আগামী ৩০ এপ্রিল থেকে এসএসসি পরীক্ষা শুরু

শিক্ষা ডেস্কঃ আগামী ৩০ এপ্রিল থেকে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৩০ এপ্রিল থেকে ২০২৩ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা শুরু হবে। চলবে ২৩ মে পর্যন্ত।

রুটিন অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর দিন অর্থাৎ ৩০ এপ্রিল বাংলা ১ম পত্র, ২ মে বাংলা ২য় পত্র, ৩ মে ইংরেজি ১ম পত্র, ৭ মে ইংরেজি ২য় পত্র, ৯ মে গণিত, ১০ মে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ১১ মে ধর্ম শিক্ষা পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এছাড়া ১৪ মে পদার্থবিজ্ঞান, ১৫ মে গার্হস্থ্য বিজ্ঞান, ১৬ মে রসায়ন, ১৭ মে ভূগোল ও পরিবেশ, ১৮ মে জীববিজ্ঞান, ২১ মে বিজ্ঞান, ২২ মে হিসাববিজ্ঞান ও ২৩ মে বাংলাদেশ ও বিশ্বপরিচয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সব বিষয়েই নেয়া হবে। প্রতিটি বিষয় স্বাভাবিক সময় বা তিন ঘণ্টা পরীক্ষা হবে। সৃজনশীল এবং নৈর্ব্যক্তিক প্রশ্ন (এমসিকিউ) থাকবে আগের মতোই।

এর আগে, গত ১৮ ডিসেম্বর থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিতে পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়; চলে ৫ জানুয়ারি পর্যন্ত।

এ বছর পরীক্ষার ফি সর্বোচ্চ ‍২ হাজার ১৪০ টাকা ধরা হয়। ২০২৩ সালের বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থীদের কাছ থেকে এ টাকা ফরম পূরণের ফি বাবদ নেয়া হয়। ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের শিক্ষার্থীদের ফরম পূরণের ফি নির্ধারণ করা হয় ২ হাজার ২০ টাকা।

পবিত্র ওমরাহ পালনে সৌদিতে রিয়াদ-মুশফিক

পবিত্র ওমরাহ পালনে সৌদিতে অবস্থান করছেন  বাংলাদেশ দলের দুই সতীর্থ ও সম্পর্কে ‘ভায়রা ভাই’ মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। বিপিএল ফাইনাল ম্যাচ খেলেই রিয়াদকে সঙ্গে নিয়ে সৌদি আরবে পাড়ি জমান মুশফিক।

বাংলাদেশ দলের অভিজ্ঞ এই দুই তারকা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেইজে আলাদা আলাদা পোস্ট করেন। নিজের একটি ছবি পোস্ট করে মুশফিক ক্যাপশনে সমর্থকদের সালাম জানান। আর সোমবার মদিনায় অবস্থানরত একটি ছবি পোস্ট করে রিয়াদ ক্যাপশনে মদিনা লিখে একটি লাভ ইমুজি দেন।

তবে পবিত্র ওমরা পালন শেষে কবে দেশে ফিরবেন এই দুই তারকা তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে আসন্ন ইংল্যান্ড সিরিজের অনশীলন শুরুর আগেই ঢাকায় পৌঁছাবেন তারা।

উল্লেখ্য, আগামী ১ মার্চ ঘরের মাটিতে শুরু হচ্ছে সফরকারী ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ। মাঝে কয়েক দিনের ছুটিতে টাইগার ক্রিকেটাররা যে যার মতো করে অবসর সময় কাটাচ্ছেন।

ইউনেসকোতে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

আন্তর্জাতিক ডেস্কঃ প্রতি বছরের মতো এবারও ইউনেসকোতে পালন করা হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এ উপলক্ষে প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) আয়োজন করা হয়েছে বিশেষ অধিবেশন।

অনুষ্ঠানে উপস্থিত আছেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম. তালহা।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক শাখা ইউনেসকো প্রতিষ্ঠিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ১৯৪৫ সালে। বাংলাদেশ জাতিসংঘের ১৩৬ তম সদস্য রাষ্ট্র। ১৯৭৩ সালে বাংলাদেশ সরকার ইউনেসকো কমিশন গঠন করে।

১৯৯৯ সালে প্যারিস অধিবেশনে ১৮৮ দেশের সম্মতিতে ২১ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। সেই থেকে প্রতি বছর ইউনেসকো সদর দপ্তর প্যারিসে মাতৃভাষা দিবস পালিত হয়ে আসছে।

ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত

আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তৃণমূল বিএনপির চেয়ারম্যান ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার জানাজা অনুষ্ঠিত হয়েছে।

জানাজায় উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীসহ আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, অ্যাটর্নি জেনারেল এবং আইনজীবীরা।

সুপ্রিম কোর্ট বার কাউন্সিল ও ধানমন্ডির বায়তুল আমান মসজিদে জানাজা শেষে ঢাকার দোহারে দুটি জানাজা শেষে সন্ধ্যায় তাকে পারিবারিক কবরস্থানে দাফন করার কথা রয়েছে।

এর আগে, গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাজমুল হুদার মৃত্যু হয়। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। তিন দিন আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মৃত্যুর আগে স্ত্রী ব্যারিস্টার সিগমা হুদা, দুই মেয়ে অন্তরা ও শ্রাবন্তী আমিনাসহ অসংখ্য গুণীজন রেখে গেছেন।

উল্লেখ্য, নাজমুল হুদার জন্ম ১৯৪৩ সালের ৬ জানুয়ারি। তিনি একজন ব্যারিস্টার, আইনজীবী ও রাজনীতিবিদ। ২০১২ সালে তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান থাকা অবস্থায় দল থেকে পদত্যাগ করেন।

একুশে পদক পেলেন ১৯ জন বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

দেশের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে এবার ‘একুশে পদক-২০২৩’ দেওয়া হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদক তুলে দেন। গত ১২ ফেব্রুয়ারি একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করেছিলো সরকার।

চলতি বছর বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে ৩ জন, মুক্তিযুদ্ধে ১ জন, শিল্পকলায় ৮ জন (অভিনয়, সঙ্গীত, আবৃত্তি, চারু ও চিত্রকলা), রাজনীতিতে ২ জন, শিক্ষায় ১ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান, সমাজসেবায় ১ জন ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা, গবেষণা এবং ভাষা ও সাহিত্যে ১ জন করে পুরস্কার দেওয়া হয়।

ভাষা আন্দোলনে অবদানের জন্য এবার একুশে পদক পেয়েছেন খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর) ও হাজী মো. মজিবর রহমান।

শিল্পকলায় (অভিনয়) পেয়েছেন মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ, শিল্পকলায় (সংগীত) মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), শিল্পকলায় (আবৃত্তি) জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান, শিল্পকলায় (চিত্রকলা) কনক চাঁপা চাকমা।

মুক্তিযুদ্ধে মমতাজ উদ্দীন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ড. মো. আবদুল মজিদ, শিক্ষায় প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় মো. সাইদুল হক, রাজনীতিতে অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর) ও আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে একুশে পদক পেয়েছেন ড. মনিরুজ্জামান।

প্রতিষ্ঠান হিসেবে পদক পেয়েছে শিক্ষায় অবদানের জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সমাজসেবায় অবদানের জন্য বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘একুশে পদক’ প্রবর্তন করা হয়। একুশে পদকপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্রের সঙ্গে ৪ লাখ টাকা দেওয়া হয়। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এই পদক দিয়ে থাকে।

বন্যা ও ভূমিধসে ব্রাজিলে নিহত ৩৬

ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ল্যাটিন আমেরিকার দেশ  ব্রাজিলে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আলজাজিরার প্রতিবেদনের তথ্যমতে, ভারী ‍বৃষ্টিপাতের ফলে দেশটির সাওপাওলো রাজ্যের সাও সেবাস্তিও শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের পর বহু বাড়ি ভেসে গেছে। নিহতদের মধ্যে শুধু সেবাস্তিও শহরেই ৩৫ জন এবং পার্শ্ববর্তী একটি শহরে এক শিশু মারা যান।

ব্রাজিলের আবহাওয়া অফিস বলছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে উদ্ধার তৎপরতা চ্যালেঞ্জের পাশাপাশি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে দেশটির সরকার ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু করতে বেশ কয়েকটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

কুলাউড়ায় গাঁজা ও ইয়াবাসহ গ্রেপ্তার ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া সার্বিক দিক নির্দেশনায় কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক এর নেতৃত্বে রোববার (১৯ ফেব্রুয়ারি) এসআই (নিরস্ত্র) সুজন তালুকদার সঙ্গীয় এএসআই(নিরস্ত্র)/আবু তাহেরসহ বিশেষ অভিযান পরিচালনা করে কুলাউড়া থানাধীন ০২নং ভূকশিমইল ইউপির অন্তর্গত হাকালুকি হাওড়ের রাখাল শাহ (রহঃ) ঢের এর উত্তর পাশে রাস্তার উপর হইতে শশারকান্দি এলাকার মৃত মামুদ আলীর ছেলে মাদক ব্যবসায়ী মাহতাব আলী(৪২) কে আটক করে।

আটকের পর তাহার হেফাজত হইতে ২০০ গ্রাম গাঁজা ও ২৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং জব্দতালিকা মূলে জব্দ করেন। ধৃত আসামীর বিরুদ্ধে কুলাউড়া থানার মামলা নং-১৫, তারিখ: ১৯/০২/২০২৩  দায়ের পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, ডিআইজি, সিলেট রেঞ্জ সার্বিক দিক নির্দেশনা ও পুলিশ সুপার মৌলভীবাজার নির্দেশে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করার লক্ষে কুলাউড়া থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।

একুশে পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ১৯ বিশিষ্ট ব্যক্তি ও দুটি প্রতিষ্ঠানের কর্ণধারের হাতে ‘একুশে পদক ২০২৩’ তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে একুশে পদক ২০২৩ প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী। সেখানেই  এই পদক প্রদান করবেন তিনি।

গত ১২ ফেব্রুয়ারি একুশে পদকপ্রাপ্তদের নাম ঘোষণা করে সরকার। এ বছর ভাষা আন্দোলন ক্যাটাগরিতে তিনজন, মুক্তিযুদ্ধে একজন, শিল্পকলায় আটজন (অভিনয়, সঙ্গীত, আবৃত্তি, চারু ও চিত্রকলা), রাজনীতিতে দু’জন, শিক্ষায় একজন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান, সমাজসেবায় একজন ব্যক্তি একটি প্রতিষ্ঠান এবং সাংবাদিকতা, গবেষণা এবং ভাষা ও সাহিত্যে একজন করে পুরস্কার পেয়েছেন।

ভাষা আন্দোলন ক্যাটাগরিতে পুরস্কারের জন্য খালেদা মঞ্জুর-ই খুদা, বীর মুক্তিযোদ্ধা একেএম শামসুল হক (মরণোত্তর) এবং হাজী মোহাম্মদ মজিবুর রহমানের নাম ঘোষণা করা হয়েছে।

শিল্পকলা বিভাগে অভিনয় ক্যাটাগরিতে মাসুদ আলী খান ও শিমুল ইউসুফ এবং সংগীত বিভাগে মনোরঞ্জন ঘোষাল, গাজী আবদুল হাকিম ও ফজল-এ-খোদা (মরণোত্তর), আবৃত্তি বিভাগে জয়ন্ত চট্টোপাধ্যায়, শিল্পকলায় নওয়াজীশ আলী খান এবং চিত্রকলা বিভাগে কনক চাঁপা চাকমা পুরস্কার পাচ্ছেন।

মুক্তিযুদ্ধ বিভাগে পুরস্কার পাচ্ছেন মমতাজ উদ্দিন (মরণোত্তর), সাংবাদিকতায় মো. শাহ আলমগীর (মরণোত্তর), গবেষণায় ডা. মো. আব্দুল মজিদ, শিক্ষায় অধ্যাপক ডা. মাজহারুল ইসলাম (মরণোত্তর), সমাজসেবায় সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইসলাম (মরণোত্তর), রাজনীতিতে আখতার উদ্দিন মিয়া (মরণোত্তর) এবং ভাষা ও সাহিত্যে ড. মনিরুজ্জামান পুরস্কার পাচ্ছেন।

শিক্ষা ক্যাটাগরিতে বাংলাদেশ জাতীয় জাদুঘর এবং সমাজসেবায় বিদ্যানন্দ ফাউন্ডেশন এ পুরস্কার পাচ্ছে।

উল্লেখ্য, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ‘একুশে পদক’ প্রবর্তন করা হয়। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় স্বর্ণপদক, সম্মাননা সনদ ও নগদ অর্থ দিয়ে পুরস্কার প্রদান করে।

ঢাবিতে পরীক্ষা চলাকালে ছাত্রীদের কানসহ মুখ খোলা রাখার নোটিশ

শিক্ষা ডেস্কঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বাংলা বিভাগে পরীক্ষা ও প্রেজেন্টেশন চলাকালে প্রত্যেক ছাত্রীর কানসহ মুখ খোলা রাখার নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) ঢাবি ভিসি ও বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করে ভুক্তভোগী তিন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ এ রিট দায়ের করেন।

ঢাবির ভিসি, বাংলা বিভাগের প্রধানসহ সংশ্লিষ্টদের রিট আবেদনে বিবাদী করা হয়েছে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি আহমেদ সোহেল সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে চলতি সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে বলে জানান আইনজীবী মো. ফয়জুল্লাহ ফয়েজ।

এর আগে গত বছরের ১১ ডিসেম্বর লিখিত এবং মৌখিক পরীক্ষায় ছাত্রীদের কানসহ মুখ খোলা রাখার নির্দেশ এবং তা না মানলে ব্যবস্থা নেয়া হবে বলে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ।

এ বিজ্ঞপ্তি বাতিলের দাবি জানিয়ে ক্লাস, প্রেজেন্টেশন ও পরীক্ষাসহ বিশ্ববিদ্যালয়ের সর্বত্র নির্বিঘ্নে হিজাব-নিকাব পরার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন ছাত্রীরা। এ দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপিও দিয়েছেন তারা।

হাঙরের আক্রমণে প্রাণ গেল অস্ট্রেলীয় পর্যটকের

আন্তর্জাতিক ডেস্কঃ হাঙরের আক্রমণে প্রাণ হারিয়েছেন এক অস্ট্রেলীয় পর্যটক (৫৯)। গতকাল রোববার (১৯ ফেব্রুয়ারি) প্রশান্ত মহাসাগরে ফ্রান্স নিয়ন্ত্রিত দ্বীপ নিউ ক্যালিডোনিয়ার সমুদ্র উপকূলে এই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানায় দ্য গার্ডিয়ান।

প্রতিবেদনে বলা হয়েছে, লোকটি নিউ ক্যালিডোনিয়ার রাজধানী নুমেয়ার উপকূলে তীর থেকে ১৫০ মিটার দূরে সাতার কাটছিলেন। এমন সময় তাকে একটি হাঙর আক্রমণ করে এবং কয়েকদফা কামড়ে দেয়।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সেখানে থাকা দুটি নৌকার লোকজন ওই লোকের চিৎকার শুনে এগিয়ে গিয়ে তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করে।

নিউ ক্যালিডোনিয়ার এমারজেন্সি সার্ভিস তাকে ঘটনাস্থলে চিকিৎসা দিয়ে বাচিয়ে তোলার চেষ্টা করে। কিন্তু তা আর সম্ভব হয়নি। তার শরীরে বেশ কয়েকটি আঘাতের চিহ্ন ছিল। তার এক পা এবং দুই হাতই মারাত্মকভাবে জখম হয়। অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সময় ঘটনাস্থলে বেশ কয়কেজন উপস্থিত ছিলেন। তাদের অনেকেই বিষয়টি দেখেছেন। নুমেয়ার দক্ষিণে অবস্থিত শ্যাতো-রয়্যাল সমুদ্র উপকূলে ঘটনার সময় বেশ হুলস্থূল পড়ে যায় ঘটনার পরপরই। তবে পুলিশ পরে শিগগিরই বিচিটি বন্ধ করে দেয়।

ঘটনার পরপরই শহরের মেয়র সোনিয়া লগার্দ উপকূলের আশপাশের বেশিরভাগ সৈকত বন্ধ করার এবং কাছাকাছি সমুদ্রসীমায় টাইগার হাঙ্গর এবং বুল হাঙ্গরগুলোকে ধরার নির্দেশ দিয়েছেন। হাঙরের গতিপথ ট্র্যাক করার জন্য ড্রোন মোতায়েন করা হয়েছে এবং এরই মধ্যে দুটি হাঙর শনাক্ত করা গেছে বলে পুলিশ জানিয়েছে।