ইউপি চেয়ারম্যানের বড় ভাই-মেম্বার-পঞ্চায়েত সভাপতির বিরুদ্ধে ভাতার টাকার অনিয়মের অভিযোগ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ সরকার কর্তৃক চা শ্রমিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে বিভিন্ন রকম সাহায্যে সহযোগিতা করে যাচ্ছে প্রতিনিয়ত বর্তমান সরকার, ঠিক তখনি চা শ্রমিক জনগোষ্ঠীর পিছিয়ে পড়া মানুষদের সাথে চলছে প্রতারনার কৌশল। সরকার কর্তৃক সমাজ কল্যান দফতরের আওতাধীন গৃহীত বয়স্ক ও বিধবা ভাতা বিতরণে অনিয়মের অভিযোগ করেন শ্রীমঙ্গলের ৮ নং কালিঘাট ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ভুক্তভোগীরা।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, যারা নতুন প্রতিবন্ধী ও বিধবা ভাতার কার্ড পেয়েছেন তারা এককালীন ১ বছরের ৯ হাজার টাকা করে পাওয়ার কথা ছিলো। কিন্তু নতুন ভাতা সংগ্রহকারীদের সরকারী অর্থ বিতরণের সময় কাউকে কিছু না জানিয়ে নগদ ১ হাজার টাকা স্থানীয় একটি মন্দির নির্মাণের জন্য কেটে রাখার অভিযোগ করেন স্থানীয়রা।
কালিঘাট ইউনিয়ন পরিষদের অন্তর্গত ভাড়াউড়া চা বাগানের ৬নং ওয়ার্ডের মীরা দোষাদ অভিযোগ করে বলেন, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা বিতরণের সময় নারী ইউপি সদস্য মিতু রায়ের স্বামী তাকে ভাতার টাকা নেওয়ার জন্য চেয়ারম্যান এর বাসায় যেতে বলেন। কিন্তু যেদিন দেশ থেকে শুরু করে বর্হিবিশ্ব জাতির জনক মহানায়ক বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে সকল প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, সেদিন বয়স্ক ভাতা বা প্রতিবন্ধী ভাতা দেয়ার দিন নির্ধারণ করেন।
তবুও ভোক্তভোগী মানুষ গুলো  টাকা আনতে চেয়ারম্যান এর বাসায় যাওয়ার পর তাকে ৮ হাজার টাকা দিয়ে ৬ নং ইউ পি ইদ্রিস আলী নারী ইউপি সদস্য মিতু রায় ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালার বড় ভাই সন্তোষ গোয়ালা কাউকে কিছু না জানিয়ে সকলের কাছ থেকে ১ হাজার টাকা কেটে রাখেন। তখন তিনি প্রতিবাদ জানালে চেয়ারম্যানের বড় ভাই সন্তোষ গোয়ালা তাকে ধমক দিয়ে কথা বলেন এবং এও বলেন বেশি কথা বললে কার্ড বাতিল করে দেয়া হবে বলে ভোক্তভোগীদের অভিযোগ।
তিনি আরো জানান মেম্বার, পঞ্চায়েত সভাপতি ও চেয়ারম্যান এর ভাই প্রতিবন্ধী ভাতা থেকে কিভাবে মন্দির নির্মাণের জন্য টাকা কেটে রাখলো আমি যেখানে তিন মেয়ে ও ছেলের পড়াশোনা, খাওয়া দাওয়া ও চিকিৎসার খরচ বহন করতেই হিমশিম খাই সেখানে গরীবের জন্য বরাদ্দ সরকারী অর্থ কিভাবে কেটে রাখা হয়।
আরেক ভুক্তভোগী বিধবা লক্ষী মনি গণমাধ্যমকর্মীদের অভিযোগ করে জানায়, মিতু মেম্বারনী, ইদ্রিস আলী মেম্বার ও প্রানেশ চেয়ারম্যান এর বড় ভাই সন্তোষ গোয়ালা আমাকে বলে, বিধবা ভাতা থেকে এক হাজার টাকা কেটে রাখা হবে, আমাদেরকে টাকা দিতে হবে। তখন আমি বলেছি এই টাকা তো সরকার থেকে আমাকে দিয়েছে, তাহলে আপনারা কেনো কেটে রাখবেন তখন তারা বলেন তোমরা বেশি কথা কও, এই টাকা তোমাদের দিতে হবে। এই কথা বলে মন্দির নির্মাণের নামে একটা ১ হাজার টাকার রিসিট দিয়ে টাকা নিয়ে যায়। একি দিনে বাড়ি বাড়ি হতে ২০০ টাকা করে তুলেন মন্দির তৈরি করার কথা বলে। তিনি আরো বলেন চা বাগানের শ্রমিকরা সাপ্তাহিক হাজিরাতে ১০-২০ টাকা করে মন্দিরের জন্য দিয়ে থাকি তাহলে কেনো এই বাড়তি টাকা কেটে রাখলো উনারা।
এ বিষয়ে ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইদ্রিস আলীর কাছে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, বাগানের একটা মন্দির নির্মাণের জন্য তাদের বলেছি যে, তোমরা তো টাকা পেয়েছো সেখান থেকে চাইলে তোমরা চাঁদা হিসেবে এক হাজার টাকা করে দিতে পারো, তখন তারা এক হাজার টাকা করে মন্দির নির্মাণের নামে দেয়। আমরা কোন জোর করে টাকা নেইনি। তারা স্বেচ্ছায় টাকা দিয়েছে এবং বলেন আমার এমন কোন অভিযোগ নেই কারো কাছে বিগত ৫ বছরে। যদি জানতে চান তাহলে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করে দেখেন।
বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মোহাম্মদ নূর মিয়া বলেন, আমরা তো জোর করে কোন টাকা নেই নাই, তারা স্বেচ্ছায়ই মন্দিরের জন্য টাকা দিছে। প্রতিবন্ধীদের কাছ থেকেও কি টাকা নিতে হবে, এমন প্রশ্নের উত্তরে নূর মিয়া বলেন, আপনি প্রতিবন্ধী বলেন, বা সুস্থ মানুষই বলেন, তারা তো ধর্মের নামে টাকা দিচ্ছে। আর আমরা তাদের হাতে নয় হাজার টাকা দেওয়ার পরে তারা আমাদেরকে এক হাজার টাকা দিছে, আমরা রিসিটও দিয়ে আসছি।
কালিঘাট ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মিতু রায় বলেন, আমরা জোর করে কোন টাকা নেইনি। বাগানের মন্দির নির্মাণের জন্য প্রচুর টাকার প্রয়োজন তাই তাদের কাছ থেকে আমরা এক হাজার টাকা করে নিয়েছি। আমরা তাদেরকে টাকার রশিদ ও দিছি। বাগানের সবার কাছ থেকেই টাকা নিচ্ছি, কেউ ১শ, ২শ বা ৫শ করে টাকা দিচ্ছে।
প্রতিবন্ধী ও বিধবার ভাতার টাকা কেটে রাখার বিষয়ে কালিঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সাথে যোগাযোগ করা হলে বার্তালাপে তিনি বলেন, ভাতার টাকা থেকে কেউ কোন টাকা নিয়েছে বলে আমার জানা নাই তবে যেহেতু আমি এখন জেনেছি রাত হয়ে গেছে কেউ জানায়নি আমি এ বিষয়ে খোঁজ নিচ্ছি সকালে, তারপর ঘটনা সত্য হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশস্ত করেন।

রাণীশংকৈলে কালী মন্দিরের মূর্তি দূর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার  উত্তরগাঁও (কেওটান) গ্রামে গত ১৮ মার্চ বৃহস্পতিবার রাতে  সবার অগোচরে কালী মন্দিরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। জানা গেছে ঐ গ্রামের মৃত ফাগু রাম চন্দ্রের ছেলে শান্ত চন্দ্র মন্টুর বাড়িতে অবস্থিত পারিবারিক কালী মন্দিরটিতে এ আগুন লাগার ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ঘটনার দিন রাত অনুমানিক ৯ টার সময় মন্টুর বাড়ির ১০০ গজ পূর্ব পাশে কালী মন্দিরটিতে গমের গড় দিয়ে আগুন লাগিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পথচারীরা আগুন দেখতে পেলে দৌড়ে এসে সবাইকে জানালে সকলে মিলে আগুন নিয়ন্ত্রণে আনলেও সম্পুন্ন কালী মূর্তিটি পুড়ে ছাই হয়ে যায়।

মন্দির বাড়ির জমিদাতা শান্ত চন্দ্রের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি বলেন গমের গড় দিয়ে কালী মূর্তিটিকে পুড়ে ছাই করে দিয়েছে দূর্বৃত্তরা। এখন থানায় অভিযোগ দিতে যাচ্ছি।

এ ব্যাপারে উপজেলা হিন্দু বোদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক সাধন বসাক বলেন, আমি ফোনে ঘটনাটি জানতে পারি এবং থানায় অভিযোগ দিতে বলেছি।

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন । এ ব্যাপারে ওসি এস এম জাহিদ ইকবাল বলেন খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেছি। টিন ও বাঁশের তৈরি মন্দির ঘরটিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এবং মূর্তিটি পুড়ে গেছে। আমাদের তদন্ত ও পুলিশি টহল ঐ এলাকায় অব্যাহত রয়েছে। অভিযোগ পেলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদান করেছেন ড. মুনতাসীর মামুন

সিএনবিডি ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের সাবেক অধ্যাপক, বিশিষ্ট শিক্ষাবিদ, ইতিহাসবিদ, লেখক ও গবেষক ড. মুনতাসীর মামুন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ‘বঙ্গবন্ধুর চেয়ার’ পদে যোগদান করেছেন। গত সপ্তাহের সোমবার বঙ্গবন্ধু চেয়ারের দায়িত্ব গ্রহণ পরবর্তী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠান তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, ‘আমরা বিশ্বাস করি, আমরা যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দিতে পেরেছি। তিনি যোগ্যতার মাধ্যমে বঙ্গবন্ধু চেয়ারকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন।’

প্রফেসর ড. মুনতাসীর মামুন তার বক্তব্যে চবি বঙ্গবন্ধু চেয়ার পদে তাকে নিয়োগ দেয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ চট্টগ্রামবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ দায়িত্ব পেয়ে আমি অভিভূত। যারা বঙ্গবন্ধু ও বাংলাদেশ নিয়ে কাজ করতে চান, তাদের জন্য আমার দরজা সবসময় খোলা থাকবে।

সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, সিনেট সদস্য অধ্যাপক বেনু কুমার দে, সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান সিদ্দিকী, কলা ও মানববিদ্যা অনুষদের ডিন অধ্যাপক ড. মহীবুল আজিজ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মনজুরুল আলম, প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া, অবসরপ্রাপ্ত শিক্ষক ড. গাজী সালাউদ্দীন, সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট মাইনুল হাসান, হাটহাজারী উপজেলার চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, অফিসার সমিতির সাধারণ সম্পাদক হাসিদ হাসান নোমানী প্রমুখ।

এর আগে গত ২৬ ফেব্রুয়ারি চবি’র ৫২৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তক্রমে ড. মুনতাসীর মামুনকে আগামী দুই বছরের জন্য চবি’র বঙ্গবন্ধু চেয়ারে নিয়োগ দেওয়া হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্ম নিয়ে গবেষণা ও তার স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদটি সৃষ্টি করা হয়েছে।

সিলেট র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে সোয়া ১ কোটি টাকার ভারতীয় সিগারেট আটক

মো:আমিন আহমেদ, সিলেটঃ সিলেটে র‌্যাব ৯ এর বিশেষ অভিযানে অবৈধভাবে ভারত থেকে আনা আমদানি নিষিদ্ধ সিগারেট এবং নকল ট্যাক্স স্ট্যাম্প উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এসব সিগারেটের মূল্য ১ কোটি ২৩ লাখ টাকা।

র‌্যাব-৯ ও সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটের যৌথ অভিযানে জেলার সীমান্তবর্তী জকিগঞ্জের একটি বাড়ি এবং সিলেট নগরের লালদীঘিরপারের কয়েকটি দোকান থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সপ্তাহের মঙ্গলবার জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের দক্ষিণ মরইরতল গ্রামের নজরুল ইসলামের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ি থেকে ৬৪ লাখ টাকা মূল্যমানের ভারতীয় সিটি গোল্ড এবং মনসুন ব্রান্ডের সিগারেট জব্দ করা হয়। নজরুল সিগারেট সরকার নির্ধারিত মূল্য না মেনে ট্যাক্স ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন বাজারে বিক্রি করা হতো বলে জানিয়েছেন সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাটের সহকারি কমিশনার রবীন্দ্র কুমার সিংহ।

অন্যদিকে, গত সপ্তাহের সোমবার রাতে সিলেট নগরির লালদিঘীর পারের শিরিন স্টোর থেকে ভারতীয় ভার্গো ট্যোবাকো কোম্পানীর পার্টনার ব্রান্ডের ৬ লাখ ৬০ হাজার শলাকা, বিসমিল্লাহ স্টোর থেকে নকল ব্যান্ডরোল যুক্ত হেরিটেজ ট্যোবাকোর ৯৬৮০ শলাকা জয় ব্লাক, ৯৭৪০ শলাকা সিটি গোল্ড এবং ১৭ হাজার শলাকা মেনসন সিগারেট জব্দ করা হয়। অভিযানে গোল্ডলিফ,ক্যাপস্টেইন, স্টার,পাইলট এবং ব্যান্ড এন্ড সন ব্রান্ডেরও ৭ লাখ শলাকা সিগারেট জব্দ করা হয়েছে। জব্দকৃত এসব সিগারেটের মূল্য ৫৯ লাখ টাকা।

এসব সিগারেট সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনাট অফিসে জমা দেয়া হয়েছে এবং আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম।

না ফেরার দেশে চলে গেলেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু

বৃহস্পতিবার (১৮ মার্চ) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৭ বার নির্বাচিত কাউন্সিলর ও চকবাজার থানা আওয়ামী লীগের উপদেষ্টা সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু। গত ১৩ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু ১৯৭৭ সাল থেকে ১৯৮১ সাল পর্যন্ত তৎকালীন চট্টগ্রাম পৌরসভার নির্বাচিত কমিশনার ছিলেন। পরবর্তীতে ১৯৯৪ সালের জানুয়ারি থেকে পর পর ৬ বার চট্টগ্রাম সিটি করপোরেশনের চকবাজার ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচিত হন । সর্বশেষ গত ২৯ জানুয়ারি নির্বাচনেও তিনি কাউন্সিলর নির্বাচিত হন।

এবারের বইমেলা ভার্চুয়ালি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সিএনবিডি ডেস্কঃ এবারের অমর একুশে গ্রন্থমেলার ভার্চুয়ালি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বিকালে বইমেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এবারের বইমেলার মূল থিম ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী’।

দেশে চলমান মহামারি করোনাভাইরাসের কারণে ভাষার মাসের পরিবর্তে স্বাধীনতার মাসে এবার শুরু হলো ‘অমর একুশে গ্রন্থমেলা ২০২১’। বাঙালির প্রাণের এই মেলা চলবে ১৪ এপ্রিল ২০২১ পর্যন্ত। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলা ২০২১ উৎসর্গিত হচ্ছে মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের স্মৃতির উদ্দেশে।

এ সময় অমর একুশে বইমেলার উদ্বোধন অনুষ্ঠানে বঙ্গবন্ধু রচিত ও বাংলা একাডেমি প্রকাশিত ‘আমার দেখা নয়াচীন’-এর ইংরেজি অনুবাদ ‘নিউ চায়না-১৯৫২’ গ্রন্থের মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী।

এবার বইমেলা অনুষ্ঠিত হবে বাংলা একাডেমি প্রাঙ্গণে এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের প্রায় ১৫ লাখ বর্গফুট জায়গায়। একাডেমি প্রাঙ্গণে ১০৭টি প্রতিষ্ঠানকে ১৫৪টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে ৪৩৩টি প্রতিষ্ঠানকে ৬৮০টি ইউনিট; মোট ৫৪০টি প্রতিষ্ঠানকে ৮৩৪টি ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। মেলায় ৩৩টি প্যাভিলিয়ন থাকবে। বইমেলার লিটল ম্যাগাজিন চত্বর স্থানান্তরিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মূল মেলা প্রাঙ্গণে। সেখানে ১৩৫টি লিটলম্যাগকে স্টল বরাদ্দের পাশাপাশি ৫টি উন্মুক্ত স্টলসহ ১৪০টি স্টল দেওয়া হয়েছে।

সোহরাওয়ার্দী উদ্যানে নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের ব্যবস্থা থাকবে। অমর একুশে বইমেলা ২০২১-এর প্রচার কার্যক্রমের জন্য একাডেমিতে বর্ধমান ভবনের পশ্চিম বেদিতে ১টি ও সোহরাওয়ার্দী উদ্যানে ৩টি তথ্যকেন্দ্র থাকবে।

বাংলা একাডেমির ৩টি প্যাভিলিয়ন, শিশু কিশোর উপযোগী বইয়ের জন্য ১টি এবং সাহিত্য মাসিক উত্তরাধিকার-এর ১টি স্টল থাকবে। এবারও শিশুচত্বর মেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে। তবে করোনা পরিস্থিতির কারণে প্রথমদিকে ‘শিশুপ্রহর’ থাকছে না।

এছাড়া এবার সোহরাওয়ার্দী উদ্যানের পূর্ব প্রান্তে নতুন একটি প্রবেশ পথ করা হয়েছে। প্রকাশকদের দীর্ঘদিনের দাবি ছিল রমনা প্রান্তে একটি প্রবেশ পথ ও পার্কিং-এর ব্যবস্থা করা। এবার এটা করা সম্ভব হয়েছে। সবমিলে সোহরাওয়ার্দীতে ৩টি প্রবেশ পথ ও ৩টি বাহির পথ থাকবে। প্রত্যেক প্রবেশ পথে সুরক্ষিত ছাউনি থাকবে, যাতে বৃষ্টি ও ঝড়ের মধ্যে মানুষ আশ্রয় নিতে পারেন। বিশেষ দিনগুলোতে লেখক, সাংবাদিক, প্রকাশক, বাংলা একাডেমির ফেলো এবং রাষ্ট্রীয় সম্মাননাপ্রাপ্ত নাগরিকদের জন্য প্রবেশের বিশেষ ব্যবস্থা করা হবে।

এবারের বইমেলা ১৯ মার্চ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত ছুটির দিন ছাড়া প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯ টা পর্যন্ত খোলা থাকবে। ছুটির দিন বেলা ১১ টা থেকে রাত ৯টা পর্যন্ত।

করোনায় দেশে আরও ১৬ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২১৮৭

সিএনবিডি ডেস্কঃ দেশে চলমান মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় আরও ১৬ জনের মৃত্যু হয়েছে। ফলে এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬২৪ জনে। আর গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৮৭ জন করোনায় আক্রান্ত হওয়ায় দেশে মোট করোনা শনাক্ত হলো ৫ লাখ ৬৪ হাজার ৯৩৯ জনের।

আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৪ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।

বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১৩ জন, চট্টগ্রামে ১ জন, রাজশাহীতে ১ জন, খুলনায় ১ জন রয়েছেন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৪১ থেকে ৫০ বয়সের মধ্যে ৩ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১ জন, ৬০ বছরের ওপরে ১২ জন রয়েছেন।

উল্লেখ্য, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৫৩৪ জন। ফলে এ পর্যন্ত দেশে সুস্থ হয়েছেন মোট ৫ লাখ ১৭ হাজার ৫২৩ জন।

শুক্রবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আসছেন ঢাকায়

সিএনবিডি ডেস্কঃ শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় আসছেন।

আগামীকাল শুক্রবার (১৯ মার্চ) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি বিশেষ ফ্লাইটে করে নামবেন তিনি।

বিমানবন্দরে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে স্বাগত জানাবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে পৌছানোর পর আনুষ্ঠানিকতা সেরে তিনি সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। পরে শুক্রবার বিকেলে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড স্কয়ারে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখবেন।

পরদিন শনিবার শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী রাজাপাকসে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। দুই প্রধানমন্ত্রীর বৈঠক শেষে উভয় দেশের মধ্যে ৫টি সমঝোতা স্মারক সই হতে পারে। ওইদিন সকালে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

উল্লেখ্য, শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে ২৮ সদস্যের প্রতিনিধি দল ঢাকায় আসছে। এর মধ্যে বেশ কয়েজন মন্ত্রী-প্রতিমন্ত্রী রয়েছেন। দেশটির শিক্ষামন্ত্রী, তাঁত ও বস্ত্র বিষয়ক প্রতিমন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী, গৃহায়ণ ও গৃহনির্মাণ সামগ্রী শিল্প বিষয়ক প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা মাহিন্দা রাজাপক্ষের সফরসঙ্গী হয়েছেন। আগামী ২০ মার্চ সন্ধ্যায় দুই দিনের সফর শেষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী ঢাকা ত্যাগ করবেন।

 

মৌলভীবাজারে নিজ ঘর হতে ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারে নিজ বাসায় ফ্যানে ঝুলন্ত অবস্থায় এএম খলিল উল্লাহ মুক্তি (৫০) নামে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার ১৭ মার্চ দূপুর দেড়টার দিকে মৌলভীবাজার শহরের পুরাতন হাসপাতাল সড়কে অবস্থিত এম আব্দুল্লাহ ভবনের একটি কক্ষ থেকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার করে পুলিশ। খলিল উল্লাহ মুক্তি মৌলভীবাজার শহরের বিশিষ্ট ঠিকাদার প্রয়াত এম আব্দুল্লার চতুর্থ পুত্র। ৪ ভাই ও ২ বোনের মধ্যে মুক্তি ছিলেন চতুর্থ।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার দূপুরের দিকে পুরাতন হাসপাতাল সড়কের বাসার তৃতীয় তলার একটি কক্ষে ফ্যানে ঝুলন্ত অবস্থায় মুক্তির মৃতদেহ দেখতে পান পরিবারের সদস্যরা। মৃতদেহ দেখেই পরিবারের সদস্যদের মধ্যে শুরু হয় আর্তচিৎকার। এ সময় তার কক্ষের দরজা খোলা ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াছিনুল হক ও পুলিশ পরিদর্শক (অপারেশন) বদি উজ্জামান এর নেতৃত্বে পুলিশের একটি দল।

এসময় মর্মান্তিক ঘটনাকে ঘিরে  স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফয়সল আহমদসহ বিপুল সংখ্যক প্রত্যক্ষদর্শী উপস্থিত ছিলেন। পরে মৃতদেহ উদ্ধার করে এম্বুল্যান্সে করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ইয়াছিনুল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে ময়না তদন্ত প্রতিবেদন প্রকাশে জানা যাবে প্রকৃত কারণ।

পারিবারিক সূত্রে জানা যায়, খলির উল্লাহ মুক্তি দীর্ঘদিন যুক্তরাজ্যে বসবাস করে আসছিলেন, সেখানে তার ৩ সন্তান ও স্ত্রী রয়েছেন। তবে দেশে এসে তিনি অরেক বিয়ে করে পুরাতন হাসপাতাল সড়কের নিজ বাসায় বসবাস করে আসছেন। দেশে স্ত্রী ছাড়াও রয়েছেন তার ২ কন্যা সন্তান। তবে ঘটনার সময় ওই বাসায় ছিলেননা তার স্ত্রী। তার মৃত্যুকে ঘিরে নানা রহস্য সৃষ্টি হয়েছে।

লালখান বাজার আওয়ামী লীগ এর উদ্যোগে বঙ্গবন্ধুর জম্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন