রাজধানীর দক্ষিনখানে ব্যবসায়ী গুলিতে নিহত

সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকার উত্তর সিটি কর্পোরেশনের দক্ষিণ খান এলাকায় ব্যবসায়ের মধ্যকার বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে গুলির বিনিময় ঘটনা ঘটে। এ ঘটনার দরুন এক ব্যবসায়ী নিহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে।

গতকাল মঙ্গলবার সকাল সাড়ে দশটায় দক্ষিণ খান এলাকার আইনুসবাগ চাদনগরে এ ঘটনা ঘটে।

নিহত ব্যবসায়ীর নাম আবদুর রশিদ।

দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম বলেন, “ঘটনাস্থলে থাকা পুলিশ এই ঘটনার সাথে কারা জড়িত ছিল তা সন্ধানের চেষ্টা করছে।”

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, বালু ব্যবসায়ীকে নিয়ে ব্যবসায়ী আবদুর রশিদের প্রভাবশালী আমিনুল ইসলাম হান্নানের সাথে বিরোধ চলছিল। সেই বিবাদকে কেন্দ্র করে গুলিবিদ্ধ হয়েছেন আবদুর রশিদ।

দক্ষিণ খান থানার ওসি সিকদার মোঃ শামীম জানান, সকাল সাড়ে দশটায় দু’পক্ষের মধ্যে গুলিবর্ষণ হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ ব্যবসায়ী আব্দুর রশিদ নিহত হয়েছেন। পরে তার মরদেহ স্থানীয় কেসি হাসপাতালে নেওয়া হয়।

হান্নান নামে একজন জাপানী ব্যক্তি এই হত্যাকাণ্ডে জড়িত আছে বলেও তিনি মন্তব্য করেন।

মৌলভীবাজারে করোনায় ১জনের মৃত্যু

তিমির বণিক, মৌলভীবাজারঃ করোনার দ্বিতীয় ধাপে মৌলভীবাজারে করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। সেই সাথে দুই দিনে পরীক্ষায় ১৮ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে।

মঙ্গলবার ২৪ মার্চ দূপুরে মৌলভীবাজারের সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বিষয়টি নিশ্চিত করেন।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, দুই দিনে ৫৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠালে ১৮ জনের করোনা পজেটিভ আসে। আক্রান্তদের মধ্যে সদর হাসপাতালে ১৪ জন, শ্রীমঙ্গলে ২ জন, কমলগঞ্জে ১জন ও কুলাউড়ায় ১ জন। এর মধ্যে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। তার বাড়ি মৌলভীবাজার পৌর এলাকার ৯ নং ওয়ার্ডের শেখেরগাঁও এলাকায়।

জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১৯ শত ৮৪। সুস্থ রোগীর সংখ্যা ১৯শত ১২। এবং মৃতের সংখ্যা ২৩।

সিভিল সার্জন জানান, মৃত ব্যক্তি আগে থেকেই করোনা সন্দেহে সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চিকিৎসা নিতে ভর্তি ছিলেন। তার নমুনা পাঠানোর পর পরীক্ষার ফলাফল আসার আগেই তার মৃত্যু হয়। এই রিপোর্টটি শাহজালালা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত।

রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে পাট-বীজ ও সার বিতরণ শুরু

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে উপজেলায় মঙ্গলবার (২৩ মার্চ) বিনামূল্য কৃষকদের মাঝে চলতি মৌসুমে আবাদের জন্য পাট-বীজ ও সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। পাট সম্প্রসারণ ও বাস্তবায়নকারি অধিদপ্তরের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম চলমান থাকবে বলে জানা গেছে।

এ উপলক্ষে এদিন সকালে পরিষদ চত্বরে  উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না ও  ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির এ বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা  অসীম কুমার মালাকারসহ কৃষি দপ্তরের বিভিন্ন  কর্মকর্তা কর্মচারী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

উদ্বোধনীতে ১১ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি পাট বীজ ৬ কেজি ইউরিয়া,৩ কেজি পটাশ ও  ৩ কেজি টিএসপি সার দেয়া হয়েছে ।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে এবার উপজেলায় মোট ২ হাজার ৪০০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে পাট বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হবে ।

মুরাদনগরে যক্ষ্মা দিবস পালিত

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর প্রতিনিধিঃ “মুজিব বর্ষের অঙ্গীকার, যক্ষ্মা মুক্ত বাংলাদেশ গড়ার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লার মুরাদনগরে র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে যক্ষ্মা দিবস পালন করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাক এর উদ্যোগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি র‌্যালি বের হয়ে সদরের গুরুত্বপূর্ন সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নাজমুল হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ডা: সিরাজুল ইসলাম মানিক, ডা: গোলাম ফরহাদ জিলানী। ব্র্যাকের পক্ষ থেকে বক্তব্য রাখেন মো: রাকিব ভূইয়া, আজিজুল হক, আলতাফ হোসেন ভূইয়া প্রমুখ।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান’র জন্মদিন আজ

স্পোর্টস ডেস্কঃ বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান’র আজ শুভ জন্মদিন। আজকের এই দিনে ৩৩ বছর পার করে ৩৪তম বর্ষে পা দিলেন ক্রিকেটার সাকিব। ১৯৮৭ সালের ২৪ মার্চে মাশরুর রেজা আর শিরিন শারমিনের ঘর আলোকিত করে জন্ম নেন ক্রিকেট বিশ্বের এই উজ্জ্বল নক্ষত্র।

পরিবারের প্রথম ও একমাত্র ছেলে হিসেবে পেয়েছেন বাবা-মার অফুরন্ত ভালোবাসা। বাবা মাশরুর রেজা একসময় মাগুরায় ভালো ফুটবল খেলতেন, সেকারণেই সাকিবের শুরুটা হয় ফুটবল দিয়ে। বাবার ইচ্ছাও ছিল তাই। কিন্তু কিভাবে যে ক্রিকেটে চলে আসলেন তা এখন ইতিহাস।

সাকিব ২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন শিশিরের সাথে। দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে সাজানো সংসার তাদের।

সাকিব আল হাসানের ক্রিকেটে অভিষেক হয় ২০০৬ সালের আগস্ট মাসে জিম্বাবুয়ের বিপক্ষে এক দিনের আন্তর্জাতিক ম্যাচে। তিনি বামহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান এবং বামহাতি অর্থোডক্স স্পিনার। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি’র একজন প্রাক্তন শিক্ষার্থী। তার খেলার মান আর ধারাবাহিকতা তাকে নিয়ে গেছে এক নতুন উচ্চতায়। হয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

ঢাবি’তে মোদি বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলায় আহত অন্তত ২০-২৫

সিএনবিডি ডেস্কঃ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশে আগমনের প্রতিবাদে প্রগতিশীল ছাত্রজোটের বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ কর্মসূচিতে ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন সাংবাদিকসহ অন্তত ২০-২৫ জন আহত হয়েছেন।

গত মঙ্গলবার (২৩ মার্চ) সন্ধ্যায় ছাত্রলীগের হামলায় প্রগতি বর্মণ তমা, মেঘমল্লার বোস, অসমানী আশা, সুমাইয়া সেতু এবং দৈনিক মানব জমিনের জীবন আহমেদ এবং দৈনিক দেশ রূপান্তরের রুবেল রাশিদসহ প্রগতিশীল ছাত্র জোটের ২৫ জন নেতা-কর্মী রয়েছেন। এই হামলার ঘটনায় সাংবাদিক সহ এক জোটের এক নারী কর্মীকেও রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখা গেছে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ঘটনাসুত্রে জানা যায়, ৫ টায় প্রগতিশীল ছাত্র জোট টিএসসি থেকে বিক্ষোভ মিছিল নিয়ে রোকেয়া হল-রাজু ভাস্কর্য-শাহবাগ হয়ে পুনরায় রাজু ভাস্কর্য সংলগ্ন ডাসের সামনে নরেন্দ্র কুশপুত্তলিকা দাহ প্রস্তুতি নিচ্ছিলো। এসময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী এসে কুশপুত্তলিকা কেড়ে নেয়।

এতে দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে ছাত্রলীগের কর্মীরা কুশপুত্তলিকা নিয়ে চলে গেলে প্রগতিশীল কর্মীরা মোদী বিরোধী ব্যানার পোস্টার পোড়ায়।

এর একটু পরেই ডাসের পেছনে অবস্থান নেওয়া একদল ছাত্রলীগ নেতাকর্মী হামলা শুরু করে। জোটের নেতাকর্মীরা পাল্টা প্রতিরোধ করলে উভয় পক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি শুরু হয়।

হামলার এক পর্যায়ে প্রগতিশীল ছাত্র জোট পিছু হটলে ছাত্রলীগের কর্মীরা তাদের দাওয়া করে মিশুক মুনীর চত্বরের সামনে এনে পুনরায় মারধর করে। জোটের নেতাকর্মীদের ছাত্রলীগ হেলমেট, ইট, ডাব দিয়ে মারধর করে।

ছাত্রফ্রন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি সালমান সিদ্দিক বলেন, ‘আমাদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগ হামলা করেছে। আমাদের কমপক্ষে ২০-২৫ জন ভাই আহত হয়েছেন এবং তাদের মধ্যে ১৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভূষিত করা হয় ২০২০ সালের জন্য গান্ধী শান্তি পুরষ্কার উদযাপন করে গতকাল সকাল থেকে ছাত্রলীগের কয়েক শতাধিক নেতাকর্মী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং মধুর ক্যান্টিনে গিয়েছিলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভারত সরকার গান্ধী শান্তি পুরস্কার ২০২০ এ ভূষিত করায় এর উদযাপনের অংশ হিসেবে সকাল থেকেই ছাত্রলীগের কয়েক শতাধিক নেতা-কর্মী বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এবং মধুর ক্যান্টিনে অবস্থান নেয়।

সূত্র : ইউএনবি। 

বাংলাদেশের স্বাধীনতা ৭ই মার্চের ভাষণের পথ ধরে অর্জিত হয়েছে : ইউনেস্কো

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশের স্বাধীনতা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণের পথ ধরে অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক অড্রে অ্যাজুলাই। গতকাল (২৩ মার্চ) বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর ভাষণটি তাৎপর্যপূর্ণ এই কারণে যে, এটা বাংলাদেশকে স্বাধীনতার দিকে ধাবিত করেছে। একইসঙ্গে স্বাধীনতা, মানবাধিকার, মর্যাদা এবং শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের অগ্রগতির মত বৈশ্বিক মূল্যবোধের প্রতিফলনের কারণেও এটি তাৎপর্যপূর্ণ।

ইউনেস্কো প্রধান বলেন, একইসঙ্গে স্বাধীনতা, মানবাধিকার, মর্যাদা এবং শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের অগ্রগতির মত বৈশ্বিক মূল্যবোধের প্রতিফলনের কারণেও এটি তাৎপর্যপূর্ণ। ঐতিহাসিক গুরুত্বের কারণেই তার ভাষণটি ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড হেরিটেজে স্থান পেয়েছে। আর ৫০ বছর আগে ৭ মার্চে বঙ্গবন্ধুর দেয়া ঐতিহাসিক এ গুরুত্বপূর্ণ ভাষণ দেশটির স্বাধীনতার নেতৃত্ব দেয়ায় বাংলাদেশ এবং বিশ্ব এই দিনটি উদযাপন করছে। ইউনেস্কো যে কারণে এই ঐতিহাসিক ভাষণটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে অন্তর্ভুক্ত করেছে, সেই একই কারণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উদযাপনে যোগ দিয়েছে।

ইউনেস্কো প্রধান আরো বলেন, “স্বাধীনতার পরের বছরই ইউনেস্কোর সঙ্গে বাংলাদেশের যে সংযোগ তৈরি হয়েছে, তার ধারাবাহিকতা এখনও রয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে বিভিন্ন সহযোগিতার মাধ্যমে। এই সহযোগিতা প্রথমত শিক্ষাক্ষেত্রে, বিশেষ করে নারী ও কন্যাশিশুর শিক্ষায়। এই সহযোগিতা ঐহিত্য সংরক্ষণেও।”

তিনি বলেন, ঐতিহ্যের ক্ষেত্রে বন্ধনের কারণে বাংলাদেশের পাহাড়পুর বৌদ্ধ বিহার, বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ, সুন্দরবন ও জামদানিসহ বিভিন্ন কিছু ইউনেস্কোর স্বীকৃতি পেয়েছে।

অড্রে অ্যাজুলাই বলেন, বিশ্ব যখন একটি গভীর সংকট মোকাবেলা করছে, তখন শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞানের মতো বিষয়ে বাংলাদেশ ও ইউনেস্কোর আন্তর্জাতিক পরিমণ্ডলে সহেযাগিতা পূর্বের যেকোনো সময়ের চেয়ে গুরুত্বপূর্ণ। ইউনেস্কো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রচলন করবে। আসুন আশাবাদী এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করি, কেননা মানবতার জন্য সংগ্রাম অধিকার, মুক্তি ও স্বাধীনতার জন্যও সংগ্রাম।

 

নওগাঁ’র মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৫২৫ পরিবারের মধ্যে গাছের চারা, মাস্ক ও সাবান বিতরণ

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁ’র মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জনগণের মধ্যে গাছের চারা, ফেস মাস্ক এবং সাবান বিতরন করা হয়েছে। করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি কল্পে বেসরকারী উন্নয়ন সংগঠন পল্লী সহযোগিতা বিষয়ক সংস্থা ”আরকো” এগ্রিকালচার এন্ড ফুড সিকিউরিটি এ্যাসিসট্যান্স প্রকল্পের আওতায় এলাকার ৫২৫টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে এসব বিতরন করা হয়েছে।

গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা থেকে মহারেদবপুর উপজেলার ধনজইল বাজারে চেরাগপুর ইউনিয়ন পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব গাছের চারা, মাস্ক ও সাবান বিতরন করেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ।

আরকো’র নির্বাহী কমিটির সভাপতি সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক-এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিবনাথ মিশ্র এবং আরকো’র নির্বাহী পরিচালক সজল কুমার চৌধুরী বক্তব্য রাখেন। মহাদেবপুর উপজেলার চেরাগপুর ও পার্শ্ববর্তী ইউনিয়ন সমূহের ৫২৫ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবারের মধ্যে বারী-৪ জাতের ১টি করে আমগাছের চারা, বারী-১ জাতের ১টি করে মাল্টা চারা, রেডলেডি জাতের ৪টি করে পেঁপে চারা, ৫টি করে মাস্ক এবং ১টি করে সাবান বিতরন করা হয়।

সিলেট র‍্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের যৌথ অভিযানে ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা

সিলেট প্রতিনিধিঃ র‌্যাব-৯ মেজরটিলা ইসলামপুর ক্যাম্পের বিশেষ টিম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণের নিয়মিত  অভিযানে,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামিউল আলম এর নির্দেশনায় সহকারী পরিচালক: মোঃ আমিরুল ইসলামসহ যৌথ অভিযান চালিয়ে ৩ টি প্রতিষ্ঠান কে নোংরা পরিবেশে  ফুড, এবং ভিবিন্ন ধরনের সামগ্রী সহ খাদ্য উৎপাদনে ভেজাল থাকার কারনে  মোট ৭৫ হাজার  টাকা জরিমানা করা হয়।

প্রতিষ্ঠানগুলো হল। আইডিয়াল ফুডস, ১৫, হাজার টাকা। হানিফ আইসক্রীম, ২০, হাজার টাকা,ও কোয়ালিটি ফুড ৪০, হাজার টাকা। সর্বমোট ৭৫,০০০/- টাকা জরিমানা করা হয়।

পরে, জরিমানা কৃত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব ৯।

 

দেশে একদিনে ৩৫৫৪ জন করোনায় আক্রান্ত, মৃত্যু আরো ১৮ জনের

সিএনবিডি ডেস্কঃ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৭৩৮ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ হাজার ৫৫৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৫ লাখ ৭৭ হাজার ২৪১ জনের।

আজ মঙ্গলবার (২৩ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়,  গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১৩ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১২ দশমিক ৯৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯১ দশমিক ১২ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৫২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ, ছয় জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে তিন জন। এছাড়া রংপুর বিভাগে এক জন রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৭ জন, বাড়িতে এক জন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয় জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুই জন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৮৩৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন পাঁচ লাখ ২৫ হাজার ৯৯৪ জন।