তুরস্ক-সিরিয়া ভূমিকম্প: নিহতের সংখ্যা ছাড়ালো ২৯ হাজারে

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৯ হাজার ছাড়িয়েছে বলে আজ রোরবার (১২ ফেব্রুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা থেকে এখন পর্যন্ত ২৯ হাজার ১১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তুরস্কের ২৪ হাজার ৬১৭ এবং সিরিয়ায় ৪ হাজার ৫০০ জন।

জাতিসংঘ বলছে, ভূমিকম্পের পরে সিরিয়ায় ৫৩ লাখ মানুষ গৃহহীন হতে পারে। তুরস্ক ও সিরিয়ায় প্রায় ৯ লাখ মানুষের জন্য জরুরি খাবারের প্রয়োজন।ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবে, তাদের বেঁচে থাকাটা ক্ষীণ। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

উল্লেখ্য, স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

রাণীশংকৈলে আওয়ামী লীগের আয়োজনে শান্তি সমাবেশ অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির কর্মসূচির অংশ হিসেবে দেশব্যাপি বিএনপি-জামায়াতের সন্ত্রাস, নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক অপরাজনীতির প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে উপজেলা আ’লীগের নির্দেশে গতকাল শনিবার ১১ ফেব্রুয়ারি বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পৌরসভাসহ প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এরই অংশ হিসাবে উপজেলার ধর্মগড় ইউনিয়ন আ.লীগের শান্তি সমাবেশ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন ওই ইউনিয়ন আ.লীগ সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ সভাপতি অধ্যাপক সইদুল হক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও উপজেলা পরিষদ ভাইসচেয়ারম্যান সোহেল রানা, উপজেলা আ.লীগ উপদেষ্টা আব্বাস আলী, আ.লীগ সদস্য মোকসেদ আলী ও তারেক আজীজ, মৎসজীবী লীগের আহবায়ক মাহবুব আলম।

এছাড়াও রাণীশংকৈল ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মো. সাদিদ হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও ইউপি সদস্য কাবুল হোসেন, ইউনিয়ন আ.লীগ নেতা মোজাম্মেল হকসহ ইউনিয়ন আ.লীগ ও তার বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মিরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি-জামায়াত যতই শক্তিশালী হোক না কেন দেশে কোনো সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সেটাকে প্রতিহত করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দিয়েছিলেন এ দেশের স্বাধীনতা। আর শেখ হাসিনা দিয়েছেন এ দেশের অর্থনৈতিক মুক্তি। যেকোনো পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ তার অঙ্গসংগঠনের নেতাকর্মিদের নিয়ে মাঠে থাকবে। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিয়ন আ.লীগ সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল।

ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্দ্যোগে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫ টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের বালারহাট বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিল বালারহাট বাজার প্রদক্ষিণ শেষে নেতাকর্মীরা দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশে মিলিত হয়। নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাছেন আলীর সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠুর সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব রুহুল আমীন দুলাল।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

এ সময় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক গোলাম মওদুদ সুজন, সদস্য মাহবুবা বেগম, নাওডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বন্ধন বক্তব্য রাখেন।

ডিবিএন/এসডিআর/মোঃ মোস্তাফিজুর রহমান

চা উৎপাদনে ১০০ মিলিয়ন কেজির বেশি লক্ষ্যমাত্রা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মো. আশরাফুল ইসলাম বলেছেন, ২০২৩ সালে চা উৎপাদনে লক্ষ্যমাত্রা ১০০ মিলিয়ন কেজির বেশি ধরা হয়েছে। ১০০ মিলিয়ন কেজির বেশি করতে পারলে আমাদের অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি বলেন, ২০২২ সালের লক্ষ্যমাত্রাও ছিলো ১০০ মিলিয়ন কেজি। তবে একটু কম হয়েছে। শ্রমিকদের আন্দোলন কর্মবিরতির কারণে এমনটি হয়েছে।

চা বোর্ডের চেয়ারম্যান আরও বলেন, ২০২৫ সালের মধ্যে দেশে ১৪০ মিলিয়ন কেজি চা উৎপাদনের পরিকল্পনা করেছে সরকার। এর মধ্যে ১৩০ মিলিয়ন কেজি চা দিয়ে দেশের চাহিদা পূরণ করা এবং বাকি ১০ মিলিয়ন কেজি চা বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে। যা দেশের অর্থনীতিতে দারুণ সুফল বয়ে আনবে।

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ বিটিআরআই এ বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ৫৭ তম বিটিআরআই বার্ষিক কোর্স-২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

চা গবেষণা ইনস্টিটিউট পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে এবং বৈজ্ঞানিক কর্মকর্তা ফারজানা জাহান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক ড. একেএম রফিকুল হক, বাংলাদেশীয় চা সংসদের চেয়ারম্যান এম শাহ আলম ও সিলেট সার্কেল-এর ব্রাঞ্চ চেয়ারম্যান গোলাম মোহাম্মদ শিবলী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল খায়ের গ্রুপের প্রধান নির্বাহী (অবসরপ্রাপ্ত) বিগ্রেডিয়ার জেনারেল শহিদুল্লাহ, রুপসী বাংলা বোর্কাসের পরিচালক সৈয়দ মনীর, জেরিন চা বাগানের উপ-ব্যবস্থাপক মো. সেলিম রেজা, মাইজ ডিহিডানকান চা বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. জাকারিয়া প্রমুখ।

বার্ষিক প্রশিক্ষণে অংশ নিতে আসা দেশের বিভিন্ন প্রান্তের ৩৫ জন ব্যবস্থাপক এই কোর্সে প্রশিক্ষণ নেন।

অলৌকিকভাবে বেঁচে থাকা শিশুকে জীবিত উদ্ধার (ভিডিও)

তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের ভূমিকম্পের ১২৮ ঘণ্টার পর তুরস্কের দক্ষিণাঞ্চলীয় হাতায়ে প্রদেশে ধ্বংসস্তূপের নিচ থেকে অলৌকিকভাবে বেঁচে থাকা দুই মাস বয়সি এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। খবরঃ এনডিটিভির 

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এনডিটিভির ওই প্রতিবেদনে বলা হয়, দুই মাস বয়সি ওই শিশুকে উদ্ধারের সময় হাততালি ও উল্লাসে ফেটে পড়েন উপস্থিত উদ্ধারকর্মী ও প্রত্যক্ষদর্শীরা।

✪ ✪ ✪ অলৌকিকভাবে বেঁচে শিশুটির বেঁচে যাওয়ার ভিডিওটি দেখতে ক্লিক করুন✪ ✪ ✪

এর আগে, ভূমিকম্পের পঞ্চম দিনেও বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়। এর মধ্যে দুই বছর বয়সী শিশু, ছয় মাসের অন্তঃসত্ত্বা এবং একজন ৭০ বছর বয়সী নারী রয়েছেন।

এদিকে ভয়াবহ এই ভূমিকম্পে এখনও বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছেন। তবে, তাদের বেঁচে থাকাটা ক্ষীণ। তারপরও উদ্ধারকারীরা জীবিতদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অলৌকিকভাবে বেঁচে থাকাদের সন্ধানও পাচ্ছেন তারা।

উল্লেখ্য,  স্থানীয় সময় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরের দিকে সিরিয়া এবং তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর কিছুক্ষণ পর ফের ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি ভূমিকম্প এবং পরে আরও অনেকগুলো আফটারশক হয়।

ঠাকুরগাঁওয়ে প্রতিমা ভাঙচুরে ঘটনায় উদীচী’র প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে ১২টি মন্দিরে ১৪টি প্রতিমা ভাঙচুরের ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে ঠাকুরগাঁও জেলা শহরে প্রতিবাদী সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার (১১ ফেব্রুয়ারি) শহরের চৌরাস্তা মোড়ে এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী ঠাকুরগাঁও জেলা সংসদ।

উদীচী ঠাকুরগাঁও জেলা সংসদের সহ-সভাপতি অমল টিক্কুর সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা সংসদের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক রিজু, সহ সভাপতি এমএস আহমেদ রাজু, সুচরিতা দেবসহ জেলা সিপিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড আহছানুল হাবিব বাবু, সদর উপজেলা সভাপতি কমরেড চৌধুরী আনোয়ার হোসেন, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আবু বক্কর সিদ্দিক প্রমূখ।

বক্তারা বলেন, শান্তি ও সম্প্রীতির এই জনপদকে যারা অশান্ত করতে এই হীন তৎপরতা চালিয়েছে তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।

সমাবেশে গণসঙ্গীত পরিবেশন করেন গণসঙ্গীত শিল্পী সুচরিতা দেব, জ্যোতিষ চন্দ্র বর্মন, বাউল শিল্পী বাবুল হোসেন। আবৃত্তি পরিবেশন করেন বাচিক শিল্পী রফিকুল ইসলাম রাফি ও ননী গোপাল বর্মন।

মঙ্গলবার থেকে তাপমাত্রা হ্রাসের আভাস

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: আজ রবিবার ও কাল সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে পরবর্তী ৩ দিন পর থেকে তাপপাত্রা ফের হ্রাস হতে পারে বলে জানিয়েছে অধিদপ্তর।

শনিবার আবাহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সেই সাথে আজ রোববার ও আগামীকাল সোমবার শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘনকুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেডর্ক করা হয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ও শুক্রবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩১ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।

পুলিশি ব্যারিকেট ভেঙে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র পদযাত্রা কর্মসূচি পালন

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি: গণতন্ত্র পুনরুদ্ধার,ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও নেতাকর্মীদের মুক্তি সহ ১০ দফা দাবীতে পুলিশি ব্যারিকেট ভেঙে ইউনিয়ন পদযাত্রা কর্মসূচি পালন করেছে নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপি। বিকাল ৪ টায় উপজেলার বালারহাট বাজার থেকে নেতাকর্মীদের পদযাত্রা নাওডাঙ্গা স্কুল অ্যান্ড কলেজ অভিমুখে রওয়ানা হলে পুলিশ ব্যারিকেট দেয়।

পরে নেতাকর্মীরা পুলিশের ব্যারিকেট ভেঙে নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজ অভিমুখে পদযাত্রা করেন। পরে প্রায় তিন কিলোমিটার রাস্তা প্রদক্ষিণ শেষে বালারহাট অটোস্ট্যান্ডে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নাওডাঙ্গা ইউনিয়ন  বিএনপির সভাপতি মজিবর রহমান মজির সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, এসময় নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, যুবদলের সাবেক সভাপতি এরশাদুল হক দুলু, বর্তমান সভাপতি মোশাররফ হোসেন লুলু, সা: সম্পাদক আয়নাল হক, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাহফুজার রহমান মাসুম, বর্তমান আহব্বায়ক রেজাউল ইসলাম রেজা, নাওডাঙ্গা ইউনিয়ন ছাত্রদল সভাপতি আশরাফুল হক, সা: সম্পাদক সোহেল রানা বক্তব্য রাখেন।

বক্তারা অবিলম্বে খালেদা জিয়াসহ সকল নেতাকর্মীর মুক্তি এবং ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ দাবী করেন।

চিলাহাটিতে বিএনপির পদযাত্রা

মোঃ রাকিবুল হাসান, নীলফামারী, ডোমার প্রতিনিধি: সরকারের পদত্যাগ, বিরোধীদলীয় নেতাকর্মীদের মুক্তি, গুমের শিকার সব নাগরিককে উদ্ধার, অন্তর্বর্তীকালীন সরকারের দাবিসহ ১০ দফা দাবিতে পদযাত্রা করেছে নীলফামারী, ডোমারে চিলাহাটি বিএনপি। শনিবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই দাবিগুলো মেনে একটি পদযাত্রা বের করে।

চিলাহাটির বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পদযাত্রা শেষে চিলাহাটি চৌরাস্তায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা বিএনপির সভাপতি ও ভোগডাবুড়ী ইউপি চেয়ারম্যান রেয়াজুল ইসলাম কালু, ইউপি সদস্য এবং বিএনপি নেতা আব্দুর রউফ। এছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

লুটপাট শুরু হয়েছে তুরস্কের বাড়ি-ঘর ও শপিংমলে

আন্তর্জাতিক ডেস্কঃ ভয়াবহ ভূমিকম্পে তুরস্কে মানবিক বিপর্যয় সৃষ্টি হয়েছে। এরই মধ্যে আবার লুটপাট শুরু হয়েছে বাড়ি-ঘর এবং শপিংমলে। এ ঘটনায় জব্দ করা হয়েছে বেশ কয়েকটি বন্দুক।

তুরস্কের ঐতিহাসিক শহর আন্তাকিয়ার পুরাতন বাজারের গলিতে এক মুদির দোকান থেকে মালামাল লুট করে নিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। এ সময় ওই দোকানদার লুট করে মালামাল নিয়ে যাওয়া ব্যক্তিকে লোহার বার দিয়ে তাড়া করেন।

ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতির মধ্যে লুটপাটকারীরা বাড়ি ঘর এবং শপিংমলের দরজা জানালা ভেঙে যা পাচ্ছে নিয়ে যাচ্ছেন। তারা মূলত ভূমিকম্পের ভয়াবহ পরিস্থিতি কাজে লাগিয়ে এ কাজ করছে।

তুরস্কের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হাতায়ে পরিস্থিতি খুবই খারাপ। সেখানে লুটপাটের ঘটনায় গোলাগুলিও হয়েছে। পুলিশ ৪২ জনকে গ্রেপ্তার করেছে। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কাছ থেকে ব্যাংক নোট, গহনা, কম্পিউটার, মোবাইল ফোন এবং বন্দুক উদ্ধার করা হয়েছে।

পরিস্থিতি এমন অবস্থায় গিয়ে দাঁড়িয়েছে অনেকে দোকান থেকে শিশু খাদ্য লুট করে নিয়ে যাচ্ছে।

স্থানীয়রা জানিয়েছেন, অনেকে আমাদের ঘর বাড়িতে ঢুকে সামনে যা পাচ্ছে নিয়ে যাচ্ছে। এমনকি লুটপাটের হাত থেকে আমাদের গাড়িও রক্ষা পাচ্ছে না।

গত সোমবারের ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা ২৮ হাজার ছাড়িয়ে গেছে। নিহতের সংখ্যা ৫০ হাজারেরও বেশি হতে পারে মনে করছেন জাতিসংঘের জরুরি ত্রাণবিষয়ক সমন্বয়কারী মার্টিন গ্রিফিথস।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলেছে, তীব্র শীত ও তুষারপাতের কারণে ‘পরিস্থিতি ক্রমেই নাজুক ও ভয়ঙ্কর’ হয়ে উঠতে থাকায় জীবিতদের মধ্যে যারা গৃহহীন ও আশ্রয়হীন অবস্থায় আছেন তারা দ্বিতীয় আরেকটি বিপর্যয়ের মুখোমুখি হতে পারেন।

ডব্লিউএইচও’র ব্যবস্থাপক রবার্ট হোল্ডেন বলেছেন, বহু মানুষ গৃহহীন হয়ে খোলা আকাশের নিচে ভয়াবহ অবস্থায় বসবাস করছে। আশ্রয়, পানি, জ্বালানি ও বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন তারা। এ পরিস্থিতি আরেকটি বিপর্যয় ডেকে আনবে, যা ভূমিকম্পের চেয়েও আরও বেশি মানুষের ক্ষতি করবে।