আজ মাধ্যমিকে ভর্তির লটারির ফলাফল, দেখা যাবে ফেসবুক ও ইউটিউব লাইভে

দেশে চলমান মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাসের  কারণে এ বছর সব শিক্ষা প্রতিষ্ঠানে সব শ্রেণিতেই লটারির মাধ্যমে ভর্তি হবে। আর ভর্তির লটারির ফলাফল দেখা যাবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেসবুক ও ইউটিউব লাইভে। 

আজ সোমবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট থেকে কেন্দ্রীয়ভাবে সারাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির লটারি উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে ৮০ হাজার আসনের বিপরীতে ৫ লাখ ৭৩ হাজার ৩১১টি আবেদন জমা পড়েছে। সফটওয়্যারের মাধ্যমে লটারি পরিচালনা করা হবে। শিক্ষামন্ত্রী উদ্বোধনের পর প্রথমে রাজধানীর স্কুলগুলো এরপর পর্যায়ক্রমে মহানগরী, জেলা ও উপজেলা শহরে ৩৯০টি স্কুলে লটারি হবে। বিকেল ৫টা থেকে নির্ধারিত লিংকগুলোতে ফলাফল প্রচার করা হবে। লটারি কার্যক্রম মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ইউটিউব ও ফেসবুক লাইভে প্রচার করবে।

এর আগে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণি থেকে নবম শ্রেণি পর্যন্ত যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থী বয়স সংক্রান্ত জটিলতার কারণে আবেদন করতে পারেনি, তারা ৭ জানুয়ারি পর্যন্ত আবেদন করার সময় পেয়েছিল। উচ্চ আদালতে রিটের পরিপ্রেক্ষিতে আবেদনের সময় বাড়ায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউশি।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর পর্যন্ত ভর্তি কার্যক্রম নির্ধারণ করা হয়েছিল। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে যে বয়সসীমা নির্ধারণ করে দিয়েছিল শিক্ষা মন্ত্রণালয়, তাতে ১১ বছরের কম বয়সী কোনো শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদন করতে পারছিল না। ফলে গত ২৯ ডিসেম্বর একজন অভিভাবকের আনা রিট পিটিশনের শুনানি শেষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের দেওয়া ১১ বছর বয়সের শর্ত স্থগিত করে আদেশ দেন হাইকোর্ট। এছাড়া ষষ্ঠ শ্রেণিতে চলতি বছরের ভর্তি কার্যক্রমের সময়সীমা সাত দিন বাড়াতেও আদেশ দেন উচ্চ আদালত।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ফেসবুক লিঙ্কঃ www.facebook.com/dshe.moebd

রানীশংকৈলে ২য় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

হুমায়ুন কবির, রানীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১০ জানুয়ারি রবিবার বিকেলে সোনিয়া আক্তার(৮) নামের ২য় শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করার খবর পাওয়া গেছে।

মৃত ছাত্রী পদমপুর হাজিমোড় গ্রামের কৃষক শরিফুল ইসলামের মেয়েএবং পদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী।

থানা সূত্রে জানা যায়, ঘটনার দিন বিকেলে ঐ গ্রামের সোনিয়াসহ কয়েকজন শিশু পাশের  মাঠের  আলু ক্ষেত থেকে আলু কুড়িয়ে এলাকায় পিকনিক খায়। এ নিয়ে  সোনিয়া ও তার মায়ের মধ্যে কথা কাটা-কাটি হয়। এ নিয়ে অভিমানে এক পর্যায়ে সোনিয়া সকলের অগোচরে তার নিজ বাড়ির ঘরের শরের সাথে বড় বোনের পায়জামা দিয়ে গলায় ফাঁস দেয়। সোনিয়াকে খোঁজাখুজির এক পর্যায়ে না পেয়ে মা ঘরের মধ্যে প্রবেশ করলে ঝুলন্ত অবস্থায় মেয়েকে দেখতে পেয়ে চিৎকার দেয়।

পরে পরিবারের লোকজন ও স্থানীয়রা ঘটনাস্থলে এসে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সোনিয়াকে মৃত অবস্থায় পেয়ে লাশ তাদের হেফাজতে নেন।

রানীশংকৈল থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)আব্দুল লতিফ সেখ জানান,আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। লাশ ময়না-তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।

 

লালমনিরহাটে অবৈধ অনুপ্রবেশের দায়ে ৪ ভারতীয় নাগরিকসহ আটক-৫

ঈশাত জামান মুন্না, লালমনিরহাট প্রতিনিধি : অবৈধ ভাবে  অনুপ্রবেশ করায় ভারতীয় ৪ নাগরিকে  আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

আটককৃতরা হলেন কুচবিহার জেলা শীতলখুচি থানার গিতলদহ গ্রামের জাহেদুল ইসলামের পুত্র আমির হোসেন বুলেট (২০), ইনছার আলীর পুত্র জয়নাল (৪৫), মজিবুর মিয়ার পুত্র আলমগীর হোসেন (২০), তৈয়ব আলীর পুত্র রেজাউল মিয়া রোহান (২০)। ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশে সহায়তার  অভিযোগে রেজাউল করিম (২৫) এক বাংলাদেশীকে আটক করা হয়,আটক কৃত ব্যক্তির বাড়ি হাতীবান্ধা উপজেলার আমঝোল গ্রামে।

পুলিশ সূত্রে জানাগেছে, আটককৃতরা ৯ জানুয়ারী রাতে হাতীবান্ধা উপজেলার দইখাওয়া বিওপি ক্যাম্প সংলগ্ন ভুটিয়ামঙ্গল এলাকায় সন্দেহজনক ভাবে ঘুরাফেরা করছিলো। এসময় বিওপি’র সুবেদার হারুন অর রশিদের নেতৃত্বে একটি টিম তাদের আটক করে হাতীবান্ধা থানায় সোপর্দ করে।

আজ ১০ জানুয়ারি রোববার দুপুরে হাতীবান্ধা থানা পুলিশ আটককৃতদের জেল হাজতে প্রেরন করেন। তাদের বিরুদ্ধে ১৯৫২ সালে দি কন্ট্রোল অব এন্ট্রি অ্যাক্ট এর ধারা মোতাবেক পার্সপোট এবং ভিসা ব্যতিত ভারতীয় নাগরিক বাংলাদেশে অনুপ্রবেশ এবং বাংলাদেশি নাগরিক ভারতে অনুপ্রবেশ করিয়া বাংলাদেশে প্রবেশ করার অপরাধে মামলা রুজু করা হয়।

 

যশোরে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

মোঃ লোকমান হোসেন,যশোর প্রতিনিধি :সারাদেশের ন্যায় যশোরেও পালন করা হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস।

রোববার (১০ ডিসেম্বর)সকালে যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহীদুল ইসলাম মিলন এর নেতৃত্বে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করে এ দিবস পালন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন, যশোর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, জেলা আওয়ামী লীগের অন্যতম নেতা কাজী আব্দুস সবুর হেলাল, ফারুক আহমেদ কচি, সুখের মজুমদার, কামাল হোসেন, কামরুজ্জামান চৌধুরী আলহাজ্ব ফিরোজ খান, জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনির হোসেন টগর, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ম্ঈন উদ্দিন মিঠু, বাংলাদেশ ছাত্রলীগ প্রাক্তন সংসদ যশোর জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট কবির হোসেন জনিসহ প্রমূখ।

এবার ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি বাতিল!

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল ট্রাম্পকে দেয়া একটি সম্মানসূচক ডিগ্রি বাতিল করেছে পেনসিলভানিয়ার লেহাই বিশ্ববিদ্যালয়। গত ৩০ বছরের বেশি সময় আগে ট্রাম্পকে এই সম্মানসূচক ডিগ্রি দিয়েছিল ওই  বিশ্ববিদ্যালয়। খবর সিএনএনের।

পেনসিলভানিয়ার লেহাই বিশ্ববিদ্যালয় এক সংক্ষিপ্ত ঘোষণায় জানিয়েছে, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টি শুক্রবার এই সিদ্ধান্তের বিষয়ে জানিয়েছে। এ বিষয়ে আরও জানতে বিশ্ববিদ্যালয়ের কাছে অনুরোধ জানিয়েছিল সিএনএন। তবে তারা আর কিছু জানায়নি।

ট্রাম্পকে ওই সম্মানসূচক ডিগ্রি ১৯৮৮ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেয়ার সময় দেয়া হয়েছিল। ট্রাম্পের এই ডিগ্রি বাতিলের পর এটিকে একটি ‘বড় বিষয়’ বলে মন্তব্য করেছেন লেহাই বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের একজন অধ্যাপক জেরেমি লিট্টাউ।

এক টুইট বার্তায় তিনি বলেন, আমাদের অনুষদ, কর্মী, শিক্ষার্থী এবং সাবেক শিক্ষার্থীদের কাছ থেকে পাঁচ বছর ধরে চাপাচাপির পর লেহাই বোর্ড অব ট্রাস্টি অবশেষে সঠিক কাজটি করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রি প্রত্যাহার করেছে।

তিনি আরও বলেন, এর ফলে সবকিছু ঠিক হয়ে যাবে না। এখানে ক্ষমতায় থাকাদের জন্য এটা ভাবার বিষয় যে, বহু কারণ থাকা সত্ত্বেও যেটা আরও আগে করার উচিত ছিল সেটা করতে এত সময় লাগলো। যাদের স্বার্থ এবং মূল্যবোধকে ঘিরে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আজ একটি বিজয় পেলাম। আরও কাজ বাকি আছে।

প্রসঙ্গত, ট্রাম্পের সম্মানসূচক ডিগ্রিটি প্রত্যাহার করার জন্য পূর্ববর্তী প্রচেষ্টাও হয়েছিল ২০১৮ সালে, যখন শত শত অনুষদ সদস্যরা তা ফিরিয়ে দেওয়ার পক্ষে ভোট দিয়েছিল, যদিও বোর্ড অফ ট্রাস্টি সে সময় তা করেনি।

উল্লেখ্য, গত বুধবার মার্কিন পার্লামেন্ট ভবন ক্যাপিটল হিলে ট্রাম্প সমর্থকদের তাণ্ডব চালানোর দুইদিন পর লেহাই বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিলো। ওই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়। ক্যাপিটলে ওই দাঙ্গার পর সেটির নিন্দা জানিয়ে লেহাই বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট জন ডি. সাইমন এটাকে ‘আমাদের গণতান্ত্রিক ভিত্তির পর সহিংস হামলা’ বলে মন্তব্য করেছিলেন।

 

যশোরে আপন চাচার বিরুদ্ধে ভাতিজার সংবাদ সম্মেলন

মোঃলোকমান হোসেন,যশোর প্রতিনিধি: যশোরে পারিবারিক দ্বন্দ্বের জেরে ও বিভিন্ন অভিযোগে আপন চাচার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন সালমান রাসেল নামে এক ব্যক্তি।

রোববার(১০) ডিসেম্বর দুপুরে প্রেসক্লাব যশোরে এ সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে সালমান রাসেল ও তার পরিবারের সদস্যদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সুপার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়।

সালমান রাসেলের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার মামা বায়োজিদ হোসেন। লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, যশোর শার্শা উপজেলার মহিষা গ্রামের আবু জাফরের ছেলে সালমান রাসেল। পারিবারিক দ্বন্দের জেরে গত ২৫ আগস্ট ২০২০ রাসেলের চাচা বেলা ১১ টার দিকে তাকে মারপিট করে । এতে রাসেলের বাম চোখে মারাত্মক জখম হয়। যার ফলশ্রুতিতে সে এখন বাম চোখে দেখতে পান না। এ ঘটনায় রাসেলের মা নবিছন্নেছা  থানায় মামলা করেন। মামলার জেরে অভিযুক্ত ব্যক্তি গত ১৯ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত হাজতবাস করেন। বাসায় ফিরে তিনি পুনরায় নবিছন্নেছা ও রাসেলসহ পরিবারের সদস্যদের প্রাণ নাশের হুমকি দিচ্ছেন। এ ঘটনায় গত ৬ ডিসেম্বর শার্শা থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে উল্লেখ করে সম্মেলনে আরও জানানো হয় রাসেলের চাচা স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন। যে নিয়োগে তিনি অবৈধ পন্থা অবলম্বন করেছেন।

এ সংবাদ সম্মেলনে সালমান রাসেল ও তার মা নবিছন্নেছাসহ খালা, মামা, দুলাভাই ও অন্যান্য আত্মীয় স্বজনও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে সালমান রাসেলের চাচা আবুল কালাম আজাদ মুঠো ফোনে জানিয়েছেন, পারিবারিক দ্বন্দকে পূজি করে তার নামে অপপ্রচার চালানো হচ্ছে। এ ঘটনায়  পেশাগত ও ব্যক্তিজীবনে ব্যাপক ক্ষতির সন্মুখিন হচ্ছেন উল্লেখ করে তিনি আরও জানান, নিজেরা আপোসে সমস্যা সমাধানে তার চেষ্টার কোনো ত্রুটি নেয়।

পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম লিডার ট্রেনার হলেন জবি শিক্ষক

যুবায়ের ইবনে জহির, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউটের গ্রুপ সম্পাদক অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার বাংলাদেশ স্কাউটস ট্রেনিং এর সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে ফোর বিড্স (লিডার ট্রেনার) অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এর মাধ্যমে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে তিনিই প্রথম এ স্বীকৃতি অর্জন করেন।

এর আগে ফোর বিড্স অ্যাওয়ার্ড এর পূর্বশর্ত হিসেবে ফিলিপাইনে এপিআর সিএলটি কোর্সে তিনি অংশগ্রহণ করেন।

লিডার ট্রেনার অ্যাওয়ার্ড অর্জন উপলক্ষ্যে রবিবার (১০ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ ড. মনিরুজ্জামানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এসময় উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মনিরুজ্জামান খন্দকার অ্যাওয়ার্ড অর্জনের বিষয়ে বলেন, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হয়ে প্রথম এ খেতাব পাওয়ায় আমি আনন্দিত। এর আগে থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রপ কার্যক্রমের দিক দিয়ে সবার উপরের অবস্থান করে নিয়েছে। রোভার স্কাউটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এ জায়গা ধরে রাখতে আমি সচেষ্ট থাকব।

 

রাণীশংকৈলে আলী আকবর-মিজানুর গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম পর্বের তৃতীয় খেলায় জয়ী আলী আকবর ক্রীড়া একাডেমি

হুমায়ুন কবির, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রতিবছরের ন্যায় শুরু হয়েছে মরহুম আলী আকবর এমপি – মিজানুর রহমান চেয়ারম্যান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট।

এ উপলক্ষে ১০ জানুয়ারি রবিবার বিকালে মীরডাঙ্গী হাই স্কুল মাঠে প্রথম পর্বের তৃতীয় টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়। এ খেলায় খলিসাপুরী ফুটবল একাদশ মুন্সিরহাট ঠাকুরগাঁও বনাম রাণীশংকৈল আলী আকবর এমপি ক্রীড়া একাডেমি অংশগ্রহণ করেন। খেলার ফলাফলে খলিসাপুরী ফুটবল একাদশকে টাইবেকারে ৪-২ গোলে হারিয়ে আলী আকবর ক্রীড়া একাডেমি জয়ী হন।

এ খেলার অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা যুব আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক, বিশিষ্ঠ ব্যবসায়ী প্রভাষক মোস্তাফিজুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামধন্য ক্রীড়া ব্যক্তিত্ব, রাঙ্গাটুঙ্গী প্রমিলা ফুটবল একাডেমির পরিচালক ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ঠ ব্যবসায়ী আ’লীগ নেতা আনিসুর রহমান বাকী,সমাজ সেবক ও সাবেক ইউপি সদস্য আজহারুল ইসলাম, প্রবীণ সমাজসেবক হাফিজউদ্দিন, প্রধান শিক্ষক রুহুল আমীন প্রমুখ ।

এছাড়াও খেলা কমিটির সভাপতি আল্লামা ইকবাল, সাধারণ সম্পাদক, আ’লীগ নেতা বাবার আলী মাস্টার, কোষাধক্য মোশারফ হোসেন মাস্টারসহ স্থানীয় সামাজিক-রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা করেন প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ ক্রীড়াবিদ জয়নাল আবেদিন ও সুগা মুরমু এবং ধারাভাষ্যে ছিলেন, প্রভাষক প্রশান্ত বসাক ও ফয়জুল মাস্টার।

মুরাদনগরে ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ মুরাদনগরে ছাত্রলীগের বার্ষিক সন্মেলনে এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন বলেন, “নিজেদেরকে যোগ্যতর হিসেবে গড়ে তোলে ভবিষ্যতে নেতেৃত্বের জন্য প্রস্তুত হও। সৎ আদর্শিক ও দেশপ্রেমের মনোভাব নিয়ে দেশ ও জনগনকে সেবা করার প্রত্যয় নিয়ে রাজনীতি করতে হবে।”

গত একযুগে বাংলাদেশে জননেত্রী শেখ হাসিনার নেতেৃত্বে বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। এ সাফল্যের কারনে বিশ্বনেতেৃবৃন্দ জননেত্রী শেখ হাসিনাকে উন্নয়নের রোল মডেল হিসাবে মনে করেন। করোনা কালীন সময়ে সরকার জনগনকে একলাখ পাঁচ কোটি হাজার টাকা প্রনোদনা দিয়েছে।

মুরাদনগরে শীঘ্রই যুবকদেরকে প্রশিক্ষন দেওয়ার জন্য ৫০ কোটি টাকা ব্যায়ে যুব উন্নয়ন প্রশিক্ষন কেন্দ্র নির্মান করা হচ্ছে। বিগত করোনা কালীন সময়ে ছাত্রলীগ নিজেদের জীবনের মায়া ত্যাগ করে মানুষের সেবা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথি হিসাবে কথা গুলো বলেন কুমিল্লা-৩ মুরাদনগর আসনের এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ।

গেল দু’দিন আগে মুরাদনগর উপজেলার মুরাদনগর থানা ও বাঙ্গরা বাজার থানায় পৃথক ভাবে ছাত্রলীগের দুটি সন্মেলন অনুষ্ঠিত হয়। সকালে বাঙ্গরা বাজার থানার চাপিতলা উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এবং বিকেলে মুরাদনগর সদরের বাসটার্মিনালে ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়।

মুরাদনগর থানা ছাত্রলীগের আহবায়ক নাহিদ আহাম্মদ ফয়সালের সভাপতিত্বে ছাত্রলীগের বার্ষিক সন্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম. রুহুল আমীন, সন্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক গাজী মো: বোরহান উদ্দিন ভুইয়া। সভায় আরো বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা মো: হানিফ সরকার, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোস্তফা কামাল চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক কাজী মো: আবুল খায়ের,কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ সদস্য ভিপি জাকির হোসেন, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত আহবায়ক মো: রুহুল আমীন প্রমুখ।

উপজেলার বাঙ্গরা বাজার থানা ছাত্রলীগের সম্মেলনে  বাঙ্গরা বাজারে থানা ছাত্রলীগের আহবায়ক আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন এমপি ইউসুফ আবদুল্লাহ হারুন এফসিএ। কুমিল্লা উত্তর জেলা আ’লীগের সভাপতি ম.রুহুল আমীন,জেলা আইন বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ তমাল, উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো: হারুন আল রশিদ, জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বাবু বিশ্বজিৎ সরকার,উপজেলা আ’লীগের সাবেক সাধারন সম্পাদক এডভোকেট আবুল কালাম আজাদ,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম সরকার, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিক প্রমুখ।

 

 

দেশে ২৪ ঘন্টায় করোনায় আরও ২৫ জনের মৃত্যু

চলমান মহামারি প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ২৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৭ ও নারী ৮ জন। সবাই হাসপাতালে মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৭৮১ জনে। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হন আরও ১ হাজার ৭১ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ২২ হাজার ৪৫৩ জন।

আজ রোববার (১০ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৮১টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৯৭৯টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৯২০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৩ লাখ ৫৭ হাজার ৩১৯টি।

নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার আট দশমিক ২৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৬ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৩৫ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৯ শতাংশ।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ২৫ জনের মধ্যে চল্লিশোর্ধ্ব দুজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন এবং ষাটোর্ধ্ব ১৭ জন। বিভাগ হিসেবে মৃত ২৫ জনের মধ্যে ঢাকায় ১৯ জন, চট্টগ্রামে একজন, সিলেট একজন এবং ময়মনসিংহে চারজন।

রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হন ৭৩৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৬৬ হাজার ৮০১ জন।

এ পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৭৮১ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৯১২ (৭৬ দশমিক ৯৮ শতাংশ) ও নারী ১ হাজার ৮৬১ জন (২৪ দশমিক ০২ শতাংশ)।