মাত্র ৪ রানে হারলো অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়াকে মাত্র ৪ রানে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) ট্রান্স-তাসমান ৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে মুখোমুখি হয় দুদল। প্রথমে ব্যাটে করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২১৯ রানের বিশাল স্কোর গড়ে নিউজিল্যান্ড। জবাবে ৮ উইকেট হারিয়ে ২১৫ রানের বেশি করতে পারেনি অস্ট্রেলিয়া। ফলে মাত্র ৪ রানে হারলো অস্ট্রেলিয়া।

এদিকে ২২০ রানের বিশাল লক্ষ্যে নেমে মিচেল স্যান্টনারের এক ওভারে তিন উইকেট হারালে ১৩তম ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ১১৩/৬। সহজ জয়ই দেখছিল নিউ জিল্যান্ড। কিন্তু মার্কাস স্টয়নিস ও ড্যানিয়েল স্যামস একসঙ্গে ম্যাচ ঘুরিয়ে দেন। ডানেডিনে তাদের ঝড়ো ব্যাটিংয়ে স্বাগতিক দল ও উপস্থিত দর্শকদের দম বন্ধ হওয়ার যোগাড়।

শেষ ওভারে অস্ট্রেলিয়া লক্ষ্য কমিয়ে আনে ১৫ রানে। দলকে রক্ষার দায়িত্ব পড়ে আগের ১৯ ওভারে একটিও বল না করা নিশামের কাঁধে। হতাশ করেননি তিনি। ওই একমাত্র ওভারেই দুই বিধ্বংসী ব্যাটসম্যানকে ফিরিয়ে নিউ জিল্যান্ডের ৪ রানের জয় নিশ্চিত করেছেন নিশাম।

এর আগে, মাত্র ৩ রানের জন্য ক্যারিয়ারে তৃতীয় সেঞ্চুরি থেকে বঞ্চিত হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ডে রোহিত শর্মাকে পেছনে ফেললেন মার্টিন গাপটিল। সেঞ্চুরি করতে না পারলেও দলকে বড় পুঁজি ঠিকই এনে দিয়েছিলেন গাপটিল। ৫০ বলে ৬ চার আর ৮ ছক্কায় ৯৭ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন কিউই ওপেনার।

আজ পিলখানা নৃশংস হত্যাকাণ্ডের এক যুগ, শ্রদ্ধা-ভালোবাসায় নিহতদের স্মরণ

সিএনবিডি ডেস্কঃ আজ ২৫ ফেব্রুয়ারি পিলখানা নৃশংস হত্যাকাণ্ডের এক যুগ পূর্ন হল। ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআর সদরদপ্তরে ২০০৯ সালের এই দিনে হত্যাকাণ্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ প্রাণ হারান মোট ৭৪ জন। শ্রদ্ধা-ভালোবাসায় নিহত সেনা কর্মকর্তাদের ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নিহতদের কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষে তাদের সামরিক সচিবরা। ফুল দিয়ে শ্রদ্ধা জানান নিহতদের পরিবারের স্বজনরা।

আইএসপিআর সুত্রে জানা যায়, রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে তার সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমেদ শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সেনাবাহিনীর প্রধান জেনারেল আজিজ আহমেদ, ভারপ্রাপ্ত নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এম আবু আশরাফ, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বনানীতে শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নীরবতা পালন করা হয়।

নিহতদের বিদেহী আত্মার শান্তির জন্য বিজিবি কেন্দ্রীয় মসজিদ, ঢাকা সেক্টর মসজিদ এবং পিলখানার বর্ডার গার্ড হাসপাতাল মসজিদে শুক্রবার জুমার নামাজ শেষে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজিবির কেন্দ্রীয় মসজিদে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়া অন্যান্যদের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক, শহীদদের আত্মীয়স্বজন, পিলখানায় কর্মরত সকল কর্মকর্তা দোয়া ও মিলাদে যোগ দেবেন। সুত্রঃ ইউএনবি।

হোমনায় কোম্পানীগঞ্জে সাংবাদিক হত্যার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন

মো.নাছির উদ্দিন- হোমনা- প্রতিনিধিঃ কুমিল্লার হোমনায়   সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ  বৃহস্পতিবার সকাল ১১ টায়  নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আব্দুল কাদের মির্জা ও মিজানুর রহমান বাদল গ্রুপে সংঘটিত  সংঘর্ষের ঘটনায় পেশাগত দায়িত্ব পালনকালে বার্তাবাজার অনলাইন ও আমাদের নতুন সময়ের সাংবাদিক বোরহানউদ্দিন মুজাক্কি গুলিবিদ্ধ হয়ে মূত্যুর ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  হয়।
হোমনা উপজেলার সাংবাদিক সমাজের উদ্যোগে হোমনা শিল্পকলা একাডেমীর সামনের সড়কে ঘন্টাব্যাপী অনুষ্ঠানে  হোমনা প্রেসক্লাবের সভাপতি-আব্দুল হক সরকারের সভাপতিত্বে  বার্তাবাজার প্রতিনিধি মো. তপন সরকারের উপস্থাপনায় বক্তব্য রাখেন, হোমনা প্রেসক্লাবের যুগ্ন সম্পাদক মো.আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক আবদুছ ছালাম ভূঁইয়া, উপজেলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. মুকবুল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মো. মোরশিদ আলম, প্রচার সম্পাদক- মইনুল ইসলাম মিশু,  হোমনা প্রেস ক্লাবের প্রচার সম্পাদক কবি দেলোয়ার, সাংস্কৃতিক ও প্রকাশনা সম্পাদক মো. তপন মিয়া সরকার, বাঞ্ছারামপুর  উপজেলার ৭১ টিভির সাংবাদিক  বাহারুল ইসলাম, দৈনিক যায়যায়কালের সাংবাদিক মো. নাছির উদ্দিন, মনিরুজ্জামান, এনায়েত উল্লাহ, ও সোনিয়া আফরিন প্রমুখ।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে হোমনা প্রেস ক্লাব ও হোমনা উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিকবৃন্দ অংশ গ্রহন করেন। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের  বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

গোয়াইনঘাট থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ আটক ১

আমিন আহমেদ, সিলেট প্রতিনিধিঃ গোয়াইনঘাটে চোরাচালান এবং মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে বিপুল পরিমাণ আমদানী নিষিদ্ধ ভারতীয় কসমেটিকস, ওষুধ, চা পাতা ও ৫টি ডিআই পিক-আপ, ১টি মোটরসাইকেলসহ আমদানী নিষিদ্ধ ভারতীয় পণ্য সামগ্রিই আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।

পুলিশ জানায়,  গত সোমবার দিবাগত রাত ১টায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়াইনঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার প্রবাস কুমার সিংহের নেতৃত্বে গোয়াইনঘাট উপজেলার সারী-গোয়াইন সড়কের ১০নং পুশ্চিম আলীরগাও ইউনিয়নের আব্দুল মহল এলাকা থেকে ডিআই পিক-আপ যোগে ভারতীয় পণ্য সামগ্রি পাচারকালে চোরাচালান পণ্যসহ ৫টি ডিআই পিক-আপ আটক করেছে গোয়াইনঘাট থানা পুলিশ। এসময় জব্দ করা হয় চোরাচালান চক্রের সদস্যের ব্যবহৃত ১টি মোটর সাইকেল যার নং সিলেট-ল ১২-৩০৮০।

এ সময় পিকআপ ভর্তি কসমেটিক্স, ঔষুধ, চা-পাতাসহ ১ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত অপরাধী হলো মুহিবুর রহমান (২৭)। সে উপজেলা ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের হুয়াউরা গ্রামের মৃত নুর উদ্দিনের ছেলে।

অভিযানকালে উদ্ধার করা হয়েছে ৯ লক্ষ ৭ হাজার ২০০ পিস প্যারাসিটামল ট্যাবলেট, ২ হাজার ৩৭৬পিস রেডবল এনার্জি ড্রিংস, ৯০০ কেজি চা পাতা, ৪ হাজার ৬৮০ পিস জনসন বেবী ডায়পার, ৫৫০ পিস বেটনোবিট ক্রীম, ৮০০ পিস কিটু স্ক্যালাপ, ১৮০০ পিস স্কীন শাইন ক্রিম। উদ্ধারকৃত আমদানী নিষিদ্ধ এসব মালামালে আনুমানিক বাজার মূল্য ২৬ লক্ষ ৭২ হাজার ২১৬টাকা।

গভীর রাতে অভিযানের নেতৃত্বে ছিলেন গোয়াইনঘাট থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ, সেকেন্ড অফিসার এসআই প্রলয় রায়, এসআই আশরাফুল, এএসআই সালাউদ্দিনসহ পুলিশ সদস্যরা। ধৃত অপরাধীর সুত্রে জানা যায় আটক হওয়া আমদানী নিষিদ্ধ এসব পণ্য হরিপুরের চোরাচালান চক্রের সদস্য আজগরসহ অপরাপর চোরাকারবীদের।

এ ঘটনায় গোয়াইনঘাট থানায় চোরাচালান আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সেতুর অভাবে দুর্ভোগে মানুষ

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম) : একটি ব্রিজের অভাবে চরাঞ্চলের প্রায় ৩০ গ্রামের মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। উপজেলা সদর থেকে মোহনগঞ্জ ইউনিয়নে যোগাযোগের সংযোগ সড়ক থাকলেও কোদালকাটি ইউনিয়ন পুরোটাই সোনাভরি নদী দ্বারা বিচ্ছিন্ন। কোদালকাটি ও মোহনগঞ্জ চরাঞ্চলীয় নদীমাতৃক জনপদ যা অত্র উপজেলার মূল ভূখণ্ডের ২ তৃতীয়াংশ।

সরেজমিনে গিয়ে জানা যায়, চরাঞ্চলীয় কোদালকাটি ইউনিয়নে চরসাজাই, বদরপুর, আনন্দ বাজার, পাখিউড়া, হাতিমারাসহ ছোট বড় প্রায় ২৫টি এবং রৌমারী উপজেলা যাদুরচর ইউনিয়নের কয়েকটি গ্রামসহ প্রায় ৩০টি গ্রাম রয়েছে। রয়েছে ২৬টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, ৪টি ইবতেদায়ী মাদ্রাসা, কয়েকটি হাফিজিয়া মাদ্রাসাসহ বেশ কয়েকটি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান।

কোদালকাটি গ্রামের কৃষক আব্দুর রশিদ, হাবিবুর রহমান, জব্বার আলী বলেন, চরাঞ্চলের উৎপাদিত কৃষি পণ্য ধান, পাট, গম, ভুট্টা, বাদাম, বিভিন্ন প্রকার রবি ফসলসহ শাক-সবজি দ্বারা ভরপুর যা আমরা স্থানীয় চাহিদা পূরণ করে রাজিবপুর, কর্তিমারী, রৌমারীর বিভিন্ন হাট-বাজারে বিক্রির জন্য সোনাভরি নদী পার হয়ে যেতে হয়।

ভুক্তভোগী এলাকার আ. রশিদ মাষ্টার, জয়নাল মাষ্টারসহ অনেকেই জানান, স্বাধীনতার প্রায় ৫০টি বছর অতিবাহিত হতে যাচ্ছে, আমারা স্বাধীনতা ভোগ করতে পাচ্ছি না। দেশের সব স্থানেই উন্নয়নের জোয়ার বইছে কিন্তু এই এলাকায় উন্নয়নের ছোঁয়াও লাগে নাই। নির্বাচন এলেই অত্র অঞ্চলের মানুষকে জনপ্রতিনিধিগণ উন্নয়নের নানা ধরণের প্রতিশ্রুতি দিলেও, নির্বাচন শেষে তাদের মাঠে দেখা যায় না। দুঃখের বিষয় শুধু ব্রিজের দাবি করেই গেলাম কিন্তু বাস্তবায়ন পেলাম না।

জনগণের দাবির মুখে খাজার ঘাটে ব্রিজ নির্মাণের আশ্বাস দিয়ে রাজিবপুর উপজেলা চেয়ারম্যান আকবর হোসেন হিরো বলেন, ওখানে একটি ব্রিজের অতি প্রয়োজন। সরকারের কাছে জরুরি ভিত্তিতে সোনাভরি নদীর উপর খাজার ঘাটে একটি ব্রিজের দাবি জানানো হয়েছে। যতো দ্রুত সম্ভব বাস্তবায়ন করার চেষ্টা করবো।

সিলেটে বিজিবি ধ্বংস করল পাঁচ কোটি টাকার মাদক দ্রব্যাদি

মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটের বিভিন্ন সীমান্ত থেকে গত দেড় বছরে উদ্ধারকৃত প্রায় পাঁচ কোটি টাকার বিভিন্ন ধরনের মাদক দ্রব্য ধ্বংস করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সিলেটের ৪৮ বিজিবি ব্যাটালিয়ন সদর দপ্তরে এই মাদকদ্রব্যগুলো ধ্বংসকরণ কার্যক্রম উদ্বোধন করেন বিজিবি উত্তরপুর্ব কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান।

ধ্বংসকৃত মাদকদ্রব্যগুলোর মধ্যে রয়েছে, ১৯ হাজার ৮৮ বোতল ভারতীয় বিভিন্ন ব্রান্ডের মদ,চার হাজার ২১ বোতল ফেন্সিডিল, নয় হাজার ৭৯৩ পিস ইয়াবা ও ৯২ কেজি গাঁজা ও ছয় লাখ ৬৯ হাজার পিস ভারতীয় বিড়ি।

এ সময় ব্রিগেডিয়ার জেনারেল এবিএম নওরোজ এহসান সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, মাদক চোরাচালান বন্ধে আরো কঠোর হচ্ছে বিজিবি। যে কোন মূল্যে শুন্যের কোঠায় নামিয়ে আনতে বদ্ধ পরিকর বিজিবি।

এদিকে, বিজিবির পক্ষ থেকে জানানো হয় ধ্বংসকৃত মাদক দ্রব্যের আনুমানিক দাম প্রায় ৪ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৩৩০ টাকা বলে জানানো হয়।

প্রসঙ্গত, ২০১৯ সালের ১৩ জুন থেকে ২০২১ সালের ৩১ জানুয়ারী পর্যন্ত বিভিন্ন সীমান্ত এলাকায় ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা এসব মাদক দ্রব্যগুলো উদ্ধার করা হয়।

 

বাঞ্ছারামপুরের শেখেরকান্দি হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে হাফেজিয়া মাাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ৩য় বার্ষিক  ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
২৪শে ফেব্রুয়ারি রোজ বুধবার বাদ আছর হইতে মধ্যরাত পর্যন্ত উপজেলার উজানচর ইউনিয়নের শেখেরকান্দি আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া ফাউন্ডেশনের অধিনস্হ হাফিজিয়া মাাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে মাাদ্রাসা মাঠ প্রাঙ্গণে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে ইসলামী মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আলহাজ্ব আব্দুল মালেক ভূঁইয়া ফাউন্ডেশন এর সভাপতি হাজী সেলিম ভূঁইয়া এর সভাপতিত্বে পাগড়ী প্রদান অনুষ্ঠান উদ্বোধন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি,
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উজানচর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউপি সদস্য মো.ওয়ারিশ মিয়া,সাবেক স্কুল মেম্বার অদুধ মিয়া ও আরো অনেকে।
এতে প্রধান আলোচক হিসেবে হাদিস ও কোরআন এর আলোকে  বয়ান পেশ করেন, প্রধান বক্তা বাংলার আলোড়ন সৃষ্টকারী হাফেজ ক্বারী মাও.শুয়াইব আহমদ আশ্রাফী হবিগঞ্জ।
বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন,  বিশিষ্ট মুফাসসিরে কোরআন হযরত মাওঃ আনিসুর রহমান আশরাফী মুহাদ্দিস, সোনাকান্দা দারুল হুদা কামিল মাাদ্রাসা, মুরাদনগর, কুমিল্লা।
আরজগুজারঃ-মুহতামিম অত্র মাাদ্রাসা মাও.বিলাল আহমদ সালেহী। পরিচালনায় অত্র ফাউন্ডেশনের তত্ত্বাবধানে প্রফেসর মুফতি মাও.কামাল উদ্দিন ভূঁইয়া। সার্বিক সহযোগিতায় ছিলেন সেকেরকান্দি গ্রামের যুবসমাজ ও গ্রামবাসী।
উক্ত  মাহফিল সকল মুসলিম উম্মাহর জন্য দোয়া মোনাজাতের মাধ্যমে আল্লাহর সান্নিধ্য পেতে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে মাহফিল সম্পন্ন করা হয়। পরে সকলের মাঝে তাবারক বিতরণ করা হয়।

ঠাকুরগাঁওয়ে বিরল প্রজাতির একটি আহত নীলগাই উদ্ধার

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত মঙ্গলবার সীমান্তবর্তী নাগর নদীর তীর এলাকা থেকে একটি বিরল প্রজাতির আহত নীলগাই (গরু) উদ্ধার করেছেন স্থানীয়রা।

ওইদিন সন্ধ্যা ৬ টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার পাড়িয়া শালডাঙ্গা এলাকায় পথচারীরা বিরল প্রজাতির নীলগাইটি দেখতে পান। পরে তারা সেটিকে উদ্ধার করে নাক ও গলায় দড়ি দিয়ে বেঁধে রাখেন।
খবর পেয়ে বালয়িাডাঙ্গী উপজেলার পাড়িয়া ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান ও স্থানীয় কান্তিভিটা বিজিবি ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে বিজিবি সদস্যরা নীলগাইটিকে নিজেদের হেফাজতে নেন।
ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, দ্রুতগতিতে আসা নীলগাইটিকে কয়েকজন মিলে উদ্ধার করে পা বেঁধে নিরাপদে রাখে। পরে স্থানীয় চেয়ারম্যান ও বিজিবির কাছে হস্তাস্তর করা হয়।
পাড়িয়া শালডাঙ্গা এলাকার সাদেক বলেন, প্রায় কয়েকদিন ধরে সীমান্তবর্তী নাগর নদীর কাছাকাছি জঙ্গলে নীলগাইটিকে দেখা গেছে। জঙ্গলের পাশে ফসল নষ্ট করলে এদিন কয়েকজন মিলে নীলগাইটিকে ধাওয়া দিলে পালিয়ে যায়। পরে স্থানীয়রা সেটিকে আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে ঠাকুরগাঁও বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা হরিপদ দেবনাথ বলেন, ‘বিলুপ্তপ্রায় নীলগাইটি বালিয়াডাঙ্গী উপজেলায় পারিয়া শালডাঙ্গা এলাকা থেকে উদ্ধারের কথা শুনেছি। বর্তমানে স্থানীয় বিজিবির কাছে রয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। নীলগাইটির যেন কোনো সমস্যা না হয়, সেদিকে বিশেষ লক্ষ্য রাখা হচ্ছে। দিনাজপুর উদ্যানে নীলগাইটিকে নিয়ে যাওয়া হবে।
বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল বলেন, ‘নীলগাইটিকে এলাকাবাসী আটক করলে কিছুটা অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সুস্থ হলে বন বিভাগের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হবে।

সাংবা‌দিক হত‌্যার প্রতিবা‌দের রায়পু‌রে মানববন্ধন ও প্রতিবাদ সমা‌বেশ অনুষ্ঠিত

মোঃ জ‌হির হো‌সেন, লক্ষ্মীপুরঃ নোয়াখালির কোম্পানিগঞ্জে পেশাগত দায়িত্ব পালন করার সময় অনলাইন পোর্টাল বার্তা বাজার প্রত্রিকার সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরকে প্রকাশ্যে গুলি করে হত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরের রায়পুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় সাংবাদিকরা রায়পুর থানার সামনে এ মানববন্ধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জেলা উপজেলায় কর্মরত প্রিন্ট ইলেকট্রনিকস মিডিয়া সাংবাদিকরা। উক্ত মানববন্ধন এর আয়োজন করেন বার্তা বাজার প্রত্রিকার লক্ষ্মীপুর-২ আসন প্রতিনিধি মেহেদী হাসান মাছুম, রায়পুর সাংবাদিক ইউনিয়ন, রায়পুর প্রেসক্লাব, রায়পুর রিপোর্টার্স ইউনিটি।

মানববন্ধনে বক্তব্য রাখেন রায়পুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ওয়াহিদুর রহমান মুরাদ, রায়পুর প্রেসক্লাবের সভাপতি মাহবুব আলম মিন্টু,রায়পুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি পীরজাদা মাসুদ, এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ বুলেটিন প্রত্রিকার রায়পুর প্রতিনিধি, আজম খান, বাংলাদেশ প্রতিদিন প্রত্রিকার রায়পুর প্রতিনিধি, মোস্তফা কামাল , আমার সংবাদ প্রত্রিকার রায়পুর প্রতিনিধি, আর.জে হারুন।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক বোরহান উদ্দীন মোজাক্কিরের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। একই সাথে সারাদেশে সাংবাদিক নির্যাতন বন্ধ করার দাবি জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার চাপরাশিরহাট এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করতে প্রস্তুতি নেন আওয়ামী লীগের উপজেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদল।এসময় সাবেক চেয়ারম্যানের নেতৃত্বে একটি মিছিল বাজারের দলীয় কার্যালয়ে দিকে যায়। হঠাৎ করে ওই মিছিলে আবদুল কাদের মির্জার সমর্থক জামাল উদ্দিন লিটনসহ কিছু লোক বাধা দেয়।

এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ ঘটনায় বার্তা বাজারের নোয়াখালীর নিজস্ব প্রতিনিধি বুরহান উদ্দিন মুজাক্কির গুলিবিদ্ধ হন।

আসন্ন ৪নং রৌমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য মেম্বার প্রার্থী বাদশা

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের রৌমারী উপজেলার আসন্ন ৪নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী হিসাবে মোঃ শামচুল আলম বাদশা  সকলের কাছে দোয়া ও সামর্থন চেয়েছেন।
উপজেলা যুবলীগের সহ-সভাপতি শামচুল আলম বাদশা ইতিপূর্বে ৪নং রৌমারী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সকল পেশা শ্রেণীর মানুষের কাছে যেয়ে মেম্বার প্রার্থী হিসাবে সামর্থন ও দোয়া চাওয়াসহ তার প্রার্থীতা জানান দিচ্ছে। এছাড়া সম্ভাব্য মেম্বার প্রার্থী শামচুল আলম বাদশা প্রতিদিন ৪নং ওয়ার্ডের পাড়া-মহল্লা সহ ওয়ার্ডের বিভিন্নস্থানে যেয়ে তিনি তার প্রার্থী হিসাবে কুশল বিনিময়, মতবিনিময় অব্যাহত রেখেছেন।
সরেজমিনে স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, ৪নং ওয়ার্ডে যে ক’জন সম্ভাব্য মেম্বার প্রার্থী রয়েছে তাদের মধ্যে শামসুল আলম বাদশা প্রচার-প্রচারনায় এগিয়ে রয়েছেন।
এব্যাপারে শামচুল আলম বাদশা বলেন- ওয়ার্ড বাসী আমাকে মেম্বার  হিসেবে দেখতে চায়, সে কারণেই নির্বাচনে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছি। আমি এলাকার অবহেলিত মানুষসহ সর্বস্তরের জনগনের সেবা করতে চাই।  আমি মনে প্রানে বিশ্বাস করি রৌমারী সদর  ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সর্বস্তরের ভোটাররা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।