কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, আহত শতাধিক

সোমবার (২২ মার্চ) কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি গাড়ি কাজ করছে।

বিষয়টি নিশ্চিত করে উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমদাদুল হক বলেন, ‘বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন লেগেছে। দ্রুত আগুন চারদিকে ছড়িয়ে পড়ায় নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে।’

অগ্নিকাণ্ডের সময়  প্রাণ বাচাঁতে এদিক ওদিক ছুটাছুটি করতে গিয়ে প্রায় শতাধিক রোহিঙ্গা নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন বলে জানিয়েছেন কুতুপালং ক্যাম্পের ডাক্তার মো. ফয়সাল।

এদিকে অতিরিক্ত শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মো. সামছু-দ্দৌজা বলেন, উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুপুরে আগুনের সূত্রপাত হয়েছে। আগুন এখনও জ্বলছে। তবে আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিস, উখিয়া পুলিশ, এপিবিএন, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সবাইকে জানানো হয়েছে।

অনুষ্ঠিত হলো চসিক এর প্যানেল মেয়র নির্বাচন

সোমবার (২২ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের প্যানেল মেয়র নির্বাচিত হলেন কাউন্সিলর আবদুস সবুর লিটন, গিয়াস উদ্দিন ও আফরোজা জহুর। চসিক কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে প্যানেল মেয়র নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে মোট ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে সাধারণ কাউন্সিলর ৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর ৫ জন।

নির্বাচনের ফলাফল ঘোষণা করেন চসিক মেয়র এম রেজাউল করিম চৌধুরী।

নির্বাচনে দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী পেয়েছেন ১৩ ভোট, কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমেদ মঞ্জু পেয়েছেন ১০, বাগমনিরাম ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দিন পেয়েছেন ২৭ ভোট, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী পেয়েছেন ১১, পূর্ব বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর মো. হারুন উর রশীদ পেয়েছেন ১৬ ভোট ও রামপুর ওয়ার্ড কাউন্সিলর আবদুস সবুর লিটন পেয়েছেন ২৯ ভোট।

এছাড়া সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর জোবাইরা নার্গিস খান পেয়েছেন ৩ ভোট, নীলু নাগ পেয়েছেন ১৩ ভোট, আফরোজা কালাম পেয়েছেন ২৬ ভোট, লুৎফুন্নেছা দোভাষ বেবী পেয়েছেন ৩ ভোট ও ফেরদৌস বেগম মুন্নী পেয়েছেন ৮ ভোট।

এর আগে সকাল ১১টা ২০ মিনিটে কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে তিনটি বুথে ভোট গ্রহণ শুরু হয়। ১১টা ৪০ মিনিটে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টায় প্যানেল মেয়র নির্বাচন হওয়ার কথা থাকলেও চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টুর মৃত্যুতে তা স্থগিত করা হয়েছিল।

দেশে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা বেড়েছে

সিএনবিডি ডেস্কঃ দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জন মারা গেছে। ফলে এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ৭২০ জনে। গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। যা গত বছরের ২০ আগস্টের পর সর্বোচ্চ। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে।

সোমবার (২২ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৭৫৪ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২৪ হাজার ১৫৯ জন।

উল্লেখ্য, গতকাল রোববার (২১ মার্চ) দেশে ২ হাজার ১৭২ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া একই সময়ে মারা যান ২২ জন।

নীলফামারীর ডোমারে কোভিড-১৯ আক্রান্তের দ্বিতীয় ঢেউ রোধে পুলিশের মাস্ক বিতরণ

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারীঃ মাস্ক পড়ার অভ্যাস, কোভিড-১৯ মুক্ত বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী পুলিশের বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচীর অংশ হিসেবে মাঠে নেমেছে নীলফামারীর ডোমার থানা পুলিশ।

রবিবার দুপুরে জেলা পুলিশের আয়োজনে কোভিড-১৯ মহামারী আক্রান্তের দ্বিতীয় ঢেউ রোধকল্পে ডোমার বাজারে যানবাহনে স্টিকার লাগানো ও জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার(ডোমার-ডিমলা সার্কেল) জয়ব্রত পাল, ওসি মোস্তাফিজার রহমান, ওসি (তদন্ত) বিশ্বদেব রায়, ট্রাফিক ইন্সপেক্টর মোকাররম হোসেনসহ থানা পুলিশের একটি দল।

এসময় ওসি মোস্তাফিজার রহমান পথচারি, শ্রমিক, যানবাহন চালকদের মাস্ক পড়িয়ে দিয়ে সবাইকে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি মানার অনুরোধ করেন।

সিনিয়র সহকারি পুলিশ সুপার জয়ব্রত পাল বলেন, সবাইকে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মাস্ক ব্যবহার, সাবান দিয়ে বারবার হাত ধোয়া, প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার সাথে রাখতে হবে। জনসরাগম বা ঝুকিপূর্ণ জায়গা এড়িয়ে চলতে হবে।

অস্ট্রেলিয়ার বন্যা পরিস্থিতি ক্রমশ আরো খারাপ হচ্ছে

আন্তর্জাতিক ডেস্কঃ অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে (এনএসডব্লিউ) উপকূলীয় ভারী বৃষ্টিপাতের কারণে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। এ পরিস্থিতিতে সেখান থেকে প্রায় ১৮ হাজার লোককে সরিয়ে নেওয়া হয়েছে। অতিবৃষ্টির কারণে ওয়েলসের রাজধানী সিডনি, কুইন্সল্যান্ডের দক্ষিণপূর্বাঞ্চলের নদী ও বাঁধগুলো উপচে বিভিন্ন এলাকা প্লাবিত করে চলেছে।

সেখানকার প্রশাসনিক কর্মকর্তারা ‘৫০ বছরের মধ্যে একবার ঘটা’ এ বন্যা পুরো সপ্তাহজুড়ে অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে স্থানীয়দের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন যারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয়েছেন তাদের অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন।

আজ সোমবার সিডনি রেডিও স্টেশন টুজিবিতে তিনি বলেন, এটি আমাদের দেশের জন্য আরেকটি পরীক্ষার সময়।

কর্মকর্তারা জানিয়েছেন, এনএসডব্লিউর মধ্যউত্তর উপকূল থেকে ১৫ হাজার লোক এবং সিডনি থেকে আরও তিন হাজার জনকে সরিয়ে নেওয়া হয়েছে।

অস্ট্রেলিয়ার আড়াই কোটি জনগোষ্ঠীর এক তৃতীয়াংশের বসবাস যে এলাকাগুলোতে সেখানেই বন্যা দেখা দিয়েছে আর এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এনএসডব্লিউর প্রিমিয়ার গ্ল্যাডিস বেরেজিক্লিয়ান বলেন, যে এলাকাগুলো ‘বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে’ তার অনেকগুলো গত গ্রীষ্মে দাবানল ও খরার কবলে পড়েছিল। পরপর এমন প্রাকৃতিক বিপর্যয় রাজ্যের ইতিহাসে আর দেখা যায়নি। তার ওপর আবার মহামারি চলছে।

অস্ট্রেলিয়ার আবহাওয়া ব্যুরো সাম্প্রতিক দিনগুলোর বৃষ্টিপাতের পরিমাণকে ‘অস্বাভাবিক’ বলে বর্ণনা করেছে। কিছু কিছু এলাকায় সর্বোচ্চ এক হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে বলে জানিয়েছে তারা। সূত্র : বিবিসি। 

চান্দিনায় মহিচাইল ২০ শয্যা হাসপাতাল চালুর দাবীতে মানববন্ধন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লাঃ কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইলে ২০ শয্যা হাসপাতাল চালুর দাবী উঠেছে। চান্দিনার বিভিন্ন শ্রেণির নাগরিকদের ওই দাবীর পর এবার স্থানীয় এলাকাবাসীকে নিয়ে “নিরাপদ চান্দিনা” টিম দাবী বাস্তবায়নে হাসপাতালের সামনে সোমবার (২২ মার্চ) মানববন্ধন করেছেন।
২০০৬ সালে ২০ শয্যা হাসপাতালটি উদ্বোধন হলেও হাসপাতালে প্রাথমিক চিকিৎসা ছাড়া অন্য কোন চিকিৎসা এখনো চালু হয়নি। পরে আরো দুই বার উদ্বোধন হলেও এ হাসপাতালে চালু হয়নি চিকিৎসা সেবা।তবে মহিচাইল বাজার উপ-স্বাস্থ্য কেন্দ্রের সেবা এই হাসপাতালে স্থানান্তরিত হয়।
“নিরাপদ চান্দিনা” টিম এলাকাবাসীকে নিয়ে সকাল সাড়ে ১১ টায় মহিচাইল ২০ শয্যা হাসপাতাল সড়কে হাসপাতাল পূর্ণাঙ্গ ভাবে চালু করতে মানববন্ধন করে।মানববন্ধনে বক্তারা বলেন, ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের চিকিৎসা কার্যক্রম চালু না থাকায় মহিচাইলবাসী প্রাথমিক চিকিৎসাসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীরা সু চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছে। সকল বক্তাদের প্রাণের দাবী বিষয়টি এমপি অধ্যাপক মো. আলী আশরাফ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মোঃ তানভীর হাসানের হস্তক্ষেপ করবেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন,দাউদকান্দি ও চান্দিনা সার্কেল অফিসার(এএসপি) মোঃ জুয়েল রানা,মহিচাইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু মুছা মজুমদার,চান্দিনা থানার এসআই সুলতান আহমেদ,বিশিষ্টজন শাহজাহান হোসেন,চান্দিনা উপজেলা গণতান্ত্রিক ছাত্র দল সভাপতি রাজিব আহমেদ ভূঁইয়া,স্থানীয় মেম্বার জাহিদ হাসান বিল্লাল,মেম্বার হারুনুর রশীদ,নিরাপদ চান্দিনা টিম ও ছাতাড্ডা মানব কল্যাণ ঐক্য পরিষদ এর  সদস্যবৃন্দ।
তিনবার উদ্বোধন হলেও চালু হয়নি হাসপাতালঃ
মহিচাইল ২০ শয্যা হাসপাতালটি ২০০৬ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত মোট ৩ বার উদ্বোধন হয়েছে।২০০৬ সালের ৫ সেপ্টেম্বর তৎকালীন স্ববাস্থ্য মন্ত্রী ড.খোন্দকার মোশারফ হোসেন এবং তৎকালীন এমপি ড.রেদোয়ান আহমেদ হাসপাতালটির প্রথম উদ্বোধন করেন। উদ্বোধনের পর ডেপুটেশনের মাধ্যমে ২জন মেডিকেল অফিসার, ৩ জন নার্সসহ আরও কয়েকজন কর্মচারী নিয়ে হাসপাতালের বহির্বিভাগের কার্যক্রম শুরু হলেও ২০০৮ সালের ২ মার্চ তাদের ডেপুটেশন বাতিল করা হয়। ২০১০ সালের ৩০ এপ্রিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ.ফ.ম রুহুল হক, এবং স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মো. আলী আশরাফ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত সহ উপস্থিত থেকে হাসপাতালটি দ্বিতীয় বারের মত উদ্বোধন করেন। কিন্ত এবারও মহিচাইল বাসী এই হাসপাতাল থেকে চিকিৎসা সেবার আলোর মুখ দেখেনি।২০১৫ সালের ২৭ জুলাইতে হাসপাতালটি তৃতীয় বারের মতো উদ্বোধন করেন চান্দিনার বর্তমান এমপি অধ্যাপক মো. আলী আশরাফ। কিন্তু উদ্বোধন হলেও মহিচাইল তথা আশেপাশের চিকিৎসা বঞ্চিত মানুষের এবারও চিকিৎসা বঞ্চিত হয়েই থাকতে হলো।
এতো কিছু হওয়ার পরেও হতাশাকে আশায় পরিনত করে এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে মহিচাইল ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি নিয়ে আর অবহেলা এবং কালক্ষেপণ না-করে অতি শীঘ্রই চিকিৎসা সুবিধা বঞ্চিত গ্রামবাসীদের জন্য পূর্ণভাবে হাসপাতালটি সচল করার দাবী সকলের।

হোটেল সোনালী থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৬ নারী পুরুষ আটক

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটের কোতোয়ালী মডেল থানাধীন মহাজনপট্টিস্থ সোনালী আবাসিক হোটেল থেকে অসামাজিক কাজে লিপ্ত অবস্থায় ৬ নারী পুরুষকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে ওই আবাসিক হোটেলে কয়েকজন নারী-পুরুষ অসামাজিক কাজে লিপ্ত আছে। এ সংবাদ পেয়ে বন্দরবাজার পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই(নিরস্ত্র)/মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে সঙ্গীয় এসআই (নিঃ)/ মোঃ সাজেদুল করিম সরকার সহ অন্যান্য ডিউটি অফিসার ও ফোর্সদের সহযোগীতায় ওই ৬ নারী পুরুষকে আটক করা হয়। যাদের মধ্যে ০৩ (তিন) জন নারী ও ০৩ (তিন) জন পুরুষ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

নওগাঁ জেলার পোরশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও সরকারের সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জন্ম গ্রহণ করেছিলেন বলেই আমরা আমাদের স্বাধিনতা, আমাদের পৃথক ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা পেয়েছিলাম। যতদিন বাংলাদেশে থাকবে, যতদিন ঘন সবুজের মাঝে লাল রক্তের বৃত্ত থাকবে, যত দিন চন্দ্র সূর্য উদিত হবে, যতদিন পাখিরা গান গাইবে , যতদিন সমুদ্রের গর্জন থাকবে ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালির হৃদয় থেকে কেউ মুছে ফেলতে পারবেন না।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি আজ সোমবার (২২ মার্চ) বেলা সাড়ে এগারোটায় জেলার পোরশা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালী যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।

পোরশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাবেক এমপি মোঃ আব্দুল মালেক।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা এবং রানীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন হেলাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক এবং পোরশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মোফাজ্জল হোসেন।

প্রধান অতিথি মোঃ ওবায়দুল কাদের এমপি তাঁর বক্তব্যে আরও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলীয় শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছেন। মে কোন ভাবেই দলীয় শৃঙ্খলা ভঙ্গের মাধ্যমে দল সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করলে সে যতই বড় নেতা হোক তাকে তিনি কোন ছাড় দিচ্ছন না।  তাঁর নেতৃত্বে বর্তমান সরকার সাড়া দেশে ব্যপক উন্নয়ন সাধন করেছে। দেশে সুশৃঙ্খল গণতান্ত্রিক ব্যবস্থা প্রবর্তিত হয়েছে। যার কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাড়া বিশ্বে সবচেয়ে সাহসী, সবচেয়ে সৎ, সবচেয়ে সুশৃঙ্খল নেতা হিসেবে একটি উল্লেখযোগ্য অবস্থানে তাঁর অবস্থান সুনিশ্চিত করেছেন।

প্রধান অতিথি আরও বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের অভিযাত্রা অতিক্রম করছে। ইতিমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ থেকে উন্নয়ন শীল দেশে রুপান্তরিত হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে সকলের সহযোগিতা একান্ত প্রয়োজন।

সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেছেন, জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাত করতে অব্যাহত রয়েছে। তারা সরকার পতনের আন্দোলনে ব্যর্থ হয়ে, নির্বাচনে ব্যর্থ হয়ে অন্ধকার চোরাগলি দিয়ে ক্ষমতায় আসার দেশী-বিদেশী ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকলে কোন শক্তি এ সরকারকে উৎখাত করতে পারবেনা।

দলের শৃঙ্খলা ভঙ্গ করে, সরকারকে প্রশ্নবিদ্ধ করে, সরকারের ভাবমূর্তি বিনষ্ট করে এমন বক্তব্য প্রদান থেকে বিরত থাকতে নেতা কমীদের প্রতি আহ্বানও জানান তিনি।

রানীশংকৈলে গনহত্যা ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক সভা

হুমায়ুন কবির, রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে ২৫ শে মার্চ গনহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী  উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে এদিন সকালে উপজেলা হলরুমে,উপজেলা নির্বাহী অফিসার স্টিভ কবিরের সভাপতিত্বে প্রস্তুতিমুলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পৌর মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান,  ভাইস-চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

এছাড়াও মুক্তিযোদ্ধা হবিবর রহমান,ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম, মাহবুব আলম,সফিকুল ইসলাম মুকুল, আঃরহিম, আঃরউফ, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ারসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক- সামাজিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সভায় ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান   স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের সকল প্রস্তুতি সম্পর্কে আলোচনা করা হয়।

গোলাপগঞ্জে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটে বিশ্বনাথের পর এবার গোলাপগঞ্জ উপজেলার সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে এহতেশামুল হক শাহিন (৪২) নামের এক যুবক খুন হয়েছেন।

রোববার দিবাগত (২২ মার্চ) রাত ১টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের লরিপুর গ্রামের সড়কে সন্ত্রাসীরা তাকে খুন করে পালিয়ে যায়। শাহিন লরিপুর গ্রামের মরহুম আব্দুল হকের ছেলে এবং হেমিগঞ্জ বাজারের ‌’হাসিবা ট্রেডার্স’ নামক ব্যবসা প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী। তিনি দুই শিশু পুত্র সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন রোববার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন। তিনি স্থানীয় একজন সিএনজি চালককে ফোনে জানান তিনি ঢাকা থেকে ফিরছেন, তাকে যেন সিলেট থেকে নিয়ে আসে। সিলেট নেমে তিনি সিএনজি যোগে বাড়ি পথে যাত্রা করেন। রোববার দিবাগত রাত ১টারদিকে গ্রামের রাস্তায় প্রবেশের পর গ্রামের নার্সারি সংলগ্ন স্থানে রাস্তায় কলাগাছ ফেলে সন্ত্রাসীরা গাড়ির গতিরোধ করে। পরে সন্ত্রাসীরা ড্রাইভারকে বেঁধে ফেলে। এসময় শাহিনের সাথে সন্ত্রাসীদের ধস্তধস্তির একপর্যায়ে সন্ত্রাসীরা শাহিনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পরে ড্রইভার মুক্ত হয়ে শাহিনকে আহত অবস্থায় বাড়ি নিয়ে যায়। বাড়ির লোকজন তাকে দ্রুত ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনারপরপর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য দুই জনকে  আটক করা হয়েছে বলে জানা গেছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গণমাধ্যমকে জানান, খবর পেয়ে পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়। জিজ্ঞাসাবাদের জন্য দুই জনকে থানার নেয়া হয়েছে। লাশ এখনো মর্গে রয়েছে। খুনীদের গ্রেফতারে পুলিশের একাধিক টিম কাজ করছে।