বিপুল পরিমাণ অবৈধ পলিথিন সহ আটক ৩

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন বহনের অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় একটি বাসও জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার কৃতরা হলেন বাসচালক আবু জাহের মিয়া, হেলপার হেদায়েত শেখ ও সুপার ভাইজার মো. ইব্রাহিম।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিনয় ভূষণ রায় জানান, মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রোজ মংগলবার রাতে ঢাকা থেকে বিয়ানীবাজারগামী একটি বাস আটকে তল্লাশি চালায় পুলিশ। এসময় বাসের মাল বক্সে প্রচুর পরিমাণ নিষিদ্ধ পলিথিন পাওয়া যায়। যার বাজার মূল্য প্রায় আড়াই লাখ টাকা।

তিনি জানান, এসময় বাসটির চালক, হেলপার ও সুপার ভাইজারকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে মামলা হয়েছে। বুধবার গ্রেপ্তারদের আদালতে পাঠানো হবে।

এ বিষয়ে মামলার উপপরিদর্শক মাসুদ আলম ভুঁইয়া বলেন, ‘নিষিদ্ধ পলিথিনগুলো ঢাকার যাত্রাবাড়ী বাসস্ট্যান্ড থেকে তুলে দেয়া হয়েছে।

আসামিদের জিজ্ঞাসাবাদের জানা গেছে, কোনো নামঠিকানা না দিয়ে তাদের শুধু তিনটি মোবাইল নাম্বার দেয়া হয়েছে। বলা হয়েছে এগুলো জুড়ি, বড়লেখা ও বিয়ানীবাজারে যাবে। মোবাইল নাম্বার ধরে মালিক খুঁজে বের করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বেদম পেটালো শিক্ষক (ভিডিও)

সিএনবিডি ডেস্কঃ চট্টগ্রামের হাটহাজারীর ফটিকা গ্রামের মারকাজুল কোরআন ইসলামিক একাডেমি নামে একটি হাফেজী মাদ্রাসার শিক্ষক ৮ বছরের এক  শিশু শিক্ষার্থীকে বেদমভাবে পিটয়েছে। যার এক ভিডিও সোশ্যাল মিডিয়ায় তোলপাড় তুলছে।

জানা গেছে, ওই শিক্ষার্থীর মা তাকে মাদরাসায় দেখতে আসেন এবং তিনি চলে যাওয়ার সময় তাঁর পিছু পিছু কিছুদুর ওই শিক্ষার্থী যাওয়ায় তাকে এমন নির্মমভাবে পিটানো হয়েছে। নির্যাতনের শিকার শিশু ইয়াসিন হাটহাজারীর পৌর এলাকার মারকাযুল কুরআন ইসলামিক একাডেমি মাদ্রাসার হেফজ বিভাগের শিক্ষার্থী। ওই সময়কার ধারণ করা বেদম প্রহারের ৩৩ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, শিশুটিকে নির্মমভাবে প্রহার করছে তার শিক্ষক। এ নিয়ে তোলপাড় হয়ে উঠে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যম। শিক্ষকের কঠোর শাস্তি দাবিসহ মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অনেকেই।

এদিকে বিকেলের ওই ঘটনার একটি ভিডিও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিনের ফেসবুক ম্যাসেঞ্জারে পাঠানো হয়। তাৎক্ষণিক হাটহাজারি থানার একটি টিম নিয়ে ঘটনাস্থলে ছুটে যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। সেখানে শিশুটির সাথে কথা বলে অভিযুক্ত শিক্ষক হাফেজ ইয়াহইয়াকে আটক করা হয়।

তবে নির্যাতনের শিকার শিশুর পরিবারের একটি আবেদনে নির্যাতনকারী ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হয়নি জানালেন হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।

লাখাইয়ে মানসিক প্রতিবন্ধী নারী ধর্ষিত

মো.আমিন আহমেদ, সিলেটঃ হবিগঞ্জের লাখাইয়ে মানসিক প্রতিবন্ধী এক নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই নারীকে মুমূর্ষু অবস্থায় হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

উপজেলার মুড়াকড়ি গ্রামের বাসিন্দা ওই নারী মানসিক ভারসাম্যহীন। দরিদ্র পরিবারের আদরের সন্তান সে। বিয়ে সাদি না দিয়ে তাকে বাড়িতেই রেখে দেয়া হয়। একই গ্রামের খলিল মিয়ার পুত্র আলাল মিয়া (৪০) গত সোমবার বিকেলে ওই নারীকে একা পেয়ে ধর্ষণ করে সটকে পড়ে সে। বিষয়টি নিয়ে রফাদফার চেষ্টা চালায় স্থানীয় মাতব্বররা। ওই নারীর অবস্থা আশংকাজনক হওয়ায় গতকাল তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

লাখাই থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, ঘটনা শুনার সাথে সাথেই তার খবর নিয়েছে এবং ধর্ষক আলাল মিয়াকে ধরতে অভিযান অব্যাহত আছে।

তিউনিসিয়ার উপকূলে নৌকা ডুবিতে ৩৯ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ তিউনিসিয়ার উপকূল দিয়ে ইউরোপে প্রবেশের সময় অভিবাসী বোঝাই দুটি নৌকা ডুবে ৩৯ জনের মৃত্যু হয়েছে।  এ ঘটনায় ১৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে প্রবেশের সময় তিউনিশিয়া উপকূলে নৌকা দুটি ডুবে যায়। মৃতরা সবাই আফ্রিকান নাগরিক। আরও মানুষ নিখোঁজ থাকতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান অব্যাহত রেখেছে তিউনিসিয়ার কোস্টগার্ড।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ জেকরি জানান, এ ঘটনায় কোস্টগার্ড ১৬৫ জনকে জীবিত উদ্ধার করলেও আরও অনেকে নিখোঁজ থাকতে পারে। এ জন্য সাগরের স্ফ্যাক্স উপকূলে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছে বাহিনীটির সদস্যরা। নিহত সকল অভিবাসী আফ্রিকান বলেই নিশ্চিত করেন তিনি।

উল্লেখ্য, গত ২ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ করেছে প্রায় ৪ হাজার অভিবাসী। এর মধ্যে তিউনিশিয়া দিয়েই ঢুকেছে ১ হাজার।

এর আগে ২০১২-তে, প্রতিবেশী লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশ্যে যাত্রা করার পরে তাদের নৌকা তিউনিসিয়ার উপকূলে ডুবে গেলে প্রায় ৯০ জন আফ্রিকান অভিবাসী ডুবে যায়।

একটি মানবাধিকার গোষ্ঠী বলেছে যে, তিউনিসিয়ায় অর্থনৈতিক সঙ্কট বৃদ্ধি পাচ্ছে। আর এরই জেরে ২০২০ সাল পর্যন্ত ইতালির তীরে তিউনিসিয়ান অভিবাসীদের সংখ্যা ৫ গুণ বেড়ে ১৩ হাজারে পৌঁছেছে। সূত্র রয়টার্স।

রাণীশংকৈলে হাসপাতালের পক্ষ থেকে নব নির্বাচিত মেয়রকে সংবর্ধনা

হুমায়ুন কবির,  রাণীশংকৈল ( ঠাকুরগাঁও ) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ১০ মার্চ বুধবার নব নির্বাচিত মেয়র আলহাজ্ব মোস্তাফিজুর রহমান কে সংবর্ধনা দেয়া হয় ।

এ উপলক্ষে এদিন সকাল দুপুরে হাসপাতাল সভাকক্ষে  স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ আব্দুস সামাদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অধ্যাপক ইয়াসিন আলী।

বিশেষ অতিথি ছিলেন পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান ও সিরাজুল ইসলাম, আ’লীগ সাংগঠনিক সম্পাদক গোলাম সারওয়ার বিপ্লব, আ’লীগ সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজাউল করিম, প্রেস ক্লাব পুরাতনে যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সাবেক প্রেস ক্লাব সভাপতি মোবারক আলী, সম্পাদক বিপ্লব হোসেন প্রমুখ।

এছাড়াও সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা, কর্মচারী,রাজনৈতিক -সামাজিক ব্যাক্তিবর্গ  ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন ।

পরে  নব নির্বাচিত মেয়রকে ফুলের তোড়া দিয়ে বরণসহ সম্মাননা ক্রেস্ট ও দলীয় নৌকা মার্কা প্রতিকৃতি প্রদান করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম ।

কুলাউড়ার ব্রাহ্মণবাজারে অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ।
গতকাল মঙ্গলবার (৯ মার্চ ) রিপা রবি দাস (২১) নামক এই অন্তঃসত্ত্বা গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কুলাউড়া থানা পুলিশ। বিয়ের মাত্র ৬ মাসের মাথায় গৃহবধুর আত্মহত্যার ঘটনায় পুরো উপজেলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের চেয়ারম্যান মমদুদ হোসেন জানান, ব্রাহ্মণবাজার ইউনিয়নের পশ্চিম জালালাবাদ গ্রামের শিবথলির কাঠাল গাছের সাথে রিপা রবি দাসের লাশ পরনের শাড়ী দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান।সোমবার রাতের কোন এক সময় তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। নিহত রিপা রবি দাস পশ্চিম জালালাবাদ গ্রামের ফুলন রবি দাসের স্ত্রী। মাত্র ৬ মাস আগে তাদের বিয়ে হয়েছে। বিষয়টি তিনি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করেন।
খবর পেয়ে কুলাউড়া থানার অফিসার্স ইনচার্জ বিনয় ভূষণ রায়ের নির্দেশে এসআই মাসুদ আলম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কুলাউড়া থানায় নিয়ে আসেন।
এসআই মাসুদ আলম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে গৃহবধু আত্মহত্যা করেছেন। মঙ্গলবার দুপুরে লাশের ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম গৃহবধূ আত্মহত্যা ও লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কোম্পানীগঞ্জের বসুরহাটে ১৪৪ ধারা জারি, র‍্যাব-পুলিশের কড়া নজরদারি

সিএনবিডি ডেস্কঃ নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটে গতকাল মঙ্গলবার রাতে আওয়ামী লীগের দুই পক্ষের গোলাগুলিতে হতাহতের ঘটনার পর থেকে আজ বুধবার (১০ মার্চ) সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বসুরহাট পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সময় বসুরহাট পৌর এলাকায় সব ধরণের সভা-সমাবেশ, মিছিল-শোভাযাত্রা এমনকি ৪ জনের বেশি লোক একসাথে থাকা নিষিদ্ধ করা হয়েছে।

আজ বুধবার সকাল থেকে উপজেলা সদরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্য টহল দিচ্ছে। কড়া নজরদারির মধ্যে বসুরহাট এলাকা পুরো থমথম করছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। সড়কে লোকজনের উপস্থিতি নেই বললেই চলে।

কোম্পানীগঞ্জ থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, সংঘর্ষের পর মঙ্গলবার রাত থেকে আজ সকাল পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে হাতবোমা, দেশীয় অস্ত্র, ইটপাটকেল ও লাঠিসোটা সহ ২৮ জনকে আটক করে পুলিশ। পুলিশ বাদী হয়ে বিষ্ফোরক এবং পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার রাতে বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের খিজির হায়াৎ খানের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনায় মোঃ আলাউদ্দিন (৩২) এক সিএনজিচালক নিহত এবং ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ জন আহত হয়েছে।

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ: সন্ধ্যায় বাংলাদেশ লিজেন্ডসের মুখোমুখি শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্কঃ রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে আজ বুধবার (১০ মার্চ) সন্ধ্যা ৭.৩০ টায় বাংলাদেশ লিজেন্ডসের মুখোমুখি হবে শ্রীলঙ্কা লিজেন্ডস। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস চ্যানেল।

বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ১০ উইকেটে পরাজিত হয়। এরপর দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে হারে রফিক-সুজনরা। এদিকে এই  টুর্নামেন্টে চার ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিচ্ছেন তিলকরত্নে দিলশান।

বাংলাদেশ লিজেন্ডস স্কোয়াড: খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ শরীফ, মুশফিকুর রহমান বাবু, এ এন এম মামুন উর রশিদ, নাফিস ইকবাল, মোহাম্মদ রফিক, আব্দুর রাজ্জাক, খালেদ মাসুদ পাইলট, হান্নান সরকার, জাভেদ ওমর বেলিম, রাজিন সালেহ, মেহরাব হোসেন, নাজিমউদ্দিন ও আলমগীর কবির।

শ্রীলঙ্কা লিজেন্ডস স্কোয়াড: উপুল থারাঙ্গা, চামারা সিলভা, চিন্থাকা জয়াসিংহে, থিলান তুষারা, নুয়ান কুলাসেকারা, রাসেল আর্নল্ড, অজান্থা মেন্ডিস, পারভেজ মাহরুফ, সনাৎ জয়াসুরিয়া, মানজুলা প্রসাদ, মালিন্দা ওয়ার্নাপুরা, দামিকা প্রসাদ, রঙ্গনা হেরাথ, চামারা কাপুগেদারা, তিলকরাত্নে দিলশান এবং দুলানজানা বিজেসিংহে।

প্রসঙ্গত, আগামী ৫ মার্চ থেকে শুরু হয় ১৭ দিনের এই টুর্নামেন্ট। গ্রুপ পর্বের খেলা চলবে ১৬ মার্চ পর্যন্ত। ১৭ মার্চ প্রথম সেমিফাইনাল, ১৯ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল ও ২১ মার্চ অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচ। সবগুলো ম্যাচই শুরু হবে ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ রায়পুরের শহীদ বীর নারায়ণ সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে।

মার্কিন সরকারকে নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরতে হবে : ইরান

আন্তর্জাতিক ডেস্কঃ অবিলম্বে ও নিঃশর্তভাবে মার্কিন সরকারকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরে আসার আহ্বান জানিয়েছে ইরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, “আমরা আমেরিকার নতুন সরকারকে অবিলম্বে ও নিঃশর্তভাবে পরমাণু সমঝোতায় ফিরে আসার এবং কূটনীতির পথকে এর চেয়ে বেশি জটিল না করার আহ্বান জানাচ্ছি।”

আলী রাবিয়ি গতকাল মঙ্গলবার তেহরানে এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি পরমাণু সমঝোতাকে গত কয়েক দশকে আন্তর্জাতিক রাজনীতির সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, বিশ্বের বহু দেশ আন্তরিক সদিচ্ছা নিয়ে পরমাণু সমঝোতাকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে। ইরান বিশ্বাস করে খুব শিগগিরই এই প্রচেষ্টা সফল হবে। কারণ একমাত্র এটিকে রক্ষা করার মাধ্যমে বিশ্বে শান্তি ধরে রাখা সম্ভব ও বিশ্বের সব দেশের স্বার্থ এই সমঝোতার মধ্যে নিহিত।

তিনি আরো বলেন, তার দেশের পরমাণু সমঝোতা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে একটি আন্তর্জাতিক আইনে পরিণত হয়েছে। কাজেই আমেরিকা এই আইন মেনে চলতে বাধ্য। তিনি [নয়া মার্কিন প্রেসিডেন্ট] জো বাইডেন প্রশাসনকে যত তাড়াতাড়ি সম্ভব পরমাণু সমঝোতায় ফিরে এসে কূটনীতির পথ সুগম করার আহ্বান জানান।

আলী রাবিয়ি বলেন, গত চার বছরে আমেরিকা নয় বরং ইরানই কূটনীতির পথ উন্মুক্ত রেখেছে। কাজেই এখন কূটনৈতিক প্রচেষ্টার পথে আমেরিকাকেই প্রথম পা রাখতে হবে। সুত্রঃ পার্সটুডে। 

হবিগঞ্জ শহরের আবাসিক হোটেল গুলোতে চলছে রমরমা দেহ ব্যবসা!

মো আমিন আহমেদ, ক্রাইম রিপোর্টারঃ হবিগঞ্জ শহরের আবাসিক হোটেল গুলোতে মাদক ও জুয়াসহ চলছে রমরমা দেহ ব্যবসা।

এলাকাবাসী সুত্রে জানা গেছে, অসাধু পুলিশ সদস্যদের বারবার বলার পরও এসব বিষয় আমলে নেয়নি। তবে এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে ডিবি পুলিশ গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের জজ কোর্ট ও পুরাতন ফৌজদারী কোর্টের পুরাতন পৌরসভা এলাকার আম্বর আলী, শাহজালাল ও গরীবে নেওয়াজসহ বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে হোটেলের ম্যানেজার ও কলগার্লসহ ৭ জনকে আটক করে।

উক্ত অভিযানে নেতৃত্ব দেন ডিবির ওসি আল আমিন ও এসআই মোজাম্মেল হক।

আটকরা হল, শহরের রাজনগর এলাকার মৃত মশ্বব আলীর পুত্র সিদ্দিকুর রহমান দুলাল (৪৫), রিচি অগ্নিকোনার আব্দুল কাদিরের পুত্র ফরিদ মিয়া (২৫) ও জয়নগর এলাকার মৃত বিলাত আলীর পুত্র দিলু মিয়া (৪০)। এ ছাড়া কলগার্লদের মধ্যে রয়েছে বাহুবল উপজেলার মানিকাআব্দা গ্রামের আব্দাল মিয়ার স্ত্রী তানিয়া আক্তার (৩০), পাইকপাড়া গ্রামের দুলাল মিয়ার স্ত্রী পারুল আক্তার (২৮), নবীগঞ্জ উপজেলার দিনারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর কন্যা মিলি (২০) ও সদর উপজেলার শরিফাবাদ গ্রামের আজব আলী সুমনের স্ত্রী রুনু আক্তার (৩৫)।

অভিযানকালে তাদের হেফাজত থেকে বেশকিছু কনডম ও যৌন উত্তেজক ট্যাবলেট উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, ওই এলাকায় বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে পাশাপাশি আইনজীবিদের চেম্বারও আছে। কিন্তু এসব থাকার পরও উল্লেখিতরা বীরদর্পে এসব অসামাজিক ব্যবসা চালিয়ে যাচ্ছে। কিন্তু কেউ প্রতিবাদ করেনি। আর প্রতিবাদ করেই কি হবে? কতিপয় অসাধু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে মাসোহারা দিয়ে এসব করে বলে অভিযোগ করেন এলাকাবাসি।

তবে ডিবির ওসি জানান, শহরের বিভিন্ন বিলাস বহুল আবাসিক হোটেলগুলোতে দেহ ব্যবসার অভিযোগ পাওয়া গেছে। কাউকেই ছাড় দেয়া হবে না। পুলিশ সুপারের নির্দেশে সন্দেহমূলক প্রতিটি হোটেলেই অভিযান চলবে। এ ঘটনায় এসআই মোজাম্মেল বাদি হয়ে মামলা করেছেন এবং এ ঘটনায় আর কে কে জড়িত তাদের বিরুদ্ধেও অভিযান চলছে। আজ বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হবে।