শ্রীমঙ্গল থানার ১১ জন পুলিশ কর্মকর্তা বদলি

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার ৫ জন উপ-পুলিশ পরিদর্শক, ৫ জন সহকারি উপ-পুলিশ পরিদর্শক ও ১ জন কনস্টেবলসহ মোট ১১ পুলিশ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে।

শনিবার (১৩ মার্চ) দুপুরে ২টায় শ্রীমঙ্গল থানা চত্বরে তাদের বিদায় সংবর্ধনা দেয়া হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক এর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) হুমায়ুন কবির, ওসি (অপারেশন) নয়ন কারকুনসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা।

বদলি হওয়া অফিসারা হলেন, উপ-পুলিশ পরিদর্শক সুমন চন্দ্র হাজরা, মোঃ ফরিদ মিয়া, কাশী চন্দ্র শর্ম্মা, রুকনুজ্জামান, শহীদুল ইসলাম মোল্লা, সহকারি উপ-পুলিশ পরিদর্শক ইলিয়াস নূরী, জিতেন কর্মকার, রুবেনা বেগম, সুলতান আহমদ, মোঃ সোহাগ মিয়া এবং কনস্টেবল কম্পিউটার অপারেটর জুন চাকমা।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

স্কুল শিক্ষকের তৈরি করা রোবট কথা বলছে ৪৭ ভাষায়!

আন্তর্জাতিক ও প্রযুক্তি ডেস্কঃ ভারতের এক স্কুলশিক্ষক এমন একটি রোবট তৈরি করেছেন, যেটি ৪৭টি ভাষায় কথা বলতে সক্ষম। স্কুলশিক্ষকের তৈরি করা রোবটের অবলীলায় কথা বলতে পারা এমন রোবট দেখে তাজ্জব লেগে গেছে গোটা দুনিয়া। ওই শিক্ষকের নাম দীনেশ প্যাটেল। খবর- ভারতীয় বার্তা সংস্থা আইএএনএস।

আইএএনএসের খবরে বলা হয়েছে, ‘শালু’ নামের এ রোবট বানাতে খুব কম টাকা খরচ হয়েছে।দীনেশ প্যাটেল মুম্বাই আইআইটির কেন্দ্রীয় বিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক। তিনি উত্তরপ্রদেশের জৈনপুর জেলার রাজমালপুর গ্রামে বাস করেন । বলিউডের সিনেমা ‘রোবট’ দেখেই মূলত অনুপ্রাণিত হোন তিনি। এর পর সেখানেই শুরু করেন রোবট বানানোর কাজ শুরু করেন। তিন বছরের চেষ্টায় সফলতা মুখ দেখলেন তিনি। এখন রোবটটি ৯ টি স্থানীয় (ভারতীয়) ভাষা ও ৩৮টি বিদেশি ভাষায় সাবলীল্ভাবে কথা বলতে পারছে।

প্যাটেল আইএএনএসকে বলেন, প্লাস্টিক, কার্ডবোর্ড, কাঠ, অ্যালুমিনিয়াম ইত্যাদি বর্জ্য পদার্থ ব্যবহার করে শালু তৈরি করা হয়েছে। এটি তৈরি করতে তিন বছর সময় লেগেছে। ব্যয় ছিল প্রায় ৫০ হাজার রুপি।

তিনি বলেন, এটি একটি প্রোটোটাইপ রোবট। এর চেনার ক্ষমতা আছে, মনে রাখার ক্ষমতা আছে এবং সাধারণ জ্ঞান, গণিত ইত্যাদি প্রশ্নের উত্তরও দিতে পারে।প্যাটেল জানান, শালু মানুষকে শুভেচ্ছা জানাতে পারে, আবেগ প্রদর্শন করতে পারে, সংবাদপত্র পড়তে পারে, রেসিপি আবৃত্তি করতে পারে এবং আরও অনেক কাজ করতে পারে।

এছাড়া এটি স্কুলে শিক্ষক এবং অফিসে রিসিপশনিস্ট হিসেবেও ব্যবহার করা যেতে পারে বলে জানান দীনেশ প্যাটেল।

 

সিলেটে র‍্যাব-৯ এর বিশেষ অভিযানে অস্ত্র-মাদকসহ দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

মো.আমিন আহমেদ, সিলেটঃ সিলেটে পৃথক অভিযান চালিয়ে অস্ত্রসহ দুই শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। বৃহস্পতিবার (১১ মার্চ) দিবাগত রাত ৪টার দিকে এয়ারপোর্ট থানাধীন অগ্রণী-১৩১ ছয়েফ খান রোডে অভিযান চালিয়ে মো. আব্দুল আলী উরফে রাজুকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৮০০ গ্রাম গাজাও উদ্ধার করে র‌্যাবের অভিযানিক দল।

গ্রেপ্তারকৃত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাজু নগরীর অগ্রনী ১৩১ এর ছয়েফ খান রোডের হাজী হরমুজ আলীর পুত্র।

অপরদিকে রাত ১টা ৪০ মিনিটের দিকে একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড তাজা গুলি ও ১টি পাইপগানের র‌্যাবেল সহ শীর্ষ সন্ত্রাসী আবুল কালাম আজাদ উরফে তুহিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। তুহিন অগ্রনী ১২৭ এর ছয়েফ খান রোডের নুরুল আলমের পুত্র।

পৃথক দুই অভিযান পরিচালনা করেন র‌্যাব-৯ এর মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন ও আফসান আল আলম।

শুক্রবার (১২ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ওবাইন।

 

ইতিহাসের দুস্কৃতিকারীরাই ইতিহাস বিকৃতি ঘটায় : তথ্যমন্ত্রী

সিএনবিডি ডেস্কঃ আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, যারা ইতিহাস বিকৃতি ঘটায়, তারা ইতিহাসের পাতায় এক ধরণের দুস্কৃতিকারী। স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তিতে আমি আশা করবো এতদিন ধরে বিএনপিসহ যেসমস্ত দল এই ভুলগুলো করেছেন, তারা সেই ভুল থেকে বের হয়ে আসবে, তাহলেই দেশের মানুষ তাদেরকে সাধুবাদ দিবে।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আমরা আশা করেছিলাম তারা স্বাধীরতার সুবর্ণ জয়ন্তি ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরে সত্যটাকে মেনে নিবেন, ইতিহাসকে মেনে নিবেন। কিন্তু তারা জন্মলগ্ন থেকে যে ইতিহাস বিকৃতি ঘটিয়ে আসছেন কয়েকদশক ধরে, ৭ই মার্চ পালন করতে গিয়েও সেটি থেকে বেরিয়ে আসতে পারে নাই।

আজ শনিবার (১৩ মার্চ) চট্টগ্রামের পতেঙ্গা সী-বীচে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) আয়োজিত সিটি আউটার রিং রোডে সাইকেল লেইন এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিডিএ’র প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ, বোর্ড সদস্য মো. জসিম উদ্দিন, কে.বি.এম শাহজাহান, জসিম উদ্দিন শাহ, এম আর আজিম, রোমানা নাছরিন, সচিব আনোয়ার পাশা প্রমূখ।

তথ্যমন্ত্রী বলেন, পতেঙ্গা সী-বীচ আগেও ছিল, পৃথিবীর পরিবর্তনের সাথে সাথে সেটির আধুনিকায়ন প্রয়োজন হচ্ছে, যেটি বহুবছর হয়নি, বঙ্গবন্ধু কন্যার হাত ধরে সিডিএ’র মাধ্যমে প্রকল্প বাস্তবায়নের প্রেক্ষিতে সী-বীচের সৌন্দর্যমন্ডিত হয়েছে। সী-বীচের অন্যতম আকর্ষণ ও উপাদান হচ্ছে বালুচর। এখানে আগে যে পরিমাণ বালুচর ছিল সেটা হারিয়ে গেছে। বীচ বলতে বালুচরকেই বুঝায়, দুবাই সী বীচে প্রথমে বালি ছিলনা, পরে বাইরের খেকে বালি এনে সেখানে বালুচর বানানো হয়েছে। প্রয়োজনে বাইরের থেকে বালি এনে এখানেও বালুচর করতে হবে।

তিনি আরো বলেন, প্রথম থেকেই সিডিএ’র কাছে নিবেদন ছিল এখানে একটা সাইকেল লেইন রাখার। আমি বিদেশে পড়ালেখা কালে সাইকেল চালিয়ে ভার্সিটিতে আসা-যাওয়া করতাম। আমাদের শহরগুলোতেও যদি এধরণের সাইকেল লেইন করতে পারলে ভালো হতো। চট্টগ্রাম শহরের দুয়েকটি রাস্তায়ও সাইকেল লেইন করার জন্য সিডিএকে অনুরোধ জানান তথ্যমন্ত্রী।

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২

চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় ২ জন যন্ত্রশিল্পী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন।

আজ শনিবার (১৩ মার্চ) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই থানার সোনাপাহাড় এলাকায় একটি মাইক্রোবাস ও লরির সঙ্গে সংঘর্ষে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পার্থ প্রতীম গুহ (৫০) ও হানিফ আহমেদ (৪১)। আহতরা হলেন-  বিউটি, নন্দন চৌধুরী, পাপ্পু, লুৎফর ও তাওহীদ।

জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, একটি অনুষ্ঠানে অংশ নিতে ঢাকা থেকে মাইক্রোবাসে করে কক্সবাজার যাচ্ছিল তাদের গানের দলটি।

মীরসরাই এলাকায় পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি লরি রাস্তা ক্রস করে তাদের মাইক্রোবাসকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান পার্থ গুহ। দুর্ঘটনায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা তরুণ সংগীতশিল্পী বিউটি খান, নন্দন, রাহাত, পাপ্পু ও তাওহীদও মারাত্মক আহত হয়েছেন। আহতদের মধ্যে সংগীতশিল্পী বিউটির অবস্থা আশঙ্কাজনক।

 

বুদ্ধের মতো ধ্যানে মগ্ন ট্রাম্পের মূর্তি বিক্রির হিড়িক!

আন্তর্জাতিক ডেস্কঃ ঠিক যেন গৌতম বুদ্ধ, একাকী বসে ধ্যান করছেন, ধ্যানেই মুগ্ধ। এখন চীনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাদা রঙের ধ্যানে মগ্ন মূর্তি পাওয়া যাচ্ছে। সম্প্রতি ট্রাম্পের ওই ধ্যানে মগ্ন মূর্তির ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার ফলে চীনের একটি ই-কমার্স ওয়েবসাইটে হু হু করে বিক্রি হচ্ছে ট্রাম্পের সেই মূর্তি।

দ্য গার্ডিয়ানে গেল বুধবার (১০ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, মূর্তিটির দাম ৩৯৯৯ ইয়ান অর্থাৎ বাংলাদেশী মুদ্রায় ৫২ হাজার ১১২ টাকা। চীনের ওয়েবসাইটে ট্রাম্পের দুই ধরনের মূর্তি পাওয়া যাচ্ছে। ৪.৬ মিটারের মূর্তির দাম ৫২ হাজার ১১২ টাকা এবং ১.৬ মিটারের মূর্তির দাম প্রায় ১৩ হাজার ২০ টাকা।

এদিকে ওয়েবসাইটে মূর্তিটি সম্পর্কে লেখা, ট্রাম্প বৌদ্ধ ধর্ম সম্পর্কে অনেক বেশি ভালো জানেন। এই মূর্তি অফিসে বসালে সংস্থার উন্নতি হবে।

এছাড়াও ওই বিক্রেতা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগান থেকেই তৈরি করা হয়েছে মূর্তিটি। ট্রাম্প সবসময় বলে থাকেন তিনি সবকিছু অন্যদের থেকে বেশি জানেন। তাই মূর্তি সম্পর্কেও লেখা হয়েছে গৌতম বুদ্ধের তুলনায় বৌদ্ধ ধর্ম সম্পর্কে ট্রাম্প বেশি জানেন। সুত্রঃ দ্য গার্ডিয়ান। 

 

আগামী ৫ এপ্রিল থেকে ট্রেনের টিকিট ১০ দিন আগে আর কেনা যাবে না

সিএনবিডি ডেস্কঃ আগামী ৫ এপ্রিল থেকে ট্রেনের টিকিট ১০ দিন আগে আর কেনা যাবে না বলে সম্প্রতি বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তা জানানো হয়েছে।

রেলওয়ের উপ-পরিচালক মো. নাহিদ হাসান খান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেনের অগ্রিম টিকিট যাত্রার দশ দিন আগে আর কেনা যাবে না। তবে ট্রেনে যাত্রার ৫ দিন আগে যাত্রীরা অগ্রিম টিকিট কিনতে পারবেন। এছাড়া টিকিট ফেরত দেওয়ার আগে নতুন করে চার্জ নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টা আগে সার্ভিস চার্জ কর্তন সাপেক্ষে টিকিটের পূর্ব মূল্য ফেরত দেওয়া হবে। এ ক্ষেত্রে সার্ভিস চার্জ হিসেবে এসি টিকিটে ৪০ টাকা, প্রথম শ্রেণিতে ৩০ টাকা এবং অন্য চার্জ বাবদ ২৫ টাকা কর্তন করা হবে।

এছাড়া, ট্রেন ছাড়ার ৪৮ ঘণ্টার কম সময়েও যদি কোনো যাত্রী টিকিট ফেরত দিতে চায়, তাহলে ২৫% টাকা কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে। ট্রেন ছাড়ার ২৪ ঘণ্টার কম সময় ও ১২ ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দিতে হলে ৫০% টাকা কর্তন করে বাকি টাকা ফেরত দেওয়া হবে।

আর ট্রেন ছাড়ার ১২ ঘণ্টার কম সময় ও ছয় ঘণ্টার বেশি সময় বাকি থাকা অবস্থায় টিকিট ফেরত দেওয়া হলে ৭৫% টাকা কেটে রাখা হবে। তবে ৬ ঘণ্টা পর কোনো টিকিট ফেরতযোগ্য হবে না বলে বিজ্ঞপ্তিতে জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ।

আর নতুন এই নিয়ম আগামী ৫ এপ্রিল থেকে কার্যকর হবে বলে নিশ্চিত করেছে রেলওয়ে সুত্র।

 

দাম বেড়েছে চাল-মুরগি-পেঁয়াজ-সবজিসহ সব নিত্য পণ্যের

মো.আমিন আহমেদ, সিলেটঃ মাত্র সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে চাল, মুরগি, লেবু ও পেঁয়াজের। তবে দাম কমেছে ডিম, আলু ও কিছু সবজির। অপরদিকে অপরিবর্তিত রয়েছে ভোজ্যতেল, গরু, খাসির মাংসসহ অন্য পণ্যের দাম।

গতকাল শুক্রবার সিলেট নগরীর বিভিন্ন বাজারে সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতি কেজি শালগম বিক্রি হচ্ছে ২০ টাকা, গাজর ২০ থেকে ৩০ টাকা, শিম ৩০ থেকে ৪০ টাকা, বেগুন ৩০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪০ টাকা, টমেটো ২০ টাকা, বরবটি ৪০ টাকা। প্রতি পিস লাউ আকারভেদে বর্তমানে বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকায়, বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা। মিষ্টি কুমরার প্রতিকেজি ৩০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, পটল ৬০ টাকা, প্রতিকেজি লতি ৬০ টাকা ও আলু  ১৮ টাকা। এছাড়াও ছয় কেজি আলু বিক্রি হচ্ছে ১০০ টাকায়।

কেজিতে ১০ টাকা বেড়ে প্রতিকেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪৫ টাকা। প্রতি হালি কলা বিক্রি হচ্ছে ২০ টাকায়। আর কাঁচা মরিচ প্রতিকেজি ৬০ টাকা। পেঁপে প্রতি কেজি ২০ টাকা, ক্ষিরা ৩০ টাকা, শসা ৪০ টাকা। মটরশুঁটি প্রতিকেজি ৪০ থেকে ৫০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা। লেবুর দাম বেড়ে প্রতি হালি বিক্রি হচ্ছে ৫০টাকায়। আর আমদানি করা রসুন প্রতিকেজি ১২০ টাকা ও দেশি রসুন (কাঁচা) প্রতিকেজি ৬০ টাকা ও আদা ৬০ টাকা। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ৭০ টাকায়। প্রতি কেজি বিআর-২৮ চাল বিক্রি হচ্ছে ৪৫ থেকে ৪৮ টাকা, মিনিকেট ৬৫ টাকা, নাজির ৬৫ থেকে ৭০ টাকা, স্বর্ণা চাল ৪৮ টাকা, পোলাওয়ের চাল ৯০ থেকে ১০০ টাকা। খোলা ভোজ্যতেল প্রতি লিটার বিক্রি হচ্ছে ১৩৫ টাকা।

এক ডজন লাল ডিম পাঁচ টাকা দাম কমে বিক্রি হচ্ছে ৮৫ টাকায়। হাঁসের ডিমের ডজন ১৫০ টাকা। দেশি মুরগির ডিমের ডজন বিক্রি হচ্ছে ২০০ টাকা।কেজিতে ৫০ টাকা দাম বেড়ে প্রতিকেজি সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৪০ টাকা ও  ব্রয়লার কেজি বিক্রি হচ্ছে ১৫০ টাকায় এবং লেয়ার মুরগি প্রতিকেজি ২০০ থেকে ১৯০ টাকা।

সিলেট লালবাজারে মুরগি বিক্রেতা মো.সালেহ মিয়া ডিজিটাল বাংলা নিউজ রিপোর্টার মো: আমিন আহমেদ কে বলেন, খুচরা বাজারে মুরগির দাম চড়া। বাজারের চাহিদা অনুযায়ী মুরগি অনেক কম থাকায় দাম বেশিতে বিক্রি করতে হচ্ছে। আসা করছি দ্রুতই মুরগির দাম কমে আসবে।

তবে বাজারে অপরিবর্তিত রয়েছে গরু ও খাসির মাংস ও মসলাসহ অন্যান্য পণ্যের দাম। বাজারে প্রতি কেজি খাসির মাংস বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৭৫০ টাকা, বকরির মাংস ৭০০ থেকে ৭৫০ টাকা, গরুর মাংস বিক্রি হচ্ছে ৫৫০ টাকা।

মাছ বাজারে ঘুরে দেখা গেছে প্রতি কেজি রুই মাছের দাম বেড়ে (আকারভেদে) ২৫০ থেকে ৩৫০ টাকা, মাগুর মাছ ৬০০ টাকা, প্রতিকেজি শিং মাছ (আকারভেদে) বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪৫০ টাকায়, মৃগেল ১১০ থেকে ১৫০ টাকা, পাঙাস ১২০ থেকে ১৫০ টাকা, চিংড়ি প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, বোয়াল মাছ প্রতিকেজি ৪০০ থেকে ৫০০ টাকা, কাতল ১৭০ থেকে ২৮০ টাকা, ফলি মাছ ৩০০ থেকে ৪০০ টাকা, পোয়া মাছ ২০০ থেকে ২৫০ টাকা, পাবদা মাছ ১৫০ থেকে ২৫০ টাকা, টেংরা মাছ ১৮০ থেকে ২০০ টাকা, তেলাপিয়া ১৪০ টাকা, সিলভার কাপ ১০০ থেকে ১৪০ টাকা, দেশি কৈ মাছ ৭০০ টাকা, কাঁচকি ও মলা বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৪৫০ টাকা, আইড় মাছ ৫০০, রিটা মাছ ২২০ টাকা ও কোরাল ৩০০ থেকে ৫০০ টাকা, বাইলা (ছোট) ১২০ টাকা, রূপ চাঁদা মাছ কেজি ৫০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

শপথ নিলেন রাণীশংকৈল পৌর মেয়র ও কাউন্সিলরবৃন্দ

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ চতুর্থ ধাপের রংপুর বিভাগের পৌরসভা সমূহের নব নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গনের শপথ গ্রহন গত বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।  শপথ বাক্য পাঠ করান রংপুর বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব ভূঞা।

এরই অংশ হিসাবে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর সভার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান ও কাউন্সিলরা শপথ বাক্য পাঠ করেন।

এ সময় নির্বাচিত মেয়র ও কাউন্সিলর গণের উদ্দেশ্যে বিভাগীয় কমিশনার আব্দুল ওয়াহাব  বলেন, আপনারা সকলকে দেখভাল করার দায়িত্ব নিয়েছেন তাদেরকে দেখবেন, আর সাধারণ মানুষতো দেখভালের দায়িত্ব নেয়নি । আর আমি রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে শপথ পাঠ করিয়েছি, তাই রাষ্ট্রের হয়ে আপনারাও আইন মেনে চলবেন। আজ থেকে আইনের কাছে আপনাদের হাত পা বাঁধা। সেজন্য জনগণের কল্যাণে কাজ করবেন।

তিনি আরো বলেন,পশু পাখিদের কিন্তু ভোট নেই, তারা আপনাদের ভোট দেয়নি।  তাদেরও রক্ষণাবেক্ষণের দায়িত্ব আপনাদের।  শিশু বাচ্চারা কিন্তু ভোট দেয়নি তাদের মঙ্গলেও কাজ করবেন। যে মানুষটি আপনাদের ভোট দেয়নি সে যদি বয়স্ক, বিধবা ভাতার যোগ্যতা থাকে তাদেরকে দেবেন। যে ভোট দিয়েছে তার যদি যোগ্যতা না থাকে তাকে দেবেনা। আমাদের দরজা আপনাদের জন্য সব সময় খোলা এলাকার উন্নয়নের জন্য আসবেন। বঙ্গবন্ধু সোনার বাংলা বাস্তবায়নের জন্য শেখ হাসিনা কাজ করে যাচ্ছে, আপনারা সে কাজে সহায়তা করবেন।

অনুষ্ঠানে স্থানীয় সরকার রংপুর বিভাগীয় পরিচালক ইব্রাহিম খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, রাণীশংকৈল পৌরসভার নব নির্বাচিত মেয়র মোস্তাফিজুর রহমান, ওয়ার্ড কাউন্সিলর ইসাহাক আলী, ঠাকুরগাঁও পৌরসভার সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর দৌপদী দেবী আগরওয়ালা, ওয়ার্ড কাউন্সিলর আতাউর রহমান প্রমুখ।

এছাড়াও শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার জাকির হোসেন (সার্বিক) বিভাগীয় কমিশনারের স্থানীয় সরকার বিভাগ প্রধান আশরাফুল ইসলাম, ঠাকুরগাঁও, পৌর মেয়র আনজুমানারা বন্যা, রাণীশংকৈল প্রেস ক্লাব সাবেক সভাপতি মোবারক আলী, সাবেক সাধারণ সম্পাদক মোঃ বিপ্লব উপস্থিত ছিলেন।

জবি সাংবাদিক সমিতির নির্বাচনে যারা রয়েছেন আলোচনায়

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (জবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২১ এর নির্বাচন আগামী ১৬ই মার্চ অনুষ্ঠিত হবে। দীর্ঘ দুই বছর পর এই সংগঠনের নির্বাচনকে ঘিরে সদস্যদের মধ্যেও উৎসব দেখা দিয়েছে।

নির্বাচন ঘিরে আলোচনায় রয়েছে বেশ কয়েকজন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন সময়ের আলো পত্রিকার প্রতিনিধি সোহাগ রাসিফ, মানবকন্ঠের প্রতিনিধি ইসরাফিল হোসাইন, নিউ এইজের প্রতিনিধি রবিউল আলম, ইনকিলাবের নাঈমুর রহমান নাবিল, ইত্তেফাকের আহসান জোবায়ের ও শেয়ারবিজের হারুনুর রশিদ।

সংগঠন সূত্রে জানা যায়, আগামী ১৬ মার্চ জবিসাস কার্যালয়ে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৯টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্ধিতা করবেন।

অন্যান্য পদগুলোর মধ্যে সহ সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক, অর্থ সম্পাদক ও কার্যনির্বাহী সদস্য দুটি পদে প্রার্থীরা মনোনয়ন কিনবেন। সমিতির সর্বশেষ তালিকা অনুযায়ী সর্বমোট ৩৭ জন সদস্য ব্যালটে ভোট প্রদানের  মাধ্যমে নতুন নেতৃত্ব বাছাই করবেন।

প্রসঙ্গত, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যনির্বাহী পরিষদের ২০১৯-২০ কমিটির মেয়াদ গত বছরের ১০ এপ্রিল শেষ হয়। সমিতির গঠনতন্ত্রের ধারা-৯ মোতাবেক সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে গত ২৬ ফেব্রুয়ারী জবিসাসের সাধারণ সভায় ওই কমিটি বিলুপ্ত করা হয়। একই সঙ্গে সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।।