ক্রিকেটে ফিরে নিজের সেরাটা দিলেন সাকিব

স্পোর্টস ডেস্কঃ অবশেষে এক বছরের নিষেধাজ্ঞা শেষে ক্রিকেটে ফিরেছেন সাকিব আল হাসান। আর ক্রিকেটে ফিরে নিজের সেরাটাই দিলেন সাকিব। করলেন দুর্দান্ত পারফর্মেন্স।

এদিকে শুধু সাকিব নয়, বাংলাদেশ ক্রিকেটও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে প্রায় ১০ মাস পর। আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার ম্যাচে সাকিব নিয়েছেন ৭.২ ওভারে মাত্র ৮ রান দিয়ে ৪ উইকেট।

এছাড়া অভিষেকে আলো ছড়িয়েছেন হাসান মাহমুদ, নিয়েছেন ৬ ওভারে ২৮ রানে ৩ উইকেট। মুস্তাফিজ নিয়েছেন ৬ ওভারে ২০ রান দিয়ে ২ উইকেট।

এতদিন পর খেলতে নেমেও এমন দুর্দান্ত পারফর্ম নিয়ে সাকিব জানান, ‘আমি শুধু সঠিক জায়গায় বল করার চেষ্টা করেছি এবং সেটার ফলও পেয়েছি।’

 

সিলেটে পুলিশের হাতে আটক নারীসহ এস আই রোকন ও ৪ ইয়াবা ব্যাবসায়ী

মো আমিন আহমেদ, সিলেট:  সিলেটে ইয়াবা বিক্রির সময় সাময়িক বরখাস্ত এক এস.আইসহ পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকেলে নগরীর সুবিদবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- এপিবিএন’র সাময়িক বরখাস্ত এসআই মো. রোকন উদ্দিন, রীমা, জসিম উদ্দিন, ফাহিম শাহরিয়ার ও ফরিদ আহমেদ।

এসএমপির অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্লাহ তাহের জানান, নগরীর সুবিদবাজার এলাকায় ইয়াবা বেচাকেনা চলছে, এমন সংবাদে অভিযান চালিয়ে নারীসহ পাঁচজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১৮৫টি ইয়াবা ও ৮২ হাজার ৩শ’ টাকা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে, ২০১৯ সালের ২৮ জানুয়ারি নগরীর দাড়িয়াপাড়া থেকে জোর করে ইয়াবা সেবনের মাধ্যমে পতিতাবৃত্তি করানোর অভিযোগে কথিত স্ত্রীসহ রোকনকে আটক করেছিল র‌্যাব। একইসঙ্গে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

হেলমেট না থাকায় মামলা দেওয়ায় ট্রাফিক সার্জেন্টকে পেটালো এক যুবক

মো আমিন আহমেদঃ মোটরসাইকেল চালকের মাথায় হেলমেট ছিল না। তাই তাকে থামিয়েছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট। এ নিয়ে হয় বাগবিতণ্ডা। এরই একপর্যায়ে আচমকা হামলা চলে সার্জেন্টের ওপর। এতে গুরুতর আহত হন তিনি।

মঙ্গলবার দুপুর ১টার দিকে রাজশাহী মহানগরীর বিলশিমলা ঐতিহ্য চত্বরে এ ঘটনা ঘটে। আহত ট্রাফিক সার্জেন্টের নাম বিপুল কুমার। তাকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

সার্জেন্টের দুই হাতে জখম হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন অংশে আঘাত পেয়েছেন তিনি। বর্তমানে রামেক হাসপাতালের চার নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।

সার্জেন্ট বিপুল কুমারের সঙ্গে দায়িত্ব পালন করছিলেন কনস্টেবল ইসমাইল হোসেন। বিষয়টি নিয়ে তিনি কোনো কথা বলতে চাননি।

পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করে থানায় নিয়েছে। ঘটনাস্থলের সামনেই এদের একজনের চায়ের দোকান, অন্যজন পাশের একটি ফার্নিচারের দোকানের কর্মচারী।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাথায় হেলমেট ছাড়াই আসছিলেন এক যুবক। ট্রাফিক সার্জেন্ট তাকে থামিয়ে মোটরসাইকেলের কাগজ দেখতে চান। এছাড়া হেলমেট না থাকায় তিনি মামলা দিতে শুরু করেন। তখন ওই যুবক মোটরসাইকেল নিয়ে ফুটপাতের ওপরে ওঠেন। এরপর সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান।

এরই একপর্যায়ে ফার্নিচারের দোকান থেকে চেলা কাঠ এনে আচমকাই মারধর শুরু করেন সার্জেন্টকে। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে ওই যুবক মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পুলিশের হাতে আটক দুইজন জানিয়েছেন, অভিযুক্ত যুবকের নাম বেলাল। তার বাড়ি নগরীর লক্ষ্মীপুর ভাটাপাড়া এলাকায়। তিনি সামনের চায়ের দোকানেই আড্ডা দেন।

জানতে চাইলে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, সার্জেন্ট বিপুলের দুই হাতে জখম হয়েছে। শরীরের অন্যান্য অংশেও আঘাতের চিহ্ন রয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুস জানান, হামলাকারী যুবক মোটরসাইকেল ফেলে পালিয়েছেন। তাকে আটকের চেষ্টা চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।

 

রাজীবপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

সাকিব আল হাসান, রৌমারী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের চর রাজীবপুরে শাহিনা বেগম (২০) নামে এক গৃহবধূকে হত্যার দায়ে স্বামী বকুল (২৫) কে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে কুড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদালত। গত মঙ্গলবার দুপুরে এই রায় দেন বিজ্ঞ জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান।

আদালত ও কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এডভোকেট এস.এম আব্রাহাম লিংকন জানান, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কারখানা পাড়া গ্রামের শামসুল হকের মেয়ে শাহিনা বেগমের সাথে কুড়িগ্রামের চর রাজীবপুর উপজেলার চর সাজাই নয়াপাড়া গ্রামের মৃত: আজিজল হকের পূত্র বকুলের সাথে ২০০৫ সালে বিবাহ সম্পন্ন হয়। বিয়ের দুই বৎসর পর ২০০৭ সালের ২ ডিসেম্বর সকাল ৮টার সময় শাহিনাকে তার স্বামীর ঘরে মৃত: অবস্থায় পাওয়া যায়। ভাবীর সাথে স্বামীর অবৈধ সম্পর্ক জেনে যাওয়ায় শাহিনাকে গলা টিপে হত্যা করে লাশ ফাঁসিতে ঝুলিয়ে দেয়া হয়।

এ ঘটনায় শাহিনার পিতা শামসুল হক ২০০৮ সালের ১৬ জানুয়ারি চর রাজীবপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ শুনানী শেষে অভিযোগের সত্যতা পাওয়া কুড়িগ্রামের বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত আসামি বকুলকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

 

“নয় বছর পর লোকালয়ের কাছে বাঘের দেখা”

মোঃ হেলালুজ্জামান, শ্যামনগর, সাতক্ষীরাঃ প্রায় ৯ বছর পর সুন্দরবনের লোকালয়ের একেবারে কাছে দেখা মিলেছে রয়েল বেঙ্গল টাইগারের।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) পশ্চীম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের শ্যামনগর উপজেলার  মুন্সিগঞ্জ কলবাড়ী এলাকায় চুনা নদীর পাড়ে এই বাঘের দেখা মেলে। বাঘটি ছোট একটি খাল পার হয়ে সেখানে অল্প কিছু সময় অবস্থান করে আবারও বনের গভীরে চলে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বেলা ১১টার দিকে বাঘের গর্জন শুনে তা অনুসরন করলে খালের পাশে বাঘটি দেখতে পান তারা। বাঘটি মাত্র কয়েক মিনিট সেখানে অবস্থান করে বনের ভেতরে চলে যায়। তাদের ধারণা খাবারের সন্ধানে বাঘটি লোকালয়ের কাছে চলে এসেছে। এখনও ঐ এলাকায় অবস্থান করছে। বাঘটি যেন নদী পার হয়ে লোকালয়ে আসতে না পারে সে বিষয়ে সবাই সতর্ক রয়েছে।

এ বিষয়ে বন বিভাগের মুন্সিগঞ্জ ক্যম্পের ইনচার্জ ফরেস্টার আনোয়ার হোসেন বলেন, ঘটনা জানার পরেই টাইগার টিমের সদস্যদের নিয়ে ঐ এলাকায় পরিদর্শন করেছি। বাঘটি যাতে লোকালয়ে না আসতে পারে সে বিষয়ে প্রস্তুতি রাখা হয়েছে। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে।

সবশেষ ২০১২ সালের ২২ জুলাই সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গোলাখালী এলাকায় একটি বাঘ সুন্দরবন থেকে লোকালয়ে চলে এসেছিল। এর পর এই অঞ্চলে আর কোন বাঘের দেখা পাননি স্থানীয়রা।

এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছিঃ চেয়ারম্যান পদপ্রার্থী আমির হোসেন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ প্রাণ সংহারী করোনা ভাইরাস মহামারির শেষ কবে—বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আইন অনুযায়ী এ বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই। বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয় ঐ বছরের ৪ জুন। আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। এই নিয়ে সারা দেশের মতো ১৭নং জাহাপুর ইউনিয়ন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ইউনিয়ন এর বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে দেয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ। সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।মুরাদনগর উপজেলার ১৭নং জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ১৭নং জাহাপুর ইউনিয়ন যুবসমাজের আইকন, উদীয়মান তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক এবং ২০০৮ সালে ১৭ নং জাহাপুর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি পদে নিবার্চন করেন এবং ২০০৪-২০১০ সাল পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সংগঠনের সাথে জড়িত ছিলেন এবং (২০০৩-২০১০) বাংলাদেশ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আমির হোসেন।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে,মোঃ আমির হোসেন একজন সৎ, নিষ্ঠাবান যুবনেতা। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন। মোঃ আমির হোসেন ১৭নং জাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি। নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি, ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

মোঃ আমির হোসেন আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় ১৭নং জাহাপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

 

গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষায় নূন্যতম ফি নেওয়ার সিদ্ধান্ত

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ করোনা পরিস্থিতি ও দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষায় শিক্ষার্থীদের থেকে ন্যূনতম পরীক্ষা ফি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি কমিটির অর্থ উপ-কমিটি।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১২ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্যের সভাকক্ষে অর্থ উপ-কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও অর্থ উপ-কমিটির আহবায়ক অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এর সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অর্থ উপ-কমিটির সদস্য এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল ইসলাম, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন।

সভায় গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার বাজেট সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয় এবং বাজেটে পরীক্ষার আয়-ব্যয় সংক্রান্ত খাতসমূহ নির্ধারণ করা হয়। এছাড়া পরবর্তী সভায় পূর্ণাঙ্গ বাজেট প্রণয়নের সিদ্ধান্তসহ করোনার সার্বিক দিক বিবেচনা করে শিক্ষার্থীদের জন্য ন্যূনতম পরিক্ষা ফি ধার্যের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

গুচ্ছভুক্ত ভর্তি পরিক্ষার অর্থ উপ-কমিটির আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, গুচ্ছ ভর্তি পরিক্ষা আমাদের জন্য নতুন একটি অভিজ্ঞতা। এ পরিক্ষায় সার্বিক খরচ কেমন হতে পারে তা আমরা সভায় আলোচনা করেছি। এছাড়া করোনা মহামারীর মধ্যে শিক্ষার্থীদের ভর্তি পরিক্ষার বিষয়ে আমাদের ভাবনা আছে। সামনে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সভায় শিক্ষার্থীদের জন্য সহনীয় হয় এমন পরিক্ষা ফি ধার্য করা হবে বলে জানান তিনি।

এসময় সভায় দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন গুছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি কমিটির যুগ্ম আহায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

এছাড়া ভর্তি কমিটির অর্থ উপ-কমিটির সদস্য সচিব এবং জগনাথ বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী মোঃ নাসির উদ্দীন সভায় উপস্থিত ছিলেন।

এ বছর নতুন একটিসহ যে ২০টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তির সিদ্ধান্ত হয়েছে সেগুলো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

 

 

রাণীশংকৈলে পৌরসভার নির্বাচনে সকল প্রার্থীকে বৈধ ঘোষণা

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভার নির্বাচনে মেয়র ও সকল কাউন্সিলরদের বৈধ ঘোষনা করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার।

১৯ জানুযারি মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে যাচাই বাছাই শেষে সকলের মনোনয়ন পত্রে কোন ত্রুটি না পাওয়ায় তাদের বৈধ প্রার্থী হিসাবে ঘোষনা করা হয়।

জানাগেছে গত ১৭ জানুযারি  সকল পদে মোট ৫৮টি মনোনয়ন পত্র জমা দেওয়া হয়েছিল। এদের মধ্যে ১২ মেয়র প্রার্থী, ৩৩ কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১৩ জন।

যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাচন রিটার্নিং কর্মকর্তা সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ, উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার। এছাড়াও পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী সকল মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা, নির্বাচন অফিসের কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এবার মেয়র পদে ফরম নিয়েছিলেন ১২ জন, জমা করেছেন ১২ জন, কাউন্সিল’র পদে ৩৪ জন, জমা দিয়েছেন ৩৩ জন এবং মহিলা সংরক্ষিত আসনে ১৩ জন ফরম নিয়ে জমা দিয়েছেন ১৩ জন। নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

এবার চতুর্থ ধাপের পৌরনির্বাচনে রানীশংকৈল পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৪৭০২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭৩১২ জন এবং মহিলা ভোটার ৭৩৯০ জন। এবং আগামী ১৪ ফ্রেরুয়ারী ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এ ব্যপারে নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার বলেন নির্বাচন সুষ্ঠ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য যাবতীয় পদক্ষেপ গ্রহন করা হয়েছে। কোন প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে ভ্রাম্যমাণ আদালতে তাঁর বিরুদ্ধে  বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি