যুক্তরাষ্ট্রে মুদি দোকানে বন্দুকধারীর হামলায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ মার্কিন যুক্তরাষ্ট্রের কলারাডো অঙ্গরাজ্যে কিং সুপারস নামে একটি মুদি দোকানে গতকাল সোমবার এক বন্দুকধারীর হামলায় ১০ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে এক পুলিশ কর্মকর্তাও রয়েছেন। যার নাম এরিক ট্যালি (৫১)। তাঁর মৃত্যুতে বোল্ডার পুলিশ বিভাগ শোক প্রকাশ করেছে।

পুলিশ গণমাধ্যমকে জানায়, প্রায় এক ঘণ্টা ধরে পুরো এলাকা স্থবির করে রেখে এই গোলাগুলি চালায় ওই বন্দুকধারী। এআর-১৫ স্টাইলের রাইফেল ব্যবহার করে এই হামলা চালানো হয়। তবে পুলিশের মুখোমুখি হওয়ার এক ঘণ্টা পর উদোম গায়ে থাকা ওই হামলাকারীকে গ্রেফতার করা হয়।

এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, কলোরাডোর দক্ষিণ বৌলডারে অবস্থিত ওই গ্রোসারি সুপারমার্কেটে হঠাৎ এক ব্যক্তি আসেন। ভেতরে ঢোকার পরই কোনো কথা না বলে রাইফেল দিয়ে গুলিবর্ষণ শুরু করেন তিনি। এতেই নিহতের ওই ঘটনা ঘটে।

কলোরাডো অ্যাটর্নি জেনারেল ফিল ওয়েইসার এক বিবৃতিতে সোমবারের ওই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, আমি গভীরভাবে আহত এবং ক্ষুব্ধ।

ঘটনাস্থল সুপারমার্কেটের সামনে এখনও প্রচুর সংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

সুত্রঃ ইউএসএ টুডে। 

নওগাঁয় হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন ও স্ত্রীর ৩ মাসের সশ্রম কারাদন্ড

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দাদয়রা জজ আদালত একটি হত্যা মামলার রায়ে এক ব্যক্তির যাবজ্ঝীবন কারাদন্ড এবং আরেক জনের ৩ মাসের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেছেন। জেলার আত্রাই উপজেলার জাহাঙ্গীর প্রামানিক (৩০) নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে উক্ত আদালতের বিজ্ঞ বিচারক গাজী দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে এই রায় প্রদান করেছেন।

রায়ে ঐ মামলার আসামী আত্রাই উপজেলার কচুয়া উত্তর পাড়া গ্রামের মোঃ রেজাউল প্রামানিক ওরফে লালু (৩৫) কে যাবজ্জীবন কারাদন্ড, ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড, অপর আসামী লালুর স্ত্রী লাকী বেগমকে ৩ মাসের সশ্রম কারাদন্ড, নগদ ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ দিনের সশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেছেন।

মামলার নথি সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জের ধরে গত ২০১৪ সালের ৫ মার্চ আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিককে রাতের বেলা গভীর নলকূপ ঘর পাহারা দেওয়ার সময় গলা কেটে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের সঙ্গে বিরোধ চলে আসছিল। বিরোধের এই জের ধরে উভয়পক্ষের মধ্যে একাধিকবার কথাকাটাকাটিও হয়।

যার ফলে ২০১৪ সালের ৫ মার্চ জাহাঙ্গীর হত্যার ঘটনায় তাঁর স্ত্রী সাথী বেগম বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার পর দিন আত্রাই থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

জাহাঙ্গীর হত্যা মামলায় আত্রাই থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের উক্ত বিজ্ঞ বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সামছুর রহমান ও আসামি পক্ষে এইচএম জাহাঙ্গীর আলম।

 

নাইজারে বাইক সন্ত্রাসীদের হামলায় ১৩৭ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ নাইজারের দক্ষিণ-পশ্চিম অংশের কয়েকটি গ্রামে বাইক সন্ত্রাসীদের নৃশংস হামলায় ১৩৭ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। এই বাইক সন্ত্রাসীরা মূলত মোটরসাইকেলে চড়ে হামলা চালায়।

এদিকে স্থানীয় এক কর্মকর্তা জানান, রোববার বন্দুকধারীরা মালির সীমান্তবর্তী এলাকার ইন্তাজেন, বকোরাত ও উইস্তান গ্রামে হামলা চালায়। সে সময় তারা সামনে থাকা সবকিছুতেই গুলি চালায়।

এরপর গতকাল দেশটির সরকার জানায়, এই হামলায় ১৩৭ জন মারা গেছে। যদিও স্থানীয় কর্মকর্তারা এর আগে কমপক্ষে ৬০ জনের মৃত্যুর কথা জানিয়েছিলেন।

নাইজারের সরকারি টেলিভিশনে দেওয়া এক বিবৃতিতে সরকারের মুখপাত্র জাকারিয়া আবদুর রহমান জানান, সাধারণ নাগরিকের জান-মাল লক্ষ্যবস্তু করার ক্ষেত্রে আরও বেপরোয়া হয়ে উঠেছে এই বাইক সন্ত্রাসীরা।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, দেশটির সাংবিধানিক আদালত প্রেসিডেন্ট হিসেবে মোহামেদ বাজৌমের নির্বাচনকে বৈধ ঘোষণা করে। এর কয়েক ঘণ্টা পরই রোববার বিকেলে বন্দুকধারীরা মালি সীমান্তের কাছাকাছি তিনটি গ্রামে সশস্ত্র তল্লাশি শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ত্রাসীরা সেখানে সাধারণ মানুষকে জিম্মি ও গুলি করে হত্যা শুরু করে। দেশটির সামরিক বাহিনীর সৈন্যরা ওই এলাকায় পৌঁছালে বন্দুকধারীদের সঙ্গে নাইজার সেনাদের সংঘর্ষ শুরু হয়।

প্রসঙ্গত, এর আগে গত ১৭ মার্চ নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসোর সীমান্তবর্তী টিল্লিবেরি অঞ্চলে কমপক্ষে ৫৮ বেসামরিক নাগরিককে হত্যা করে এই মোটরবাইকে আসা বন্দুকধারীরা। সূত্র : আল জাজিরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় ১৪ জনের মৃত্যুদণ্ড

ডিবিএন ডেস্কঃ গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে সমাবেশস্থলে ৭৬ কেজি বোমা পুঁতে রাখার অভিযোগে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় ১৪ আসামিকে মৃত্যুদণ্ড (প্রকাশ্যে ফায়ারিং স্কোয়াডে কার্যকরের নির্দেশ) দিয়েছেন আদালত।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

আজ মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ রায় ঘোষণা করা হয়। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর আবু আবদুল্লাহ ভূঁইয়া  এ তথ্য নিশ্চিত করেন।

আজ সকাল ১২ টায় রায় পড়ার আগে আসামিদের আদালতে হাজির করা হয়। এরপর তাদের সামনে রায় পড়ে শোনানো হয়। গত ১১ মার্চ রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার জন্য এদিন ধার্য করেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্তদের তালিকা: মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু, শেখ মো. এনামুল হক, মো. মফিজুর রহমান ওরফে মফিজ, মো. মাহমুদ আজহার ওরফে মামুনুর রশিদ, মো. রাশেদুজ্জামান ওরফে শিমুল, মো. তারেক, মো. ওয়াদুদ শেখ ওরফে গাজী খান, মো. আনিসুল ইসলাম ও সারোয়ার হোসেন মিয়া। আসামিদের মধ্যে মাওলানা আমিরুল ইসলাম ওরফে জেন্নাত মুন্সী ও মাওলানা রফিকুল ইসলাম খান জামিনে রয়েছেন এবং পলাতক রয়েছেন- মো. আজিজুল হক ওরফে শাহনেওয়াজ, মো. লোকমান, মো. ইউসুফ ওরফে মোছহাব মোড়ল, মোছহাব হাসান ওরফে রাশু ও শেখ মো. এনামুল হক।

প্রসঙ্গত, ২০০০ সালের ২২ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ প্রাঙ্গণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভার প্যান্ডেল তৈরির সময় শক্তিশালী একটি বোমা দেখতে পাওয়া যায়। সেনাবাহিনীর একটি দল ৭৬ কেজি ওজনের ওই বোমা উদ্ধার করে। পরদিন ২৩ জুলাই ৪০ কেজি ওজনের আরেকটি বোমা উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোটালীপাড়া থানায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা, হত্যার ষড়যন্ত্র এবং বিস্ফোরক দ্রব্য আইনে ৩টি মামলা করে পুলিশ। আর আজ প্রথমবারের মতো হত্যাচেষ্টায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলায় রায় হলো।

 

ক্যাচ মিসের মহাসমারোহে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্কঃ বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ক্যাচ মিসের মেলায় নিউজিল্যান্ডকে জয় গিফট এক প্রকার গিফট-ই করলো বাংলাদেশ। আজ মঙ্গলবার দ্বিতীয় ওয়ানডেতে জয়ের আশা জাগিয়ে শেষ পর্যন্ত ক্যাচ মিসের মহড়া দিয়ে ৫ উইকেটে হেরেছে বাংলাদেশ।

বাংলাদেশ প্রথমে ব্যাটিং করতে নেমে ৬ উইকেটে ২৭১ রানের সুন্দর এক ইনিংস খেলে। ওপেনার তামিম ইকবাল ৭৮ রান করেন ১০৮ বলে। দলীয় ৪১তম ওভারে মিচেল স্যান্টনারের বলে বিদায় নেন মুশফিকুর রহিম। ৫৯ বলে ৩টি চারে ৩৪ রান করেন তিনি। আর শেষদিকে মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান মিঠুন। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকা এই ডানহাতি ৫৭ বলে ৭৩ রান করেন। তিনি ৬টি চার ও ২টি ছক্কা হাঁকান। রিয়াদ ব্যক্তিগত ১৬ রানে মাঠ থেকে বিদায় নেন।

কিউই বোলারদের মধ্যে ২টি উইকেট পান স্পিনার স্যান্টনার। এছাড়া বোল্ট, হেনরি ও জেমিসন একটি উইকেট দখল করেন।

অন্যদিকে, ২৭২ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৫৩ রানেই তিনটি উইকেট হারায় নিউজিল্যান্ড। দারুণ বোলিং করেন মেহেদী হাসান এবং মুস্তাফিজ। তবে কনওয়ে এবং টম লাথাম এর দুর্দান্ত জুটিতে খেলার মোড় ঘুরে যায়। ১১৩ রানের জুটি করে তারা দুজনে। আর কনওয়ে ৭২ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর জিমি নিশাম এবং শেষে মিশেলকে নিয়ে ১০ বল বাকি থাকতেই নিউজিল্যান্ডকে জয়ের বন্দরে পৌছে দেন লাথাম। নিজে সেঞ্চুরি করে অপরাজিত থাকেন ১১০ রানে। নিশাম ৩০ ও মিশেল করেন ১২ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও মেহেদী হাসান ২ টি করে উইকেট পান।

আরব আমিরাতের নতুন দুই ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্কঃ এবারে মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত পর্যটক সংখ্যা বাড়াতে নতুন দুইটি ভিসা প্রণয়ন করেছে। এগুলো হলো রিমোট ওয়ার্ক ভিসা ও মাল্টিপল এনট্রি ট্যুরিস্ট ভিসা। গেল রোববার সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট এবং দেশটির রাজধানী দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম এক টুইটবার্তায় এসব তথ্য জানিয়েছেন।

https://twitter.com/HHShkMohd/status/1373582021713354752?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373582021713354752%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fgulfnews.com%2Fuae%2Fgovernment%2Fuae-one-year-remote-work-visa-5-year-multiple-entry-tourist-visas-for-all-nationalities-1.1616320927596

শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, রিমোট ওয়ার্ক ভিসার মেয়াদ হবে এক বছর। আর রিমোট ওয়ার্ক ভিসার আওতায় পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বিদেশি কর্মীরা আমিরাতে প্রতিষ্ঠানগুলোতে কাজ করতে পারবেন। তবে আমিরাতের কোনো প্রতিষ্ঠানে চাকরি করতে হলে এখানে আসতে হবে। এ ভিসার মাধ্যমে সেই বাধ্যবাধকতা শিথিল করা হলো।

যেসব নাগরিকরা আমিরাতে পর্যটনের উদ্দেশ্যে আসতে চান, তাদেরকে মাল্টিপল এনট্রি ট্যুরিস্ট ভিসা দেওয়া হবে। এই ভিসার মেয়াদ হবে পাঁচ বছর।

অন্যদিকে, চলতি বছর জানুয়ারি থেকে পর্যটকদের এক বছরের মাল্টিপল ভিসা দেওয়া শুরু করেছিল আমিরাত। রোববারের সিদ্ধান্ত অনুযায়ী তা বাড়িয়ে ৫ বছর করা হয়েছে।

https://twitter.com/HHShkMohd/status/1373582163183075337?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1373582163183075337%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fenglish.alarabiya.net%2FNews%2Fgulf%2F2021%2F03%2F21%2FUAE-government-UAE-approves-new-system-to-attract-remote-workers-multiple-entry-tourist-visas-

এক টুইটবার্তায় সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট বলেছেন, ‘অদূর ভবিষ্যতে বিশ্বের অর্থনৈতিক রাজধানী হবে সংযুক্ত আরব আমিরাত। আমরা সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছি।’ সুত্রঃ আল-এরাবিয়া। 

 

অনলাইনভিত্তিক ভুয়া টিভি চ্যানেলে সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের ১০ জন গ্রেফতার

সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকার হাতিরঝিল ও মতিঝিল এলাকা হতে ভুয়া স্যাটেলাইট অনলাইন টিভি ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’’ নামক অনলাইন ভিত্তিক চ্যানেলে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের বিনিময়ে এক প্রতারক চক্র অর্থ আত্নসাৎ করে আসছিলো অনেক দিন ধরে। সম্প্রতি প্রতারনা বিষয়ক কয়েকজন ভুক্তভোগী র‌্যাব-৪ এর নিকট অভিযোগ দায়েরের ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে প্রতারক চক্রের দুই মূলহোতা শাহীন খান ও  নূর হোসেনসহ ৮ জন সহযোগী প্রতারককে গত রবিবার গ্রেফতার করেছে র‌্যাব-৪ এর একটি বিশেষ দল। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের স্ট্যান্ডসহ ক্যামেরা,কম্পিউটার,ভিজিটিং কার্ড ও ব্যানার উদ্ধার করা হয়। 

র‌্যাব-৪ কমান্ডার মোজাম্মেল হক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেন। 

গ্রেফতারকৃতরা হলেন- (১) শাহীন খান (৫০), জেলা-ঢাকা (২) নূর হোসেন ওরফে নুরুল ইসলাম নাহিদ (৩৭), জেলা-শরীয়তপুর (৩) মোঃ রিয়াদ মাহমুদ (২৪), জেলা- শরীয়তপুর (৪) মোঃ রিমন পারভেজ (২৬), জেলা- গাজীপুর  (৫) মোঃ জয়নুল আবেদীন (৫৫), জেলা- নেত্রকোণা (৬) মোঃ আকবর হোসেন (৩৯), জেলা- নারায়ণগঞ্জ (৭) মোঃ রাজিব হোসেন, (৩৯), জেলা- ঢাকা  (৮) রায়হান পারভেজ (২১), জেলা- ঢাকা  (৯) ইমরুল কাইয়েচ ওরফে ফয়েজ (২৫), জেলা- পটুয়াখালী (১০) আইয়ুব খান(৩০),  জেলা- নেত্রকোণা।

র‍্যাব-৪ সুত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারক চক্রটি দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে অনুমোদনহীন অনলাইন ভিত্তিক ভুয়া স্যাটেলাইট টিভি চ্যানেল ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’’ এর মাধ্যমে চাকুরির প্রলোভন দেখিয়ে সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার ও নিরীহ যুবক/যুবতী ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসার কথা স্বীকার করেছে।

সুত্রে আরো জানা যায়, প্রতারক চক্র প্রতারণার কৌশল হিসেবে রিপোর্টার নিয়োগের নিমিত্তে বিভিন্ন জেলায় তাদের বিশেষ প্রতিনিধি নিয়োগ করেছে। নিজেরা নামী-দামী ব্র্যান্ডের গাড়ী ব্যবহার এবং বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ী ফটোশপের মাধ্যমে এডিট করে ‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট টিভি (বিএসটিভি নিউজ ২৪)’’ চ্যানেলের কথিত লোগো ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রিপোর্টার নিয়োগের আকর্ষণীয়/চটকাদার বিজ্ঞাপন প্রচার করে আসছিলো অনেক দিন ধরে। উক্ত বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে যারা চাকুরীর জন্য সরল বিশ্বাসে যোগাযোগ করতো এমন ভুক্তভোগীদের নিকট হতে জনপ্রতি  ১৫-২৫ হাজার টাকা হাতিয়ে নিতো ওই চক্র। এ কার্যক্রমের জন্য মাঠ পর্যায়েও তাদের বিভিন্ন সহযোগী রয়েছে বলে জানিয়েছে প্রতারতক চক্র। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এর অপব্যবহার করে নারীদের ব্ল্যাকমেইলও করত তারা। গ্রেফতারকৃত অন্য ৮ জন আসামী বিভিন্নভাবে মূলহোতা শাহীন খান ও নূর হোসেনকে প্রতারণার কাজে সহায়তা করত।

সিলেট কোতোয়ালী মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেট কোতোয়ালী মডেল থানার মার্চ ২০২১ মাসের ওপেন হাউজ ডে গতকাল সোমবার সকাল ১১.৩০ টায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এসএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ) জনাব মোঃ শফিকুল ইসলাম।

আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ পিপিএম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-অপরাধ) জনাব শাহরিয়ার আল মামুন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উত্তর-প্রশাসন) জনাব সুদর্শন কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার (কোতোয়ালী মডেল থানা), অফিসার ইনচার্জ (কেতোয়ালী মডেল থানা) এবং থানা এলাকার জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে এলাকার স্থানীয় জনসাধারণ, জনপ্রতিনিধি, রাজনৈতিক প্রতিনিধি ও সাংবাদিক প্রতিনিধিবৃন্দ পুলিশের কার্যক্রম ও এলাকার নাগরিক সমস্যা নিয়ে তাদের নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেন। অনেক জনসাধারণ পুলিশের সাম্প্রতিক কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসার পাশাপাশি এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা সম্পর্কেও খোলামেলা বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় উপস্থিত অতিরিক্ত পুলিশ কমিশনার স্থানীয় জনসাধারণের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি বিভিন্ন সমস্যা সমাধানের জন্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। তিনি সিলেট নগরী যাতে সুন্দর, বসবাস যোগ্য ও নিরাপত্তার সাথে জনগণ বসবাস করতে পারে তার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। প্রতি মাসের ২২ তারিখে কোতোয়ালী মডেল থানা প্রাঙ্গণে মাসিক ওপেন হাউজ ডে কার্যক্রম অনুষ্ঠিত হবে। উক্ত অনুষ্ঠানে সকলে অংশগ্রহন করে যার অভিযোগ ও মতামত উপস্থাপনের জন্য আহবান জানান তিনি।

রাণীশংকৈলে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের সভা

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে থানা পুলিশের উদ্যোগে ২২ মার্চ সোমবার উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে পুলিশ প্রশাসনের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন বিকেলে উপজেলা কনফারেন্স কক্ষে সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সার্কেল) তোফাজ্জল হোসেনের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির।

বিশেষ অথিতি হিসেবে বক্তব্য রাখেন,পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিব সেখ।

আরো বক্তব্য দেন পুজা উদযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত রায়, হিন্দু ঐক্য পরিষদের সভাপতি প্রাণ গোবিন্দ বাচ্চু, হিন্দু মহাজোটের সভাপতি দ্বিজেন্দ্র নাথ রায়, বীর মুক্তিযোদ্ধা রতন কুমার ভক্ত, হিন্দু সম্প্রদায়ের নেতা নির্মল চন্দ্র রায় প্রমুখ।

এ ছাড়াও উপজেলা পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ের মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ, থানার অফিসার ও ফোর্স বৃন্দসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নিন্দু নেতারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হিন্দুদের মন্দির ভাংচুর, বাড়িঘর লুটপাট, হিন্দুদের প্রতি নির্যাতনের কথা তুলে ধরেন।

আইন-শৃঙ্খলা বাহিনী উপজেলার সংখ্যালঘু সম্প্রদায়ের ও তাহাদের ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা বিধানের প্রয়োজনীয় দিক নির্দেশনা ও পরামর্শ প্রদানসহ দ্রুত আইনী সহায়তার আশ্বাস প্রদানের কথা ব্যক্ত করেন। পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন নেতৃবৃন্দের বক্তব্য ও পরামর্শ শ্রবণ করিয়া প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের প্রতিশ্রুতি প্রদানসহ সংখ্যালঘু সম্প্রদায় ও পুলিশ প্রশাসন একসাথে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয় ।

এ ব্যাপারে সিনিয়র সহকারি পুলিশ কমিশনার (সার্কেল) বলেন, আমার পুলিশ বাহিনী আপনাদের সাথে সর্বদা পাশে থেকে সার্বিক সহযোগিতা করে যাবে। এবং আমার ফেসবুক আইডিতে মোবাইল নম্বর দেওয়া আছে। কোন সমস্যা হলে আপনারা আমার সাথে সরাসরি কথা বলতে পারবেন।

রোহিঙ্গা ক্যাম্পে আগুন: শিশুসহ নিহত ৭, পুড়ে গেছে প্রায় ৫ শতাধিক ঘর

সিএনবিডি ডেস্কঃ কক্সবাজারের উখিয়ার বালুখালীর চারটি রোহিঙ্গা ক্যাম্পের অগ্নিকাণ্ডে নারী ও শিশুসহ ৭ জন নিহত হয়েছেন। যাদের মধ্যে ২ জন নারী, ২ জন শিশু ও ৩ জন বৃদ্ধ রয়েছেন। অগ্নিকান্ডের সময় ছুটোছুটি করার সময় আহত হয়েছেন আরো অন্তত ২ হাজার এর বেশী মানুষ। পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ৫ শতাধিক ঘর। এছাড়াও পুড়ে গেছে দেশি-বিদেশি বিভিন্ন এনজিও’র অফিস ও পুলিশ ব্যারাক।

গতকাল সোমবার (২২) মার্চ বিকাল সাড়ে ৪টার দিকে উখিয়ার বালুখালী ৮ ও ৯ নং রোহিঙ্গা ক্যাম্পে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

সুত্রে জানা গেছে, সোমবার বেলা সাড়ে ৩টার দিকে উখিয়ার বালুখালী ক্যাম্প ৮-ই, ডব্লিউ থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখান থেকে আগুন মুহূর্তের মধ্যে ক্যাম্প ৯-এ ছড়িয়ে পড়ে। পরবর্তী সময় ১০নং ও ১১নং ক্যাম্পের অধিকাংশ ঘর পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন, রামু স্টেশন ও কক্সবাজার স্টেশন এবং সেনাবাহিনীর ফায়ার ইউনিটসহ পাঁচ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। কয়েক ঘণ্টার চেষ্টায় রাতে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকান্ডের ঘটনায় স্থানীয় অন্তত ৩০ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুনের সময় ছোটাছুটি করতে গিয়ে অনেক শিশু হারিয়ে গেছে বলে জানিয়েছেন তাদের স্বজনরা। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা নেতা মো. রফিক বলেন, সোমবার বিকেলে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুন ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়ভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পাশাপাশি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসকে। পরে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে আগুনে ঘরহারা রোহিঙ্গাদের অনেকে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। অনেকে আশ্রয় নিয়েছেন নিকটবর্তী রোহিঙ্গা শিবিরে। অনেকে এক কাপড়ে আশ্রয় নিয়েছে কক্সবাজার-টেকনাফ মহাসড়কে। আর অনেকে অগ্নিকান্ডের সময় হারিয়ে যাওয়া স্বজনদের খুঁজছেন দিগ্বিদিক শূন্য হয়ে।

এদিকে আগুনের সূত্রপাতের কারণ নিয়ে এখনো পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব হয়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের সংখ্যা নির্ধারণে কাজ চলছে বলে জানিয়েছেন কক্সবাজারের অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা।