রাজনগরে জুয়ারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ১০

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগর থানা পুলিশের বিশেষ এক অভিযানে ৭ জুয়াড়িসহ পরোয়ানাভুক্ত ২ আসামি এবং র‍্যাবের সহায়তায় খুনের মামলার আসামিসহ মোট ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) দিবাগত রাত অনুমান দেড় টার দিকে রাজনগর থানার এসআই/মোঃ সওকত মাসুদ ভূইয়ার সঙ্গীয় অফিসার ফোর্সের সহযোগিতায় থানাধীন ৪নং পাঁচগাঁও ইউপিস্থ নোয়াগাঁও গ্রামের জনৈক রসেন্দ্র দাস এর বাড়ি হতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে জুয়া খেলার আসর থেকে আজমল আলী (৫৫), বদরুল মিয়া (৪৫), মঞ্জু নমসূত্র (৪০), দুরুদ মিয়া (৩০), প্রদীপ দাস (৪৫), আব্দুল আউয়াল (৫৬), এবং আব্দুল হান্নান (৩৫), নামে ৭জুয়ারিকে খেলার অবস্থানরত অবস্থায় আটক করেন।

আটককৃত আসামীদের হেফাজত থেকে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও নগদ অর্থ ১৭৩০/-টাকা উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে রাজনগর থানায় জুয়া আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে আরেক অভিযানে দিবাগত রাতে রাজনগর থানার এসআই/ সুলতানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে জিআর-২৮/২২ এর পরোয়ানাভুক্ত আবুল হোসেন এর ছেলে আসামী আব্দুর রাজ্জাক এবং আনোয়ার হোসেন শাহিনকে গ্রেপ্তার করেন।

এছাড়া রাজনগর থানার মামলা নং-১, তাং-০১/০৯/২২ ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড এর এজাহারনামীয় ২নং পলাতক আসামী মোঃ কুদ্দুছ মিয়াকে (৫৫) র‌্যাব-৯ এর সহায়তায় গ্রেপ্তার করা হয়।

এ বিষয়ে রাজনগর থানার ইনচার্জ ওসি বিমান ভূষণ রায় সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেপ্তারকৃত আসামিদের আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে মৌলভীবাজার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে তিনি আরও বলেন এই বিশেষ অভিযান চলমান থাকবে ও জানান তিনি।

এইচএসসি পরীক্ষায় ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব ফেল করেছে

শিক্ষা ডেস্কঃ ২০২২ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার সারাদেশে গড় পাসের হার ৮৫ দশমিক ৯৫ শতাংশ। তবে, ৫০টি শিক্ষাপ্রতিষ্ঠানের সবাই ফেল করেছে, পাস করেনি কেউ।

ফেল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ১৩টি দিনাজপুর শিক্ষা বোর্ডের, ৯টি রাজশাহীর, ৮টি ঢাকার, ৬টি যশোরের, ৫টি কুমিল্লায় ও ৩টি ময়মনসিংহের। এ ছাড়া ৪টি মাদরাসা ও ২টি টেকনিক্যাল প্রতিষ্ঠানের কেউ পাস করেনি।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) বেলা সোয়া ১১টার দিকে প্রধানমন্ত্রী কার্যালয়ের চামেলী হলে শেখ হাসিনার হাতে এ ফলের সারসংক্ষেপ হস্তান্তর করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা। পরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে ফলাফলের বিস্তারিত তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

শিক্ষামন্ত্রী বলেন, ২০২২ সালে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেন ৯ হাজার ১৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। এরমধ্যে ১ হাজার ৩৩০টি প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করেছে। কিন্তু ৫০টি প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।

 

অস্ত্র-গোলাবারুদসহ ৩ বিচ্ছিন্নতাবাদী ও ১৭ জঙ্গি গ্রেপ্তার

বান্দরবানের থানচির রেমাক্রীর ব্রিজ-সংলগ্ন এলাকা থে‌কে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ১৭ জন ও পাহাড়ি বিচ্ছিন্নতাবাদী সংগঠন ‘কুকিচিন ন্যাশনাল ফ্রন্ট’র (কেএনএফ) ৩ সদস্যকে আটক ক‌রে‌ছে র‌্যাব। এসময় তা‌দের কাছ থে‌কে বিপুল পরিমাণ দেশি ও বিদেশি অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, গোলাবারুদ ও নগদ ৭ লাখ টাকা উদ্ধার করা হয়।

আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) সকা‌ল ১২টার বান্দরবান র‌্যাব কার্যাল‌য়ে অস্ত্র ও গোলাবারুদসহ তাদের প্রদর্শন করা হয়। প‌রে বান্দরবান জেলা প‌রিষ‌দের হল রু‌মে এ বিষ‌য়ে সংবাদ সম্মেলন ক‌রেন র‌্যা‌বের আইন ও গণমাধ‌্যম শাখার প‌রিচালক খন্দকার আল মইন।

খন্দকার আল মইন ব‌লেন, বান্দরবানের থানচির রেমাক্রি ইউনিয়‌নের নতুন ব্রিজ-সংলগ্ন এলাকায় মঙ্গলবার ভোর ৫টা থে‌কে সন্ধ‌্যা পর্যন্ত অভিযান চলে। এসময় আগে থে‌কে অবস্থান নেওয়া জঙ্গি বা‌হিনী ও পাহাড়ি সন্ত্রাসীরা র‌্যাব‌কে লক্ষ‌্য ক‌রে গু‌লি চালায়। প‌রে র‌্যাবও পাল্টা গু‌লি চালায়। গোলাগু‌লির ঘটনায় র‌্যা‌বের ৮ সদস‌্য আহত হ‌য়ে‌ছে। ২০ জন জ‌ঙ্গি সদস‌্যকে আটক করা হয়। এ অভিযান অব‌্যহত থাক‌বে ব‌লেও তি‌নি জানান।

প্রসঙ্গত, সম্প্রতি উগ্রবাদে উদ্বুদ্ধ হয়ে স্বেচ্ছায় হিজরতের নামে বাড়ি থেকে নিরুদ্দেশ হয় ১৯ জেলার ৫৫ তরুণ। এ তরুন‌দের অনেকেই জঙ্গিবাদে জড়িয়ে নতুন করে কথিত হিজরতের নামে ঘরছে‌ড়ে জামাতুল আনসারের হয়ে পাহাড়ি এলাকার আস্তানায় আশ্রয় নেয়। হিজরত করা এসব তরুণদের ভারী অস্ত্র চালানোর প্রশিক্ষণ দেয় পাহাড়ি সন্ত্রাসীদল। নতুন এ জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়া পাহাড়ি সন্ত্রাসী সংগঠ‌নের নাম ‘কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টথ (কেএনএফ)। বিষয়‌টি জানার পর গত বছরের ১৭ অক্টোবর থে‌কে জ‌ঙ্গি ও সন্ত্রাস নির্মূল কর‌তে অভিযা‌নে না‌মে র‌্যাব ও সেনাবা‌হিনী।

তুরস্কের ধ্বংসস্তূপ থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থী উদ্ধার

অনলাইন ডেস্কঃ তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপ থেকে দুই বাংলাদেশি শিক্ষার্থীকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। ঘটনার প্রায় ৪০ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে নিখোঁজ একজনকে উদ্ধার করা হয়েছে। তবে তার অবস্থা গুরুতর। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) রাত ৯টায় তাদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা জানান, গোলাম সাঈদ রিংকু তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কয়েক বছর আগে উচ্চশিক্ষা নিতে তুরস্কে যান তিনি। সোমবার ভোরে ভূমিকম্পের পর তার খোঁজ পাচ্ছিলেন না পরিবার। রিংকু তুরস্কের খাহরামানমারাস প্রদেশের আজাজ শহরে থাকতেন। তার গ্রামের বাড়ি বগুড়া জেলার গাবতলী থানার দেনাই গ্রামে। তার বাবার নাম গোলাম রাব্বানি। কয়েকবছর আগে উচ্চশিক্ষা নিতে তুরস্কে যান রিংকু।

সেখানকার একটি ভবনে দুইজন বাংলাদেশি শিক্ষার্থী নুরে আলম ও মো. রিংকু থাকতেন। ভূমিকম্পে তাদের ভবনটি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সেই ভবন থেকে নুরে আলম বের হতে পারলেও খোঁজ নেই রিংকুর।

রিংকুর বাবা জানান, ভূমিকম্পের খবর পাওয়ার পর আমার ছেলের মোবাইলে ফোন করি কিন্তু তার নাম্বার বন্ধ পাওয়া যায়। সেখানে থাকা তার বন্ধুরাও তার কোন খোঁজ পাচ্ছে না।

প্রসঙ্গত, গত সোমবার (৬ ফেব্রুয়ারি) তুরস্কের দক্ষিণাঞ্চল ও উত্তর-পশ্চিম সিরিয়ার অংশে এক ভয়াবহ ভূমিকম্পের ঘটনা ঘটেছে। ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প এখন পর্যন্ত চার হাজার ৯০০ লোক মারা গেছেন। ধ্বংসস্তূপে আটকেপড়াদের উদ্ধারে অভিযান চলছে।

তুরস্কে ৫ হাজার ৬০৬টি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে বহুতল আবাসিক ভবনগুলো ছিল মানুষে পরিপূর্ণ। এ ছাড়া আলেপ্পোতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ক্ষতি হওয়ার পাশাপাশি কয়েক ডজন ভবন ধসের কথা জানিয়েছে সিরিয়া।

ফুলবাড়ীতে সমলয়ে বোরো চাষাবাদ কর্মসুচীর উদ্বোধন

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে রাইস ট্রান্সপ্লান্টারের সাহায্যে বোরো ধানের চারা রোপনের মাধ্যমে সমলয়ে বোরো চাষাবাদ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

বুধবার দুপুর ১২ টায় ফুলবাড়ী সদর ইউনিয়নের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ার সমন্বয়টারী গ্রামে ১০০জন কৃষকের ১৫০ বিঘা জমিতে সমলয়ে বোরো চাষাবাদের উদ্বোধন করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, পল্লী উন্নয়ন কর্মকর্তা উম্মে কুলছুম,মৎস্য কর্মকর্তা রায়হান উদ্দিন সরদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা বৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তি এবং সংশ্লিষ্ট কৃষকগণ উপস্থিত ছিলেন।

এইচএসসির সিলেবাস থেকেই ভর্তি পরীক্ষা নেয়ার অনুরোধ শিক্ষামন্ত্রীর

শিক্ষা ডেস্কঃ এইচএসসিতে যে সিলেবাসের ওপর পরীক্ষা সম্পন্ন হয়েছে, সেই সিলেবাসের ওপরেই বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়া উচিত বলে মনে করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২২ এর ফলাফল সংক্রান্ত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, বিশ্ববিদ্যালয়ে যে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা হচ্ছে, সেই গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা এবারও হবে। তবে তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে অনুরোধ করে বলেন যে সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়েছে সে সিলেবাসে ভর্তি পরীক্ষা নেয়া হোক।

তিনি আরও বলেন, একই বিষয়ে বার বার পরীক্ষা হওয়া উচিত না। তাই আমরা চাই একটাই পরীক্ষা হোক। যেমন ভর্তি পরীক্ষায় বাংলা, গণিত বা ইংরেজি বিষয়ে নির্দিষ্ট নম্বরে একটা পরীক্ষা হওয়া উচিত। একই জিনিস বার বার করার কোনো যৌক্তিকতা দেখি না। এই পদ্ধতি যতদিন না হয় ততদিন চলমান গুচ্ছ পরীক্ষাটা আরও কীভাবে ভালো করা যায় তার জন্য কাজ করা উচিত।

দীপু মনি বলেন, আমাদের দেশে বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষার্থীরা কলেজ পাস করার পরেই উচ্চশিক্ষায় যান। আমরা তাদের জন্য কিছু কোর্স চালু করেছি। আমি আশাবাদী তারা সেখান থেকে উপকৃত হবেন।

এছাড়াও সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, শিক্ষা সচিব, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সিনিয়র সচিব মো. কামাল হোসেন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব সোলেমান খানসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তা।

বালিয়াডাঙ্গীতে প্রতিমা ভাঙচুরের ঘটনায় ঠাকুরগাঁওয়ে সংবাদ সম্মেলন

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গত ৫ ফেব্রুয়ারি ভোর রাতে বিভিন্ন মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ঠাকুরগাঁও জেলা শাখা।

এ উপলক্ষে এদিন দুপুরে শহরের জেলা বিএনপি কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মনোরঞ্জন সিংয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের সাধারণ সম্পাদক সত্যজিৎ কুমার কুন্ডুসহ অনেকে।

এ সময় বক্তারা বলেন, দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করতে এটি একটি নীল নকশা। বক্তারা আরো বলেন, এ ঘটনায় প্রশাসনের প্রতি আমাদের সম্প্রদায়ের অনাস্থা অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং দ্রুততম সময়ে সুষ্ঠু তদন্তপূর্বক অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থাসহ সংখ্যালঘুদের বসতবাড়ী জানমাল রক্ষায় সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক পয়গাম আলী, সাংগঠনিক সম্পাদক মো: জাফরউল্লাহ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা শাখার সভাপতি মনোরঞ্জন সিং, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কল্প বর্মন, কার্যকরী সদস্য জদুনাথ বর্মন, সহ শিক্ষা ও গবেষনা বিষয়ক সম্পাদক উজ্জল শাহ্, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সরকার নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক মো: সোহেল রানাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

উপসর্গ প্রকাশ হওয়ার আগেই শনাক্ত করা যাবে করোনা

স্বাস্থ্য ডেস্কঃ দেশে উদ্ভাবিত ‘বিসিএসআইআর-কোভিড কিট’ দিয়ে করোনা পরীক্ষা শুরু হয়েছে। বলা হচ্ছে, এই কিটের মাধ্যমে উপসর্গ প্রকাশ হওয়ার আগেই করোনা শনাক্ত করা যাবে। গতকাল মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএসএমএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) যৌথ উদ্যোগে এই কিট উদ্ভাবিত হয়েছে।

অনুষ্ঠানে জানানো হয়, এই কিটের ন্যূনতম শনাক্তকরণ ক্ষমতা ১০০ কপি ভাইরাস-মিলি, যেখানে আমদানি করা অন্য কিটগুলোর শনাক্তকরণ ক্ষমতা ১ হাজার কপি ভাইরাস-মিলি। অর্থাৎ বিসিএসআইআরের কোভিড কিট দ্বারা একেবারেই ন্যূনতমসংখ্যক ভাইরাসকে শনাক্ত করা যাবে। ফলে রোগের উপসর্গ প্রকাশের আগেই ভাইরাসের উপস্থিতি জানা সম্ভব হবে। অত্যন্ত স্বল্প ব্যয়ে আরএনএ এক্সট্রাকশনের পদ্ধতিতে উদ্ভাবন করা হয় এই কিট। এ জন্য কিটের উৎপাদন খরচ বাণিজ্যিক কিটগুলোর চেয়ে কম। তাই উদ্ভাবিত এই কিট দ্বারা প্রতিটি শনাক্তকরণ পরীক্ষায় খরচ হবে ২৫০ টাকা।

অনুষ্ঠানে বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ব্যাপকভাবে গবেষণা কার্যক্রম চলছে। করোনাভাইরাসের ভ্যাকসিনের কার্যকারিতা নির্ণায়ক অ্যান্টিবডি নিয়ে গবেষণা কার্যক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে। করোনাভাইরাসের ধরন শনাক্তকরণ কার্যক্রম অর্থাৎ জেনোম সিক্যুয়েন্সিং নিয়ে একাধিক গবেষণার ফলাফল প্রকাশ করা হয়েছে। আজকে করোনাভাইরাসের যে কিটটি উদ্ভাবিত হলো তা-ও গবেষণার ফলে সম্ভব হয়েছে। গবেষণার মাধ্যমেই একদিন ডায়াবেটিস ও ক্যানসারকে প্রতিরোধ করা সম্ভব হবে।

তিনি আরও বলেন, দেশে উদ্ভাবিত এই কিটটি শতগুণে ভালো। এটা দেশের একটি বিরাট অর্জন। এর মাধ্যমে দেশের মানুষকে অত্যন্ত স্বল্প খরচে নির্ভুলভাবে করোনাভাইরাস শনাক্তকরণ সেবা দেওয়া সম্ভব হবে। এই কিটটি উদ্ভাবনের ফলে সারাদেশে একটা সময়ে এই কিটটিকে সরবরাহ করা সম্ভব হবে এবং বিদেশ থেকে ডলার খরচ করে কিট আমদানি করার প্রয়োজন হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আফজালুন নেছা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আহসান বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান অধ্যাপক ড. আফতাব আলী শেখ।

মৌলভীবাজারে ‘বাংলা ইশারা’ ভাষা দিবস উদযাপন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: বাংলা ইশারা ভাষার প্রচলন, বাক-শ্রবণ প্রতিবন্ধী ব্যক্তির জীবন মান উন্নয়ন’ এই প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দিবসটি উদযাপন উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর প্রতিবন্দী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা5 সভা অনুষ্ঠিত হয় ।

আলোচনা সভায় সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. হাবিবুর রহমান সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহ্সান।

বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা.বর্নালী পাল, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন মাসুদ, সমাজ সেবা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা প্রতিবন্দী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল।

বক্তারা বলেন, ভাষা আন্দোলনের মাসে বাংলা ইশারা ভাষা দিবস উদযাপন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সর্বক্ষেত্রে বাংলা ইশারা ভাষার ব্যবহার এবং শ্রবণ প্রতিবন্ধী, বুদ্ধি প্রতিবন্ধীসহ সকল প্রতিবন্ধীদের প্রতি বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান। জেলায় বাংলা ইশারা ভাষা প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেন তারা।

এদিকে রাজনগরেও বাংলা ইশারা ভাষা দিবস পালন করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের আয়োজনে এ দিবস উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা আক্তারের সভাপতিত্বে ও উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শরীফ মোহাম্মদ নিয়ামত উল্লাহ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইউনুছ, সমাজ সেবা কর্মকর্তা আজাদুর রহমান, রাজনগর সরকারী কলেজের প্রভাষক শাহানারা রুবি, হীড বাংলাদেশ-সমৃদ্ধি কর্মসূূচীর সমন্বয়ক মার্গারেট জুঁই দাশ, প্রতিবন্ধী শিশু অভিভাবক সমন্বয় কমিটির সভাপতি ফরজান আহমদ প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মাসুদ রানা।

সভায় জানানো হয়, রাজনগর উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের পক্ষ থেকে ১২ ধরনের প্রতিবন্ধীতার সেবা দেয়া হয়। বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশুদের জন্য কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন ধরনের সেবা দেয়া হয়।

চীনের সঙ্গে প্রতিযোগিতায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জো বাইডেনের

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে চীনের সঙ্গে প্রতিযোগিতা চালিয়ে যেতে সকল কংগ্রেস সদস্যকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বুধবার (৮ ফেব্রুয়ারি) জো বাইডেন তার প্রশাসনের অগ্রযাত্রা উদযাপন করে রাজনৈতিকভাবে বিভক্ত কংগ্রেসে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান।

আইনপ্রনেতাদের উদ্দেশ্যে তিনি বলে, চীনের সঙ্গে প্রতিযোগিতায় জিততে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। তবে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের আকাশে চীনের নজরদারি বেলুনের বিষয়ে কিছু বলেননি। সম্প্রতি যুক্তরাষ্ট্র ওই বেলুনটিকে গুলি করে নামিয়ে আনে।

কংগ্রেসের এই অধিবেশনে উপস্থিত আছেন বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ অতিথি আর এর মধ্যে রয়েছে সম্প্রতি পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ নাগরিক টায়ার নিকোলসের মা, পল পেলোসি এবং আইরিশ গায়ক ও গীতিকার বোনো।

বাইডেনের এই স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণকে ২০২৪ সালে পুনর্নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ পরিকল্পনা হিসেবেই দেখা হচ্ছে। আশা করা হচ্ছে খুব শিগগিরই তিনি এ বিষয়ে ঘোষণা দেবেন।

প্রেসিডেন্টের মেয়াদ থাকা অবস্থায় জনতার সমর্থনের পাল্লা নাজুক থাকার সময়ে বাইডেন তার ভাষণে ঐক্যের ডাক দিলেন।