রায়পুরে পুকুরে মাটিকাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের আহত ১২

মোঃ জ‌হির , লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে আজ সোমবার (২২ মার্চ) সকালে উত্তর চরবংশী ৭নং ওয়ার্ডে কুচিয়ামারা গ্রামে মাঝি ও বেপারি বাড়ির লোকজন পুকুরের মাটি কাটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের পুরুষ ও নারীসহ ১২ জন আহত হয়েছে । স্থানীয়রা আহতদের উদ্ধার করে লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

এলাকাবাসী জানায়, সোমবার সকালে চরবংশী  কুচিয়ামারা গ্রামে বেপারি বাড়ির আশরাফ বেপারি নিজ পুকুরে মাটি কাটার কাজ করছেন খবর পেয়ে মাঝি বাড়ির সত্তর মাঝি পুকুরের মালিকানা দাবী করে আশরাফ বেপারিকে মাটিকাটায় বাধা দেয় এতে উভয় পক্ষের কথা কাটাকাটি হয়। দু’ বাড়ির লোকজনের মধ্য সংঘর্ষ বাঁধে দু’পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছে এবং আশরাফ বেপারির বসতঘরে ভাংচুর চালানো হয়।

আহতরা হলেন-আশরাফ বেপারি (৬০) মান্নান,ছালেহ আহম্মদ,মাইনউদ্দিন,ময়না বেগম,রহিমা বেগম, সত্তর মাঝি, আজিজুর নাহার, আরিফ মাঝি, ইছমাইল, সাইফুল, রিপন, সাহেনুর বেগম। এব্যাপারে মামলার প্রস্তুতি চলছে জানায় দু’পক্ষই ।

স্থানীয় চেয়ারম্যান আবুল হোসেন হাওলাদার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে গ্রাম আদালেতের মাধ্যমে সৃষ্ট সমস্যার সমাধানের চেষ্টা করা হবে।

হাজিমারা ফাড়ির পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। সৃষ্ট ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

অসাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দ্বায়ে ৩৫ হাজার টাকা জরিমানা

তিমির বনিক, মৌলভীবাজারঃ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে শ্রীমঙ্গল থানার পুলিশ ফোর্স এর সহযোগিতায় রবিবার (২১ মার্চ)রোজ রবিবার মৌলভীবাজার শ্রীমঙ্গল উপজেলার ভানুগাছ রোড, ম্টেশন রোডসহ  বিভিন্ন জায়গায় নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর প্রতিষ্ঠান, আলুর বাজার, ফার্মেসী, রেষ্টুরেন্ট এবং অন্যান্য দোকানে মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

উক্ত তদারকি অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য তৈরি করা, একই ফ্রিজে কাঁচা ও রান্না করা খাদ্য পণ্য সংরক্ষণ করা, নিজেদের তৈরি দইয়ের মোড়কের গাঁয়ে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকা, পোড়া তেল সংরক্ষণ করা, দৃশ্যমান স্থানে সেবার মূল্য তালিকা না রাখাসহ বিভিন্ন অনিময়ের দায়ে ভানুগাছ রোডে অবস্থিত পানসী রেষ্টুরেন্টকে ৩০ হাজার টাকা, রংধনু সাতরং রেষ্টুরেন্টকে ৫ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। গতকালের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ৩৫হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। পেঁয়াজ, রসুন, আদা, চাল,তেল,শাক-সবজি, কাচামা মশলাসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষ্যে এবং ভোগ্য পণ্য সামগ্রীর দাম যেন কেউ অনৈতিক ভাবে বাড়াতে না পারে এবং নকল হ্যান্ড সেনিটাইজার ও নিম্ন মানের সংক্রমণরোধী জীবাণুনাশক বিক্রয় না করতে পারে সেই লক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক প্রতিনিয়ত বাজার মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

করোনা মোকাবেলায় রাণীশংকৈল থানা পুলিশের মাস্ক বিতরণ কার্যক্রম

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ “মাস্ক পরার অভ্যেস করোনামুক্ত বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সারা দেশের পুলিশ প্রশাসনের এক যোগে প্রচারাভিযান  মাস্ক বিতরণ কার্যক্রমের অংশ হিসাবে ২১ মার্চ রবিবার কোভিড -১৯ এর দ্বিতীয় ঢেউ ঠেকাতে  থানা পুলিশের উদ্যোগে বিনামূল্যে মাস্ক বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ১১ টায় রাণীশংকৈল থানা পুলিশের উদ্যোগে পৌর শহরে শোভাযাত্রা ও সচেতনতা মূলক প্রচারণায় প্রায় সাড়ে তিনশত মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল।

এ সময় মাস্ক বিতরণ কার্যক্রমে রাণীশংকৈল থানার সকল পুলিশ অফিসার ও পুলিশ সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল বলেন, মাস্ক বিতরণ কর্মসূচির শুরুর দিনেই প্রায় সাড়ে তিন শতাধিক মানুষকে মাস্ক বিতরণ করা হয়েছ । সমগ্র উপজেলায় পর্যায়ক্রমে ১০ হাজার মাস্ক বিতরণ করা হবে।

জবি থেকেই উপাচার্য নিয়োগের দাবি শিক্ষক সমিতির

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মধ্য থেকেই উপাচার্য নিয়োগের দাবি জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (জবিশিস)। রোববার শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্ ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানান তারা।
বিজ্ঞপ্তিতে তারা বলেন, বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়মিত উপাচার্য নাই। এমতাবস্থায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাসহ সার্বিক উন্নয়নের স্বার্থে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দের মধ্য থেকে উপাচার্য নিয়োগ করার জন্য সরকারের নিকট দাবি জানাচ্ছি।
গত ১৮ মার্চ অধ্যাপক ড. মীজানুর রহমানের দ্বিতীয় মেয়াদ শেষে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দিনকে চলতি উপাচার্য হিসাবে দায়িত্ব দেয়া হয়। ২০০৫ সালে প্রতিষ্ঠিত রাজধানীর এ বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ১০৮ জন অধ্যাপক আছেন। গ্রেড-১ পদমর্যাদায় আছেন ২৬ জন। তাদের মধ্যে অনেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। এর আগে বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন নীল দল পরবর্তী উপাচার্যের জন্য নিজেদের মধ্যে এক ডজনের বেশি একটি নামের তালিকা ইউজিসি, শিক্ষা মন্ত্রনালয়সহ বিভিন্ন জায়গায় দিয়েছেন। এ তালিকায় বিশ্ববিদ্যালয়ের বর্তমান ডিন, সাবেক ডিন, শিক্ষক সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, নীল দলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের নাম রয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. নূরে আলম আব্দুল্লাহ্ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনেক সিনিয়র অধ্যাপক রয়েছেন যারা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তারা বিশ্ববিদ্যালয়ের সব কিছু জানেন। তাদের অনেকেই একাডেমিক ও প্রশাসনিকভাবে অনেক দক্ষ। তাদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ত্বরান্বিত হবে।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. শামীমা বেগম বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বর্তমান বয়স ষোল। কৈশোর ছেড়ে বিশ্ববিদ্যালয়টি যৌবনে পদার্পন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের থেকেও অনেক সিনিয়র ও যোগ্য শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রয়েছেন। এখনই সময় নিজেদের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেয়ার।

 

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত গোলাপগঞ্জ থানার ওসি হারুন রশীদ

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: গোলাপগঞ্জ থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। মাদক উদ্ধার, গ্রেফতারী পরোয়ানা তামিল, মামলা নিষ্পত্তি, অস্ত্র উদ্ধারসহ সার্বিক আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদানের জন্য জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে তাকে পুরস্কৃত করা হয়।

রবিবার সকালে জেলা পুলিশ লাইন্সের বীর মুক্তিযোদ্ধা শহীদ এসপি এম শামসুল হক মিলনায়তনে পুলিশ মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তার হাতে শ্রেষ্ঠ ওসির পুরস্কার তুলে দেন।

এছাড়াও গ্রেফতারী পরোয়ানা তামিল এবং অস্ত্র উদ্ধারে বিশেষ ভূমিকা রাখার জন্যে এসআই আশীষ চন্দ্র তালুকদার, এসআই সুরঞ্জিত কুমার দাশ, এসআই বিকাশ সরকার ও এএসআই প্রনয় নালকে পুরস্কৃত করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মিয়া মোহাম্মদ আশিষ বিন হাছানসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশীদ চৌধুরী পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএমসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই অর্জন আমার একার নয়, থানার সকলের। তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করার কারণে আমি শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছি। আগামী দিনে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাস্ক সপ্তাহ শুরু

তিমির বনিক, মৌলভীবাজার জেলাঃ করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ সংক্রমণের বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাস্ক সপ্তাহ শুরু হয়েছে।

শনিবার (২১ মার্চ) সকাল সাড়ে ১১টায় শ্রীমঙ্গল থানার সামনে এই মাস্ক সাপ্তাহের উদ্ভোধন করেন মৌলভীবাজার সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান।

মাস্ক সপ্তাহের প্রথম দিন শহরে র‌্যালি, সচেতনতামূলক আলোচনা সভা ও পথচারিদের মধ্যে যারা  মাস্ক পরছেন না তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। যারা মাস্ক পরছেন না  মাস্ক পড়ার বিষয়ে সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী ২৮ মার্চ পর্যন্ত।

চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় ও ওসি আব্দুস ছালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার সদর সার্কেলর অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউর রহমান।

এছাড়াও বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম খান, এনাম হোসেন চৌধুরী মামুন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, ছালিক আহমদ, শ্রীমঙ্গল পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, ও রায়হান তালুকদার প্রমুখ।

এসময় আরো উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাক ও দৈনিক খোলাচিঠির সম্পাদক ইয়াসিন আরাফাত রবিন, আবু তালেব বাদশা, শিক্ষক একরামুল কবির, অঞ্জন দেব, কাজী আসমা প্রমুখ।

ওসি আব্দুস ছালেক বলেন, আজ ২ হাজার মাস্ক জনসমাগমস্থলে বিতরণের মাধ্যমে জনগণকে মাস্ক পরতে উদ্বুদ্ধ করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাসের দ্বিতীয় ধাপ শুরু হয়েছে। আবারও প্রতিদিন হাজার হাজার মানুষ এই ভাইরাসে নতুন করে আক্রান্ত হচ্ছে। তাই দেশের মানুষ সুস্থ থাকার জন্য সরকার থেকে মাস্ক পরিধানের ব্যাপারে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। জনসাধারণকে প্রয়োজনে ঘর থেকে বের হওয়ার  আগে সময় মুখে মাস্ক পারার অনুরোধ করেন। একই সাথে মুখে মাস্ক না থাকলে কাউকে সেবা না দেয়ার জন্য ব্যসায়ীদের প্রতি অনুরোধ জানান।

 

জনকণ্ঠ সম্পাদক আতিকউল্লাহ খান মাসুদ আর নেই

সিএনবিডি ডেস্কঃ দৈনিক জনকণ্ঠের সম্পাদক ও প্রকাশক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদ চলে গেছেন না ফেরার দেশে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, পুত্রবধু, ১ নাতি ও ১ নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

আজ সোমবার (২২ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে হাসপাতালে নেওয়ার পথে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান বলে দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‌ভোর সাড়ে ৫টার দিকে তার শ্বাসকষ্ট শুরু হয়। এরপর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আতিকউল্লাহ খান মাসুদের মরদেহ এখন শাহবাগের একটি হাসপাতালের হিমঘরে রাখা হবে তাঁর দুই ছেলের একজন বিদেশ থেকে না আসা পর্যন্ত। পরে তাঁকে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করার পরিকল্পনা নেয়া হয়েছে। আজ সোমবার বাদ যোহর ক্যান্টনম্যান্টের ২ নম্বর সেক্টরের আল্লাহু্ মসজিদে মরহুমের ১ম জানাযা অনুষ্ঠিত হবে।

বীর মুক্তিযোদ্ধা আতিকউল্লাহ খান মাসুদ ১৯৫১ সালের ২৯শে আগস্ট মুন্সীগঞ্জ জেলার মেদিনী মন্ডল গ্রামের সম্ভ্রান্ত খান পরিবারে জন্মগ্রহণ করেন। আতিকউল্লাহ খান মাসুদ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে ২ নম্বর সেক্টরে যুদ্ধ করেন।

আতিকউল্লাহ খান মাসুদ গ্লোব-জনকণ্ঠ শিল্প পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সম্পাদনায় ১৯৯৩ সালে প্রকাশিত হয় দৈনিক জনকণ্ঠ। বাংলাদেশের সংবাদপত্র জগতে আলোড়ন তুলে মোহাম্মদ আতিকউল্লাহ খান মাসুদও আসেন তুমুল আলোচনায়। এই পত্রিকাটি সর্বপ্রথম দেশের কয়েকটি স্থান থেকে একযোগে ছাপা শুরু করেছিল। পরে অবশ্য তা ধরে রাখা সম্ভব হয়নি। আতিকউল্লাহ খান মাসুদকে ২০০৭ সালে জনকণ্ঠ ভবন থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। সে সময় তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয় এবং সেসব মামলায় তাকে ৪৮ বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০০৯ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর জামিনে মুক্তি পান জনকণ্ঠ সম্পাদক। পরে মামলাগুলো থেকেও তাঁকে অব্যাহতি দেওয়া হয়।

 

শখের বসে ১ লাখ টাকার খাসি কিনে খামার শুরু কাওলার তরুণ উদ্যোক্তার

মোঃ মোস্তাফিজুর রহমানঃ সাধারণ অর্থে, যে কোনো কর্মপ্রচেষ্টাই উদ্যোগ। আর তেমন ভাবনা থেকেই শুরু করেছেন খামার, হতে শুরু করেছেন একজন উদ্যোক্তা। বলছিলাম ঢাকার ৪৯ নং ওয়ার্ড কাওলার নামাপাড়া এলাকার মোঃ কাওসার মিয়া’র কথা।

কাওসার মিয়া শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি থেকে বিবিএ (অনার্স ) শেষ করার পর কিছুদিন চাকরি করার পর তা ছেড়ে দিয়ে অনেকটা শখের বসে শুরু করেন ছাগল ও হাঁস-মুরগীর খামার। অবস্থা সম্পন্ন পরিবারের ছেলে হওয়ায় সত্ত্বেও একমাত্র  নিজেকে আত্ননির্ভরশীল করার উদ্দেশেই তাঁর এই উদ্যোগ। প্রথমে শখের বসে কিনে ফেলেন ১ লাখ টাকার দেশী জাতের ছাগল। তারপর কিছু হাঁস, কিছু মুরগী। নিজেদের বসতবাড়ির অভ্যন্তরেই অল্প একটু জায়গায় দুটি রুম করে তার মধ্যেই শুরু করেছেন নিজের ছোট্ট এই খামার।  

খামারের ব্যাপারে মোঃ কাওসার মিয়ার কাছে জানতে চাইলে বলেন, হাঁস-মুরগী ও ছাগল পালন অনেকটা শখের বসেই করি আমি। আমার এটা করতে ভালো লাগে। পড়াশুনা শেষ করে প্রথমে কয়েক জায়গায় চাকরী করা শুরু করি। কিন্তু কেন জানি কোন ধরণের আত্নতৃপ্তি পাচ্ছিলাম না। যার কারনে চাকরী ছেড়ে নিজেকে শখের কাজে নিবেদিত করলাম। আমার এই ছোট্ট খামার থেকে এখন যা পাচ্ছি তাতে নিজেদের প্রয়োজন মিটছে। আশাপাশের সবাইকে এখন হাস-মুরগীর ডিম উপহার দিচ্ছি। আর ঢাকায় খামার করা সম্ভব হয়ে উঠে না এ চিন্তাটা ভুল। নিজের আশা, সপ্ন আর পরিশ্রমে অল্প জায়গাতে খামার গুছিয়ে করা সম্ভব। আমি আশা করি ইনশাল্লাহ আমার এই সপ্নের খামার একদিন অনেক বড় হবে।

চাকরীর পিছনে ছুটে যারা হয়রান হচ্ছেন তাদের উদ্দেশ্য করে মোঃ কাওসার মিয়া বলেন, যারা কোন কাজ পাচ্ছেন না তারা বসে না থেকে অল্প কিছু পুঁজি দিয়ে ছোট করে আমার মতো করে খামারের উদ্যোগ নিতে পারেন। আমি আশা করি কেউ নিরাশ হবেন না, যদি নিজের সবটুকু ইচ্ছা শক্তি কাজে লাগিয়ে এতে নিজেকে নিয়োজিত করেন। উচ্চশিক্ষিত হয়ে শুধু চাকরি করতে হবে এই কথা ঠিক না। বরং লেখাপড়া জানা মানুষদেরই কৃষি পেশায় আশা উচিত। চাকরি করে শুধু নিজের পরিবার চালানো সম্ভব। কিন্তু একজন ভালো উদ্যোক্তা কিংবা সফল খামারি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বলে আমি মনে করি।

তবে অনেকের কাছে কাওসারের আয় খুব মামুলি মনে হওয়াটা স্বাভাবিক। কিন্তু তিনি নিজে খুবই সন্তুষ্ট। নিজের পরিশ্রমে গড়ে উঠা এই খামার থেকে তিনি যা-ই পাচ্ছেন তার মূল্য অনেক বেশি যা আমারা সাধারণত বুঝতে পারি না।

দুলাল কান্তি বড়ুয়া দুলুর স্মরনঅনুষ্ঠান

আজ চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে হয়ে গেল বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থার সাধারণ সম্পাদক প্রয়াত উদয়ন বড়ুয়া লেখক ও সংগঠক প্রয়াত শ্রীমান বড়ুয়া এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও রাজনীতিবিদ প্রয়াত দুলাল কান্তি বড়ুয়া দুলুর স্মরণানুষ্ঠান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্তমান সাধারণ সম্পাদক বরুণ বড়ুয়া ও সভাপতি অধ্যাপক মৃণাল কান্তি বড়ুয়া। অনুষ্ঠানটি শুরু হয় বিকাল ৪ ঘটিকায়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ বৌদ্ধ সমিতি প্রাক্তন প্রেসিডেন্ট অজিত রঞ্জন বড়ুয়া এবং একুশে পদকপ্রাপ্ত প্রফেসর ডঃ বিকিরণ প্রসাদ বড়ুয়া। অনুষ্ঠানে প্রয়াত ব্যক্তিবর্গের প্রতি শ্রদ্ধা ও তাঁদের প্রদর্শিত পথসমূহ নিয়ে আলোচনা করা হয়। উক্ত অনুষ্ঠানটি কেন্দ্র করে গত ১৮ মার্চ মোগলটুলি শাক্যমুনি বৌদ্ধবিহারে প্রয়াতদের উদ্দেশ্যে সংঘদান ও অষ্টপরিষ্কার দান করা হয়।

দেশে করোনায় আরও ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৭২

ডিবিএন ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন মারা গেছেন। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। আর গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হওয়ায় দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

আজ রোববার (২১ মার্চ) বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সরকারি ও বেসরকারি ২১৯টি ল্যাবরেটরিতে ২১ হাজার ২৫৯টি নমুনা সংগ্রহ এবং ২১ হাজার ১০৮টি নমুনা পরীক্ষা করা হয়। গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ১০ দশমিক ২৯ শতাংশ। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৪৪ লাখ ৯ হাজার ১১৯ জনে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের মধ্যে পুরুষ ছয় হাজার ৫৭০ জন (৭৫ দশমিক ৬০ শতাংশ) ও নারী দুই হাজার ১২০ জন (২৪ দশমিক ৪০ শতাংশ)।

এছাড়া গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ২২ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন ও ষাটো ১৩ জন রয়েছেন। এই ২২ জনের মধ্যে ঢাকা বিভাগে ১৭ জন, চট্টগ্রামে ২ জন, রাজশাহীতে ২ জন ও বরিশাল বিভাগে ১ জন মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।