ভূমিকম্পে এবার ইন্দোনেশিয়ায় ৪জন নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) আঘাত হেনেছে একটি মাঝারি ভূমিকম্প। রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত চারজন মারা গেছেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইন্দোনেশিয়ার পাপুয়া প্রদেশে এ ভূমিকম্প আঘাত হানে। এর কম্পনে পাপুয়ার জয়পুরায় অবস্থিত একটি ভাসমান রেস্তোরাঁ ধসে পড়ে। তখন রেস্তোরাঁটির ভেতর আটকা পড়েন চার নারী। পরবর্তীতে তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করেন উদ্ধারকারীরা।

এছাড়া ভূমিকম্পের আঘাতে জয়পুরার একটি শপিং মল ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় কয়েকজন আহতও হয়েছেন।

ইন্দোনেশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, স্থানীয় সময় দুপুর ১টা ২৮ মিনিটে ভূমিকম্প আঘাত হানে। জয়পুরা থেকে ১ কিলোমিটার দূরে মাটির ১০ কিলোমিটার গভীরে এটির উৎপত্তি হয়।

প্রশান্ত মহাসাগরের দেশ ইন্দোনেশিয়া ‘রিং অব ফায়ারের’ কাছে অবস্থিত। বিস্তৃত এ অঞ্চলটি অত্যন্ত ভূমিকম্পপ্রবণ। পুরো বিশ্বের মধ্যে এই অঞ্চলটিতেই আগ্নেয়গিরিতে সবচেয়ে বেশি অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটে।

এদিকে, তুরস্ক এবং সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার মাত্র তিনদিন পর ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনা ঘটল। ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় এখন পর্যন্ত ১৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, মৃতের সংখ্যা আরও বাড়বে।

হাকালুকি হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাকালুকি হাওর অন্যায় ভাবে পাখি নিধনে শিকারিদের কারণে পরিযায়ী পাখির সংখ্যা দিনকে দিন কমছে। যার কারণে হাকালুকি হাওরের জীববৈচিত্র্য এখন হুমকির মুখে।চলতি বছরের জানুয়ারির ২৮ ও ২৯ এ দুই দিনব্যাপী হাকালুকি হাওরে করা পাখি শুমারিতে উঠে এসেছে এই তথ্য। বন বিভাগ, বাংলাদেশ বার্ড ক্লাব ও ইন্টারন্যাশনাল ইউনিয়ণ ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) এর যৌথ উদ্যোগে এই শুমারি অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে, বাংলাদেশে ৭১৮টি প্রজাতির পাখির মধ্যে ৩৮৮ প্রজাতির পাখিই পরিযায়ী। যা শীতকালে পরিযায়ী হয়ে বিভিন্ন দেশ থেকে ছুটে আসে বাংলাদেশে। আশ্রয় হিসেবে বেঁচে নেয় হাকালুকি হাওরের মতো জলাশয়। প্রায় ১৮১ বর্গকিলোমিটার আয়তনের এ হাওরে রয়েছে ছোট-বড় ২৭৬টি বিল। পাখিশুমারিতে তাদের জরিপে হাকালুকিতে এ বছর এসেছে প্রায় ২৫ হাজার পাখি। যা বিগত বছর থেকে বহুলাংশে হ্রাস পেয়েছে। যা ২০২০ সালে ছিলো প্রায় ৪০ হাজার ১২৬ পাখি। মাত্র কয়েক বছর আগে দেশে ৫ থেকে ৬লাখ পরিযায়ী পাখি আসতো। এসব পাখির বেশিরভাগ মৌলভীবাজারে ও সিলেটের হাওরে অবস্থান করতে সাচ্ছন্দ্য বোধ করতো।

বাংলাদেশ বার্ড ক্লাব ও ইন্টারন্যাশনাল ইউনিয়ণ ফর কনজারভেশন অব ন্যাচার (আইইউসিএন) এর পর্যবেক্ষণে বলছে, গত ২০ বছরে সারা বাংলাদেশে পরিযায়ী পাখির সংখ্যা কমেছে ৩৫ শতাংশ। হাকালুকিতে কমেছে ৪৫ শতাংশ। ২০০০ সালের আগে হাওরে বিচরণ করতো প্রায় ৭৫-৮০ হাজার পাখি। তার ৮০ শতাংশই হাকালুকি হাওরে ছিলো। পরিযায়ী পাখির সংখ্যা কমে যাওয়ার কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন, হাওরের জীববৈচিত্র্য ধ্বংস, নদী দূষণ, জাল বিষ টোপ ও পটাশ দিয়ে পাখি শিকার। একসঙ্গে বেশ কয়েকটি বিলে মাছ আহরণ, বিল শুকিয়ে মাছ নিধন, বিলে ২৪ ঘণ্টা পাহারা ও জলজ বৃক্ষ নিধনসহ নানান সমস্যার কথা।

পরিবেশকর্মী খোরশেদ আলম ও দেলোয়ার হোসেন জানান, হাকালুকি হাওরে যে নদীগুলো মিলিত হয়েছে এখন সেই নদীগুলো! প্লাস্টিক, পলিথিন, দূষিত পানি ও ময়লার ভাগাড়। পাখি কমার বিশেষ কয়েকটি কারণের মধ্যে এটি একটি। অরক্ষিত অবহেলায় থাকায় দিন দিন কমছে পাখির সংখ্যা। হাওরের পরিযায়ী পাখি রক্ষায় স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি করা, পাশাপাশি প্রশাসনের কঠোর ভূমিকা থাকতে হবে। এতে বাঁচবে পাখি।

বিভাগীয় বন কর্মকর্তা (বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ) রেজাউল করিম চৌধুরী বলেন, ‘প্রতিবছর হাকালুকি হাওরে বিল ইজারা দেওয়া হয়। এ বছরও হয়েছে। এতে বেশ লোকসমাগম ঘটে। দিনরাত পাহারা দেওয়া হয়। এসব কারণে পরিযায়ী পাখিরা স্বাচ্ছন্দ্যে থাকতে পারে না। বিল শুকিয়ে মাছ আহরণের কারণে নষ্ট হচ্ছে হাওরের জীববৈচিত্র্য। ফলে পরিযায়ী পাখির সংখ্যা কমছে।

৭৫ হাজার টাকা বেতনে চাকরির সুযোগ !

চাকরির খবরঃ ৭৫ হাজার টাকা বেতনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ‘প্রোগ্রাম কোঅর্ডিনেটর’ পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নামঃ প্রোগ্রাম কোঅর্ডিনেটর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতাঃ স্বীকৃত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট/ সোশ্যাল সায়েন্স বা সমমান বিষয়ে স্নাতকোত্তর পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন। পদ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রেড ক্রস ও রেড ক্রিসেন্ট বিষয়ে জানাশোনা থাকতে হবে। অনূর্ধ্ব ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে।

বেতনঃ ৭৫,০০০/- টাকা।

আবেদন প্রক্রিয়াঃ আগ্রহী প্রার্থীরা বিডিজবস অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ তারিখঃ ২৫ ফেব্রুয়ারি, ২০২৩।

সূত্রঃ বিডিজবস। 

রাতারাতি গুগলের ১০০ বিলিয়ন ডলার লোকসান

রাতারাতি পুঁজিবাজারে ১০০ বিলিয়ন ডলার লোকসানের সম্মুখীন হয়েছে গুগল। তাদের নতুন চ্যাটবট বার্ড’র দেওয়া একটি ভুল উত্তরে এ কান্ড ঘটে। এ ঘটনায় গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের শেয়ারের মূল্য ৯ শতাংশ পর্যন্ত পড়ে যায়। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

রয়টার্স এর প্রতিবেদন থেকে জানা যায়, কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট চ্যাটজিপিটি বাজারে আসার পর খুব দ্রুত জনপ্রিয়তা পায়। ফলে অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানও এ খাতে বিনিয়োগ করে। সম্প্রতি এই দৌড়ে শামিল হয় গুগল, মাইক্রোসফট ও বাইদুর মতো প্রতিষ্ঠান। এদিকে একটি বিজ্ঞাপন ভিডিওতে গুগলের নতুন চ্যাটবট ‘বার্ড’কে একটি সহজ প্রশ্ন করা হলে এটি ভুল উত্তর দেয়। ফলে গুগলের এই প্রচারণা ব্যর্থ হয় এবং রাতারাতি প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে ১০০ বিলিয়ন ডলার হারায়।

Google Newsডিজিটাল বাংলা নিউজ” অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

ওই বিজ্ঞাপনে চ্যাটবট বার্ডকে জিজ্ঞাসা করা হয়; আমি আমার ৯ বছর বয়সী সন্তানকে জেমস ওয়েব টেলিস্কোপের কী কী নতুন আবিষ্কার সম্পর্কে জানাতে পারি? উত্তরে বার্ড বেশ কিছু সুপারিশ দেয়, যার মাঝে উল্লেখ করা হয় যে, এই টেলিস্কোপটি প্রথমবারের মতো পৃথিবীর সৌরজগতের বাইরের কোনো গ্রহের ছবি তুলতে সক্ষম হয়েছে। তবে এই তথ্য সঠিক নয়। ২০০৪ সালে ইউরোপিয়ান সাউদার্ন মানমন্দিরের ভেরি লার্জ টেলিস্কোপ (ভিএলটি) প্রথমবারের মতো এ ধরনের কিছু ছবি তুলতে সক্ষম হয়েছিল। এই বিষয়টি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিশ্চিত করেছে।

প্রসঙ্গত, মাইক্রোসফটের পৃষ্ঠপোষকতায় ওপেন এআই নামের স্টার্টআপ প্রতিষ্ঠান চ্যাটজিপিটি সেবা চালুর পর থেকেই গুগল চাপের মুখে আছে বলে মনে করা হয়। গত বছরের নভেম্বরে এ সফটওয়্যার উন্মুক্ত করার পর থেকেই এটি ভোক্তাদের মুগ্ধ করে চলেছে। সহজ প্রশ্নের নির্ভুল ও সুলিখিত উত্তরের জন্যই চ্যাটজিবিটি প্রশংসা পাচ্ছে। গত মঙ্গলবার মাইক্রোসফট জানায়, তাদের সার্চ ইঞ্জিন বিংয়ের সঙ্গে চ্যাটজিপিটির কার্যকারিতা যুক্ত করা হয়েছে। এসব ঘটনার প্রেক্ষাপটে গতকাল বুধবার মাইক্রোসফটের শেয়ারের মূল্য ৩ শতাংশ বেড়েছে।

গাড়ি নিয়ে গ্যাঁড়াকলে ‘হিরো আলম’

হবিগঞ্জের শিক্ষকের কাছ থেকে উপহার পাওয়া গাড়িটি নিয়ে বেশ গ্যাঁড়াকলে পড়েছেন বর্তমান ট্রেন্ডিং পারসন হিরো আলম। গাড়িটি নিতে যাওয়ার সময় পথেই জরিমানা গুনতে হয়েছে গাড়িটির ফিটনেস সনদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কারনে। প্রায় ১০ বছর আগেই এই সনদের মেয়াদ শেষ হয়ে গেছে।

হিরো আলম জানান, গাড়িটি তার কাছে হস্তান্তর করার আগে গাড়ির ফিটনেস না থাকা ও ট্যাক্স বকেয়া থাকার বিষয়টি জানানো হয়নি তাকে। আর গাড়ি হস্তান্তরের সময় মানুষের ভিড়ে কাগজপত্র দেখার সুযোগ হয়নি তার। গাড়িটি নেওয়ার পর কাগজপত্র যাচাই করতে গিয়েই বিষয়টি বুঝতে পারেন হিরো আলম। তবে উপহারের গাড়িটি ফেরত দেবেন না বলে জানিয়েছেন তিনি।

সুত্রে জানা গেছে, সর্বশেষ ২০১৩ সালে গাড়ির ট্যাক্স দেওয়া হয়েছিল গাড়িটির। বর্তমানে গাড়িটির প্রায় পাঁচ লাখ টাকা ট্যাক্স পাওনা রয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)।

হিরো আলম আরও জানান, গাড়িটির কাগজপত্র নিয়ে যত ঝামেলাই হোক, উপহারের গাড়ি ফেরত দিলে ওই শিক্ষককে অপমান ও ছোট করা হবে। তাই আমি গাড়িটি ফেরত দিব না। আর এটি অ্যাম্বুলেন্স বানিয়ে গরিব মানুষের সেবায় ব্যবহার করব, তাই গাড়িটি বৈধভাবে রাস্তায় চলাচল উপযোগী করতে যত টাকা লাগে, সেটা খরচ করতে রাজি আছি আমি। আর যেহেতু গাড়িটি অ্যাম্বুলেন্স হিসেবে ব্যবহার করা হবে, তাই বকেয়া মওকুফ চেয়ে বিআরটিএতে আবেদন করব আমি। সেই সঙ্গে আগামী দু-এক দিনের মধ্যে গাড়িটিকে বগুড়ায় ওয়ার্কশপে নিয়ে অ্যাম্বুলেন্স বানানোর কাজ শুরু করব।

সারাদেশে রাতে শীত বাড়ার পূর্বাভাস

সারাদেশে রাতে শীত বাড়ার পূর্বাভাস পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দিনের তাপমাত্রা প্রায় একই রকম থাকতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস সুত্রে জানা গেছে, সারাদেশে রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার অবস্থার সামান্য পরিবর্তন হতে পারে।

সুত্রে আরো জানা গেছে, গত ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ছিল মোংলায় এবং সর্বনিম্ন ১৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে নিকলিতে।

চিনি ছাড়া দুইটি ভিন্নরকম মজার সালাদ ড্রেসিং এর রেসিপি

লাইফস্টাইল ডেস্কঃ সালাদকে সুস্বাদু ও মুখরোচক করতে সালাদে ব্যবহৃত সালাদ ড্রেসিংয়ে থাকে অনাকাঙ্ক্ষিত উপাদান, চিনি। যা পুরো সালাদের স্বাস্থ্য গুণকেই নষ্ট করে দেয়। কিন্তু বিস্বাদ সালাদ তো খাওয়া সম্ভব নয়। তাই ঘরোয়া কিছু উপাদানের ব্যবহারে তৈরি করে নিন চিনি ছাড়া মজার মজার সালাদ। প্রতিদিনের একঘেয়েমি শসা, গাজর আর টমেটোর সালাদের পরিবর্তে এবার একটু ভিন্ন স্বাদের সালাদ বানিয়ে মুখের রুচি ফিরিয়ে নেয়া যাক। এটি তৈরি করাও যেমন খুব সহজ তেমনি এই ড্রেসিংগুলো বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করেও রাখতে পারবেন। জেনে নিন দুইটি ভিন্নরকম মজার সালাদ ড্রেসিং এর রেসিপি।

স্বাস্থ্যকর গ্রিক সালাদ ড্রেসিংঃ গ্রীক সালাদ সাধারণত রোমের একটি খাবার যেটি ডিনারের জন্য খুব জনপ্রিয় সেখানকার মানুষের কাছে। চলুন তাহলে আমরাও শিখে নেই কীভাবে বানিয়ে নিতে পারি গ্রিক সালাদ ড্রেসিং যেটি দিয়ে এই মজাদার সালাদটি বানিয়ে ফেলতে পারবো। 

উপকরণঃ এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল- ১/২ কাপ, ভিনেগার- ১/২ কাপ, লেবুর রস- ১ টা, রসুন মিহিকুচি- ২ টেবিলচামচ, শুকনো অরিগ্যানো- ২ টেবিল চামচ, শুকনো থাইম- ১/২ চা চামচ, শুকনো রোজমেরি- ১/২ চা চামচ, সি সল্ট বা সাধারণ লবণ-  স্বাদমতো, ফ্রেশ গোলমরিচ- ১/৪ চা চামচ।

পদ্ধতিঃ সবগুলো উপাদান একটা এয়ারটাইট কন্টেইনারে নিয়ে ঝাঁকাতে হবে। প্রত্যেকবার ব্যবহারের আগে ভালোভাবে ঝাঁকিয়ে নিতে ভুলবেন না। সারা সপ্তাহ যতবার সালাদ খাবেন এটা ব্যবহার করতে পারবেন।

লেমন গার্লিক সালাদ ড্রেসিংঃ সুস্বাস্থ্য রক্ষার্থে ও ওজনকে নিয়ন্ত্রণে রাখতে লেমন গার্লিক সালাদ ড্রেসিং বেশ উপকারী। ঘরোয়া কিছু উপাদানের ব্যবহারে দশ মিনিটে তৈরি করে নেয়া যায় এটি। যা যা লাগবে-

উপকরণঃ রসুনের কোয়া- ১ টি, ফ্রেস লেবুর রস- ১ টেবিল চামচ, লেবুর খোসা গুঁড়া- ১/২ চা চামচ, শুকনো সরিষা গুঁড়া- ১/৪ চা চামচ, গোলমরিচের গুঁড়া- ১/৪ চা চামচ , অলিভ অয়েল- ২-৩ টেবিল চামচ এবং পরিমানমতো লবণ।

পদ্ধতিঃ একটি পাত্রে রসুন কুঁচি, লেবুর রস, লেবুর খোসা গুঁড়া, লবণ, কালো গোলমরিচ গুঁড়া ও সরিষা একসাথে নিয়ে কাঁটাচামচের সাহায্যে ভালোভাবে হুইস্ক করতে হবে। সকল উপাদান মিশে গেলে এতে অলিভ অয়েল দিয়ে পুনরায় হুইস্ক করতে হবে। লবণ ঠিক আছে কিনা দেখতে হবে এবং প্রয়োজনে বাড়তি লবণ বা গোলমরিচের গুঁড়া যোগ করতে হবে এবং সালাদে সদ্য তৈরি করা সালাদ ড্রেসিং মেশাতে হবে।

ঘরোয়া এই সালাদ ড্রেসিং এক সপ্তাহ পর্যন্ত রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখা যাবে।

ফুলবাড়ীতে ফেনসিডিল সহ ৫ মাদক মামলার আসামী গ্রেফতার

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর আবাসনটারী এলাকার কুখ্যাত মাদক কারবারী, পুর্বের ৫টি মাদক মামলার আসামী নুর ইসলাম (৪০) কে পুলিশ ফেনসিডিল সহ গ্রেফতার করেছে। বুধবার রাতে ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ী থেকে ৪ বোতল ফেনসিডিলসহ হাতে গ্রেফতার করে।

গ্রেফতাকৃত নুর ইসলাম ওই এলাকার মৃত খয়বর হলাইয়ের পুত্র।

পুলিশ জানায়, নুরইসলাম একজন কুখ্যাত মাদক কারবারী। তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় পুর্বের ২ টি ও আজকের ১ টি সহ মোট ৩ টি মাদক মামলা, বগুড়া জেলার নন্দিগ্রাম থানায় ১ টি মাদক মামলা এবং নাটোর সদর থানার ১ টি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। এছাড়া তার স্ত্রী মরিয়ম বেগমের নামেও ফুলবাড়ী থানায় ১ টি রংপুরের কাউনিয়া থানায় ১ টি এবং বগুড়ার শিবগঞ্জ থানায় ১ টি সহ মোট ৩ টি মামলা চলমান রয়েছে। নুর ইসলামের ছোট ভাই নুরনবীর নামে ফুলবাড়ী থানায় আজকের ১টি সহ জেলার নাগেশ্বরী থানায় আরও ১ টি মাদক মামলা রয়েছে।

এমনকি তাদের মা নছিরন বেওয়া (৬০) এর নামে বগুড়া শিবগঞ্জ থানার একটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে। তারা ভারত থেকে ফেনসিডিল এনে বাড়ীতে রেখে প্রকাশ্যে বিক্রি করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার রাতে তাদের বাড়ীতে অভিযান চালানো হয়। অভিযানের সময় নুরনবী কৌশলে পালিয়ে গেলেও নুর ইসলামকে ৪ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। পরে মাদক সহ থানায় এনে ধৃত নুর ইসলাম ও পলাতক নুরনবীর নামে মামলা দায়ের করা হয়।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত নুর ইসলামকে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

ভারতে গরুর সাথে ভালোবাসা দিবস পালনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বের বেশিরভাগ দেশেই ১৪ ফেব্রুয়ারি কমবেশি ‘ভ্যালেন্টাইন্স ডে’ বা ভালোবাসা দিবস হিসেবে পালন করা হয়। তবে ভারতে এবার এই দিবসটিকে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানানো হয়েছে। ভারতের পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে বলে জানিয়েছে ইন্ডিয়া টাইমস।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ভারতের বৈদিক সংস্কৃতি একেবারে মুছে যেতে বসেছে। সকলে পাশ্চাত্যের চাকচিক্যের কারণে ভারতের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছে। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাই কেউ গরুকে জড়িয়ে ধরলে আবেগ ও আনন্দে সম্পৃক্ত হতে পারবেন। যারা গরুকে ভালোবাসে তারা ১৪ ফেব্রুয়ারি এই গবাদি পশুকে আলিঙ্গন করে জীবন আরও সুখকর করে তুলতে পারবেন। ওই দিন ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ হিসাবে গোটা ভারতে পালিত হবে। গরুকে জড়িয়ে ধরা মোটেই মন্দ নয় বলেও জানানো হয়।

টুইটার ডাউনে বিপাকে কোটি ব্যবহারকারী

বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’ হওয়ায় কয়েক কোটি ব্যবহারকারী এই পরিষেবা গ্রহণ করতে পারছে না। টুইটার সাপোর্ট সেন্টার এক টুইট করে এই তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘ইলন মাস্কের আমলে এই প্রথম মানুষ এই সমস্যার সম্মুখীন হয়েছে। গত বছর কোম্পানির দায়িত্ব নেওয়ার পর টুইটার তার দুই-তৃতীয়াংশ কর্মচারীকে বরখাস্ত করেছে। কর্মী সংকটে সুষ্ঠ পরিষেবা ব্যহত হচ্ছে বলেও দাবি করা হয়েছে।

অনেক ব্যবহারকারী জানিয়েছেন, টুইট করার পর তারা একটি ‘টাইম আউট’ বার্তা পাচ্ছেন। বার্তায় বলা হচ্ছে ‘আপনি টুইট করার সময় সীমা অতিক্রম করেছেন’। এছাড়াও ব্যবহারকারীদের সরাসরি বার্তা পাঠাতে, অন্যান্য অ্যাকাউন্টলো ফলো করতে এবং অল্প সময়ের মধ্যে তাদের কনটেন্ট পোস্ট করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেও টুইটার একই সমস্যায় পড়েছিল। মূলত টুইটার ডাউনের এই সমস্যাটি শুরু হয়েছে যখন সিইও এলন মাস্ক মার্কিন যুক্তরাষ্ট্রে ব্যবহারকারীদের জন্য ৪ হাজার শব্দ পর্যন্ত টুইট করার সুবিধা ঘোষণা করে।