সন্ধ্যায় চা জলসায় থাকুক স্ট্রবেরির ফিরনি

লাইফস্টাইল ডেস্কঃ এখন বাজারে পাওয়া যাচ্ছে স্ট্রবেরি। আর স্ট্রবেরি পুষ্টিগুণে ও স্বাদে অতুলনীয়। এতে রয়েছে প্রচুর পরিমানে পলিফেনল, ডায়টারি ফাইবার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম এবং ভিটামিন। লাল টুকটুকে স্ট্রবেরি, দেখতে যেমন চোখভোলানো, স্বাদেও মনভোলানো। এই ফল রুপে আর স্বাদে একই রকম।  তবে কখনো স্ট্রবেরির ফিরনি খেয়েছেন কি? না খেয়ে থাকলে আজই তৈরি করে ফেলুন এই পদটি। এটি খেতে খুবই সুস্বাদু। তৈরি করাও খুব সহজ।

চলুন তবে জেনে নেয়া যাক মজাদার স্ট্রবেরির ফিরনি তৈরির রেসিপিটি-  

উপকরণ: বাসমতি চাল পাঁচ টেবিল চামচ, ফুলক্রিম মিল্ক তিন কাপ, দুধ আধা কাপ, চিনি স্বাদমতো, স্ট্রবেরি ১০টি, ছোট এলাচ চার থেকে পাঁচটি, পেস্তা বাদাম কুচি এক টেবিল চামচ।

প্রণালী: প্রথমে চালগুলো ১৫-২০ মিনিট পানিতে ভিজিয়ে রাখুন। এবার এর মধ্যে আধা কাপ দুধ দিয়ে পেস্ট করে নিন। স্ট্রবেরি স্লাইস করে পিউরি বানিয়ে নিন। এবার অন্য একটি পাত্রে ফুলক্রিম দুধ জ্বাল দিয়ে নিন। ফুটে উঠলে আঁচ কমিয়ে রাখুন, যতক্ষণ না দুধ ৩/৪ ভাগ হয়ে যায়। একটু পরে চালের গুঁড়া দিয়ে দিন ওই দুধের মধ্যে। এ সময় ক্রমাগত নাড়তে থাকুন। না হলে নিচে লেগে যেতে পারে।

দুধে চালের গুঁড়া ভালোভাবে মিশে যাওয়া পর্যন্ত নাড়তে থাকুন। এরপর ছোট এলাচ আর চিনি মিশিয়ে নাড়ুন চিনি গলে গেলে এবার স্ট্রবেরি পিউরি মিশিয়ে নিন। আঁচ একদম কমিয়ে দিয়ে মিনিটখানেক রেখে নামিয়ে নিন। বাটিতে ঢেলে পেস্তা ও কাঠবাদাম কুচি দিয়ে ঠাণ্ডা করে পরিবেশন করুন মজাদার স্ট্রবেরির ফিরনি।

 

আলোচিত ‘লেডি কিশোর গ্যাং লিডার’ সিমির তিন দিনের রিমান্ড মঞ্জুর

ডিবিএন ডেস্কঃ চট্টগ্রামে সমালোচিত লেডি কিশোর গ্যাং লিডার তাহমিনা সিমিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পতেঙ্গা থানা পুলিশ ৷ পতেঙ্গার নেভাল এলাকায় এক কিশোরীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার পরের দিনই তাকে গ্রেপ্তার করে পতেঙ্গা থানা পুলিশ। সিমিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান। 

ভাইরাল হওয়া এক মিনিটের ওই ভিডিওতে দেখা গেছে, সৈকতের কাছেই দাঁড়িয়ে ও বসে কথা বলছেন দুই কিশোরী ও এক কিশোর। দাঁড়িয়ে থাকা কিশোরী চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় তার ছেলে বন্ধুকে উদ্দেশ করে বলছেন, ‘ওই দিন আমাকে মারার জন্য ছুড়ি নিয়েছে বেটা।’ উত্তরে বসে থাকা কিশোরী নিজের গাল এগিয়ে দিয়ে বলেন, ‘তুমি আমারে মারো, মারো মারো ..। মারতে বললাম মারো না।’

এসময় পেছনে এসে এক কিশোরকে (ছেলে বন্ধু) বসে থাকা কিশোরীর মাথায় আঘাত করে বলতে শোনা যায় ‘মারলে এভাবেও তো মারা যায়’। আঘাত পেয়ে নির্যাতিতা কিশোরী বলেন, ‘ভাইয়া প্লিজ..’। কিন্তু ওই কিশোর তার কথা না শুনেই ‘ওকে মারবা কেন’ বলে কিশোরীর মাথায় ও মুখে আঘাত করতে থাকে এবং বলতে থাকে ‘আমাকে চেন তুমি’।

এক পর্যায়ে দাঁড়িয়ে থাকা কিশোরীকে বলতে শোনা যায়, ‘আমি চাইলে তুমি এখান থেকে জিন্দা যাইতে পারবা না। তুমি ওই দিন কোন সাহসে ছুড়ি নিছো। আমি চাইলে তুমি যেতে পারবা না।’ এসময় নির্যাতিতা কিশোরী তার হাত ধরে অনুনয়-বিনয় করলেও মন গলেনি তার। উত্তরে মারধরকারী কিশোরীকে বলতে শোনা যায়, ‘তুমি জানো, আমি বললে এখানে তোমার লাশ ফেলে দেবে।’

মারধরের শিকার হওয়া ভিকটিম ওয়াসিফা চৌধুরী অর্না শুক্রবার রাতে সিমি ও তার বয়ফ্রেন্ডের বিরুদ্ধে আইসিটি অ্যাক্টে মামলা করে। তবে সিমি শনিবার দুপুরে গ্রেপ্তার হলেও তার সেই বয়ফ্রেন্ড মেহেরুলকে আটক করতে পারেনি পুলিশ।

রবিবার সেই মামলায় সিমিকে আদালতে হাজির করে পুলিশ তার বিরুদ্ধে পাঁচ দিনের রিমান্ড চাইলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মো. রেজার আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

পতেঙ্গা থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ভিডিও ভাইরালের পরের দিন দুপুরে সিমিকে আটক করা হয়। রাতে তাকে ও তার বয়ফ্রেন্ডকে আসামি করে মামলা হয়। তার বয়ফ্রেন্ড ঘটনার পর থেকে পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। আমরা তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছি।

এর আগে গত বছরের ২৪ আগস্ট বাসায় ঢুকে এক তরুণীকে বেধড়ক মারধর করেছিল ‘লেডি ক্যাডার’ সিমি ও তার গ্রুপ। পরে ওই তরুণীর মামলার জেরে গত ২৭ আগস্ট দুই সহযোগীসহ গ্রেপ্তার হয়েছিলেন সিমি।

 

চাঁদে চীন দীর্ঘদিন থাকার পরিকল্পনা করছে

সিএনবিডি ডেস্কঃ চীন চাঁদে গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করে সেখানে চীনের নভোচারীদের দীর্ঘদিন রাখার পরিকল্পনা করছে বেইজিং। চীন এখন সেখানে সে হিসেবে বৈজ্ঞানিক গবেষণা চালাচ্ছে। গতকাল এ খবর দিয়েছে  চীনের রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম।

চীন চাঁদে চলতি দশকে নভোচারী ছাড়া কয়েক দফা মিশন পরিচালনা করেছে।  এসব মিশন থেকে চাঁদের মানচিত্র সংগ্রহ করা হয়েছে এবং  চাঁদের দক্ষিণ মেরুতে রোবটিক ঘাঁটি তৈরি করেছে। এসব কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে মূলত চীনা নভোচারীদের অবতরণের পরিকল্পনা নিয়ে। যদি চাঁদে চীনের গবেষণা স্টেশন নির্মাণের প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয় তাহলে চাঁদের বুকে মানুষ পাঠানোর বিষয়ে চীন মোটেই দূরবর্তী অবস্থানে থাকবে না। একথা বলেছেন চীনের চন্দ্র অভিযান কর্মসূচির প্রধান নকশাবিদ উ উইরেন।

প্রতীকী ছবি

গত সপ্তাহে চীন ও রাশিয়া একটি প্রাথমিক চুক্তিতে সই করেছে যার মাধ্যমে আন্তর্জাতিক একটি চন্দ্র গবেষণা স্টেশন প্রতিষ্ঠা করা হবে। অবশ্য এ প্রকল্প কবে শেষ হবে তার কোনো সময়সীমা ঘোষণা করা হয়নি।

উ উইরেন বলেন, মার্কিন নভোচারীরা মাত্র কয়েক ঘন্টা চাঁদের বুকে অবস্থান করেছিলেন কিন্তু চীনের নভোচারীরা দীর্ঘ সময়ের জন্য চাঁদে যাবেন।

তবে চীন অভিজ্ঞতা, দক্ষতা এবং প্রযুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে পিছিয়ে রয়েছে। ২০২৪ সালের মধ্যে চাঁদের পৃষ্ঠে  আবারো নভোচারীদের নামানোর পরিকল্পনা করেছে নাসা। সর্বশেষ নাসার নভোচারীরা অবতরণ করেছিলো ১৯৭২ সালে।

সুত্রঃ রয়টার্স। 

২৯ মার্চ পবিত্র শবে বরাত

সিএনবিডি ডেস্কঃ দেশের আকাশে গতকালরোববার (১৪ মার্চ) পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী ২৯ মার্চ (সোমবার) দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি।

গতকাল সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র শাবান মাসের চাঁদ দেখা না যাওয়ায় আগামীকাল সোমবার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামী মঙ্গলবার থেকে শাবান মাস গণনা শুরু হবে। সে হিসেবে আগামী ২৯ মার্চ দিবাগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে। রোববার শাবান মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এ তথ্য জানানো হয়েছে।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) শবেবরাত পালিত হয়। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আগাম আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান। ‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।

চোরাই মোটরসাইকেলসহ আটক ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মাননীয় পুলিশ সুপার জনাব মোহাম্মদ জাকারিয়া নির্দেশনায় ও জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ সুধীন চন্দ্র দাশ পরিচালনা এবং সহযোগী অফিসার এসআই মোহাম্মদ মাসুক মিয়া, এএসআই মোঃ রেজাউল করিম, এএসআই মোঃ আবুল কাশেম,ইমরান হোসেন,আবুল বাছেদ রাফি,শরিফুল ইসলাম,আতাউর রহমান, সকলেই জেলা গোয়েন্দা শাখা, মৌলভীবাজারসহ মাদকদ্রব্য উদ্ধার ও পেশাদার চোর গ্রেফতার বিশেষ অভিযান চলাকালীন সময় গতকাল বিকাল ৫টায় মৌলভীবাজার জেলার সদর মডেল থানাধীন মেসার্স সাদিয়া লাইব্রেরি ও স্টেশনার্স এর সামনের পাকা রাস্তার উপর থেকে ১ জন আসামীকে নীল ও কালো রং মিশ্রিত ১৫০ সিসি পালসার মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয়।
আটককৃত ব্যাক্তি আব্দুল মুঈম (২০) পিতাঃ মৃত আঃ কাদির, পদুনাপুর, (০৪ নং আপার কাগাবালা ইউপি), থানা ও জেলা – মৌলভীবাজার।
আসামী মুঈম এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাকে আজ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে বলে নিশ্চিত করেছেন গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ সুধীর চন্দ্র দাস।

রৌমারীতে চলছে অবৈধ ট্রাক্টর

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার প্রতিটি গ্রামীণ সড়কে ট্রাক্টরের অবাধ বিচরণে যেন অতিষ্ঠ হয়ে উঠেছেন এলাকাবাসী।

বিভিন্ন সুত্রে জানা যায়, রুট পারমিট ছাড়াই বেপরোয়াভাবে চলাচল করছে শত শত ট্রাক্টর। প্রশাসনকে তোয়াক্কা না করে অনুমোদনহীন ট্রাক্টরের চলাচলে অতিষ্ঠ হয়ে উঠেছে জনসাধারণ। নিয়ম-নীতির তোয়াক্কা না করে বেপরোয়াভাবে চলাচলের কারণে যে কোনো সময় ঝরতে পারে প্রাণ। এ পর্যন্ত ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে অসংখ্য মানুষ নিহত হয়েছেন, আহত হয়েছে অনেকে। এসব ট্রাক্টরের বেপরোয়া গতিতে চলাচলের কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। ফলে অকালে ঝরে যাচ্ছে তরতাজা প্রাণ। কাউকে আবার সারা জীবনের মত বরণ করতে হচ্ছে পঙ্গুত্ব।

অদক্ষ চালকদের বেপরোয়া গতির ট্রাক্টর প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত অবাধে চলাচল করছে। কিন্তু চোখের সামনে অবৈধ এই যানের অবাধ চলাচল দেখেও পদক্ষেপ গ্রহণ করছে না সংশ্লিষ্ট কতৃপক্ষ। ফলে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

উপজেলার বিভিন্ন গ্রামীণ সড়কগুলোতে ট্রাক্টরের বেপরোয়া চলাচলে আতংকে রয়েছে পথচারীসহ স্থানীয় বাসীন্দারা। এমনকি গ্রামীণ সড়কগুলো ক্ষত-বিক্ষত হয়ে খানা-খন্দে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। সর্বত্র পরিবেশ দূষণ ঘটছে, রাস্তার পাশের বাড়ী-ঘর ধুলোয় ধুসর, ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবন যাত্রা।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানায়, অদক্ষ চালক ও বৈধ কোনো কাগজপত্র ছাড়াই ট্রাক্টরগুলো সড়কে চলাচলের ফলে প্রায়ই নানা দুর্ঘটনা ঘটছে। তারা আরো জানান, ট্রাক্টর চলাচলে সৃষ্ট ধুলাবলির কারণে চরম অসুবিধায় চলা ফেরা করতে হচ্ছে। বিশেষ করে খোলা অবস্থায় বালু বহনের ফলে নানা ধরনের সমস্যা দেখা দিচ্ছে বলে জানান তারা। ফলে জনগনের স্বাস্থ্যগত হুমকি বাড়ছে।

সিলেট জাফলং সীমান্তে টাস্কফোর্সের অভিযানে ১ হাজার ৭শ বস্তা মটরশুটি জব্দ

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের জাফলং ও মামার বাজার এলাকায় ভারতে পাচারের উদ্দেশ্যে মটর ডাল মজুদ করায় টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার দুপুরে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) একেএম নুর হোসেন নির্ঝর’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ভারতে পাচারের উদ্দেশ্যে মজুদকৃত ১ হাজার ৭শ বস্তা মটর ডাল জব্দ করে তা ১৮ লক্ষ টাকায় নিলামে বিক্রি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেওয়া গোয়াইনঘাটের সহকারি কমিশনার (ভূমি) নূর হোসেন নির্ঝর বলেন, ভারতে পাচারের উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মটর ডাল এনে গোয়াইনঘাট উপজেলার সীমান্তে মজুদ করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে একাধিকবার টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে আজও টাস্কফোর্সের অভিযান পরিচালনা করে ১৭শ বস্তা মটর ডাল জব্দ করে তা ১৮ লক্ষ টাকায় উন্মুক্ত নিলামে বিক্রি করা হয়। এ ঘটনায় অভিযুক্ত একজনকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সীমান্তে চোরাচালানসহ সকল ধরনের অপরাধ ঠেকাতে প্রশাসন, পুলিশ ও বিজিবি’র পাশাপাশি স্থানীয়দের এগিয়ে আশার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ধারাবাহিক এ অভিযান অব্যাহত থাকবে।

এ সময় গোয়াইনঘাট থানার এসআই ও তামাবিল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ শহিদ মিয়া, বিজিবি তামাবিল ক্যাম্পের কোম্পানী কমান্ডার ইউনুছ আলী, গোয়াইনঘাট থানার এ এস আই মারুফুল হাসান মুক্তসহ পুলিশ ও বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

আকিলমা হাওলাদার আমেরিকান ইন্টা: স্কুল ও কলেজের “গনি হাওলাদার প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের বাসভবনের” ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা : মাদারীপুেরর কালিকিন উপেজলার পুর্ব মাইজপাড়ায় আকিলমা হাওলাদার আমিরকান ইন্টা: স্কুল ও কলেজের “গনি হাওলাদার প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের বাসভবনের” ভিত্তি প্রস্তর স্থাপন ও নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় অনুষ্ঠানে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীও পালন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডঃ আব্দুস সামাদ হাওলাদার (পিএইচডি) এবং পরিচালনা করেন স্কুলের পরিচালক মিসস রুনিয়া মকবুল হাওলাদার।

এই মহতী অনুষ্ঠানে শারীরিকভাবে উপস্থিত থেকে আকিলমা হাওলাদার আমেরিকান ইন্টা: স্কুল ও কলেজের “গনি হাওলাদার প্রশাসনিক ভবন ও অধ্যক্ষের বাসভবেনর” ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

প্রধান অতিথি হিসেবে স্থানীয় মাদারীপুর সদর উপেজলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বণিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মনিরুল ইসলাম (তুষার)।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মাদারীপুেরর আওয়ামী লীগের বিশিষ্ট নেতৃবৃন্দ ও ব্যক্তিবর্গ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাইজপাড়া গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে অনলাইনে সম্মানিত বিশেষ অতিথি হিসাবে যুক্ত ছিলেন দেশের বেশ কয়েকজন বিশিষ্ট গুণীজন, রাজনীতিবিদ, সাংস্কৃতিক ব্যক্তি ও স্থানীয় ও বাংলােদশ টেলিভিশনের সংগীত শিল্পী। অথিতিদের মধ্যে ছিলেন অতিরিক্ত সচিব (অবঃ) ড. ইমদাদুল হক, বিশিষ্ট জনপ্রিয় অভিনেতা ও নির্দদেশক জনাব আজিজুল হাকিম, নাট্যকার ও নির্মাতা মিসেস জিনাত হাকিম, মোঃ শাহেদুল ইসলাম, ডেপুটি কনসাল জেনারেল, বাংলােদশ হাই কমিশন, দুবাই, রাজউকের প্রধান প্রকৌশলী রায়হানুল
ফেরদৌস, বিমান ক্যাপ্টেন (অবঃ) আব্দুল ফারুক ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আল আরাফা ব্যাঙ্ক জনাব সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাধীনতার উপরে সংগীত পরিবেশন করেন রবার্ট বৈদ্য, যুক্ত ছিলেন বাংলােদশ টেলিভিশনের নিয়মিত শিল্পী কুমকুম মির্জা ও সংগীত শিল্পী মিসেস মাহাবুব খানম ভূইয়াঁ (লাভলী)। এছাড়া আরো বিশিষ্ট ব্যক্তিত্ব অনুষ্ঠানে যুক্ত ছিলেন।

শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরকা, বহু মাদরাসাও হয়ে যাবে বন্ধ

আন্তর্জাতিক ডেস্কঃ দক্ষিন এশিয়ার দেশ শ্রীলঙ্কায় মুসলিম নারীদের বোরকা পরা নিষিদ্ধ হতে যাচ্ছে। এছাড়া এক হাজারেরও বেশি ইসলামি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) বন্ধ করবে দেশটির সরকার। গতকাল শনিবার দেশটির জন নিরাপত্তামন্ত্রী সরৎ বিরাসেকেরা এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন।

লঙ্কান নিরাপত্তামন্ত্রী সরৎ বিরাসেকেরা জানান, শুক্রবার তিনি মন্ত্রিসভার অনুমোদনের জন্য একটি নথিতে স্বাক্ষর করেছেন। যাতে জাতীয় নিরাপত্তার কথা বিবেচনায় মুসলিম নারীদের পুরো মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করার প্রস্তাব করা হয়েছে।

তিনি বলেন, অতীতে আমাদের দেশে মুসলিম নারী ও মেয়েরা কখনও বোরকা পরেননি। এটি একটি ধর্মীয় চরমপন্থার প্রতীক, যা সম্প্রতি হাজির হয়েছে। আমরা অবশ্যই তা নিষিদ্ধ করতে যাচ্ছি।

মন্ত্রী বিরাসেকারা জানান, সরকার এক হাজারেরও বেশি মাদরাসা বন্ধ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে। এসব মাদ্রাসা শ্রীলঙ্কার জাতীয় শিক্ষানীতি অনুসরণ করছে না বলে উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘কেউ একটা স্কুল খুলেই যা ইচ্ছা তাই বাচ্চাদের পড়াতে পারেন না।’

শ্রীলঙ্কা সরকারের এমন সিদ্ধান্তের আগে মহামারির শুরুতে করোনায় মৃত মুসলিমদের দাফন নিষিদ্ধ করে। মুসলিমদের ইচ্ছার বিরুদ্ধে মৃতদের দাফনের বদলে শবদাহ করা হয়। এই বছরের শুরুতে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার সমালোচনা ও নিন্দার মুখে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

এদিকে এমন পদক্ষেপের ফলে দেশটির সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছে বিশ্লেষক মহল।

এর আগে ২০১৯ সালে শ্রীলঙ্কায় ইসলামী জঙ্গিদের বোমা হামলায় আড়াইশ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। এরপর দেশটিতে বোরকা পরা সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

ওই বছরের শেষ দিকে ধর্মীয় চরমপন্থা মোকাবিলার প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন গটাবায়া রাজাপাকসে। এর আগে তিনি প্রতিরক্ষামন্ত্রী হিসেবে তামিল বিদ্রোহ দমনের জন্য পরিচিত ছিলেন। গৃহযুদ্ধের সময় তার বিরুদ্ধে ব্যাপকভাবে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। যদিও তিনি তখন এসব অস্বীকার করেছেন। সূত্র: রয়টার্স। 

দেশে করোনায় আরও ১৮ জনের মৃত্যু, নতুন শনাক্ত ১১৫৯

সিএনবিডি ডেস্কঃ চলমান মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। ফলে এ পর্যন্ত দেশে করোনাভাইরাসে মোট ৮ হাজার ৫৪৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ১ হাজার ১৫৯ জন। যা দুই মাসের মধ্যে সর্বোচ্চ। ফলে মোট শনাক্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫৭ হাজার ৩৯৫ জন হয়েছে।

আজ রবিবার (১৪ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, মারা যাওয়া ১৮ জনের মধ্যে ১২ জন পুরুষ ও ৬ জন নারী। সবাই হাসপাতালে মারা গেছেন।বিভিন্ন বিভাগে যারা মারা গেছেন তাদের মধ্যে ঢাকায় ১০ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ২ জন ও বরিশালে ১ জন রয়েছেন।

গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৩৮৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। ফলে এ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা হয়েছে ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।