১১ মার্চ থেকে শুরু বাংলাদেশ বিজনেস সামিট

আগামী ১১ মার্চ থেকে ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ দিনব্যাপী বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছে এফবিসিসিআই। আন্তর্জাতিক এ সম্মেলনে ১২ থেকে ১৫টি দেশের মন্ত্রীরা অংশগ্রহণ করবেন। এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের বৃহৎ কোম্পানির প্রতিনিধিরাও অংশ নেবেন।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এ তথ্য জানা গেছে।

এফবিসিসিআই সভাপতি জসিম উদ্দিন সংবাদ সম্মেলনে বলেন, বর্তমানে এফবিসিসিআইতে ৪১২টি পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠন, জেলা ও মেট্রোপলিটন পর্যায়ে ৮৭টি চেম্বার, নারী উদ্যোক্তা সংক্রান্ত ১৮টি চেম্বার এবং ২০টি দ্বিপক্ষীয় চেম্বার রয়েছে। অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধির ফলে পণ্যভিত্তিক বাণিজ্য সংগঠনের সংখ্যাও বেড়েছে। ২০০৮ সালে আমাদের অর্থনীতি ছিল ৯০ বিলিয়ন ডলার, যা আজ ৪৭০ বিলিয়ন ডলারে এসে দাঁড়িয়েছে। দেশের অর্থনৈতিক এই অগ্রযাত্রাকে আরও তরান্বিত করতে আগামী ১১ থেকে ১৩ মার্চ তিন দিনব্যাপী বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করতে যাচ্ছি।

তিনি আরো বলেন, সামিটে দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা, বাধা এবং উত্তরণের উপায় খুঁজে বের করতে ব্যবসায়ী, বিনিয়োগকারী, বিশ্লেষক ও নীতিনির্ধারকদের নিয়ে তিনটি প্ল্যানারি সেশন, ১৩টি প্যারালাল সেশন, উন্মুক্ত আলোচনা প্রভৃতি আয়োজিত হবে। বিজনেস সামিটের পাশাপাশি বেস্ট অব বাংলাদেশ এক্সপোর আয়োজন করা হবে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে দেশের সম্ভাবনাময় খাতগুলো এ প্রদর্শনীতে তুলে ধরা হবে। তার মধ্যে রয়েছে টেক্সটাইল, কৃষি প্রক্রিয়াজাত খাবার, চামড়া, সিরামিক, পাটসহ বিভিন্ন সেক্টর।

সড়ক দুর্ঘটনায় মাদারীপুরে চীনা নাগরিক নিহত

মাদারীপুরের শিবচর হাইওয়েতে ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে সাইং (৩২) নামের এক চীনা নাগরিক নিহত হয়েছেন। তিনি পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার হিসেবে কর্মরত ছিলেন।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে প্রজেক্ট এরিয়াতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সকাল সোয়া ১০টার দিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুত্রে জানা গেছে, সকালে ভাঙ্গা অস্থায়ী ক্যাম্প থেকে মাদারীপুরের শিবচর আড়িয়াল খাঁ ব্রিজ-সংলগ্ন পদ্মা রেলওয়ে প্রজেক্টে পিকআপে করে যাচ্ছিলেন সার্ভেয়ার সাইং। পরে শিবচর হাইওয়ে এলাকায় পৌঁছালে একটি ড্রাম ট্রাকের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সাইং গুরুতর আহত হয়। পরে তারা আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসা মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া পদ্মা রেলওয়ে প্রজেক্টের সার্ভেয়ার সাইং (৩২) এর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

আইএসের ভয়াবহ হামলায় সিরিয়ায় ৫৩ জন নিহত

মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ায় আইএসের ভয়াবহ হামলায় অন্তত ৫৩ জন বেসামরিক লোক নিহত হয়েছেন। এ ছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। সিরিয়ার মধ্যাঞ্চলীয় মরুময় প্রদেশ হোমসে এ হামলা ও প্রাণহানির ঘটনা ঘটে।

গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এই তথ্য জানায়। একই সঙ্গে এ হামলার জন্য জিহাদি জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটকে দায়ী করেছে রাষ্ট্রীয় গণমাধ্যম।

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্সও এই তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত বেসামরিক লোকদের মরদেহ পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের প্রধানকে উদ্ধৃত করে সিরিয়ার রাষ্ট্রীয় বার্তাসংস্থা সানা জানিয়েছে, পালমিরা প্রাদেশিক হাসপাতালে নেওয়া নিহতদের সবারই মাথায় গুলির ক্ষত রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, নিহত ওই ব্যক্তিরা মরুভূমিতে ট্রাফল (মাটির নিচে জন্মায় এবং রান্নার কাজে ব্যবহৃত হয় এমন ছত্রাক বা ছাতা) সংগ্রহ করার সময় তাদের ওপর হামলা চালানো হয়। যদিও হোমস প্রদেশ সিরীয় সরকার ও তার মিত্রদের নিয়ন্ত্রিত অঞ্চল বলে পরিচিত।

রয়টার্স বলছে, হামলায় আহত পাঁচজনকে অন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ছাড়া হামলায় বেঁচে যাওয়া একজন সানাকে বলেছেন, আইএস তাদের গাড়ি পুড়িয়ে দিয়েছে।

এদিকে বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মরুভূমিতে ট্রাফল সংগ্রহের সময় হোমস প্রদেশের আল-সোখনা শহরের দক্ষিণ-পশ্চিমে আইএসআইএসের সন্ত্রাসীদের আক্রমণে ৫৩ জন নিহত হয়েছেন বলে রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে।

পালমিরা হাসপাতালের পরিচালক ওয়ালিদ অডি জানিয়েছেন, নিহতদের মধ্যে ৪৬ জন বেসামরিক নাগরিক এবং সাতজন সেনা সদস্য।

সিরিয়ার সরকারপন্থি রেডিও স্টেশন শাম এফএমকে অডি বলেছেন, কয়েক ডজন মানুষকে লক্ষ্য করে চালানো এই হামলায় নিহতদের মৃতদেহ ‘হাসপাতালে আনা হয়েছে।’

এদিকে হামলার জন্য তাৎক্ষণিকভাবে কেউ এখনও দায় স্বীকার করেনি।

বড় পর্দায় নায়িকা হয়ে আসছেন নোরা

নাচের তালে দর্শকহৃদয়ে কম্পন ধরানো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি এবার মূল নায়িকা হয়ে আসছেন বড় পর্দায়।

জানা গেছে, ‘মডগাঁও এক্সপ্রেস’ নামের একটি ছবিতে কাজ করতে যাচ্ছেন নোরা। কমেডি ঘরানার এই ছবিটি বলিউড নায়ক ও চিত্রনির্মাতা ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট থেকে নির্মিত হবে। ‘মডগাঁও এক্সপ্রেস’ নির্মাণ করবেন নায়ক কুনাল খেমু। সবকিছু ঠিকঠাক থাকলে এই ছবির মাধ্যমেই পরিচালক হিসেবে অভিষেক হবে কুনালের। আর নোরা ছাড়াও ‘মডগাঁও এক্সপ্রেস’ ছবিতে আরও অভিনয় করেছেন, অবিনাশ তিওয়ারি প্রতীক গান্ধী ও দিব্যেন্দু শর্মা। এ বছরই ছবিটা মুক্তি পাওয়ার কথা রয়েছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ছবিটির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানা গেছে।

“শুধু নাচ দিয়ে নয়, অভিনয় দিয়েও দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিতে চাই। আমি অভিনয়টাও যে পারি, সেটাও সবাইকে দেখাতে চাই।”


-নোরা ফাতেহি

নোরা আরও বলেন, এবার মূল নায়িকা হিসেবে বড় পর্দায় কাজ করতে যাচ্ছি আমি। এ ছাড়া চলতি বছর আমার আরও দু-তিনটি ছবির ঘোষণা আসবে। সেগুলোতেও ছবির মূল চরিত্রে অভিনয় করব আমি। আর অভিনয়ের জন্য নিজের হিন্দি ভাষা আরও ভালোভাবে আয়ত্ত করছি।

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলকিপার আসছেন কলকাতায়!

দীর্ঘ ৩৬ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে লাতিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। কাতারে এই  বিশ্বজয়ে অধিনায়ক লিওনেল মেসির পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন দলটির গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ। আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী এই গোলকিপার এবার আসছেন পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতায়।

কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অসাধারণ সব সেভ করে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন মার্টিনেজ। ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার এই গোলকিপার এবার পা রাখবেন কলকাতায়। সবকিছু ঠিকঠাক থাকলে মে কিংবা জুন মাসে কলকাতায় আসার কথা রয়েছে মার্টিনেজের। আর এই বিশ্বকাপজয়ী ফুটবলারকে কলকাতায় আনছেন স্পোর্টস প্রমোটার শতদ্রু দত্ত।

আজ পালিত হবে পবিত্র শবে মেরাজ

আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে মুসলিম বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হবে পবিত্র শবেমেরাজ। দেশের ধর্মপ্রাণ মুসলমানরা কোরআনখানি, নফল নামাজ, জিকির, ওয়াজ মাহফিল, দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে পবিত্র শবে মেরাজ উদযাপন করবেন।

ইসলাম ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, আল্লাহর অশেষ অনুগ্রহে এই মহিমান্বিত রাতে শেষনবী হযরত মুহাম্মদ (সা.) সশরীরে জাগ্রত অবস্থায় হযরত জিবরাইল (আ.) ও হযরত মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমান থেকে একে একে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিমে পৌঁছান ও আল্লাহ তায়ালার দিদার লাভ করার পরম সৌভাগ্য অর্জন করেন এবং পাঁচ ওয়াক্ত নামাজের হুকুম নিয়ে দুনিয়ায় প্রত্যাবর্তন করেন। তিনি অবলোকন করেন সৃষ্টিজগতের সমস্ত কিছুর অপার রহস্য।

বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) নবুওয়াত লাভের একাদশ বর্ষে ২৬ রজব দিবাগত রাতে সৃষ্টিজগতের আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনা সংঘটিত হয়।

আরবি ভাষায় মেরাজ অর্থ হচ্ছে সিঁড়ি। আর ফার্সি ভাষায় এর অর্থ ঊর্ধ্ব জগতে আরোহণ। পবিত্র কুরআনে মক্কা মোয়াজ্জমা থেকে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণকে পবিত্র ‘ইসরা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।

হজরত মুহাম্মদ (সা.) এর জীবনের সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী ঘটনা ‘মিরাজ’। হযরত মুহাম্মদ ছাড়া অন্য কোনো নবী এই পরম সৌভাগ্য লাভ করতে পারেননি। এ মেরাজ রজনীতেই মানবজাতির শ্রেষ্ঠ ইবাদত পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়। এজন্য মুসলিম ধর্মালম্বীদের কাছে মিরাজের তাৎপর্য অনেক গুরুত্ব বহন করে।

এদিকে পবিত্র লাইলাতুল মেরাজ উদযাপন উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগ আজ বাদ আসর বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।

হোটেলে মা-মেয়ের মরদেহ উদ্ধার, স্বামী আটক

কক্সবাজার শহরের কলাতলীর সুগন্ধা এলাকার সী আলিফ হোটেল থেকে পর্যটক মা ও মেয়ের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহত সুমা দে’র স্বামী দুলাল বিশ্বাসকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে চট্টগ্রাম থেকে তাকে আটক করে ট্যুরিস্ট পুলিশ।

ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন অভিযুক্তকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা শাহিন জানান, কক্সবাজারের হোটেল সী আলিফ থেকে পর্যটক স্ত্রী ও মেয়ের লাশ উদ্ধারের পর থেকে পলাতক দুলাল বিশ্বাসকে গ্রেপ্তারে অভিযানে নামে ট্যুরিস্ট পুলিশের একাধিক দল। পরে তথ্যযুক্তির সহায়তায় চট্টগ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এর আগে, গতকাল শুক্রবার দুপুরে হোটেল সী আলিফের ৪১১নং কক্ষ থেকে মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পরে সন্ধ্যা নাগাদ মরদেহ দু’টি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। হোটেল রেজিস্ট্রারে নিহত নারীর নাম সুমা দে ও স্বামীর নাম দুলাল বিশ্বাস বলে লিপিবদ্ধ রয়েছে। তাদের বাড়ি চট্টগ্রামের বাশঁখালীর বেলগাঁ, পুকুরিয়ায়।

হোটেল সী আলিফ কর্তৃপক্ষ সুত্রে জানা গেছে, গত ১৪ ফেব্রুয়ারি দুই ছেলে, এক মেয়েসহ তারা স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে হোটেল কক্ষ ভাড়া নেন। এরপর তারা কয়েক দিন কক্সবাজার শহরে ঘুরে বেড়ান। শুক্রবার সকালেও তাদের সবাইকে হাসিমুখে দেখেছেন হোটেলের লোকজন। পরে দুপুর ২টার দিকে হঠাৎ তাদের কক্ষের দরজা খোলা ও ভেতরে মা-মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। তবে অন্য দুই ছেলেকে নিয়ে স্বামী আগেই পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে ৯৯৯ নাম্বারে ফোন করে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ।

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

দিনাজপুরের হাকিমপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম শাহাবুল হোসেন বাবু (২৩)। গতকাল শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সীমান্তের ২৮৫-এর ২৫ সাব সীমানা পিলারের পাশে ভারত অভ্যন্তরে এ ঘটনা ঘটেছে।

নিহতের বিষয়টি নিশ্চিত করে হাকিমপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম বলেন, সন্ধ্যার পর সীমান্তের বাসিন্দারা দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পায়। পরে খোঁজ নিয়ে জানতে পারি শাহাবুল হোসেন বাবু নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত বাবুর বাড়ি বাংলাদেশে। তিনি ধরন্দা গ্রামের আবুল হোসেনের ছেলে।

জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. রফিকুল ইসলাম জানান, নিহত যুবক ভারতীয় না বাংলাদেশি, সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে বিষয়টি নিশ্চিত হতে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ছাড়াল

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪৫ হাজার ছাড়িয়েছে। আহত লাখেরও বেশি মানুষ। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচ থেকে এখন পর্যন্ত ৪৫ হাজার ৪৮৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ৩৯ হাজার ৬৭২ এবং সিরিয়ায় ৫ হাজার ৮১৪ জন। তবে জাতিসংঘের ধারণা নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে যেতে পারে। এই ভূমিকম্পে দুই দেশের ৪০ হাজারের বেশি ভবন ধসে পড়েছে। বিভিন্ন দেশের উদ্ধারকর্মীসহ বর্তমানে আড়াই লাখের বেশি কর্মী মাঠে কাজ করছে। অলৌকিকভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে এখনও জীবিত প্রাণ খুঁজে পাচ্ছেন উদ্ধারকর্মীরা।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প। এর আগে, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশন চালু

এবার উত্তরা সেন্টার স্টেশন চালুর মধ্যে দিয়ে মেট্রোরেলের ৯টি স্টেশনের মধ্যে ৪টি যাত্রীদের জন্যে উন্মুক্ত হলো। আজ শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় এই স্টেশনটি। অন্য স্টেশনগুলোর মতো সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এই স্টেশন থেকেও যাত্রীরা মেট্রোরেলে চলাচল করতে পারবেন।

এদিকে ঢাকা ম্যাস র‌্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এমএএন সিদ্দিক বলেন, কোন ধরনের আনুষ্ঠানিকতা ছাড়াই শনিবার উত্তরা সেন্টার স্টেশন চালু করা হয়েছে। মার্চের মধ্যে ধাপে ধাপে সব স্টেশন খুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

এর আগে উত্তরা (দিয়াবাড়ী), আগারগাঁও স্টেশন দিয়ে যাত্রা শুরু করে মেট্রোরেল। পরে পল্লবী স্টেশন উন্মুক্ত করে দেওয়া হয়। সবশেষ মেট্রোরেলের চতুর্থ স্টেশন হিসেবে খুলেছে উত্তরা উত্তরের এই স্টেশনটি।

প্রসঙ্গত, গত বছরের ২৮ ডিসেম্বর এ পথের প্রথমাংশ উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করা হয়। মেট্রোরেলের দ্বিতীয় অংশ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত ২০২৩ সালের শেষদিকে চালু করা হবে। আর মতিঝিল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বর্ধিতাংশ চালু হতে পারে ২০২৫ সালে।