৯নং কামাল্লা ইউনিয়নের শাসক নয় সেবক হয়ে কাজ করতে চাই: চেয়ারম্যান পদপ্রার্থী রিফাত সরকার

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ প্রাণ সংহারী করোনা ভাইরাস মহামারির শেষ কবে—বিশ্ব জুড়ে এ প্রশ্নের উত্তর এখনো অজানা হলেও এর মধ্যেই দেশে সময় ঘনিয়ে আসছে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের। আইন অনুযায়ী এ বছরের মার্চের তৃতীয় সপ্তাহের আগে ইউপি নির্বাচন শুরু করতে হবে, আর শেষ করতে হবে জুনের আগেই।বর্তমানে দেশে ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। ২০১৬ সালের ২২ মার্চ শুরু হয়ে কয়েক ধাপে ইউনিয়ন পরিষদের নির্বাচন শেষ হয় ঐ বছরের ৪ জুন। আইন অনুযায়ী কোনো ইউনিয়ন পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে।

মার্চ মাসেই ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা। এই নিয়ে সারা দেশের মতো ৯নং কামাল্লা ইউনিয়ন নবীন ও প্রবীণ সম্ভাব্য প্রার্থীরা শুরু করেছেন নিজেদের প্রচার প্রচারণা। সম্ভাব্য প্রার্থীদের সমর্থকেরা বিভিন্ন সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া ইউনিয়ন এর বিভিন্ন হাট, বাজার ও গুরুত্বপূর্ণ স্থান পোস্টার, ব্যানার ও ফেস্টুন দিয়ে ছেয়ে গেছে দেয়াল। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সরব হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গণ। সর্বত্রই চলছে আলোচনা, বইছে নির্বাচনী হাওয়া।মুরাদনগর উপজেলার ৯নং কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসেবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে ৯নং কামাল্লা ইউনিয়ন যুবসমাজের আইকন, উদীয়মান তরুণ প্রজন্মের অহংকার, বিশিষ্ট সমাজ সেবক এবং মুরাদনগর উপজেলা যুবলীগ নেতা জনাব মোঃ রিফাত সরকার।

মনোনয়ন পাওয়ার ব্যাপারে মনোনয়ন প্রত্যাশী মোঃ রিফাত সরকার বলেন,আমি এবং আমার পুরো পরিবার আওয়ামী লীগ করি। আমার নেতা আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি মহোদয় এবং কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার এবং মাননীয় প্রধানমন্ত্রী ও জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দিবে আমি আশাবাদী। আমি এই নির্বাচনী এলাকায় মানুষের সুখে-দুঃখে আছি। তিনি বলেন, এই ইউনিয়নে যতজন প্রার্থী হবেন তাদের মধ্য থেকে আমি সর্বজন গ্রহণযোগ্য। মোঃ রিফাত সরকার বলেন, আমি বঙ্গবন্ধুর আর্দশে আদর্শিত হয়ে আওয়ামীলীগ করি। আর আওয়ামীলীগ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত আাস্তাভাজন মানবতার ফেরিওয়ালা মুরাদনগরের মাটি ও মানুষের নেতা মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ এর উন্নয়নের ধারা অব্যহত রাখতে মাঠে কাজ করে যাচ্ছি।

পারিবারিক এবং রাজনৈতিক সূত্র বলছে,মোঃ রিফাত সরকার , একজন সৎ, নিষ্ঠাবান যুবনেতা। মানুষের সেবা করাকেই তিনি মহান ব্রত হিসেবে বেছে নিয়েছেন। মোঃ রিফাত সরকার ৯নং কামাল্লা ইউনিয়ন পরিষদের চেয়্যারমান নির্বাচনে প্রার্থী হলে স্বাধীনতার স্বপক্ষের শক্তি হিসেবে সমাজ ও দেশের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটি পরিচ্ছন্ন ইউনিয়ন গঠনে সচেষ্ট হবেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে এবং শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে কাজ করে যাচ্ছি। একই সঙ্গে দলের সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে নেতা কর্মীদের সাথে নিবিড় সম্পর্ক তৈরি করেছি। নিজের অবস্থান আরো সুসংহত করতে তিনি নিয়মিত গনসংযোগ করছেন।নিজের প্রার্থিতা জানান দিয়ে তিনি, ইউনিয়ন এর বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সমর্থন ও দোয়া প্রার্থনা করছেন। এছাড়াও তিনি বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন ও আগামীতে আর কি কি হতে যাচ্ছে সেই বার্তাও পৌছে দিচ্ছেন।

মোঃ রিফাত সরকার আরও বলেন, আমি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান নির্বাচিত হলে শাসক নয় জনগনের সেবক হয়ে কাজ করবো। ইউনিয়নকে মাদক, সন্ত্রাস ও দূর্নীতি মুক্ত করতে সকলকে সাথে নিয়ে কাজ করবেন তিনি। সে উদ্দেশ্যে বঙ্গবন্ধুর একজন আদর্শ সৈনিক হিসেবে নিজেকে নিযুক্ত করে দীর্ঘ দিন ধরে ইউনিয়ন বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এলাকায় সমাজসেবক হিসেবে তার ব্যাপক সুনাম রয়েছে। এছাড়া সকল সময়ে তিনি অসহায় দুস্থ্য মানুষের সুখ দুঃখে সর্বদা পাশে দাঁড়িয়েছেন এবং ভবিষ্যতেও থাকবেন। বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও দলীয় কর্মকান্ডসহ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য এলাকায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।

প্রচারণাকালে তিনি আরো জানান,জননেত্রী শেখ হাসিনা উন্নয়নের রোল মডেল। আমি চেয়্যারমান নির্বাচিত হলে সুশীল সমাজকে সঙ্গে নিয়ে স্বচ্ছ ও জবাবদিহিতা মূলক গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন তথা অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট, কালভাট, মসজিদ-মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠান ও বেকার যুবক-যুবতীদের যথাযথ প্রশিক্ষনের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে স্বাবলম্বী করে তোলার কাজ করব। নারী ও শিশুনির্যাতন, মানব পাচার, এসিড, সন্ত্রাস, বাল্যবিবাহ এবং মাদক, চোরাচালানের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো। দীর্ঘ দিনের জরাজীর্ণতাকে পিছনে ফেলে ইউনিয়নবাসীর সার্বিক সহযোগীতায় স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সকল উন্নয়ন মূলক কাজ ত্বরান্বিত করবো। তিনি দৃঢ় প্রত্যয়ে আরো বলেন সবার সহযোগিতায় ৯নং কামাল্লা ইউনিয়ন মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই। যেখানে থাকবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সুখ-শান্তি আর নাগরিকের সুযোগ সুবিধা।

 

 

দেশে করোনায় ২৪ ঘন্টায় ১৪ জনের মৃত্যু, শনাক্ত ৮৯০

চলমান মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৮৩৩ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ৮৯০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হলো ৫ লাখ ২৪ হাজার ৯১০ জন।

আজ বুধবার (১৩ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন ৮৪১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৯ হাজার ৫২২ জন।

সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১৯৯ টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। এর মধ্যে আরটি-পিসিআর ল্যাব ১১৫ টি, জিন-এক্সপার্ট ২৮ টি, র‌্যাপিড অ্যান্টিজেন ৫৬ টি। এসব ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৩৩৮ টি। মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৭২৭ টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ লাখ এক হাজার ৫০৬ টি।

বিজ্ঞপ্তিতে নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে ছয়জন পুরুষ ও নারী আটজন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে দুইজন, খুলনা ও সিলেট বিভাগে একজন করে দুইজন রয়েছেন। তাদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৩ জন, বাড়িতে একজন।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৬০ বছরের ঊর্ধ্বে ১০ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে চারজন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ১১৬ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ১২৮ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন ৯৭ হাজার ৭৭৬ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র নিয়েছেন ৮৬ হাজার ৫৮০ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ১১ হাজার ১৯৬ জন।

 

যশোর বেনাপোলে ইয়াবা,ফেনসিডিল ও বাংলা মদ সহ আটক ৭

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকায় পৃথক অভিযানে ১শ পিস ইয়াবা ট্যাবলেট,২২বোতল ফেনসিডিল,৬ বোতল বাংলা মদ সহ সাতজনকে আটক করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (১২ জানুয়ারি) দিনভর বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন এলাকা থেকে ভারতীয় মাদক সহ সাতজনকে হাতেনাতে আটক করা হয়।
আটক আসামীরা হলেন, রঘুনাথপুর গ্রামের রিয়াজুল ইসলাম(৪০), বোয়ালিয়া গ্রামের জাকির হোসেন(৩৫),কোতয়ালী থানার বাহাদুরপুর গ্রামের জাহিদ হাসান(৩০), বাহাদুরপুর গ্রামের হযরত আলী(২৬),পালবাড়ি গ্রামের মশিউর রহমান(৩৫), কাশিয়ানী থানার পারকরফা গ্রামের মিল্টন রহমান(৩০) ও কোতয়ালী থানার বানিয়াবহু পশ্চিমপাড়া এলাকার শাহিন হোসেন(৩৪)।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের বিভিন্ন এলাকায় (এসআই) রোকনুজ্জামান,(এসআই) মোস্তাফিজুর রহমান,(এএসআই) মাসুম পারভেজ,(এএসআই) আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ইয়াবা, ফেনসিডিল ও বাংলা মদ সহ সাতজনকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হন।
তিনি আরো বলেন, আটক আসামীদেরকে মাদক আইনে মামলা দিয়ে (বুধবার ১৩ ডিসেম্বর) যশোর আদালতে পাঠানো হয়।

এবার বন্ধ হলো ট্রাম্পের ইউটিউব চ্যানেল!

আন্তর্জাতিক ডেস্কঃ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরো একটি হতাশা বাড়লো। এবার বন্ধ করে দেয়া হয়েছে তাঁর ইউটিউব চ্যানেল।

ইউটিউব জানিয়েছে, প্রাইভেসি পলিসি মেনে না চলায় নূন্যতম ৭ দিনের জন্য বন্ধ করে দেয়া হচ্ছে ডোনাল্ড জে ট্রাম্পের ইউটিউব চ্যানেল।

সম্প্রতি চ্যানেলে আপলোড হওয়া কন্টেন্ট থেকে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে এজন্যই এমন পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছে গুগলের প্রতিষ্ঠান ইউটিউব। পাশাপাশি অনির্দিষ্টকালের জন্য এই চ্যানেলের কোনও কন্টেন্টে কমেন্ট করার বিষয়েও নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে।

উল্লেখ্য, গত ৬ জানুয়ারি মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে তাণ্ডব চালায় ট্রাম্প সমর্থকরা। তাদেরকে উস্কানি দেয়ার অভিযোগও ওঠে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। এজন্য তাকে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিতে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। ফেসবুক, ইনস্টাগ্রাম ট্রাম্পকে সাময়িকভাবে নিষেধাজ্ঞার মধ্যে রাখলেও ট্রাম্পকে স্থায়ীভাবে তাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে টুইটার।

এছাড়া, এমনিতেই টুইটারের সঙ্গে আগেও ট্রাম্পের বিবাদ লেগেছিল একাধিকবার। মিথ্যা বা ভুল তথ্যের তকমা দিয়ে তার একাধিক টুইট ফ্ল্যাগ করে দিয়েছিল তারা। এবার তারা শুধু চরমপথ নেয়নি, ট্রাম্পের তিনটি টুইটার অ্যাকাউন্টকে স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। এবার হিংসা ছড়ানোর আশঙ্কা থেকে সেই পথে হাঁটলো ইউটিউব।

 

দেশের ৬ অঞ্চলে শুরু হয়েছে শৈত্যপ্রবাহ

কয়েকদিন ধরে খোঁজ পাওয়া যাচ্ছিল না শীতের। সবাই ভাবছিল গরমকাল বুঝি চলে এসেছে। তবে সবাইকে অবাক করে দিয়ে শুরু হয়েছে শীতের তীব্রতা। আজ থেকে শুরু হয়েছে শৈত্য প্রবাহ। সবচেয়ে শীতলতম মাস জানুয়ারির প্রায় মাঝামাঝি এসে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। দেশের ৬ অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। 

বুধবার (১৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে নওগাঁর বদলগাছীতে ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, সৈয়দপুর ও কুড়িগ্রাম অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং এটি উত্তরাঞ্চলে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। তার পরের তিনদিনে রাতের তাপমাত্রা আরও হ্রাস পেতে পারে ।

উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চলে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

ক্যাম্পাস খুলে দেয়া সহ ৮ দফা দাবিতে জবি ছাত্র ইউনিয়নের মানব-বন্ধন

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ ক্যাম্পাস ও বঙ্গমাতা হল খুলে দিয়ে ক্লাস-পরীক্ষা স্বাভাবিক করা সহ ৮দফা দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদ।

বুধবার (১৩ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন কর্মসূচী পালন করেন।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংসদের সভাপতি কেএম মুত্তাকীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুমাইয়া সেতু, শাখা ছাত্র ইউনিয়নের শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক আসমানি আশা, কবি নজরুল সরকারি কলেজ সংসদের সভাপতি শামীম আহমেদ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে বেগম ফজিলাতুন্নেসা মুজিব হল খুলে দেয়ার দাবি জানান। সভাপতির বক্তব্যে কেএম মুত্তাকী বলেন, করোনা ভাইরাসের প্রকোপের মধ্যেই বিশ্ববিদ্যালয়ে স্নাতক ও স্নাতকোত্তরের শেষ বর্ষের চূড়ান্ত পরীক্ষা গ্রহণ করতে হচ্ছে। কিন্তু কোনো রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই হঠাৎ করে পরীক্ষার নোটিশ দেয়ায় শিক্ষার্থীরা ভোগান্তিতে পরেছে। এর মধ্যেই হল ও পরিবহন বন্ধ রাখার মতো অগণতান্ত্রিক সিদ্ধান্তও নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ফলে, শিক্ষার্থীরা না পারছে পরীক্ষার প্রস্তুতি নিতে, না পারছে আবাসন সমস্যার সমাধান করবে। অন্যদিকে গণপরিবহনে চলাচলে স্বাস্থ্যঝুঁকিও তৈরী হচ্ছে। তাই অনতিবিলম্বে, হল খুলে দিতে হবে ও শিক্ষার্থীদের পরিবহন ব্যবস্থা চালু করতে হবে।

শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক খায়রুল হাসান জাহিন বলেন, একদিকে কর্মসংস্থানের সংকট, অন্যদিকে ফুরিয়ে যাচ্ছে চাকরীর বয়সসীমা। সেশনজটের ভয়াবহ চাপকে সামাল দিতে একেবারেই প্রস্তুত নয় দেশের বিশ্ববিদ্যালয়গুলো। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাই ঝুঁকি নিয়েও একাডেমিক কার্যক্রম শেষ করতে চায়। এমতাবস্থায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয় অপর্যাপ্ত প্রস্তুতি, সিলেবাস পূরণ না করে, পরীক্ষা নেয়ার ব্যবস্থা করলেও হল খুলে দিতে রাজি হয়নি। পরীক্ষায় অংশগ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ে আসা শিক্ষার্থীরা না পারছে প্রস্তুতি নিতে, না পারছে আবাসনের সংকট দূর করতে। কিছু বিশ্ববিদ্যালয় পরিবহন সুবিধা পর্যন্ত দিতে রাজি না। এমতাবস্থায়, শিক্ষার্থীদের মধ্যে নতুন করে সৃষ্টি হচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। এই সময়ে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষার্থীদের করোনা ভাইরাসসহ প্রয়োজনীয় ভ্যাক্সিন প্রদান করা প্রয়োজন।

মানববন্ধনে বক্তারা, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে এবং শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্র প্রতিনিধিদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয় খোলার রোডম্যাপ তৈরি করার দাবি জানান। তারা বলেন, কোনো রকম পরিকল্পনা ছাড়া ও অংশীজনদের সাথে আলোচনা না করে বিশ্ববিদ্যালয় খোলা হলে, শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকির দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই নিতে হবে। শিক্ষার্থী ও শিক্ষকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক-শিক্ষার্থীদের বিনামূল্যে ভ্যাক্সিন প্রদান করতে হবে। এছাড়াও তারা করোনাকালে বেতন ফি মওকুফ, নামে বেনামে- এসাইনমেন্টের নামে ফি আদায় করা প্রতিষ্ঠান সমূহের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ ও কার্যকর পদক্ষেপ গ্রহণ, বাণিজ্যিক কোর্স বন্ধ এবং পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকীকরণ বন্ধের দাবি জানান।

ছাত্র ইউনিয়নের ঘোষিত ৮ দফা দাবির মধ্যে— করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের বেতন-ফি মওকুফ করা, এসাইনমেন্টের নামে বিভিন্ন স্কুলে বিভিন্ন আদায়কৃত ফি ফেরত দেওয়া, নামে-বেনামে ফি আদায়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা, বিশেষজ্ঞদের মতামত নিয়ে স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাস খোলার রোডম্যাপ ঘোষণা করা, সেশনজট রোধে দ্রুত এইচএসসি পরীক্ষার্থীদের ফল প্রকাশ করা ও সকল বিশ্ববিদ্যালয়ে সেশনজট রোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা, পাঠ্যপুস্তকে সাম্প্রদায়িকরণ বন্ধ করা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল খুলে দেয়া ও এলটমেন্ট কর এবং শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা নিশ্চিত করে পরীক্ষা নেয়া, সকল বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স বন্ধ করা, শিক্ষক ও শিক্ষার্থীদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্যাক্সিন প্রদান করার কথা জানান।

 

ইসরায়েলি বিমান হামলায় ৭ সিরীয় সেনাসহ নিহত ২৩

আন্তর্জাতিক ডেস্কঃ ইসরায়েলের বিমান হামলায় ৭ সিরীয় সেনাসদস্য এবং ১৬ মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলে অস্ত্র গুদাম এবং সামরিক অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ২০১৮ সালের পর এটি সবচেয়ে ভয়াবহ হামলা বলে বুধবার জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর আল জাজিরার।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, একাধিক এলাকা টার্গেট করে ১৮টির বেশি হামলা চালিয়েছে ইসরায়েলের বিমানবাহিনী। পূর্বাঞ্চলীয় শহর দেইর আজ জোর থেকে শুরু করে সিরিয়া-ইরাক সীমান্তবর্তী আল-বুকামাল মরুভূমি পর্যন্ত এলাকায় এই হামলা চালানো হয়।

ব্রিটেনভিত্তিক এই পর্যবেক্ষক গ্রুপটি জানিয়েছে, এসব হামলায় সাতজন সিরিয়ান সেনা এবং ১৬ জন অ-সিরীয় মিলিশিয়া যোদ্ধা নিহত হয়েছে। তবে ওই মিলিশিয়াদের জাতীয়তা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

সংস্থাটি জানিয়েছে, ওই অঞ্চলে লেবাননের হিজবুল্লাহ আন্দোলন এবং ইরানপন্থী ফাতিমিড ব্রিগেডে আফগান যোদ্ধারা সক্রিয়। এসব হামলায় ২৮ জন সেনা এবং মিলিশিয়াও আহত হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।হামলার বিষয়ে ইসরায়েলের সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য করেনি।

সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা ওই হামলার খবর প্রকাশ করেছে। তবে বিস্তারিত কিছু জানায়নি।

সেনাবাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে সানা জানায়, দেইর ইজ্জর শহর এবং আল বুকামাল অঞ্চলে রাত ১টা ১০ মিনিটে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি শত্রুবাহিনী।

 

ঢাকায় সংযুক্ত আরব আমিরাতের ভিসা প্রসেসিং কেন্দ্রে বিস্ফোরণে নিহত ১, আহত ৬

রাজধানী ঢাকার গুলশানের সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভিসা প্রসেসিং কার্যালয়ে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত ও অন্তত ৬জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ঢাকায় কর্মরত দূতাবাসের কর্মকর্তারা।

আজ বুধবার (১৩ জানুয়ারি) দুপুরে এই দুর্ঘটনা ঘটে। আহতদের এরই মধ্যে বেসরকারি ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে ।

গুলশানের অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান ফিরোজ জানিয়েছেন, ঘটনাস্থলে এরই মধ্যে ফয়ার সার্ভিসের কর্মীরা পৌঁছেছেন। বোমা নিষ্ক্রিয়করণ দলও সেখানে যাচ্ছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসির বিস্ফোরণ থেকে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

এদিকে, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিয়াজ আহমেদ গণমাধ্যমকে জানান, ছাদে এসি মেরামতের সময় হয়তো কোনো ত্রুটির কারণে নিচ তলায় বিস্ফোরণ হয়েছে। এতে ভবনের ভেতরে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। আর ছাদে এসি কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। তার পরিচয় জানা যায়নি।

প্রসঙ্গত,  গুলশান ২ নম্বর এলাকায় এম্পোরি ফাইনান্সিয়াল সেন্টার নামে একটি বহুতল ভবনের একটি তলায় ছিল সংযুক্ত আরব আমিরাতের এই ভিসা প্রসেসিং সেন্টারটি। তবে মূল দূতাবাস বা রাষ্ট্রদূতের বাসভবন এই এলাকায় নয়।

ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটির জ্যেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার দেবাশীষ কর্মকার গণমাধ্যমকে জানিয়েছেন, নিচতালায় কাচ ভেঙ্গে কয়েকজন সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে, যাদের ছয় জনকে হাসপাতালে নেয়া হয়েছে। আর ছাদে এসি কন্ট্রোল রুম থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। সুত্রঃ বিবিসি, যুগান্তর।

 

বাড়ছে পৃথিবীর গতি, সংকুচিত হচ্ছে সময়

ডেস্ক রিপোর্ট :  বিগত ৫০ বছরের মধ্যে এখন পৃথিবীর গতি সবচেয়ে বেশি। আর পৃথিবীর গতি বাড়ার সাথে সাথে ধীরে ধীরে সংকুচিত হচ্ছে সময় অর্থাৎ কমছে সময়ের মান। এখন আর ২৪ ঘণ্টায় পৃথিবীর একদিন হচ্ছে না। এর অর্থ গত পাঁচ দশক ধরে পৃথিবীর আবর্তনের গতি বৃদ্ধি পাওয়ায় নীল গ্রহের প্রতিটি দিন এখন ২৪ ঘন্টার চেয়ে কম হয়। এই চমকপ্রদ উদ্ঘাটন করে বিজ্ঞানীরা জানিয়েছেন যে পৃথিবীর আবর্তন স্বাভাবিকের চেয়ে দ্রুত গতির কারণেই বর্তমানে একটি দিনের দৈর্ঘ্য স্বাভাবিক ২৪ ঘন্টার চেয়ে কম হচ্ছে। যদিও পার্থক্যটা খুবই সামান্য। তারপরও কম তো!

গত বছর ২০২০ সালে ১৯৬০ সাল থেকে ২৮টি সবচেয়ে সংক্ষিপ্ত দিন অন্তর্ভুক্ত হয়েছিল এবং এমনকি ২০২১ সালে এই সংখ্যা বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বিজ্ঞানীদের দাবি, নতুন বছর এই গতি আরও বেশি হতে চলেছে। অর্থাৎ, নিজের অক্ষের উপর পাক খেতে আরও কম সময় লাগবে পৃথিবীর।

সময় এবং তারিখ অনুসারে , গড় হিসাবে পৃথিবী প্রতি ৮৬,৪০০সেকেন্ডে সূর্যের চারিদিকে একবারে ঘোরে, যা ২৪ ঘন্টা বা একটি সৌর দিনের সমান।

বিজ্ঞানীরা পর্যবেক্ষন করে জানিয়েছেন, ২০২১ সালের ছোট দিনটি ৮৬,৪০০ সেকেন্ডের চেয়ে ০.০৫ মিলি সেকেন্ডের চেয়ে কম হবে। পুরো বছর ধরে, পারমাণবিক ঘড়িগুলির (যা ১৯৬০সাল থেকে দিনের দৈর্ঘ্যের অতি-সুনির্দিষ্ট রেকর্ড রেখে চলেছে) হিসেবে প্রায় ১৯ মিলিসেকেন্ডের ব্যবধান হবে।

এদিকে লাইভ সায়েন্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, “রেকর্ডে সবচেয়ে দ্রুততম ২৮ দিন (১৯৬০ সাল থেকে) সবই ঘটেছিল ২০২০ সালে, ওই বছর পৃথিবী তার অক্ষের চারপাশে গড় মিলি সেকেন্ডের তুলনায় দ্রুতগতিতে নিজ অক্ষকে আবর্তন করে।”

পারমাণবিক ঘড়ি অনুসারে, গত ৫০ বছর ধরে পৃথিবী একটি ঘূর্ণন সম্পন্ন করতে ২৪ ঘন্টা (৮৬,৪০০সেকেন্ড) এর চেয়ে কিছুটা কম সময় নিয়েছে।

অন্যদিকে ডেইলি মেলের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২০ সালের ১৯ জুলাই পৃথিবীর সবচেয়ে সংক্ষিপ্ত দিনটি রেকর্ড হয়েছিল ২৪ ঘন্টা থেকে ১.৪৬০২ মিলি সেকেন্ড কম।

২০২০ এর আগে, সবচেয়ে ছোট দিনটি ২০০৫ সালে ঘটেছিল। ২০০৫ সালের ৫ জুলাই ২৪ ঘণ্টা অর্থাৎ ৮৬ হাজার ৪০০ মিলি সেকেন্ডের চেয়ে ১.০৫১৬ মিলি সেকেন্ড কম ছিল। এখনও পর্যন্ত ওই তারিখেই দিনের দৈর্ঘ্য সবচেয়ে কম ছিল। কিন্তু ২০২০-তে মোট ২৮ বার সেই রেকর্ড ভেঙে গিয়েছে। সুত্রঃ ডেইলি মেইল।

 

নবাবগঞ্জে ৩২ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ

অলিউর রহমান মেরাজ, নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জের মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালায়ের ২০১৯-২০২০ অর্থ বছরের ‘বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ’ শীর্ষক কর্মসুচির বরাদ্দ হতে কম্পিউটার প্রশিক্ষণের পরিবর্তে ৩২ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে ।

মঙ্গলবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে প্রধান অতিথি হিসাবে বাইসাইকেল শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ মাহমুদুল আলম।

এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আতাউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাজমুন নাহার, সহকারী কমিশনার (ভুমি) মোঃ আল মামুন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. পারুল বেগম প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেফাউল আজমসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।