দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন মো. সাহাবুদ্দিন চুপ্পু

জাতীয় ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি হচ্ছেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ এবং দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক কমিশনার মো. সাহাবুদ্দিন আহমদ চুপ্পু। আজ রোববার (১২ ফেব্রুয়ারি) সকালে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিন আহমদ চুপ্পু’র মনোনয়নপত্র জমা দেন।

এদিকে, আজ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। এ সময়ে যদি আর কোনো মনোনয়ন জমা না পড়ে, তাহলে মো. সাহাবুদ্দিন চুপ্পুই হচ্ছেন ২২তম রাষ্ট্রপতি। যদিও নিয়ম অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে মনোনয়নপত্র যাচাই-বাছাই হওয়ার কথা এবং ১৪ ফেব্রুয়ারি বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

সংবিধান অনুয়াযী, রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে ৫ বছরের জন্য পদে অধিষ্ঠিত থাকেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। দেশের সংবিধান অনুযায়ী, তার আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। এ কারণে নতুন কাউকে দেখা যাবে তার জায়গায়। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত ১৭ জন রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন। এই নির্বাচনের মাধ্যমে ১৮তম ব্যক্তি হিসেবে মো. সাহাবুদ্দিন আহমদ চুপ্পু দেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেবেন।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, আগামী ২৩ এপ্রিলের মধ্যেই ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন আহমদ চুপ্পু। বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হচ্ছে ২৩ এপ্রিল।

মো. সাহাবুদ্দিন চপ্পুর ১৯৪৯ সালে পাবনায় জন্মগ্রহণ করেন। তিনি ছাত্রজীবনে পাবনা জেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন ২২তম রাষ্ট্রপতি হতে চলা মো. সাহাবুদ্দিন চপ্পু। এরপর ১৯৮২ সালে বিসিএস (বিচার) ক্যাডার হিসেবে যোগ দেন। বিচারকের বিভিন্ন পদে চাকরি শেষে ২৫ বছর পর ২০০৬ সালে জেলা ও দায়রা জজ হিসেবে অবসর নেন। ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মো. সাহাবুদ্দিন দুর্নীতি দমন কমিশনের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

 

রাজনগরে জোড়া খুন মামলায় গ্রেপ্তার ১

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে আলোচিত জোড়া খুন মামলার এক জনকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশের অফিসার ইনচার্জের নির্দেশে এসআই (নিরস্ত্র) সওকত মাসুদ ভূইয়া, এসআই (নিঃ) সুলেমান আহমদ, এসআই (নিঃ) মোঃ সুলতানর রহমানসহ অন্যান্য অফিসার ফোর্সের সহায়তায় শনিবার (১১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৪ টার সময় রাজনগর থানাধীন সুনামপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এক শ্বাসরুদ্ধকর অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে রাজনগর থানার আলোচিত হত্যা মামলার এজাহারভুক্ত ৭নং পলাতক আসামি উপজেলার সুনামপুর এলাকার প্রমুদ দেবনাথ এর ছেলে পরিতোষ দেবনাথ (৩০)’কে গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাজনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) বিমান ভূষণ রায় বলেন, আলোচিত জোড়া খুন মামলার গ্রেপ্তারকৃত এক আসামীকে সকালে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

রিখটার স্কেলে ৮ মাত্রার বেশি ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

রিখটার স্কেলে ৮ মাত্রার বেশি ভূমিকম্পের ঝুঁকিতে আছে বাংলাদেশ। ভূতত্ত্ব বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশসহ ভারত ও মিয়ানমারের কিছু অংশজুড়ে সুবিশাল চ্যুতি বা ফল্ট থাকায় যেকোনো মুহূর্তে ভূমিকম্প হতে পারে। এতে সিলেট ও চট্টগ্রাম ছাড়াও সব থেকে বড় বিপর্যয়ের মুখে পড়বে রাজধানী ঢাকা।

ভূতত্ত্ব বিশেষজ্ঞদের তথ্যমতে, ভারত, বার্মা ও ইউরেশিয়ান তিনটি গতিশীল প্লেটের সংযোগ স্থলে বাংলাদেশের অবস্থান। বিগত কয়েকশ বছরের ইতিহাসে এ অঞ্চলের বেশ কয়েকটি ভূমিকম্প হয়েছে। কিন্তু এরমধ্যে চট্টগ্রাম থেকে সিলেট পর্যন্ত বিগত ৪০০ থেকে হাজার বছরে কোন বড় ধরনের ভূমিকম্প না ঘটায় এসব স্থানে শক্তি জমা হয়ে আছে। যার ফলে সব থেকে বেশি ঝুঁকিতে আছে সিলেট ও চট্টগ্রাম বিভাগ। এরপর মাঝারি ঝুঁকিতে রাজশাহী ও ঢাকা বিভাগ। আর কম ঝুঁকিতে দক্ষিণাঞ্চলের খুলনা ও বরিশাল বিভাগ।

ভূতত্ত্ব বিশেষজ্ঞ ড. সৈয়দ হুমায়ুন আখতার বলছেন, সিলেট থেকে কক্সবাজার পর্যন্ত ৮ মাত্রার বেশি ভূমিকম্প সৃষ্টি হওয়া মতো শক্তি জমা হয়ে আছে। যেকোনো সময় সে শক্তি বের হয়ে আসতে পারে। এই শক্তি একবারে বের হতে পারে, আবার ধাপে ধাপেও বের হতে পারে। রাজধানী থেকে উৎপত্তিস্থান ডাউকি ফল্টের দূরত্ব ১৫০ এবং ভারত ও বার্মা প্লেটের সাবডাকশন জোনের দূরত্ব ৫০ কিলোমিটার হলেও ১৫ লাখ ভবনের নগরীতে ভয়াবহ প্রভাব পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পে যদি রাজধানীর এক শতাংশ বিল্ডিং ধ্বংসে পড়ে তাহলে ৩ লাখ মানুষ হতাহত হবেন। ধ্বংসস্তূপের নিচে আটকে থেকে আরও অনেকের মৃত্যু হবে।

এ অবস্থায় ভূমিকম্প সহনীয় নিরাপদ অবকাঠামো তৈরির পাশাপাশি নিয়মিত মহড়া ও সচেতনতা বাড়ানোর পরামর্শও দিয়েছেন এই বিশেষজ্ঞ।

আ.লীগ-বিএনপি সংঘর্ষঃ আহত ৯, দোকানসহ ১০টি মোটরসাইকেলে আগুন

সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজারে আওয়ামী লীগ-বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৯ জন। এছাড়া কয়েকটি দোকানসহ ১০টি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। সংঘর্ষ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, শনিবার সকাল ১১ টার দিকে আওয়ামীলীগের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলেন ওই স্থানীয় বাজারে।  এ সময় স্থানীয় বিএনপির প্রায় দেড়শতাধিক নেতাকর্মী তাদের উপর হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটায়। কয়েকটি দোকানসহ ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দেয়া হয়েছে এবং উভয়পক্ষের ৯ নেতাকর্মী আহত হয়েছে। তবে কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ বলেন, বিএনপি আওয়ামী লীগের উপর হামলা ও ১০টি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে।

এদিকে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে শনিবার বিকেল ৩টায় কাশিহাটা স্কুল মাঠে শান্তি সমাবেশের কথা ছিল। কিন্তু সংঘটিত হামলার ঘটনায় এ সমাবেশ স্থগিত করা হয়েছে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আব্দুর সবুর এ তথ্য নিশ্চিত করেছেন।

একই এলাকার সয়েদাবাদ ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা নবীদুল ইসলাম সাংবাদিকদের জানান, বিএনপির হামলার প্রতিবাদে বিকেলে কড্ডারমোড় এলাকায় প্রতিবাদ সমাবেশ ডাকা হয়েছে।

অপরদিকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু সাংবাদিকদের জানান, ওই ইউনিয়নে বিএনপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে বিঘ্ন সৃষ্টি করতেই আওয়ামী লীগ নেতাকর্মীরা পরিকল্পিত ভাবে এ হামলার ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে সিরাজগঞ্জ সদর থানার সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুড়িয়ে দেয়া মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়েছে। সেখানে আবারো সংঘর্ষের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে এবং সেইসাথে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

৪৮ বছরে পা দিলো ডিএমপি

ঢাকা মেট্রোপলিটান পুলিশ (ডিএমপি) ৪৮ বছরে পা দিয়েছে। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করবে ডিএমপি। এদিন বিকাল ৩টায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান কর্মসূচি।

“শান্তির শপথে বলিয়ান”- এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে রাজধানী ঢাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করে আসছে ডিএমপি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্বপ্রথম ঢাকা মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠার উদ্যোগ নেন। এরই ধারাবাহিকতায় ১৯৭৬ সালের ১লা ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয় পুলিশের এই সর্ববৃহৎ ইউনিট।

আজ বিকালের শোভাযাত্রায় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সব স্তরের পুলিশ সদস্য অংশগ্রহণ করবেন। থাকবেন ডিএমপির সুসজ্জিত অশ্বারোহী ও ব্যান্ড দল, সোয়াট, বোমা ডিসপোজালসহ অন্যান্য ইউনিটের সদস্যরা। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বিকাল ৪টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটবেন। রাজারবাগ পুলিশ লাইন্স অডিটোরিয়ামে বিকাল ৪টা ১৫ মিনিটে ডিএমপির সার্বিক কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে। এরপর সন্ধ্যা ৬টায় একই ভেন্যুতে হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব আমিনুল ইসলাম ও পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এছাড়া ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশগ্রহণকারী জীবিত পুলিশ সদস্য ও আমন্ত্রিত অন্যান্য অতিথিরা।

এদিকে ডিএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, আইজিপি ও ডিএমপির কমিশনার পৃথক পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক নগরবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, বর্তমানে ডিএমপিতে ৫৭টি বিভাগ ও ৫০টি থানা রয়েছে। একজন পুলিশ কমিশনার, ৬ জন অতিরিক্তি পুলিশ কমিশনার, ১২ জন যুগ্ম পুলিশ কমিশনার, ৫৭ জন উপ-পুলিশ কমিশনারসহ প্রায় ৩৪ হাজার পুলিশ সদস্য কর্মরত আছেন।

বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে শাকিব-অপু

বিনোদন ডেস্কঃ সাবেক স্বামী চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে সম্পর্কের বরফ ধীরে ধীরে গলছে বলে জানালেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শাকিব খানের পরিবারের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন অপু। বিচ্ছেদ ভুলে আবার এক ছাদের নিচে আসছেন কি না এ জুটি সে বিষয় নিয়েও কথা বলেন তিনি।

অপু বিশ্বাস একসাথে থাকার ব্যাপারে বলেন, ‘সেটা এখন বলব না, সময় বলে দেবে। আগে কী করছে না করছে, সেটা আমি জানি না, শাকিবের এখন অনেক পরিবর্তন লক্ষ করেছি। সন্তান, পরিবার-পরিজনের প্রতি দারুণ আবেগ কাজ করে তার। শাকিব একজন ভালো মনের মানুষ।’

শাকিব খানের সঙ্গে এখন প্রায়ই তাঁর কথাবার্তা হয়। ব্যক্তিগত ব্যাপারের পাশাপাশি কাজ নিয়েও পরামর্শ পান তাঁর কাছে।

অপু বলেন, ‘আমরা দুজন মিলেই জয়কে স্কুল থেকে আনা-নেওয়া করি। কখনো আমি রেখে আসি, শাকিব নিয়ে আসে। শাকিব রেখে আসে, আমি নিয়ে আসি। তা ছাড়া শাকিব আমার ব্যক্তিগত ব্যাপার বা মিডিয়াতে কাজের ব্যাপারেও মাঝেমধ্যে পরামর্শ দেয়।’

ভালোবেসে বিয়ের পর ঢালিউডের আলোচিত জুটির সংসারে পুত্রসন্তান আব্রাহাম খান জয় আসে, ছেলের বয়স যখন দুই বছর তখন বিচ্ছেদের পথে হাঁটেন শাকিব ও অপু। সম্পর্কের টানাপোড়েনের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ করেন তাঁরা। বিচ্ছেদের ছয় বছরের মাথায় অপু বিশ্বাসের উপলব্ধি হয়েছে, আবেগের বশবর্তী হয়ে সেসব বলেছিলেন। তিনি তাঁদের কাছে ক্ষমা চান।

আব্রাহাম খান জয় বেশির ভাগ সময়ই শাকিব খানের গুলশানের বাসায় দাদা-দাদির কাছে থাকে। সেই সুবাদে অপু বিশ্বাসের শাকিবের বাসায় যাতায়াত বেড়েছে। অপু বিশ্বাস বলেন, ‘আমার তো মা-বাবা নেই। শ্বশুর-শাশুড়িই এখন আমার মা-বাবা। তো বাবা-মায়ের বাসায় যাব না কেন? প্রায়ই যাওয়া হয় সেখানে। তাঁরা আমাকে একেবারেই মেয়ের আদরে দেখেন। আমাকে খুব ভালোবাসেন তাঁরা। আমার মা মারা যাওয়ার পর কাছের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকার বিষয়টি আমি নিজ থেকে বেশি অনুভব করেছি। এতে তাঁদের সঙ্গে সম্পর্কটা আরও গাঢ় হয়েছে আমার।’

উল্লেখ্য, অপু বিশ্বাসের প্রযোজনা সংস্থা অপু-জয় চলচ্চিত্রে প্রথম প্রযোজনা ‘লাল শাড়ি’ ছবির শুটিং শেষ হয়েছে। অনুদানের এই ছবিতে অপু বিশ্বাসের সঙ্গে জুটি বেঁধেছেন সাইমন সাদিক।

ফুলবাড়ীতে আওয়ামী লীগের শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিএনপি জামায়াত জোটের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি ও সম্প্রীতি সমাবেশ করেছে ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগ।

আজ সকাল সাড়ে ১১ টায় ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ন সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দেলোয়ার হোসেন সাংগঠনিক সম্পাদক খন্দকার মিজানুর রহমান মিঠু, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল, সাধারণ সম্পাদক মুসাব্বির রহমান হ্যাভেন বক্তব্য রাখেন।

আগামী ১০ মার্চ মেডিকেল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা

শিক্ষা ডেস্কঃ ২০২২-২৩ শিক্ষাবর্ষের দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের প্রথম বর্ষের ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ১০ মার্চ সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে ভর্তির আবেদন শুরু হবে। এ আবেদন ২৩ ফেব্রুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এ ছাড়া ৬ ও ৭ মার্চ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র (অনলাইন থেকে ডাউনলোড) সংগ্রহ করতে পারবেন মেডিকেল ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

এসএসসি ও এইচএসসি মিলিয়ে জিপিএ-৯ প্রাপ্ত শিক্ষার্থীরা মেডিকেলে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। সরকারি-বেসরকারি সব মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করা হবে। এবারও আসন সংখ্যা, ভর্তি প্রক্রিয়া আগের বছরের মতোই রয়েছে।

এমবিবিএস ভর্তির জন্য ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের ওয়েবসাইট, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট এবং স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে পাওয়া যাবে।

জানা গেছে, দেশের ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ৪ হাজার ৩৫০টি আসন রয়েছে। গত বছর ১ এপ্রিল মেডিকেল ভর্তি পরীক্ষা হয়, পরে ৫ এপ্রিল ফল প্রকাশ হয়। এর আগে, এক লাখ ৪৩ হাজার ৭৩০ জন মেডিকেলে ভর্তির জন্য আবেদন করেছিলেন, যা ছিল অতীতের যেকোনো সময়ের তুলনায় রেকর্ড। প্রতি আসনের বিপরীতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৩৩ জন।

এইচএসসিতে ফলাফল ভালো, তবুও মেধাবী দেলোয়ারের ভর্তিতে অনিশ্চিয়তা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: হতদরিদ্র বাবা-মায়ের সাথে জরাজীর্ণ ঘরের সামনে মেধাবী ছাত্র দেলোয়ার হোসাইন দাঁড়িয়ে। শুধুমাত্র অর্থাভাবে এক রিক্সাচালক ও প্রতিবন্ধী দম্পতির মেধাবী ছেলের ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে। মেধাবী এ শিক্ষার্থীর নাম দেলোয়ার হোসেন। দেলোয়ার মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউপির রঘুনাথপুর গ্রামের রিক্সাচালক কনু মিয়া ও শারীরিক প্রতিবন্ধী দিলারা বেগমের একমাত্র ছেলে সন্তান। দেলোয়ার এবারের এইচএসসি পরীক্ষায় শ্রীমঙ্গল সরকারি কলেজ থেকে ব্যানিজ্য শাখা থেকে ৪.০৮ পেয়েছে।

দেলোয়ার হোসেন এর বাবা কনু মিয়া রিক্সাচালিয়ে ও শারীরিক প্রতিবন্ধী মা আর ছোট বোনকে নিয়ে খেয়ে না খেয়ে কোনভাবে জীবন নামের গাড়ি চালিয়ে যাচ্ছন। ছোট বোন ফারজানা আক্তার ৯ম শ্রেণিতে পড়ালেখা করছে। তাদের থাকার জন্য নিজের কোন বসতঘর নেই। মামার ঘরে থেকেই চলছে সংসার জীবন-যাপন। দেলোয়ার শ্রীমঙ্গল শহরে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে একটি দোকানে অস্থায়ীভাবে কর্মচারী হিসেবে কাজ করে কোন রকম এইচএসএসি পরীক্ষা দিয়েছে। শারীরিক প্রতিবন্ধী মা দিলারা বেগমও অর্থাভাবে চিকিৎসা করতে পারছেন না নিজের। এমন সঙ্কটে স্বপ্ন পূরণের পথে বাঁধা অর্থের অভাবে অনিশ্চিত হয়ে পড়েছে মেধাবী দেলোয়ারের পড়াশোনা তার থেকে বড় ভর্তি হওয়া। এইচএসসি’তে ভালো ফলাফল হলেও অনার্সের জন্য ভর্তি হতে পারবে কি না তা নিশ্চিত নয়। টাকার ব্যবস্থা না হলে হয়তো এখানেই থেমে যাবে দেলোয়ারের স্বপ্ন পূরণের আশা।

কমলগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামে অদম্য মেধাবী দেলোয়ার হোসেন এর বাড়িতে গিয়ে দেখা যায়, তার বাবা কনু মিয়া রিক্সা নিয়ে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। একমাত্র ছেলে এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফলে করে উত্তীর্ণ হওয়ায় চোঁখে মুখে হাঁসি থাকলেও দুঃশ্চিন্তায় পড়েছেন ছেলের ভর্তির টাকা নিয়ে। কিভাবে জোগার করবেন ছেলের ভর্তির টাকা। নিজের ভিটে-বাড়ি, জমিজমাও নাই যে বিক্রি করবেন।

বাবা কনু মিয়া জানায়, ছেলেটা ছোট থেকেই মেধাবী খুব ভালো পড়ালেখায়। যার কারণে ওর লেখাপড়ায় কোন ভাটা পড়ুক তা চাইনি কোনদিন। কষ্ট করেই পড়িয়ে যাচ্ছি। এখন যে কিভাবে তার ভর্তির টাকা জোগাড় করবো কোন কূল-কিনারা পাচ্ছি না। যদি কেউ সহযোগিতায় আসতেন, তাহলে ছেলেটার স্বপ্ন পূরণ হতো।

মেধাবী দেলোয়ার জানায়, “ছোটবেলা থেকে পুলিশ অফিসার হবে এই সপ্ন ছেলেটার। স্বপ্ন পূরণের আশায় একবুক আশা নিয়ে লালন করে নানান বাঁধা বিপত্তি পেরিয়ে এসেছি। আমার খুবই ইচ্ছে পুলিশ অফিসার হব। কঠিন দারিদ্রতার মধ্য দিয়েই আমার বেড়ে উঠা। এইচএসসিতে জিপিএ ৪.০৮ অর্জন করি। এসএসসি পাস করার প্রতিদিন বাড়ি থেকে ৩০ কিলোমিটার দুরে কলেজে যেতে লাগতো বেশ গাড়ি ভাড়া। মেসে থাকার সামর্থ্য না থাকায় এক আত্মীয়ের বাসায় তাদের সন্তানদের প্রাইভেট পড়িয়ে কলেজে ক্লাস করতাম। সেখান থেকেই শ্রীমঙ্গল শহরে কম্পিউটার প্রশিক্ষণ নিয়ে একটি কম্পিউটারের দোকানে পার্ট টাইম কাজ করে কোন রকমে কলেজের বেতন যোগাড় করেছি।

দেলোয়ার হোসেন বলেন, এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর দুইবার পুলিশ কনস্টেবল পদে পরীক্ষা দেই। কিন্তু প্র্যাকটিকেল সব পরীক্ষায় উত্তীর্ণ হলেও চাকুরী হয়নি। এখান থেকেই স্বপ্ন তৈরি হয় পুলিশ বিভাগে কাজ করার। সেবার মানসিকতা নিয়েই বাংলাদেশ পুলিশ বিভাগে কাজ করতে চাই। এখন উচ্চ শিক্ষার জন্য ভর্তির টাকার সংকটে রয়েছে, জানি না টাকা কিভাবে জোগাড় হবে?

দেলোয়ার হোসেনের মা দিলারা বেগম বলেন, ছেলেটাকে তেমন কিছু দিতে পারিনি। আমি দীর্ঘ ৭/৮ বছর যাবত পঙ্গু হয়ে পড়েছি। দৈনিক ৪/৫শত টাকার ঔষধ লাগে। স্বামী রিক্সা চালিয়ে যা পান তা দিয়ে আমাদের আর চলে না। তাই ছেলেটাকে ভালো কিছু দিতে পারি না। এখন তাকে ভর্তি হতে অনেক টাকা দরকার। কিভাবে টাকা জোগাড় করবো জানি না। তাই তিনি সমাজের বিত্তবান ও সরকারের কাছে ছেলের সাহায্য-সহযোগিতা কামনা করছেন। অনেক মেধাবী ছাত্র হওয়া সত্বেও তার স্বপ্ন বাস্তবায়নের যুদ্ধে হয়তো পরাজিত হতে পারে বলে জানান দেলোয়ারের মা।

ভরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সদস্য আলমগীর হোসেন জানান, ছেলেটা এতো মেধাবী যে বাড়িতে তার লেখাপড়ার মতো পরিবেশ নাই। তারপরেও আমার বাড়িতে এনে দশম শ্রেণি পর্যন্ত লেখাপড়া করে। ছেলেটিকে সহযোগিতা করতে পারলে সে অনেক ভালো করবে ভবিষ্যতে।

স্থানীয় ইউপি সদস্য তাজুদ আলী বলেন, দেলোয়ার অদম্য মেধাবী ছেলে। আমি নিজেও একাধিকবার সাহায্য সহযোগিতা করেছি দেলোয়ারের পরিবারকে। এখন ভর্তিসহ লেখাপড়া চালিয়ে যেতে অনেক অর্থের প্রয়োজন। সমাজের বিত্তশালীদের তার পাশে দাঁড়ানোর অনুরোধ করেন তিনিও। একটু সহযোগিতা পারে এই পরিবারটির অন্ধকার থেকে আলোতে নিয়ে আসতে।

বিপিএলের টিকিটের দাম বাড়লো

স্পোর্টস ডেস্কঃ নকআউট পর্বে প্লে অফের প্রথম দুই ম্যাচের জন্য টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ শনিবার (১১ ফেব্রুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য দেন বিসিবি। যেখানে গ্রুপ পর্বের চেয়ে প্লে অফে সবগুলো ক্যাটাগরিতেই টিকেটের দাম সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ৫০০ টাকা বাড়ানো হয়েছে।

বিসিবি কর্তৃক নির্ধারিত নতুন মূল্য অনুসারে, দর্শকদের সর্বনিম্ন দামের টিকিট আগে যেখানে ২০০ টাকা ছিল, তা এখন কিনতে হবে ৩০০ টাকায়। এছাড়া সর্বোচ্চ দামের গ্র্যান্ড স্ট্যান্ড টিকিটের নতুন মূল্য ২০০০ টাকা, যা আগে ছিল ১৫০০ টাকা।

বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সেখানে সর্বনিম্ন ৩০০ টাকার টিকিটের মাধ্যমে ইস্টার্ন স্ট্যান্ডে এবং সর্বোচ্চ ২০০০ টাকার খরচায় খেলা দেখা যাবে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে। নর্থ ও সাউথ স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা এবং ক্লাব হাউজের জন্য খরচ করতে হবে ৮০০ টাকা। ১৫০০ টাকা ধরা হয়েছে ভিআইপি স্ট্যান্ডের টিকিট মূল্য।

বিপিএলের খেলা দেখতে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম ও শের-ই-বাংলা স্টেডিয়ামের এক নম্বর গেট সংলগ্ন কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন দর্শনার্থীরা। আজ ও কাল (রোববার) ম্যাচের দিন সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত টিকিট পাওয়া যাবে।

আগামীকাল রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুর দেড়টায় মিরপুরে এলিমিনেটর ম্যাচে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের বিপক্ষে লড়বে নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। একই ভেন্যুতে সন্ধ্যা সাড়ে ৬টায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স ও ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স।