দেশে ৬ মাসে ফেসবুক ব্যবহারকারী কমেছে সোয়া কোটির বেশি

দেশে গত ৬ মাসে সোয়া কোটির বেশি ফেসবুক ব্যবহারকারী কমেছে বলে জানিয়েছে, পোল্যান্ডভিত্তিক প্ল্যাটফর্ম নেপোলিয়নক্যাট। ফেসবুক ছাড়াও টুইটার, ইনস্টাগ্রাম এবং লিংকডইনসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমের ডেটা বিশ্লেষণ করে থাকে নেপোলিয়নক্যাট।

নেপোলিয়নক্যাট জানিয়েছে, ফেসবুকের পাশাপাশি গত ৬ মাসে মেটার অন্য দুটি প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম ও মেসেঞ্জারেও বাংলাদেশের ব্যবহারকারীর সংখ্যা কমেছে।

নেপোলিয়নক্যাট তথ্যমতে, বাংলাদেশে সবচেয়ে বেশি ফেসবুক ব্যবহারকারী ছিল গেল বছরের জুলাই মাসে। এই সংখ্যা ছিল প্রায় ৫ কোটি ৮৯ লাখ ৪৩ হাজার। কিন্তু চলতি বছরের জানুয়ারি মাসে বাংলাদেশে ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা কমে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬৫ লাখ ৪৮ হাজার। অর্থাৎ ১ কোটি ২৩ লাখ ৯৫ হাজার ফেসবুক ব্যবহারকারী কমেছে। আর বাংলাদেশে মোট জনসংখ্যার ২৬ দশমিক ৬ শতাংশ ফেসবুক ব্যবহার করে। যার মধ্যে পুরুষ ব্যবহারকারী প্রায় ৬৮ শতাংশ। বয়সের দিক থেকে ১৮ থেকে ২৪ বছর বয়সীরা সবচেয়ে বেশি (৪৪ শতাংশ) ফেসবুক ব্যবহার করে।

ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা জানিয়েছে, ফেসবুকে সক্রিয় ব্যবহারকারী দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। ২০২২ সালের ডিসেম্বরে প্রতিদিন ফেসবুকে সবচেয়ে বেশি প্রবেশ করেছেন ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের মানুষ। ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক গড়ে প্রায় ২০০ কোটি মানুষ ফেসবুকে একবার হলেও প্রবেশ করেছেন। যা ২০২১ সালের তুলনায় ৪ শতাংশ বেশি। ২০২১ সালের ডিসেম্বরে দৈনিক গড় ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ছিল ১৯৩ কোটি। মূলত ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ব্যবহারকারীদের কারণেই তাদের গড় ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে।

মেটা আরো বলেছে, ২০২১ সালের ডিসেম্বরের তুলনায় ২০২২ সালের ডিসেম্বরে দৈনিক অ্যাক্টিভ ব্যবহারকারীর (ডিএইউ) সংখ্যা বৃদ্ধির সূত্র ছিলেন ভারত, ফিলিপাইন ও বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা।

প্রাথমিকে এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী

শিক্ষা ডেস্কঃ চলতি মাসেই প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ করা হবে। এবার সারাদেশ থেকে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, এ মাসের ২৫ থেকে ২৮ তারিখের মধ্যেই বৃত্তির ফল প্রকাশের প্রয়োজনীয় কাজ চলছে। এবার সারাদেশ থেকে বৃত্তি পাবে সাড়ে ৮২ হাজার শিক্ষার্থী। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার ও সাধারণ গ্রেডে সাড়ে ৪৯ হাজার শিক্ষার্থী বৃত্তি পাবে। তাদের মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা ও সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে বৃত্তি পাবে।

করোনা সংক্রমণের কারণে গত দুই বছর পিইসি পরীক্ষা হয়নি। ফলে দেওয়া হয়নি শিক্ষার্থীদের বৃত্তি। গত ২৮ নভেম্বর প্রাথমিক শিক্ষা সমাপনীতে মেধা বৃত্তি প্রদানের বিকল্প মেধা যাচাই পদ্ধতিবিষয়ক আন্তমন্ত্রণালয় সভায় চলতি বছর প্রাথমিকে বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়।

বর্তমানে সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ৬৫ হাজার ৫৬৬টি। এসব বিদ্যালয়ে শিক্ষক আছেন ৩ লাখ ৫৯ হাজার ৯৫ জন। এর মধ্যে পুরুষ শিক্ষক ১ লাখ ২৬ হাজার ৪৩০ এবং নারী শিক্ষক ২ লাখ ২৯ হাজার ৯৩৬ জন। আর শিক্ষার্থী সংখ্যা ১ কোটি ৪১ লাখ ৪৪৫ জন।

উল্লেখ্য, টানা ১৩ বছর পর নেওয়া হয় প্রাথমিকের বৃত্তি পরীক্ষা। গত বছরের ৩০ ডিসেম্বর বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

ফেরিওয়ালা আব্দুল খালেকের কপালে জোটেনি বয়স্ক ভাতা

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : ৬৫ বছর বয়সে গ্রামে গ্রামে ফেরিতে করে চুড়ি, ফিতা, লিপস্টিক, আলতা, স্নো, পাউডার সহ নারীদের প্রয়োজনীয় বিভিন্ন রকম প্রসাধন সামগ্রী বিক্রি করেন আব্দুল খালেক। ফেরি কাঁধে নিয়ে সারাদিন এ গ্রাম ও গ্রাম ঘুরে যা বিক্রি হয় তার লভ্যাংশ দিয়েই কোন রকমে চলে তার সংসার। খেয়ে না খেয়ে থাকলেও তার কপালে জোটেনি বয়স্ক ভাতা বা কোন সরকারী সুযোগ সুবিধা।

জীবন জীবিকার তাগিদে অবিরাম ছুটে চলা বৃদ্ধ আব্দুল খালেকের সাথে দেখা হয় রবিবার (১২ ফেব্রুয়ারী ) দুপুরে উপজেলার ফুলবাড়ী সদর ইউনিয়নের প্রাণকৃষ্ণ গ্রামের ভদের বাজার এলাকায়। কথা বলে জানা যায় তার জীবন সংগ্রামের করুণ কাহিনী।

ফেরিওয়ালা আব্দুল খালেকের বাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের পশ্চিম ধনিরাম গ্রামে। তিনি ওই গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে। এক ছেলে এক মেয়ের জনক আব্দুল খালেক ছেলে-মেয়ের বিয়ে দিয়েছেন অনেক আগে। মেয়ে জামাই বাড়ীতে
আর দিনমজুর ছেলে স্ত্রী সন্তান নিয়ে থাকেন আলাদা। সাড়ে তিন শতকের ভিটা বাড়ীতে স্ত্রী ছকিনা বেগমকে নিয়েই আব্দুল খালেকের সংসার।

আব্দুল খালেক জানান, তার ফেরিতে ছয় থেকে সাত হাজার টাকার মালামাল আছে। সারাদিন গ্রামে গ্রামে ঘুরে ৫ শ থেকে ৭ শ টাকা বিক্রি করেন তিনি। ওটা থেকে যা আয় হয় তা দিয়েই চলে তাদের দুজনের সংসার। আগে কয়েক গ্রাম ঘুরতেন, বিক্রি বেশি হতো। এখন বয়স বেড়ে যাওয়ায় বেশিদুর যেতে পারেন না তাই বিক্রিও কমে গেছে।

বয়স্ক বা বৃদ্ধ ভাতা পান কিনা এমন প্রশ্নের জবাবে আব্দুল খালেক বলেন, ফটো আর আইডি কার্ড ধরি (নিয়ে) মেম্বার- চেয়ারমেনের (চেয়ারম্যান) পাছোত (পিছনে) অনেক ঘুরচোং (ঘুরেছি) বাহে, আর না ঘোরোং। মুই (আমি) বোলে (নাকি) চলং (চলি) ভাল্ধসঢ়; (ভালো), সেই জন্যে (সেজন্যে) মোক (আমাকে) না দেয় বাহে। তোমরা দোয়া করেন, মোক আল্লায় (আল্লাহ) চলাইবে ( চালাবে) বাহে, আল্লায় চলাইবে।

এ প্রসঙ্গে বড়ভিটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিন্টু বলেন, ওই ব্যক্তি আমার কাছে এসেছে বলে আমার মনে হয়না। তবে খোঁজ খবর নিয়ে তার ভাতার ব্যবস্থা করা হবে।

সৌজন্য সাক্ষাৎ করতে সন্ধ্যায় বঙ্গভবনে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

জাতীয় ডেস্কঃ সন্ধ্যায় বঙ্গভবনে বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে যাচ্ছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সাক্ষাৎকালে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানাও।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মো. সাহাবুদ্দিনকে ফোন করে অভিনন্দন জানান বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পরে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, আবদুল হামিদ নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। ফোনালাপে তারা পরস্পর কুশল বিনিময় করেন।

মো. সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ‘রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১ (১৯৯১ সনের ২৭নং আইন)-এর ধারা ৭ এবং রাষ্ট্রপতি নির্বাচন বিধিমালা, ১৯৯১-এর বিধি ১২-এর উপবিধি (৬) অনুসারে নির্বাচনী কর্তা ও নির্বাচন কমিশনার-এর ঘোষণা মোতাবেক মো. সাহাবুদ্দিন, পিতা: মরহুম শরফুদ্দিন আনছারী, বাসা/হোল্ডিং-৮৮/১, গ্রাম/রাস্তা: শিবরামপুর, পাবনা পৌরসভা, ডাকঘর: পাবনা, পোস্ট কোড: ৬৬০০, উপজেলা: পাবনা সদর, জেলা: পাবনা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি পদে নির্বাচিত হইয়াছেন।’

এর আগে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচনী কর্তা কাজী হাবিবুল আউয়াল মো. সাহাবুদ্দিনকে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করেন।

তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ৩৭ হাজার ছাড়ালো

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ৮ দিন পরে মৃত্যুর সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়ে গেছে। এখনো ধ্বংসস্তূপের নিচ থেকে শতশত মরদেহ উদ্ধার করা হচ্ছে। অনুসন্ধান কাজে সহায়তাকারী কুকুর ও থার্মাল ক্যামেরা ব্যবহার করে উদ্ধারকারীরা ধ্বংস হওয়া ভবনগুলোতে তৎপরতা চালাচ্ছেন।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের এখানে মৃতের সংখ্যা ১৯৩৯ সালের ভূমিকম্পকে ছাড়িয়ে গিয়ে ৩১৬৪৩ জনে দাঁড়িয়েছে।

এদিকে যুদ্ধে বিধ্বস্ত হয়ে থাকা সিরিয়ায় দেশটির বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকাগুলোতে ও সরকার নিয়ন্ত্রিত অংশে মৃতের সংখ্যা ৫৭১৪ জনে দাঁড়িয়েছে।

সিরিয়ার বিধ্বস্ত শহর আলেপ্পোতে জাতিসংঘের সহায়তা ইউনিটের প্রধান মার্টিন গ্রিফিথস বলেন, উদ্ধার অভিযান শেষ হয়ে আসছে। এখন আশ্রয় ও খাবার সরবরাহে জোর দেওয়া হচ্ছে।

তুরস্কের নগরায়ন মন্ত্রী মুরাত কুরুমের তথ্যমতে, মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত ১০টি শহরে প্রায় ৪২ হাজার ভবন ধসে পড়েছে অথবা জরুরি ভিত্তিতে ভেঙে ফেলতে হয়েছে।

এদিকে, জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভয়াবহ এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, গত সোমবার (৬ ফেব্রয়ারি) সকালে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছিল তুরস্ক এবং সিরিয়া। তার পর অন্তত ১০০ বার জোরালো আফটার শকে কাঁপে দুই দেশের মাটি। এতে গুঁড়িয়ে যায় দুই দেশের হাজার হাজার হাসপাতাল, স্কুল ও অ্যাপার্টমেন্ট ভবন। এতে গৃহহীন হয়ে পড়ে দেশ দুটির লাখ লাখ মানুষ। সিরিয়া-তুরস্কের এই ভূমিকম্পকে শতাব্দীর সবচেয়ে ধ্বংসাত্মক ও প্রাণঘাতী বলে মনে করছেন কেউ কেউ। বলা হচ্ছে, আগামী কয়েক দিনে এই ভূমিকম্পে মৃতের সংখ্যা ছাড়িয়ে যেতে পারে ৫০ হাজার। ১৯৩৯ সালের পর এটি তুরস্কের সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প।

সুত্রঃ সূত্র : আলজাজিরা, রয়টার্স। 

মৌলভীবাজারে সাপের কামড়ে একজনের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সাপের কামড়ে চন্দ্র রিকিয়াশন নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার বিকেলে পাহাড়ে জ্বালানী কাঠ আনতে গিয়ে সাপের কামড়ে তার মৃত্যু হয়।

চন্দ্র রিকিয়াশন কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউপির গোবিন্দপুর চা বাগানের মৃত নরেশ রিকিয়াশনের ছেলে। তিনি দলই চা বাগানে শ্বশুর বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করতেন।

জানা যায়, রোববার বিকেলের দিকে জ্বালানি কাঠ সংগ্রহ করতে তিনি পাত্রখোলা চা বাগানের হাজারীবাগ চা সেকশনে যান। এ সময় একটি বিষধর সাপ তার পায়ে কামড় দেয়। পরে সেখানেই তার মৃত্যু হয়।

স্থানীয় শ্রমিকরা চন্দ্র রিকিশনকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে, পুলিশে খবর দেয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সঞ্চয় চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন। রাত ৮টার দিকে মরদেহ উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

কমলগঞ্জ থানার ওসি সঞ্চয় চক্রবর্তীর সাথে সোমবার (১৩ ফেব্রুয়ারি) যোগাযোগ করলে এর সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কোনো বিষাক্ত সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে আসল রহস্য।

প্রাইমারি স্কুলে ভুয়া নিয়োগপত্র দিয়ে অর্থ আদায়

অনলাইন ডেস্কঃ জয়পুরহাটে প্রাইমারি স্কুলে ভুয়া নিয়োগপত্র দিয়ে তিন লাখ টাকা হাতিয়ে নেয় নূরনবী (৪০) নামের এক যুবক। আজ সোমবার (১৪ ফেব্রুয়ারি) তাকে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার থেকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আটক নূরনবী জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার তিলকপুর গ্রামের মৃত উজির উদ্দীনের ছেলে।

জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. মোস্তফা জামান বলেন, ভুয়া নিয়োগপত্র প্রদানের মাধ্যমে তিন লাখ টাকা হাতিয়ে নেয়ার প্রতারকচক্রের মূলহোতা নূরনবীকে আটক করা হয়েছে।

নুরনবী ২০২১ সালে প্রাথমিক বিদ্যালয়ে চাকরি দেয়ার জন্য ভিকটিম শাহজাহান আলীর (২৮) কাছ থেকে ৩ লাখ টাকা নেন। পরে ওয়াকিল উদ্দিনের মাধ্যমে তাকে মিথ্যা নিয়োগপত্র দেন। ঢাকায় চাকরিতে যোগ দিতে গেলে ওই ভুয়া নিয়োগপত্রের কথা জানতে পারেন তিনি। পরে ভুক্তভোগী বাদী হয়ে জয়পুরহাট র‌্যাব ক্যাম্পে একটি লিখিত অভিযোগ করেন। এরপর র‌্যাব-৫ ক্যাম্পের সদস্যরা জাল কাগজপত্রসহ তাকে আটক করে।
মেজর মো. মোস্তফা জামান আরও বলেন, নূরনবী ও ওয়াকিল উদ্দিন উভয়েই একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছেন এবং ২০১৮ সাল থেকে দরিদ্র লোকের সঙ্গে প্রতারণামূলক কাজ করছেন। যেখানে নুরনবী মূলহোতার ভূমিকায় ছিলেন।
তার চাচাতো ভাই একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তিনি সুযোগ কাজে লাগিয়ে চাকরির নিরাপত্তার মিথ্যা আশ্বাস দিয়ে প্রাথমিক বিদ্যালয়ের চাকরির ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। ওয়াকিল উদ্দিন তার সহকারী হিসেবে কাজ করেন এবং জাল কাগজপত্র তৈরির দায়িত্ব পালন করেন।

এ বিষয়ে আটক অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে জয়পুরহাটের আক্কেলপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

 

৬ জেলার ১৫ লাখ পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে

স্বাস্থ্য ডেস্কঃ স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির আওতায় ৬ জেলার ১৫ লাখ পরিবারকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। প্রতিটি পরিবার বছরে ৫০ হাজার টাকার সমপরিমাণ স্বাস্থ্যসেবা পাবে বলে জানান তিনি।

গতকাল সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যসেবা-সংক্রান্ত সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মানিকগঞ্জ, বরিশাল, বরগুনা, লক্ষ্মীপুর, কুড়িগ্রাম এবং ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে এই সেবা পাওয়া যাবে। পর্যায়ক্রমে দেশের সব জেলায় স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

ডলার সংকটে এলসি বন্ধ হওয়ায় চিকিৎসা সরঞ্জাম আমদানি বন্ধ হয়ে গেছে – জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের এমন মন্তব্যের জবাবে জাহিদ মালেক বলেন, আমরা এ ধরনের সমস্যার কথা শুনিনি। আমাদের স্টক আছে এবং প্রয়োজনীয় সবকিছুই পাচ্ছি। এ বিষয়ে সরকার খুবই আন্তরিক। স্বাস্থ্যসেবার জন্য কোনো কিছু আমদানি করার প্রয়োজন হলে অন্য কিছু বন্ধ রেখে হলেও পূরণ করা হবে। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন, কোনো সমস্যা হবে না।

তুরস্কে ভবন নির্মাণকারীদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ হাজারের বেশি দাঁড়িয়েছে। আর তাই দ্রুত বেড়ে যাওয়ার পেছনে ভবন নির্মাণকারীদের দায়ী করছে তুরস্কের সরকার। এজন্য ভবন নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে সাড়াশি অভিযান চালাচ্ছে সরকার। খবর সিএনএন।

ক্রমবর্ধমান গণক্ষোভের মধ্যে তুরস্কের কর্তৃপক্ষ ভবন ধসের ঘটনায় ১৬৩ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলু জানিয়েছে, এরই মধ্যে আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৮ জন পুলিশ হেফাজতে রয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার ভূমিকম্পে এখন পর্যন্ত ৩৬ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে।

সময় যত গড়াচ্ছে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের বেঁচে থাকার সময় ততই ফুরিয়ে আসছে। গত ৬ ফেব্রুয়ারির ওই ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে মৃতের সংখ্যা পৌঁছেছে ৩১ হাজার ৬৩৪ জনে। সিরিয়ায় মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৭৪ জনের। দু’দেশেই মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

ভূমিকম্পের পর উদ্ধার কার্যক্রমে ধীরগতির অভিযোগ করেছেন তুরস্কের অনেক বাসিন্দা। ফলে শোকাহত পরিবারগুলো প্রিয়জন হারানোর বেদনায় স্তব্ধ হয়ে পড়েছে। উদ্ধার তৎপরতায় ধীরগতি ও কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলায় ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি ভোররাত ৪টা ১৭ মিনিটে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে, যার উৎপত্তিস্থল কাহরামানমারাস প্রদেশের পাজারসিক জেলায়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) সংস্থার তথ্যমতে, প্রথমে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৮। এরপর অন্তত ১০০ বার কেঁপে ওঠে (আফটার শক) এ দুই দেশ।

ভালোবাসার পরশে বাঙ্গালির পহেলা ফাল্গুন উদযাপন

অনলাইন ডেস্কঃ বাংলা বর্ষপঞ্জিতে পরিবর্তন আনায় পহেলা ফাল্গুন ও ভালবাসা দিবস একদিনেই উদযাপন করছে উৎসবপ্রিয় বাঙালি। যদিও আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভোর থেকে প্রকৃতিতে শীতের আমেজ জড়িয়ে আছে বেশ। আর এতেই মানুষের মনে লেগেছে অন্য এক মাত্রা। ফাগুন বন্দনায় মুখর হয়ে উঠেছে প্রকৃতিপ্রেমীরা। আর এভাবেই ভালোবাসার পরশে বসন্তের আগমন উদযাপন করছেন তারা।

জানা গেছে, ১৫৮৫ সালে মোগল সম্রাট আকবর ১৪টি উৎসবের প্রবর্তন করেছিলেন। এর মধ্যে অন্যতম ছিল ‘বসন্ত উৎসব’। সেই উৎসবকে কেন্দ্র করে আজ সকাল ৭টায় জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদের উদ্যোগে ঢাবির চারুকলার বকুলতলায় শুরু হয় নানা আয়োজন। এর উদ্বোধনী পর্বের শুভ সূচনা হয় সমবেত বাদ্যযন্ত্র ও রাগাশ্রয়ী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে।

বসন্তকে বরণ করে নিতে ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীসহ ও নানা বয়সী লোকজনের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশে যেন এক মিলনমেলায় রূপ নেয় চারুকলা প্রাঙ্গণ। বাসন্তি রঙের শাড়ি, পাঞ্জাবি ও বাঙ্গালিয়ানায় সেজেছেন অনেকে। আবার ভালোবাসার লালে উচ্ছ্বসিত ছিলেন কেউ কেউ।

এদিন ভালোবাসার মানুষের খোঁপায় ফুল গুজে দিচ্ছিলেন কেউ কেউ। আবার সেলফিতে ধরে রাখছিলেন স্মৃতি।

বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে সরগরম হয়ে উঠেছে ফুলের বাজার। গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানী, ধানমন্ডি ও শাহবাগের বিভিন্ন ফুলের দোকানে ক্রেতাদের আগমনে জমে উঠে বেচাকেনা।

এবারের বসন্ত ও ভালোবাসা দিবস উপলক্ষে বছরের অন্য সময়ের তুলনায় সব ধরনের ফুলের দাম কয়েকগুণ বেশি। দাম বেশি হলেও বসন্ত বরণের উৎসব এবং ভালোবাসার কাছে যে বাড়তি দাম কোনো বিষয়ই নয়, তারই প্রমাণ মেলে এ ভিড়ে।

নাচ, গান ও কবিতাসহ নানা বর্ণাঢ্য আয়োজনে বসন্ত বরণ করবে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ। এ ছাড়া আজ রাজধানীতে রয়েছে ব্যাপক আয়োজন। চারটি স্থানে আয়োজন করা হয়েছে ‘বসন্ত উৎসব’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় দিনব্যাপী এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবর মঞ্চ, লক্ষ্মীবাজারের বাহাদুর শাহ পার্ক ও উত্তরার ৩ নম্বর সেক্টরের রবীন্দ্র সরণির উন্মুক্ত মঞ্চে বিকেল থেকে রাত অবধি বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

শিল্পকলা একাডেমি আয়োজন করেছে তিন দিনব্যাপী ‘বসন্ত উৎসব’। একাডেমি প্রাঙ্গণে নন্দনমঞ্চে আয়োজিত অনুষ্ঠানমালায় থাকবে সংগীত, নৃত্য, আবৃত্তি।