আফগানিস্তানে ৩০ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে, প্রায় ৫ কোটি ডলারের ক্ষতি

আন্তর্জাতিক ডেস্কঃ ইরান সীমান্তবর্তী আফগানিস্তানের ইসলাম কাল্লা স্থলবন্দরের ভয়াবহ ভয়াবহ বিস্ফোরণের ফলে সৃষ্ট আগুন প্রায় ৩০ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। এ ঘটনায় গ্যাস, ডিজেল ও পেট্রল বহনকারী ৩ শতাধিক যানবাহনসহ প্রায় ৫০০ গাড়ি বিস্ফোরিত হয়ে পুড়ে গেছে এবং অন্তত ৬০ জনের মতো আহত হয়েছেন।

এদিকে হেরাতের প্রাদেশিক কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।

হেরাতের বণিক সমিতির চেয়ারম্যান ইউনুস কাজিজাদে বলেছেন, ইসলাম কাল্লা স্থলবন্দরের পার্কিং-এ প্রায় ৫০০ তেল ট্যাংকার ছিল যার সবই আগুনে ভস্মিভুত হয়েছে। এর ফলে এসব ট্যাংকারের মালিক ব্যবসায়ীদের ৪ থেকে ৫ কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

তিনি এই ভয়াবহ ক্ষতির জন্য আফগানিস্তানের পরিবহন মন্ত্রণালয়ের নয়া নীতিমালাকে দায়ী করেছেন। সম্প্রতি জারি করা এই নীতিমালায় লরি ও ট্যাংকারগুলোকে স্থলবন্দরের কাস্টমস চেকিংয়ের জন্য দুই সপ্তাহ পর্যন্ত পার্কিং-এ অবস্থান করতে বাধ্য করা হয়েছে।

এছাড়া আফগান অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, অগ্নিকাণ্ডের কারণে তাৎক্ষণিকভাবে দু’দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি যাতে পুরোপুরি বন্ধ হয়ে না যায় সেজন্য এ ব্যাপারে বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অন্যদিকে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার কাবুলে প্রকাশিত এক বিবৃতিতে বলেছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী হানিফ আতমার ওই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সময়োচিত পদক্ষেপ নেয়ায় ইরানের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

তিনি আরো বলেছেন, বিস্ফোরণের পরপর ইরান তার সীমান্ত খুলে দেয়ায় অন্তত এক হাজার ট্রাক ইরানে প্রবেশ করে এই অগ্নিকাণ্ডের হাত থেকে রক্ষা পেয়েছে। সেজন্যও তিনি ইরানকে ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার দুপুরে তরল গ্যাসভর্তি একটি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ফলে আগুনের সূত্রপাত হলেও বিস্ফোরণের কারণ জানা যায়নি। কোনো কোনো সূত্র অবশ্য তেল ও তরল গ্যাসভর্তি ট্যাংকারে হামলার আশঙ্কা উড়িয়ে দেয়নি। এসব জ্বালানী ইরান থেকে আমদানি করা হচ্ছিল।

আগুন লাগার পরপরই হেরাত প্রদেশের গভর্নর সাইয়্যেদ ওয়াহিদ কাতালির আবেদনে সাড়া দিয়ে ঘটনাস্থলে ইরান ফায়ারব্রিগেডের ২০ টি ট্রাক ও ২১ টি এ্যাম্বুলেন্স পাঠায় এবং ইরানি অগ্নিনির্বাপনকর্মীদের অক্লান্ত পরিশ্রমের ফলেই গতকাল রোববার শেষ বেলায় আগুন নিয়ন্ত্রণে আসে। সুত্রঃ পার্সটুডে, ডেইলি সাবাহ।

রাণীশংকৈল পৌর নির্বাচনে মেয়র পদে নৌকা প্রার্থী মোস্তাফিজুর বিজয়ী

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে ১৪ ফেব্রুয়ারি গতকাল রবিবার পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মোস্তাফিজুর রহমান (নৌকা প্রতীক) ২৮০৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এদিকে তার নিকটতম প্রার্থী হলেন মোকাররম হোসেন (ইস্ত্রি) পেয়েছেন ২৩৭১ ভোট। বর্তমান মেয়র আলমগীর সরকার (ক্যারামবোর্ড) ২৩২১ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

সংরক্ষিত আসনে মহিলা কাউন্সিলর নির্বাচিত  হলেন হালিমা আক্তার ডলি ১৮৭৩ ভোট, মনোয়ারা বেগম ১৬৩৫ ভোট, কামরুন্নেসা ১৫৫৫ ভোট ।

নির্বাচিত পুরুষ কাউন্সিলরা হলেন ১নং ওয়ার্ড- নূর আলম ৬৪৭ ভোট,২ নং ওয়ার্ড- জুয়েল রানা ১০২৮ ভোট,৩ নং ওয়ার্ড – ইসাহাক আলী ৬৭৮ ভোট ,৪ নং ওয়ার্ড-  মতিউর রহমান ৩৪৮ ভোট, ৫ নং ওয়ার্ড- আবু তালেব ৮২৯ ভোট,৬ নং ওয়ার্ড- আঃ রাজ্জাক ৩৬৭ ভোট, ৭ নং ওয়ার্ড – রুহুল আমিন ৩৯১ ভোট,৮ নং ওয়ার্ড – শরিফুল ইসলাম ৭৬২ ভোট,৯ নং ওয়ার্ড-  মিঠুন রানা ৪৫৯ ভোট ।

প্রসঙ্গত,  এ পৌর সভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২, মোট প্রদত্ত ভোট ১১৭১৬ । মেয়র প্রার্থী ছিলেন ১২ জন ও কাউন্সিলর প্রার্থী ছিলেন মোট ৪৫ জন । দু’একটি ছোট বিছিন্ন ঘটনা বাদে সম্পূর্ণ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার উপজেলা নির্বাচন কনট্রোল রুম থেকে রিটার্নিং কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

 

দিন দুপুরে মহিলার ৫৫ হাজার টাকা ছিনতাই

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধিঃ শ্রীমঙ্গলে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক মহিলার ৫৫ হাজার টাকা ছিনতাই এর ঘটনা ঘটেছে।

আজ রোববার বেলা সোয়া ১১ টার দিকে শহরের ব্যস্ততম চৌমহুন এলাকার সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ছিনতাই এর শিকার মহিলা উপজেলার পশ্চিম লইয়ারকুল গ্রামের ছব্বত আলী স্ত্রী রঙ্গিলা খাতুন (৫৫) ।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানায় অভিযোগ করা হয়েছে। থানা পুলিশের পক্ষে ছিনতাইকারীদের সনাক্তে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ পর্যবেক্ষনের প্রক্রিয়া চালাচ্ছে।

ছিনতাইয়ের শিকার মহিলার ছেলে জাতীয় দৈনিক ভোরের দর্পন ও সিলেট থেকে প্রকাশিত দৈনিক একাত্তর কথা পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি মো. জামাল মিয়া বলেন, রোববার বেলা ১১ টা ২০ মিনিটের দিকে ইসলামী ব্যাংক থেকে ৫৫ হাজার টাকা উত্তোলন করেন তার মা। পরে টাকার ব্যাগ নেয় বাড়ি ফেরার পথে পায়ে হেঁটে চৌমহুনা যাবার পথে গালস্ স্কুলের সামনে এলে ২ ছিনতাইকারী পেছন থেকে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দৌঁড়ে পালিয়ে যায়।

শ্রীমঙ্গল থানার এসআই জাকির হোসেন জানান, ছিনতাইকারীদের সনাক্ত করতে ঘটনাস্থলের আশেপাশের সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই চলছে।

তিনি বলেন, আশা করছি খুব শিঘ্রই ছিনতাইকারীদের সনাক্ত ও আটক করা সম্ভব হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়লো

শিক্ষা ডেস্কঃ চলমান মহামারি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার কারনে শিক্ষা প্রতিষ্ঠানে পুনঃপুনঃ ছুটি ঘোষণা করা হচ্ছে। আবারো আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত কওমি ছাড়া দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়েছে।

আজ রবিবার (১৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ রবিবার পর্যন্ত দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ছিল। তবে করোনা পরিস্থিতি বিবেচনা করে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি বাড়ানো হলো।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৭ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। আর কয়েক ধাপে বাড়ানোর পর  ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত ছুটি ছিল। আজ আবার এই ছুটি বাড়ানো হল। তবে ছুটি চলাকালে অনলাইন শিক্ষা কার্যক্রম চলমান থাকবে।

উল্লেখ্য, করোনার কারণে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও প্রাথমিকের অন্যান্য শ্রেণিগুলোয় পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে তুলে দেওয়া হচ্ছে।আর মাধ্যমিকের ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত অ্যাসাইনমেন্ট দিয়ে মূল্যায়ন করা হচ্ছে শিক্ষার্থীদের।

অন্যদিকে, উচ্চশিক্ষা স্তরে স্বাস্থ্যবিধি মেনে অনার্স ও মাস্টার্সের চূড়ান্ত পরীক্ষা নিতে অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান

ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের অন্ধ্রপ্রদেশে বাস-ট্রাকের সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছে। আজ রোববার (১৪ ফেব্রুয়ারী) সকালে অন্ধ্রপ্রদেশের কুরনুলের ন্যাশনাল হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন ৪ জন। চিকিৎকরা বলেছেন তাদের অবস্থাও আশঙ্কাজনক। খবর- এনডিটিভি।

রাজ্যের কুরনুল জেলার ভেলদুর্তি মন্ডলের মাদারপুর গ্রামের কাছে ওই দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আধার কার্ড এবং ফোন নাম্বারের ওপর ভিত্তি করে পুলিশ হতাহতদের বিস্তারিত তথ্য জানার চেষ্টা করছে।

কুরনুলের পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনার সময় বাসে ১৮ জন যাত্রী ছিলেন। কুরনুল থেকে ২৫ কিলোমিটার দূরে রোববার ভোর ৪টার সময় ওই দুর্ঘটনা ঘটেছে।

ওই পুলিশ কর্মকর্তা জানান, মাদানাপাল্লি থেকে রাজস্থানের চিত্তর জেলার দিকে যাচ্ছিল ওই বাসটি। দুর্ঘটনার সময় বাসের ভেতরেই অনেকের মৃত্যু হয়েছে। মরদেহ বাস থেকে উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। দুর্ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ। চালক ঘুমিয়ে পড়েছিলেন কীনা বা টায়ার বিস্ফোরণ অথবা নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে কীনা তা খতিয়ে দেখা হচ্ছে।

ওই সড়ক দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় জানিয়েছেন, এ ক্ষতি অপূরণীয়। অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী জগন মোহন রেড্ডি ওই দুর্ঘটনায় হতাহতদের ব্যাপারে শোক জানিয়েছেন। পাশাপাশি, সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্ধার এবং ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর কয়েকদিন আগেই, অন্ধ্র প্রদেশের বিশাপতনমে একটি পর্যটকবাহী বাস খাদে পড়ে ৪ জনের মৃত্যু হয়েছিল।  এনডিটিভি। 

মৌলভীবাজারে বিএনপি’র বিক্ষােভ মিছিল

তিমির বনিক, মৌলভীবাজারঃ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭১ সালে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে সরাসরি অংশগ্রহন ও অসামান্য অবদানের জন্য তৎকালীন সরকার কর্তৃক প্রদত্ত বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ কর্মসূচী পালিত হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আজ রবিবার সকালে শহরে বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বিক্ষোভ চলাকালে বিএনপির নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খেতাব বাতিলের মতো একগুয়েমি সিদ্ধান্ত থেকে সরে আসতে সরকারের প্রতি দাবী জানান। এসময় তারা হুশিয়ারি দিয়ে বলেন, জিয়া খেতাব কারো করুনা ফসল নয়। ৭১ এর স্বাধীনতা যুদ্ধে অসামন্য বীরত্বপূর্ণ ভূমিকা পালনে তাঁকে বীরউত্তম খেতাব দেয়া হয়েছে। মুক্তিযোদ্ধা কাউন্সিল এই খেতাব দেয়নি তাদের অধিকারও নেই তা কেড়ে নেয়ার। আর সেটা করা হলে দেশের মানুষ তা মেনে নেবে না।

বেনাপোলে ট্রাকচাপায় সাংবাদিক লোকমান হোসেন নিহত

মোঃ মোস্তাফিজুর রহমান, সিএনবিডি ডেস্কঃ যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাকের চাপায় সাংবাদিক লোকমান হোসেন রানা (৩৫) নিহত হয়েছেন। আজ রোববার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৪টায় উন্নত চিকিৎসা নিতে ঢাকায় যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহির রাজিউন।

নিহত সাংবাদিক লোকমান হোসেন রানা বেনাপোল পোর্ট থানাধীন কাগজপুকুর এলাকার আব্দুর সামাদের ছেলে।

এর আগে, গতকাল শনিবার (১৩ ফেব্রুয়ারী) সন্ধ্যা ৬টার দিকে ব্যবসায়িক কাজ শেষে রানা মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরার সময় বেনাপোল স্থলবন্দর সড়কে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিলে সে গুরুতর জখম হয়। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর হাসপাতালে নেয়। কিন্তু তার শারিরীক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিলে এ্যাম্বুলেন্স যোগে ঢাকা যাওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরনে আজ ভোরে তিনি পথিমধ্যে মারা যান।

উল্লেখ্য, সাংবাদিক লোকমান হোসেন সিএন্ডএফ এজেন্ট মাহিবি এন্টার প্রাইজের স্টাফ ছিলেন। ব্যবসার পাশাপাশি ডিজিটাল বাংলা নিউজ’র যশোর প্রতিনিধি হিসেবে কাজ করছিলেন। তিনি বার্তা বাজার পত্রিকার বেনাপোল প্রতিনিধিও ছিলেন। তাঁর এই অকাল মৃত্যুতে ডিজিটাল বাংলা নিউজের পরিবার গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

এছাড়া, সাংবাদিক লোকমান হোসেন এর অকাল মৃত্যুতে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল পরিবারবর্গ গভীর শোক প্রকাশ করেছে।

 

পটিয়াতে নির্বাচনি সহিংসতায় একজন নিহত

পটিয়াতে নির্বাচনি সহিংসতায় একজন নিহতের ঘটনা ঘটে। নিহতের নাম আব্দুল মাহবুদ(৪৫)।
জানা যায়, পটিয়া উপজেলার ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি সহিংসতায় সে নিহত হয়। সে ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী আব্দুল মান্নানের ছোট ভাই।
নিহতের স্বজনরা জানায়, পটিয়া উপজেলা ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সরোয়ার হোসেন রাজিব কর্মিরা তাকে নিহত করে। এই বিষয়ে তারা থানায় মামলা করে। এবং তারা প্রধানমন্ত্রীর কাছে এর সুষ্ঠ বিচার আশা করছেন।

প্রাথমিক শিক্ষক সুরঞ্জিতের প্রেম -প্রতারণা, বিয়ে ও অবৈধ সম্পর্ক প্রতারণার শিকার হয়ে ন্যায়বিচারের আশায় শিল্পী

 তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসহায়  মহিলা প্রতারণার স্বীকার হয়ে ন্যায় বিচারের আসায় বিভিন্ন জায়গাতে ঘুরেও সুফল না পেয়ে অবশেষে মৌলভীবাজার জেলা দায়েরা জজ কোর্টের সরনাপন্ন।

অসম প্রেম যেনো কাল হয়ে গেলো শিল্পীর জীবনে অল্প বয়সে হিন্দু রীতি মেনে বিয়ে হয়েছিলো আজমিরগঞ্জের শংকর কুরীর সাথে। সুখের সংসারে বিয়ের ৩ বছরের মাথায় কুল জুড়ে আসে এক কন্যাশিশু। স্বামী ছিলেন আমেরিকা প্রবাসী, সুখেই চলছিলো সংসার। হঠাৎ সে সংসারে নেমে এলো অমাবস্যার অন্ধকার। ছোট বোনের বিয়েতে শশুড় বাড়ি থেকে বাপের বাড়ি আসার পরই স্বামী শংকর আমার অজান্তে চলে যান ভারতে। আর কেউ খোঁজ খবর নেয় না, শিশু সন্তানকে নিয়ে পড়েন জীবনযুদ্ধে,কঠিন বাস্তবতার মুখোমুখি।  আর সে সময়ই শিল্পির জীবনে আসে এক অচেনা লোক, যিনি দুর্বল অবস্থায় সহযোগীতা করার ছোঁতায় পরিচয়ের এক পর্যায়ে প্রেম নিবেদন করে বসেন।স্বামী নিরুদ্দেশ অন্যদেশে, একাকী জীবনে ভরসার জায়গা তৈরী হবে ভেবে বিনিময় করে ফেলেন মন। বিয়ে করে ভিটেবাড়িতে তোলার কথা বলে গভীর প্রেমের প্রণয়ে মত্ত হয়ে পড়েন শিল্পী কুরী ও সুরঞ্জিত সোম।

মামলা সুত্রে ও শিল্পী কুরীর সংবাদ সম্মেলনে অভিযোগের বরাতে জানা যায়, একপর্যায়ে শিল্পী কুরী (রিতা) সুরঞ্জিতের প্রেমের ফাঁদে পড়ে তার প্ররোচনায় স্বামী শংকরের সাথে আদালতের মাধ্যমে বৈবাহিক সম্পর্কের ইতি ঘটান। ২০০৯ সালে সুরঞ্জিত রিতাকে বিয়ে করেন, তবে জাতপাতের ছোঁতায় নববিবাহিত স্ত্রীকে নিয়ে উঠাননি পিতৃগৃহে। ঘরে তোলার প্রতিশ্রুতি দিয়ে কালক্ষেপন করতে থাকেন আর স্ত্রী ও সাথে থাকা শিশুসন্তানকে নিয়ে থাকতেন পর্যায়ক্রমে শহরতলীর উকিলবাড়ি ও সুরভীপাড়া এলাকায় ভাড়া বাসায়। হিন্দু এই নারী সুরঞ্জিতের ছলনা বুঝতে পারেননি তখনো। পিতার অসুখের কথা বলে স্ত্রীর সাথে রাত্রিযাপন করতেন না, দিনে শিক্ষকতার পেশা ফাঁকি দিয়ে এসে সময় কাটাতেন বাসায়। বিষয়টি বাসার মালিকও আঁচ করতে পেরেছিলেন। কিন্তু, এরপর প্রতারণায় নেশায় পেয়ে বসে বিয়ের তিন মাসের মাথায়ই ব্যাংক থেকে ঋণ তোলার মিথ্যে কথা বলে স্ট্যাম্পে স্বাক্ষর নেন স্ত্রী শিল্পীর আর তা দিয়েই পরবর্তীতে তৈরী করেন ডিভোর্স লেটার। আর এভাবে ছলনা করেই চতুর সুরঞ্জিত ভোগ করতে থাকে রীতাকে। একপর্যায়ে স্ত্রী রীতাকে সংসারে অতিরিক্ত আয় – উপার্জনের জন্য চাপ দেয় সুরঞ্জিত, পরিবারে স্বচ্ছলতা আনয়নের কথা বলে ‘হাউজ মেইড’ হিসেবে স্ত্রী’কে পাঠিয়ে দেয় মধ্যপ্রাচ্যে। আর রীতা সেখানে যাওয়ার ৩/৪ মাস পরই বন্ধ করে দেয় সকল প্রকার যোগাযোগ।

প্রায় ২ বছর পর রীতা দেশে ফিরে আসলে কৌশলে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে আর ঘরে তুলতে চায় না সুরঞ্জিত।সামাজিক নেতৃর্স্থানীয়দের সাথে যোগাযোগ করেও বিষয়টির সুরাহা না হলে, চালচুলোহীন এই নারী শিশু সন্তানকে নিয়ে পড়েন মহাবিপাকে। ভাইয়ের আশ্রয়ে থেকে স্ত্রী’র অধিকার ফিরে পাবার প্রচেষ্টায় মৌলভীবাজার আদালতের (মামলা নং-২৫৮/১৭) স্মরনাপন্ন হন তিনি। অসহায় ও গরীব এই নারীর পক্ষে লিগ্যাল এইডের সহায়তায় আদালতে দাঁড়ান মৌলভীবাজারের বিজ্ঞ কৌশলী ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এএসএম আজাদুর রহমান ও আমিনুর রহমান পংঙ্খী। মামলা দায়েরের পরই জাম্বুরাছড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুরঞ্জিত সোমকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রাথমিক শিক্ষা বিভাগ। মামলা চলাকালে সুরঞ্জিত বিয়ের ৩ মাসের মাথায় স্ত্রীর ডিভোর্স প্রদানের বিষয়টি আদালতকে দেখালে মাথায় আকাশ ভেঙে পড়ে শিল্পীর, যদিও হিন্দু আইনে ‘ডিভোর্স’ আইনসিদ্ধ নয় বলেই বিশেষজ্ঞ মহল মনে করেন। বিচারিক কার্যক্রমের একপর্যায়ে আদালতে সুরঞ্জিতের প্রতারণার বিষয়টি প্রকাশ পায়। মাননীয় আদালতের নির্দেশনা ছিলো স্ত্রী’কে সাথে করে সংসার জীবন শুরু করার। সে আদালত থেকে শিল্পিকে নিয়ে বের হয়ে মাঝপথে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়, পরবর্তীতে শিল্পি বিষয়টি আদালতকে অবহিত করলে ‘ আদালতের নির্দেশ অমান্যের’ দায়ে মৌলভীবাজার জেলে ৪ দিনের সাজা ভোগ করে।

বিষয়টি গণমাধ্যমকে অবহিত করেন প্রতারণার শিকার হওয়া শিল্পী কুরী। এরপরও সে ক্ষান্ত হয়নি সে। সুত্রের খবর, বাসার কাজের মহিলা মিনুর সাথে রয়েছে তার অবৈধ ও অন্তরঙ্গ সখ্যতা – তা জানতে পেরে সম্প্রতি শিল্পী কুরী শ্রীমঙ্গল থানায় অভিযোগ দাখিল করেন। আর সে অভিযোগের প্রেক্ষিতেই  শ্রীমঙ্গল থানা – পুলিশ অভিযান চালিয়ে তার ভাড়া বাসায় গিয়ে প্রায় দু’ঘন্টা চেষ্টার পর স্থানীয় পৌরসভার কমিশনারের উপস্থিতিতে ঘরের ভেতরের বাথরুমে লুকিয়ে থাকা অবস্থায় পেয়ে যায় মিনুকে। এরপর পুলিশ বাসার মালিক ও কমিশনারের জিম্মায় এ নারীকে দিয়ে আসে। পরবর্তীতে এই কাজের মহিলা কাজ ছেড়ে দিয়ে চলে যায়।

এ ব্যাপারে স্থানীয় কমিশনার মো. ছাদ উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘বিষয়টি আমার জানা রয়েছে, আমি সুরঞ্জিতের যোগাযোগ করতে ব্যর্থ হয়েছি। সে বাসায়ও নেই।

এ ব্যাপারে সুরঞ্জিত সোমের বক্তব্য জানতে তার ব্যক্তিগত ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার ফোন করা হলে মুঠোফোন খোলা পাওয়া যায়, তবে তিনি কল রিসিভ করেননি।

উল্লেখ্য, রোববার (১৪ ফেব্রুয়ারী) এই মামলায় রায়ের দিন ধার্য করা হয়েছে বলে জানা গেছে। ন্যায় বিচারের জন্য আদালতের কার্যক্রম চালিয়ে যাবে শিল্পী।

ভারতের তামিলনাড়ুতে কারখানার আগুনে নিহত ১৬

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের তামিলনাড়ু প্রদেশের বিরুধুনগরে এক আতশবাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৯ জনে দাঁড়িছে। এ ঘটনায় আহত হয়েছে ৩০ জনের বেশী। খবর-ইন্ডিয়া টিভি। 

আজ শনিবার (১৩ ফেব্রুয়ারি) ইন্ডিয়া টিভি’র এক প্রতিবেদন থেকে এ বিষয়ে জানা গেছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী, রাজ্যপাল বানওয়ারিলাল পুরোহিত, কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী এবং ডিএমকে সভাপতি এম কে স্ট্যালিন এই মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

প্রদেশটির মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতদের পরিবারদের ৩ লাখ টাকা করে আর্থিক সাহায্য দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া গুরুতর জখমদের ১ লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবারকে ১ লাখ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, বাজি তৈরি করার সময় কিছু রাসায়নিক মেশানোর সময় এ দুর্ঘটনা ঘটেছে। কারখানাটি বিরুধুনগর তামিলনাড়ুর রাজধানী চেন্নাই থেকে ৫০০ কিলোমিটার দূরে অবস্থিত। দুর্ঘটনার পরই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে ঘটনাস্থলে আসে। আহতদের হাসপাতালে নেয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী জানিয়েছেন, আহতদের চিকিৎসার জন্য কর্তৃপক্ষ ও স্বাস্থ্য বিশেষজ্ঞদের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া মৃতদের পরিবারের কাছে খবর জানানোর জন্য স্থানীয় প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংগ্রাহকদের এ জাতীয় ইউনিটগুলিতে পর্যায়ক্রমিক চেক করা উচিত। আর আগামী গ্রীষ্মের মরসুমকে সামনে রেখে কারখানার নিরাপত্তা ব্যবস্থা আরো ভালোভাবে গ্রহণ করা উচিত, তবে উচ্চ তাপমাত্রা ইঙ্গিত দিচ্ছে যে একই ধরণের দুর্ঘটনা আরো ঘটতে পারে। সুত্রঃ ইন্ডিয়া টিভি।