাছি উপজেলায় ৬ হাজার
২শ ৭৯ জন, পত্নীতলা উপজেলায় ৯ হাজার ৫শ ১২ জন, ধামইরহাট উপজেলায় ৬ হাজার ৯শ ২৬ জন, নিয়ামতপুর উপজেলায় ৬ হাজার ৯শ ৪৩ জন, সাপাহার উপজেলায় ৭ হাজার ৭শ ২০ জন এবং পোরশা উপজেলায় ৪ হাজার
১শ ৫০ জন।

সূত্র জানিয়েছে,  প্রথমধাপে প্রাপ্ত ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে অতিরিক্ত ডোজ আনা হয়েছে। এ জেলায় প্রথম ধাপে ৮৪ হাজার ডোজ ভ্যাকসিন সরবরাহ পাওয়া গেছে। সেগুলো শেষ হয়ে যাওয়ায় রাজশাহী থেকে অতিরিক্ত ১৫ হাজার ডোজ ভ্যাকসিন সরবরাহ নেয়া হয়েছে। আর আগামী এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় ডোজ ভ্যাকসিন প্রদানের কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে স্বাস্থ্য বিভাগে জেলার জন্য ভ্যাকসিন প্রাপ্তির চাহিদাপত্র ইতিমধ্যেই প্রেরন করা হয়েছে বলে ডেপুটি সিভিলসার্জন জানিয়েছেন।

মৌলভীবাজারে গণহত্যা দিবসে গণকবরে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি

তিমির বনিক, মৌলভীবাজারঃ গণহত্যা দিবস  উপলক্ষে আজ ২৫ মার্চ ২০২১ইং রোজ বৃহস্পতিবার সকালে  মৌলভীবাজার জেলার  শাহ মোস্তফা রোডের পাশে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় মৌলভীবাজার জেলার সর্বস্তরের জনসাধারণ।

এসময় জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান, মৌলভীবাজার – ০৩ আসনের  মাননীয় সংসদ সদস্য জনাব নেছার আহমদ,মৌলভীবাজার জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান, পুলিশ সুপার, মৌলভীবাজার জনাব মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার সদর পৌরসভা মেয়র জনাব মোঃ ফজলুর রহমান ও অন্যান্য ব্যক্তিবর্গ ও আপামর জনসাধারণ সহ বিভিন্ন নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন ও ১ মিনিট নীরবতা পালনর মাধ্যমে শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।

রানীশংকৈলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ২৫ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্রি ডায়াবেটিস ক্যাম্পের উদ্বোধন করেন নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের উদ্যোগে এদিন সকালে রাণীশংকৈল মডেল স্কুল মাঠ প্রাঙ্গণে এ ফ্রি ডায়াবেটিস ক্যাম্পে ডাইবেটিস নির্ণয় কার্যক্রম সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত চলে।

উপজেলা আ’লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পীরগঞ্জ ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের প্রতিষ্ঠাতা পরিচালক ও ব্যবস্থাপক উপাধ্যক্ষ ফয়জুল ইসলাম।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য সাবেক সাংসদ অধ্যাপক ইয়াসিন আলী। উদ্ভোধক হিসাবে বক্তব্য রাখেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি ছিলেন, পৌর আ’লীগের সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, অবসরপ্রাপ্ত  প্রধান শিক্ষক বিজয় কুমার রায়, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, আ’লীগ নেতা প্রভাষক প্রশান্ত  বসাক, মহিলা আ’লীগের সম্পাদক ফরিদা ইয়াসমিন, প্রধান শিক্ষক আবু শাহানশাহ্ ইকবাল, প্রধান শিক্ষক ফরিদা ইয়াসমিন প্রমুখ।

এ ছাড়াও এলাকার সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, ডায়াবেটিস হাসপাতালে কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ডায়াবেটিস সমিতি ও হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার ডাক্তার মোহাম্মদ আলী ডায়াবেটিকস পরীক্ষা-নিরীক্ষার দায়িত্ব পালন করেন। এ কার্যক্রমে প্রায় শতাধিক নারী পুরুষের ডাইবেটিস পরীক্ষা নিরীক্ষা করা হয়।

সিএনজি চোর চক্রের একজন আটক

মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে চোরাইকৃত সিএনজিসহ ধাওয়া করে হাতেনাতে চোর চক্রের একজনকে আটক করেছে পুলিশ।
পুলিশের সুত্রে জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় শ্রীমঙ্গল শহরের নতুনবাজার এলাকার আলু বাজার থেকে একটি সিএনজি ( মৌলভীবাজার -থ ১৩ ২৫৭১) চুরি হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা পুলিশ হবিগঞ্জ জেলার নবীগঞ্জের  আউশকান্দি এলাকায় উত পেতে  থেকে ধাওয়া করে সিএনজিটি উদ্ধার করে এবং একজনকে হাতেনাতে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। তার নাম  ইব্রাহিম আহম্মদ সুজন মিয়া (২২) পিতা-বাবুল মিয়া, গ্রাম নন্দনপুর, ইউপি লামাতাশি,থানা বাহুবল,হবিগঞ্জ জেলা।
শ্রীমঙ্গল থানার ওসি আব্দুছ ছালেক গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে বলেন “আমাদের পুলিশের একটি টিম সংবাদ পাওয়ার পর ধাওয়া করে সিএনজিসহ চোরকে আটক করতে সক্ষম হই। প্রয়োজনীয় আইনি কার্যক্রম সম্পাদন করে আসামীকে আদালতে প্রেরণ করা হবে।

বাংলাদেশে সন্ত্রাস উসকানির দায়ে যুক্তরাজ্যে বাংলাদেশী প্রবাসীর ৩ বছরের কারাদণ্ড

সিএনবিডি ডেস্কঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড সংঘটনে উস্কানির দায়ে যুক্তরাজ্যে এক বাংলাদেশী প্রবাসীকে ৩ বছরের কারাদন্ড দিয়েছে দেশটির আদালত। কারাদন্ড প্রাপ্ত আসামীর নাম মুন্না হামজা (৫০)।  গত ১৯ মার্চ উলউইচ ক্রাউন কোর্ট তাকে তিন অভিযোগের ভিত্তিতে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বলে ইউকে মেট্রোপলিটন পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

দেশটির মেট্রোপলিটন পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকান্ডে উৎসাহ জোগাতে সামাজিক যোগাযোগমাধ্যমে হামজার পোস্ট নিয়ে এক নাগরিক পুলিশকে জানালে তাকে গ্রেপ্তার করা হয়।

কাউন্টার টেররিজম কমান্ডের প্রধান কমান্ডার রিচার্ড স্মিথ বলেন, ‘এর ফলে সহিংসতা ও সন্ত্রাস উস্কে দেওয়ার মতো আর কোনো কিছু প্রকাশ করা থেকে তাকে আমরা বিরত রাখতে পেরেছি। তা না হলে ভয়াবহ কিছু ঘটে যাওয়ার শঙ্কা ছিল।’

২০১৮ সালের ১৭ মে হামজার আগের দিনের একাধিক পোস্ট নিয়ে সতর্ক করেন একব্যক্তি। কাউন্টার টেররিজম কর্মকর্তারা তদন্ত করে প্রাথমিকভাবে পাঁচটি উদ্বেগজনক পোস্ট খুঁজে পায়। সেসব পোস্টে হামজা বাংলাদেশের প্রধানমন্ত্রী ও সরকারের বিরুদ্ধে মারাত্মক সহিংসতামূলক কর্মকাণ্ড সংঘটনে অন্যদের প্রতি আহ্বান জানান।

এরপরে তারই প্রেক্ষিতে ২০১৮ সালের ৪ জুলাই হামজাকে দক্ষিণ লন্ডন থেকে গ্রেপ্তার করেন লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেররিজম কমান্ডের সদস্যরা। সাথে তার কম্পিউটার, ফোন ও মেমোরি কার্ডও জব্দ করে পুলিশ। হামজা ওই সব পোস্ট প্রকাশের দায় স্বীকার করেন এবং পরে জামিন পান।

তবে ২০১৯ সালের ২৮ জানুয়ারি তার বিরুদ্ধে ২০০৬ সালের ‘টেররিজম অ্যাক্ট’ এর ১(২) ধারায় সন্ত্রাসবাদে উৎসাহ যোগানোর চার ধরনের ঘটনায় অভিযোগপত্র দেওয়া হয়। ২০২১ সালের ১৩ জানুয়ারি তিনটি ঘটনায় হামজার বিরুদ্ধে আইন লঙ্ঘনের অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আরেকটিতে তিনি নির্দোষ সাব্যস্ত হন। এবং গত ১৯ মার্চ তাঁকে ৩ বছরের সাজা দিয়ে জেল হাজতে প্রেরণ করেন আদালত।

সুত্রঃ মেট্রো পুলিশ ইউকে।