নওগাঁয় বিএনসিসি মহাস্থান রেজিমেন্টের উদ্যোগে কোভিড-১৯ ও ডেঙ্গু প্রতিরোধে মাস্ক ও লিফলেট বিতরন এবং র‌্যালী অনুষ্ঠিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি মহাস্থান রেজিমেন্ট নওগাঁ সরকারী কলেজ শাখার উদ্যোগে কোভিড-১৯ এবং ডেঙ্গু প্রতিরোধে লিফলেট ও মাস্ক বিতরন উপলক্ষে শহরে এক র‌্যালী বের করা হয়।

 

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে সোমবার বেলা সাড়ে ১০টায় নওগাঁ সরকারী কলেজ চত্বর থেকে র‌্যালীটি বের করা হয়। হাসপাতাল সড়ক-দয়ালের মোড়-কাজির মোড়-মুক্তির মোড়-কে ডি সরকারী উচ্চ বিদ্যালয়ের মোড়; উকিল পাড়া সড়ক হয়ে পুনরায় সরকারী কলেজ চত্বরে এসে শেষ হয়। র‌্যালী প্রদক্ষিনের সময় গুরুত্বপূর্ন স্থান সমুহে দাঁড়িয়ে পথচারীদের মাঝে লিফলেট ও মাস্ক বিতরন করা হয়।

নওগাঁ সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর মানিক কুমার সাহা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে র‌্যালীর উদ্বোধন করেন। এ সময় বিএনসিসি নওগাঁ সরকারী কলেজ শাখার দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক মোঃ শামসুল হক, মহাস্থান রেজিমেন্টের সার্জেন্ট শাহিনসহ নওগাঁ সরকারী কলেজের অন্যান্য শিক্ষকবৃন্দ, মহাস্থান রেজিমেন্টের কর্মকর্তাবৃন্দ এবং বিএনসিসি সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।

 

দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ২০ হাজার টাকা ঘোষণা

সিএনবিডি ডেস্কঃ দেশের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা ১২ হাজার টাকা থেকে বাড়িয়ে  ২০ হাজার টাকায় উন্নীত করা হয়েছে এবং ইলেক্ট্রনিক পদ্ধতিতে এই সম্মানী ভাতা সবার কাছে পৌঁছে যাবে বলে ঘোষনা দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে বীর মুক্তিযোদ্ধাদের ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির পিতাকে নির্মমভাবে হত্যার পর বাংলাদেশে মুক্তিযোদ্ধারা অবহেলিত ছিল। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মুক্তিযোদ্ধাদের হারানো সম্মান জাতির কাছে ফিরিয়ে আনতে উদ্যোগ নেয়।

প্রধানমন্ত্রী বলেন, ‘সব মুক্তিযোদ্ধার ভাতা ২০ হাজার করে দেয়ার কথা বলেছি। তবে বীরশ্রেষ্ঠ ও বীর উত্তম ছাড়া, তাদের বিষয়টি ভিন্ন।’

তিনি আরো বলেন, ‘বীর মুক্তিযোদ্ধা অনেকের ঘরবাড়ি নেই। তাদের ঘরবাড়ি করে দিচ্ছি। যাদের ত্যাগে দেশ পেলাম, সেই মুক্তিযোদ্ধাদের ঘরবাড়ি থাকবে না, আমি ক্ষমতায় থাকতে এটা হতে পারে না।’

শেখ হাসিনা বলেন, সেই ভাতা যখন আমরা চালু করি, তখনকার সময়ের প্রেক্ষিতে আমরা মাসিক ৩০০ টাকায় শুরু করেছিলাম, আজকে তা ১২ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। তবে আমি মনে করি, এ সময়ে ১২ হাজার টাকা কিছুই না। আমি ইতোমধ্যে আমাদের কল্যাণ ট্রাস্ট বোর্ডের মিটিং ছিল। এতগুলো ভাগ ভাগ না করে আমি বলেছি, এটা আমার মনে হয় আমাদের মাননীয় মন্ত্রীও ব্যবস্থা নেবেন বা আমরা আমাদের তরফ থেকে নেব। আমরা নিচের যে কয়টা স্লট আছে, সেগুলো এক জায়গায় নিয়ে এসে ২০ হাজার টাকা করেই মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করব।’

তবে এ সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগবে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কারণ বাজেটে সব কিছু ব্যবস্থা করতে একটু সময় লাগবে। তবে এটা আমরা করে দেব।’

তিনি জানান, এখন শহীদ পরিবার মাসে ৩০ হাজার টাকা করে, যুদ্ধাহত পরিবার ২৫ হাজার করে, বীরশ্রেষ্ঠ শহীদের পরিবার ৩৫ হাজার টাকা করে, বীরউত্তম খেতাবধারীরা ৩০ হাজার টাকা করে, বীরবিক্রম খেতাবধারীরা ২০ হাজার টাকা করে এবং বীরপ্রতীক খেতাবধারীরা ১৫ হাজার টাকা করে ভাতা পান।

বিত্তবানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন না করলে বিত্তশালী হতে পারতেন না। মুক্তিযোদ্ধাদের ভালো রাখার জন্য অন্তত আপনারা তাদের পাশে দাঁড়ান। আমিও সরকারিভাবে আমার করণীয় যেটা করছি, করব।’ তিনি বলেন, ‘আজকে আমরা বিজয়ী জাতি হিসেবে সারা বিশ্বে সম্মান অর্জন করেছি। মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করেছি। এজন্য আমাদের অনেক নেতাকর্মীর জীবন বিসর্জন দিতে হয়েছে৷ আমি তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি।’

শেখ হাসিনা বলেন, ‘আজ ১৫ ফেব্রুয়ারি। এদিন সারা দেশে সেনাবাহিনী মোতায়েন করে ভোট করেন খালেদা জিয়া। ২ শতাংশ ভোটও পড়েনি কিন্তু তিনি নিজেকে প্রধানমন্ত্রী দাবি করে বসেন। এটি বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায়। যদিও গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভোট দিতে বাধ্য হন। এতে অনেক মানুষকে জীবন দিতে হয়েছে। আমাদের দলের অনেক নেতাকর্মীরও জীবন দিতে হয়েছে।’

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন, মুক্তিযুদ্ধ সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় কুড়িগ্রাম, গাজীপুর, মৌলভীবাজার, খুলনা, চাঁদপুরসহ বিভিন্ন জেলার উপজেলা থেকে মুক্তিযোদ্ধারা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। তাঁদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। সুত্রঃ বাসস।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআর

উইন্ডোজে পেনড্রাইভ বুটেবল করার সহজ উপায় জেনে নিন

মোঃ মোস্তাফিজুর রহমান, প্রযুক্তি ডেস্কঃ অনেক ধরণের সমসসায় বা কারনে আমাদের অনেক সময় উইন্ডোজ সেটাপ দেওয়ার দরকার পড়ে। কিন্তু ঝামেলাটা হয় তখনি, যখন দেখা যায় সিডি/ডিভিডি রম নেই বা কোনো কারণে নষ্ট। এসব সমস্যার ক্ষেত্রে পেনড্রাইভ, মেমোরি কার্ড কিংবা যে কোন USB সার্পোটেড মেমোরি থেকে উইন্ডোজ সেটাপ দেওয়া সম্ভব।

পেনড্রাইভকে বুটেবল করে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল করা খুবই সহজ। বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে পেনড্রাইভকে বুটেবল করা যায়। তবে সফটওয়্যার ছাড়াও “Command Promot” এর মাধ্যমে খুব সহজেই পেনড্রাইভকে বুটেবল করা যায়। কমপক্ষে ৪ গিগাবাইট অথবা তার চেয়ে অধিক ধারণক্ষমতাসম্পন্ন একটা পেনড্রাইভ হলেই চলবে।

পেনড্রাইভ বুটেবল করার সহজ উপায় জেনে নিন-

  • প্রথমে USB তে pendrive সংযোগ করুন।
  • এরপর “Command Promot” ওপেন করুন। এটি করতে উইন্ডোজের স্টার্ট বাটনে ক্লিক করার পর সার্চ বক্সে cmd লিখলে যে প্রোগ্রামটি আসবে, তাতে রাইট বাটন ক্লিক করে Run as administrator হিসেবে ওপেন করুন, ইউজার অ্যাকাউন্ট কন্ট্রোল ডায়ালগ বক্স এলে Yes চাপুন।
  • এবার “Command Promot” উইন্ডো চালু হলে তাতে diskpart লিখে এন্টার চাপুন (Disk partition open হবে)
  • এরপর লিখুন list disk লিখে এন্টার চাপুন (Disk এর তালিকা দেখাবে)
  • এরপর লিখুন select disk 1 লিখে এন্টার চাপুন (সাধারণত আপনার হার্ডডিস্ক হবে Disk 0, যার সাইজ গিগাবাইটে দেখাবে। নিচেই পাবেন আপনার পেনড্রাইভ Disk 1 অথবা Disk 2 এ রকম, যার সাইজ মেগাবাইট আকারে পাবেন। আপনার পেন ড্রাইভটি সাইজ দেখে Disk 1/ Disk 2 Select করুন)
  • এরপর লিখুন clean লিখে এন্টার চাপুন (এক্ষেত্রে পুর্বের সকল data মুছে গিয়ে Disk পরিষ্কার করবে)
  • এরপর লিখুন create partition primary লিখে এন্টার চাপুন (এতে Disk পার্টিশন তৈরি হবে)
  • এরপর লিখুন format FS=NTFS quick লিখে এন্টার চাপুন (এতে pendrive Format করবে। ফরমেট হতে সামান্য একটু সময় নেবে)
  • এরপর লিখুন active লিখে এন্টার চাপুন (এতে pendrive টি Active হবে)
  • তারপর exit লিখে লিখে এন্টার দিন এবং বের হয়ে আসুন।

ব্যাস, আপনার পেনড্রাইভটি বুটেবল তৈরি হয়ে গেল।

আর যদি উইন্ডোজ দিতে চান তবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সিডি/ভিডিডি (Windows XP/Vista/7/8/8.1/10) থেকে সব ফাইল কপি করে পেনড্রাইভে পেস্ট করে দিন। যে কম্পিউটারে ওএস ইনস্টল করতে হবে, তাতে পেনড্রাইভ প্রবেশ করিয়ে মেশিন চালু করে বুট মেন্যু থেকে পেনড্রাইভ বা রিম্যুভেবল ডিস্ক নির্বাচন করে দিন। ব্যাস উইন্ডোজ ইনস্টলেশন শুরু হয়ে যাবে।

নওগাঁর আত্রাই উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁর আত্রাই উপজেলায় কমিটির মাসিক আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃইকতেখারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক আইন-শৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন আত্রাই থানা অফিসার ইনচার্জ
মোঃ আবুল কালাম আজাদ,আত্রাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি একেএম কামাল উদ্দিন টগর, আত্রাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ হাফিজুর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ বেগম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শ্রী নৃপেন্দ্র নাথ দত্ত দুলাল, বিশা ইউপি চেয়ারম্যান মোঃ- আব্দুল মান্নান মোল্লা,সাহাগোলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুু , মনিয়ারী ইউপি চেয়ারম্যান আল্লা-মা-শেরই বিপ্লব,উপজেলা মুক্তি যোদ্ধা সাবেক কমন্ডার আকতারুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কেএম কাওছার হোসেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন।

 

আজ বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৫তম জন্মদিন

আজ ১৫ ফেব্রুয়ারী বাউল সম্রাট শাহ আবদুল করিমের ১০৫তম জন্মদিন। অসংখ্য জনপ্রিয় বাউল গান ও গণসংগীতের রচয়িতা শাহ আবদুল করিম ১৯১৬ সালের ১৫ ফেব্রুয়ারি সুনামগঞ্জের দিরাই উপজেলার উজানধল গ্রামে জন্মগ্রহণ করেন। 

তবে করোনা মহামারির কারণে জেলা শিল্পকলা একাডেমি প্রতি বছরে জন্মস্থান উজানধল ও সুনামগঞ্জে বিশাল আয়োজনের অনুষ্ঠান করে থাকলেও পরিস্থিতি বিবেচনায় এবার ছোট পরিসরে অনুষ্ঠান আয়োজন করেছে।

শাহ আবদুল করিম বাংলার লোকজ সংগীতের ধারাকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায়। ভাটি অঞ্চলের মানুষের জীবনের সুখ, প্রেম-ভালোবাসার পাশাপাশি তার গানে আছে অন্যায়-অবিচার, কুসংস্কার আর সাম্প্রদায়িকতার বিপক্ষের কথন। গানে গানে তিনি অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে লড়াই করেছেন ধর্মান্ধতার বিরুদ্ধে। মৌলবাদীদের হাতে নানা লাঞ্ছনার শিকার হয়েও এই বাউলের থামেনি গানের মালা চয়ন।  তিনি গানের অনুপ্রেরণা পেয়েছেন ফকির লালন শাহ, পাঞ্জু শাহ ও দুদ্দু শাহর দর্শন থেকে। তিনি লিখেছেন ও সুর দিয়েছেন এক হাজার ৬০০-এর বেশি গান।

বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে/আগে কি সুন্দর দিন কাটাইতাম/গাড়ি চলে না/আমি কূলহারা কলঙ্কিনী/কেমনে ভুলিবো আমি বাঁচি না তারে ছাড়া/ কোন মেস্তরি নাও বানাইছে/কেন পিরিতি বাড়াইলারে বন্ধু/বসন্ত বাতাসে সইগো/আইলায় না আইলায় নারে বন্ধু/ সখী কুঞ্জ সাজাও গোসহ ইত্যাদি অসংখ্য কালজয়ী ও গণজাগরণের গানের রচয়িতা বাউল শাহ্ আব্দুল করিম।

শাহ্ আব্দুল করিম অত্যন্ত সহজ-সরল জীবন যাপন করতেন তিনি। তার বাবা ইব্রাহিম আলী ও মা নাইওরজান। শৈশব থেকেই একতারা ছিল তার সঙ্গী। বাউল ও আধ্যাত্মিক গানের তালিম নেন কমর উদ্দিন, সাধক রসিদ উদ্দিন, শাহ ইব্রাহিম মোস্তান বকসের কাছ থেকে। গানে-গানে অর্ধ শতাব্দিরও বেশি সময় লড়াই করেছেন সমাজের বিভিন্ন কুসংস্কারের বিরুদ্ধে। তিনি ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে প্রেরণা ও গণসংগীত গেয়ে গেয়ে লাখ লাখ তরুণকে উজ্জীবিত করেছেন। দেশের তরফ থেকে পেয়েছেন একুশে পদক।

বাউল শাহ আবদুল করিমের জন্মদিন উপলক্ষে উজানধলের বাড়িতে আজ দুপুরে মিলাদ মাহফিল, শিরনি বিতরণ; সন্ধ্যার পর বসবে বাউল আসর।

এদিকে সুনামগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছেন, শাহ আব্দুল করিমের জন্মবার্ষিকীতে করোনাভাইরাসের কারণে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান করা হবে। আব্দুল করিমের স্মরণে তার গ্রামের বাড়ি উজান ধলে একটি সঙ্গীতালয় একাডেমি করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে উপযুক্ত জায়গা খোঁজা হচ্ছে।

উল্লেখ্য, কিংবদন্তি শিল্পী বাউল সম্রাট শাহ আবদুল করিম ২০০৯ সালের ১২ সেপ্টেম্বর ৯৩ বছর বয়সে মৃত্যুবরণ করেন।

চতুর্থ দফায় ভাসানচরে পৌঁছালো ২০১০ রোহিঙ্গা

নোয়াখালী প্রতিনিধিঃ নোয়াখালীর হাতিয়া’র ভাসানচরে চতুর্থ দফায় পৌঁছেছেন ২ হাজার ১০ জন রোহিঙ্গা। তাদের মধ্যে ৪৮৫ জন নারী , ৫৭৭ জন পুরুষ ও ৯৪৮ জন শিশু রয়েছেন।

আজ সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকাল ১০টার দিকে চট্টগ্রাম বোট ক্লাব থেকে নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে দুপুর ২টার আগে ২ হাজার ১০ জন রোহিঙ্গা ভাসানচরে পৌঁছান।

এর আগে, গতকাল রোববার সড়ক পথে তারা চট্রগ্রাম এসে পৌঁছান। রাতে তাদের বিএএফ শাহীন কলেজ মাঠের অস্থায়ী ক্যাম্পে রাখা হয়। চতুর্থ দফায় ধাপে ধাপে প্রায় ৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে আনা হবে বলে জানা গেছে।

ভাসানচর থানার ওসি মো. মাহে আলম জানান, রোহিঙ্গাদের জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক মেডিকেল পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউজ এ সমবেত করে ব্রিফ প্রদান করা হয়। পরে ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়।

প্রসঙ্গত, এর আগে তিন দফায় কক্সবাজারের বিভিন্ন ক্যাম্প থেকে ৬ হাজার ৬৮৮ জনকে ভাসানচরে স্থানান্তর করা হয়। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

উল্লেখ্য, হাতিয়ায় মেঘনা নদীর বুকে জেগে উঠা ভাসানচরে রোহিঙ্গা স্থানান্তরের জন্য ৩ হাজার ৯৫ কোটি টাকা ব্যয়ে আশ্রয় কেন্দ্র নির্মাণ শেষ হয়। হাতিয়া থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ১৩ হাজার বর্গ কিলোমিটার দ্বীপের এ আশ্রয়ণ প্রকল্পে ১২০টি গুচ্ছগ্রাম রয়েছে। এতে ১ লাখ রোহিঙ্গা বাসযোগ্য করা হয়েছে।

 

শ্রীমঙ্গল প্রেসক্লাবের বিস্ময়কর ঘোষণা

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজার  শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ইমাম হোসেন সোহেল  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে রীতিমত সকলের জ্ঞাতার্থে এক বিস্ময়কর ঘোষণা করেছেন। শ্রীমঙ্গল উপজেলার আওতাধীন কোনো সাংবাদিক মহলের মাঝে থেকে কেউ কোন রকম অনৈতিক ভাবে নাম ভাংগিয়ে  চাঁদা দাবী করলে সাথে সাথে তাকে পুলিশে ধরিয়ে দেওয়ার জন্য ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্পাদককে অবগত করার অনুরোধ জানিয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন।

গত ১৪ই ফেব্রুয়ারি রবিবার উনার ফেসবুক একাউন্টের মাধ্যমে একটি সচেতনতা মূলক ঘোষনায় জানান। শ্রীমঙ্গল প্রেসক্লাব একটি ঐতিহ্যবাহী প্রেসক্লাব এর সম্মান রক্ষায় আমাদের এই উদ্দ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের নামে অনৈতিক কিছু করলে যেন তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দেন অথবা শ্রীমঙ্গল প্রেসক্লাবের নামে মাসিক চাঁদা কেউ আদায় করতে চাইলে তাকে আটক করে প্রশাসনের হাতে তুলে দিন এবং আমাদেরকে তথ্য দিয়ে সহয়তা করুন।

ইমাম হোসেন সোহেল আরো বলেন,শ্রীমঙ্গল প্রেসক্লাবের কার্যকরি কমিটি, সাধারণ সদস্য, সহযোগি সদস্য কোন অবৈধ বালু উত্তলন, জুয়ার বোর্ড, অটোরিকশা এবং সরকার ঘোষিত অবৈধ ব্যবসা থেকে কোন ধরনের মাসিক চাঁদার নাম করে কিছু করলে তথ্য দিয়ে সহযোগিতা করত আহবান করেন। যদি কারো কাছে কোন তথ্য থাকে আমাদেরকে সহযোগিতা করবেন। নাম এবং সব কিছু তথ্য গোপন রাখা হবে তথ্যদানকারীর।

একবার হলেও চেখে দেখুন শাহী মালাই চিকেন

লাইফস্টাইল (রেসিপি) ডেস্কঃ যারা রান্না করে খাওয়াতে ভালোবাসেন তাদের নতুন নতুন রেসিপি ট্রাই করতে অনেক ভালোবাসেন। আর তাই একঘেয়ে চিকেনের পদ থেকে মুক্তি পেতে আজই ঘরে তৈরি করে দেখুন একটু অন্য স্বাদের রেসিপি শাহী মালাই চিকেন। এটি বানানো খুবই সহজ। আর খেতেও দারুন।

তাহলে আর দেরি কেন? পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিন শাহী মালাই চিকেন বানিয়ে।

আজ রইলো শাহী মালাই চিকেন তৈরির রেসিপি- 

বানাতে যা যা লাগবে-

        • হাফ কেজি দেশি চিকেন
        • আধ কাপ টোম্যাটো পিউরি
        • আধ কাপ ঘন দই
        • দেড় চামচ আদা-রসুন বাটা
        • ১/৪ কাপ মুচমুচে ভাজা পেঁয়াজ
        • ১টা চেরা কাঁচা মরিচ
        • ৮-১০টা(কুচনো) পুদিনা পাতা
        • ২ টেবল চামচ ধনেপাতা কুচি
        • ১ চা চামচ মরিচ গুঁড়ো
        • ১/৮ চা চামচ হলুদ গুঁড়ো
        • ১ চা চামচ গরম মশলা গুঁড়ো
        • আধ চা চামচ কসৌরি মেথি
        • ১/৪ কাপ ক্রিম
        • পরিমাণ মতো তেল বা মাখন

গুঁড়ো মশলা –       

        • ১টা তেজ পাতা
        • ২-৩টে ছোট এলাচ
        • ১/৮ চা চামচ শাহী জিরা
        • ১ ইঞ্চি দারচিনি
        • ২-৪ টা লবঙ্গ
        • ১টা জয়িত্রী
        • আধ চা চামচ গোল মরিচ

যে ভাবে বানাবেন –

একটা প্যানে ১ টেবল চামচ তেল গরম করে সব গুঁড়ো মশলা দিন। ভালোভাবে নেড়ে নিয়ে আদা-রসুন বাটা দিয়ে দিন গন্ধ বেরোলে চিকেন দিয়ে মাঝারি আঁচে ৩-৪ মিনিট ভেজে নামিয়ে রাখুন।

এ বার ওই প্যানেই ১ টেবল চামচ তেল দিয়ে টোম্যাটো পিউরি দিয়ে নুন দিয়ে নাড়তে থাকুন। ৪-৫ মিনিট পর আঁচ বন্ধ করুন।
ঠান্ডা হয়ে গেলে ভাজা চিকেন, টোম্যাটো পিউরি, দই, ভাজা পেঁয়াজ, পুদিনা, ধনেপাতা, মরিচ গুঁড়ো ও অর্ধেক গরম মশলা গুঁড়ো দিয়ে একসঙ্গে ম্যারিনেড করে ১ ঘণ্টা ফ্রিজে রেখে দিন।

এ বার কড়াইতে তেল বা মাখন গরম করে চিকেন দিন।

একদম কম আঁচে ক্রমাগত নাড়তে থাকুন। ঢাকনা দিয়ে রান্না হতে দিন যতক্ষণ না চিকেন পুরোপুরি সিদ্ধ হচ্ছে। বাকি অর্ধেক গরম মশলা গুঁড়ো ও কসৌরি মেথি দিন। ঘন ক্রিম দিয়ে গ্রেভি মাখা মাখা করে নামিয়ে নিন। ধনেপাতা কুচি ছড়িয়ে দিন। সুন্দর করে সাজিয়ে পরোটা বা রুটির সাথে পরিবেশন করুন।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

৯ বছর পর এশিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় পেল ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্কঃ ৯ বছর পর এশিয়ার মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। এই টেস্ট সিরিজ জয়ে সন্তুষ্টি প্রকাশ করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট বলেন, এ সিরিজ জয়ই প্রমাণ করে দিয়েছে আমাদের দল নিয়ে যে সব সমালোচনা করা হচ্ছিল, তা সঠিক ছিল না।

তবে এশিয়ার মাটিতে এর আগে বাংলাদেশের বিপক্ষেই সর্বশেষ টেস্ট সিরিজ জয় করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৯ বছর পর তাই ঘটলো। নভেল করোনা ভাইরাসের কারণে নিয়মিত অধিনায়ক জেসন হোল্ডার ও সহ-অধিনায়ক রোস্টন চেজেসহ প্রথম সারির ক্রিকেটারদের অভাবে ক্যারিবিয় দলটিকে ‘আন্ডার ডগ’ হিসেবে বিবেচনা করা হচ্ছিল।

কিন্তু তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পরও ব্র্যাথওয়েট বার বার বলেছেন, দলটির উপর তার পুরো আস্থা রয়েছে। তারা টেস্ট সিরিজ জয় করতে পারবে।

ঢাকায় দ্বিতীয় টেস্টে ১৭ রানে জয়ের মাধ্যমে ২-০ ব্যবধানে সিরিজ জয় নিশ্চিত করার সাথে সাথে দুই ম্যাচ টেস্ট সিরিজে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লজ্জাও দিয়ে দিয়েছে ক্যারিবীয়রা।

টেস্ট ম্যাচ শেষে অধিনায়ক ব্র্যাথওয়েট বলেন, ‘আমাদের কাছে ক্রিকেটই সবকিছু। আমাদের ভক্ত সমর্থকরা গর্বিত হবে। আমাদের বিপক্ষে সবাই লিখে গেছে। তবে আমরা সেটিকে আমলে নেইনি। বরং উপভোগ করেছি। আমরা প্রমাণ করেছি তাদের ধারণা ঠিক ছিল না।’

সফরকারী দলনেতা আরো বলেন, ‘আমি বলতে চাই, এটি দলগত সফলতা। ওয়ানডে দল ভালো করেনি। তবে এখানে আমরা (ভালো করতে) চেয়েছি। আমাদের একটি পরিকল্পনা ছিল। সেটি আমরা উপভোগ করেছি এবং সিরিজটি জয় করেছি।’

ব্র্যাথওয়েট আরও বলেন, ‘২০১২ সালের পর প্রথমবারের মতো এশিয়ার মাটিতে সিরিজ জয় করাটা দারুণ ব্যাপার। আমরা অনেক খেলোয়াড়কে রেখে এসেছি, অতিক্রম করেছি করোনা প্রটোকল। ওয়েস্ট ইন্ডিজ দলের নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়ায় আমি সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাই। ছেলেরা পরিকল্পনার প্রতি অবিচল ছিল, সুশৃঙ্খলভাবে খেলেছে। এদেরকে নিয়ে আমি গর্বিত।’

প্রসঙ্গত, বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই টেস্টের ৪ ইনিংসে একটি ডাবল-সেঞ্চুরির সাথে ২৬১ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন কাইল মায়ার্স। এছাড়া শীর্ষ পাঁচে শেষে তিনজনে রয়েছে বাংলাদেশের তিন ব্যাটসম্যান।

এদিকে সিরিজ সেরা ওয়েস্ট ইন্ডিজের এনক্রুমার বোনার হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। নিজের অভিষেক সিরিজে ২টি হাফ-সেঞ্চুরিতে ৪ ইনিংসে ২৩১ রান করেন তিনি। সিরিজে সেরা পাঁচ ব্যাটসম্যানের মধ্যে তৃতীয় থেকে পঞ্চমস্থানে আছেন বাংলাদেশের তিন ব্যাটসম্যান। তারা হলেন, যথাক্রমে লিটন দাস, মেহেদী হাসান মিরাজ ও অধিনায়ক মমিনুল হক। ২টি হাফ-সেঞ্চুরিতে লিটন দাস ২০০, ১টি করে সেঞ্চুরি ও হাফ-সেঞ্চুরিতে মিরাজ ১৯৮ এবং ১টি সেঞ্চুরিতে ১৮৮ রান করেছেন মমিনুল।

 

হোমনার ঝগড়ারচর প্রবাসী বন্ধু মহলের শাড়ি লুঙ্গি বিতরণ অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন, হোমনা, কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লার হোমনা উপজেলার ঝগড়ারচর প্রবাসী বন্ধু মহল এর আর্থিক অনুদানে প্রতি বছরের ন্যায় অসহায় ও হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি  বিতরণ করা হয়েছে।

আজ রবিবার বিকালে ঝগড়ারচর গ্রামের আওয়ামীলীগের নেতা মো.মনিরুল হক এর পরিচালনায়  ব্যাপক আয়োজনের মধ্যদিয়ে ঝগড়ারচর, কমলপুর,বুধাইর কান্দি, কৃষ্ণনগর, উজানচর গ্রামের প্রবাসীদের সংগঠন “ঝগড়ারচর বন্ধু মহলের উদ্যোগে শাড়ী লুঙ্গি  বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে ঝগড়ারচর গ্রামের ইউপি সদস্য মো.মাতু মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝগড়ারচর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মো. গিয়াস উদ্দিন।

এ সময় আরোও উপস্থিত ছিলেন খোরশেদ আলম কৃষ্ণনগরের মহিউদ্দিন বুধাইর কান্দির  ফয়সাল ও ঝগড়ারচর গ্রামের মহসিন,কালাম ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ঝগড়ারচর বন্ধু মহল প্রবাসী সংগঠনের পক্ষে শাড়ি ও লুঙ্গি  বিতরণে সহযোগিতা করেছেন সংগঠনের কুয়েত প্রবাসী ইয়ামিন, কামরুল,বাছেদ, ইলিয়াস, মালএশিয়া প্রবাসী শফিক, রাসেল, জহির, বাবু, ইটালি প্রবাসী দেলোয়ার, বাহরাইন প্রবাসী মাসুদ, সৌদি প্রবাসী বাঁধন, আলামিন, মেহেদি, জসীম, হাসান, সাইফুল, বুধাইর কান্দি সোহাগ, মহসিন, সুজন, কৃষ্ণনগর কবির, আলমগীর,  সুমন, স্বপন, উজানচর রুবেল, মনির, কমলপুর ইয়াসিন প্রমূখ।

ঝগড়ারচর বন্ধু মহলের উদ্যোক্তা  কুয়েত প্রবাসী কামরুল ইসলাম মুঠোফোনে প্রতিনিধিকে বলেন, দুস্থ্য-অসহায় মানুষের কষ্ট ও তাদের কথা চিন্তা করেই আমরা এই ব্যতিক্রম উদ্যোগ গ্রহন করি। জনস্বার্থে ঝগড়ারচর বন্ধু মহল। অসহায় ও দরিদ্র মানুষের সাহায্যে সকল মানুষের বিপদে পাঁশে থাকা।

প্রবাসীদের উদ্যোগে ঝগড়ারচর  গ্রামের দরিদ্র সুবিধাবঞ্চিত মানুষের মাঝে সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন আয়োজকরা। আলোচনা সভায় বক্তারা, ঝগড়ারচর বন্ধু মহল প্রবাসী সংগঠনের সার্বিক সাফল্য কামনা করে সংগঠনের সেবামূলক কাজের বেশ প্রশংসা করেন।