উন্নয়ন যাত্রায় ভারতকে পাশে পাবে বাংলাদেশ

জাতীয় ডেস্কঃ রাজনৈতিক ও অর্থনৈতিক অগ্রগতিসহ উন্নয়ন যাত্রায় ভারতকে পাশে পাবে বাংলাদেশ। গতকাল বুধবার (১৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাতে এ কথা বলেন ভারতের পররাষ্ট্র সচিব বিনয় খাতরা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার নেতৃত্বের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে বলেও জানান তিনি।

তিনি বলেন, দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধন অত্যন্ত দৃঢ়। সমগ্র বিশ্ব এখন বাংলাদেশ ও ভারত সম্পর্ককে মূল্যায়ন করে। এই সম্পর্ক আরও মজবুত হচ্ছে।

ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, বাংলাদেশ যাতে সহজেই ঋণ নিতে এবং তা পরিশোধ করতে পারে সেজন্য ইন্ডিয়ান লাইন অফ ক্রেডিটের (এলওসি) শর্তাবলি সহজ করার চেষ্টা চলছে।

বিনয় খাতরা আরও বলেন, দ্বিপক্ষীয় ব্যবসা-বাণিজ্য দুই দেশের স্থানীয় মুদ্রা ব্যবহার করেই পরিচালনা করা যেতে পারে।

বৈঠকে শেখ হাসিনাকে চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠেয় গ্রুপ অব টুয়েন্টি (জি-২০) শীর্ষ সম্মেলনের ১৮তম আসরে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান ভারতের পররাষ্ট্র সচিব। এ সময় প্রধানমন্ত্রী আমন্ত্রণ গ্রহণ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।

কুলাউড়ায় গাঁজাসহ পুলিশের জালে ৩

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে এসআই নাইমুল হাসান সঙ্গীয় অফিসার ফোর্সসহ কুলাউড়া উপজেলার টিলাগাও ইউনিয়নের বৈদ্যশাসন এলাকার শাহান শাহ মোকাম (ভেজাবন) এর সামনে থেকে আসামি আপলস্বামী নাইডু (৪৫), দিপক নাইডু (২০), আনিছুর রহমান (৩৫)  আটক করা হয়। আসামিদের তল্লাশি করে তাদের হেফাজত থেকে দুটি সবুজ রঙের প্লাস্টিকের পলিথিনে মোড়ানো ১ কেজি ৩০০ গ্ৰাম গাঁজা উদ্ধার করা হয়।

আটককৃত আসামিদ্বয় উভয়ই লংলা চা বাগানের বাসিন্দা। এদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে কুলাউড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

এবিষয়ে জানতে কুলাউড়া থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুছ ছালেক জানান, আসামিরা অনেক দিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত তাদের বিভিন্ন থানায় মাদক আইনে মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার মাধ্যমে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে।

তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পে যুক্তরাষ্ট্রের হার্প প্রযুক্তিকে দায়ী

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক-সিরিয়ার ভূমিকম্পের তাণ্ডবের পর আবারও আলোচনায় যুক্তরাষ্ট্রের হার্প প্রযুক্তি। মূলত বায়ুমণ্ডলের ওজোনস্তর নিয়ে গবেষণায় এই প্রযুক্তি ব্যবহার হলেও সমালোচকদের দাবি, হার্প টেকনোলোজির মাধ্যমে পৃথিবীর যেকোনো স্থানে ভূমিকম্প-টর্নেডো-জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগ ঘটানো সম্ভব। খবর রয়টার্সের।

বৈশ্বিক রাজনীতির কারণেই তুরস্কের ওপর হার্পের অপব্যবহার- এ দাবিতেও তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। যদিও এসব অভিযোগ বা দাবির পক্ষে মেলেনি কোনো বৈজ্ঞানিক সত্যতা।

আসলেই কি প্রাকৃতিক দুর্যোগ, নাকি মানবসৃষ্ট কারণেই এমন ভয়াবহতা? তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর, গত কয়েকদিন ধরেই ঘুরে ফিরে আসছে এমন প্রশ্ন। এই ইস্যুতে আবারও আলোচিত হচ্ছে হার্প প্রযুক্তির নাম। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন গবেষণাভিত্তিক ওয়েবসাইটে দাবি করা হচ্ছে হার্প প্রযুক্তি ব্যবহার করেই ঘটানো হয়েছে ভূমিকম্প।

হাই ফ্রিকোয়েন্সি অ্যাক্টিভ অরোরাল রিসার্চ প্রোগ্রাম বা হার্প মার্কিন বিমান বাহিনীর একটি গবেষণা প্রকল্প। এর আওতায় উচ্চ তরঙ্গ ব্যবহার করে পৃথিবীর বায়ুমণ্ডলের ওজন স্তর বা আয়নোস্ফিয়ারে এ গবেষণা চালানো হয়। বলা হয়, উচ্চ ক্ষমতাসম্পন্ন তরঙ্গ ব্যবহার করে কম্পন সৃষ্টি করা হয় ভূ-পৃষ্ঠে। মূলত বৈদ্যুতিক চৌম্বকীয় তরঙ্গ ব্যবহার করে সৃষ্টি করা হয় এই কম্পন।

হার্প প্রযুক্তি নিয়ে বিতর্ক শুরু হয় মূলত ২০১০ সালে হাইতির ভূমিকম্পের পর। এ ছাড়াও ২০১০ সালে চিলিতে ভূমিকম্প ও সুনামি, ২০১১ সালের জাপানে ভূমিকম্প, ২০১৩ সালে ওকলাহোমায় টর্নেডোর জন্য হার্প প্রযুক্তিকে দায়ী করা হয়। হার্প প্রযুক্তির বিরুদ্ধে আঙ্গুল তোলে ইরান ও ভেনেজুয়েলার মতো দেশ।

যদিও এসব অভিযোগের পক্ষে নেই কোনো বৈজ্ঞানিক যুক্তি কিংবা তত্ত্ব। হার্প প্রকল্পের নানামুখী বিতর্কের কারণে ২০১৪ সালে হার্পের গবেষণা প্রকল্প আলাস্কা বিশ্ববিদ্যালয়ের কাছে হস্তান্তর করা হয়। গবেষকরা বলছেন, হার্প এমন কোনো তরঙ্গ সৃষ্টি করতে পারেনি যা ভূমিকম্প বা অন্য কোনো দুর্যোগ সৃষ্টি করতে পারে।

শীতেকে বিদেয় দিয়েও শৈত্যপ্রবাহ চলমান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: শীত মৌসুম এবারের মতো শেষ হয়ে গেছে। শুরু হয়েছে ঋতুরাজ বসন্ত। কিন্তু প্রকৃতি কী সেই কথা জানান দিচ্ছে বসন্তের শুরুতে? আবহাওয়া অধিদপ্তরের তথ্য উল্টে দিয়েছে পঞ্জিকার স্বাভাবিক হিসাব নিকাশে। শৈত্যপ্রবাহ দূরে থাক কয়েক দিন আগে অর্থাৎ মাঘের একেবারে শেষ দিকে শীত উধাও হয়ে যায়।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে দেশের ৭টি জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। রাজশাহী, পাবনা, দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা ও মৌলভীবাজার জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। দুই এক দিনের মধ্যে কিছু জায়গা থেকে মৃদু শৈত্যপ্রবাহ কমে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর তাদের পূর্বাভাসে বলেছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সঙ্গে সারা দেশে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকা এবং স্থলভাগে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এ ছাড়া সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাতে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও হালকা শীত অনুভূত হতে পারে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) পর্যন্ত রাতের তাপমাত্রা আরও বাড়তে পারে। তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এক মৌসুম পরিবর্তন হয়ে নতুন মৌসুম শুরু হওয়ার সময় আবহাওয়ার এমন অবস্থা অস্বাভাবিক কিছু নয়।

আবহাওয়া অধিদপ্তর বলছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বাড়তি অংশ ভারতের বিহার রাজ্য ও এর কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মঙ্গলবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারের টেকনাফে ৩১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

এবার পৃথক দুই ভূমিকম্পে কাঁপল রোমানিয়া ও নিউজিল্যান্ড

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর গত কয়েকদিনে বেশ কয়েকটি দেশে ভূমিকম্প আঘাত হেনেছে। সর্বশেষ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) রোমানিয়ায় ৫ দশমিক ৭ মাত্রার এবং স্থানীয় সময় বুধবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিউজিল্যান্ডে ৬ দশমিক ৩ মাত্রার মাঝারি ভূমিকম্প ভূমিকম্প আঘাত হেনেছে।

ইউরোপ ও ভূমধ্যসাগরীয় ভূমিকম্প পর্যালোচনা কেন্দ্র (ইএমএসসি) এসব তথ্য নিশ্চিত করেছে।

ইএমএসসি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল রোমানিয়ার দ্রোবেতা-তুরনু সেভেরিনের ৫৬ কিলোমিটার উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ৪০ কিলোমিটার (২৮ দশমিক ৪৫ মাইল)।

স্থানীয় গণমাধ্যমগুলো জানায়, ভূমিকম্পে ভবনগুলো কেঁপে ওঠে। এ সময় আতঙ্কিত হয়ে পড়ে লোকজন। অনেকেই ভবন থেকে দ্রুত বেরিয়ে যান। তবে এ ঘটনায় নিহতের কোনো খবর পাওয়া যায়নি।

অন্যদিকে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনের তথ্যমতে, ভূমিকম্পটি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনের কাছে অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ওয়েলিংটনের ৫৫ কিলোমিটার দূরে পারাপারুমুরতে। এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আর ভূমিকম্পটি এমন সময় আঘাত হানল যখন দেশটিতে ভয়াবহ ঘূর্ণিঝড়ে বন্যা, ভূমিধ্বস এবং অনেক স্থানে বিদ্যুৎবিচ্ছিন্ন। ঘূর্ণিঝড়ের কারণে মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৪১ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এরপর সম্প্রতি ইন্দোনেশিয়া, সিকিম, আসাম ও রোমানিয়ায় ভূমিকম্পের খবার পাওয়া গেছে।

স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যু!

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সারপুকুরে বাড়ির উঠানে তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামীর থাপ্পড়ে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ সকাল ৮টায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে আদিতমারী থানার ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম রফিক এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতের পরিচয়ঃ সারপুকুর এলাকার মতিয়ার রহমান কাচুর (৬০) স্ত্রী জাহানারা (৫৫)।

স্থানীয়দের সুত্রে জানা যায়, বুধবার সকালে তামাক শুকানোকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি হয়। এ সময় জাহানারা আঙুল তুলে কথা বললে স্বামী মতিয়ার তাকে থাপ্পড় দিয়ে অন্যত্র সরে যান। মতিয়ার কিছুক্ষণ পর শোনেন জাহানারার মৃত্যু হয়েছে।

ইনচার্জ (তদন্ত) মো. রফিকুল ইসলাম রফিক জানান, বুধবার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ জানা যাবে।

মাত্র ১ টাকায় পাওয়া যাবে চিকিৎসা সেবা!

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে চা শ্রমিকসহ প্রান্তিক জনগোষ্ঠী, নিম্ন আয়ের মানুষ ও স্কুল শিক্ষার্থীদের জন্য ১ টাকায় ডাক্তারী পরামর্শ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও হীড বাংলাদেশ এর সহযোগিতায় মঙ্গলবার দুপুরের পর সম্মেলন কক্ষে মাটির ব্যাংকে ১ টাকা জমা দিয়ে চিকিৎসা সেবা গ্রহণের মাধ্যমে তৃণমূলের মানুষের জন্য ১টাকায় ডাক্তারী পারামর্শ প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ইউপি চেয়ারম্যান আসিদ আলী ও ইমতিয়াজ আহমেদ বুলবুল।

এসময় বক্তব্য রাখেন হীড বাংলাদেশের লিয়াজোঁ অফিসার নূরে আলম সিদ্দিকী, সাংবাদিক শাব্বির এলাহী প্রমুখ।

নির্বাহী অফিসার সিফাত উদ্দিন বলেন, প্রাথমিক পর্যায়ে সপ্তাহে ১ দিন ১ ঘন্টা করে বিভিন্ন ইউনিয়নে ১ জন এমবিবিএস ডাক্তারের উপস্থিতিতে ডাক্তারি পরামর্শ ও সেবা প্রদান করা হবে এবং চিকিৎসকরা ও স্বাস্থ্য সচেতনতা বিষয়ে সেমিনার এর আয়োজন থাকবে।

প্রাণ আরএফএল গ্রুপের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির খবরঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রাণ আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটিতে ‘অ্যাসিস্ট্যান্ট অ্যাপস ডেভেলপার’ পদে নিয়োগ দেওয়া হবে।  আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।

পদের নামঃ অ্যাসিস্ট্যান্ট অ্যাপস ডেভেলপার – এন্ড্রোয়েড।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ

  • স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিএসসি পাস।
  • ন্যূনতম  এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
  • জাভা, কটলিন, এমভিভিএম, রিট্রোফিট, এন্ড্রোয়েড এসডিকে, এন্ড্রোয়েড এর বিভিন্ন ভার্সন ও বিভিন্ন স্ক্রিন সাইজ সম্পর্কে ধারণা থাকতে হবে।
  • গিট, গিটহাব, গিটল্যাব প্রভৃতি সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে।
  • অনূর্ধ্ব ৩২ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

কর্মস্থলঃ ঢাকা।

বেতনঃ আলোচনা সাপেক্ষে। প্রভিডেন্ট ফান্ড, মোবাইল বিল, দুপুরের খাবার, বাৎসরিক বেতন বৃদ্ধি,  দুইটি উৎসব বোনাস ও কোম্পানির পলিসি অনুসারে অন্যান্য সকল প্রকার সুযোগ সবিধা দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ২৮ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্র : বিডিজবস।

চীনকে দুঃসময়ের বন্ধু বলে ভাবেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ চীন ইরানকে সমর্থন করবে বলে চীনকে দুঃসময়ের বন্ধু ভেবে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, চীন ‘দুঃসময়ের বন্ধু’। আজ মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) চীন সফরে গিয়ে তিনি এ মন্তব্য করেছেন বলে জানিয়েছে ইরানের সংবাদমাধ্যম পার্স টুডে।

সংবাদমাধ্যম জানায়, সফরের প্রথম দিনে চীনের রাজধানী বেইজিংয়ে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বীপক্ষীয় বৈঠক করেন। এ সময়  অর্থনৈতিক, বাণিজ্যিক, বিজ্ঞান ও সাংস্কৃতিক অঙ্গনে দুদেশের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার অভিমত প্রকাশ করেন রাইসি।

বেইজিং ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত ২৫ বছরমেয়াদি কৌশলগত সহযোগিতা চুক্তি বাস্তবায়নের ওপর গুরুত্ব আরোপ করেন ইব্রাহিম রাইসি। এ সময় আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য ২৫ বছরমেয়াদি চুক্তিকে ‘নিয়ামক শক্তি’ বলে মন্তব্য করেন।

বৈঠকে রাইসি আরও বলেন,  শত্রুদের রক্তচক্ষু উপেক্ষা করে ইরান ও চীন নিজেদের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে।  
ইরানের বেসামরিক পরমাণু কর্মসূচি নিয়ে বিগত এক দশকেরও বেশি সময় ধরে তেহরানের সঙ্গে পশ্চিমাদের সম্পর্কের চরম অবনতি হয়েছে।
 
প্রসঙ্গত, সম্প্রতি যুক্তরাষ্ট্রে আকাশে বেলুন ওড়ার ঘটনায় চীনকে দোষী করছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। ইরান ও চীনের মধ্যে সম্পর্ক শক্তিশালী করার লক্ষ্যে রাইসি চীন সফর করছেন বলে জানিয়েছেন ইরানের এই স্থানীয় সংবাদমাধ্যম। 

ফুলবাড়ীতে ইয়াবাসহ ১২ মাদক মামলার আসামী গ্রেফতার

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে ১২ মাদক মামলার আসামী কুখ্যাত মাদক কারবারী লিটন মিয়া(২৬) কে ইয়াবা সহ গ্রেফতার করেছে। মঙ্গলবার দুপুরে আসামীকে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, সোমবার(১৩ ফেব্রুয়ারি) রাত  আনুমানিক ৮ টার দিকে ফুলবাড়ী থানার পুলিশ উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের কুটিচন্দ্রখানা গ্রামে অভিযান চালায়। এসময় কুটিচন্দ্রখানা- ফুলবাড়ী সড়কের উপর থেকে ০৯ পিস ইয়াবা ও মোবাইল ফোন সহ লিটনকে তারা হাতেনাতে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত লিটনের বিরুদ্ধে ফুলবাড়ী থানায় ১০ টি, নাগেশ্বরী থানায় ০১ টি ও লালমনিরহাট সদর থানায় ০১ টি সহ মোট ১২ টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।