বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হিসেবে সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা

জাতীয় ডেস্কঃ বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুর নাম ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

সিইসি বলেন, রাষ্ট্রপতি পদে সাহাবুদ্দিন একমাত্র প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আজই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

মোহাম্মদ সাহাবুদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি হলেন। একমাত্র তাঁর মনোনয়ন ছাড়া অন্য কারো মনোনয়ন জমা পড়েনি নির্বাচন কমিশনে।

গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেল চারটা রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল। ফলে রাষ্ট্রপতি পদে তিনি একমাত্র প্রার্থী হওয়াই আর ভোটের প্রয়োজন হয়নি।

দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে

শিক্ষা ডেস্কঃ ১০০ টাকা বিলম্ব ফি নির্ধারণ করে দাখিল পরীক্ষার ফরম পূরণের সময় ফের বাড়ানো হয়েছে। গতকাল রোববার (১২ ফেব্রুয়ারি) মাদ্রাসা শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ১০০ টাকা বিলম্ব ফি দিয়ে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে ফরম পূরণ করতে পারবেন। ফি জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। শেষবারের মতো এই সময় বাড়ানো হয়েছে।

জানা গেছে, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানকে সুষ্ঠুভাবে ফরম পূরণের বিষয়টি নিশ্চিত করতে হবে। বর্ধিত সময়ে কোনো শিক্ষার্থী ফরম পূরণে ব্যর্থ হলে মাদ্রাসাপ্রধান দায়ী থাকবেন।

এর আগে, প্রথম দফায় গত ১৬ জানুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় দফায় ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ দেওয়া হয়েছিল।

উল্লেখ্য, গত ১৮ ডিসেম্বর এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৪ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণের সুযোগ পেয়েছিলেন শিক্ষার্থীরা।

“ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার করা গেলে নিহতের সংখ্যা ৫০ হাজার ছাড়াবে”

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। তবে এই সংখ্যা ৫০ হাজারে ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির জরুরি ত্রাণ সহায়তা প্রধান মার্টিন গ্রিফিথ এমন ধারণাই করছেন।

তিনি বলেন, ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধার করা গেলে মৃত্যুর সংখ্যা ৫০ হাজার ছাড়াতে পারে। যা বর্তমান নিহতের সংখ্যার প্রায় দ্বিগুণ হতে পারে।

এর আগে, জাতিসংঘ থেকে বলা হয়েছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, ভয়াবহ এই ভূমিকম্পে ২ কোটি ৬০ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এর আগে, গত ৬ ফেব্রুয়ারি ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প।

ভয়াবহ এই ভূমিকম্পে তুরস্কের ২৪ হাজার ৯২১টি ভবন ধসে পড়েছে। সিএনএনের তথ্যমতে, ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ৩৪ হাজার ১৭৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ২৯ হাজার ৬০৫ এবং সিরিয়ায় ৪ হাজার ৫৭৫ জন।

এদিকে ভূমিকম্পের ধ্বংসস্তূপের নিচে এখনও বহু আটকা পড়ে আছেন। তাদের বেঁচে থাকাটা ক্ষীণ। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ভূমিকম্পের সাতদিন পরও শতশত মরদেহ উদ্ধার করা হচ্ছে। একইসঙ্গে অলৌকিকভাবে বেঁচে থাকা অনেককেই উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৯ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের পূর্ব এরজিনকান প্রদেশে ৩৩ হাজার মানুষ নিহত হয়েছিল।

আওয়ামী লীগকে বিতর্কিত করতেই প্রতিমা ভাঙচুর করেছে: সুজিত রায় নন্দী

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ “আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগকে বিতর্কিত করতে একটি অশুভ চক্রশক্তি প্রতিমা ভাঙচুর করে দেশের ভাবমূর্তি বিনষ্ট করতে চায়“-ঠাকুরগাঁওয়ে গত রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা আ.লীগ কর্তৃক আয়োজিত লাহিড়ী হাট প্রাঙ্গণে প্রতিবাদ ও সম্প্রীতি সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী এসব কথা বলেন।

নন্দী বলেন, সাম্প্রদায়িক গোষ্ঠী সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতা ছড়িয়ে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রের দিকে এগিয়ে নিতে চায়। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতেই এমন ঘটনা ঘটানো হয়েছে। কিন্তু তাদের সে স্বপ্ন কোনোদিনই পূরণ হবে না।

উপজেলা আ.লীগ সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল, জেলা আওয়ামী লীগের সভাপতি সাদেক কুরাইশী, জেলা আ.লীগ সহ সভাপতি ও সাবেক সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা জাহান লিটা, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, সাংগঠনিক সম্পাদক মাজহারুল ইসলাম সুজন, বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবু হাসনাত বাবু।

প্রসঙ্গত: গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার তিনটি ইউনিয়নের ১২টি মন্দিরের ১৪টি প্রতিমা ভাঙচুর করা হয়। এরিই প্রতিবাদে ওই এলাকায় মানুষের মধ্যে উৎকন্ঠা ও জনরোষ তৈরি হয়।

বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহারের কম্বল বিতরণ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় রোববার বীর মুক্তিযোদ্ধাদের প্রধানমন্ত্রীর উপহারের ৪০০ কম্বল বিতরণ করা হয়েছে। মানবিক সহায়তা কর্মসূচির আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বলগুলো বরাদ্দ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খাঁনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, উপজেলা ভাইস-চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক বিকেকানন্দ দাস নান্টু, থানা ইনচার্জ (ওসি) ইয়ারদৌস হাসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর আব্দুল্লাহ আল-মামুন, ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, আব্দুল হান্নান, দক্ষিণভাগ ইউপি আওয়ামী লীগের সভাপতি সুব্রত কুমার দাস শিমুল, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বায়ক মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

একুশে পদক-২০২৩: মনোনীত ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠান

দেশে বিভিন্ন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখায় এবার একুশে পদক-২০২৩ এর জন্য ১৯ বিশিষ্ট ব্যক্তি ও ২ প্রতিষ্ঠানকে মনোনীত করা হয়েছে বলে জানিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) উপসচিব বাবুল মিয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

একুশে পদক-২০২৩ এর জন্য মনোনীত ১৯ বিশিষ্ট ব্যক্তি হলেন- খালেদা মনযুর-ই-খুদা, বীর মুক্তিযোদ্ধা এ কে এম শামসুল হক (মরণোত্তর), হাজী মো. মজিবর রহমান, মাসুদ আলী খান, শিমুল ইউসুফ, মনোরঞ্জন ঘোষাল, গাজী আব্দুল হাকিম, ফজল-এ-খোদা (মরণোত্তর), জয়ন্ত চট্টোপাধ্যায়, নওয়াজীশ আলী খান, কনক চাঁপা চাকমা, মমতাজ উদ্দীন (মরণোত্তর), মো. শাহ আলমগীর (মরণোত্তর), ড. মো. আবদুল মজিদ, প্রফেসর ড. মযহারুল ইসলাম (মরণোত্তর), মো. সাইদুল হক, অ্যাডভোকেট মঞ্জুরুল ইমাম (মরণোত্তর), আকতার উদ্দিন মিয়া (মরণোত্তর) ও ড. মনিরুজ্জামান।

এছাড়া, একুশে পদক পেতে যাওয়া দুই প্রতিষ্ঠান হলো বাংলাদেশ জাতীয় জাদুঘর ও বিদ্যানন্দ ফাউন্ডেশন।

উল্লেখ্য, একুশে পদকের জন্য নির্বাচিত প্রত্যেককে এককালীন নগদ ৪ লাখ টাকাসহ ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হয়।

৭০ হাজার ইয়াবাসহ আটক ৩ যুবক

চট্টগ্রাম প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফে এক বিশেষ অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী যুবককে আটক করেছে র‌্যাব-১৫। শনিবার সন্ধ্যায় টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- একই ইউনিয়নের উনচিপ্রাং এলাকার আব্দুল হাবিবের ছেলে মো. তারেক, আক্তার কামাল মো. শাহ জাহান এবং আলী আকবরের ছেলে সৈয়দ হোসেন।

আজ রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী।

র‍্যাব সুত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে হোয়াইক্যং ইউনিয়নের জনৈক আব্দুল হাবিবের বসতবাড়ির সামনে অভিযান চালানো হয়। এ সময় ৩ যুবককে ৭০ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়। এছাড়া তাদের অপর দুই সহযোগী পালিয়ে যান। আটককৃত বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় মডেল হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ আটক ২

কুমিল্লা প্রতিনিধিঃ কুমিল্লায় ২০ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আজ রোববার সকালে র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন- কুষ্টিয়া জেলার সদর থানাধীন খাজানগর (বটতলী) গ্রামের গোলাম মাওলা মোল্লার ছেলে মো. রাশেদুল ইসলাম মোল্লা এবং নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার সানারপাড় গ্রামের খোরশেদ মোল্লার ছেলে মুক্তার হোসেন সুমন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ২০ কেজি গাঁজা ও দুই বোতল বিদেশি মদসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

যে ৬ উপায়ে ফেসবুক থেকে টাকা আয় করা যায়

আপনি কি জানেন, জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নানা উপায়ে আয় করা যায় টাকা। ফেসবুক ব্যবহারকারীরা চাইলেই অ্যাফিলিয়েট মার্কেটিং, মেসেঞ্জারে বিজ্ঞাপন ও মার্কেটপ্লেসে পণ্য বিক্রি করে টাকা আয় করতে পারে। এর বাইরেও আরো ৬টি উপায়ে টাকা আয়ের সুযোগ রয়েছে।

আসুন জেনে নিই ফেসবুক থেকে টাকা আয়ের  সেই ৬ উপায়ঃ 

ইন-স্ট্রিম অ্যাডঃ ভিডিওর মধ্যে থাকা বিজ্ঞাপনগুলো দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে। ইন-স্ট্রিম অ্যাড ফিডের একটি স্বতন্ত্র বিজ্ঞাপনের চেয়ে বেশি কার্যকর। কারণ ব্যবহারকারীরা ফিডের স্বতন্ত্র বিজ্ঞাপন এড়িয়ে যেতে পারেন। ইন-স্ট্রিম বিজ্ঞাপনের ক্ষেত্রে ভিডিওটি গল্প আকারে উপস্থাপন করতে হবে। ফেসবুকের শর্তগুলো পূরণের পাশাপাশি ভিডিওগুলো অবশ্যই এক মিনিটের বেশি দৈর্ঘ্যের হতে হবে। সেইসঙ্গে ইন-স্ট্রিম বিজ্ঞাপন চালানোর জন্য পেজটিতে ন্যূনতম ১০ হাজার ফলোয়ার থাকতে হবে।

পেইড সাবস্ক্রিপশনঃ সাবস্ক্রিপশন তৈরি করে মাসিক আয় বাড়ানোর সুযোগ রয়েছে। এই পদ্ধতিতে ফলোয়াররা টাকার বিনিময়ে পেজে সাবস্ক্রিপশন নিয়ে বিশেষ বা এক্সক্লুসিভ কনটেন্ট, ছাড়সহ বিভিন্ন সুবিধা ভোগ করতে পারবেন। এই সুবিধাটি এখন শুধু ফেসবুকের ইনভাইটেশন ফিচারের ভিত্তিতে পাওয়া যায়। ব্যবহারকারীরা ফ্যান সাবস্ক্রিপশন আনলক করতে পারে যখন তাদের ১০ হাজার ফলোয়ার বা ২৫০ জনের বেশি রিটার্ন ভিউয়ার থাকে কিংবা ৫০ হাজার পোস্ট এনগেজমেন্ট বা ১ লাখ ৮০ হাজার ওয়াচ মিনিট থাকে।

ব্র্যান্ডের সঙ্গে কাজঃ ফেসবুক পেজের রিচ বাড়াতে এবং কনটেন্টকে বৈচিত্র্যময় করতে প্রাসঙ্গিক কারো সঙ্গে কাজ করতে পারেন। নতুন নতুন দর্শক টানতে এবং ব্র্যান্ড সচেতনতা বাড়াতে অনেক নির্মাতা, কোম্পানি, ব্র্যান্ড আছে। বেশ ভালো ফলোয়ার রয়েছে এমন কারও সঙ্গে তারা কাজ করতে চান। এ ক্ষেত্রে টাকার বিনিময়ে তাদের সঙ্গে কাজ করতে পারবেন। এজন্য আপনার পোস্টে ব্যবসায়িক পার্টনারদের ট্যাগ শুরুর আগে প্রথমে তাদের কাছে অ্যাক্সেসের জন্য অনুরোধ করতে হবে।

ফলোয়ারদের কাছ থেকে আয়ঃ সম্প্রতি ফেসবুকের ঘোষণা করেছে, ফেসবুকে কনটেন্ট ক্রিয়েটর এবং ইনফ্লুয়েন্সাররা রিলে নির্দিষ্ট সংখ্যক ভিউ তৈরির মতো একটি সিরিজ সম্পূর্ণ করে মাসে ৪ হাজার মার্কিন ডলার পর্যন্ত আর্থিক পুরস্কার পেতে পারবেন। চ্যালেঞ্জ ফিচারটি এই মুহূর্তে শুধু ইনভাইটেশনের মাধ্যমে পাওয়া যাচ্ছে।

এছাড়া ফেসবুক পেজে টাকার বিনিময়ে ইভেন্ট পরিচালনা করতে পারবেন। ইভেন্ট ফিচারটির মাধ্যমে পেজ দিয়ে ইভেন্টের সময়সূচি তৈরি, সেটি সাজানো এবং তা চালাতে পারবেন। এজন্য ফেসবুক পেজে পেইড অনলাইন ইভেন্টসের ফিচারটি চালু করুন। নতুন ইভেন্ট তৈরির জন্য ইভেন্ট ট্যাবে ক্লিক করুন। সেখানে পেইড অপশনটি সিলেক্ট করে ইভেন্ট, মূল্য এবং যদি কোনো সহ-হোস্ট থাকে তার সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পূরণ করুন।

ফলোয়ারদের অনলাইন স্টোরে নিয়ে যাওয়াঃ সোশ্যাল কমার্স ফিচারটির মাধ্যমে ফেসবুক পেজ থেকে ক্রেতাদের সরাসরি অনলাইন স্টোরে নিয়ে যেতে পারবেন। যেসব ব্র্যান্ডের এরই মধ্যে ফেসবুকে একটি ছোট ব্যবসা রয়েছে তাদের জন্য এটি একটি দুর্দান্ত উপায়। যা স্ক্রল করে বেড়ানো ব্যবহারকারীদের বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে পণ্যটি কেনার জন্য উদ্বুদ্ধ করতে পারে। এজন্য ফেসবুক পেজের ক্যাটালগ ম্যানেজারে পণ্যের ক্যাটালগ যোগ করুন। তারপর একটি ছবি বা ভিডিও পোস্ট করলে প্রাসঙ্গিক পণ্যটির সঙ্গে তা লিংক করে দিন। লাইভস্ট্রিম চলাকালীনও পণ্য লিঙ্ক করতে পারবেন।


 

শাজাহানপুরে কলেজ ছাত্র আশিক হত্যার প্রতিবাদে মানববন্ধন

সাবিক ওমর সবুজ, বগুড়া প্রতিনিধি: বগুড়া শাজাহানপুরে কলেজ ছাত্র আশিক হত্যার প্রতিবাদে আজ রবিবার সকাল ১১.০০ ঘটিকায় উপজেলার সামনে মানববন্ধন করেন। উক্ত মানববন্ধনে অংশ গ্রহণ করেন আশিকের আত্মীয়স্বজন, বিদ্যালয়ের বন্ধুসহ এলাকাবাসী।

আশিকের বাবা বলেন,আমার সন্তানকে যারা হত্যা করেছে,তাদেরকে দ্রুত সময়ের মধ্যে বিচারে সম্পূর্ণ করতে হবে। আমাদের একাটাই দাবি, খুনিদের ফাঁসি চাই। আমার মতো যেন কাউকে আর সন্তান হারাতে না হয়, এজন্য তাদের ফাঁসি দিত হবে।

তার বাবা ছাড়াও পরিবারের লোকজন ও তার বন্ধুরা ফাঁসির দাবিতে বক্তৃতা দেন।

উল্লেখ্য, নিহত শাহরিয়ার ইসলাম রিয়াজ (আশিক) আসামী কাউছারকে একটি কাজ করে দেয়ার বিনিময়ে মাত্র ৪০০ টাকা প্রদান করে। কিন্তু আসামী কাউছার কাজটি না করলে আসামীর কাছে উক্ত টাকা ফেরত চায়। কিন্তু আসামী কাউছার উক্ত টাকা আসামী মাহমুদুলের নিকট রাখে। আসামী মাহমুদুল উক্ত টাকা খরচ করে ফেলে। আসামী কাউছার টাকা দিতে তালবাহানা করে এবং ভিকটিম তার এক কথিত এলাকার বড় ভাইকে দিয়ে আসামী কাউছার ও সাহানকে টাকাটা ফেরত দেয়ার চাপ সৃষ্টি করলে আসামীরা অপমানিত বোধ করে। এছাড়াও হত্যাকান্ডের দুইদিন পূর্বে উক্ত টাকা চাওয়া কে কেন্দ্র করে নিহত আশিক ও আসামী কাউছারকে মারধর করার উপক্রম পরিবেশ তৈরী করে। এসব কারনে তারা রাগান্বিত হয়ে অন্যান্য আসামীদের সাথে পরামর্শ করে হত্যার পরিকল্পনা করে।