এইউ সম্মেলন থেকে ইসরায়েলের কূটনীতিককে বের করে দেয়া হলো

আন্তর্জাতিক ডেস্কঃ আফ্রিকান ইউনিয়নের (এইউ) সম্মেলন থেকে সারন বার-লি নামের এক ইসরায়েলি নারী কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গতকাল শনিবার ইথিওপিয়ায় চলমান এইউ-র বার্ষিক সম্মেলনে এ ঘটনা ঘটে। সম্মেলনে ইসরায়েলের প্রতিনিধির উপস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ালে এরপরই তাকে বের করে দেওয়া হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, সম্মেলনের উদ্বোধনী দিনে ওই ইসরায়েলি সারন বার-লির সঙ্গে তর্ক করেছেন এইউ-র নিরাপত্তারক্ষীরা। এরপর তিনি বের হয়ে যান।

নিজ কূটনীতিককে বের করে দেয়ার বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েল। এক বিবৃতিতে ইহুদিবাদী ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, একজন পর্যবেক্ষক হিসেবে স্বীকৃত এবং প্রবেশ ব্যাজ থাকা সত্ত্বেও আফ্রিকা বিষয়ক উপ-পরিচালক সারন বার-লিকে আফ্রিকান ইউনিয়নের সম্মেলন কক্ষ থেকে বের করে দেওয়ার বিষয়টিকে ইসরায়েল কঠোরভাবে দেখছে।

আফ্রিকান ইউনিয়নের কমিশনের চেয়ারম্যানের মুখপাত্র ইবা কালোন্দো বলেছেন, ‘ইসরায়েলি কূটনীতিককে বের করে দেওয়া হয়েছে কারণ ইথিওপিয়ায় ইসরায়েলের দূত হিসেবে যাকে স্বীকৃতি দেওয়া হয়েছে তিনি ওই ব্যক্তি ছিলেন না।’ তবে এ ঘটনার জন্য আলজেরিয়া এবং দক্ষিণ আফ্রিকাকে দায়ী করেছে ইসরায়েল। ৫৫ সদস্য বিশিষ্ট আফ্রিকান ইউনিয়নের গুরুত্বপূর্ণ সদস্য এ দু’টি দেশ। ইসরায়েল বলেছে, এইউকে ‘জিম্মি করে ঘৃণা থেকে এমন ঘটনা ঘটিয়েছে আলজেরিয়া ও দক্ষিণ আফ্রিকা।

ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে ডেকে এ ঘটনার নিন্দা জানানো হবে। তারা বলেছে, ‘ইসরায়েলের পর্যবেক্ষক স্ট্যাটাস বাতিল করার কোনো আইন এইউ-র নেই।’

এ দাবি প্রত্যাখ্যান করেছে দক্ষিণ আফ্রিকা। তারা বলেছে, পর্যবেক্ষক দেশ হিসেবে স্বীকৃতি পেতে ইসরায়েল যে আবেদন করেছে সেটি নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

যতক্ষণ পর্যন্ত এইউ ইসরায়েলকে পর্যবেক্ষক দেশের স্বীকৃতি দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত না নিচ্ছে, ততক্ষণ ইসরায়েল সম্মেলনে বসতে পারবে না এবং পর্যবেক্ষণও করতে পারবে না বলে জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার হেড অব পাবলিক ডিপ্লোমেসির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ের প্রধান ক্লায়সন মোনেলা।

 

ফুলবাড়ীতে গাঁজা ও মোটরসাইকেলসহ ২ যুবক গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী থানা পুলিশ অভিযান চালিয়ে একটি পালসার মোটরসাইকেল ও ২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করেছে। রবিবার বিকাল ৩ টার দিকে উপজেলার নাওডাঙ্গা পুলের পাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের আলমগীর হোসেনের ছেলে মইনুল হোসেন (২৫) ও একই ইউনিয়নের দ: অনন্তপুর গ্রামের আবুবকর সিদ্দিকের ছেলে হুমায়ুন কবির (২৭)।

পুলিশ জানায়, মোটরসাইকেলের সিটের নিচে বিশেষ কায়দায় গাঁজা পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই জাহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালান। এসময় পুলিশ ওই মোটরসাইকেলটিকে থামানোর সংকেত দিলে চালক ও আরোহী নেমে পালানোর চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করে তাদের গ্রেফতার করে। পরে গাঁজা ও মোটরসাইকেল সহ তাদেরকে থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

২১ ফেব্রুয়ারি উপলক্ষে বিএনপির ২ দিনের কর্মসূচি ঘোষণা

রাজনীতি ডেস্কঃ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে বিএনপি দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে। রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, আগামী ২১ ফেব্রুয়ারি সকাল ৬টায় দলীয় কেন্দ্রীয় কার্যালেয় জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হবে। সকাল সোয়া ৬টায় রাজধানীর বলাকা সিনেমা হলের সামনে জমায়েত হয়ে আজিমপুর কবরস্থানে ভাষা শহীদদের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।

সারাদেশে দলের বিভিন্ন ইউনিট ২১ ফেব্রুয়ারির দিন সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করে স্থানীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন করবে। এ ছাড়া এদিন আলোচনা সভার আয়োজন করবে।
আর সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুর ২টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আলোচনা সভা করা হবে।

এর আগে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, ঢাকা নগর দুই কমিটির নেতারা ও অঙ্গদলসমূহের নেতাদের যৌথ সভা হয়। মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন আমানউল্লাহ আমান, আব্দুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, অ্যডভোকেট আব্দুস সালাম আজাদ, শহীদ উদ্দীন চৌধুরী এ্যনী, আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ, হাসান জাফির তুহিন, হেলাল খান, কামরুজ্জামান রতন,  রফিকুল আলম মজনু, তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

সোনার চেয়েও খাঁটি আমাদের দেশের মাটি : খাদ্যমন্ত্রী

নওগাঁ প্রতিনিধিঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, আমাদের দেশের মাটি সোনার চেয়েও খাঁটি। এ দেশের মাটিতে যখন যেটা ফলানো হয়, তখন সেটা হয়। আর এর কারিগর কৃষক ভাইয়েরা। এই জন্য সরকার কৃষিকে গুরুত্ব দিয়েছে। যার জন্য বিনামূল্যে প্রতিবছর সার, বীজসহ কৃষি প্রণোদনা দিয়ে যাচ্ছে।

আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নওগাঁর সাপাহার উপজেলার শিরন্টি ইউনিয়নের ফুটকইল থেকে খেড়ন্দা পর্যন্ত এইচবিবি রাস্তার উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল মামুনসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতাবৃন্দরা।

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, বাংলাদেশের মানুষের জীবন ও জীবিকার সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠভাবে মিশে আছে কৃষি। কৃষিকে বাদ দিয়ে এদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়। কৃষির উন্নয়ন দেশকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত করবে।

খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শিতার কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি বা সামাজিক উন্নয়ন যেকোনো সূচকে বাংলাদেশের অগ্রগতি অভূতপূর্ব। সামাজিক নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন, দারিদ্র্য হ্রাস, মাথাপিছু আয় বৃদ্ধি সব ক্ষেত্রই বিশ্বে বাংলাদেশ এখন এক বিস্ময়ের নাম।

ককটেলসহ জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মী আটক

যশোরে শার্শার পল্লী থেকে ককটেলসহ জামায়াত-শিবিরের ২৩ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শনিবার (১৮ ফেব্রুয়ারি ২০২৩) দিবাগত গভীর রাতে শার্শার পুটখালী এলাকায় অভিযান চালিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ তাদেরকে আটক করেন।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন ভূইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বেনাপোল পুটখালী ইউনিয়নের বারোপোতা গ্রামে জামায়াত- শিবিরের নেতা-কর্মীরা গোপন বৈঠক করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ সময়ে তাদের হেফাজত থেকে ৫টি ককটেলও  উদ্ধার করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে মামলা দিয়ে দুপুর আজ দুপুরে আদালতে শোপর্দ করা হয়েছে ৷

অমর একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার হুমকি নেই : ডিএমপি কমিশনার

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জঙ্গি হামলার কোনো সুনির্দিষ্ট হুমকি নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সার্বিক নিরাপত্তা বিষয়ে এক সংবাদসম্মেলনে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার গোলাম ফারুক বলেন, একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এজন্য বিভিন্ন স্থানে চেকপোস্ট বসানো হবে। চালানো হবে তল্লাশি। এ ছাড়াও পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে কাজ করবেন। তবে একুশে ফেব্রুয়ারিতে জঙ্গি হামলার কোনো হুমকি নেই।

শহীদ মিনারে সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, আমরা নিরাপত্তার জন্য পলাশী থেকে শুরু করে দোয়েল চত্বর পর্যন্ত সমগ্র এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি। পুলিশের কন্ট্রোল রুম থেকে পুরো এলাকায় সিসি ক্যামেরা দিয়ে নজরদারিতে রাখা হবে। আমাদের আর্চওয়ে থাকবে সেটা দিয়ে শহীদ মিনারে আসা মানুষকে সার্চ করা হবে। কোনো ব্যাগ কিংবা জিনিস নিয়ে আসবেন না, আমরা এগুলো নিয়ে ভেতরে ঢুকতে দেবো না।

ডিএমপি কমিশনার আরো বলেন, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য দুইটা ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রিপরিষদের সদস্য এবং কূটনীতিকরা শ্রদ্ধা জানাবেন। এরপর সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। সাধারণ জনগণ পলাশী দিয়ে প্রবেশ করবেন এবং দোয়েল চত্বর হয়ে চলে যাবেন। অর্থাৎ একদিক দিয়ে প্রবেশ করবেন এবং অন্যদিক দিয়ে বের হয়ে যাবেন।

খন্দকার গোলাম ফারুক আরো বলেন, ২০ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২১ ফেব্রুয়ারি সকাল ৬টা, এরপর থেকে সন্ধ্যা ৬টা ও সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ধাপে মোট তিন ধাপে এ এলাকায় পুলিশ সদস্য মোতায়েন করা হবে। প্রবেশপথ ও বেরিয়ে যাওয়ার পথ ছাড়া সবগুলো সড়ক বন্ধ করে দেওয়া হবে।

কুড়িগ্রামে মুক্তিযোদ্ধা গেজেট থেকে নাম বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

মুক্তিযোদ্ধা গেজেট থেকে কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য এমএ মতিন ও দেলোয়ার হোসেনের নাম বাতিলের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মুক্তিযুদ্ধে অংশগ্রহন না করেও গেজেট ভুক্ত হওয়ায় শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন করেন উলিপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা।

পরে কুড়িগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার ও উলিুপর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু।

তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সংসদ সদস্য এমএ মতিনসহ উলিপুর উপজেলার দেলোয়ার হোসেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করলেও তৃাদের নাম গেজেটে অর্ন্তভূক্ত হয়েছে। এটা মুক্তিযোদ্ধাদের জন্য লজ্জার বিষয়। সংসদ সদস্য এমএ মতিনের বড় ভাই এমএ করিম মুক্তিযুদ্ধকালীন সময়ে রাজাকার কমান্ডার ছিলেন। তার নাম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে রাজাকারের তালিকায় রয়েছে। সংসদ সদস্য এমএ মতিন সেই রাজাকার পরিবারের সদস্য ও ১৯৭৯ সালে গঠিত ৭ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির ৭ নং সদস্য ছিলেন।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এছাড়াও ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে সংসদ সদস্য এমএ মতিনের নামে এমএমতিন কারিগরি ও কৃষি কলেজের এমপিও ভুক্তির জন্য তৎকালীন বিএনপি মহাসচিব মান্নান ভূঁইয়ার ডিওলেটার ব্যবহার করেন তিনি। ডিও লেটারে মান্নান ভূঁইয়া এমএ মতিনকে বিএনপি পরিবারের সদস্য হিসেবে খালেদা জিয়ার নিকট সুপারিশ করেন। সংসদ সদস্য এমএ মতিন ও দেলোয়ার হোসেন দুবার উলিপুর উপজেলা মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটিতে আবেদন করেও নিজেদেরকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রমাণ করতে পারেননি।

এক মাসে আগে বের হওয়া তালিকায় তাদের দু’জনের নাম গেজেট ভুক্ত হয়। অনতি বিলম্বে গেজেট থেকে দুজনের নাম প্রত্যাহারের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়সহ প্রধানমন্ত্রীর হস্তক্ষেক কামনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো: শাহাজাহান আলী, আব্দুল খালেক সরকার, আব্দুল জলিল সরকার, আব্দুল মজিদ সরকার, শমসের আলী সহ উলিপুর উপজেলার অর্ধশতাধিক বীর মুক্তিযোদ্ধাগণ।

মনু নদীতে ভাসছিল লাশ!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদী থেকে ভাসমান অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন এলাকার মনু নদী থেকে অজ্ঞাত এই যুবকের লাশ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক।

তিনি জানান, শনিবার দুপুরে উপজেলার পৃথিমপাশার রাজাপুর এলাকায় মনু নদীতে একটি ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।

মিরপুরে কালশী ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্কঃ রাজধানীর মিরপুরে কালশী ফ্লাইওভার উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরমধ্য দিয়ে মিরপুরবাসীর আরও একটি স্বপ্ন পূরণ হলো। আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) সকালে কালশী বালুর মাঠে অনুষ্ঠানে যোগ দিয়ে মিরপুর-কালশী ফ্লাইওভার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ফ্লাইওভারটি খুলে দেওয়ায় মিরপুর, মিরপুর ডিওএইচএস, পল্লবী, কালশী, মহাখালী, বনানী, উত্তরা ও বিমানবন্দরে যানবাহন চলাচল সহজ হবে। দুই হাজার ৩৩৫ মিটার দীর্ঘ ফ্লাইওভারটি ইসিবি স্কয়ার থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের অধীনে কালশী সার্কেল ফ্লাইওভার নির্মাণ প্রকল্প ২০১৮ সালের ৯ জানুয়ারি একনেকে অনুমোদন পায়।

এটি ইসিবি স্কোয়ার থেকে কালশী পর্যন্ত তিন দশমিক ৭০ কিলোমিটার রাস্তা প্রশস্ত করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং বাংলাদেশ সেনাবাহিনী (২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড) প্রায় এক হাজার ১২ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছে।

প্রকল্পের তথ্যানুযায়ী, ফ্লাইওভারটি দেখতে ইংরেজি বর্ণমালা ‘ওয়াই’-এর মতো। যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে এর আগে চার লেনের রাস্তাগুলোকে ছয় লেনে প্রশস্ত করা হয়েছে। প্রধান চার লেনের ফ্লাইওভারটি ইসিবি স্কোয়ার থেকে কালশী এবং মিরপুর ডিওএইচএসের দিকে সংযু্ক্ত হয়েছে এবং একটি দুই লেনের র‍্যাম্প কালশী মোড় থেকে কালশী রোড পর্যন্ত নেমেছে।

প্রকল্পের মধ্যে একটি পিসি গার্ডার ব্রিজ সম্প্রসারণ, দুটি ফুট ওভারব্রিজ নির্মাণ, একটি পাবলিক টয়লেট, দুটি পুলিশ বক্স, একটি সাত দশমিক ৪০ কিলোমিটার আরসিসি ড্রেন এবং প্রশস্ত ড্রেন, একটি একহাজার ৭৫৫ মিটার আরসিসি পাইপ ড্রেন, রিটেইনিং ওয়াল, তিন হজার ৩৮৩ মিটার যোগাযোগ নালা, আট লাখ-লিনিয়ার মিটার বালির কম্প্যাকশন পাইল, পৃথক সাইকেল লেন এবং ছয়টি বাস বে অন্তর্ভুক্ত রয়েছে।

 

বড়লেখার চুরির অটোরিক্সা সিলেটে ধরা, গ্রেপ্তার ২ চোর

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: সিলেট মহানগরের এয়ারপোর্ট থানা এলাকা থেকে দুটি চোরাই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করেছে বড়লেখা থানা পুলিশ। এসময় চোরাই গাড়ি বিক্রির নগদ ৩ লাখ টাকা এবং ৩৫টি অটোরিক্সার চাবি উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় সুন্দর আলী (৩২) নামে এক অটোরিক্সা চোরকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এর আগে আটক হয় সেবুল মিয়া (৩৪) নামের আরেক চোর। তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুন্দরকে গ্রেপ্তার করা হয়। সুন্দর সুনামগঞ্জের ছাতক উপজেলার দারাগোখালী এলাকার ইলিয়াছ আলীর ছেলে এবং সেবুল বিশ্বনাথ উপজেলার আলকাছ আলীর ছেলে।

এদিকে, শনিবার রাতে অটোরিক্সা চুরির অভিযোগে সুন্দর আলী ও সেবুল মিয়ার বিরুদ্ধে বড়লেখা থানায় মামলা হয়েছে। বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের টোকা গ্রামের আব্দুর রাজ্জাক বাদি হয়ে এই মামলাটি করেছেন।

পুলিশ জানিয়েছে, সুন্দর ও সেবুলকে রোববার (১৯ ফেব্রুয়ারি) আদালতে হাজির করা হবে। পাশাপাশি তাদের রিমাণ্ডে নেওয়ার আবেদন জানানো হবে আদালতের কাছে।

পুলিশ জানায়, বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নের টোকা গ্রামের আব্দুর রাজ্জাকের ভাতিজা সাহান আহমদের একটি অটোরিক্সা (মৌলভীবাজার থ-১২-৭৫৭৮) ছিল। গত বছরের ২৭ নভেম্বর সাহান প্রতিদিনের মতো সারাদিন অটোরিক্সা চালিয়ে রাত ১০টায় নিজ বসতঘরের বারন্দায় রেখে ঘুমিয়ে পড়েন। পরদিন ভোর ৫টায় তিনি ঘুম থেকে উঠে দেখেন তার গাড়িটি নেই। আব্দুর রাজ্জাক ও সাহানসহ তার পরিবারের লোকজন বিভিন্নস্থানে গাড়িটি খুঁজতে থাকেন। এরপর সাহান ও তার স্বজনরা জানতে পারেন সিলেটের বিশ্বনাথ উপজেলার সেবুল আহমদ নামে চোরসহ কয়েকজন চোর সাহানের গাড়িটি চুরি করেছে।

এদিকে গত ১৭ ফেব্রুয়ারি আব্দুর রাজ্জাক ও তার ভাতিজা সাহান আহমদ সন্ধ্যা ৭টায় অটোরিক্সা চোর সেবুল আহমদকে সিলেটের বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের গাঙপাড় বাজারে পান। এসময় কৌশলে তাকে বর্ণি ইউনিয়নের টোকা গ্রামে নিয়ে আসা হয়। পরে সেবুলকে জিজ্ঞাসাবাদ করলে সে স্থানীয়দের কাছে স্বীকার (২ নম্বর) আসামি সুন্দর আলীসহ আরও ২ জন মিলে গত বছরের ২৮ নভেম্বর দিবাগত রাত ২টায় সাহানের অটোরিকশাটি চুরি করেছে। এ সময় সাহান তার অটোরিকশাটি কোথায় আছে জানতে চাইলে সেবুল জানায় সাহানের অটোরিকশাটি সুন্দর আলীর নিকট আছে। এসময় তারা কৌশলে সেবুলকে সুন্দর আলীর সাথে ফোনে যোগাযোগ করতে বলেন।

পরে সেবুল সুন্দর আলীর সাথে ফোনে যোগাযোগ করলে সে জানায় তাকে ৬০ হাজার টাকা দিলে সে সাহানের অটোরিকশাটি ফেরত দেবে। এ সময় স্থানীয়রা সেবুলকে মারতে উদ্যত হলে তারা বিষয়টি বড়লেখা থানা পুলিশকে জানান।

খবর পেয়ে বড়লেখা থানার এসআই আতাউর রহমান ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কবল থেকে সেবুলকে উদ্ধার করেন। পরে পুলিশ সাহানের অটোরিকশাটি উদ্ধারে অভিযানে নামে। পূর্বের চুক্তি অনুযায়ী কৌশলে সুন্দর আলীকে গ্রেপ্তার করতে বড়লেখা থানা পুলিশ শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভোরে সিলেট মহানগরীর এয়ারপোর্ট থানা এলাকায় অভিযান চালায়। এসময় পুলিশ সুন্দর আলীকে আটক করে। পরে তার কাছে থাকা দুটি চোরাই অটোরিক্সা উদ্ধার করতে পারলেও সাহানের গাড়িটি পাওয়া যায়নি। তখন সুন্দর পুলিশকে জানায় সে সাহানের গাড়িটি অন্যত্র বিক্রি করে দিয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান শনিবার রাত সাড়ে ১১টায় দিকে জানায়, দুটি চোরাই অটোরিক্সাসহ দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হবে। পাশাপাশি তাদের রিমাণ্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হবে।