ভ্যান চালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ঢাবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

শিক্ষা ডেস্কঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে কাভার্ড ভ্যান আটকে চালককে মারধর ও ছিনতাইয়ের অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে প্রশাসন। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ণ, অসদাচরণ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কারের অনুমোদন দেয়া হয়েছে।

বহিষ্কৃতরা হলেন- থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফজলে নাভীদ অনন, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস বিভাগের মো. রাহাত রহমান এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী সাদিক আহাম্মদ। তারা সবাই ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। এর আগে, ছিনতাইয়ের ঘটনায় তাদের ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়।
এদিকে, এই তিন শিক্ষার্থীকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না’ তা জানতে চেয়ে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়েছে এবং সাত কার্যদিবসের মধ্যে অভিযুক্তদের লিখিত জবাব দিতে বলা হয়েছে। 

আশঙ্কাজনক হারে বাড়ছে ক্যান্সারে আক্রান্ত শিশু রোগীর সংখ্যা

স্বাস্থ্য ডেস্কঃ চট্টগ্রামে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত শিশু রোগীর সংখ্যাআশঙ্কাজনক হারে বাড়ছে। জিনগত সমস্যাই শিশুর ক্যান্সারের প্রধান কারণ বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শিশুদের ক্যান্সার শতকরা ৮০ ভাগ নিরাময়যোগ্য।

গত বছর চট্টগ্রাম মেডিকেল এবং মা ও শিশু জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে প্রায় সাড়ে ৪শ’ শিশু।

চিকিৎসকরা জানান, লিউকেমিয়া, লিভার ও ব্রেনসহ ১০ ধরনের ক্যান্সারে আক্রান্ত শিশুরা চিকিৎসা নিচ্ছে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালে। যেখানে ২০২১ সালে এ হাসপাতালে ৩১ জন ক্যান্সারে আক্রান্ত শিশু এসেছিল। আর ২০২২ সালে এসে সে সংখ্যা দাঁড়ায় ৪৭ জনে।

এছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও গত দুই বছরে গড়ে ৩০০ শিশু ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে এসেছে। ঘন ঘন জ্বর, শরীরের দাগ ও ফোলাসহ নানা প্রাথমিক লক্ষণ দেখা গেলেই চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের।

চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের শিশু ক্যানসার ও রক্তরোগ বিভাগীয় প্রধান ডা. ইন্দিরা চৌধুরী বলেন, কিছু কোষ ম্যচিউর হয়ে যখন অ্যাডাল্ট কোষে তার এ প্রসেসটা কোথাও গিয়ে বাধাপ্রাপ্ত হয়। যখন শিশু ভূমিষ্ঠ হয় তখন হয়তোবা কারও কারও ক্ষেত্রে জটিলতা বাড়ে।
চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের রেডিওলজি এন্ড নিউক্লিয়ার ইমেজিং বিভাগের প্রফেসর ডা. আ ম ম মিনহাজুর রহমান বলেন, শিশুদের যে ক্যান্সার তার শতকরা ৮০ ভাগ নিরাময়যোগ্য। এ ম্যাসেজটা আমরা জনগণকে দিতে চাই। দ্রুত হাসপাতালে আসলে সঠিক চিকিৎসা পাওয়া যায় এবং রোগীরাও ভালো থাকে।
এ অঞ্চলে শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালেই শিশু ক্যান্সার রোগীদের চিকিৎসার ব্যবস্থা রয়েছে।
 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার সাথে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাত

জাতীয় ডেস্কঃ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালে গণভবনে সাক্ষাত করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।

রোহিঙ্গা বিষয়সহ নানা বিষয়ে আলোচনা করতে গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুই দিনের সফরে ঢাকায় এসেছেন কাউন্সিলর ডেরেক। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টার।

মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

সফর শেষে আজ তিনি ঢাকা ত্যাগ করবেন।

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলকে ভয়ঙ্কর আবহাওয়া হিসেবে অভিহিত

আন্তর্জাতিক ডেস্কঃ নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস হিপকিন্স ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের আঘাত হানাকে এক প্রজন্মের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর আবহাওয়া হিসেবে অভিহিত করেছেন। এই দুর্যোগের কারণে নিউজিল্যান্ডের ইতিহাসে তৃতীয় বারের মতো জারি করা হয়েছে জরুরি অবস্থা। খবর বিবিসি। 

দেশটিতে কোভিড অতিমারি শুরুর পর ও ২০১১ সালে ক্রাইস্টচার্চ ভূমিকম্পের পর জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল।

ঘূর্ণিঝড়ের আঘাতে এ পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এই ঝড়টি যে এলাকায় আঘাত করে সেখানে দেশটির পাঁচ কোটি জনসংখ্যার এক তৃতীয়াংশ লোক বাস করে। আজ বুধবার ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে নর্থ আইল্যান্ড থেকে সরে গেছে।

ঝড়ে নদীর তীর উপচে পানি প্রবেশ করে লোকজনের বাড়িঘরে। এসময় বাড়িঘর থেকে সাঁতরে বের হয়ে নিরাপদ আশ্রয়ে যান। এছাড়া অনেক লোকজন বাড়ির ছাদে আশ্রয় নেন।প্রায় আড়াই লাখ লোক এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। গাছ ভেঙে অনেক বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, ভূমিধসে বন্ধ হয়ে গেছে রাস্তাঘাট।

ওপর থেকে তোলা কিছু ছবিতে দেখা যায় উপদ্রুত এলাকায় লোকজন এখনো বাড়িঘরের ছাদে সাহায্যের আশায় অপেক্ষা করছে।

ঘূর্ণিঝড়ে নর্থ আইল্যান্ডের উত্তর ও উত্তর-পূর্ব উপকূল সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশি ক্ষতি হওয়া এলাকার মধ্যে রয়েছে হকস বে, কোরোমানডেল ও নর্থল্যান্ড।

এদিকে, ঝড়ে ক্ষতির মাত্রা এতো বেশি যে স্থানীয় সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ তা সামাল দিয়ে ওঠতে পারছে না। এ ব্যাপারে অস্ট্রলিয়া ও যুক্তরাজ্য সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

 

তুরস্কে তীব্র শীতের মধ্যে কাজ করে যাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দল

জাতীয় ডেস্কঃ ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে সহায়তার ক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ উদ্ধারকারী দল। মানবিক সহায়তার অংশ হিসেবে তীব্র শীতের মধ্যে বৈরী পরিস্থিতিতেও নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন উদ্ধারকারী দলের সদস্যরা। গতকাল মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানায়।

এরই মধ্যে আদিয়ামান শহরে ভেঙে পড়া ভবন থেকে একজনকে জীবিত ও ১৫ জনের মরদেহ উদ্ধার করেছে তারা। উদ্ধারকারীরা ছয়টি বিধ্বস্ত ভবন অপসারণ করেছে। এছাড়াও উদ্ধারকারী দলটি এ পর্যন্ত ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ১২০ কার্টুন খাবার ও ৭২টি তাঁবু বিতরণ করেছে।

আইএসপিআর জানায়, ভূমিকম্পদুর্গত স্থানীয় লোকজনের মাঝে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে সেনাবাহিনীর মেডিক্যাল টিমটি দুটি ভাগে বিভক্ত হয়ে একটি স্থায়ী মেডিকেল সেন্টার এবং উদ্ধার অভিযান স্থানে ফার্স্ট এইড টিম হিসেবে প্রাথমিক চিকিৎসাসেবা দিচ্ছে। স্থায়ী মেডিকেল সেন্টারটি মূলত ভূমিকম্পের ফলে আঘাতপ্রাপ্ত ও মানসিক ট্রমায় আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিয়োজিত। এ পর্যন্ত ১০৪ জনকে চিকিৎসাসেবা ও তাদের মাঝে ৩২ কার্টুন ওষুধ বিতরণ করা হয়েছে।

উদ্ধারকারীরা প্রাণের সন্ধানে এখনও কঠোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি আটকে পড়াদের উদ্ধারে চেষ্টা করছে। ইতোমধ্যে বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ আচরণ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানায় আইএসপিআর।

কানাডায় সড়ক দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ কানাডার অন্টারিওতে সড়ক দুর্ঘটনা তিনজন নিহত হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই বাংলাদেশের নাগরিক। গত সোমবার (১৩ ফেব্রুয়ারি) রাতে ডান্ডেস স্ট্রিট পশ্চিম হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

এক টুইট বার্তায় অন্টারিও প্রাদেশিক পুলিশ (ওপিপি) জানায়, গাড়িতে থাকা চারজনকে শনাক্ত করা হয়েছে। তারা পড়াশোনার উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এসে টরন্টোতে বসবাস করছিলেন।

ওপিপি আরও জানায়, দুর্ঘটনায় দুজন ২০ বছর বয়সী তরুণ-তরুণী এবং ১৭ বছর বয়সী এক কিশোর মারা গেছে। ২১ বছর বয়সী চালক গুরুতর আহত হয়েছেন। তাদের পরিবারকে বিষয়টি জানানো হয়েছে।

টরন্টো পুলিশ জানায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়। গাড়িটি উল্টে আগুন ধরে গিয়েছিল।

টরন্টো ফায়ার সার্ভিসে জানায়, ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আটকে পড়া যাত্রীদের উদ্ধার করে দমকলকর্মীরা।

হাসপাতালের চিকিৎসকরা জানান, ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয়েছে এবং আরও দুজনকে হাসপাতালে আনা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তৃতীয় একজনের মৃত্যু হয়েছে বলে জানায় ওপিপি।

পুলিশ জানায়, সড়কটি আবারও গাড়ি চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। তবে, তদন্ত অব্যাহত থাকবে।

নেত্রকোণায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার বিশিউড়া ইউনিয়নের দক্ষিণ বিশিউড়া উচ্চ বিদ্যালয়ে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

গতকাল দিনব্যাপি প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ডাঃ আ.ন.ম নৌশাদ খান অধ্যক্ষ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতাল করিমগঞ্জ, কিশোরগঞ্জ।

এ সময় অন্যদের মধ্যে ছিলেন, গাইনি চিকিৎসক প্রফেসর ডাঃ সুফিয়া খাতুন পরিচালক প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ডাঃ নজরুল ইসলাম ফকির পরিচালক শাহ্ সুলতান (রঃ) ডায়াগনস্টিক সেন্টার এন্ড হাসপাতাল নেত্রকোণা, ডাঃ মোঃ মাহবুবুর রহমান শাহীন সহকারী অধ্যাপক চক্ষু বিভাগ প্রেসিডেন্ট আব্দুল হামিদ মেডিকেল কলেজ করিমগঞ্জ, কিশোরগঞ্জ, ডাঃ মাহাবুব হক মিঠুসহ আরো অনেকে।

পরে ডাক্তাররা ১ হাজারের অধিক পুরুষ ও মহিলা রোগি দেখেন।

আগুন’র শুটিং সেটে আহত শাকিব খান

ঢাকাই চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খান আসন্ন ছবি ‘আগুন’র শেষ দিনের শুটিং করতে গিয়ে আহত হয়েছেন। ছবিটি নির্মাণ করছেন বদিউল আলম খোকন।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর আফতাবনগরে ছবিটির অ্যাকশন দৃশ্যে অভিনয় করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন শাকিব। তিনি আহত হওয়ায় আপাতত শুটিং স্থগিত রাখা হয়েছে।

সূত্রে জানা গেছে, আহত হওয়ার পরেও কিছু সময় শুটিং করেছেন শাকিব। পরে শুটিং শেষে রাতে ঢাকার গুলশানের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে, দ্রুত অভিনেতার ডান পায়ে এক্স-রে করানো হয়। রিপোর্ট দেখে তার ডান পা মচকে গেছে বলে জানান চিকিৎসক।

তার ঘনিষ্ঠজন সুত্রে জানা গেছে, তেমন বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। বর্তমানে প্রাথমিক চিকিৎসার পর তিনি বাসায় বিশ্রামে রয়েছেন। আপাতত আগামী কয়েকদিন শাকিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

উল্লেখ্য, আগামী ঈদে মুক্তি পাবে শাকিব অভিনীত ‘আগুন’ ছবিটি। পর্দায় তার বিপরীতে দেখা যাবে জাহারা মিতুকে। এতে আরও অভিনয় করেছেন, মিশা সওদাগর, আলী রাজসহ প্রমুখ।

কেন ৬০০ সিঁড়ি বেয়ে মন্দিরে সামান্থা?

সম্প্রতি তামিলনাড়ুর পালানি মুরুগান মন্দিরে পূজা দিতে ৬০০ সিঁড়ি বেয়েছেন দক্ষিণী ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ইতোমধ্যেই অভিনেত্রীর মন্দিরে যাওয়ার কিছু ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ছবিতে দেখা যায়, সাদা সালোয়ার কামিজ পরে মন্দিরে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি আবারও অভিনয়ে ফিরেছেন সামান্থা। বিরল রোগ মায়োসাইটিসে আক্রান্ত হয়ে অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন এই অভিনেত্রী। তবে ধীরে ধীরে আরোগ্যলাভ করছেন তিনি। যদিও সুস্থ হতে বেশ সময় লাগবে তার। ইতোমধ্যে তার আসন্ন ছবির শুটিংও শুরু করেছেন সামান্থা। তাই মন্দিরে ছবি ছাড়াও নিজের শরীর স্বাস্থ্যের জন্যও মন্দিরে প্রার্থনা করেন তিনি।

সুত্রে জানা গেছে, মন্দিরে পৌঁছাতে প্রায় ছয় শ’ সিঁড়ি পাড়ি দিতে হয়। সময় নিয়ে সিঁড়ি বেয়ে সেই মন্দিরে পৌঁছান সামান্থা। তবে সিঁড়িগুলো পাড়ি দেওয়ার সময় অভিনেত্রীর মাস্ক পরেছিলেন। এ সময় তার সঙ্গে ছিলেন তার অভিনীত ‘জানু’ ছবির নির্মাতা সি প্রেম কুমার।

উল্লেখ্য, আগামী ১৪ এপ্রিল মাসে মুক্তি পাবে সামান্থার নতুন ছবি ‘শকুন্তলম’। ছবিটি নির্মাণ করেছেন গুণশেখর।

পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে বিএনপি : কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনকে ভয় পায়। পরাজয় নিশ্চিত জেনে তারা পথ হারিয়ে পদযাত্রায় নেমেছে। আন্দোলনে বিএনপি ব্যর্থ। নেতাকর্মী ছাড়া সাধারণ জনগণ তাদের সঙ্গে নেই। সাধারণ জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই।

আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নোয়াখালীর বসুরহাটের বঙ্গবন্ধু চত্বরে বৃত্তিপ্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাধারণ জনগণ রয়েছে। জনগণ যাদের সঙ্গে থাকবে তারাই সফল হবে। আগামী নির্বাচনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা জয়লাভ করব, ইনশাআল্লাহ।’

এরপর ওবায়দুল কাদের কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়, কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা কর্তৃক বাস্তবায়িত ২৩টি উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করেন। এ ছাড়া নিজের বাবা-মায়ের নামে প্রতিষ্ঠিত মোশাররফ-ফজিলাতুন্নিছা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণদের হাতে বৃত্তি তুলে দেন।

এ সময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম খাইরুল আনম চৌধুরী সেলিম, বসুরহাট পৌরসভা মেয়র ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল কাদের মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।