করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

আন্তর্জাতিক ডেস্কঃ নভেল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আজ  শনিবার (২০ মার্চ) দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন। খবর-রয়টার্স। 

রয়টার্সের খবরে বলা হয়, মাত্র দু’দিন আগে গত বৃহস্পতিবার করোনাভাইরাস ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন পাক প্রধানমন্ত্রী। আর করোনাভাইরাসের টিকা নেয়ার ৪৮ ঘন্টা পার না হতেই তিনি করোনা আক্রান্ত হলেন।

স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় জানান, প্রধানমন্ত্রী ইমরান খান বর্তমানে তার নিজ বাড়িতে আইসোলেশনে আছেন।

উল্লেখ্য, পাকিস্তানে ক্রমেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ২৩ হাজার ১৩৫ জন। মারা গিয়েছেন ১৩ হাজার ৭৯৯ জন এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৭৯ হাজার ৭৬০ জন।

 

বগুড়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪

বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বাসের চালক ও সুপারভাইজারসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল শুক্রবার (১৯ মার্চ) দিনগত রাত ২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের দশমাইল নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় নিহত ৪ জনের মধ্যে রংপুরের মিঠাপুকুর উপজেলার কারফিখাল এলাকার রাজার মিয়ার ছেলে বাসের চালক রওশন হাবিব (৩৫) ও সুপারভাইজার মাসুদ মিয়া (২৭) ছাড়া বাকি হতাহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা রতন হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকাগামী নাবিল পরিবহনের যাত্রীবাহী বাস মহাসড়কের ওই স্থানে পৌঁছালে এসময় বিপরীত দিক থেকে আসা বগুড়াগামী দৃষ্টি পরিবহণের একটি বাসের (ঢাকা মেট্টো-ব-১৪-৬১৪৪) চালক নিয়ন্ত্রণ হারালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দৃষ্টি পরিবহণের চালক হাবিব ও সুপারভাইজার মাসুদ নিহত এবং দুই বাসের ১০-১২ জন আহত হন।

দুর্ঘটনায় গুরুতর আহত ১০ থেকে ১২ জনকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে দুজন হাসপাতালে পৌঁছার আগেই মারা যান বলে জানান এই স্টেশন কর্মকর্তা।এদিকে দুর্ঘটনাকবলিত বাস দুটি মহাসড়কে আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মহাসড়ের উভয়পাশে প্রায় দুই কিলোমিটার এলাকাজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। প্রায় দুই ঘণ্টা পর যানচলাচল স্বাভাবিক হয়।

শেরপুর হাইওয়ে পুলিশের দশমাইল ক্যাম্পের ইনচার্জ বানিউল আলম আনাম বলেন, দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার পর যান চলাচল বন্ধ থাকলেও কিছু সময় পরই তাদের হস্তক্ষেপে স্বাভাবিক হয়। বাস দুটি জব্দ করা হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

 

নওগাঁর আত্রাই লালপাড়া-পৈঁসাওতা খাল পূনঃ খনন ও অফিস ঘরের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ কৃষি কাজে উন্নয়নে জলাবদ্ধতা নিস্কাশন ও আত্রাই –নাগর নদীর সঙ্গে নৌযান চলাচলে সুগম করতে নওগাঁ আত্রাই উপজেলার মনিয়ারী ইউনিয়নের লাল পাড়া –পৈঁসাওতা খাল পূনঃ খনন ও অফিস ঘরের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ স্থানীয় সরকার (এলজিইডি)’র উদ্যোগে ২৩ লাখ টাকা বরাদ্ধকৃত এ খাল পূনঃ নির্মান করা হবে।

শনিবার (২০ মার্চ) দুপুরে স্থানীয় সরকার এলজিইডি আয়োজনে আত্রাই- রাণীনগর এলাকার সাংসদ ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব আনোয়ার হোসেন হেলাল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বাহাদুরপুর গ্রামে লাল পাড়া-পৈঁসাওতা এ খাল পূনঃ খনন কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ
এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ মাকসুদুল আলম।

এ সময় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা প্রকৌশলী (এলজিইডি) পারভেজ নেওয়াজ খাঁন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও আহসানগঞ্জ ইউপি চেয়ারম্যান আক্কাচ আলী, বিশা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মোল্লা, মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা মেরই বিপ্লব, আত্রাই উপজেলা প্রেস ক্লাব সভাপতি একেএম কামাল উদ্দিন টগর,লালপাড়া-পৈঁসাওতা পাবসস লিঃ এর সাধারন সম্পাদক সুলতান মাহমুদ, আত্রাই জাতীয় শ্রমিক লীগ সাধারণ সম্পাদক সরদার সোয়েব, মনিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা
সেন্টু, আওয়ামী লীগ নতো ইউসুফ হারুন টপিু, ইউপি সদস্য স্বপন কুমার সরকার, পবত্রি কুমার সরকারসহ স্থানীয় ব্যক্তিবর্গ।

 

মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসন নিয়ে নানা সমীকরণ

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে নানা সমীকরণ চলছে। এ নির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা- সেটি এখনো নিশ্চিত নয়। তবে আওয়ামী লীগে প্রার্থী তালিকা দীর্ঘ। নির্বাচনে দলীয় প্রার্থী হতে লন্ডন থেকেও আসছেন প্রার্থীরা। মহাজোটের শরিক দল জাতীয় পার্টির প্রার্থীরাও বসে নেই। সাবেক দুর্গ ফিরে পেতে জাতীয় পার্টি মহাজোটগতভাবে এ আসনে প্রার্থী চাইছে। ইতিমধ্যে মহাজোটের প্রার্থীরাও সরব রয়েছেন। এ কারণে আসন্ন সিলেট-৩ আসনের উপনির্বাচন নিয়ে জটিল সমীকরণ চলছে।

এরইমধ্যে এ আসনে নানা গুঞ্জন ডালপালা মেলতে শুরু করেছে। প্রয়াত নেতার শোকসভা কেন্দ্র করেই চালানো হচ্ছে নিজেদের প্রচারণা। আর এসব বিষয় পর্যবেক্ষণ করছেন ভোটাররাও। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ই মার্চ মারা যান সিলেট-৩ আসনের পরপর তিন তিনবারের আওয়ামী লীগের দলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। তার মৃত্যুর পর গত বৃহস্পতিবার সংসদ সচিবালয়ের পক্ষ থেকে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। এখন সংসদ সচিবালয় থেকে চিঠি যাবে নির্বাচন কমিশনে। এরপর নির্বাচন কমিশন থেকে আনুষ্ঠানিক এ আসনে উপনির্বাচনের প্রস্তুতি শুরু করা হবে।

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এ আসনটি সিলেট নগরের কাছাকাছি এলাকায় গুরুত্ব অনেক বেশি। এ ছাড়া শিল্পনগরী ফেঞ্চুগঞ্জও রয়েছে এ আসনে। ফলে গুরুত্বপূর্ণ এ আসনে দক্ষতার সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। করোনাকালে মানবসেবার কারণে তিনি বিশেষ করে সাধারণ মানুষের মন জয় করেছিলেন। এ কারণে তার মৃত্যুতে অপার শূন্যতা নেমে এসেছে এই আসনে। তার মৃত্যুর পর এখন এ আসনটিতে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি এ আসনে প্রার্থী চাইছে। কারণ- সিলেটের ছয়টি নির্বাচনী আসনের মধ্যে সিলেট-৩ আসনটিকে জাতীয় পার্টি তাদের দুর্গ হিসেবে বিবেচনা করে। যার কারন জাতীয় পার্টির সাবেক এমপি ছিলেন আব্দুল মুকিত খান। এ কারণে ইতিমধ্যে মহাজোটের প্রার্থী হতে চাইছেন দলটির প্রেসিডিয়াম সদস্য আলহাজ আতিকুর রহমান আতিক ও সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরী এহিয়া। জাতীয় পার্টির নেতাদের মুখে এখন পর্যন্ত এই দুই প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এ আসনে এক সময় জাতীয় পার্টির হয়ে ভোটের রাজনীতিতে সরব ছিলেন আতিকুর রহমান আতিক। পরবর্তীতে তিনি হবিগঞ্জের থিতু হয়েছিলেন। এখন আবার তিনি নিজ এলাকামুখী হয়েছেন বলে তার ঘনিষ্ঠজনেরা জানিয়েছেন।

তবে সিলেট-৩ আসনের আওয়ামী লীগের একাংশ চাইছে প্রয়াত এমপি মাহমুদ উস সামাদ চৌধুরীর পরিবার থেকে কাউকে প্রার্থী করতে। কারণ- পরিবারের কেউ প্রার্থী হলে মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েসের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা সম্ভব হবে। এজন্য প্রথমেই তাদের পছন্দের তালিকায় রয়েছেন প্রয়াত এমপি’র স্ত্রী ফারজানা সামাদ চৌধুরী। তাকে প্রার্থী করলে আওয়ামী লীগের অনেকেই তাকে এ আসন ছাড় দিতেও প্রস্তুত বলে নেতাকর্মীরা জানিয়েছেন। এ আসনে পরিবার থেকে প্রার্থী হতে চাইছেন যুক্তরাজ্যের চ্যানেল এস’র চেয়ারম্যান ও প্রয়াত এমপি’র ছোটো ভাই আহমদ উস সামাদ চৌধুরী। ভাইয়ের মৃত্যুর পর তিনি ২/১ দিনের মধ্যে সিলেটে আসছেন বলে পারিবারিক সূত্র জানিয়েছে। তার ফিরে আসার পর মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুর পরবর্তী ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে। এজন্য পরিবারের স্বজনরা আহমদ উস সামাদ চৌধুরীর পথ চেয়ে আছেন।

এদিকে, আওয়ামী লীগ থেকে এ আসনে দিন দিন প্রার্থী তালিকা দীর্ঘ হচ্ছে। সিলেট, লন্ডন ও স্থানীয় আওয়ামী লীগের প্রায় এক ডজন নেতা ইতিমধ্যে এ আসনে প্রার্থী হতে প্রস্তুতি শুরু করেছেন।

তালিকায় শীর্ষে রয়েছেন- যুক্তরাজ্য আওয়ামী লীগের সমাজসেবা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, বিএমএ’র কেন্দ্রীয় মহাসচিব ও সিলেটের পরিচিত মুখ ডা. এহতেশামুল হক চৌধুরী দুলাল, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, দক্ষিণ সুরমা উপজেলার চেয়ারম্যান আবু জাহিদ, ফেঞ্চুগঞ্জে নৌকার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন, সিলেট জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট চেম্বার অব কমার্সের সিনিয়র সহ- সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী তাহমিন আহমদ। এ ছাড়া- প্রার্থী হতে যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন স্যার এনামুল ইসলাম ও দেশে আসার কথা রয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগের সিনিয়র নেতা দেওয়ান গৌছ সুলতান। সিলেট-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি শফিকুর রহমান চৌধুরীর নামও শোনা যাচ্ছে দলীয় নেতাদের মুখে মুখে।

ফেঞ্চুগঞ্জে নৌকার সাবেক উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন গতকাল বিকালে জানিয়েছেন- মাহমুদ উস সামাদ চৌধুরী জীবিত থাকার সময় অনেকেই তার সমালোচনা করেছিলেন সত্য। কিন্তু মৃত্যুর পর বুঝা গেছে তিনি দলের একনিষ্ঠ কর্মী হিসেবে মানুষের উন্নয়নে মানুষের কাছাকাছি ছিলেন। এ কারণে এখন তার জন্য কাঁদছে সবাই। তিনি বলেন- প্রয়াত এমপি’র পরিবার থেকে তার স্ত্রীকে আওয়ামী লীগের প্রার্থী করা হলে অনেকেই আগেভাগে প্রার্থী হওয়া থেকে সরে যাবেন। কারণ- এখানে আবেগ কাজ করবে। এদিকে- সিলেট-৩ আসনে নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে সিলেট বিএনপি’র এক শীর্ষ নেতা জানিয়েছেন- সিলেটের উপনির্বাচনে বিএনপি অংশ নেবে কিনা সেটি দলীয় সিদ্ধান্তে চূড়ান্ত হবে। দল সিদ্ধান্ত দিলে পরবর্তীতে আসবে প্রার্থীর কথা। এরপর প্রার্থী নিয়ে চিন্তা করা যাবে।

সুন্দরবনে ফের মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার

সাতক্ষীরা প্রতিনিধিঃ সুন্দরবনের ভোলা নদীর ধনচেবাড়িয়া চর থেকে একটি মৃত রয়েল বেঙ্গল টাইগার উদ্ধার করেছে বন বিভাগ। গতকাল শুক্রবার রাত ৮ টার দিকে বনজীবিরা ধনচেবাড়িয়ার চরে ওই মৃত বাঘ দেখতে পেয়ে বনবিভাগকে খবর দেয়। শরণখোলা স্টেশনের বনরক্ষীরা মৃত বাঘটিকে উদ্ধার করে।

জানা গেছে, মৃত ওই মাদী বাঘটি লম্বায় ৭ ফুট, উচ্চতায় ৩ ফুট ২ ইঞ্চি এবং চওড়ায় ৩ ফুট ৬ ইঞ্চি। বয়সে আনুমানিক ১৪-১৫ বছর। মৃত বাঘটির শরীরে কোন আঘাতের চিহৃ নেই। শরীরের কোন অঙ্গ পতঙ্গও কেটে নেয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বার্ধক্যজনিত কারণে ওই বাঘটির স্বাভাবিক মৃত্যু হয়েছে।

শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নুল আবেদীন এ বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন। আজ শনিবার এই বাঘটির মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্ত করে ভিসেরা ঢাকায় পাঠানো হবে বলেও জানিয়েছেন তিনি।

এর আগে শরণখোলা রেঞ্জের ছাফড়াখালী এলাকা থেকে গত বছরের ৩ ফেব্রুয়ারি একটি বাঘিনীর ও ২০১৯ সালের ২০ অগাস্ট একটি বাঘের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল।

“মিছে মায়া”

“মিছে মায়া”

কলমেঃ মো:আমিন আহমেদ আরমিন

বিস্তৃর্ণ মেঘ তাকিয়ে আছে আকাশে
সাগরের অথৈ জল হাত নেড়ে আমন্ত্রণ জানাচ্ছে
দখিনা সমীরণ হাত তালি দিয়ে বলছে
চলে এসো প্রকৃতির মাঝে হারিয়ে যাও!
হাতছানি দিয়ে ডাকছে, সবুজ বনায়ন
শিশির ভেজা ঘাস, আর ঐ পাহাড়ের ঝর্ণা।

যেদিকে দুচোখ যায় চলে গেলেই তো হয়
শুধু যাবার বেলায় পিছু ডাকলেই বিপদ;
স্মৃতির অবগাহন থামিয়ে দেবে, দেবে চোখ ভিজিয়ে
সংসার, সাঁ সাঁ করে যাওয়া দ্রুতগামী গাড়ির মতো
যাত্রী ওঠে নামে- শেষ হয়না যাত্রা পথ
দ্বায়িত্ব কাঁধে নিয়ে, চালক বসে থাকে অবিচল
যাত্রীদের সুখ-দুখের চলে স্মৃতিচারণ
তবুও ভোলে না নিজের গন্তব্য স্থান।

যদি যেতে হয়, সংসারের মায়া ত্যাগ করতে হবে
হবে আপনজনের মিছে মায়া, মানুষ হয়ে জন্ম নিলেই
থাকবে মায়া, থাকবে টান আর মান-অভিমান
তবুও যেতে চাইলে, পেছন ফেরা নয় —
সামনের দিকে এগিয়ে যেতে হবে
অনিশ্চিত ভবিষ্যতকে, নিশ্চিত ভেবে নিয়ে
নইলে মিছে মায়ায় জড়িয়ে পড়তে হবে।

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রাম প্রতিনিধিঃ আজ শনিবার (২০ মার্চ) আনুমানিক সকাল ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া উপজেলার এসআই পার্ক কমিউনিটি সেন্টারের সামনে মাইক্রোবাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে জানা গেছে।

নিহত দুই মোটরসাইকেল আরোহীরা হলেন- লোহাগাড়া উপজেলার শুকছড়ি এলাকার বাসিন্দা আবদুর রহমানে ছেলে ওবায়দুল হক (৩০) এবং একই উপজেলার জঙ্গল পদুয়া এলাকার বাসিন্দা মো. ওসমানের ছেলে মো. নোমান (২২)।

এদিকে স্থানীয় ইউপি মেম্বার শাহেদ হোসাইন জানিয়েছেন, সকালে ওই দুই যুবক মোটরসাইকেল যোগে লোহাগাড়া থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে এস আই পার্কের সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেলে থাকা দুই যুবক।

দোহাজারী হাইওয়ে থানার ওসি আবদুর রব বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ৭টার দিকে হাইস ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। একই সঙ্গে মাইক্রোবাসটিকেও জব্দ করা হয়। নিহতের স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরবর্তীতে মনাতদন্তে লাশ পাঠানো এবং আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সঠিক পদ্ধতিতে রসুনের রস ব্যবহারে গজাবে চুল!

সিএনবিডি ডেস্কঃ রসুন আমাদের দেশে মুলত রান্নার তরকারিতে মসলা হিসেবে ব্যবহৃত হয়। এছাড়া কাঁচাও খাওয়া হয়ে থাকে রসুন, তবে পরিমান মতো। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, জৈব গুণসম্পন্ন রসুন চুলের গোঁড়া এতটাই মজবুত করে তোলে, যে চিরুনির আঘাতে চুল পড়ে যায় না। বিশেষজ্ঞরা বলছেন, চুলে ও মাথার ত্বকে রসুনের রস লাগালে নতুন চুল গজায়।

বিশেষজ্ঞদের মতে, চুলের যত্নে রসুনে কার্যকরী গুণ রয়েছে। রসুনে থাকা জিঙ্ক এবং কপার মাথার তালুর রক্ত চলাচল বাড়ায়। খুশকির সমস্যাও দূর করে থাকে। চুল পড়া প্রতিরোধে রসুন অনেকটা ম্যাজিকের মতো কাজ করে। এটি শুধু চুল পড়াই প্রতিরোধ করে না, সেই সঙ্গে মাথার ত্বকের ইনফেকশন ও খুশকি দূর করতেও সহায়তা করে।

রসুন দিয়ে কীভাবে প্যাক তৈরি করবেন? জেনে নিন-

রসুন ও তেল: তেল ও রসুন সাহায্য করে নতুন চুল গজাতে। রসুনের তেল মাথার তালুর ইনফেকশন এবং ব্যাকটেরিয়াও দূর করে দেয়। এক চামচ রসুনের রসের সাথে আধাকাপ নারকেল তেল মিশিয়ে অল্প আগুনে জ্বাল দিন। এরপর কুসুম গরম হয়ে এলে এটি মাথার তালুতে মালিশ করে ব্যবহার করুন। একঘণ্টা এটি চুলে রাখতে হবে। তারপর শ্যাম্পু করে নিতে হবে।

রসুনের প্যাক: একটি ডিমের সাদা অংশ ভালো করে ফেটে নিন। এরসাথে এক চামচ অলিভ অয়েল এবং এক চামচ রসুনের রস মেশান। এবার প্যাকটি চুলে ভালো করে মালিশ করে লাগান। রসুনের সেলিনিয়াম ভিটামিন ই এবং ডিমের প্রোটিনের সাথে মিশে চুল পড়া রোধ করে থাকে। নতুন চুল গোজাতে সাহায্য করে। ৩০ মিনিট পর শ্যাম্পু করতে হবে। সপ্তাহে একবার এই প্যাকটি ব্যবহার করুন। এটি নতুন চুল গজাতে সাহায্য করে থাকে।

রসুনের রস: রসুনের কয়েকটি কোয়া নিয়ে রস করে নিন। এটি সরাসরি মাথার তালুতে মালিশ করে ব্যবহার করতে হবে। তবে এটি গোসলের আগে চুলে লাগিয়ে নিন। এটি মাথায় রেখে কিছু সময় অপেক্ষা করুন। তারপর শ্যাম্পু করে নিতে হবে।

কাঁচা রসুনের সিরাম: চুল পড়া রোধে রসুনের একটি পরীক্ষিত পদ্ধতি হল কাঁচা রসুনের সিরাম। রসুনের তেলের সাথে এক টেবিল চামচ কাঁচা রসুনের রস মিশিয়ে নিন। এবার একটি তুলোর বলে সেটি লাগিয়ে মাথার তালুতে মালিশ করতে হবে। কয়েক মিনিট মাথার তালু মালিশ করে নিন। ২০ মিনিট পর ঠাণ্ডা জল দিয়ে ভালো করে চুল ধুয়ে ফেলুন। ভালো ফল পাওয়ার জন্য এটি প্রতি রাতে ব্যবহার করুন।

রসুন ও অলিভ অয়েল: অলিভ অয়েলের বোতলে এক টুকরো রসুন দিয়ে দিন। এভাবে এক সপ্তাহ রাখুন। এরপর প্রতিদিন রাতে এই তেল চুলে ব্যবহার করুন। পরের দিন সকালে চুল শ্যাম্পু করে নিন। এটি ব্যবহারে কয়েক সপ্তাহের মাঝে পরিবর্তন দেখতে পাবেন।

রসুনের কন্ডিশনার: প্রথমে রসুনের কোয়া রোদে শুকিয়ে নিন। তারপর এটি গুঁড়ো করে পাউডার তৈরি করতে হবে। এবার কন্ডিশনার সাথে রসুনের পাউডার মিশিয়ে নিন। এটি চুলে কন্ডিশনার হিসেবে ব্যবহার করুন। আপনি চাইলে এতে রসুনের রসও মেশাতে পারেন। এটি চুল পড়া রোধ করতে সাহায্য করবে। সূত্র: জি ২৪ ঘণ্টা।

বিএসএফের গুলিতে জুড়ী সীমান্তে বাংলাদেশী যুবক নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের জুড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন বলে সুত্রে জানা গেছে। নিহত বাপ্পা মিয়া ফুলতলা ইউনিয়নের বটুলী এলাকার আবদুর রউফের ছেলে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন।

আজ  শনিবার (২০ মার্চ) ভোর ৫টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় কাঁটাতারের বেড়ার ওপারে ওই যুবকের মরদেহ পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সিদ্দিকী।

তিনি বলেন, এ বিষয়ে বিস্তারিত জানতে বিএসএফকে চিঠি দিয়েছি।

ফুলতলা ইউনিয়নের মেম্বার ইমতিয়াজ গফুর মারুফ জানান, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের মরদেহ পাওয়া যায়। গরু আনতে গিয়ে সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বিজিবি অধিনায়ক সুবেদার দেলোয়ার হোসেন জানান, ঘটনাস্থলে বিজিবির-৫২ ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্য কর্মকর্তারা অবস্থান করছেন। তারা পতাকা বৈঠকের অপক্ষোয় রয়েছেন এবং পরবর্তী সর্বশেষ সংবাদ জানা যাবে কি জন্য এবং কি কারনে এমন ঘটনা ঘটালো।

অধিনায়ক তামিম ইকবালের জন্মদিন ও হতাশা

সিএনবিডি ডেস্কঃ বাংলাদেশেরএক উজ্জ্বল নাম তামিম ইকবাল খান। দেশের ইতিহাসের সেরা এই ওপেনার ১৯৮৯ সালের ২০ মার্চ পৃথিবীতে এসেছিলেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক। আজ তাঁর নিজের জন্মদিনে তিনি স্বমহিমায় জ্বলে উঠবেন এমনটাই প্রত্যাশা করেছিলেন ভক্তরা। তবে নিরাশ করেছেন তামিম ইকবাল।

আজ শনিবার ডানেডিনে তিন ম্যান সিরিজের প্রথম খেলায় ১৬ মিনিট ক্রিজে থেকে ১৫ বলে করেন ১৩ রান। ছক্কার পর একটি চারও আসে তার ব্যাট থেকে। আর বোল্টের বলেই এলবিডব্লিউ হয়ে বিদায় নেন এই ওপেনার। বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৩১ রানে। মাত্র ২ উইকেট হারিয়ে সহজ লক্ষ্য তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ২১.২ ওভারে ১৭২ বল হাতে রেখে ম্যাচটি নিজেদের করে নেয় কিউইরা। ৮ উইকেটে জয় তুলে তিন ম্যান সিরিজ ১-০ তে এগিয়ে গেল স্বাগতিকরা।

তবে ম্যাচের আগে ডমিঙ্গো বলেছিলেন, তিন ফরম্যাটের মধ্যে তার দল সবচেয়ে সেরা ওয়ানডে ক্রিকেটে। এখানেও হতাশ হতে হচ্ছে দক্ষিণ আফ্রিকার এই কোচকে। ৩ ম্যাচ সিরিজের প্রথমটিতেই ৮ উইকেটের বড় হার নিয়ে মাঠ ছাড়তে হলো সফরকারীদের।

বাংলাদেশের দেয়া ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলকে উড়ন্ত সূচনা এনে দেন ডানহাতি ওপেনার মার্টিন গাপটিল। মোস্তাফিজুর রহমানের করা প্রথম ওভারেই তিনি চার-ছয়ের মারে তুলে নেন দশ রান। দলীয় পঞ্চাশ রান পূরণ করতে নেন মাত্র ৫ ওভার। তবে তাকে বেশিদূর যেতে দেননি তাসকিন আহমেদ। ইনিংসের ষষ্ঠ ওভারের প্রথমবারের মতো তাসকিনকে আক্রমণে আনেন অধিনায়ক তামিম ইকবাল। সেই ওভারের তৃতীয় বলে বড় শট হাঁকানোর চেষ্টায় কট বিহাইন্ড হন গাপটিল। আউট হওয়ার আগে ৩টি চার ও ৪টি বিশাল ছয়ের মারে মাত্র ১৯ বলে করেন ৩৮ রান।

উদ্বোধনী জুটি ভাঙার পর তিন নম্বরে ব্যাট করতে আসেন অভিষিক্ত ডেভন কনওয়ে। আরেক ওপেনার হেনরি নিকলসের সঙ্গে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৬৫ রান। দলের জয়ের জন্য মাত্র ১৩ রান বাকি থাকতে হাসান মাহমুদের বলে মাহমুদউল্লাহর হাতে ক্যাচে পরিণত হন ৫২ বলে ২৭ রান করা কনওয়ে। অপর প্রান্তে দুই উইকেট পড়ে গেলেও নিজের প্রান্তে অবিচল ছিলেন নিকলস। ফিফটি থেকে মাত্র ১ রান দূরে থাকতে ম্যাচ শেষ হয়ে যায়। ইনিংসের ২২তম ওভারের জোড়া চার মেরে ম্যাচ শেষ করেন আরেক অভিষিক্ত উইল ইয়ং। নিকলস অপরাজিত থাকেন ৫৩ বলে ৪৯ রান করে। ইয়ং করেন ৬ বলে ১১ রান।

এদিকে ৮.৫ ওভারে ২৭ রান দিয়ে চার উইকেট তুলে ম্যাচ সেরা হয়েছেন ট্রেন্ট বোল্ট।

উল্লেখ্য, আগামী ২৩ মার্চ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামবে দুই দল। ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭ টায়।