স্বাধীনবাংলা বেতারের সঙ্গীত শিল্পী ছায়া রায় আর নেই

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সর্বজন শ্রদ্ধেয় স্বাধীনবাংলা বেতারের সঙ্গীতশিল্পী ছায়া রানী আর নেই। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সোয়া ৮টার সময় শহরের লাইফ লাইন হাসপাতালে তিনি চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৬ বছর। ছায়া রায়ের জামাতা মৃন্ময় রায় রতন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি স্বামী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্যা গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। পারিবারিক সূত্রের বরাত দিয়ে জানা গেছে, ছায়া রায় দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। শহরের লাইফ লাইন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

ছায়া রায় স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের শিল্পী ছিলেন। তিনি নজরুল সঙ্গীত ও ক্ল্যাসিকাল গানের একজন গুণী শিল্পী ছিলেন। তিনি মৌলভীবাজারে ওস্তাদ গজেন্দ্রলাল সঙ্গীত সদন প্রতিষ্ঠা করেন। এই প্রতিষ্ঠান থেকে অসংখ্য সঙ্গীতশিল্পী শিক্ষার্থী তাঁর কাছ থেকে সঙ্গীতে তালিম নেন।

লন্ডন থেকে ছায়া রায়ের সঙ্গীতের ছাত্র শিবলু রহমান বলেন- দক্ষিণ সিলেট তথা মৌলভীবাজারের সাংস্কৃতিক পরিমন্ডল, বিশেষত শুদ্ধ  সংগীতের চর্চা আর ছায়া রায় প্রায় সমার্থক একটি দীর্ঘ অধ্যায়। ১৯৬৭ সালে পুর্ব পাকিস্তান প্রাদেশিক সঙ্গীত প্রতিযোগীতায় তিনি উচ্চাঙ্গ সঙ্গীতে প্রথম ও নজরুল সঙ্গীতে দ্বিতীয় স্থান অর্জন করেন। কণ্ঠের দ্যুতি, তাল লয়ের শিল্পের জাদুতে জেতেন স্বর্ণপদক। মহান স্বাধীনতা সংগ্রামে স্বাধীন বাংলা বেতারের একজন শিল্পী হিসেবে দেশমাতৃকার জন্য অসামান্য ভূমিকা রাখেন। বাংলাদেশ টেলিভিশন ও বেতারের নিয়মিত শিল্পী ছিলেন।

স্বর্গীয় গজেন্দ্র লাল রায় ও আশলতা রায়ের কন্যা ছায়া রায়। ব্যক্তিগত জীবনে অ্যাডভোকেট মলয় ভূষণ রায়ের সহধর্মীনি ও দুই সন্তানের জনক। বড় মেয়ে অপরাজিতা রায় কেয়া মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি হাই স্কুলের শিক্ষক। ছেলে মানবেন্দ্র রায় মাদল হাইকোর্টের আইনজীবী। ১৯৪৭ সালের ৩০ মার্চ জন্ম এই বরেণ্য শিল্পীর। গত অর্ধ শতাব্দীর বেশি সময় এই নারী তার জীবন ব্যাপৃত রাখেন সুর আর সঙ্গীতের সাধনায়।

শিবলু রহমান বলেন- পঞ্চাশ বছর আগে এই সুরের সাধক চাইলেই ঢাকায় স্থায়ী হয়ে সঙ্গীতে নিজের কণ্ঠের ইন্দ্রজাল, জাদু ছড়িয়ে গড়তে পারতেন নিজের ক্যারিয়ার। অর্জন করতে পারতেন দেশ বিদেশে খ্যাতি ও জনপ্রিয়তা। কিন্তু সে পথে হাঁটেন নি তাল লয়কে কর্ণ কূহরে সাধন  করা, সঙ্গীতের ভেতরে নিজের জীবনযাপন করা এই নারী। শিল্পী হিসেবে নিজের নাম, পরিচয়, খ্যাতি, বিত্ত কোনটাই চাননি তিনি। বরং এসব  জলাঞ্জলি দিয়ে তিনি শুরু থেকে শুদ্ধ সুর আর সংগীতকে প্রজন্মের মাঝে ছড়িয়ে দেবার ব্রত নিয়েছিলেন। গত ৪৩ বছরে মৌলভীবাজার, সিলেটসহ দেশ-বিদেশে অসংখ্য শিল্পী গড়ে তুলেছেন তিনি। তার চলে যাওয়া সংগীত অঙ্গন থেকে এক রত্নকে বিদেয় জানাতে হলো।

শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে আজ সারাদিন

স্বাস্থ্য ডেস্কঃ সারা দেশে আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে সারাদিন একযোগে সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

এর আগে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, দেশের ৬ থেকে ১১ মাস বয়সী ২৫ লাখ, ১২ থেকে ৫৯ মাস বয়সী ১ কোটি ৯৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। কেন্দ্রীয় ঔষধাগার থেকে জেলা, সিটি করপোরেশন ও মাঠপর্যায়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাঠানো হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ১ লাখ ২০ হাজার কেন্দ্রে ২ লাখ ৪০ হাজার স্বেচ্ছাসেবী কাজ করবেন আজ। এতে ৪০ হাজার স্বাস্থ্যকর্মী অংশ নেবেন।

ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে শিশুর অন্ধত্ব প্রতিরোধ করা হয়, দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিত করা হয়। এছাড়াও সব ধরনের মৃত্যুর হার ২৪ শতাংশ হ্রাস করে ‘এ’ ক্যাপসুল। এছাড়াও হাম, ডায়রিয়া এবং নিউমোনিয়ার কারণে মৃত্যু উল্লেখযোগ্য হারে হ্রাস করে।

পদযাত্রার নামে সারাদেশে সহিংসতার অভিযোগে শাজাহানপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল

সাবিক ওমর সবুজ, বগুড়া জেলা প্রতিনিধি: ‘পদযাত্রা’র নামে বিএনপি-জামাতের সন্ত্রাস, সহিংস রাজনীতি, প্রকাশ্যে অস্ত্রের মহড়া, জনগণ ও পুলিশের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে রোববার বিকেলে বগুড়া শাজাহানপুর উপজেলা যুবলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহম্মেদের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ বাদশা আলমগীরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু দিলীপ কুমার চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ আমিনুল ইসলাম ডাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব ইমারন হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আসাদুজ্জামান লিটন, জেলা যুবলীগের সহ-সভাপতি শেখ এজাজুল হক ডনেল, শরিফুল আলম শিপুল, দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল, প্রচার সম্পাদক তানভির হাবিব শাওন, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক শ্রাবন আবেদীন সনি, কৃষি বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, সহ-সম্পাদক আব্দুল আলীম, আজমিরি খোদা নোমান, উপজেলা কৃষক লীগের সভাপতি আবুল কালাম আজাদ ঠান্ডা, সাধারণ সম্পাদক তাজনুর রহমান শাহীন, উপজেলা যুবলীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক আরীফ আজাদ পলাশ, প্রচার সম্পাদক মোঃ বিপ্লব হোসেন বিপুল, অর্থ বিষয়ক সম্পাদক এস এম বাকি বিল্লাহ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমাম হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রঞ্জু, যুবলীগ নেতা রেজাউল করিম মহব্বত, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম নয়ন, কবির হোসেন, মতিউর রহমান বকুল, মোস্তাফিজার রহমান মোস্তাক, হারুন অর রশিদ, শফিকুল ইসলাম, মিন্টু মিয়া, আলমগীর হোসেন আলম, সাজেদুল ইসলাম লিটন, মাসুদ রানা, আরিফুর রহমান আকন্দ, আবু সায়েম, দেলোয়ার হোসেন, সেলিম রেজা, ছাত্রলীগ নেতা সাকিব, আলামিন, মিশরাত, রাজু, হৃদয়, হাবিব, রায়হান, আমিনুর, সোহান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি জামায়াতের সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাই। এসব কর্মকাণ্ড রুখতে যুবলীগ সব সময় মাঠে থাকবে।

ব্রাজিলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে নিহত ৩৬ জন

আন্তর্জাতিক ডেস্কঃ ব্রাজিলে ভারী বৃষ্টির কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ৩৬ জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) আলজাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনের তথ্যমতে, ভারী ‍বৃষ্টিপাতের ফলে দেশটির সাওপাওলো রাজ্যের সাও সেবাস্তিও শহর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরটির অধিকাংশ জায়গা পানিতে তলিয়ে গেছে। ভূমিধসের পর বহু বাড়ি ভেসে গেছে।

নিহতদের মধ্যে শুধু সেবাস্তিও শহরেই ৩৫ জন এবং পার্শ্ববর্তী একটি শহরে এক শিশু মারা যান।

দেশটির আবহাওয়া অফিস বলছে, সাও পাওলোর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত থাকবে। ফলে উদ্ধার তৎপরতা চ্যালেঞ্জের পাশাপাশি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।

এদিকে ক্ষতিগ্রস্তদের সহায়তা, অবকাঠামো পুনরুদ্ধার ও পুনর্গঠনের কাজ শুরু করতে দেশটির সরকার বেশ কয়েকটি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন।

গুলশানে আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ১

অনলাইন ডেস্কঃ রাজধানীর গুলশান ২ নম্বর এলাকার বহুতল আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে ১জন নিহত হয়েছে। তাঁর নাম আনোয়ার হোসেন (৩০)। তিনি ওই ভবনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক পরিচালকের বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন। আজ সোমবার (২০ ফেব্রুয়ারি) সকালে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া এ তথ্য জানান।

বাচ্চু মিয়া বলেন, ‘গুলশানের অগ্নিকাণ্ডে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। তার ছোট ভাই জুলহাস হাসপাতালে এসে আনোয়ার হোসেনের মরদেহ শনাক্ত করেন। তিনি ওই ভবনে বিসিবি পরিচালক ফাহিম সিনহার বাসায় বাবুর্চি হিসেবে কাজ করতেন।’

এদিকে, বিসিবির পরিচালক ফাহিম সিনহার স্ত্রী সায়মা রহমান সিনহা ১২তলার ছাদ থেকে লাফ দিয়ে সুইমিংপুলে পড়েন। তিনি আহত হয়ে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন। এই ঘটনায় আহত আরও তিনজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের একটি ১২তলা আবাসিক ভবনে আগুন লাগে। পরে রাত ১১টা ১০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় ওই ভবন থেকে ২২ জনকে জীবিত এবং আনোয়ার হোসেন (৩০) একজনের মরদেহ উদ্ধার করা হয়।

 

মাধবকুন্ড জলপ্রপাতে ঝরনার পাড়ে উপচে পড়া ভিড়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মাধবকুণ্ড ঝরনায় নেমেছে পর্যটকের ঢল। পাহাড় ঘেরা চা বাগানেও ভিড় করছেন পর্যটকরা। শুক্রবার-শনিবার সরকারি ছুটি এবং রোববার শবে মেরাজের বন্ধ থাকায় এখানে পর্যটকের পদচারণা বেড়েছে। কেউ আসছেন পরিবার নিয়ে আবার কেউ আসছেন প্রিয়জনকে নিয়ে। কেউ ঝরনায় গোসল করছেন আবার কেউ সেলফি-ভিডিও ব্যস্ত হয়ে পড়েছেন। দূর-দূরান্ত থেকে এসব জায়গায় ছুটে আসছেন ভ্রমণপিপাসু মানুষ।

পর্যটকরা জানান, এখানে উঁচু পাহাড় ঘেরা সবুজ প্রকৃতি চা বাগান আকৃষ্ট করেছে তাদের। মাধবকুণ্ডের ঝরনাও দেখার মতো। ১৫০ ফুট ওপর থেকে জলধারা প্রবাহিত হয়।

মধ্য প্রাচ্য প্রবাসী মো. মোশারফ বলেন, ‘অনেকদিন পর দেশে এলাম। সন্তানদের স্কুল বন্ধ থাকায় এখানে বেড়াতে এসেছি। প্রাকৃতিক পরিবেশ দেখতে খুব ভালো লাগছে। তাছাড়া ঝরনায় গোসল করারও ইচ্ছা আছে।

সিলেট শহরের কদমতলী এলাকা থেকে আসা রিমা বেগম বলেন, ‘ছোটবেলা এসেছিলাম। এখানে শ্বশুরবাড়ি হওয়ার সুবাদে দীর্ঘদিন পর আবার আসলাম। আমাদের সিলেটের বিভিন্ন প্রাকৃতিক পরিবেশ আছে। যত দেখি তত ভালো লাগে।’

ব্রাহ্মণবাড়িয়ার ফেরদৌসি বেগম বলেন, ‘অনেক আগে একবার এসেছিলাম। এখন নাতি-নাতনিদের নিয়ে এসেছি। এখানের ঝরনা দেখতে খুব ভালো লাগে।’ তাছাড়া একসঙ্গে পরিবারের সবাই এখানে আসতে পেরে বেশি ভালো লাগছে।

যশোরের আব্দুর রহমান বলেন, তিন দিনের জন্য আমরা ৪৫ জনের একটি দল নিয়ে এখানে এসেছি। আল্লাহর সৃষ্টি যে, এত সুন্দর না দেখলে বোঝা যায় না। চা বাগান, পাহাড় ও ঝরনা দেখতে খুবই সুন্দর। এখানকার নিরাপত্তা ব্যবস্থাও ভালো। ঢাকা থেকে আসা আব্দুল আহাদ বলেন, আবদ্ধ পরিবেশে থাকতে আমাদের মধ্যে একগুঁয়েমি চলে আসে। তাই  এসব স্থানে এলে মানসিক প্রশান্তি মেলে। তাই এসেছি। অনেক ভালো লাগছে।

ট্যুরিস্ট পুলিশ সুমন সরকার বলেন, দুদিন ধরে কয়েক হাজার পর্যটক এখানে এসেছেন। বলা যায় পর্যটকদের ঢল নেমেছে। আমরা নিরাপত্তা দেওয়ার চেষ্টা করছি।

পর্যটন হোটেল ম্যানেজার রফিকুল ইসলাম বলেন, দুদিনে পর্যটকের পদচারণা অনেক বেড়েছে। এ মৌসুমে এত পর্যটক আর দেখা যায়নি।

মাধবকুণ্ড ইকো পার্কের রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাশ বলেন, তিন দিনের ছুটি ও শিবরাত্রি উপলক্ষে পুণ্যার্থীসহ দুই হাজারেরও বেশি পর্যটক এসেছেন। এখানে ব্যাপক লোক সমাগম হয়েছে। আমরা নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করেছি। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ ও বনবিভাগ কর্তৃপক্ষ।

দশ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে ৫০ টাকা বৃদ্ধি: বিপাকে ক্রেতারা

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ব্রয়লার মুরগির দাম ১০ দিনের ব্যবধানে বৃদ্ধি পেয়েছে ৫০ টাকা। কয়েক সপ্তাহ ধরে মুরগির দাম দফায় দফায় বেড়েই চলছে। গত ১০ দিনের ব্যবধানে উপজেলার বাজারগুলোতে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা। এতে চরম বিপাকে পড়েছে ক্রেতারা। বিশেষ করে নিম্ন আয়ের মানুষ, যারা বেশি দাম হওয়ায় গরু, খাসির মাংসের পরিবর্তে মাংস হিসেবে ক্রয়ক্ষমতার মধ্যে ব্রয়লার মুরগির মাংসকেই বেছে নিয়েছিল।

মীরডাঙ্গী বাজারে কিনতে আসা আঃ রহমান জানান, “আমাদের মতো গরিব মানুষদের পক্ষে আর মনে হয় মাংস খাওয়া হবেনা। গরু ও খাসির মাংস তো দামের জন্য খেতেই পারিনা যদিও ব্রয়লার খাচ্ছিলাম এখন আর সেটারও দাম অনেক। ”

রবিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলার পৌরশহরসহ বিভিন্ন বাজারের ব্রয়লার মুরগির কয়েকটি বাজার ঘুরে এইসব তথ্য পাওয়া গেছে।

রাণীশংকৈল পৌরবাজারের মুরগি বিক্রেতা মিলন হোসেন, জাফরুল ইসলাম, খায়রুল, সেলিম, বন্দর গুদরি বাজারের ফরিদ, জিয়াউর, মুক্তারুল, মাঈনউদ্দিন এবং কাতিহার বাজারের আশির হোসেন লিটু, জানান, দশ দিনের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম বেড়েছে কেজিতে ৫০ টাকা। সোনালি মুরগির দাম বেড়েছে কেজিতে ৭০ টাকা পর্যন্ত। গত ১০ দিন আগে গোটা ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে ১৭০ থেকে ১৮০ টাকা। এবং কাটা ব্রয়লার মুরগির মাংস প্রতি কেজি বিক্রি হয়েছে ২১০- ২২০ টাকা।যা এখন প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২২৫ টাকা। আর কাটা মাংস বিক্রি হচ্ছে ২৭০-২৮০ টাকা। অপরদিকে সোনালী ( পাকিস্তানী) মুরগি বিক্র হচ্ছে ২৭০ টাকা থেকে এখন ৩২০ টাকায়।

দাম বৃদ্ধির বিষয়ে ব্যবসায়ীরা বলছেন, বাজারে মুরগির ফিডের দাম বৃদ্ধির কারণে খামারগুলোতে উৎপাদন কমে গেছে তাই সরবরাহ কম। পশ্চিম বনগাঁও পোল্ট্রি ফার্মের মালিক (আরতদার) আরিফ হোসেন, পীরগঞ্জের মো.আলম, নেকমরদের আব্দুল কাদের, পৌরশহরের আনোয়ার আর্মি  জানান, বাজারে মুরগি কম আসছে। মুরগির খাদ্য ফিডের বস্তা আগে কিনতাম ২৭০০-২৮০০ টাকায় এখন কিনতে হচ্ছে ৩৫০০-৩৬০০ টাকায়। আগে আমরা কাজি, নারিস এবং আফতাব ফার্ম থেকে প্রতি ব্রয়লারের বাচ্চা কিনতাম ২৫- ৩০ টাকা, বর্মমানে কিনতেছি ৫৫- ৬০ টাকা। তাই দাম বেড়েছে।

এছাড়াও ব্রয়লার মরগি থেকে পাকিস্তানি মুরগিতে  লাভ বেশি হওয়ায় খামারিরা ব্রয়লার মরগির ব্যবসা আসতে আসতে গুটিয়ে নিচ্ছে বলে অনেক বিক্রেতা জানান।

রাণীশংকৈল প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মৌসুমী আক্তার বলেন, ফিডের মূল্যবৃদি এবং মুরগি সরবাহ কমের কারণে ব্রয়লার মুরগির দাম সারাদেশের ন্যায় এ উপজেলায় কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে খুব তাড়াতাড়ি এটি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসবে বলে তিনি জানান।

কুড়িগ্রামে জমি বিক্রির কথা বলে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে জমি বিক্রির কথা বলে ১৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী হারুন অর রশীদ অভিযোগে জানান, আমি নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ে পিয়ন হিসেবে কর্মরত আছি।  প্রধান শিক্ষক নুরুল ইসলাম পারিবারিক সমস্যার কারণে বিগত ২৯/০৬/২০০৮ সালে তার স্ত্রীর নামীয় জেলা শহরের কৃষ্ণপুর মৌজায় অবস্থিত দুই কক্ষ বিশিষ্ট বাড়ীসহ ৯শতক জমি  মোট ৩০ লক্ষ টাকায় বিক্রির কথা চুড়ান্ত করেন আমার ছোট ভাই হাসান দেওয়ানের সাথে। সে প্রেক্ষিতে আলোচনা করে উক্ত প্রধান শিক্ষককে নগদ ১৫ লক্ষ টাকা প্রদান করা হয়। এসময় বায়না রেজিস্ট্রির কথা বললে তিনি একেবারে দলিল রেজিস্ট্রি করে দিবেন বলে প্রতিশ্রুতি দেন। পরবর্তীতে পারিবারিক সমস্যা মিটে যাওয়ার পর নুরুল ইসলাম স্ত্রীর নামীয় বাড়ীসহ জমি বিক্রি করতে অস্বীকার করেন। এরপর টাকা ফেরত দিতে গড়িমশি শুরু করেন।

নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম

পরবর্তীতে কয়েকবার সালিশ বৈঠক করার পর বিগত ২৫/০৫/২০২২ তারিখে সোনালী ব্যাংক কুড়িগ্রাম শাখায় তার নিজস্ব হিসেব নম্বরের বিপরীতে ১৫ লক্ষ টাকার একটি চেক প্রদান করেন। কিন্তু একাউন্টে পর্যাপ্ত টাকা না থাকায় চেকটি ব্যাংক ডিজঅর্নার হয়। পরে আমার ভাই হাসান দেওয়ান বিভিন্ন ব্যক্তির কাছে ধর্ণা দিয়েও কোন ফলাফল না পেয়ে বাধ্য হয়ে গত ০৬/১২/২২ তারিখে নুরুল ইসলামের বিরুদ্ধে চেক জালিয়াতির জন্য লিগ্যাল নোটিশ প্রদান করেন।

এতে প্রধান শিক্ষক ক্ষিপ্ত হয়ে আমাকে চাকুরীচ্যুতির নিমিত্তে দুদিন পর গত ৮/১২/২২ তারিখে আমার বিরুদ্ধে বিদ্যালয়ের গাছ কর্তন, জিনিষপত্র তছরুপ, জমি দখল, পুকুরে মাছধরা, পুকুর খনন করে মাটি বিক্রির কল্পিত অভিযোগ এনে বিদ্যালয়ের সভাপতির কাছে লিখিত অভিযোগ প্রদান করেন এবং গত ১৫/১২/২২ তারিখে উক্ত অভিযোগের ভিত্তিতে কেন আমার বিরুদ্ধে বেসরকারি চাকুরী বিধি অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হইবে না মর্মে আবারও শোকজ লেটার প্রদান করেন। শুধু এতেই তিনি ক্ষান্ত হননি আমার ও আমার ভাইকে জব্দ করতে গত ০৬/০৬/২০২২ তারিখে মানিব্যাগ থেকে চেক চুরির অভিযোগ এনে ০৮/০৬/২২ তারিখে কুড়িগ্রাম সদর থানায় একটি জিডি দায়ের করেন।

কুড়িগ্রাম সদর থানার মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই শাহিনুর রহমান চেক চুরির ঘটনা সরজমিনে তদন্ত পূর্বক গত ২৪/১১/২২ তারিখে ফাইনাল রিপোর্ট দাখিল করেন। রিপোর্টে তিনি উল্লেখ করেন যে, আরজিতে বর্ণিত আসামী হাসান দেওয়ান ও হারুন অর রশীদের বিরুদ্ধে মামলার ঘটনার সাথে সংশ্লিস্টতার বিষয়ে কোন সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় নাই।

হারুন অর রশিদের ছোট ভাই হাসান দেওয়ান বলেন, একদিকে আামাকে জমি বিক্রির ১৫ লক্ষ টাকা ফেরৎ দিচ্ছেন না, অপর দিকে বড় ভাইকে চাকুরী থেকে বরখাস্তর চেষ্টা করছেন। আমি সুবিচারের জন্য আদালতের দ্বারস্থ হয়েছি।

নুরনবী হলোখানা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম তার বিরুদ্ধে আণিত অভিযোগ অস্বীকার করে জানান,  আমার নামে মামলাটিও সাজানো। এ ব্যাপারে আদালতে পাল্টাপাল্টি মামলা রয়েছে।

বসতঘরে মিলল কোটি টাকার বেশী মূল্যের হেরোইন

চাঁপাইনবাবগঞ্জে একটি বসতবাড়ির শোবার ঘর থেকে ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ একজনকে আটক করেছে ডিবি। আটককৃতের নাম মিজানুর রহমান ওরফে বাবু (৩৭)।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছে জেলা পুলিশ।

এরআগে, শনিবার রাত ২টার দিকে সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের হুররোপাড়া এলাকা থেকে মাদকদ্রব্যসহ তাকে আটক করা হয়। আটককৃত মো. মিজানুর রহমান ওরফে বাবু সদর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের গড়াইপাড়া গ্রামের মো. এনামুল হকের ছেলে।

পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব গণমাধ্যমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল এক কেজি ২০০ গ্রাম হেরোইনসহ একজনকে আটক করেছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

প্রিন্সেস ডায়ানার হাতে লেখা চিঠি কোটি টাকায় বিক্রি

ঘনিষ্ঠ দুই বন্ধুকে নিজ হাতে লেখা প্রিন্সেস ডায়ানার একটি চিঠি নিলামে প্রায় ১ কোটি টাকায় (১ লাখ ৪১ হাজার ১৫০ পাউন্ড) বিক্রি হয়েছে। যুবরাজ (বর্তমান রাজা) চালর্সের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর সুজি ও তারেক কাশেম নামে দুই বন্ধুকে ওই চিঠি পাঠিয়েছিলেন ডায়ানা।

সুজি ও তারেক কাশেম প্রায় ২৫ বছর ধরে এ চিঠি যত্ন করে রেখে দেন। সম্প্রতি তারা এ চিঠি নিলামে বিক্রি করেন। ডায়ানার নামে দাতব্য প্রতিষ্ঠানে এ চিঠি বিক্রির অর্থ দান করেছেন সুজি ও তারেক কাশেম।

এর আগে, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে প্রিন্সেস ডায়ানার একটি রাজকীয় গাউন নিলামে ৬ লাখ ডলারে বিক্রি হয়েছে। বেগুনি রঙের এই গাউনটির বাংলাদেশি মুদ্রায় মূল্য দাঁড়ায় ৬০ কোটি টাকারও বেশি। প্রিন্সেস ডায়ানা ১৯৯১ সালে একটি রাজকীয় ছবির জন্য গাউনটি পরেছিলেন। সবশেষ তিনি এটি পরেন ভ্যানিটি ফেয়ারের ফটোশুটে।

খবর-দ্য ইন্ডিপেনডেন্ট।