মোবাইল অ্যাপ ‘মুজিব ১০০’ চালু হলো আজ

সিএনবিডি ডেস্কঃ আজ মোবাইল অ্যাপ ‘মুজিব ১০০’  উদ্বোধন করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মের মাঝে বঙ্গবন্ধুর দর্শন ও সংগ্রামমুখর জীবনের ইতিহাস তুলে ধরার লক্ষ্যে এই অ্যাপ তৈরি করা হয়েছে।

আজ রোববার (১৪ মার্চ) সকালে অনলাইন প্লাটফর্ম জুম-এ সংযুক্ত থেকে ‘মুজিব ১০০’ অ্যাপটির  উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অ্যাপটির  উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন মোবাইল গেম অ্যান্ড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের প্রকল্প পরিচালক আনোয়ারুল ইসলাম। অ্যাপ উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের পরিকল্পনা ও উন্নয়ন অনুবিভাগের অতিরিক্ত সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।

উল্লেখ্য, সারাদেশে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালিত হচ্ছে মুজিব শতবর্ষ। মুজিববর্ষ উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে www.mujib100.gov.bd নামে একটি ওয়েবসাইট তৈরি করা হয়। ‘মুজিব ১০০’ অ্যাপটি এই ওয়েবসাইটের একটি মোবাইল সংস্করণ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ‘মোবাইল গেইম ও অ্যাপ্লিকেশন এর দক্ষতা উন্নয়ন প্রকল্প’-এর অধীনে তৈরি করা হয়েছে ‘মুজিব ১০০’ মোবাইল অ্যাপটি।দেশের বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম সম্পর্কে বিস্তারিত ধারণা দেয়া এই অ্যাপের অন্যতম লক্ষ্য।

বঙ্গবন্ধুর জীবদ্দশায় দেয়া সমস্ত ভাষণ, বঙ্গবন্ধুর লেখা বই এবং বঙ্গবন্ধুর জীবনের নানা ঘটনাপ্রবাহ নিয়ে সাজানো টাইমলাইন, প্রভৃতি কন্টেন্ট দিয়ে তৈরি করা হয়েছে এই অ্যাপটি। ‘মুজিব ১০০’ অ্যাপের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে ‘বঙ্গবন্ধু প্রতিদিন’। এই ফিচারের মাধ্যমে প্রতিদিন বঙ্গবন্ধুর জীবনে ঘটে যাওয়া ঘটনাবলি সম্পর্কে জানতে পারবে এই অ্যাপ ব্যবহারকারীরা।

এ ছাড়া রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত তথ্যচিত্র, ৭ মার্চের ঐতিহাসিক ভাষণসহ আরও অসংখ্য বক্তব্য, বঙ্গবন্ধুর নিজের হাতে লেখা চিঠিপত্র এবং তার নিজের হাতে লেখা আত্মীজবনীমূলক বইসমূহ। বঙ্গবন্ধুর সংগ্রামময় জীবনের বিভিন্ন সময়কার ছবি দিয়ে তৈরি করা হয়েছে ফটো আর্কাইভ। এ ছাড়া অ্যাপের ‘ইভেন্ট’ ফিচারের মাধ্যমে মুজিব শতবর্ষের বিভিন্ন উদযাপনের আপডেট জানা যাবে এই অ্যাপে। এই অ্যাপ নির্মাণে ব্যবহার করা হয়েছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি। যার প্রমাণ মেলে অ্যাপের অগমেন্টেড রিয়েলিটি এবং ভার্চুয়াল রিয়েলিটির মতো ফিচারগুলোতে।

এ ছাড়া বঙ্গবন্ধুকে নিয়ে বিশ্বনেতাদের বিবৃতি, মুজিব শতবর্ষের থিম সং, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত গ্রাফিক নভেল ‘মুজিব’ প্রভৃতি বৈচিত্র্যময় কন্টেন্ট দিয়ে সাজানো হয়েছে অ্যাপটিকে। তরুণরা বঙ্গবন্ধুর জীবনের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের উপলব্ধি থেকে করা বিভিন্ন উক্তি পড়ে অনুপ্রাণিত হবে এই অ্যাপের মাধ্যমে। অ্যাপটি ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর দুই জায়গা থেকেই এবং এটি অনলাইন ও অফলাইন-এ এবং খুব অল্প বান্ডউইথ-এ ব্যবহার করা যাবে। বাংলা ও ইংলিশ দুই ভাষাতেই ব্যবহার করা যাবে অ্যাপটি। দেশে ও দেশের বাইরের ব্যবহারকারীরা সকলেই এই অ্যাপ ব্যবহার করতে পারবে।

‘মুজিব ১০০’ অ্যাপের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী বলেন, ‘মুজিব এক চিরতারুণ্যের প্রতিচ্ছবি। দেশের তরুণ সমাজ এই অ্যাপের মাধ্যমে বঙ্গবন্ধুর সেই সংগ্রামমুখর জীবন সম্পর্কে জানতে পারবে। সেই সঙ্গে বঙ্গবন্ধুকে নিয়ে গবেষণা করতে চান, বিস্তারিত জানতে চান বঙ্গবন্ধুকে নিয়ে, তার জীবন দর্শন নিয়ে, তাদের ক্ষেত্রেও এই মুজিব ১০০ অ্যাপটি বিশেষভাবে কাজে আসবে। ’

আদালতে কাদের মির্জার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

সিএনবিডি ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের বিবদমান দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে শ্রমিকলীগের কর্মী আলাউদ্দিনকে গুলি করে হত্যার ঘটনায় কাদের মির্জার বিরুদ্ধে বাদী হয়ে নিহত আলাউদ্দিনের ছোট ভাই এমদাদ হোসেন আদালতে হত্যা মামলা দায়ের করেছেন।

আজ রোববার (১৪ মার্চ) দুপুর ১টায় নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে এ মামলা দায়ের করা হয়।

আদালত সূত্রে জানা যায়, নোয়াখালীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এইচএম মোছলেউদ্দিন নিজামের আদালতে মামলার বাদীর জাতীয় পরিচয়পত্র দাখিল সাপেক্ষে বিকেল ৩টার দিকে এ হত্যা মামলার ওপর শুনানি হবে।

শ্রমিকলীগ কর্মী সিএনজিচালক আলা উদ্দিন হত্যা মামলায় কাদের মির্জাকে প্রধান আসামি করা হয়েছে। দ্বিতীয় আসামি তার ছোট ভাই সাহাদাত হোসেন ও তৃতীয় আসামি কাদের মির্জার ছেলে মির্জা মাশরুর কাদের তাশিকসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০-৬০ জনকে আসামি করে এই মামলা দায়ের করা হয়।

এদিকে মামলার এজাহারে বলা হয়েছে; পূর্ব পরিকল্পনা অনুযায়ী আসামি মির্জা কাদেরের নেতৃত্বে অন্য আসামিরা পিস্তল, শটগান, পাইপগান, রামদা, লোহার রড নিয়ে অর্ধশতাধিক ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টি করে এবং প্রতিবাদসভায় হামলা চালানোয় শ্রমিকলীগের কর্মী আলাউদ্দিন নিহত হয়।

রাণীশংকৈলে পৌর সভার মেয়রের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর সভার নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান ১৪ মার্চ  রবিবার দুপুরে পৌরসভা কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। পৌরভার সহকারি প্রকৌশলী বর্তমান ভারপ্রাপ্ত সচিব বাবলুর তত্বাবধায়নে সাবেক মেয়রের দায়িত্ব হস্তান্তর এবং নবনির্বাচিত মেয়রকে যাবতীয় হিসাবর কাগজ পত্র বুঝে দেন। এসময় সাবেক মেয়র আলমগীর সরকার শুভেচ্ছা বক্তব্য দিয়ে ক্ষমতা হস্তান্তর করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী, আ’লীগ সভাপতি  অধ্যক্ষ সইদুল হক, সাধারণ সম্পাদক তাজউদ্দিন,  সাবেক অধ্যক্ষ তাজুল ইসলাম, প্রাভাষক প্রশান্ত বসাক, পৌর আ’লীগ ভারপ্রাপ্ত সম্পাদক মহাদেব বসাক, প্রেস ক্লাব পুরাতনের সভাপতি কুসমত আলী, প্রেসক্লাব সভাপতি ফারুক হোসেন, কাউন্সিলর হালিমা আক্তার ডলি, রুহুল আমিন প্রমুখ। সমাপনী বক্তব্য দিয়ে অনুষ্ঠান শেষ করেন নবনির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান।

এছাড়াও  উপজেলা আ’লীগ সহ-সভাপতি মুক্তারুল আলম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও আবু সুফিয়ানসহ বিভিন্ন রাজনৈতিক-সামাজিক- সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর সভার হিসাব রক্ষক শাহাজান আলী।

 

‘টুঙ্গীপাড়ার মিয়া ভাই’ সেন্সর পেল আজ

বিনোদন ডেস্কঃ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ চলচ্চিত্রটি আজ রবিবার আনকাট সেন্সর পেয়েছে। এই চলচ্চিত্রে বঙ্গবন্ধুর চরিত্রে দেখা যাবে শান্ত খানকে এবং শান্ত খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন নবাগতা দীঘি। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া ও পিংকি খান প্রযোজিত সিনেমাটি পরিচালনা করেছেন শাপলা মিডিয়া ও শাপলামিডিয়া ইন্টারন্যাশনালের কর্ণধার মো. সেলিম খান। চিত্রনাট্য রচনা করেছেন শামীম আহমেদ রনী।

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী ২৬ মার্চ স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর দিনে সারাদেশে মুক্তি পাবে চলচ্চিত্রটি বলে জানিয়েছেন পরিচালক সেলিম খান। তিনি বলেন, আজ স্বাধীনতার ৫০ বছরেও কেউ সর্বকালের সর্বশ্রেষ্ঠবাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কোন চলচ্চিত্র নির্মাণ করেননি। সেটি আমরা প্রথমবার নির্মাণ করেছি। চলচ্চিত্রটি আগামী ২৬ মার্চ সারাদেশের প্রেক্ষাগৃহে দেখতে পারবেন সকল চলচ্চিত্র প্রেমীরা। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখমুজিবুর রহমানের শৈশব ও কৈশোরের আদর্শ এবং সঠিক ইতিহাসের অনেক কিছু এখনো নতুন প্রজন্মেরকাছে অজানা। তাই সেই সব ইতিহাস নতুন প্রজন্মকে জানাতেই নির্মাণ করেছি “টুঙ্গীপাড়ার মিয়া ভাই” চলচ্চিত্রটি।

সকল প্রেক্ষাগৃহের পাশাপাশি এই চলচ্চিত্রটি বাংলাদেশ শিল্পকলা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও সকল স্কুল-কলেজে প্রজক্টরের মাধ্যমে চলচ্চিত্র দেখানো হবে বলে জানান এই পরিচালক।

এই চলচ্চিত্র নিয়ে প্রযোজক পিংকি খান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানএর আত্মজীবনী নিয়ে প্রথমবার “টুঙ্গীপাড়ার মিয়া ভাই” চলচ্চিত্র নির্মাণের অনুভূতি পাহাড়সমান।

এর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা ও নানা চক্রান্তের ঘটনা নিয়েনির্মিত হয়েছে ‘আগস্ট ১৯৭৫’। এটিও মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

বিএনপি তীব্র মনপীড়ায় ভুগছে : ওবায়দুল কাদের

সিএনবিডি ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে এখন গভীর হতাশায় নিমজ্জিত। হতাশার কারণে বিএনপি এখন তীব্র মনপীড়ায় ভুগছে, রাজনীতি ভুলে ব্যবহার্য বিষয় এখন তাদের আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অন্যের বিরুদ্ধে বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন।”

আজ রবিবার (১৪ মার্চ) সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ইস্যু খুঁজে না পেয়ে বিএনপি এখন ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলছে, যা রাজনৈতিক সৌজন্যবোধের মধ্যে পড়ে না। তাদের দৃষ্টি এখন কে কি পোশাক পরল, কে কত টাকার ঘড়ি পরল ইত্যাদি। বিএনপি রাজনীতি ভুলে এখন ব্যক্তিগত আক্রমণ শুরু করেছে।

আওয়ামী লীগ দেশে রাজতন্ত্র প্রতিষ্ঠা করেছে; বিএনপির এমন বক্তব্যের জবাবে কাদের বলেন, আওয়ামী লীগ নয়, রাজতন্ত্র আর পরিবারতন্ত্র চর্চা বিএনপিরই রাজনৈতিক সংস্কৃতি। বিএনপির শাসনামলে বেগম জিয়ার পাশাপাশি এক যুবরাজ সরকারের সবকিছু নিয়ন্ত্রণ করত, গড়ে তুলেছিল বিকল্প ক্ষমতাকেন্দ্র, যাকে বলা হতো দুর্নীতির বরপুত্র। জনগণ চাইলেও প্রধানমন্ত্রী তার সন্তানদের সক্রিয় রাজনীতিতে আনেননি।

সেতুমন্ত্রী বলেন, রাজতন্ত্র কিংবা পরিবারতন্ত্রতো তারাই প্রতিষ্ঠা করেছে, যারা দলে দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতাদের বাদ দিয়ে একজন অপরাধীকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে রেখেছে। বিএনপি নেতারা অদৃশ্য সুতার টানে নাচে।

পরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে টাঙ্গাইল মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হন।

এ সময় তিনি বলেন, ‘৭ মার্চকে ছোট করার জন্যই বিএনপি ৭ মার্চ পালন করছে। সুবর্ণজয়ন্তী পালনে তাদের আসল উদ্দেশ্য হচ্ছে ইতিহাসের ফুট নোটকে ইতিহাসের মহানায়ক বানানোর অপচেষ্টা, জাতি এ ষড়যন্ত্র কোনোদিন বরদাশত করবে না। আর ইতিহাস নতুন করে বিকৃত করতেই বিএনপি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করছে।

ঢাবির প্রথম বর্ষের অনলাইন ভর্তি আবেদন ফের শুরু হচ্ছে

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) ২০২০-২০২১ প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া যান্ত্রিক ত্রুটির  কারণে দুই দিন বন্ধ থাকার পর আজ রবিবার (১৪ মার্চ) রাত ৮টা থেকে আবারও  শুরু হতে যাচ্ছে বলে নিশ্চিত করেছেন ঢাবি অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এর কাছে পূর্ব ঘোষিত সময়ে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, আমাদের কাজ প্রায় শেষ। আশা করছি, নির্ধারিত সময়ে ভর্তির কার্যক্রম শুরু হবে।

এর আগে গত ৮ মার্চ  ঢাবি উপাচার্য ড. মো. আখতারুজ্জামান ভর্তির আবদেন প্রক্রিয়া উদ্বোধন করার পর থেকে যান্ত্রিক ত্রুটির মুখোমুখি হন আবেদন করতে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। সমস্যা সমাধানের জন্য ওই দিন সাময়িক বন্ধ করে দেওয়া হয়।

পর দিন (৯ মার্চ) আবারও ওয়েবসাইটটি খুলে দেওয়া হলেও তা ত্রুটিমুক্ত ছিল না। ভর্তির জন্য নির্ধারিত ওয়েবসাইটে (https://admission.eis.du.ac.bd) ভিজিট করতে গেলে আবেদনকারীদের তখনো নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে। কোনো একটি নির্দেশনায় ক্লিক করলে লোড হতে সময় নিচ্ছিল অনেক বেশি। কখনো কখনো ওয়েবসাইটে প্রবেশ না করেই টাইম আউট দেখাচ্ছিল। এ সমস্যা আরও তীব্রতর হলে ১১ মার্চ অনলাইন ভর্তি কমিটির সভা শেষে দুপুর পৌনে একটায় সাময়িকভাবে ভর্তি কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় রবিবার ১৪ মার্চ রাত আটটা পর্যন্ত।

ঢাবি সুত্রে জানা গেছে, যান্ত্রিক ত্রুটি দূর করতে যুক্ত হচ্ছে আরও দুইটি ওয়েবসাইট।  এখন পর্যন্ত স্নাতক (সম্মান) ২০২০-২০২১ প্রথম বর্ষের ভর্তির জন্য ১ লাখ ৫ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। আর আবেদন চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

বিষপানে এক বৃদ্ধার রহস্যময় মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার শ্রীমংগল উপজেলার শহরের প্রানকেন্দ্র কলেজ রোড গতকাল শনিবার রাতে শেফালী রানী দেবনাথ বিষ পান করেন। শেফালী রানী দেবনাথের বয়স আনুমানিক ৪৫ বছর। জানতে পেরে স্বজনরা দ্রুত শ্রীমংগল উপজেলা কমপ্লেক্সে চিকিৎসার জন্য যান।উপজেলা কমপ্লেক্সে কতব্যরত ডাঃ উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার স্থানান্তর করা হয়।
পুলিশ ও স্বজনরা জানান,শ্রীমংগল উপজেলার কলেজ রোডের একজন পুলিশ সদস্যের মা সদর উপজেলার মৃত দীলিপ দেবনাথের স্ত্রী শেফালী রানী দেবনাথ।শনিবার রাতে শেফালী রানী দেবনাথ স্বামী মৃত দিলীপ দেবনাথের বসত ঘরে বিষপান করেন। স্বজনরা বুঝতে পেরে ওই রাতেই  শেফালী রানীকে নিয়ে সদর হাসপাতালে যান,শনিবার রাতেই হাসপাতালে গেলে ডাঃ মারা যাওয়ার বিষয় নিশ্চয়ই করেন।
শ্রীমংগল থানার তদন্ত অফিসার   হুমায়ুন কবির জানান, তবে কি কারণে বিষপানে আত্মহত্যা করেছে তার সঠিক কারণ এখনো জানা যায়নি। কারণ জানতে হলে অভিযোগের ব্যাপারে আছে।
উপজেলা কমপ্লেক্স টি এস ও ডাঃ সাজ্জাদুর রহমান বলেন, পরিবারের লোকজন বিষপানের বিষয়টি টের পেয়ে ৫০ শয্যা বিশিষ্ট শ্রীমংগল হাসপাতালে নিয়ে আসেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে, মৌলভীবাজার ২৫০শয্যা বিশিষ্ট হাসপাতালে শনিবার রাতে স্থানান্তর করেন।
খবর পেয়ে মৌলভীবাজার সদর থানা অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক সদর থানা হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠান এবং আইনানুগ সব রকম প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর আজ রবিবার ১৪ই মার্চ লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন।
তবে বিষপানের কারণ এখনও জানা যায়নি। তবে এলাকাবাসীর বরাতে পরিচয় গোপন করে বলেন, পারিবারিক কলহের জন্য এ ঘটনা ঘটেছে। এ ব্যাপারে মৌলভীবাজার সকল রকম আইননুসারে কার্যক্রম চলছে।

রাণীশংকৈলে মাটির ঢিবিতে মিলল কালো পাথরের একটি যুগল মূর্তি

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল বাচোর ইউনিয়নের মহেশপুর জে,এম,কে ইটভাটায় জমাকৃত মাটির ঢিবি থেকে একটি পাথরের খোদাই করা মূর্তি উদ্ধারের খবর পাওয়া গেছে। এটি কষ্টি পাথরের মূর্তি বলে ধারণা করা হচ্ছে।
গতকাল ১৩ মার্চ শনিবার রাত ৮ টায় এ উদ্ধারের ঘটনা ঘটে। উদ্ধারকৃত কষ্টি পাথরের মূর্তিটি প্রায় ৫ কেজি ৮০০ গ্রামে ওজনের এবং এটির দৈর্ঘ্য ১৪ ইঞ্চি প্রস্থ ৭:৩০ ইঞ্চি এবং একই স্থানে আর একটি মূর্তির ভাঙা অংশ পাওয়া গেয়ে যার দৈর্ঘ সাড়ে আট ইঞ্চি প্রস্ত সাড়ে তিন ইঞ্চি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাজে বাকসা নামক স্থানে একটি পুকুর খননের জন্য উটকল দিয়ে গর্ত করা হচ্ছে । আর সেই মাটি ঐ ভাটায় দেওয়া হচ্ছে । ইটভাটা শ্রমিকরা মাটির ঢিবি খুঁড়তেই মূর্তিটি দেখতে পায়। পরে স্থানীয় লোকজন ধারণা করেন এটি লক্ষী নারায়ন অথবা সীতা পার্বতীর কষ্টি পাথরের মূর্তি হতে পারে। পরে স্থানীয়রা ৯৯৯-এ ফোন করে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ও সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা ঘটনাস্থল থেকে  মূর্তিটি উদ্ধার করে নিয়ে আসে।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) প্রীতম সাহা জানান, উপজেলার মহেশপুর একটি ইট ভাটা থেকে কালো পাথরের যুগল মূর্তি ও একটি মূর্তির ছোট ভাঙা অংশ উদ্ধার করা হয়েছে। এগুলো আমরা জেলা প্রশাসকের  ট্রেজারিতে সংরক্ষণের জন্য প্রেরণ করছি।

তাহিরপুরে মামার অপবাদ সইতে না পেরে ভাগ্নের আত্মহত্যা

মো: আমিন আহমেদ, সিলেটঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সদরের ভাটি অঞ্চল তাহিরপুরে মিথ্যা অপবাদ সইতে না পেরে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

গতকাল শনিবার (১৩ মার্চ) বেলা ৩ টায় তাহিরপুর উপজেলা সদরের ভাটি অঞ্চল তাহিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

আত্মহত্যায় নিহত যুবকের নাম সাদিকুর রহমান আনান (২২)। সে ভাটি অঞ্চল তাহিরপুর গ্রামের আব্দুল আহাদের পুত্র।

নিহতের স্বজন ও স্থানীয় সুত্রে জানা যায়, সাদিকুর রহমান আনান তার আপন মামাতো দুই ভাইকে প্রাইভেট পড়াত। প্রাইভেট পড়ানোর সুত্রকে কেন্দ্র করে সাদিকুর রহমানের মামা শাহেন শাহ তার বউয়ের (নিহত সাদিকের মামির) সাথে গোপন সম্পর্ক রয়েছে বলে অপবাদ দেয়। আর এ অপবাদ সইতে না পেরেই শনিবার বেলা ৩ টায় সাদিকুর রহমান আনান তার নিজ বসত ঘরের ধরনায় রশি দিয়ে আত্মহত্যা করে।

তাৎক্ষণিকভাবে ঘটনাটি স্বজনরা দেখতে পেয়ে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার অফিসার ইনচার্জ মো: আবদুল লতিফ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিজিটাল বাংলা নিউজ রিপোর্টার মো:আমিন আহমেদ কে জানান, নিহতের লাশ ময়নাতদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।