প্রধানমন্ত্রী মোদিকে সবচেয়ে বড় দাঙ্গাবাজ বললেন মমতা

আন্তর্জাতিক ডেস্কঃ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভারতের সবচেয়ে বড় দাঙ্গাবাজ বলে মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে হুগলি জেলায় এক জনসভায় এমন বিস্ফোরক মন্তব্য করেন তিনি।

এবারের নির্বাচনে তৃণমূলের প্রধান প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তাই দল দুটি একে অপরকে তীব্র ভাষায় আক্রমণ করছে। এদিন মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ’কে রীতিমতো ধুয়ে দেন মমতা। তিনি বলেন, বাংলা শাসন করবে বাংলা, গুজরাট নয়।

নিজের ভাতিজা তৃণমূল নেতা এবং এমপি অভিষেক ব্যানার্জিকে ‘তোলাবাজ’ বলে মন্তব্য করে ছিলেন বিজেপি নেতারা। এর জবাবেই বিজেপি নেতাদের এমন কঠোর ভাষায় আক্রমণ করেছেন মমতা। তিনি গেরুয়া পার্টির নেতাদের ‘দাঙ্গাবাজ’ বলে মন্তব্য করেন।

নির্বাচনে তার দল জয়ী হবেন বলে আত্মবিশ্বাস প্রকাশ করেছেন মমতা। তৃণমূলের সুপ্রিমো বলেছেন, মোদি বাংলার শাসন করতে পারবেন না। গুন্ডারা বাংলার শাসন করতে পারবে না। এই নির্বাচনী সভায় ক্রিকেটার মনোজ তিওয়ারি তৃণমূলে যোগ দেন।

এসময় তিনি বলেন, বাংলার মুখ্যমন্ত্রী সবাইকে এক করার চেষ্টার করছেন। তিওয়ারি বলেন, বিজেপি বিভাজনের নীতি নিয়েছে এবং মমতা ব্যানার্জি মানুষকে একত্রিত করার চেষ্টার করছেন। যখন আমি ক্রিকেট খেলি তখন দেশের জন্য খেলি, ধর্মের ভিত্তিতে খেলি না। সুত্রঃ ইন্ডিয়ান এক্সপ্রেস। 

 

বিদেশি মদ নিয়ে নারী মাদক কারবারী আটক

তিমির বনিক, মৌলভীবাজারঃ মৌলভীবাজার জেলা মাদকমুক্ত করার লক্ষ্য কমলগঞ্জ থানা পুলিশ গতকাল মঙ্গলবার বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন তথ্যের ভিত্তিতে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ থানাধীন এলাকায় গভীর রাতে অভিযান পরিচালনা করে দক্ষিন মাঝেরগাঁও বাসিন্দা অঞ্জনা সিনহা (৫০), পিতা-মৃত পূর্ন সিংহ এর বাসা থেকে ৩২ (বত্রিশ) বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ উদ্ধার করা হয়। যার বাজার মূল্য আনুমানিক ১,০৫,০০০-টাকা।
পুলিশ অঞ্জনা সিনহাকে গ্রেফতার করার পর আজ বুধবার মাদকদ্রব্য আইনে মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করে।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মৌলভীবাজার মাদকমুক্ত মৌলভীবাজার গড়ার শপথ গ্রহন করেছেন। পুলিশ সুপার বলেন, এই অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।
তিনি আরো বলেন,  “গ্রাম থেকে একটি দেশ,মাদক মুক্ত বাংলাদেশ “এই স্লোগানকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান চলবে।”

ভুয়া হোমল্যান্ড ইন্সুরেন্স কোম্পানী গ্রাহকদের কোটি টাকা নিয়ে উধাও!

মো.আমিন আহমেদ, সিলেটঃ সিলেটে গ্রাহকদের এক কোটি টাকা নিয়ে উধাও হয়েছে হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স নামের একটি ভূয়া কোম্পানী। জামানত রাখার নামে কোটি টাকা নিয়ে উধাও হয়েছে ভুয়া বে-সরকারি কোম্পানি। এতে গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছে। গেল রোববার নগরীর মিরবক্সটুলা খায়রুন ভবনে ওই কোম্পানীর অফিসে ক্ষুব্ধ গ্রাহকরা অবস্থান করেন।

জানা গেছে, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী নামের একটি ভুয়া কোম্পানি অধিক মুনাফার লোভ দেখিয়ে গ্রাহক সংগ্রহ করে। প্রতিনিধিদের মাধ্যমে গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন অংকে টাকা নেয় তারা। বিনিময় প্রতিনিধি ও গ্রাহদের মাসব্যাপী প্রশিক্ষণও দেয়া হয়। এছাড়াও বছরে অধিক টাকা লাভ দিবে বলে গ্রাহকদের কাছ থেকে টাকা সংগ্রহ করে। এভাবে প্রায় শতাধিক গ্রাহকের কাছ থেকে কোটি টাকা সংগ্রহ করেছে প্রতারক চক্রটি। চলতি মাসে অফিস ছেড়ে পালিয়েছে প্রতারকরা। পরে গ্রাহকরা জানতে পারেন এটা ভূয়া কোম্পানী এবং অফিস ছেড়ে পালিয়েছে। বর্তমানে অফিসে তালা ঝুলছে।

রোমানা, সেলি, জসিম উদ্দিন, আবুল হোসেন, আফিয়া বেগম ও সুফিয়াসহ গ্রাহকরা ডিবিএনকে জানান, হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী অধিক মুনাফার লোভ দেখিয়ে তাদের কাছ থেকে বিভিন্ন অংকে টাকা সংগ্রহ করে। এখন তাদের সকল টাকা নিয়ে উধাও হয়েছে ওই ভূয়া কোম্পানী।

হোমল্যান্ড লাইফ ইন্সুরেন্স কোম্পানী সিলেট অফিসের এক্সিকিউটিভ অফিসার প্রতারক চক্রের সদস্য জাকির হোসেনের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

নওগাঁর বদলগাছীতে বিদ্যালয়ে ছাদ ঢালাইয়ে নিম্নমানের খোয়া, স্থানীয়দের বাঁধায় কাজ বন্ধ

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর বদলগাছী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে নিম্নমানে ইটের
খোয়া দিয়ে ছাদ ঢালাই দেয়ার সময় কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। এসময় বিক্ষুব্ধ এলাকাবাসীর তোপের মুখে পড়ে কাজ বন্ধ করে সটকে পড়ে ঠিকাদার।

গত ২০ ফেব্রুয়ারী উপজেলার শহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ- কর্তৃপক্ষের যোগসাজসে ঠিকাদাররা রড ঠিক মতো না বেঁধে নিম্নমানের ইটের খোয়া দিয়ে কাজ করার চেষ্টা করছিল। শুরু থেকে কাজের অনিয়ম করা হচ্ছিল। ঠিকাদাররা পুলিশের ভয়ভীতি দেখানোর ফলে তারা কাজের আশপাশে যেতে ভয় পাচ্ছিল।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে তিনতলা ফাউন্ডেশনে দুইতলা ভবন নির্মাণে বরাদ্দ দেয়া হয় ৮০ লাখ ৭৫ হাজার ৭০৫ টাকা। কাজটি করছেন নওগাঁ শহরের ঠিকাদারী প্রতিষ্ঠান ‘মিলন ট্রেডার্স’। কিন্তু সাব-লীজ নিয়ে কাজটি করছেন ঠিকাদার মামুনুর রশিদ মামুন ও শফি উদ্দিন । শফি উদ্দিন বদলগাছী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রকৌশলী ছিলেন। কিছুদিন আগে তিনি চাকুরি থেকে অবসর নিয়েছেন। অফিসের কর্মকর্তাদের সঙ্গে তার ভাল সম্পর্ক থাকায় কাজের অনেকটা অনিয়ম করার সুযোগ পেয়েছন বলে মনে করছেন স্থানীয়রা। এ কারণে তিনি ধরাকে সরা করে চলেছেন।

শহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবনের দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ে নিম্নমানে ইটের খোয়া ব্যবহার করার চেষ্টা করা হচ্ছিল। এছাড়া রডগুলোর অনেক জায়গায় তার দিয়ে বাঁধা হয়নি। স্থানীয়রা বিষয়টি জানার পর কাজে বাঁধা প্রদান করলে কাজ বন্ধ রাখা হয়।

স্থানীয় বাসীন্দা আব্দুর রাজ্জাক, রবিউল ইসলাম ও বিদ্যালয়ে সাবেক সভাপতি আব্দুল খালেক বলেন, বিদ্যালয়টির কাজের শুরু হতেই ডোমার বালু ও ইট সহ সকল কাজই নিম্নমানের করে আসছে ঠিকাদার। কোন প্রকার বাঁধা দেয়া হলে আমাদের পুলিশ দিয়ে হয়রানী করা হবে বলেও হুমকি দেয়া হয়। পরিশেষে দ্বিতীয় তলার ছাদ ঢালাইয়ে জন্য তিন নম্বর ইট নিয়ে আসায় আমরা খোয়া করতে নিষেধ করেছিলাম। রড না বেঁধে ও নিম্নমানের খোয়া দিয়ে ছাদ ঢালাই দেয়া হচ্ছিল। পরে আমরা বাঁধা দিয়ে কাজ বন্ধ করে দিয়। নিম্নমানের কাজ হলে ভবন অনেকটা ঝুঁকিপূর্ন হবে। ছোট শিশুদের বিপদ হতে পারে। কর্তৃপক্ষের যোগসাজসে
ঠিকাদাররা এমন অনিয়ম করার সুযোগ পেয়েছে। নিম্নমানের কাজ আমরা চাইনা। আমাদের দাবী- কাজ যেন সঠিক এবং ভাল মানের হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান জাহাঙ্গীর আলম বলেন, নিম্নমানের ইট নিয়ে আসার পর তাদের খোয়া করতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারপরও ওই ইটের খোয়া করা হয়। ঢালাই দেয়ার আগের দিন ইঞ্জিনিয়ার অফিস থেকে আমাকে জানানো হয়েছিল। কিন্তু পারিবারিক কারনে ঢালাইরে দিনে সঠিক সময়ে আসতে পারিনি। পরে এসে দেখি রডগুলো না বেঁধে এবং নিম্নমানের খোয়া দিয়েই ঢালাই দেয়া শুরু করে। ঠিকাদারদের বলা হলেও কোন কর্ণপাত করছিল না। পরে স্থানীয়রা এসে কাজে বাঁধা দিয়ে বন্ধ করে দেয়। তবে কাজ পুরোপুরি সঠিক ভাবে হচ্ছিল না।

এ ব্যাপারে সাব-ঠিকাদার শফি উদ্দিন বলেন, আমি সেখানে কাজের দেখভাল করি। কোন ধরনের নিম্নমানের কাজ হয়নি। প্রায় ৫শ’ ইট খারাপ ছিল। ম্যানেজারকে সেগুলো ভাঙতে নিষেধ করা হয়েছিল। কিন্তু তারপরও ম্যানেজার ইটগুলো ভেঙে ফেলেছে। এজন্য তাকে বকাবকিও করা হয়েছে। ছাদের ঢালাই শুরু হলেও কাজ বন্ধ রাখা হয়েছে। খারাপ খোয়াগুলো সরিয়ে নেয়া হবে।
তবে স্থানীয়দের ভয়ভীতি দেখানোর অভিযোগ ভিত্তিহীন।

বদলগাছী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোখলেছুর রহমান বলেন, শুনেছি নিম্নমানের ইট দিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করা হচ্ছিল। পরে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ স্থানীয়রা কাজ বন্ধ করে দিয়েছে। খোয়াগুলো অপসারণ করা হলে আর কোন সমস্যা থাকবে না। তবে নিম্নমানের কাজে সহযোগীতা করতে অফিসের কোন যোগসাজস নাই।

করোনার টিকা নিলেন জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা

জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানা করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে টিকা নিয়েছেন। 

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকালে তিনি এই টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা দুপুরে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, জাতির পিতার কনিষ্ঠ কন্যা শেখ রেহানার টিকা নেওয়ার সময়ের ছবিটি ইতোমধ্যে ভাইরাল হয়ে গেছে। অনেকেই সেই ছবিটি শেয়ার করেছেন, অভিনন্দন জানিয়েছেন। টিকার গণকর্মসূচির জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদও জানাচ্ছেন অনেকেই।

অন্যদিকে, গত সোমবার রাতে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দ্বিতীয় চালানে ২০ লাখ ডোজ টিকা দেশে আসার পর ৫টি বিশেষ ফ্রিজার ভ্যানে করে টিকাগুলো টঙ্গীতে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়্যার হাউসে নিয়ে সংরক্ষণ করা হয়েছে।

এর আগে ভারত সরকারের কাছ থেকে উপহার হিসেবেও বাংলাদেশ সরকার পেয়েছে ২০ লাখ ডোজ টিকা। যেটা পাওয়ার পর সরকার গত ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্সকে দিয়ে প্রথম টিকা প্রয়োগ শুরু করে। এরপর ৭ ফেব্রুয়ারি গণটিকাদান কর্মসূচি শুরু হয় সারাদেশে।

তবে করোনাভাইরাসের টিকা নিলেও সবাইকে যথাযথ স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য তাগিদ দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

কিংবদন্তি গলফার টাইগার উডস সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত

কিংবদন্তি গলফার টাইগার উডস মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। তাঁর দু’পায়ের একাধিক স্থানে জখম হয়েছে। স্থানীয় একটি হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের স্থানীয় সময় মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

বিবিসি জানিয়েছে, মঙ্গলবার সকাল ৭টার দিকে রোলিং হিলস এস্টেট সীমান্তে দুর্ঘটনার কবলে পড়েন টাইগার উডস। তবে কোনো গাড়ির সঙ্গে ধাক্কা বা সংঘর্ষের ঘটনা ঘটেনি। উডসের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ছিটকে পড়ে। তিনি নিজেই গাড়ি চালাচ্ছিলেন।

উডসের এজেন্ট মার্ক স্টেনবার্গ  মারফত বিবিসি আরো জানিয়েছে, দুর্ঘটনার পর খবর পেয়ে ফায়ার সার্ভিস ও প্যারামেডিকসরা তাকে উদ্ধার করে। হাসপাতালে নেয়ার পরপরই তার অস্ত্রোপচার শুরু করা হয়। পরবর্তীতে তার অবস্থা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

এদিকে লস অ্যাঞ্জেলসের শেরিফ অ্যালেক্স ভ্যালানুয়েভা জানান, অন্য কোনো গাড়ির সঙ্গে সংঘর্ষ বা ধাক্কার কোনো ঘটনার প্রমাণ মেলেনি। ধারণা করা হচ্ছে- নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়িটি ছিটকে পড়েছে।

ফায়ার সার্ভিস বিভাগের প্রধান ড্যারিল ওসবি জানিয়েছেন, ৪৫ বছর বয়সী উডস তার বিলাসবহুল জিভি-৮০ এসইউভি গাড়িতে করে যাচ্ছিলেন। যেভাবে গাড়িটি ছিটকে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে, তাতে স্পষ্ট তিনি তুলনামূলক বেশি গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পাহাড়ি সড়কটি যথেষ্ট আঁকাবাঁকা। গতিবিধি না মানলে দুর্ঘটনার কবলে পড়াটা অস্বাভাবিক নয়। তার গাড়িটির সামনের পুরো অংশ এবং বাম্পার ক্ষতিগ্রস্ত হয়েছে। আর আমরা যখন তাকে উদ্ধার করি- তিনি কথা বলছিলেন। তার জীবন বিপন্ন হওয়ার মতো কোনো আঘাতও দেখিনি। কিন্তু তার পা বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।

ছাতকে ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটে এক ব্যাংক কর্মকর্তা হত্যা নিয়ে ক্ষোভের মধ্যেই এবার সুনামগঞ্জের ছাতকে আরেক ব্যাংক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।

এখলাছুর রহমান আশরাফী (৩৭) নামের ওই ব্যাংক কর্মকর্তার মরদেহ মঙ্গলবার সকালে উদ্ধার করে সুনামগঞ্জ হাসপাতালের মর্গে প্রেরন করেছে পুলিশ।

এখলাছুর রহমান আশরাফী চাঁঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার সাবদালপুর গ্রামের বাসিন্দা ও এবি ব্যাংক ছাতক শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

জানা যায়, এখলাছুর রহমান আশরাফী ব্যাংক সংলগ্ন বাগবাড়ী এলাকার মাসুক মিয়া মালিকানাধিন একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি প্রায় ৪ বছর ধরে এবি ব্যাংক ছাতক শাখায় প্রিন্সিপাল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছেন। মঙ্গলবার ব্যাংকে না আসায় ব্যাংক কর্তৃপক্ষ তার বাসায় এক কর্মচারীকে পাঠান। বাসায় গিয়ে ওই কর্মচারী আশরাফীকে বিছানায় অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি ওই কর্মচারী ব্যাংক কর্তৃপক্ষকে জানান। পরে ব্যাংক কর্তৃপক্ষ তাকে দ্রুত ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে সুনামগঞ্জের সিনিয়র পুলিশ সুপার (ছাতক সার্কেল) বিল্লাল হোসেন, ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এবং ওসি (অপারেশ) মিজানুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠান।

এবি ব্যাংক ছাতক শাখার সহকারী ম্যানেজার বিষ্ণুপদ দেব জানান, মৃত্যুর খবর তার পরিবারকে জানানো হয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন এ ব্যাপারে জানান, ময়না তদন্তের পর তার মৃত্যুর কারন জানা যাবে।

হারিয়ে গেছে চিলমারী নদী বন্দর!

সাকিব আল হাসান, রৌমারী(কুড়িগ্রাম): ‘ওকি গাড়িয়াল ভাই হাঁকাও গাড়ি তুই চিলমারী বন্দরে’- পল্লীগীতি সম্রাট আব্বাস উদ্দিনের ভাওয়াইয়া সুরে যেখানে একদিন প্রাণের উৎসব হতো, সেখানে এখন শুধু ভাঙনের তাণ্ডব। সর্বগ্রাসী ব্রহ্মপুত্র গ্রাস করে চলেছে নতুন নতুন জনপদ, মানুষের স্বপ্ন-সাধ আর ভবিষ্যৎ। বৈরী নদ আর প্রকৃতির বিরুদ্ধে লড়তে লড়তে গোটা জনপদ যেন পরাভূত। ব্রহ্মপুত্র অববাহিকার জনগোষ্ঠীর কেউ সব হারিয়ে রাস্তার পাশে, কেউবা ওয়াপদা বাঁধে কিংবা কুড়িগ্রাম চিলমারী পাকা রাস্তার দুই পাশে বস্তিতে আশ্রয় নিয়েছেন।
প্রতিবছর ভাঙে চিলমারী। প্রতিবছরই মানুষ হারায় তাদের ভিটেমাটি, আশ্রয়। চিলমারীর ছয়টি ইউনিয়নের মধ্যে নয়ারহাট, অষ্টমীরচর ও চিলমারী ইউনিয়ন ব্রহ্মপুত্রের ভাঙনে পুরোপুরি বিলীন। বাকি রানীগঞ্জ ইউনিয়নের তিন চতুর্থাংশ, থানাহাট ইউনিয়নের অর্ধেক এবং রমনার অর্ধেক গিলে খেয়েছে ব্রহ্মপুত্র। প্রতি বর্ষা মৌসুমে ব্রহ্মপুত্রের যা আগ্রাসী রূপ, হয়তো আর বেশি দেরি নেই চিলমারী উপজেলাই বাংলাদেশের মানচিত্র থেকে চিরতরে মুছে যাবে।
চিলমারীর ওপর প্রথম আঘাতটা আসে ১৯৬৪ সালে। সেদিনের ঘটনার বর্ণনা দিচ্ছিলেন প্রত্যক্ষদর্শী  সালামত হোসেন। তিনি বলেন, ‘দিনটি ছিল শনিবার। সারাদিনই থেমে থেমে বৃষ্টি। আমাদের বাড়ির পূর্বদিকে প্রায় ৪ একর জমির ওপর বাগান ছিল। প্রথমে সেখানেই হানা দেয় ব্রক্ষপুত্র। বাগানে দুই থেকে আড়াইশ’ বছরের পুরনো আম, জাম, বেল, কাঁঠালগাছ গুলো নদে একে একে ভেসে যায় চোখের সামনে। এই শোক নিয়ে সন্ধ্যায় সবাই নিজ নিজ ঘরে ঘুমাতে যাই। মা তখনও জেগে ছিলেন। তিনি হঠাৎ চিৎকার করে বলছিলেন, ওঠো সবাই, পালাও। ঘর থেকে দৌড়ে বেরিয়ে দেখি, পূর্বদিকের বৈঠকখানাটি নদে ভেসে যাচ্ছে। আর আমাদের বাড়িসহ পাশের কয়েকটি বাড়িতে বিশাল ফাটল ধরেছে। আমরা সবাই শুধু জীবন নিয়ে বাড়ির পশ্চিম পাশে নিরাপদ স্থানে পৌঁছতে সক্ষম হই। এর ৩০ মিনিটের ব্যবধানে আমাদের বাড়ি, ক্ষিতীশ চন্দ্র, একরাম আলী মণ্ডল ও জমিদার সুরেশ মল্লিকের বাড়ি নদে দেবে যায়। বাড়ি, জায়গা-জমি হারানোর শোকে বাবা হামিদ মিঞা ও বড় ভাই শারাফাত হোসেন অসুস্থ হয়ে পড়েন। বড় ভাই সুস্থ  হলেও বাবা আর বিছানা ছাড়েননি। তিন বছর অসুখে ভুগে ১৯৬৭  সালে তিনি ইন্তেকাল করেন। পুরনো সেই কথা মনে করে আবেগে তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসে।
সালামত হোসেন আরও বলেন, ‘তখন মূল চিলমারী থেকে দুই কিলোমিটার দূরে ছিল নদের অবস্থান। দু’দিনের মধ্যে বৈলমন্দিয়ার খাতা ও চিলমারীতে হানা দেয় ব্রহ্মপুত্র। চোখের সামনে ভেসে যায়  চিলমারী বন্দর, চিলমারী উচ্চ বিদ্যালয়, বালিকা উচ্চ বিদ্যালয়, ইউনিয়ন পরিষদ কার্যালয়,  বড় বড় পাটের গোডাউন, থানা প্রশাসনের বিভিন্ন অফিস, বাণিজ্যিক প্রতিষ্ঠান এবং ২০-২৫ হাজার লোকের জনবসতি। সেই যে চলছে, এখনও খিদে মেটেনি আগ্রাসী ব্রহ্মপুত্রের।’
প্রতিবছরই ভাঙছে নতুন নতুন জনপদ। চিলমারী উপজেলার চেয়ারম্যান শওকত আলী সরকার বীর বিক্রম বলেন, আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি চিলমারীকে রক্ষার জন্য। আশা করছি সব সমস্যার সমাধান হবে।

স্কটল্যান্ডে করোনার টিকার বাজিমাত

আন্তর্জাতিক ডেস্কঃ স্কটল্যান্ডে করোনার টিকার বাজিমাত করেছে। যুক্তরাজ্যের স্কটল্যান্ডে চালানো এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে জানা গেছে, করোনা ভাইরাসের তীব্র সংক্রমনে হাসপাতালে ভর্তি হবার মত গুরুতর অসুস্থ হওয়া কমিয়ে দিয়েছে করোনার টিকা।

স্কটল্যান্ডের জনস্বাস্থ্য বিভাগের এক গবেষণায় দেখা গেছে, প্রথম ডোজ টিকা দেবার ৪ সপ্তাহ পর করোনাভাইরাস সংক্রমিত হয়ে হাসপাতালে ভর্তি হওয়াটা অনেকটা ম্যাজিকের মত কমে গেছে। যারা টিকা নেবার পর চার সপ্তাহ পার করেছেন, তাদের মধ্যে মাত্র ৫৮ জন কোভিড আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যারা ফাইজার-বায়োএনটেকের তৈরি টিকা নিয়েছেন তাদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণজনিত গুরুতর অসুস্থতা ৮৫ শতাংশ কমে গেছে এবং অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার টিকা গ্রহণকারীদের মধ্যে এই হার কমেছে ৯৪ শতাংশ। যাদের বয়স ৮০-র বেশি তাদের মধ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা কমেছে ৮১ শতাংশ।

এদিকে, টিকা না নেয়া লোকদের মধ্যে থেকে ৮ হাজার লোক কোভিড সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

জরিপের প্রধান গবেষক অধ্যাপক আজিজ শেখ বলেন, “দুটো ভ্যাকসিনই দারুণভাবে কাজ করছে” এবং তা ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী হবার মত।

উল্লেখ্য, স্কটল্যান্ডে ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত ১১ লাখ ৪০ হাজার লোককে কোভিডের টিকা দেয়া হয়। আর প্রথমবারের মত করোনাভাইরাসের টিকাদান কর্মসূচির ফলে বাস্তব দুনিয়ায় একটা জনগোষ্ঠীর ওপর কি প্রভাব পড়ছে তারই প্রমাণ পাওয়া গেল স্কটল্যান্ডে চালানো এই জরিপে। সুত্রঃ বিবিসি।

 

সিলেটে ট্রিপল মার্ডার আসামী আবাদ টঙ্গী কিশোর সংশোধনাগারে

মো.আমিন আহমেদ, সিলেট: সিলেট শহরতলির শাহপরান থানার মীরমহল্লায় ট্রিপল মার্ডারের অভিযোগে আটক আহবাব হোসেন আবাদকে (১৭) গাজীপুরের টঙ্গীর কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। ওই কিশোরের বয়সের প্রমাণপত্র দাখিল করায় গত সোমবার (২২ জানুয়ারি) বেলা আড়াইটায় শিশু আদালতের বিচারকের দায়িত্ব পালন করা জেলা ও দায়রা জজ বজলুর রহমান এ আদেশ দেন।

আদালতের নির্দেশে গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তাকে টঙ্গীতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মীরমহল্লার বাসায় শয়নকক্ষ থেকে রুবিয়া বেগম চৌধুরী (৩০) মেয়ে জান্নাতুল হোসেন (৯) ও ছেলে তাহসান হোসেন খানের (৭) লাশ উদ্ধার করা হয়। এ সময় কক্ষে রক্তমাখা ছুরিসহ রুবিয়ার সৎ ছেলে আহবাব হোসেন আবাদকে (১৭) আটক করে পুলিশ।

আবাদ পুলিশকে জানায়, ভাত খেতে চেয়ে না পাওয়ায় সৎমা ও ভাই-বোনকে ছুরিকাঘাতে হত্যা করে সে। এ ঘটনায় গত শুক্রবার রাতে নিহত রুবিয়ার ভাই আনোয়ার হোসেন বাদি হয়ে শাহপরান থানায় হত্যা মামলা করেন।

তবে গত শনিবার দুপুরে মহানগর পুলিশ ওই কিশোরের নাম ও পরিচয় উল্লেখ করে একটি সংবাদ বিজ্ঞপ্তি পাঠায়। এতে হত্যা মামলার আসামি আবাদের বয়স ১৯ বছর উল্লেখ করা হয়।

তবে আবাদের বাবা জানান, তাঁর ছেলের বয়স ১৮ বছরের নিচে। আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতেও ওই কিশোর বলেছে, তার বয়স ১৭ বছর।

আদালত সূত্র জানায়, শাহপরান থানাপুলিশের ‘শিশু ডেস্ক’-এর মাধ্যমে আবাদের বয়সের প্রমাণপত্র সংগ্রহ করে শিশু আদালতে উপস্থাপন করা হয়। আবাদ প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছিল। শিক্ষা সমাপনী পরীক্ষার সনদপত্র অনুযায়ী তার বয়স ১৭ বছর ১ মাস। বয়সের এই প্রমাণপত্র শিশু আদালতে দাখিল করলে বিচারক এ আদেশ দেন। তাই গতকাল মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) তাকে টঙ্গীতে পাঠানো হয়েছে।