ঠাকুরগাঁওয়ে ফুলকপি-বাঁধাকপি গরুর খাদ্য হিসেবে বিক্রি

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌরমার্কেট কাঁচা বাজারে ফুলকপি ও বাঁধাকপি গরুর খাদ্য হিসেবে বিক্রি হচ্ছে। প্রতি বস্তা ফুলকপি-বাঁধাকপি বিক্রি হচ্ছে ৩০ থেকে ১০০ টাকায়। কিছুদিন আগেই প্রতি কেজি কপি ৭০ থেকে ৯০ টাকা দরে বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে পানির দরে।

এমন চিত্র দেখা গেছে ১৮ জানুয়ারি সোমবার সকালে রাণীশংকৈলের শিবদিঘী প্রাত্যাহিক সকালের সবজি বাজারে।

ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে জানা গেছে, প্রতি কেজি ১ থেকে দেড় টাকা আর বস্তা বিক্রি হচ্ছে ৩০ টাকা থেকে ১০০ টাকায় ।এ নিয়ে কৃষকদের অনেক লোকসান গুনতে হচ্ছে। তারা বলছেন মাঠ থেকে বাজারে পরিবহন খরচ তুলে আনতে হিমশিম খাচ্ছেন তারা । সেই সাথে মাঠে কপির পরিচর্চার টাকা একেবারেই বিফলে।

প্রথমদিকে কিছুটা দাম বেশি ছিল এখন একেবারে পানির দরে বিক্রি করতে হচ্ছে তাদের। উপজেলার নেকমরদ থেকে কিনতে আসা রফিকুল ইসলাম জানান, ৩ বস্তা কপি ক্রয় করেছেন ২১০ টাকায় গরুকে খাওয়ানোর জন্য।

পৌরমার্কেটের চা দোকানদার আমান জানান, এখন বাজারে গরুর খামারিরা তাদের গরুকে খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছে বস্তা বস্তা কপি । তিনি নিজেও তার গরুর জন্য প্রতিদিন সকালে কম দামে কপি কিনে নিয়ে যান। তবে বিভিন্ন এলাকা থেকে আসা খুচরা পাইকাররা বস্তা প্রতি ভালো মানের কপি ১২০ টাকায় ক্রয় করে নিয়ে যাচ্ছেন ।খুচরা বাজারে ২ থেকে ৫ টাকা দরে কপি বিক্রি করছেন তারা ।

জানা যায়,রানীশংকৈলের শিবদিঘী প্রত্যাহিক বাজার ঠাকুরগাঁও জেলার সবচেয়ে বড় বাজার গুলোর মধ্যে অন্যতম। তাই এ বাজারে প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে সবজি পাইকাররা। এ বাজারে সব ধরনের আগাম সবজি ভোর থেকে সকাল ৯ টা পর্যন্ত বিক্রি হতে দেখা যায়।

কপি বিক্রি করতে আসা সাদিকুল নামের এক কৃষক জানান, একটু ভালো দাম পেলে কীটনাশক ও পরিচর্চার খরচ উঠে আসতো। আর তার এবারের সব্জি কপি ফসলে লোকসান গুনতে হতো না ।

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সঞ্জয় দেবনাথ বলেন, জেলার মধ্যে এ উপজেলায় সবচেয়ে বেশি রবিশস্যের আবাদ হয়, একই সাথে এখানে কোন রবিশস্যের সংরক্ষণাগার নেই। তবে এ বাজার দর বেশিদিন স্থায়ী থাকবেনা। তিনি এ উপজেলায় একটি রবিশস্যের সংরক্ষণাগার স্থাপনের জন্য সরকারের প্রতি সুদৃষ্টি কামনা করেন।

 

 

১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের জনপ্রিয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম মাস্টার

মোঃ খোরশেদ আলম , কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার আসন্ন ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সকলের দোয়া ও সহযোগীতা চেয়েছেন মুরাদনগর উপজেলার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়নের জনপ্রিয় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী শফিকুল ইসলাম মাস্টার।

শফিকুল ইসলাম মাস্টারের সাথে সাম্প্রতিক এক স্বাক্ষাৎকারে তিনি জানান,প্রিয় বন্ধু, শুভাকাঙ্ক্ষী, সমর্থক, এলাকাবাসী আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৪ নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আমি দীর্ঘ বছর আপনাদের সেবায় নিয়োজিত আছি, সুযোগ পেলে আমাদের এলাকার উন্নয়নে পরিচ্ছন্ন ভুমিকা রেখে একটি আদর্শ ইউনিয়ন গঠন করতে চাই। কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ, পানি নিঃস্কাশন, নিরাপত্তার বিষয় টি গুরুত্ব দিয়ে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখবো। দারিদ্র্য দূরীকরণ, বেকারত্ব সমস্যা সমাধান, পর্যটন এলাকা গড়তে আমি আমার পরিকল্পনা গুলো কাজে লাগাতে চাই।

আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও সমর্থন আশা করছি। এলাকাবাসীর পরামর্শ নিয়ে সুন্দর একটি পরিবেশ গঠন করা হবে আমার মুল লক্ষ্য। আপনারা যার যার অবস্থান থেকে এলাকার স্বার্থে কাজ করবেন, আমাকে সাহায্য করবেন এটাই আমার প্রত্যাশা।আল্লাহর সন্তুষ্টি লাভে মানব সেবায় আমরা মিলেমিশে কাজ করবো। দলীয় দৃষ্টিতে নয়, পেশি শক্তিতে নয়, এলাকাটি গড়ে তুলবো ঐক্যবদ্ধ ভালোবাসা দিয়ে। আল্লাহ আমার সহায়, জনগণ আমার শক্তি, সততা আমার মুলধন, আপনাদের সেবায় সবসময় আছি এবং থাকবো ইনশাআল্লাহ।আমি আপনাদের সার্বিক সহযোগিতা ও দোয়া প্রার্থী।

শফিকুল ইসলাম মাস্টার দীর্ঘদিন থেকে অত্র এলাকায় বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে, সাধারন মানুষের স্বার্থে উন্নয়ন মূলক কাজের সাথে জড়িত রয়েছেন। অনেক সময় নিজের সামর্থ্য অনুযায়ী গরিব দুঃখী মানুষের পাশে দাড়িয়েছেন। তিনি মনে করেন, রাজনীতিতে ভিন্ন মতাদর্শ থাকতে পারে কিন্তুু উন্নয়নের ক্ষেত্রে আমার মূল উদ্দেশ্য জনগনের সেবা করা।

এমন লক্ষকে সামনে রেখেই নির্বাচনীয় প্রচারনা চালাচ্ছে এই চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মাস্টার।তিনি আরো জানান, চেয়ারম্যান হলে ইউনিয়নের রাস্তা ঘাট উন্নয়ন, মাদক মুক্ত, সামাজিক উন্নয়ন সহ অবহেলিত মানুষের পাশে সব সময় থাকবেন।

স্থানীয় এলাকাবাসীর অনেকেই বলেন, অত্যন্ত আস্থাভাজন ও তাদের সুখ-দুঃখের অংশীদার হিসেবে শফিকুল ইসলাম মাস্টার কে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসাব দেখতে চায়। সাধারণ মানুষের মধ্যে তার যে জনপ্রিয়তা রয়েছে তাকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিলে তার বিজয়ী হওয়া প্রায় সুনিশ্চিত। নির্বাচনীয় প্রতিচ্ছুতি মাদকমুক্ত একটি আধুনিক পরিকল্পিত শিক্ষাবান্ধব উন্নয়ন জনগণকে উপহার দেবেন, একটি মডেল ইউনিয়ন গড়ে তুলতে অঙ্গীকার বদ্ধ। অসহায় মানুষের দ্বারপ্রান্তে গিয়ে তাদের কষ্ট এবং বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা গরীব- ধনীর তারতম্য খুব কাছ থেকে উপলব্ধি করবেন। যদি তিনি সুযোগ পান বিশেষ করে সমাজের অসচ্ছল অসহায় গরিব, বিধবা, বয়স্ক এবং প্রতিবন্ধী মানুষের জন্য কাজ করবেন। গরীব-ধনির ভেদাভেদ কে সমাজ থেকে বিলুপ্ত করার লক্ষ্যে কাজ করবেন।

প্রচারণাকালে তিনি আরো জানান, আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো।

তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে শফিকুল ইসলাম মাস্টার একজন সৎ, নিষ্ঠাবান যুবনেতা। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন।শফিকুল ইসলাম মাস্টার ১৪নং নবীপুর পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন। নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন।

এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

শফিকুল ইসলাম মাস্টার আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে।

এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

 

 

এবার চীনের আইসক্রিমে করোনা!

আন্তর্জাতিক ডেস্কঃ এবার চীনের আইসক্রিমে পাওয়া গেল করোনা! চীনের বেইজিং সংলগ্ন তিয়ানজিনের ডাকিওডাও ফুড কোম্পানির একটি কারখানার আইসক্রিমে মহামারি করোনাভাইরাসের উপস্থিতি পাওয়ায় ওই কারখানাটি সিলগালা করে দিয়েছে দেশটির প্রশাসন। কারখানার ১৬৬২ জন কর্মীকে কোয়ারেন্টাইনে পাঠিয়েছে বেইজিং সরকার। খবর-এপি।

তিয়ানজিন কর্তৃপক্ষ থেকে জানানো হয়েছে, কারখানাটি ৪৮৩৬ বক্স দূষিত আইসক্রিম তৈরি করেছে যার মধ্যে রোববার ২০৮৯ বক্স আইসক্রিম সিলগালা করা হয়েছে। আর কারখানার সবার করোনা পরীক্ষা করার নির্দেশও দিয়েছে সরকার। এরই মধ্যে ৭০০ জনের করোনা পরীক্ষা সম্পন্ন হয়েছে।

তবে এ পর্যন্ত আইসক্রিম খেয়ে কারও করোনা উপসর্গের খবর পাওয়া যায়নি।

সরকারি সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যাচের আইসক্রিমের ২৯ হাজার কার্টন এখনই বিক্রি হয়ে যায়নি। বিক্রি হওয়া ৩৯০ কার্টন আইসক্রিমের গ্রাহকদের তথ্য সংগ্রহ করছে স্থানীয় প্রশাসন। আশেপাশের এলাকায়ও প্রচার করা হচ্ছে বিষয়টি। তৈরি হওয়া আইসক্রিমের প্রধান উপাদানের মধ্যে নিউ জিল্যান্ড থেকে আমদানি করা মিল্ক পাউডার এবং ইউক্রেন থেকে আমদানি করা  হুই পাউডার।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর এ পর্যন্ত চীনে করোনায় ৪৯৭৯ জনের মৃত্যু হয়েছে।

 

রায়পুরে জমি চাষ নিয়ে বিরোধের জেরে যুবককে কুপিয়ে জখম

লক্ষ্মীপুর প্রতি‌নি‌ধিঃ লক্ষ্মীপুরের রায়পুরে জমির ইজারা টাকা লেনদেন ও জমি চাষ দেওয়া নিয়ে সংঘর্ষে সোহাগ রাঢী (৩২)কে কুপিয়ে জখম  করেছে একই এলাকার ৮নং ওয়ার্ড মৌশাল বাড়ির খোরশেদ আলমের পুত্র পারভেজ ও মামুন।

গতকাল রোববার (১৭ জানুয়ারি) রাতে  উপজেলার ১০ নং রায়পুর ইউনিয়নের মিতালি বাজার কাজিরচর গ্রামে কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

গুরুতরভাবে আহত সোহাগ রাঢী উপজেলার ১০ রায়পুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড কাজিরচর গ্রামের মৃত শুকু রাঢীর ছেলে।

জানা গেছে, স্থানীয়রা আহতদের উদ্ধার করে রায়পুর সরকারি হাসপাতালে পাঠিয়েছে। আহত সোহাগ রাঢী শারিরিক অবস্থা গুরুতর হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার জন্য নির্দেশ দেন।

স্থানীয়  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন চৌধুরি ও ছাত্রলীগের নেতা রাছেল সংঘর্ষের  বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে রায়পুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত শিপন বড়ুয়া বলেন অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

মো. মোস্তাফিজুর রহমানঃ রাজধানীর বিমানবন্দর-খিলক্ষেত সড়কে একটি যাত্রীবাহী বাসচাপায় মোটরসাইকেল আরোহী স্বামী-স্ত্রী নিহত হয়েছেন।

আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ৭টার দিকে বিমানবন্দর-খিলক্ষেত সড়কের পদ্মা ওয়েল গেটের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-আকাশ ইকবাল (৩৩) ও তার স্ত্রী মায়া হাজারিকা (২৫)।

জানা গেছে, নিহত স্বামী-স্ত্রী রাজধানীর দক্ষিণখান মোল্লারটেকের কসাইবাড়ী এলাকার বাসিন্দা। তাদের ৩ বছরের এক ফুটফুটে শিশু রয়েছে। দুর্ঘটনার সময় শিশুটি তাদের বাসায় অবস্থান করছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে করে যাওয়ার সময় বিমানবন্দর-খিলক্ষেত সড়কের পদ্মা ওয়েল গেটের পাশে আজমেরি পরিবহনের একটি বাস প্রথমে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়, পরে মোটরসাইকেলসহ তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বিমানবন্দর থানার ওসি ফরমান আলী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে স্বামী-স্ত্রী মোটরসাইকেলে যাওয়ার সময় পদ্মাওয়েল গেটের পাশে আজমেরী পরিবহনের একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। আর ঘাতক বাসটি জব্দ করা গেলেও এর চালক পালিয়ে গেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের স্বজনদের এ ব্যাপারে অবহিত করা হয়েছে।

 

এমপি ইউসুফ আব্দুল্লাহ হারুনের বিভিন্ন এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ খোরশেদ আলম ,কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার মুরাদনগর উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করেছেন কুমিল্লা-৩ মুরাদনগরের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন (এফসিএ)।

গেল শনিবার দুপুরে স্থানীয় সংসদ সদস্য এর ব্যাক্তিগত তহবিল থেকে প্রায় বিশ লক্ষ টাকার বিভিন্ন খাদ্য সামগ্রী উপজেলার বিভিন্ন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় পৌছে দেয়া হয়।

সংসদ সদস্যের পক্ষে খাদ্য সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, মুরাদনগর আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক কামাল উদ্দিন খন্দকার, যুগ্ম-আহ্বায়ক মো. হাসান,বাংগরা বাজার আওয়ামী কৃষকলীগের আহ্বায়ক আবু মুছা আল কবির, বাঙ্গরাবাজার থানা কৃষকলীগের যুগ্ম-আহ্বায়ক আবু বক্কর সবুজ, ইউপি সদস্য মনির হোসেন।

এছাড়াও বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার প্রধানরা উপস্থিত ছিলেন এবং মাদ্রাসা ও এতিমখানায় এসব খাদ্য সামগ্রী পেয়ে কতৃপক্ষ ও ছাত্ররা খুব আনন্দিত এবং এতিমখানার শিক্ষক ও ছাত্ররা স্থানীয় সংসদ সদস্য সুস্বাস্থ্য কামনা করে দোয়া করেছেন।

 

রাণীশংকৈলে পৌর মেয়র পদে ১২ ও কাউন্সিলর পদে ৪১ জন মনোনয়নপত্র দাখিল করেছেন

হুমায়ুন কবির রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে পৌর নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি রবিবার শেষ দিনে মেয়র পদে ১২ জন ও কাউন্সিলর পদে মোট ৪১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন  যার মধ্যে পুরুষ ৩০ জন ও মহিলা ১১ জন।

মেয়র প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান (মোস্তাক ), বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুন্নবী বিশ্বাস পান্না, ও জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আলমগীর হোসেন, নিজে নির্বাচন অফিসে উপস্থিত হয়ে তাদের মনোনয়নপত্র দাখিল করেন ।

এছাড়াও আওয়ামী লীগ দলীয় বর্তমান মেয়র আলমগীর সরকার, রফিউল ইসলাম, নওরোজ কাউসার কানন, ইস্তেখার আলম, রুকুনুল ইসলাম ডলার, ও সাধন বসাক  এবং এই সাথে মোখলেসুর রহমান, মোকাররম হোসেন ও আব্দুল খালেক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ।

প্রসঙ্গত, এ পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৭০২ তার মধ্যে পুরুষ ৭৩৯০ ও মহিলা ৭৩১২ জন। আগামী ১৪ ফেব্রুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা আঁখি সরকার বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোট গ্রহণ শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিতর জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

 

রাণীশংকৈলে মাদক সম্রাজ্ঞী ববিতা গ্রেফতার

হুমায়ুন কবির, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত ১৬ জানুয়ারি রবিবার মাদক সম্রাজ্ঞী গ্রেফতারি পরোয়নাভুক্ত পলাতক আসামি ববিতা বেগম (৩৫) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গত ১৬ জানুয়ারি রাত ১১টায় রাণীশংকৈল থানা পুলিশের বিশেষ অভিযানে জিআর-১৩৩/১৮ (আর) মামলার ৬ (ছয়) বৎসর সশ্রম কারাদন্ড ও ৩০০০/-(তিন হাজার)টাকা জরিমানা অনাদায়ে ০৬ মাস কারাদন্ড, ০২। সিআর-৩১২/১৬(টি) মামলার ০১ (এক) বৎসর সশ্রম কারাদন্ড, ১০,০০,০০০/-(দশ লক্ষ)টাকা জরিমানা  সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা ভুক্ত পলাতক আসামি  ববিতা বেগম (৩৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। ববিতা পৌরশহরের ঈদগাঁও বস্তির জাহেরুল ইসলামের স্ত্রী।
এ ব্যাপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরোয়ানাভুক্ত আসামী ববিতাকে গ্রেফতার করে আজ ১৭ জানুয়ারি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রসঙ্গত, ববিতা দীর্ঘদিন ধরে বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।

 

একতা সংঘ মুরাদনগরে ১২০ পরিবারকে কম্বল দিল

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধি: এরা সবাই ছাত্র। ২০১৮ সালে এইচ এস সি পাস করে বর্তমানে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা করছে।আর্তমানবতার সেবায় এরা কাজ করার মানসিকতা নিয়ে গঠন করেছে একতা সংঘ।মুরাদনগরে একতা সংঘ ১২০পরিবারকে কম্বল দিয়েছে।

শনিবার বিকেলে মুরাদনগর কাজী নোমান আহাম্মদ ডিগ্রী কলেজে একতা সংঘের আয়োজনে আলোচনা সভা ও কম্বল বিতরনী অনুষ্ঠান এ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন সংঘঠনের কলেজের পরিচালনা পর্ষদের বিদ্যুৎসাহী সদস্য মো: হেলাল উদ্দিন চৌধুরী, উপদেষ্টা অধ্যাপক দীন দয়াল পাল, ড: মনিরুজ্জামান, ডি আর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো: মনির হোসেন খান,শিক্ষক ও সাংবাদিক বেলাল উদ্দিন আহাম্মদ, মো: নিজাম উদ্দিন ভুইয়া,স্বাগত বক্তব্য রাখেন একতা সংঘের সভাপতি মো: রাকিবুল হাসান। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মো: ইব্রাহীম।

সভা শেষে ১২০পরিবারের নিকট কম্বল বিতরন করা হয়।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর /এমআরবি

চান্দিনায় শওকত হোসেন ভূইয়া পৌর মেয়র নির্বাচিত

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লার চান্দিনা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শওকত হোসেন ভূইয়া বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।

শনিবার (১৬ জানুয়ারী) সন্ধ্যা সোয়া ৭টায় চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহা. জাহাঙ্গীর হোসেন ওই ফলাফল ঘোষণা করেন।

এতে নৌকা প্রতীকে শওকত হোসেন ভূইয়া ৯ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী শামীম হোসেন জগ প্রতীকে ৩ হাজার ১৫৫ ভোট পেয়েছেন। এছাড়া বিএনপি সমর্থিত প্রার্থী শাহ্ মো. আলমগীর খান ধানের শীষ প্রতীকে ২ হাজার ৬৯৫, এলডিপি মনোনীত প্রার্থী জামশেদ আহম্মদ জাকি ছাতা প্রতীকে ১৮৯ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কাজী রেজাউল করিম হাতপাখা প্রতীকে ৯৪৪ ভোট পেয়েছেন।

এর আগে সকাল ৮টায় চান্দিনা পৌরসভার ৯টি ওয়ার্ডের ১৫টি কেন্দ্রে ইভিএম ডিভাইসে ভোট গ্রহণ শুরু হয়। অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। চান্দিনা পৌরসভার ৩১ হাজার ৮৪৮ ভোটের মধ্যে ৫১.৭৯ শতাংশ হারে ১৬ হাজার ৪৩৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এদিকে, সাধারণ কাউন্সিল পদে ১নং ওয়ার্ডে আকতার আহমেদ নাদিম ১ হাজার ৪৪ ভোট, ২নং ওয়ার্ডে আবু কাউছার ৬৫৬ ভোট, ৩নং ওয়ার্ডে নাজমুল হাসান ১ হাজার ২১ ভোট, ৪নং ওয়ার্ডে কামাল হোসেন ৭৪৪ ভোট, ৫নং ওয়ার্ডে কাজী তোফায়েল আহমেদ জনি ১ হাজার ৫১ ভোট, ৬নং ওয়ার্ডে নজরুল ইসলাম ৮২২, ৭নং ওয়ার্ডে আব্দুস ছালাম ১ হাজার ৪৬৮ ভোট, ৮নং ওয়ার্ডে আব্দুর রব ৮১১ ভোট, ৯নং ওয়ার্ডে দুলাল মিয়া ১ হাজার ৬৮ ভোট এবং সংরক্ষিত ১নং ওয়ার্ডে মোর্সেদা বেগম ৩ হাজার ৭১২ ভোট, ২নং ওয়ার্ডে আমেনা আক্তার ৩ হাজার ৪৭৭, ৩নং ওয়ার্ডে শাহানাজ পারভীন ২ হাজার ৯৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্চাচিত হন।