হাতিবান্ধায় গরু চুরির অভিযোগে মুক্তিযোদ্ধাকে নির্যাতন, থানায় মামলা দায়ের

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : স্বাধীনতার এত বছর পরেও বাঙ্গালী জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধাদের উপর নির্যাতনের খবর নতুন নয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে বীর মুক্তিযোদ্ধা নির্যাতনের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। নির্যাতনের ঘটনাটি ঘটেছে লালমনিরহাটের হাতিবান্ধায়।

জেলার হাতীবান্ধায় মুক্তিযোদ্ধার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে আকবর আলী ধনী নামে বীর মুক্তিযোদ্ধা কমান্ডার কে বাড়ি থেকে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগে মামলা হয়েছে ইউপি চেয়ারম্যান মহির উদ্দিনের বিরুদ্ধে। এর আগেও চেয়ারম্যানের ওই বাড়িতে এক যুবককে তুলে নিয়ে গিয়ে নির্যাতনের পর ইয়াবা দিয়ে ফাঁসানোর চেষ্টার অভিযোগে মামলা হয়েছিলো চেয়ারম্যান এর ছোট ভাই ও তার ছেলের বিরুদ্ধে যেটা আদালতে বিচারাধীন রয়েছে। তবে মুক্তিযোদ্ধাকে নির্যাতনের ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন স্থানীয় মাতব্বরা বলে অভিযোগ উঠেছে।

গত শনিবার ৬ ফেব্রুয়ারি মুক্তিযোদ্ধা বাদী হয়ে রাতে চেয়ারম্যানের নাম উল্লেখ করে থানায় লিখিত অভিযোগ করেছেন বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনী। শনিবার সকালে হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের জাওরানী এলাকায় এ ঘটনা ঘটে।নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনী উত্তর জাওরানী গ্রামের বাসিন্দা। তিনি ভেলাগুড়ি ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার। অভিযুক্ত মহির উদ্দিন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।

বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনী (বামে) এবং অভিযুক্ত মহির উদ্দিন ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ডানে)

নির্যাতিত মুক্তিযোদ্ধা, এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, মুক্তিযোদ্ধার ছেলের বিরুদ্ধে গরু চুরির অভিযোগ তুলে বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনীকে নিজ বাড়ি থেকে চৌকিদার ও চেয়ারম্যান তার বাসায় তুলে নিয়ে যায়। এরপর চেয়ারম্যান ও চৌকিদার ওই মুক্তিযোদ্ধাকে চেয়ারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে রাখেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি হলে মুক্তিযোদ্ধার হাতের বাঁধন খুলে দেওয়া হয়।

নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক প্রতক্ষ্যদর্শিরা বলেন, বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনীকে চেয়ারের সাথে দড়ি দিয়ে বেঁধে রাখে। পরে লোকজন ভিড় করলে তার হাতের বাঁধন খুলে দেওয়া হয়।

স্থানীয় কয়েকজন সাংবাদিকের সামনে নির্যাতনের বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন বীর মুক্তিযোদ্ধা আকবর আলী ধনী। এ সময় তিনি বলেন,আজকে এই দিন দেখার জন্য কি জীবন বাজী রেখে পাকিস্তানি শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম? আজকে চেয়ারম্যান ও চৌকিদার জোরপূর্বক আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে চেয়ারের সাথে বেঁধে রাখে। আমি লজ্জায় মাথা নিচু করে বসে থাকি,কি বা করার ছিলো আমার,আমি এর সঠিক বিচার চাই।

অভিযোগের বিষয়ে ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহির উদ্দিন বলেন, মুক্তিযোদ্ধাকে কোন মারধর করা হয়নি। তার ছেলে গরু চোর সেজন্য তাকে ডেকে বিচারের কথা বলা হয়েছিল। মুক্তিযোদ্ধাকে চেয়ারের সাথে বেধে রাখার বিষয় এবং তিনি একজন আওয়ামীলীগ কর্মী ও নৌকা মার্কায় নির্বাচিত চেয়ারম্যান হয়ে কিভাবে এরকম জঘন্য কলঙ্কজনক কাজ করলেন সেগুলোর বিষয়ে জানতে চাইলে তার উত্তরে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষের একটি মহল এসব বিষয়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।

ঘটনার বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম বলেন,আজ রোববার সকালে অভিযোগ পাওয়া গেছে। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো। তিনি আরো বলেন বিষয়টি বাঙ্গালী জাতি হিসাবে আমাদের জন্য কলঙ্কজনক সেহেতু গভীর তদন্ত শেষে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

অভিযোগের বিষয়ে সত্যতা নিশ্চিত করে লালমনিরহাটের পুলিশ সুপার আবিদা সুলতানা মোবাইল ফোনে বলেন,ঘটনাটি ওসির মুখে শুনেছি। তদন্ত চলমান রয়েছে। ঘটনা ঘটার এবং অভিযোগের ২৪ ঘন্টা অতিবাহিত হওয়ার পরেও অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি এমন প্রশ্নের উত্তরে বলেন তদন্ত চলমান রয়েছে,তদন্ত প্রতিবেদন হাতে পেলে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে আশ্বস্ত করেন।

গতকাল রোবার সন্ধা সাড়ে সাতটা পর্যন্ত তদন্ত শেষে হয়নি এবং কোন ব্যবস্থা নেননি অভিযোগের প্রায় ২৪ ঘন্টা অতিবাহিত হয়েছে এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, এখনো তদন্ত চলছে।

রায়পু‌রে নি‌খোঁজ প্রবাসীর লাশ উদ্ধার

মোঃ জহির হো‌সেন, লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুর জেলার রায়পু‌রে নি‌খোঁজ প্রবাসীর লাশ উদ্ধার কারা হ‌য়ে‌ছে। জানা যায় নিহত প্রবাসী গত শুক্রবার নি‌খোঁজ হন। প‌রে গেল শনিবার রাতে রায়পুর উপজেলার উদমারা গ্রামের ৫নং ওয়ার্ড স্বাামী পরিত্যক্তা নয়ন বেগমের ঘর থেকে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে।

নিহ‌ত আতাউর রহমান জুটন (৪০)

নিহ‌তের নাম আতাউর রহমান জুটন (৪০) তি‌নি ফ্রা‌ন্সে থাক‌তেন ব‌লে জানা যায়। নিহতের বাড়ি  রায়পুর উদমারা টাকুয়ার চর। নিহত আতাউর রহমান জুটন  উপজেলার দক্ষিণ চর আবাবিল ইউনিয়নের ২নং ওয়ার্ডের মোকলেছুর রহমান ছেলে এবং ফ্রান্স প্রবাসি। সৃষ্ট ঘটনায় পুলিশ নয়ন বেগমকে আটক করে।

স্থানীয়রা জানান, হঠাৎ করে পরিবারের লোকজন ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটন এর কোনও খবর না পেয়ে রায়পুর থানায় জিডি করেন। এ ঘটনায় নিয়ে তাদের পরিবারের লোকজন দুশ্চিন্তায় ছিলেন। একদিন পর পাশের গ্রামে এসকান্দার বাড়ির  নয়ন বেগমের বিল্ডিং থেকে মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয় বলে জানায় পুলিশ। জমিসংক্রান্ত বিরোধে এটা প্রতিপক্ষ লোকজন পরিকল্পিত হত্যা করতে পারে দাবী করেছে নিহতের পরিবারের।

রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, ফ্রান্স প্রবাসী আতাউর রহমান জুটন নিখোঁজ জিডির একদিন পর শনিবার রাতে পুলিশ টাকুয়ার চর নয়ন বেগমের বিল্ডিং থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য গতকাল রোববার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পরে জানা যাবে হত্যা না অন্য কিছু। সেই বিষয়ে তদন্ত চলছে।

বাঞ্ছারামপুর হযরত শাহ্ নবাব ডেইরি ফার্মে ২ দিনে ১১ গরুর মৃত্যু, অসুস্থ ১৫

মো.নাছির উদ্দিন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার সেকের কান্দি গ্রামের হযরত শাহ্ নবাব ডেইরি ফার্মে ২৪ ঘন্টায়  ব্যবধানে ১১টি গরু মারা গেছে।

এ ঘটনায় গতকাল খামার মালিক মো.বাবুল মিয়া বাঞ্ছারামপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তবে ডায়েরিতে কাউকে সন্দেহ বা অভিযুক্ত করা হয়নি।

গত শনিবার সকাল থেকে গতকাল রবিবার সকাল এর মধ্যে এক এক করে ১১টি গরুর মৃত্যু হয় বলে খামার মালিক গণমাধ্যমকে  জানিয়েছেন।

হযরত শাহ্ নবাব ডেইরি ফার্মের মালিক মো.বাবুল মিয়া জানান, তার খামারে অস্ট্রেলিয়ান ফিজিয়ান ছোট বড় মিলিয়ে ২৬ টি গরু ছিল। শুক্রবার রাতে আমি বাড়ীর পাশে মাদ্রাসায় ওয়াজ মাহফিলে চলে যাই, সকালে এসে ফার্মে দেখি ৬টি গরু মরে পড়ে আছে। এভাবে রবিবার দুপুর পর্যন্ত এক এক করে ১১টি গরু মারা যায়। ১৫টি গরু অসুস্থ আর ১টি গরু নাকে মুখে রক্ত আসছে অবস্থা আশাংকাজনক।

বাবুল মিয়া কান্না জড়িত কন্ঠে  বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং উদ্যোক্তার যৌথ মালিকানায় প্রতিষ্ঠিত একটি কম্পানি, ইইএফ ইউনিট বাংলাদেশ ব্যাংক ও ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ (আইসিবি) সোনালী ইনভেস্টমেন্ট লিমিটেড এর থেকে ১ কোটি ১২ লাখ টাকা এনেছি, ২০১৭ সালে ও  এক এক করে ৩৬টি গরু মারা যায়। গরুগুলো মারা যাওয়ার কারণে মানুষের কাছ থেকে ধার-দেনা করে আবারো ২৬টি গরু কিনেছি। এখন আবারো ১১টি গরু মারা গেছে, বাকী গরুগুলো অসুস্থ আমি এখন পথের ফকির।

তবে লক্ষণ দেখে ধারণা করা হচ্ছে, শত্রুতার জেরে খাবারে বিষ দিয়ে রাখা হয়েছিল। ওই খাবার খেয়েই গরুগুলো মারা গেছে।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহমেদ বলেন, খবর পেয়ে আমি সেখানে গিয়েছিলাম। বিষয়টি আমরা তদন্ত করছি। দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসির উদ্দিন সরোয়ার বলেন, এটা খুবই কষ্টের বিষয়। প্রানিসম্পদ কর্মকর্তাকে বলেছি মারা যাওয়া গরুগুলোর ময়নাতদন্ত করতে।

উপজেলা প্রাণিসম্পদ কার্যালয়ের অফিসার জানিয়েছেন, মৃত গরুগুলোর ময়নাতদন্ত এবং ঘাস ও মলমূত্র পরীক্ষা করা হচ্ছে, আর ঠিক কী কারণে মারা গেছে তা রিপোর্ট আসলে বলা যাবে।

মুরাদনগর উপজেলায় বয়স্কদের মধ্যে প্রথম ভ্যাকসিন নিলেন মিহির লাল আচার্য্য

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলা হাসপাতালে করোনার ভ্যাকসিন গ্রহণ করছেন মিহির লাল আচার্য্য(বয়স:৬৪)উপজেলা শিক্ষা অফিসার (অবসরপ্রাপ্ত) বানিয়াচং,হবিগঞ্জ।

গতকাল রবিবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টা ৪৫ মিনিটে  মুরাদনগর  হাসপাতালের ভ্যাকসিন বুথে তিনি ভ্যাকসিন গ্রহণ করেন। এরপর একে একে ভ্যাকসিন নেন সকল পেশার নাগরিক।

ভ্যাকসিন নেওয়ার পর তিনি বলেন, আমি ১১টা ৪৫ মিনিটে ভ্যাকসিন নিয়েছি। শরীর ঠিকই আছে। কোনও ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। এর আগে আমি অনেক টিকা নিয়েছি। করোনা ভ্যাকসিন ওই সব টিকার মতোই মনে হচ্ছে। তাই এই ভ্যাকসিনকে নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

আব্দুস শহিদ এমপি ১ম ভ্যাকসিন নিয়ে উদ্বোধন করলেন টিকা দান কর্মসূচী

তিমির বনিক, মৌলভীবাজারঃ আজ রোববার (৭ ফেব্রুয়ারী) শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের ভ্যাকসিন প্রদানের উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা সাবেক চীপ হুইপ উপাধ্যক্ষ ডা. আব্দুশ শহীদ এমপি।উপাধ্যক্ষ ডা.আব্দুশ শহীদ এমপি নিজে ভ্যাকসিন নিয়ে একার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম,সিলেট বিভাগের সাবেক স্বাস্থ্য পরিচালক ডা.হরিপদ রায়,শ্রীমঙ্গল উপজেলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সাজ্জাদ হোসেন চৌধুরী,শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক,বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সাধারন সম্পাদক শহীদ হোসেন ইকবাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তার,আওয়ামীলীগ, যুবলীগ ও অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সুত্রে জানা যায় প্রথম ধাপে শ্রীমঙ্গলে পাচ হাজার ডোজ ভ্যাকসিন এসেছে, প্রথম দিনে প্রায় তিনশত লোককে এ ভ্যাকসিন প্রদান করা হয়।

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন!

আন্তর্জাতিক ডেস্কঃ সমগ্র ফিলিপাইন রিখটার স্কেলের ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে। আজ রোববার (৭ ফেব্রুয়ারি) ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় দেভাও দেল সুর প্রদেশে ভূমিকম্পটি আঘাত হেনেছে। খবর রয়টার্সের। 

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রোববারের স্থানীয় সময় দুপুর ১২টা ২২ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি (ফিভলকস) সংস্থা জানিয়েছে, ভূমিকম্প থেকে ক্ষয়ক্ষতি এবং আফটার শকের আশঙ্কা রয়েছে।

এর আগে প্রাথমিকভাবে ৬ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে বলে জানিয়েছিল জিএফজেড জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্স।

তবে ফিলিপাইন ইনস্টিটিউট অব ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি জানিয়েছে, ‘ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ১৫ কিলোমিটার গভীরে বলে রেকর্ড করেছে তারা। আর ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল।’

প্রসঙ্গত, দক্ষিণপূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্যাসিফিক রিং অব ফায়ারের (প্রশান্ত মহাসাগরীয় আগ্নেয় মেখলা) ওপর অবস্থিত হওয়ায় এখানে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। বিশেষ করে দেশটির দক্ষিণাঞ্চলে সবচেয়ে বেশি ভূমিকম্প আঘাত হেনে থাকে। সুত্রঃ রয়টার্স। 

 

 

সানি লিওনের বিরুদ্ধে প্রতারণা মামলা করলেন কেরালার বাসিন্দা

বিনোদন ডেস্কঃ সাবেক পর্ণতারকা ও বলিউড অভিনেত্রী সানি লিওন’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। তার বিরুদ্ধে এ মামলা দায়ের করেছেন ভারতের কেরালার বাসিন্দা আর শিয়াস। সানির বিরুদ্ধে অভিযোগ এসেছে তিনি ২৯ লাখ রুপি নিয়েও দুটি অনুষ্ঠানে অংশ যাননি।

ভারতীয় সংবাদমাধ্যম জিনিউজের খবরে বলা হয়েছে, গতকাল শনিবার (৬ ফেব্রুয়ারি) কোচি পুলিশ সানি লিওনের বয়ান রেকর্ড করেছে। সানি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাপারে কি বলেছেন, তা জানায়নি তারা।

কোচির অপরাধ দমন শাখার সূত্র মারফত খবর, তিরুবনন্তপুরমে ‘স্প্লিটসভিলা’ রিয়্যালিটি শোয়ের শুটিং করছেন সানি লিওন। সেখানেই দেখা করতে যান অপরাধ দমন শাখার একটি দল। সেখানে তার বয়ান রেকর্ড করা হয়।

এদিকে প্রথমে রাজ্য পুলিশের সাধারণ শাখায় অভিযোগ দায়ের করেন আর শিয়াস। পরে তা পাঠিয়ে দেওয়া হয় অপরাধ দমন শাখার কাছে। তার অভিযোগপত্রে লেখা হয়েছিল, সানি লিওন ২৯ লাখ রুপি নিয়ে ফেরত দেননি। আর যে দু’টি অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল, তাতে উপস্থিতও হননি।

উল্লেখ্য, এর আগে সানি লিওনের বিরুদ্ধে মুম্বাইয়ের হাইকোর্টে ১০০ কোটি রুপির মানহানির মামলা করেছিলেন মডেল পূজা মিশ্র। এ ছাড়া দিল্লির যুবক পুনীত আগারওয়ালও তার বিরুদ্ধে মামলা করেছিলেন। সুত্রঃ আনন্দবাজার, জিও নিউজ। 

 

 

নওগাঁ জেলায় কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান কার্যক্রম শুরু

একেএম কামাল উদ্দিন টগর,নওগাঁ জেলা প্রতিনিধিঃ নওগাঁয় আনুষ্ঠানিকভাবে কোভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে।

আজ রবিবার (৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় সদর হাসপাতালের নুতুন ভবনের তৃতীয় তলায় জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশিদ, পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া, সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ ভ্যাকসিন গ্রহণের মধ্যে দিয়ে নওগাঁয় ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচী শুরু হয়েছে।

এ উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ হারুন-অর-রশিদ।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া বিপিএম, সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মেহেদী হাসান তালুকদার, সাবেক এমপি ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক, নওগাঁ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ মোঃ আব্দুল বারী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আ খ ম আব্দুল্লাহেল বাকী, নওগাঁ সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ সাইদুল হক, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মোঃ শরিফুল ইসলাম খান, জেলা মুক্তিযোদ্ধা সংসদরে সাবেক কমান্ডার মোঃ হারুন-অল-রশিদ, নওগাঁ প্রেসক্লাবের সভাপতি মোঃ নবির উদ্দিন, বিএমএ জেলা কমিটির সভাপতি ডাঃ মোঃ হাবিুবর রহমান বক্তব্য রাখেন।

সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানিয়েছেন এ জেলায় ৮৪ হাজার ডোজ টিকা বরাদ্দ পাওয়া গেছে যা দুইবারে ৪২ হাজার মানুষকে দেয়া সম্ভব হবে। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার মানুষ টিকা পাওয়ার জন্য রেজিষ্ট্রেশন করেছেন।

উদ্বোধনী দিনে জেলা সদরে ৫টি বুথে মোট ১১০ জনকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়। এ ছাড়াও জেলার সদর ব্যতীত অন্য ১০ উপজেলার প্রত্যেকটিতে ৩টি করে মোট ৩০টি বুথে কােভিড-১৯ এর ভ্যাকসিন প্রদান করা হয়।

 

 

ফ্রিলান্সার আইডি কার্ড কীভাবে পাবেন? সুবিধা কি? জানুন…

প্রযুক্তি ডেস্কঃ দেশে নিবন্ধিত ফ্রিল্যান্সার হতে হলে করতে হবে ফ্রিল্যান্সার আইডি কার্ড। আর এই আইডি কার্ড দিচ্ছে সরকার। প্রযুক্তিতে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে ফ্রিল্যান্সিংয়ে এগিয়ে যাচ্ছে আমাদের দেশ। ফ্রিল্যানসারদের স্বীকৃতি দিতে সরকার এই উদ্যোগ নিয়েছে।

ফ্রিল্যান্সার নিবন্ধন করবেন কীভাবে?

  • প্রথমে ফ্রিল্যান্সার হিসেবে নিবন্ধনের জন্য যেতে হবে (freelancers.gov.bd) লিংকে। নাম (এনআইডি অনুসারে), ই-মেইল, মোবাইল আর আট অক্ষরের পাসওয়ার্ড দিয়ে এখানে অ্যাকাউন্ট সাইনআপ করা যাবে। অ্যাকাউন্ট সাইনআপ কারার সময় ই-মেইল ভেরিফাই করতে বলা হবে। ভেরিফিকেশন শেষে নিজের অ্যাকাউন্টে লগইন করা যাবে।
  • লগইন করার পরের কাজটি গুরুত্বপূর্ণ। ‘ফ্রিল্যান্সার আইডি’ বাটনে ক্লিক করা হলে চার ধাপের একটি ফরম আসবে। প্রথম ধাপে নাম, জাতীয় পরিচয়পত্র নম্বর (এনআইডি চাওয়া হয় ভেরিফিকেশন সম্পন্ন করার জন্য), ফোন নম্বর দিতে হবে। দ্বিতীয় ধাপে ফ্রিল্যান্সারকে তার কাজের যাবতীয় তথ্য এবং সর্বশেষ ১২ মাসের আয়ের পরিমাণ জমা দিতে হবে। তৃতীয় ধাপে ক্যারিয়ার বিষয়ক আরও কিছু তথ্য দিতে হয় এবং সর্বশেষে ছবি সংযুক্ত করতে হয়। যেহেতু এই তথ্য ব্যক্তির এনআইডির বিপরীতে যাচাই হবে, তাই এমন ছবি নির্বাচন করতে হবে যেন এনআইডিতে থাকা ছবি আর এই ওয়েবসাইটে সংযুক্ত করা ছবির মধ্যে মিল থাকে।
  • আবেদন জমা দেবার ৭ দিনের মাঝে যাচাই করে ইমেইলের মাধম্যে ফলাফল জানিয়ে দেওয়া হবে।
  • যে কেউ চাইলেই নিজেকে ফ্রিল্যান্সার দাবি করে আইডি নিতে পারবেন না। এজন্য নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে হবে। এর মধ্যে সংশ্নিষ্ট ব্যক্তিকে বাংলাদেশের নাগরিক হতে হবে, শেষ ১২ মাসে অন্তত এক হাজার ইউএস ডলার আয়, অনলাইন মার্কেটপ্লেসে কাজ করার ও ইনকামের প্রমাণ এবং সঠিক পথে আয় থাকতে হবে। এই চার শর্তের সব পূরণ করতে পারলেই তিনি ফ্রিল্যান্সার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
  • ফ্রিল্যান্সারের আয়ের তথ্যটি ব্যাংক স্টেটমেন্টের মাধ্যমে ভেরিফিকেশন করা হবে। আয় এক হাজার ডলার বলা হলে ব্যাংক বা আয়ের কোনো মাধ্যমে সেই ডলারের হিসাব না থাকলে আবেদন বাতিল হয়ে যাবে। তাই কোনোভাবেই ভুল তথ্য দেওয়া যাবে না।
  • ফ্রিল্যান্সার নিবন্ধন ফি এক হাজার ৫০০ টাকা, যা কার্ড বা এমএফএসে পরিশোধ করা যাবে। নিবন্ধনটি বাতিল হলে সেই টাকা আর ফেরত হবে না। প্রতি ১২ মাসে একবার তথ্য হালনাগাদ করতে হবে এবং হালনাগাদ ফি প্রতি বছরের জন্য ১৫০০ টাকা।
  • অনেকে আবার মার্কেটপ্লেসে কাজ করেন না। তবে ফ্রিল্যান্সার সে ক্ষেত্রে অবশ্যই বিদেশে থাকা ক্লায়েন্ট কত টাকা কীভাবে পাঠিয়েছে, তার স্টেটমেন্ট দিতে হবে। সব তথ্য ঠিক থাকলে সাত কর্মদিবসের মধ্যেই ভার্চুয়াল কার্ড ইস্যু হবে।
  • তথ্য নিশ্চিত করতে আবেদনকারী ফ্রিল্যান্সারের সঙ্গে ভিডিও কল বা অন্য যে কোনো মাধ্যমে যোগাযোগ করা হতে পারে। উপার্জনের প্রমাণ হিসেবে যে কোনো কাগজ বা ব্যাংক স্টেটমেন্ট চাওয়া হতে পারে। যদি কেউ মার্কেটপ্লেস বা সরাসরি ক্লায়েন্টের সঙ্গে কাজ না করে থাকেন, লোকালি কারও অধীনে কাজ করেন তারাও নিবন্ধন করতে পারবেন; সে ক্ষেত্রে তারা ফ্রিল্যান্সারের টিম মেম্বার হিসেবে নিবন্ধন করতে পারবেন।
  •  ফ্রিল্যান্সারদের জন্য এই আইডি কার্ডটি থাকবে সম্পূর্ণ ভার্চুয়াল। তবে এটি যে কেউ চাইলে প্রিন্ট দিয়ে নিতে পারবেন।

বিশেষ সুবিধা

ফ্রিল্যান্সার আইডি কার্ড হলো বাংলাদেশ সরকার স্বীকৃত ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র। ইতিমধ্যে সরকার বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সার আইডি কার্ড দেয়া শুরু করেছে। এক বছরে এক হাজার ডলার আয় করেছেন, এমন ব্যক্তি ফ্রিল্যান্সার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারছেন।

সম্ভাবনাময় ফ্রিল্যান্সিং খাতের সম্প্রসারণের লক্ষ্যে ভার্চুয়াল আইডি কার্ডধারী ফ্রিল্যান্সারদের সহজে ঋণ ও ক্রেডিট কার্ড সুবিধা দেয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ-সংক্রান্ত একটি সার্কুলার দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়। এতে বলা হয়েছে, তথ্য-প্রযুক্তিভিত্তিক শিল্পের মধ্যে ফ্রিল্যান্সারদের আউটসোর্সিংয়ের মাধ্যমে অর্জিত বৈদেশিক মুদ্রা ক্রমাগত বাড়ছে; যা দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখতে শুরু করেছে।

আগামী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যে সরকার ফ্রিল্যান্সিং খাতে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানবসম্পদ তৈরি, উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করছে।

সম্প্রতি তথ্য-প্রযুক্তি খাতে পারদর্শী ফ্রিল্যান্সারদের সামাজিক ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দেয়ার লক্ষ্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ থেকে বাংলাদেশের আইটি ফ্রিল্যান্সারদের ভার্চুয়াল আইডি কার্ড দেয়া শুরু হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, ফ্রিল্যান্সিং খাতের প্রয়োজনীয় বিকাশের লক্ষ্যে বিদ্যমান ব্যাংকিং আইন-কানুন ও বিবি-বিধান মেনে ভার্চুয়াল আইডি কার্ডধারী আইটি ফ্রিল্যান্সারদের ঋণ সুবিধা ও ক্রেডিট কার্ড সুবিধা দিতে পারবে ব্যাংকগুলো।

ফ্রিল্যান্সার আইডি কার্ড হলো বাংলাদেশ সরকার স্বীকৃত ফ্রিল্যান্সারদের পরিচয়পত্র। ইতিমধ্যে সরকার বাংলাদেশি ফ্রিল্যান্সারদের ফ্রিল্যান্সার আইডি কার্ড দেয়া শুরু করেছে। এক বছরে এক হাজার ডলার আয় করেছেন, এমন ব্যক্তি ফ্রিল্যান্সার আইডি কার্ডের জন্য আবেদন করতে পারছেন।

সরকারের আইসিটি ডিভিশন, স্টার্টআপ বাংলাদেশ এবং বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটি (বিএফডিএস) যৌথভাবে কাজটি করছে। যেখানে ফ্রিল্যান্সাররা খুঁজে পাবেন নিজের কাজের সনদ।

অন্যান্য সুবিধা

ব্যাংক থেকে ক্রেডিট কার্ড নিতে, পাসপোর্ট-ভিসা ও সরকারি সব খাতে আবেদন করতে এখন সরকার নিবন্ধিত ফ্রিল্যান্সার আইডি থাকলেই চলবে। এ ছাড়া ভবিষ্যতে আইটি খাতে সরকার প্রদত্ত ১০% ক্যাশ প্রণোদনা পেতে এই আইডি হয়ে উঠবে গুরুত্বপূর্ণ একটি হাতিয়ার।

খুব শীঘ্রই freelancers.gov.bd ওয়েব পোর্টাল এবং অ্যাপে ফ্রিলান্সারদের জন্য আরো কিছু হেল্পফুল ফিচার যুক্ত করা হবে। এই ফিচারগুলির মধ্যে রয়েছে – টিউটোরিয়াল হাব, মেন্টর মার্কেটপ্লেস, ফ্রিল্যান্সার ইভেন্টস, ফ্রিল্যান্সার্স ব্যাংকিং, ফ্রিল্যান্সার্স ওয়েলফেয়ার, কমিউনিটি ইত্যাদি।

ফ্রিলান্সারদের ব্যাক্তিগত সুবিধার পাশাপাশি ফ্রিলান্সার আইডি কার্ড সরকারের জন্য একটি নির্ভরযোগ্য তথ্যের উৎস হিসাবে বিবেচিত হবে। বর্তমানে সমগ্রিকভাবে ফ্রিলান্সারদের আয়ের ব্যাপারে কমবেশি তথ্য জানা থাকলেও সরকারি বা বেসরকারি কোন পর্যায়ে দেশব্যাপী ফ্রিলান্সিং পেশার বাস্তব চিত্র ও বিস্তারিত তথ্য জানা নেই। এই কারণে দেশব্যাপী নতুন ফ্রিলান্সার গড়ে তোলা ও তাদেরকে সফলতার গন্তব্যে পৌছে দেবার পরিকল্পনার কাজ ব্যাহত হচ্ছে। আশা করা হচ্ছে ফ্রিলান্সার আইডি কার্ডের মাধ্যমে দেশের ফ্রিলান্সারদের বাস্তব চিত্র ফুটে উঠবে। সুত্রঃ টেকজানো।

 

আইপিএলের সর্বোচ্চ ভিত্তিমূল্যের ১১ জনের একজন হলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ সাকিব আল হাসান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের গেল ১৩তম আসরে নিষেধাজ্ঞায় থাকায় খেলতে না পারলেও তাকে নিয়ে আগ্রহের কোন ঘাটতি হয়নি। বরং এবারের আইপিএলের ১৪তম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের ১১ জনের একজন হলেন সাকিব আল হাসান।

এবারের ১৪তম আসরের নিলামে তারকার ক্রিকেটারদের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ২ কোটি রুপি যা বাংলাদেশী টাকায় ২ কোটি ৩২ লাখ ৮০ হাজার টাকার কিছু বেশী। বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় এ টুর্নামেন্টের নিলাম অনুষ্ঠিত হবে চেন্নাইয়ে ১৮ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)।

আইপিএলের ১৪তম আসরের নিলামে সর্বোচ্চ ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন মোট ১১ জন। তারা হলেন- সাকিব আল হাসান, কেদার যাদব, হরভজন সিং, গ্লেন ম্যাক্সওয়েল, স্টিভেন স্মিথ, মঈন আলী, স্যাম বিলিংস, লিয়াম প্লাংকেট, জেসন রয়, মার্ক উড এবং কলিন ইনগ্রাম।

এবারের এই লিগে ৪ ফেব্রুয়ারির মধ্যে নিবন্ধন করেছেন ১০৯৭ জন খেলোয়াড়। যাদের মধ্যে ভারতের ৮১৪ জন এবং বাকী ২৮২ জন বিদেশি। বিদেশি খেলোয়াড়দের তালিকায় সবচেয়ে বেশি আছে ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়, যা সংখ্যায় ৫৬ জন। সাকিবসহ বাংলাদেশ থেকে ৫ জন খেলোয়াড় আইপিএল নিবন্ধন করেছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত আইপিএলের ৮টি আসরে খেলেছেন সাকিব আল হাসান। কলকাতা নাইট রাইডার্সের হয়ে ৬ বার ও সানরাইজার্স হায়দারাবাদের হয়ে ২ বার খেলেছেন। টুর্নামেন্টের ৬৩ ম্যাচে ব্যাট হাতে ২১ দশমিক ৩১ গড়ে ৭৪৬ রান এবং বল হাতে ৫৯ উইকেট শিকার করেছেন সাকিব।