রাণীশংকৈলে লতিফ মাস্টারের স্মরণে আলোচনা ও দোয়া

হুুুুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে গত ২৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সদ্য প্রয়াত মীরডাংগী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মরহুম আব্দুল লতিফের রুহের মাগফিরাত কামনায় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

 এ উপলক্ষে এদিন দুপুরে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয়ে সমিতির সভাপতি প্রধান শিক্ষক রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও জেলা ওয়ার্কাস পার্টির সভাপতি অধ্যাপক ইয়াসিন আলী, উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আ’লীগ সভাপতি ও পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর সরকার প্রমুখ।
এছাড়াও আলোচনা ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক, কর্মচারীবৃন্দ, স্থানীয় সুধীবৃন্দ ও মীরডাঙ্গী উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন।
আলোচনা শেষে সদ্যপ্রয়াত লতিফ মাস্টারের মাগফিরাত কামনা করে দোয়া এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে সভাপতি পদে কামরেল আহমেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক আব্দুল খালিক নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা আনন্দ ঘন পরিবেশে মৌলভীবাজার জেলা বারের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট ভূপতি রঞ্জন চৌধুরী।

নির্বাচন কমিশনার তথ্য মতে প্রকাশিত তালিকায় ১৭৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বড়লেখা উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট কামরেল আহমেদ চৌধুরী, অ্যাডভোকেট ডাডলী ডেরিক প্রেন্টিস ১৮৩ ভোট পেয়ে সহ-সভাপতি এবং জুড়ী উপজেলার কৃতি সন্তান অ্যাডভোকেট আব্দুল খালিক ২১০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।আনুষ্ঠানিক ভাবে এই চুড়ান্ত ফলাফল প্রকাশ করেন নির্বাচন কমিশন।

জবিতে ভাষা শহীদ রফিক স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ভাষাশহীদ রফিকের যথাযথ মর্যাদা রক্ষা, স্মৃতি সংরক্ষণ ও সবার মাঝে ভাষা আন্দোলনের চেতনা জাগ্রত করার লক্ষ্যে ‘ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদ’ এর আত্মপ্রকাশ হয়েছে। গেল বৃহস্পতিবার এ স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ ঘটে।

এতে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী রকি আহমেদকে আহবায়ক ও পদার্থ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকির হোসেন রানুকে সদস্য সচিব করে মোট ৯ সদস্য বিশিষ্ট এক আহবায়ক কমিটি গঠনের মাধ্যমে এ স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ ঘটে।

কমিটিতে সঙ্গীত বিভাগের শিক্ষার্থী অনিন্দিতা পাল এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী কে. এম নাবিউল হাসানকে যুগ্ম আহবায়ক করা হয়েছে। এছাড়া পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী মৌফিয়া মেহজাবিন, বাংলা বিভাগের শিক্ষার্থী ইমরান হুসাইন ও পারভেজ হাসান, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী সাহাদাত হোসেন অনু, ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের শিক্ষার্থী আরোবী লাবনীকে সদস্য করা হয়েছে।

এ বিষয়ে ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আহবায়ক রকি আহমেদ বলেন, ‘জগন্নাথ কলেজ তথা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষর্থী রফিক উদ্দিন আহমদ ভাষার জন্য শহীদ বরণ করেছিলেন। তাঁর এ আত্মত্যাগে আমরা শিক্ষার্থীরা গর্ববোধ করি। অথচ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শুধু একটি ভবনের নামেই শহীদ রফিকের স্মৃতি সীমাবদ্ধ রয়েছে। তাঁর জন্ম ও মৃত্যুতেও আলাদা করে কোন স্মরণসভা হয় না। তাই ভাষাশহীদ রফিকের স্মৃতি সংরক্ষণ, যথাযথ মর্যাদা রক্ষা ও ভাষা আন্দোলনে শহীদদের আত্মত্যাগের ইতিহাস সবার মাঝে ছড়িয়ে দিতেই আমাদের এ ভাষাশহীদ রফিক স্মৃতি পরিষদের আত্মপ্রকাশ।’

কারাগারে মৃত্যুবরণ করা লেখক মুশতাক আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত

সিএনবিডি ডেস্কঃ ২০২০ সালের মে মাসে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বন্দী হওয়া লেখক মুশতাক আহমেদ কাশিমপুর কারাগারে আটক থাকা অবস্থাতেই গত বৃহস্পতিবার রাত আটটার দিকে মারা যান। তার বয়স হয়েছিল ৫৩ বছর। মৃত মোস্তাক আহমেদ নারয়নগঞ্জের আড়াইহাজার থানার ছোট বালাপুর এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

গতকাল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) লালমাটিয়ার ‘সি’ ব্লকের মিনার মসজিদে জানাজা শেষে রাত পৌনে ১০টার দিকে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় তাকে।

তবে তাঁর মৃত্যু নিয়ে বিভিন্ন মহলে তৈরি হয়েছে ধোঁয়াশা ও গুঞ্জন। কারাগারে এই লেখকের মৃত্যুকে ‘হত্যা’ ধরে নিয়ে শুরু হয়েছিল আন্দোলন। আর এ নিয়ে শাহবাগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মশাল মিছিল বের করা হলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে কাশিমপুর কারাগারের সিনিয়র জেল সুপার গিয়াস উদ্দিন সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে মুশতাক কারাগারে মাথা ঘুরে পড়ে যান। এ সময় দ্রুত তাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ৮টা ২০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে ঠিক কি কারনে তার মৃত্যু হলো সঠিক তা জানা যায়নি। ময়নাতদন্ত শেষে তার মৃত্যুর সঠিক কারণ জানা সম্ভব হবে।

গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ শরীফ জানান, কাশিমপুর কারাগার থেকে ওই বন্দিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়।

অন্যদিকে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ মো. বায়েজীদ গণমাধ্যমকে জানিয়েছেন, কারাগারের পক্ষ থেকে মুশতাকের মৃত্যুর ব্যাপারে জিএমপির’র জয়দেবপুর থানায় একটি অপমৃত্যু মামলা (মামলা নং ১৩) রুজু করা হয়েছে।

উল্লেখ্য, গত ১১ জানুয়ারি ডিজিটাল‌ নিরাপত্তা আইনের মামলায় কার্টুনিস্ট আহমেদ কবির কিশোর, লেখক মুস্তাক আহমেদ ও রাষ্ট্রচিন্তার কর্মী দিদারুল ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০২০ সালের মে মাসে রমনা থানায় মুশতাকসহ ১১ জনের বিরুদ্ধে তিনটি মামলা করে র‌্যাব। তাদের বিরুদ্ধে ফেসবুকে করোনাভাইরাস নিয়ে গুজব ও মিথ্যা তথ্য ছড়ানো, জাতির জনকের প্রতিকৃতি, জাতীয় সংগীত এবং জাতীয় পতাকাকে অবমাননার অভিযোগ আনা হয়।

 

দেবিদ্বারে নৌকা ও ধানের শীষের নির্বাচনী লড়াই : আটঘাট বেঁধে মাঠে নামছে দুই দল

শাহিদুল ইসলাম ভূঁইয়া, দেবিদ্বার,কুমিল্লা প্রতিনিধি: দেবিদ্বার উপজেলা পরিষদ এর উপ-নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ ও বিএনপির ধানের শীর্ষ প্রতীকের প্রার্থী এএফএম তারেক মুন্সী ও জাতীয় পার্টির লাঙল প্রতীকের মো. আব্দুল আওয়াল সরকার এর প্রতীক পাওয়ার পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেন। উপজেলা পরিষদ উপ-নির্বাচনের আর বাকি ২দিন।

এদিকে কুমিল্লা জেলা প্রসাশক জানান, আগামী ২৮ ফেব্রুয়ারী উপজেলা উপ-নির্বাচনে হোন্ডা ও গুন্ডার নির্বাচন দিন কাজ করতে দেওয়া হবে না। প্রার্থীরা শেষপর্যন্ত ২দল নেতাকর্মীরা আটঘাট বেঁধে মাঠে নামছে। চলছে ঘরোয়া বৈঠক, করা হচ্ছে কেন্দ্রভিত্তিক কমিটি, জেলা ও উপজেলার সাংবাদিকদের সাথে মতবিনিময়।

আওয়ামী লীগের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদ জানান,তার নির্বাচনী এলাকায় বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড এর বিভিন্ন গ্রাম থেকে বাজারে প্রচারণা শুরু করেন। অনেক প্রবীণ আওয়ামী লীগের নেতাদের কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনে প্রচারণা শুরু করেছেন। ন্যাপ প্রধান অধ্যাপক মোজাফ্ফর আহমেদের কবর জিয়ারতের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে প্রচারণা শুরু করেছেন। সাবেক এমপি আবদুল আজিজ খান, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ ও প্রয়াত উপজেলা চেয়ারম্যান হাজী জয়নুল আবেদীনের কবর জিয়ারতের মধ্য দিয়ে এ প্রচারণা শুরু করেন।

তিনি বলেন, নৌকার সুনিশ্চিত বিজয় দেখছেন। আপনারা দেখছেন উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেছেন, সেগুলো জনসভায় পরিণত হওয়ার মধ্য দিয়েই নৌকার জনপ্রিয়তা বোঝা যায় বলে মনে করেন তিনি। আগামী ২৮ ফেব্রুয়ারির নির্বাচনে নৌকা প্রতীক বিজয়ী হবে বলে তিনি আশা করেন। আর ২ দিন বাকি আছে। ঘরে ঘরে গিয়ে নৌকার জন্য ভোট চাইতে হবে। একটি গোষ্ঠী বাইরে থেকে লোক নিয়ে এসে ভোট বানচাল করার অপচেষ্টা করছে। আমরা শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে চাই।’

বিএনপির ধানের শীষের প্রার্থী এ এফ এম তারেক মুন্সী গত বৃহস্পতিবার সকালে উপজেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করার পর তিনি উপজেলা বিভিন্ন পথ সভায় বলেন, আগামী ২৮ ফেব্রুয়ারী সারাদিন অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আপনারা সারাদিন ভোটাদের কে ভোট কেন্দ্র উপস্থিত থেকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী সুনিশ্চিত করবেন। ভোট কেন্দ্র কোন মহলের কোনো রকম হস্তক্ষেপ চলবে না। আর অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ নির্বাচন হলো সাধারন জনগন এর ভোটে বিপুল ভোট বিজয়ীই হবো।

বিএনপির উপজেলার সাধারন সম্পাদক মো.গিয়াস উদ্দিন বলেন, মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের প্রতি এর জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। এই গণতন্ত্র আমরা অনেক লড়াই সংগ্রামে করে এনেছিলাম। মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিলাম। মানুষ সেই অধিকার আবার হারিয়ে ফেলেছে। মানুষ তাদের ইচ্ছে থাকা সত্বেও পছন্দের প্রার্থীকে ভোটে ক্ষমতায় বসাতে পারেছেন না। আজকে আপনারা দেখেছেন যে, ভোট ছাড়াই সরকার গঠিত হয়েছে। সেই সরকার গায়ের জোরে দেশ চালাচ্ছে। তাই দেশে আজ শান্তি নাই, মানুষের অধিকার নাই। ন্যায়বিচার নাই, আইনের শাসন নাই। দেশে চলছে জুলুম অত্যাচার ও স্বৈরাচারী ব্যবস্থা। আমাদের অনেক নেতাকর্মীরা আজ জেলে।

সরকারকে হুশিয়ার করে তিনি বলেন, সঠিক পথে আসুন। তা না হলে জনগণ কখন জেগে উঠবে বুজতে পারবেন না। কিন্তু আজকে কি হচ্ছে দেশে? আজকে চলছে সীমাহীন দুর্নীতি ও লুটপাট। অবাধ দুর্নীতির সুযোগ দিতে ইনডেমিনিটি। আপনারা নিশ্চই দেখেছেন এই সরকার কিভাবে শেয়ার মার্কেট ও ব্যাংকগুলো করেছে। দেশের টাকা বিদেশে অর্থ পাচার হচ্ছে। সবখানে সন্ত্রাস, চাঁদাবাজি ও দখল চলছে। উপজেলা উপ-নির্বাচনে শেষ পর্যন্ত মাঠে দলীয নেতাকর্মী বিজয় সুনিশ্চিত করবেন।

 

নওগাঁ রানীনগর উপজেলায় আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ সাধন চন্দ্র মজুমদার এম পি বলেছেন বর্তমান সরকার প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে মেগা প্রকল্প বাস্তবায়নের মধ্যে দিয়ে সারাদেশে সুষম উন্নয়ন সাধন করে চলেছে।

শত বাধা ও প্রতিকুলতা আর দেশী-বিদেশী ষড়যন্ত্র উপেক্ষা করে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা হয়েছে। দেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দেশের এই অভাবনীয় পরিবর্তন ও উন্নয়ন সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্ব আর দুরদর্শিতার কারনেই।

খাদ্যমন্ত্রী আরো বলেছেন সরকার দুর্নীতি মুক্ত রাষ্ট্র ও সমাজ গঠনে বদ্ধপরিকর। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছার প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং গুরুত্ব দিয়ে সৎ, নিষ্ঠাবান, সমাজে গ্রহণযোগ্য ব্যক্তিদের দলে ঠাঁই দিতে হবে। যারা দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাসী তাদের কোন ভাবেই দলে স্থান দেয়া যাবেনা।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার আরও বলেছেন সারা পৃথিবীতে যখন বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিপর্যস্থ করেছে তখন প্রধান মন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও যথাযথ পদক্ষেপ গ্রহণের কারনে বাংলাদেশে আক্রান্ত এবং মৃত্যুর স়ংখ্যা অনেক কম। করোনা মোকাবেলায় আমরা সফল। আবার অতি দ্রুত ভ্যাকসিন প্রয়োগ করে করোনা প্রতিরোধে সময়োপযোগী পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। তিনি গত বৃহস্পতিবার দুপুর একটায় রানীনগর শেরে বাংলা কলেজ মাঠে আয়োজিত রানীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান বার্তা হিসেবে উপস্থিত থেকে তাঁর বক্তব্যে এসব কথা বলেছেন।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাক্তার রোকেয়া সুলতানা, রানীনগর-আত্রাই আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন, মহাদেবপুর-বদলগাছী আসনের সংসদ সদস্য আলহাজ্ব ছলিম উদ্দিন তরফদার সেলিম।

সম্মলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল, শাকিল আহমেদ বাদল ও বিভাষ মজুমদার গোপাল।

পরে আনোয়ার হোসেন হেলালকে সভাপতি ও বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু’কে সম্পাদক করে তিন বছর মেয়াদি রাণীনগর উপজেলা আওয়ামী লীগের কমিটি ঘোষনা করা হয়।

নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক গত বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় রানীনগর শেরে বাংলা কলেজ মাঠে এই সম্মেলনের উদ্বোধন করেন।

সিলেট-ঢাকা মহাসড়কের রশিদপুরে লন্ডন এক্সপ্রেস ও এনা পরিবহণের মুখোমুখি সংঘর্ষে নিহত ১১

মো:আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৭ টায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- এনা পরিবহনের ড্রাইভার মঞ্জু আহমদ মঞ্জু (৩৫), হেলপার জাহাঙ্গীর, লন্ডন এক্সপ্রেসের সুপারভাইজার রুহুল আমিন, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের লেকচারার ডা. আল মাহমুদ সাদ ইমরান খান। বাকীদের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লন্ডন এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১৫-৩১৭৬) ও সিলেট থেকে ছেড়ে যাওয়া ঢাকামুখী এনা পরিবহনের (ঢাকা মেট্রো ব ১৪-৭৩১১) দ্রুতগতির দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে বহু যাত্রী হতাহত হয়েছেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন এসে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।

সিলেট দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন বলেন, নিহতদের মধ্যে দুই বাসের চালকও রয়েছেন। হতাহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে তাদের পরিচয় এখনো জানা যায়নি।

ভূমধ্যসাগরে নৌকাডুবীতে ৪১ জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ ভূমধ্যসাগরে নৌকাডুবীতে আরো ৪১ জন নিহত হয়েছেন। ইউরোপের উন্নত জীবনের আশায় ভূমধ্যসাগর পাড়ি দেয়ার সময় এ হতাহতের ঘটনা ঘটে।

গতকাল বুধবার জাতিসংঘের শরণার্থী ও অভিবাসন সংস্থা আইওএম এবং ইউএনএইচসিআর এক বিবৃতিতে জানায়, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ সিরীয় অভিবাসীকে নিয়ে যাত্রা করেছিল নৌকাটি। পরবর্তীতে দুর্ঘটনায় ৪১ জনের মৃত্যু হয়েছে।

জাতিসংঘের অভিবাসন সংস্থা জানিয়েছে, গত ১৮ ফেব্রুয়ারি অন্তত ১২০ অভিবাসীকে নিয়ে রওনা দেয় নৌকাটি। নৌকাটি ডুবতে শুরুর পর প্রায় ১৫ ঘণ্টা ধরে এর আরোহীরা সম্ভাব্য সব উপায়ে সাহায্য চাইতে থাকেন। এই সময়ের মধ্যে ছয় ব্যক্তি পানিতে পড়ে মারা যায়। আর অপর দুই জন দূরে একটি নৌকা দেখে সাঁতার কেটে যাওয়ার চেষ্টা করে মারা যায়। তারও প্রায় তিন ঘণ্টা পর একটি বাণিজ্যিক জাহাজ ভস ট্রাইটন নৌকাটির কাছে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে কঠিন এবং জটিল উদ্ধার অভিযানের সময় বহু অভিবাসী প্রাণ হারায়। পরে বেঁচে যাওয়াদের উদ্ধার করে জাহাজটি ইতালির বন্দর শহর পোর্টো এম্পেদেকোলেতে নিয়ে যায়। এখনো নিখোঁজদের মধ্যে তিন শিশু ও চার নারী রয়েছে।

প্রসঙ্গত, আফ্রিকা থেকে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করার সময় ২০১৪ সাল থেকে সাগরে ডুবে ২০ হাজারের বেশি অভিবাসী ও শরণার্থীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৭ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে। জাতিসংঘ এই নৌপথটিকে সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথ আখ্যা দিয়েছে। ২০১১ সালে  দীর্ঘ দিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর গুরুত্বপূর্ণ অভিবাসন কেন্দ্র হয়ে ওঠে লিবিয়া।

দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার ছাড়াল

অর্থনীতি ডেস্কঃ দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে এই প্রথম। গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) দিন শেষে বৈদেশিক মুদ্রার রির্জাভের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ দশমিক ০২৮ বিলিয়ন ডলার যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের সঙ্গে রপ্তানি আয় বেড়েছে। এ কারণে রির্জাভের পরিমাণ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এছাড়া দেশে উন্নয়নশীল অংশীদারদের বিনিয়োগও আসা শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংক সূত্রে জানা গেছে, প্রথমবারের মতো দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ৩৫ বিলিয়ন ডলার অতিক্রম করে গত বছরের ২৩ জুন। এর আগে ৩ জুন রির্জাভ ৩৪ বিলিয়ন ডলার অতিক্রম করে। গত বছরের ১ সেপ্টেম্বর ৩৯ দশমিক ৩০ বিলিয়ন ডলার অতিক্রম করে। আর গত ৩০ ডিসেম্বর দেশের রিজার্ভ প্রথমবারের মতো ৪৩ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করে।করোনা ভাইরাসের কারণে বৈদেশিক বাণিজ্যের নিন্মগতি থাকলেও রেমিটেন্সে ইতিবাচক ধারা অব্যাহত থাকায় রিজার্ভ ৪৪ বিলিয়ন ডলার অতিক্রম করেছে। এর আগে ২০১৭ সালের ৫ সেপ্টেম্বর দেশে বৈদেশিক মুদ্রার রির্জাভ ছিল ৩৩ দশমিক ৬৮ বিলিয়ন ডলার।

এদিকে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম জানান, দেশে বৈদেশিক মুদ্রার যে রির্জাভ রয়েছে, তা দিয়ে প্রতি মাসে ৪ বিলিয়ন ডলার আমদানি ব্যয় হিসেবে আগামী ১১ মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

উল্লেখ্য, একটি দেশের কাছে অন্তত তিন মাসের আমদানি ব্যয় মেটানোর সমপরিমাণ বিদেশি মুদ্রার মজুদ থাকতে হয় যা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী স্বীকৃত।

 

বন্দরবাজারে প্রকাশ্যে অস্ত্র দেখিয়ে টাকা ছিনতাই

মো.আমিন আহমেদ, সিলেটঃ নগরীর বন্দরবাজার এলাকার সন্ধ্যা বাজারস্থ কারারক্ষীদের পরিত্যক্ত কোয়াটারের সামনে ৩ জন ছিনতাইকারী প্রকাশ্যে অস্ত্র ধরে টাকা ছিনতাই করার ঘটনা ঘটেছে।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৮ টার দিকে অফিস শেষে বাসায় ফেরার সময় সাংবাদিক মোহাম্মদ হানিফকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ বিশ হাজার টাকা ছিনতাই করে। পরে জনতার দাওয়া খেয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

ছিনতাইয়ের খবর পেয়ে সাথে সাথে কোতোয়ালী থানার ওসির নির্দেশে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোস্তাফিজুর রহমান একদল পুলিশ নিয়ে ঘটনা স্থলে যান এবং বিষয়টি অবগত হন।

এ ছিনতাইয়ের ঘটনায় সাংবাদিক মোহাম্মদ হানিফ বাদি হয়ে এসএমপির কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।অভিযোগে আসামিরা হলেন, নগরীর চিহিৃত ছিনতাইকারী ও ভারতীয় তীর জুয়ার সম্রাট ডালিম, একাধিক মামলার আসামি ও চিহিৃত ছিনতাইকারী কালা শফিক ও ছিনতাইকারী মিজান।

অভিযোগ সূত্রে জানা গেছে, সন্ধ্যা বাজারস্থ পরিত্যক্ত কারারক্ষী কোয়াটারের ভিতরে সিলেট নগরীর চিহিৃত ছিনতাইকারী, জুয়াড়ী ও মাদক সেবীদের আস্তানা গড়ে উঠেছে।বাধাঘাটে নতুন কারাগার হওয়ায় কারারক্ষীরা সেখানে বসবাস করছেন। আর এই সুযোগে জুয়াড়ী ও মাদকসেবীরা বেছে নিয়েছে পরিত্যক্ত এই কোয়ার্টার। পাশে কাষ্টঘরের সুইপার কলোনীর লোকজন প্রতিনিয়ত এখানে মদ পানে মাতাল হয়ে আড্ডা দিয়ে থাকে। এখন এই কোয়ার্টার সকল অপরাধীদের স্বর্গরাজ্য।

ছিনতাইকারী ডালিম এর নেতৃত্বে কোয়াটারের ভিতর প্রতিদিন বসে জুয়ার আসর। এই জুয়ার আসরে সকল অপরাধীরা অংশ নেন। কেউ তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায়নি। স্থানীয় থানা পুলিশ তাদের বিরুদ্ধে সর্বদাই অভিযান অব্যহত রেখেছে। ডালিম ও তার সহযোগীদের একাধিকবার অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। জামিনে বেরিয়ে ফের শুরু করে জুয়ার আসর।রাতের অন্ধকারে কোয়াটারের ভিতরে ছিনতাইকারীদের আড্ডা জমে। কোন ভালো লোক এই রাস্তা দিয়ে চলাফেরা করতেও ভয় পায়। ছিনতাই করে এই ঘর গুলোর ভিতরেই স্থান নেয় ছিনতাইকারীরা। এটা ছিনতাইকারীদের নিরাপদ স্থান।

এত কিছুর পর কারাকর্তৃপক্ষ এই পরিত্যক্ত কোয়াটারের কোন ব্যবস্থা নিচ্ছেন না। যার ফলে দিন দিন এই এলাকায় ঘটছে বড় বড় অপরাধ মূলক কর্মকান্ড।

এসএমপির কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ ছিনতাই ও অভিযোগ পাপ্তির সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদের গ্রেফতারের জন্য আমারা ইতিমধ্যে অভিযান শুরু করেছি। শীঘ্রই এই তাদের আইনের আওতায় আনা হবে।