রাশিয়ায় ৫ হাজারের বেশি পুতিন বিরোধী বিক্ষোভকারী আটক

আন্তর্জাতিক ডেস্কঃ রাশিয়ার বিরোধীদলীয় নেতা নাভালনি’র গ্রেপ্তারের পর থেকে পুতিন বিরোধী বিক্ষোভ জোরদার হচ্ছে। বিভিন্ন শহরে চলমান বিক্ষোভ থেকে ৫ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ।

বিবিসি বলছে, পুলিশের নিষেধাজ্ঞা সত্ত্বেও প্লেকার্ড, পোস্টার-ফেস্টুন হাতে বিক্ষোভ করে হাজার হাজার জনতা। বিক্ষোভ থেকে থেকে আটক করা হয়েছে ৫ হাজারের অধিক লোককে। মস্কো থেকে নাভালনির স্ত্রী ইউলিয়া নাভালনায়াকেও আটক করা হয়েছে।

বিক্ষোভ ঠেকাতে রাজধানী মস্কোর মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। এছাড়াও রাজধানীর কেন্দ্রে লোকজনের চলাচল ও যানবাহন নিয়ন্ত্রণ করছে। শুধু মস্কো থেকেই আটক করা হয়েছে ১৪০ জনকে।

পুলিশ জানায়, অনুমতি ছাড়াই বিক্ষোভ করছে তারা। অবৈধ বিক্ষোভ থেকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের বিক্ষোভ মহামারি ছড়াতে পারে।

এর আগে ২৩ জানুয়ারি নাভালনি সমর্থকরা দেশজুড়ে প্রথম বিক্ষোভ করেন। হাজারও বিক্ষুব্ধ জনতা সেদিন রাজপথে নেমে আসেন। তখনও বিক্ষোভ থেকে চার হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করে পুলিশ।

গত ১৭ জানুয়ারি জার্মানি থেকে রাশিয়ায় ফিরলে নাভালনিকে বিমানবন্দরেই গ্রেপ্তার করা হয়। পরে তাকে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এরপর থেকে বিক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছে বিরোধীরা। সুত্রঃ বিবিসি, রয়টার্স। 

 

ইনস্টাগ্রামে শীর্ষে পাকিস্তানি সেলিব্রিটি আয়েজা খান

বিনোদন ডেস্কঃ সম্প্রতি ইনস্টাগ্রামে আট মিলিয়ন ফলোয়ারের মাইলফলক স্পর্শ করেছেন পাকিস্তানি সেলিব্রিটি আয়েজা খান। ইনস্টাগ্রামে ফলোয়ারের দিক থেকে তার পেছনে রয়েছেন আইমান খান এবং মাহিরা খান।

এদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা আইমান খানের ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যা ৭ দশমিক ৯ মিলিয়ন। এদিকে, তৃতীয় অবস্থানে থাকা মাহিরা খানের ফলোয়ার সংখ্যা ৭ মিলিয়ন।

আয়েজার স্বামীর নাম দানিশ তৈমূর, যিনি একজন মডেল ও অভিনেতা। গত তিন বছর ধরে ইন্ডাস্ট্রিতে বেশ পরিশ্রম করছেন আয়েজা। ‘মেরে পাস তুমহো’ ড্রামায়  তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে। অভিনয় দিয়ে লাখো ভক্তের হৃদয় জয় করেছেন তিনি। আর আয়েজা খান তার মনোমুগ্ধকর সৌন্দর্য এবং অসামান্য অভিনয় দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজস্ব স্থান তৈরি করেছেন।

প্রসঙ্গত, ২০১১ সালে অভিষেকের পর তাকে আর পেছনে তাকাতে হয়নি। ছোটপর্দা-বড়পর্দায় এখন তার সমান জনপ্রিয়তা। এই তারকার ভক্তের সংখ্যাও কম নয়।

সূত্র : জিইও টিভি 

লালমনিরহাটের হাতিবান্ধায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো অটোরিকশা যাত্রীর

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : হাতীবান্ধায়  স্বামীর পেনশনের টাকা তুলে নিয়ে বাড়ি ফেরার পথে বাসের  চাকায় পিষ্ট হয়ে অটোরিক্সা যাত্রী আয়েশা বেগম (৪৫) নিহত হয়েছেন।
রবিবার (৩১ জানুয়ারি) বিকেল আনুমানিক ৪ টায় লালমনিরহাট-বুড়িমারী মহাড়কের হাতীবান্ধা উপজেলার শস্য গুদামের সামনে এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আয়েশা বেগম হাতীবান্ধা উপজেলা গড্ডিমারী ইউনিয়নের মধ্য গড্ডিমারী গ্রামের কৃষি ব্যাংক কর্মচারী মৃত আব্দুল সামাদ এর স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায় গেছে , হাতীবান্ধা সোনালী ব্যাংক থেকে নিহত আয়েশা বেগম তার মৃত স্বামী কৃষি ব্যাংক কর্মচারীর পেনশনের টাকা উত্তোলন করে নিজ বাড়ী মধ্য গড্ডিমারী এলাকায় অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে উপজেলার শস্য গুদাম এলাকায়  অটোরিক্সা থেকে পড়ে গিয়ে বাস চাপায় নিহত হয়।
এ সময় যাত্রীবাহী শাম্মী পরিবহন বাসটি পাটগ্রাম থেকে লালমনিরহাটের দিকে যাচ্ছিল। পরে হাতীবান্ধা ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহ উদ্ধার করেন। বাসের চালক ও হেল্পার পালিয়ে গেলেও হাতীবান্ধা থানা পুলিশ বাসটিকে আটক করেন।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান,ঘাতক বাসটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

রৌমারীতে ট্রাক্টরের চাপায় এক মহিলা নিহত

সাকিব আল হাসান, রৌমারী, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের রৌমারীতে বালু বোঝাই অবৈধ ট্রাক্টরের চাপায় নুরহাজান (৩৫) নামের এক মহিলা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন মজিবুর রহমান (৪০) নামের এক ব্যক্তি। গুরুতর আহত মজিবুর রহমানকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

রোববার  দুপুর আড়াইটার দিকে উপজেলার বন্দবেড় ইউনিয়নের খঞ্জনমারা গ্রামের গণি মোল্লা মাদ্রাসার নিকটে এ ঘটনা ঘটে।

নিহত নুরজাহান উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ারচর গ্রামের নুরুল ইসলামের মেয়ে। অন্যদিকে আহত মজিবুর রহমান একই এলাকার শুকুর মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মোটরসাইকেল যোগে বন্দবেড় ইউনিয়ন পরিষদ থেকে উপজেলা সদরের দিকে যাচ্ছিল নুরজাহান ও মজিবুর রহমান। মোটরসাইকেলটি উপজেলার খঞ্জনমারার গণি মোল্লা মাদ্রাসা সামনে পৌছালে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই একটি অবৈধ ট্রাক্টর মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। পরে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে ওই বালু বোঝাই ট্রাক্টরের চাকায় পিষ্ট হন নুরজাহান। এসময় গুরুতর আহত হন মজিবুর রহমান নামের এক যুবক। পরে তাদেরকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক ওই নারীকে মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত ওই ব্যক্তিকে রংপুর মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা করেন। এ সময় ঘাতক ট্রাক্টর চালক পালিয়ে যায়।

রৌমারী হাসপাতালের আবাসিক চিকিৎসক মুক্তারুল ইসলাম সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে। আহত মজিবরের অবস্থার অবনতি হওয়ায় তাকে রংপুর মেডিকেলে স্থানান্তর করা হয়েছে।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আদালতের নির্দেশ অবমাননা করার দায়ে হাইকোর্টে হাজিরা দিলেন সিলেটের ডিসি

সিলেট প্রতিনিধিঃ আদালত অবমাননার অভিযোগে গোয়াইনঘাটের ব্যবসায়ী নিজাম উদ্দিনের দায়ের করা এক পিটিশনে হাইকোর্টে হাজিরা দিয়েছেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি) এম কাজী এমদাদুল ইসলাম।

রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় হাইকোর্টে তিনি হাজিরা দেন। এ তথ্য নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী শেখ আশরাফুর রহমান।

তিনি জানান, রোববার ১১টার দিকে ডিসি এমদাদুল ইসলাম আদালতে হাজিরা দেন। এসময় তিনি কোর্টে না এসে আদালতের কাজ পরিচালনার জন্য আবেদন করেন। আদালত তা না মঞ্জুর করে আগামী ২৮ ফেব্রুয়ারি আদালতে পরবর্তী হাজিরা দেওয়ার তারিখ নির্ধারণ করেন।

এর আগে গত ১৪ জানুয়ারি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ব্যবসায়ী নিজাম উদ্দিনের দায়ের করা এক পিটিশনের দীর্ঘ শুনানী শেষে হাইকাের্টের বিচারপতি মো: মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হােসেন মোল্লার বেঞ্চ ডিসিকে আদালতে হাজিরা দেওয়ার আদেশ দেন।

জানা যায়, সিলেটের কানাইঘাটের লোভছড়া পাথর কোয়ারি জব্দ করে জেলা প্রশাসন। পরবর্তি সময়ে এ নিয়ে একাধিক মামলা এবং আদালত থেকে অনেক আদেশ আসলেও জেলা প্রশাসক তা আমলে নেননি।

পরবর্তিতে ব্যবসায়ী নিজাম উদ্দিন বিষয়টি লিখিতভাবে হাইকাের্টের উল্লেখিত বেঞ্চে অবগত করলে আদালত জেলা প্রশাসককে হাজির হয়ে তার অবস্থান ব্যখ্যার আদেশ দেন।

 

 

অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্ট আটক, সামরিক শাসন জারি

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমার সেনাবাহিনী সেদেশের ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি বা এনএলডি নেত্রী অং সান সু চি, প্রেসিডেন্ট উইন মিন্ট ও সরকারের পদস্থ কয়েকজন কর্মকর্তাকে আটক করেছে। সেই সাথে দেশটিতে সামরিক শাসন জারি করেছে সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং লাইং। এনএলডি’র এক মুখপাত্র তথ্যটি নিশ্চিত করেছেন।  খবর-রয়টার্স। 

আজ সোমবার (১ ফেব্রুয়ারী) ভোররাতে সু চি’র পাশাপাশি মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্টসহ সরকারি দলের আরো কয়েকজন শীর্ষস্থানীয় নেতাকে ধরে নিয়ে যায় সেনাবাহিনী। এসব আটকের কয়েক ঘণ্টার মধ্যে সারাদেশে এক বছরের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হয়। বন্ধ হয়ে গেছে মোবাইল, ইন্টারনেট সার্ভিস ও টেলিভিশন সম্প্রচার কার্যক্রম।

সেনাবাহিনীর মালিকানাধীন মিয়াওয়াদি টেলিভিশনে এক বিবৃতিতে বলা হয়েছে,  ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি দেশের ক্ষমতা সেনাবাহিনীর কমান্ডার-ইন-চিফ মিন অং লাইং-এর কাছে হস্তান্তর করছে। ভাইস প্রেসিডেন্ট মিন্ট সোয়েকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছে সেনাবাহিনী। এক বছরের জরুরি অবস্থা জারি করা হয়েছে দেশটিতে। ভোট কারচুপির অভিযোগে সেনাবাহিনী এই অভিযান পরিচালনা করেছে।

এনএলডির মুখপাত্র মিয়ো নিউন্ট টেলিফোনে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, দলের নেত্রী সুচি, প্রেসিডেন্ট উইট মিন্ট এবং অন্য নেতাদের সোমবার ভোররাতে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তিনি মিয়ানমারের জনগণকে এ ব্যাপারে তড়িঘড়ি প্রতিক্রিয়া না দেখিয়ে আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

এদিকে আটকের পরপরই মিয়ানমারের রাজধানী নিপিড এবং প্রধান শহর ইয়াঙ্গুনের রাস্তায় সেনা মোতায়েন করা হয়েছে। বন্ধ রয়েছে টেলিফোন ও ইন্টারনেট সেবা। কারিগরি ত্রুটির কথা জানিয়ে বন্ধ রাখা হয়েছে রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এমআরটিভি।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ নভেম্বর দেশটিতে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন নিয়ে অং সান সুচি’র দল এনএলডি এবং শক্তিশালী সামরিক বাহিনীর মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। নির্বাচনে এনএলডি ৩৬৪ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও সেনাবাহিনী সমর্থিত দল ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) প্রতারণা ও ভোট কারচুপির অভিযোগ করে আসছে শুরু থেকেই। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী ফেব্রুয়ারির ১ তারিখ সংসদ অধিবেশন আহ্বান করার কথা ছিল। তবে নির্বাচন সংক্রান্ত উত্তেজনার ভেতরেই সংসদ অধিবেশন স্থগিত ঘোষণা দিয়ে সোমবার ভোরে অং সান সু চিকে আটক করে সামরিক বাহিনী।

এর আগে ২০১১ সাল পর্যন্ত মিয়ানমারে সামরিক শাসক ক্ষমতায় থাকা পর্যন্ত বহু বছর সু চি গৃহবন্দি ছিলেন।

 

তীব্র শৈত্যপ্রবাহে ঠনঠন করে কাঁপছে পুরো দেশ!

মোঃ মোস্তাফিজুর রহমানঃ তীব্র শৈত্যপ্রবাহের কবলে পড়ে ঠনঠন করে কাঁপছে পুরো দেশ। মাঘ মাসের মাঝামাঝি সময়ে এসে দেশের উত্তর-পশ্চিম জনপদে শুরু হওয়া এই তীব্র শৈত্যপ্রবাহ সমগ্র দেশে বিস্তার লাভ করায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রাজধানী ঢাকাসহ সমগ্র দেশে বিরাজ করছে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ। ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু পুরো দেশ। তীব্র এই শৈত্যপ্রবাহ বেশ কয়েকদিন থাকার আশংকা করছেন আবহাওয়াবিদরা।

সোমবার (১ ফেব্রুয়ারী) দেশের সর্বনিম্ন ৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে। আর রাজধানী ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছে ১০ ডিগ্রি সেলসিয়াসে।

এছাড়া, চুয়াডাঙ্গায় ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, সৈয়দপুরে ৬ ডিগ্রি সেলসিয়াস, কুড়িগ্রামের রাজারহাটে ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী ও ঈশ্বরদীতে ৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং বগুড়ায় ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল সর্বনিম্ন তাপমাত্রা।

জ্যেষ্ঠ আবহাওয়াবিদ আব্দুর রহমান বলেন, কুড়িগ্রাম ও রাজশাহী অঞ্চলের ওপর দিয়ে এখন তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আর ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের অন্যান্য এলাকা এবং টাঙ্গাইল, ফরিদপুর, গোপালগঞ্জ, নিকলী, শ্রীমঙ্গল, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, বরিশাল ও ভোলা অঞ্চলের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এ শৈত্যপ্রবাহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের তাপমাত্রা সোমবার সামান্য কমতে পারে। সাধারণত বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা নেমে ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চলে এলে মৃদু; ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে মাঝারি এবং ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে হলে তীব্র শৈত্যপ্রবাহ বলে ধরা হয়। গেল বৃহস্পতিবার থেকে রংপুর বিভাগসহ গোপালগঞ্জ, সীতাকুণ্ড, কুমিল্লা, শ্রীমঙ্গল, রাজশাহী, পাবনা, যশোর এবং চুয়াডাঙ্গা অঞ্চলে এই শৈত্যপ্রবাহ শুরু হয়।

আজ সোমবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত  ঘন কুয়াশা বিরাজ করবে। আর বয়ে যাওয়া হিমেল হাওয়ায় শীতের অনুভূতি তুলনামূলক বেশি অনুভূত হবে।

উল্লেখ্য, গত তিন বছর আগে ২০১৮ সালের জানুয়ারির ৮ তারিখে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তাপমাত্রা সেই সময় দেশের সব রেকর্ড ভেঙে ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে গিয়েছিল।

সিলেটে বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মোঃআমিন আহমেদ, সিলেটঃ আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে সিলেটে পালিত হল, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী।

রোববার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর সিলেট মহানগরীর একটি হোটেলে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিছবাহ উদ্দিন সিরাজ।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এডভোকেট রুহুল আনাম চৌধুরী মিন্টু। বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ সিলেট জেলা শাখার সভাপতি ডা. আনোয়ার হোসেন (শামীম) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মাসুদুর রহমান খান মুন্নার পরিচালনায় প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ও ইউরোপীয় ইউনিয়ন শাখার সভাপতি আনোয়ার উদ্দিন আহমদ রুনু, মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নার্গিস সুলতানা রুমি, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদ জেলা শাখার মহিলা সম্পাদিকা জেসমিন নাহার।

এ সময় বক্তরা বলেন, বঙ্গবন্ধু পেশাজীবী পরিষদের ১৭তম একটা স্বরণীয় দিন, যে দিনে বঙ্গবন্ধুর জন্ম হয়েছিল, সেদিনই প্রথম অলিখিত ১৭ মিনিটের ভাষণও ছিল বিশ্বে স্বীকৃত। পরিষদের সুনাম অক্ষুন্ন রেখে গর্বিত জাতি হিসাবে বঙ্গবন্ধুর আদর্শে, দেশ ও জনগণের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে তারা বর্তমান নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

 

নওগাঁ জেলায় মাঠে মাঠে বোরো ধান রোপনে চলছে মহোৎসব, চলতি মওসুমে লক্ষ্যমাত্রা অতিক্রমের সম্ভাবনা

একেএম কামাল উদ্দিন টগর, নওগাঁ জেলা প্রতিনিধিঃ দেশের উদ্বৃত্ত ধান উৎপাদনের জেলা নওগাঁ’র মাঠে মাঠে এখন বোরো ধান রোপনের মহোৎসব চলছে। জেলার ১১টি উপজেলার অবারিত ফসলের মাঠ জুড়ে ধান রোপনে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। জমিতে পানি সেচ, বীজতলা থেকে চারা উত্তোলন এবং সেই চারা তৈরী জমিতে রোপনের কাজ চলছে পুরোদমে। এসব মাঠে কেবলই কলের লাঙ্গলের শব্দ, কোথাও গরুর পায়ে পানির ঝপ ঝপ শব্দ, কৃষান কৃষানীদের গুন গুন গানে মুখরিত।

নওগাঁ কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ শামসুল ওয়াদুদ জানিয়েছেন যদিও চলতি বোরো মওসুমে জেলায় বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারন করা হয়েছে ১ লাখ ৮০ হাজার ৬শ ২৫ হেক্টর জমিতে। বিগত আমন মওসুমে কৃষকরা
ধানের নায্য মুল্য পাওয়ার ফলে বোরো মওসুমে এই লক্ষমাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তিনি জানান ২৬ জানুয়ারী পর্যন্ত ৮৫ হাজার ৬শ ৮০ হেক্টর জমিতে বোরো ধানের চারা রোপন সম্পন্ন হয়েছে। চলতি মওসুমে কৃষকরা হাইব্রীড এবং উন্নত ফলনশীল উফশী জাতের ধান রোপন করছেন। হাইব্রীড জাতের মধ্যে সিনজেনটা-১২০৩ ও ছক্কা এবং উফশী জাতের মধ্যে কাটারী, ব্রি-ধান ২৮, ব্রি-ধান ২৯, ব্রি-ধান ৫০, ব্রি-ধান ৮১, জিরাশাইল ইত্যাদি ধান রোপন করছেন জেলার কৃষকরা।

কৃষি অধিদপ্তর সুত্রে জানা গেছে, চলতি মওসুমে জেলায় মোট ১ লাখ ৮০ হাজার ৬, ২৫ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষমাত্রা নির্ধারিত রয়েছে। এর মধ্যে হাইব্রীড জাতের ১১ হাজার ৭শ ১০ হেক্টর এবং ১ লাখ ৬৮ হাজার ৯শ ১৫ হেক্টর উন্নত ফলনশীল
উফশী জাতের। চালের আকারে উৎপাদন লক্ষ্যমাত্রা ৭ লাখ ৫৮ হাজার ৬শ ৯৬ মেট্রিক টন। এর মধ্যে হাইব্রীড জাতের ৬২ হাজার ৭শ ৬৬ মেট্রিক টন এবং উফশী জাতের ৬ লক্ষ ৯৫ হাজার ৯শ ৩০ মেট্রিক টন।

উপজেলা ভিত্তিক বোরো আবাদের লক্ষমাত্রা হচ্ছে নওগাঁ সদর উপজেলায় হাইব্রীড জাতের ৩ হাজার ১শ২৫ হেক্টর ও উফশী জাতের ১৪ হাজার ৮শ ৩০ হেক্টরসহ মোট ১৭ হাজার ৯শ ৫৫ হেক্টর। রানীনগর উপজেলায় হাইব্রীড জাতের ৭৫ হেক্টর ও উফশী জাতের ১৮ হাজার ১শ ২৫ হেক্টরসহ মোট ন১৮ হাজার ২শ হেক্টর। আত্রাই উপজেলায় হাইব্রীড জাতের ৩ হাজার ৮শ ৫০ হেক্টর ও উ‘ফশী জাতের ১৫ হাজার ৩৫ হেক্টরসহ মোট ১৮ হাজার ৮শ ৮৫ হেক্টর। বদলগাছি উপজেলায় হাইব্রীড জাতের ২৪৫ হেক্টর ও উফশী জাতের ১০ হাজার ৭শ ৪৫ হেক্টরসহ মোট ১০ হাজার ৯শ ৯০ হেক্টর। মহাদেবপুর উপজেলায় হাইব্রীড জাতের ২৮০ হেক্টর ও উফশী জাতের ২৬ হাজার ৩শ ২০ হেক্টর। পত্নীতলা উপজেলায় হাইব্রীড জাতের ১৩০ হেক্টর ও উফশী জাতের ১৯ হাজার ২শ ৬০ হেক্টর। ধামইরহাট উপজেলায় হাইব্রীড জাতের ১ হাজার ৩শ ৪৫ হেক্টর ও উফশী জাতের ১৪ হাজার ৬শ ৬০ হেক্টর। সাপাহার উপজেলায় হাইব্রীড জাতের ১০ হেক্টর ও উফশী জাতের ৫ হাজার ৪শ ৪৫ হেক্টর। পোরশা উপজেলায় হাইব্রীড জাতের ৫২৫ হেক্টর ও উফশী জাতের ৭ হাজার ৫শ ২০ হেক্টর। মান্দা উপজেলায় হাইব্রীড জাতের ২ হাজার ১শ ১৫ হেক্টর ও উফশী জাতের ১৭ হাজার ৭শ ৩৫ হেক্টর এবং নিয়ামতপুর উপজেলায় হাইব্রীড জাতের ১০ হেক্টর ও উফশী জাতের ১৯ হজার ২শ ৪০ হেক্টর।

 

 

উদ্বোধন হলো শেখ রাসেল স্মৃতি লং পিচ টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট

২৯শে জানুয়ারি শুক্রবার বিকাল তিনটায় ঐতিহ্যবাহী টেকের দোকান সংলগ্ন মাঠে টেকের দোকান শেখ রাসেল স্মৃতি সংসদের আয়োজনে শেখ রাসেল লং পিচ টেপ টেনিস গোল্ডকাপ ক্রিকেট টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয় । উদ্বোধনী খেলায় শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা এম এস আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার মেয়র এস এম সিরাজ উদ-দোলা।

খেলাটি উদ্বোধন করেন সুয়াবিল আধুনিক কিন্ডাগার্টেনের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এম. নুরুল আলম নুরু। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজিরহাট পৌরসভার ৭ নং ওয়ার্ডের কাউন্সিলর মুহাম্মদ ইসমাইল। উদ্বোধনী খেলায় সংবর্ধিত অতিথি ছিলেন নাজিরহাট পৌরসভার ৩ নং ওয়ার্ডের কাউন্সিলর হারুন ও বিশিষ্ট ব্যবসায়ী মুহাম্মদ জিয়াউল হক।

উদ্বোধনী খেলায় প্রতিদ্বন্দ্বিতা করেন হিম্মত মুহুরি আদর্শ সংঘ একাদশ বনাম ব্ল্যাক ড্রাগন ক্রিকেট একাদশ। খেলায় হিম্মত মুহুরি আদর্শ সংঘ একাদশ কে ২২ রানে পরাজিত করেন ব্ল্যাক ড্রাগন ক্রিকেট একাদশ এবং ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ব্ল্যাক ড্রাগন ক্রিকেট একাদশের ক্রিকেটার জোবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ওসমান,সুলাইমান,বোরহান রেজা, মোহাম্মদ জাবেদ,জয়নাল,সোহান,ফরিদ সহ শেখ রাসেল স্মৃতি সংসদের উপদেষ্টা এমরান, সুমন, আলাউদ্দিন, ফখরুল ইসলাম ও নুরুল আলম সহ আর অনেকেই।