উগান্ডায় গ্রেনেড বিস্ফোরণে শিশু নিহত ৬, আহত ৫

আন্তর্জাতিক ডেস্কঃ উগান্ডার উত্তর-পশ্চিমাঞ্চলীয় আদজুমানি জেলার মাজি টু শরণার্থী শিবিরে গ্রেনেড বিস্ফোরণে ৬ শিশু নিহত ও আরো ৫ জন আহত হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার দুপুর ২ টার দিকে ঘটনা ঘটে।

আদজুমানি পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, শিশুরা জঙ্গল থেকে খেলার বস্তু মনে করে গ্রেনেড কুড়িয়ে বাসায় নিয়ে যায় এবং সেখানে আরো কিছু শিশু একসাথে খেলতে জড়ো হয়। একপর্যায়ে তারা গ্রেনেডটিকে কাটার চেষ্টা করলে এটি বিস্ফোরিত হয়।  এ সময় ঘটনাস্থলেই ৩ শিশু নিহত ও আরো ৬ জন মারাত্মকভাবে আহত হয়। কাছের আদজুমানি হাসপাতালে আহতদের  নেয়ার পর আরও ৩ শিশু মারা যায়।

আদজুমানি পুলিশ সুত্রে, মৃতরা হলেন-জোসেফ অটো (৬), ড্রাগো জেমস (৯), ডুকু এমানুয়েল (৭), আমারুমা আইজাক (১১), এডিমা টমাস (১০), ম্যান্ড্রে জাস্টিন (১৪)।

আহতরা হলেন-ওয়ানী জোনাথন (১০), আবাও জেমস, আন্ড্রুগা ডোমিনিক (১৪), বাজিও জয়েস (১২) এবং একজনকে সনাক্ত করা সম্ভব হয়নি। আহতরা আদজুমানি হাসপাতালে চিকিৎসাধীন।

উল্লেখ্য, মাজি টু শরণার্থী শিবিরে প্রতিবেশী দক্ষিণ সুদান থেকে আসা ১৭ হাজারেরও বেশি শরণার্থী বাস করছে। জাতিসংঘের শরণার্থী সংস্থা সূত্রে এ কথা জানা গেছে। সুত্রঃ ডেইলি মনিটর। 

 

 

নেত্রকোনায় সবুজ পরিবেশ সৃষ্টিতে সচেতনতামূলক র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক

মো. কামরুজ্জামান,নেত্রকোনা জেলা প্রতিনিধি: সবুজ নেত্রকোনা গঠনে আমরা সবাই এক” এই স্লোগানে পৌর শহরে সবুজ পরিবেশ সৃষ্টিতে সচেতনতানমূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় নেত্রকোনা জেলা জনউদ্যোগ এর আয়োজন করে। জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র‌্যালির শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান।

র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এ সময় র‌্যালিতে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ গ্রহন করেন।

এর আগে উদ্বোধনকালে জেলা প্রশাসক বলেন, শুধু পৌর শহরেই নয় জেলার সর্বত্র এলাকায় সবুজ প্রকৃতি সৃষ্টিতে একমাত্র সকলের ঐক্য প্রচেষ্টাতেই সম্ভব।

 

ভোজ্যতেলের দাম স্থিতিশীল রাখতে অভিন্ন মূল্য নির্ধারণ করল সরকার

মোঃ মোস্তাফিজুর রহমান, সিএনবিডি ডেস্কঃ দেশে অপরিশোধিত সয়াবিন ও পামওয়েল তেলের দাম স্থিতিশীল রাখতে অভিন্ন মূল্য অর্থাৎ একই দাম নির্ধারণ পদ্ধতি অনুযায়ী প্রতি লিটার ভোজ্যতেলের দাম নির্ধারণ করে দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি গতকাল বুধবার সচিবালয়ে অত্যাবশ্যকীয় পণ্য বিপণন ও পরিবেশক বিষয়ক জাতীয় কমিটির সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি জানান, অভিন্ন মূল্য নির্ধারণ পদ্ধতি অনুযায়ী এখন থেকে প্রতি লিটার ভোজ্যতেলের মূল্যের সর্বোচ্চ সীমা হবে প্রতি লিটার সয়াবিন (খোলা) মিলগেটে ১০৭ টাকা, পরিবেশক মূল্য ১১০ টাকা এবং খুচরা মূল্য ১১৫ টাকা। বৈঠকে ভোজ্যতেল আমদানিকারক ও ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এ দাম নির্ধারণ করা হয়েছে। এছাড়া, যেহেতু সামনে রমজান মাস, দেশে বর্তমানে যথেষ্ট মজুদ আছে। তাই সব হিসেব-নিকেশ করেই এ দাম নির্ধারণ করা হয়েছে।

তিনি বলেন, প্রতিলিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ১২৩ টাকা, পরিবেশক মূল্য ১২৭ টাকা এবং খুচরা মূল্য ১৩৫ টাকা। পাঁচ লিটার বোতলজাত সয়াবিন মিলগেট মূল্য ৫৮৫ টাকা, পরিবেশক মূল্য ৬০০ টাকা এবং খুচরা মূল্য ৬২৫ টাকা। আমাদের দেশে যে তেল ব্যবহার করি তার ৭০ শতাংশ পাম সুপার, যার প্রতি লিটার মিলগেট মূল্য (খোলা) ৯৫ টাকা, পরিবেশক মূল্য ৯৮ টাকা এবং খুচরা বাজারে ১০৪ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী আরো বলেন, ভোজ্যতেলের দাম শক্ত হাতে নিয়ন্ত্রণ করা হবে। তবে দাম কমে গেলে বিবেচনা করা হবে, বেড়ে গেলেও বিবেচনা করা হবে। আমরা যে তেল ব্যবহার করি তার ৯০ শতাংশ আমদানি করতে হয়। আন্তর্জাতিক বাজারে গত ৬ মাসে ৬৫ শতাংশ তেলের দাম বেড়েছে। শিপিং কস্টও বেড়েছে, জাহাজের তেলের দাম বাড়ায় পরিবহন খরচও বেড়েছে।

এছাড়া ভোক্তাস্বার্থ বিবেচনায় অপরিশোধিত সয়াবিন ও পামতেল আমদানিতে আরোপিত ভ্যাট আরও যৌক্তিক হারে নির্ধারণের জন্য ইতিমধ্যে বাণিজ্য মন্ত্রণালয় থেকে রাজস্ব বোর্ডকে এ বিষয়ে অনুরোধ করা হয়েছে বলেও জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

সভায় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক বাবলু কুমার সাহা, বিএফটিআই’র পরিচালক মো. ওবায়দুল আজম, বাংলাদেশ ট্রেড অ্যান্ড টেরিফ কমিশনের সদস্য (বাণিজ্যনীতি) আবু রায়হান আলবেরুনী, এনবিআরের সদস্য (শুল্ক) সৈয়দ গোলাম কিবরিয়া, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রফতানি) মো. হাফিজুর রহমান, ডব্লিউটিও সেলের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. হাফিজুর রহমান, মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল, টিকে গ্রুপের পরিচালক মো. সফিউল আফসার তাজলিম, সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান, সিটি গ্রুপের উপদেষ্টা অমিতাভ চক্রবর্তী, এস আলম গ্রুপের সিনিয়র মহাব্যবস্থাপক কাজী সালাহ উদ্দিন আহমেদ, জাতীয় নিরাপত্তা সংস্থা ডিজিএফআই এবং এনএসআই’র প্রতিনিধিরা।

 

সিলেট চৌহাট্টায় মেয়রকে গুলি করার চেষ্টাকারী স্বেচ্ছাসেবকলীগ নেতা

মো:আমিন আহমেদ, সিলেট: সিলেট নগরীর চৌহাট্টায় সিলেট সিটি করপোরেশনের কর্মী ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের সময় মেয়রকে গুলি করার চেষ্টাকারী অস্ত্রসহ আটক ব্যক্তি সেচ্ছাসেবক লীগ নেতা ফয়সল আহমদ ফাহাদ (৩৮) নামে একজনকে আটক করা হয়েছে। ওই যুবক সিলেট মহানগর স্বেচ্ছাসে্ক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

ফাহাদ মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খান বলয়ের নেতা বলে জানা গেছে।

গতকাল বুধবার (১৭ ফেব্রুয়ারি) চৌহাট্টায় অবৈধ মাইক্রোবাস স্ট্যান্ড উচ্ছেদে গিয়ে বাধার মুখে পড়েন সিটি করপােরেশনের কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান মেয়র ও সিটি কাউন্সিলররা। এসময় কাউন্সিলর আফতাব হোসেন খানও মেয়রের সাথে চৌহাট্টা এলাকায় যান।

দুইপক্ষের সংঘর্ষের এক পর্যায়ে মেয়র কাউন্সিলরদের পাশ থেকে আগ্নেয়াস্ত্রসহ ফয়সল আহমদ ফাহাদ (৩৮) কে আটক করে পুলিশ।

সিটি করপোরেশনের কর্মকর্তাদের অভিযোগ, পরিবহন শ্রমিকদের পক্ষ নিয়ে বন্দুক নিয়ে তিনি মেয়রের দিকে তেড়ে গিয়েছিলেন। মেয়র আরিফুল হক চৌধুরীও এমন অভিযোগ করেছেন।

তবে খোঁজ নিয়ে জানা গেছে, ফয়সল আহমদ ফাহাদ পরিবহন শ্রমিক নন। তিনি সেচ্ছাসেবক লীগের নেতা এবং চৌহাট্টা এলাকায় মেয়রের সাথে যাওয়া কাউন্সিলর আফতাব হোসেন খানের ঘনিষ্টজন।

এ ব্যাপারে মহানগর সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর আফতাব হোসেন খানের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।

সিলেট মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশ দাশ মিঠু বলেন, ফয়সল আহমদ ফাহাদ মহানগর সেচ্ছাসেবক লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক। তবে তিনি আজ অস্ত্রসহ আটক হয়েছে কী না তা আমার জানা নেই।

মিঠু বলেন, চৌহাট্টায় গাড়ির অবৈধ স্ট্যান্ড উচ্ছেদে গেছে সিটি করপোরেশন। সেখানে ঝামেলা হলে পুলিশ দেখবে। সে (ফাহাদ) ওই জায়গায় যাবে কেনো?

যদি আসলেই সে ওইখানে যায় এবং অস্ত্রসহ গ্রেপ্তার হয় তাহে এটা তার ব্যক্তিগত বিষয়। দল এর দায় নেবে না। বরং তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।- বলেন মিঠু।

জানা যায়, বুধবার সকালে চৌহাট্টা এলাকায় সিরিকের সড়ক উন্নয়ন কাজে বাধা দেয় পরিবহন শ্রমিকরা। এ খবর পেয়ে দুপুরে কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট ও সংশ্লিস্ট কর্মকর্তাদের নিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে যান মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি দেখতে পান পরিবহন শ্রমিকরা তখনও সড়ক ও ফুটপাত দখল করে গাড়ি পার্কিং করে রেখেছেন। এসময় মেয়রসহ সিসিকের কর্মকর্তারা সড়ক সম্প্রসারণের কাজ শুরু করতে চাইলে তারা বাধা দেন। এ নিয়ে আলাপচারিতার একপর্যায়ে সিটি করপোরেশনের কর্মকর্তাদের উপর হামলা চালায় পরিবহন শ্রমিকরা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পরিবহন শ্রমিকদের হামলার পর পর সিটি করপোরেশনের কর্মীরাও পাল্টা হামলা চালায়। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পরে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশের উপরও হামলা চালায় শ্রমিকরা। এসময় অর্ধশতাধিক গাড়ি ভাংচুর করা হয়। এবং চৌহাট্টা-আম্বরখানা, চৌহাট্টা-রিকাবীবাজার,চৌহাট্টা-জিন্দাবাজার, চৌহাট্টা-মিরবক্সটুলা সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে।

সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ (ট্রাফিক) কমিশনার ফয়সল মাহমুদ বলেন, সরকারি রাস্তা দখল করে যানবাহন রাখা হচ্ছে দীর্ঘদিন থেকে। কিন্তু সম্প্রতি সিসিকের উন্নয়ন কাজ শুরু হওয়ায় চৌহাট্টাস্থ এলাকার অবৈধ পরিবহন স্ট্যান্ড সরানোর জন্য বলা হলেও শ্রমিকরা যানবাহন না সরিয়ে বিভিন্ন দাবি জানিয়ে আন্দোলন শুরু করে। এক পর্যায়ে সিসিকের কর্মী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

চলতি বছরের ১৬ ডিসেম্বর আগারগাঁও-উত্তরা রুটে চলবে মেট্রোরেল

সিএনবিডি ডেস্কঃ রাজধানী ঢাকায় স্বপ্নের যোগাযোগ ব্যবস্থা মেট্রোরেল বাস্তবরুপে চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা রুটে চলবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। গতকাল প্রকল্পের অগ্রগতি পরিদর্শন শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) ঢাকা নগরীর উত্তরা দিয়া বাড়ী মেট্রোরেল ডিপো পরিদর্শনকালে পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, রাজধানীর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত অংশের মোট দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। এ পথে স্টেশন রয়েছে ৯টি। ১১ দশমিক চার কিলোমিটার ভায়াডাক্ট দৃশ্যমান। এ রুটে চলতি বছরে মহান বিজয় দিবসে এমআরটি-৬ নামের মেট্রোরেল চলবে।

তিনি আরো বলেন, স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন বর্ষ ২০২১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হবে এবং এমআরটি-৬ নামের মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও ১১ দশমিক ২৯ কিলোমিটার অংশ পর্যন্ত চলাচলের জন্য উন্মুক্ত করা হবে। এ লক্ষ্যে এগিয়ে চলেছে প্রকল্পের কাজ। আমাদের দেশীয় ও বিদেশি এক্সপার্টরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। করোনার মধ্যেও সবাই কাজ করে যাচ্ছেন। মেট্রোরেল প্রকল্পটি বাস্তবায়ন করছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এম এ এন সিদ্দিক বলেন, স্বাধীনতার ৫০ বছরপূর্তি উদযাপন বর্ষের ২০২১ সালে ১৬ ডিসেম্বর বাংলাদেশে প্রথম মেট্রোরেল আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের  লক্ষ্য নিয়ে দ্রুত এগিয়ে নেয়া হচ্ছে প্রকল্পের কাজ। তবে দেশ বৈশ্বিক মহামারি করোনা সংকটের মুখোমুখি না হলে কাজের অগ্রগতি অনেকাংশে বৃদ্ধি পেত।

 

প্রেমের টানে ঘর ছাড়লেন ধামরাইয়ের আরেক নারী ইউপি সদস্য

সিএনবিডি নিউজ ডেস্ক : ঢাকার ধামরাইয়ের সুয়াপুর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত সংরক্ষিত নারী সদস্য সীমা আক্তার সুমি প্রেমের টানে স্বামীর ঘর ছাড়লেন।

এর আগে একই ইউনিয়ন পরিষদের নারী ইউপি সদস্য হামিদা আক্তার গুদি ও  প্রিয়শী আক্তার পরকীয়া প্রেমের টানে ঘর ছাড়েন। এ নিয়ে সুয়াপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী আসনের ৩ নারী সদস্য পরকীয়া প্রেমের টানে স্বামী-সন্তান ও সাজানো সংসার ছেড়ে পরকীয়ার কারনে অন্যের সঙ্গে নতুন করে সংসার বাঁধলেন।

স্থানীয় এলাকাবাসী ও  সুমার পারিবারিক সুত্রে জানা যায়, গত ১৮ বছর আগে সুয়াপুর ইউনিয়ন পরিষদের সাবেক চকিদার মো. আনোয়ার হোসেন পোশাক শ্রমিক সীমা আক্তার সুমিকে দ্বিতীয় বিয়ের পিঁড়িতে বসেন। এরপর ওই নারী পোশাক শ্রমিক ২০১১ সালে প্রথম ও ২০১৬ সালে দ্বিতীয়বার সুয়াপুর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী ইউপি সদস্য নির্বাচিত হন।

এদিকে পরবর্তীতে তার স্ত্রীর সঙ্গে অন্য জনপ্রতিনিধির পরকীয়া প্রেমের প্রতিবাদ করতে গিয়ে চাকরি হারান আনোয়ার। পরে তিনি সুয়াপুর বাজারের ব্রিজ পয়েন্টে চায়ের দোকান খুলে ব্যবসা শুরু করেন।

অন্যদিকে সুযোগ বুঝে আনোয়ারের স্ত্রী সোমা আক্তার সুমি সাটুরিয়া থানার নয়াডিঙ্গি এলাকার বিদেশফেরত রাশেদ নামে এক যুবকের সঙ্গে নতুন করে পরকীয়া প্রেমে জড়ান। ঘটনাটি জানাজানি হলে স্ত্রীকে শাসন করেন তার স্বামী। এরই জের ধরে ওই নারী ইউপি সদস্য গত সোমবার রাতে ওই পরকীয়া প্রেমিক রাশেদের হাত ধরে তিন সন্তান ফেলে রেখে স্বামীর ঘর ছাড়েন।

পরের দিন মঙ্গলবার সকালে লোকমারফত স্বামীকে তালাকের নোটিশ পৌঁছে দিয়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী চকিদার মো. আনোয়ার হোসেন।

এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন,আমি রাস্তা থেকে নিয়ে একজন পোশাক শ্রমিককে বিয়ে করি। এরপর তাকে সংরক্ষিত নারী আসনে ২ মেম্বার বানাই। অথচ বারবার সে বিভিন্নজনের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে। শাসন বারণ করায় অবশেষে তিন সন্তান ফেলে রেখেই সে পরকীয়া প্রেমিক রাশেদের সঙ্গে ঘর ছাড়ল। আবার আমাকে তালাক প্রদানের নোটিশ পৌঁছে দিয়েছে। এর চেয়ে দুঃখ ও লজ্জার আর কি হতে পারে।

অপরদিকে সংরক্ষিত নারী সদস্য সোমা আক্তার সুমি বলেন, জনসেবা করি, মানুষের স্বাধীনতা বলে কিছু একটা আছে; আমার তাও নেই। আমার পূর্বের স্বামী আমার স্বাধীনতাটুকুও কেড়ে নিয়েছিল। কথায় কথায় আমাকে নির্যাতন করত। একজন স্বনামধন্য ইউপি চেয়ারম্যানকে নিয়েও আমাকে দোষারোপ করত। কাজেই এবার বিদেশ ফেরত রাশেদের সঙ্গে ইচ্ছা করেই পরকীয়ায় জড়ায় এবং স্বামীর ঘর ছাড়তে বাধ্য হই। ইতোমধ্যে আমি তাকে তালাকের নোটিশ পৌঁছে দিয়েছি। যার ফলে এখন আমি সম্পূর্ণরূপে স্বাধীন ও মুক্ত মনে করছি।

সিলেটে ওসি ও এসআইসহ ৯ জনের বিরুদ্ধে মামলা

মো.আমিন আহমেদ, সিলেট প্রতিনিধি: সিলেটে গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ ও উপ-পরিদর্শক আব্দুল মান্নানসহ ৯ জনের বিরুদ্ধে সিনিয়র স্পেশাল দায়রা জজ আদালতে দুদক আইনে মামলা করেছেন ইনছান আলী নামে এক ব্যক্তি। গেল রোববার মামলা দায়েরের পর গত সোমবার প্রতিবেদন দাখিলের জন্য সিলেট দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন আদালত।

মামলার অপর ৭ আসামি হলেন- জাফলং এলাকার ইমরান হোসেন সুমন, ছাতক উপজেলার আলাউদ্দিন, নয়বস্তির সমেদ, বিশ্বনাথের ফয়জুল ইসলাম, জাফলং নয়াবস্তির ফিরোজ, রহমত মীর ও সাবু মিয়া।

মামলার আবেদনে ইনছান আলী বলেন, তার নিজস্ব ভূমি থেকে ওসি আব্দুল আহাদ ও উপ-পরিদর্শক আব্দুল মান্নানের সহায়তায় বাকি ৭ আসামি জোরপূর্বক পাথর উত্তোলন করে ক্ষতিগ্রস্ত করেছেন। এদিকে, এ মামলায় পুলিশ সদস্যদের আসামি করায় জাফলংয়ে ব্যাপক সমালোচনা চলছে।

স্থানীয়রা অভিযোগ করে বলেন, বাদী ইনছান আলীর ছেলে আলিম উদ্দিন জাফলংয়ের ত্রাস হিসেবেই খ্যাত। পুলিশ ছাড়া যে ৭ জনকে আসামি করা হয়েছে তাদের সঙ্গে মিলেই তার ছেলে আলিম উদ্দিন ৫ বছর ধরে একই সঙ্গে জাফলং এ অবৈধভাবে পাথর উত্তোলন করে কোটি কোটি টাকা চাঁদাবাজি করেছেন।

৫ বছর আগে সামান্য বারকি শ্রমিক থেকে এখন শত কোটি টাকার মালিক হয়েছেন বাদী ইনছান আলীর ছেলে আলিম উদ্দিন। টাকার জোরে জাফলং ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আলিম উদ্দিনের বিরুদ্ধে এ ওসির সময়ই চাঁদাবাজি, ধর্ষণ ও খুনসহ ডজন খানেক মামলা গোয়াইনঘাট থানায় হয়েছে। সবশেষ ১৮ জানুয়ারি জাফলং চা বাগানে এক মুক্তিযোদ্ধার সন্তানকে খুন করে পানিতে ফেলে দেয়ায় আলিম উদ্দিনকে প্রধান আসামি করে গোয়াইনঘাট থানায় হত্যা মামলা করেন মুক্তিযোদ্ধা ইব্রাহীম আলী। সেই মামলায় এখনও পলাতক রয়েছেন আলিম উদ্দিন। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা আব্দুল মান্নানকে বাদীর দায়ের করা দুদকের মামলার ২ নম্বর আসামি করা হয়েছে।

গোয়াইনঘাট থানার ওসি আব্দুল আহাদ বলেন, তিনি এ থানায় যোগদান করার পর আলিম উদ্দিনের বিরুদ্ধে খুন, ধর্ষণসহ নানা অভিযোগ আসে। সে সব অভিযোগ যথাযথ তদন্ত করে মামলা রেকর্ড করা হয়। এতে কেউ ক্ষিপ্ত হলে কিছু করার থাকে না। দুদক আইনে মামলা হয়েছে তদন্তকারী সংস্থা নিশ্চয় তদন্ত করে দেখবেন, এ অভিযোগ কতটুকু সত্য।

৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে ভালবাসার এক নাম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব কাজী কায়কোবাদ

মোঃ খোরশেদ আলম, মুরাদনগর প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়নে ভালবাসার এক নাম সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব কাজী কায়কোবাদ পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে, আলহাজ্ব কাজী কায়কোবাদ একজন সৎ, নিষ্ঠাবান যুবনেতা, মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন।
আলহাজ্ব কাজী কায়কোবাদ ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি।নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।
আলহাজ্ব কাজী কায়কোবাদ আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি।সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।
প্রচারণাকালে আলহাজ্ব কাজী কায়কোবাদ জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্য বিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো।
তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন, সবার সহযোগিতায় ৪নং পূর্বধৈইর পূর্ব ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

এবার ইবোলার প্রাদুর্ভাবের কারনে ৬ দেশকে সতর্ক করলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক ডেস্কঃ এবার ইবোলার প্রাদুর্ভাবের কারনে ৬ দেশকে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনার প্রাদুর্ভাবের মধ্যেই গিনি ও কঙ্গোতে বাড়ছে ইবোলায় আক্রান্ত রোগীর সংখ্যা। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এরই মধ্যে ৬ আফ্রিকান দেশকে ইবোলার সংক্রমণ রোধে সতর্কবার্তা দিয়েছে।

গিনির প্রতিবেশী দেশ সেনেগাল, গিনি-বিসাও, মালি,আইভরি কোস্ট, সিয়েরা লিওন ও লাইবেরিয়াতে ইবোলা সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

এদিকে, গিনিতে ইবোলায় এখন পর্যন্ত ৫ জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

এছাড়া, কঙ্গোতেও দেখা দিয়েছে ইবোলা। দেশটিতে গত ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত ইবোলায় প্রাণ গেছে ২ হাজার দুইশ এর বেশি মানুষের।

এর আগে ২০১৩ থেকে ২০১৬ পর্যন্ত চলা ইবোলার প্রাদুর্ভাবে গিনি, লাইবেরিয়া ও সিয়েরা লিওনে ১১ হাজার ৩শ মানুষের মৃত্যু হয়।

অনলাইন থেকে আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ সরিয়ে ফেলতে হাইকোর্টের নির্দেশ

সিএনবিডি ডেস্কঃ অনলাইন থেকে বাংলাদেশকে নিয়ে করা আল জাজিরার ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ নামক সোয়া এক ঘন্টার ভিডিও প্রতিবেদনটি সরিয়ে ফেলতে মহামান্য হাইকোর্ট আজ বুধবার নির্দেশ দিয়েছেন।

আজ বুধবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে বাংলাদেশে আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং সংশ্লিষ্ট প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে রিটের ওপর অ্যামিকাস কিউরির (আদালতের বন্ধু) মতামতের ভিত্তিতে শুনানি অনুষ্ঠিত হয়। বিচারপতি মো. মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে এই নির্দেশ দেন।

এর আগে সকাল থেকে মামলার ওপর শুনানি করেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন।

অন্যদিকে বিটিআরসির পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রেজা-ই রাকিব। তাদের শুনানির পরে আদেশের জন্য সময় নির্ধারণ করেন আদালত।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেনস’ প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এনামুল কবির ইমন এ রিট দায়ের করেন। রিটে ডাক ও টেলিযোগাযোগ সচিব, তথ্য ও প্রযুক্তি সচিব, বিটিআরসির চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শকসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়।
পরে গত বুধবার (১০ ফেব্রুয়ারি) আল জাজিরার সম্প্রচার বন্ধ এবং বাংলাদেশকে নিয়ে করা প্রতিবেদন ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর বিষয়ে মতামত শুনতে ছয়জন অ্যামিকাস কিউরি নিয়োগ দিয়েছিলেন হাইকোর্ট।

পরে গত ১৫ ফেব্রুয়ারি আইনজীবী এজে মোহাম্মদ আলী, কামালুল আলম, প্রবীর নিয়োগী, ব্যারিস্টার ফিদা এম কামাল, আব্দুল মতিন খসরু ও শাহদীন মালিক হাইকোর্টের সংশ্লিষ্ট ভার্চুয়াল বেঞ্চে অ্যামিকাস কিউরি (আদালতের বন্ধু) হিসেবে তাদের মতামত তুলে ধরেন। তারই ধারাবাহিতায় সোমবার সেটির ওপর শুনানি অনুষ্ঠিত হয়। উভয়পক্ষের শুনানি শেষে আজ বুধবার এই নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।