বৃহস্পতিবার উদ্ভোধন হচ্ছে সামাজিক নিরাপত্তা ভাতা অনলাইনে প্রদান কার্যক্রম

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রানালয় এর আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা নগদ ও বিকাশের মাধ্যমে ভাতা ভোগীদের নিকট সরাসরি প্রেরণ কার্যক্রম গণভবন হতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করবেন।

সামাজিক নিরাপত্তা কর্মসূচীর আওতায় চার ধরনের ভাতা প্রদান করা হয়। তা হচ্ছে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তি।

বিশেষ অতিথি থাকবেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।

অনুষ্ঠান সঞ্চালন করবেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড.আহমেদ কায়কাউস, স্বাগত বক্তব্য রাখেন সমাজকল্যাণ মন্ত্রনালয়ের সচিব মোহাম্মদ জয়নুল বারী।

পরে সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের বিভিন্ন কার্যক্রমের উপর উন্নয়নমূলক ভিডিও প্রদর্শন করা হবে। 

সভাপতির বক্তব্যের পর প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন এবং সামাজিক নিরাপত্তা কর্মসূচীর ভাতা প্রতিষ্ঠানের মাধ্যমে প্রদান কার্যক্রমের উদ্বোধন করবেন।

প্রধানমন্ত্রী গণভবন থেকে সংযুক্ত হয়ে লালমনিরহাট, নেত্রকোনা, পিরোজপুর ও চাঁদপুর জেলায় তাৎক্ষনিক ভাতার অর্থপ্রাপ্ত, সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করবেন। পরে প্রধানমন্ত্রী সমাপনী বক্তব্য প্রদান করবেন।

 

চাঁপাইনবাবগঞ্জে ছাত্রলীগ কর্মীর উপর অতর্কিত হামলা এবং ককটেল বিস্ফোরণ

স্টাফ রিপোর্টারঃ চাঁপাইনবাবগঞ্জ জেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মি ও চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজ ছাত্রলীগের সভাপতি ওয়ালিদ হোসেন গালিব ও সদর উপজেলা ছাত্রলীগের একনিষ্ঠ কর্মী তৌহিদ এর উপর গতকাল আনুমানিক রাত্রী ৯ টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর ফুড অফিস মোড়ের বাগানে সংলগ্নে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়।

এতে সন্ত্রাসীদের হামলায় আহত হোন তোহিদ। তোহিদের উপর সন্ত্রাসীরা পাইপ,রড,লাঠি দিয়ে হামলা করার সময় তোহিদ চিৎকার করলে আশেপাশের মানুষ সেইখানে উপস্থিত হতে থাকলে সন্ত্রাসীরা গালিব এবং তোহিদকে লক্ষ করে দুইটি ককটেল বিস্ফোরণ করে এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

উল্লেখ্য আলীনগরের খাজিমুদ্দিন এর ক্যাডার বাহিনী কিছুদিন যাবৎ বিভিন্ন মাধ্যমে হুমকি ধামকি দিয়ে যাচ্ছিলো। এই খবরটি লিখা পর্যন্ত কোন মামলা রুজু হয়নি।

 

৭০ হাজারের বেশি ট্রাম্প সমর্থক অ্যাকাউন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৭০ হাজারের বেশি সমর্থকদেরত অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে টুইটার। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার অ্যাকাউন্টগুলো বন্ধের এ ঘোষণা দিয়েছে। ট্রাম্পের উগ্রবাদী সমর্থকরা কিউঅ্যাননের সঙ্গে জড়িত থাকায় স্থানীয় সময় সোমবার টুইটার এক ঘোষণায় এ কথা জানায়। ‘কিউঅ্যানন’ হলো উগ্র দক্ষিণপন্থী একটি তত্ত্ব। এই মতবাদ ষড়যন্ত্র তত্ত্বের পাশাপাশি সংঘটিত সহিংস ঘটনাকে সমর্থন করে।

এক ব্লগপোস্টে টুইটার বলছে, তারা গত শুক্রবার বিকেল থেকে উগ্র দক্ষিণপন্থী কিউঅ্যাননের বার্তা শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করেছে। ওয়াশিংটন ডিসিতে সহিংস হামলার ঘটনা ও আরো বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার।

কিউঅ্যানন গ্রুপ থেকে বিভিন্ন সময় নানা রকম ষড়যন্ত্র তত্ত্ব ছড়ানো হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স। আর মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই এরই মধ্যে কিউঅ্যানন গ্রুপকে ‘দেশীয় সন্ত্রাসবাদের সম্ভাব্য উস্কানিদাতা’ হিসেবে আখ্যা দিয়েছে।

টুইটার বলছে, শুক্রবার থেকে ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট টুইটার বন্ধ করা শুরু করেছে। এগুলোর মধ্যে এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করে এমন অ্যাকাউন্টও ছিল।

এর আগে ৮ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের টুইটার স্থায়ীভাবে বন্ধ করার ঘোষণা দিয়ে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছিল, কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো গভীরভাবে পর্যবেক্ষণ করেই অ্যাকাউন্ট বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেসবুক আগেই ট্রাম্পের অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ রাখার কথা জানিয়েছে।

এরপরই রক্ষণশীলদের কাছে জনপ্রিয় সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম পার্লার থেকে পরে ট্রাম্প নিজস্ব প্ল্যাটফর্ম তৈরির ঘোষণা দেন। এ নিয়ে তিনি অন্যান্য সাইটের সঙ্গে আলাপ করছেন বলেও জানান।

এদিকে এরইমধ্যে গুগল প্লে স্টোর থেকে নিষিদ্ধ হয়েছে পার্লার। অ্যাপল স্টোর থেকে সম্ভাব্য অপসারণ সম্পর্কে পার্লারকে আগেই সতর্ক করে দেয়া হয়েছিল।

উল্লেখ্য, গত বুধবার ট্রাম্পের শত শত উগ্র সমর্থক ক্যাপিটল ভবনে হামলা চালায়। জো বাইডেনের জয় আনুষ্ঠানিকভাবে প্রত্যয়নে এ সময় কংগ্রেসের যৌথ অধিবেশন চলছিল। নির্বাচনে ট্রাম্পের পরাজিত হওয়ার ফল পাল্টে দেওয়ার লক্ষ্যে এই হামলা চালানো হয়। এতে মার্কিন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হন।

বাঞ্ছারামপুরের কল্যাণপুর প্রবাসী জনকল্যাণ ফোরামের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠিত

মো.নাছির উদ্দিন-বাঞ্ছারামপুর-প্রতিনিধিঃ এসো হাতে হাত ধরি,সমাজ সেবায় কাজ করি এই শ্লোগানকে সামনে রেখে  ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মানিকপুর ইউনিয়নের কল্যাণপুর প্রবাসী জনকল্যাণ ফোরামের উদ্যোগে নতুন ভাবে মানবিক কার্যক্রমের অংশ হিসাবে অসহায় ও দরিদ্র ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ মঙ্গলবার বিকাল ৪টার দিকে কল্যাণপুর হাজী আ.হালিম আদর্শ দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে কল্যাণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.মাজাহারুল ইসলাম এর পরিচালনায় কল্যাণপুর প্রবাসী জনকল্যাণ ফোরামের উদ্যোগে (১৬২পিছ)কম্বল বিতরণ করা হয়।

কল্যাণপুর ৯নং ওয়ার্ডের সাবেক মেম্বার মো.শহীদ উল্লাহ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক পুলিশ অফিসার হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাকির মেম্বার।

কল্যাণপুর প্রবাসী জনকল্যাণ ফোরামের উদ্যোক্তাগন এই প্রতিনিধিকে বলেন আমাদের এই সংগঠন নতুন ভাবে শুরু করেছি, এই সংগঠনে আছে একঝাক নিবেদিত কর্মী। দুস্থ্য-অসহায় শীতার্ত মানুষের কষ্টের কথা চিন্তা করেই আমরা এই  উদ্যোগ গ্রহণ করি। জনস্বার্থে অসহায় ও দরিদ্র মানুষের সাহায্য করা,শীতার্ত মানুষের শীতের কম্বলসহ সর্বপরি সকল মানুষের বিপদে পাঁশে থাকবেন বলে জানিয়েছেন আয়োজকরা। শীতার্ত মানুষেরা শীতের কম্বল পেয়ে বেশ খুশি হয়েছেন।

আলোচনা সভায় বক্তারা কল্যাণপুর প্রবাসী জনকল্যাণ ফোরামের সার্বিক সাফল্য কামনা করে সেবামূলক কাজের বেশ প্রশংসা করেন।

জানাগেছে কল্যাণপুর প্রবাসী জনকল্যাণ ফোরাম একটি অরাজনৈতিক মানবসেবা মূলক প্রতিষ্ঠান। ২০২১ সালে সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর সংস্থার নিজস্ব তহবিল থেকে সামগ্রী বিতরণ সহ বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করবে, সদস্যদের দান অনুদানে সংস্থাটি পরিচালিত হবে।

 

জাপানে তীব্র তুষার ঝড়ে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্কঃ সুর্যোদয়ের দেশ জাপানের কয়েকটি অংশে তীব্র তুষার ঝড়ে জনজীবন একরকম স্থবির হয়ে পড়েছে। তীব্র  তুষার ঝড়ে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ শতাধিক। বছরের এ সময়ের গড় হিসাবে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে যে পরিমাণ তুষারপাত হবে বলে ধারণা করা হয়েছিল তার দ্বিগুণ হচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

আবহওয়ার কর্মকর্তাদের বরাত দিয়ে এনএইচকের প্রতিবেদন বলা হয়েছে, সোমবার সারাদিন ধরে জাপান সাগরের উপকূলীয় অঞ্চল বরাবর ভারি তুষারপাত অব্যাহত থাকবে।

শক্তিশালী শীতকালীন নিম্নচাপ ও অত্যন্ত শীতল বায়ুর একটি ধারার সম্মিলনে হোকুরিকু অঞ্চল ও নিগাতা প্রিফেকচারে ব্যাপক তুষারপাত হচ্ছে বলে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে।

সোমবার স্থানীয় সময় ভোর ৫টায় তোয়ামা সিটিতে ১২০ সেন্টিমিটার, ফুকুই সিটিতে ১০০ সেন্টিমিটার ও নিগাতা সিটিতে ৬৩ সেন্টিমিটার তুষারপাত হয়েছে বলে এনএইচকে জানিয়েছে।

স্থানীয় বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে আবহাওয়া সংস্থা। যারা বাইরে বের হবেন তাদের বরফ আচ্ছাদিত সড়ক ও বিপর্যস্ত পরিবহন ব্যবস্থা সম্পর্কে সতর্ক থাকতে বলা হয়েছে।

তুষার ধস, ছাদ থেকে পড়া তুষার ও বৈদ্যুতিক তারের ওপর জমা তুষারের বিষয়েও তাদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।

তুষারের কারণে রোববার রাত পর্যন্ত দুর্ঘটনায় আট জন মারা গেছেন ও ২৭০ জনেরও বেশি আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নিগাতা, তোয়ামা, ইশিকাওয়া, ফুকুই ও গিফু প্রিফেকচারে দুর্ঘটনার শিকার হয়েছেন।

তীব্র ঠাণ্ডার কারণে বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। উৎপাদক কোম্পানিগুলো ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারগুলোকে পরিকল্পিতভাবে বিদ্যুৎ ব্যবহারের পরামর্শ দিয়েছে। সুত্রঃ বিবিসি, জাপান টুডে। 

 

 

কালীগঞ্জে ফেন্সিডিলসহ গ্রেফতার-১

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : জেলা পুলিশ সুপার এর বিশেষ নির্দেশে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে নিয়মিত তল্লাশি চলাকালীন ফেন্সিডিল সহ মাদক কারবারীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ ফরহাদ মন্ডল এর নেতৃত্বে এসআই মোঃ আনছারুজ্জামান ও সঙ্গীয় অফিসার ফোর্সসহ ১১ জানুয়ারী রোজ সোমবার কালীগঞ্জ থানাধীন ৮ নং কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর মৌজায় অস্থায়ী চেকপোস্ট হইতে পঞ্চাশ   (৫০) বোতল ফেন্সিডিলসহ চন্দ্রপুর ইউনিয়ন এর সীমান্তবর্তী খামারভাতী গ্রামের মৃত জাবদুল মোল্লার পুত্র মোঃ আব্দুল হামিদ (৩২) কে গ্রেফতার করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তদন্ত ফরহাদ মন্ডল বলেন, গোপন সংবাদ এর ভিত্তিতে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে উক্ত মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন সীমান্তবর্তী এলাকাগুলোতে পুলিশের নিয়মিত টহল বৃদ্ধি করা হবে।

জয়ের অক্লান্ত পরিশ্রমে দেশের আইসিটি খাতে নীরব বিপ্লব: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মাঠের রাজনীতিতে সফলতা না পেয়ে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমকে বেছে নিয়েছে অপপ্রচারের জন্য। কোন অপ-প্রচার বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের সুযোগ নিয়ে যারা সরকারের বিরুদ্ধে মিথ্যাচার করছে, তাদের বিপক্ষে সবাইকে সত্য প্রচারে গড়ে তুলতে হবে অনলাইন একটিভিস্ট গ্রুপ।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকালে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির উদ্যাগে আয়োজিত ‘সামাজিক যোগাযোগ মাধ্যম প্রচার কৌশল’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মশালায় যুক্ত হন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অব্যাহত গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর্থ-সামাজিকসহ প্রতিটি খাতে অর্জন করে চলছে ঈর্ষনীয় সাফল্য। এসব অর্জনের ধারাকে বর্নিল করে তুলেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অক্লান্ত পরিশ্রমে দেশের আইসিটি খাতে ইতোমধ্যেই ঘটেছে নীরব বিপ্লব, রাজধানী থেকে প্রত্যন্ত জনপদে আজ হাতের মুঠোয় বিশ্ব যোগাযোগের নেটওয়ার্ক।

দেশের গণতন্ত্র এখনো বিকাশমান ধারায় এগিয়ে যাচ্ছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, অতীতে নানান ঘাত-প্রতিঘাতে শিশু গণতন্ত্র ক্ষতিগ্রস্থ হয়েছে এগিয়ে যাওয়ার পথে। দেশের মানুষ ১/১১ এর স্মৃতি এখনো ভুলে যায় নি, তত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে কুক্ষিগত করে বিএনপি ২০০৬ সালের শেষ দিকে যেন- তেন নির্বাচন দেওয়ার অপচেষ্টা চালিয়েছিলো।

ক্ষমতা অব্যাহত রাখতে রাষ্ট্রপতিকে তত্বাবধায়ক সরকারের প্রধানের দায়িত্ব দেওয়া হয় স্মরণ করিয়ে দিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ভোটার তালিকায় ১ কোটি ২৩ লাখ ভূঁয়া ভোটার যুক্ত করে ক্ষমতায় টিকে থাকার অপপ্রয়াস চালায় বিএনপি।

২০০৭ সালের জানুয়ারিতে ঘটে যাওয়া গণতন্ত্রের এগিয়ে যাওয়ার পথে একটি বড় ক্ষত তৈরি করা হয়েছিলো উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে জনগণের ভোটাধিকার হরনের অপচেষ্টা এবং একগুঁয়েমির কারনে সৃষ্টি হয়েছিলো এক-এগারো। বাধাগ্রস্থ হয় গণতন্ত্রের চলমান ধারা।

বিএনপির উদ্দেশ্যে তিনি বলেন, গনতন্ত্রের প্রাতিষ্ঠানিক রুপ দিতে চাইলে সরকারকে সহযোগিতা করুন, একদিকে মুখে গনতন্ত্রের কথা বলবেন, অপরদিকে অগণতান্ত্রিক কাজ করলে গনতন্ত্রের শতফুল বিকশিত হওয়ার পথ বিঘ্নিত হবে।

দলমত নির্বিশেষে সকলকে দেশের গণতান্ত্রিক অভিযাত্রা এগিয়ে নিতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উন্নয়নের রাজনীতির সুফল মানুষ পাচ্ছে বলেই বারবার তাঁর প্রতি আস্থা রেখেছে,তাই আওয়ামী লীগের নেতা-কর্মীদের সরকারের উন্নয়ন কাজের প্রচার অব্যাহত রাখতে এক একজনকে হতে হবে সাহসী সৈনিক।

বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান ড. হোসেন মনসুরের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবদুস সবুর, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও আওয়ামী লীগের গবেষণা সংস্থা সিআরআই এর সদস্যরা। সুত্রঃ বাসস।

 

সিলেটে ট্রাকচাপায় ২জন নিহতের ঘটনায় যানবাহনে আগুন-ভাঙচুর

সিলেট প্রতিনিধিঃ সিলেট নগরীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। নগরীর ফাজিল চিশত এলাকায় গতকাল সোমবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরীর বনকলাপাড়া এলাকার সজিব ও জালালাবাদ এলাকার লুৎফুর।

স্থানীয়রা জানান, রাত দশটার দিকে সুবিদবাজার তারাদিন রেস্টুরেন্টের সামনে পণ্যবাহী একটি ট্রাক মোটরসাইকেল আরোহী দুই যুবককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। এতে বিক্ষুব্দ জনতা ট্রাকটি আটকিয়ে সড়ক অবরোধ করে। পড়ে চারটি  ট্রাকে আগুন ধরিয়ে দেয়। এছাড়া বেশ কয়েকটি ট্রাক ভাঙচুর করেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। এছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।

পুলিশ জানিয়েছে, ফাজিল চিশত পয়েন্টে একটি পণ্যবাহী ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই আরোহী নিহত হন। দুর্ঘটনার পরই সড়ক অবরোধ করে বিক্ষোভ ও গাড়ি ভাঙচুর করেছে এলাকাবাসী। ওই সময় অন্তত চারটি ট্রাকে আগুন দেয় জনতা। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) উপপুলিশ কমিশনার (ডিসি) আশরাফ উল্ল্যাহ তাহের জানান, পাথরবোঝাই একটি ট্রাকের চাপায় দুজন মারা গেছেন। দুর্ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হলেও পরে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। বিক্ষুব্ধ জনতা সড়কে অবস্থান নিয়ে ভাঙচুর করেছে। এ সময় পুলিশ তাদের বুঝিয়ে শান্ত করার চেষ্টা করে।

এর আগে গত এক সপ্তাহে ট্রাকচাপায় আরো তিনজন মোটরসাইকেল আরোহীর মত্যু হয়েছে।

 

 

রাঙামাটির কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে ট্রাক খালে : নিহত ৩

চট্টগ্রাম প্রতিনিধিঃ রাঙামাটির কুতুকছড়িতে বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকেই রাঙামাটি-খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) সকাল ৭টার দিকে কুতুকছড়ি বাজার সংলগ্ন রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে ট্রাকচালক মো. আরাফাতের নাম জানা গেলেও অন্য দুইজনের নাম-পরিচয় জানা যায়নি। ঘটনার পর রাঙামাটি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছেন।

রাঙামাটি ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেল্লাল হোসেন জানান, পাথরবোঝাই একটি ট্রাক ডুবে যাওয়া খবর শুনে আমরা ঘটনাস্থলে এসে দুজনের লাশ উদ্ধার করি। আমাদের আসার আগেই স্থানীয় লোকজন একজনের লাশ উদ্ধার করে। মোট তিন জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

রাঙামাটি কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে পাথরবোঝাই ট্রাকটি রাঙামাটির নামিয়ারচরের দিকে যাচ্ছিল। পথে কুতুবদিয়ায় বেইলি ব্রিজ ভেঙে ট্রাকটি খালে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

রাঙামাটি সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহ আরেফিন জানান, ট্রাকটিতে ওভার লোড পাথর বোঝাইয়ের কারণে ব্রিজটি ভেঙে গেছে। আমরা পরীক্ষা-নীরিক্ষা করছি। ব্রিজটি পুরো পাটাতন খুলে আবার নতুন করে বসাতে হবে। আমরা দ্রুততম সময়ের মধ্যে যান চলাচলা শুরুর চেষ্টা করছি।

 

করোনা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করলো মালয়েশিয়া

আন্তর্জাতিক  ডেস্কঃ সমগ্র বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ। আর এবার করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছে মালয়েশিয়া। সোমবার (১২ জানুয়ারি) লিখিত বক্তব্যে এ ঘোষণা দেন দেশটির রাজা ইয়াং ডি পারতুয়ান আগং আল সুলতান আব্দুল্লাহ রি-আয়াতুদ্দিন আল মোস্তাফা বিল্লাহ শাহ।

আর এ ঘোষণা অনুযায়ী আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) থেকে ১ আগস্ট পর্যন্ত জরুরি অবস্থা বলবত থাকবে।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) স্থানীয় সময় বেলা ১১টায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিন বলেন, করোনা মোকাবিলায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে, তবে এটি কারফিউ নয়। এটি সেনা অভ্যুত্থানও নয়। এতে জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে না বলেও মন্তব্য করেন তিনি।

ইস্তানা নেগারা থেকে ঘোষিত বক্তব্যে রাজা বলেন, ‘কোভিড-১৯ সংক্রমণে আমরা খুব খারাপ অবস্থানে রয়েছি। অধিক সংক্রমণরোধে জরুরি অবস্থা ঘোষণা করা হলো। পরিস্থিতির উন্নতি হলে ১ আগস্টের আগেও জরুরি অবস্থা প্রত্যাহার করা হতে পারে।’

জনগণকে সতর্ক করে তিনি বলেন, ইতোমধ্যে অধিক সংক্রমণের কারণে কুয়ালালামপুর হাসপাতাল, ইউনিভার্সিটি মালয়া হাসপাতাল শতভাগ পূর্ণ হয়ে গেছে। করোনার চিকিৎসা দেওয়া অন্যান্য হাসপাতালেও রোগীর সংখ্যা অনেক। এ পরিস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে জনগণের সুরক্ষার জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে করোনা মোকাবিলায় আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত ৬টি রাজ্যে এমসিও নামে লকডাউন ঘোষণা করেন দেশটির প্রধানমন্ত্রী।তৃতীয় দফা করোনা সংক্রমণ মোকাবিলায় হিমশিম খাচ্ছে মালয়েশিয়া। প্রতিদিন গড়ে ২ হাজারেরও বেশি মানুষের সংক্রমণ হচ্ছে, যাদের মধ্যে অভিবাসীদের সংখ্যাই বেশি।

এদিকে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলেছে, এভাবে সংক্রমণ বাড়তে থাকলে মার্চ থেকে প্রতিদিন সংক্রমণের সংখ্যা ৮ হাজার হবে। আর এ তথ্য জানানোর পর নড়েচড়ে বসে দেশটির সরকার।

 

ডিজিটাল বাংলা নিউজ/ ডিআর / মোস্তাফিজুর রহমান