ঠাকুরগাঁওয়ে ছেলে বাবাকে খুন করে থানায় গিয়ে স্বীকারোক্তি

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে গোলাম আজম (৩০) নামে এক ছেলে তার বাবা ফজলে হককে খুন করে সোজা থানায় গিয়ে পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন। গত রোববার (৫ জানুয়ারি) মধ্যরাতে জেলা শহরের একুশে মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, নিহত ফজলে হকের মেজো ছেলে গোলাম আজম নিজ বাসায় ঘুমিয়ে পড়লে বাবা ফজলে হক তার বিছানায় মশারি টানিয়ে দিতে যান। এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই ঘরের ভেতরে থাকা দেশীয় অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গোলাম আজম। পরে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন ফজলে হক। বাবার মৃত্যু নিশ্চিত করে নিজেই ছুটে গেছেন সদর থানায়। সেখানে পুলিশ সদস্যদের কাছে খুনের বিষয়টি স্বীকার করেন।

পরে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় গোলাম আজমকে আটক করা হয়েছে।

ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন জানান, ওই ঘটনার তদন্ত চলছে। ছেলেটিকে মানসিক ভারসাম্যহীন মনে হচ্ছে। তবে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার প্রক্রিয়া চলছে।

ডেঙ্গু আক্রান্ত আরও ১১ জন হাসপাতালে ভর্তি

স্বাস্থ্য ডেস্কঃ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে  বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হওয়া ৪জন ঢাকার হাসপাতালে এবং ৭জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৩০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। ঢাকায় ১৮ জন এবং ঢাকার বাইরে ১২ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৬০৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ২৯২ জন এবং ঢাকার বাইরে ৩১২ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫৬৬ জন এবং মারা গেছে আটজন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এর মধ্যে ২৮১ জনের মৃত্যু হয়েছে।

চোর সন্দেহে গনপিটুনিতে অজ্ঞাত ব্যক্তি নিহত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ায় অটোরিক্সা চুরির চেষ্টায় জড়িত সন্দেহে গণপিটুনিতে আহত অজ্ঞাতনামা এক ব্যক্তি (৩৫) মারা যাওয়ার খবর পাওয়া গেছে। গত রোববার রাত ১০টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তির মৃত্যু হয়। শনিবার উপজেলার ভাটেরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।

এ ব্যাপারে রোববার (৫ ফেব্রুয়ারি) কুলাউড়া থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে সাবেক এক ইউপি সদস্যসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ মামলার এজাহার ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, গত শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে ভবানীপুর গ্রামের বাসিন্দা স্থানীয় ভাটেরা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য আব্দুল কাইয়ুমের বাড়িতে দুর্বৃত্তরা ঢুকে ব্যাটারিচালিত একটি অটোরিক্সা চুরির চেষ্টা চালায়। একপর্যায়ে কাইয়ুমসহ স্থানীয় লোকজন চুরির চেষ্টায় জড়িত সন্দেহে অজ্ঞাতনামা যুবককে আটক করে বেধড়ক মারপিট করেন। খবর পেয়ে ভাটেরা অস্থায়ী ক্যাম্পের পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে আশঙ্কাজনক অবস্থায় অজ্ঞাতনামা যুবককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে অবস্থার অবনতি ঘটায় ওই ব্যক্তিকে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার রাতে তিনি মারা যান।

এর আগে সন্ধ্যায় পুলিশের ভাটেরা অস্থায়ী ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. আলমগীর মিয়া বাদী হয়ে আব্দুল কাইয়ুমসহ পাঁচ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে মামলা করেন। ওই দিন রাতেই অভিযান চালিয়ে আব্দুল কাইয়ুম, আনসার মিয়া, আসুক মিয়া ও সুজন মিয়াকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে কাইয়ুম ও আনসার এজাহারভুক্ত আসামি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক জানান, নিহত ব্যক্তির এখনো পরিচয় শনাক্ত করা যায়নি। সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে তাঁর লাশের ময়নাতদন্ত হবে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের সোমবার (৬ ফেব্রুয়ারি) আদালতের নির্দেশে মৌলভীবাজার কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেপ্তার করতে পুলিশ কাজ করছে। আসামিদের গ্রেপ্তার করতে অভিযান চালিয়ে যাচ্ছে।

এইচএসসি পরীক্ষার ফলাফল যেভাবে জানা যাবে

শিক্ষা ডেস্কঃ উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে আগামীকাল বুধবার (৮ ফেব্রুয়ারি)। এদিন বেলা সাড়ে ১১টায় নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান ও অনলাইনে একযোগে এই ফল প্রকাশ করা হবে।

এদিন সকালে শিক্ষামন্ত্রী দীপু মনি সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে এ পরীক্ষার ফলের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর হাতে তুলে দেবেন। এরপর দুপুরে সংবাদ সম্মেলন করে ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন। দুপুর ১২টা থেকে পরীক্ষার্থীরা ফলাফল জানতে পারবেন।

গত ২৯ জানুয়ারি বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার ফল প্রকাশের তারিখটি নিশ্চিত করেছিলেন।

তবে ঘরে বসে কীভাবে ফলাফল সংগ্রহ করবেন সোমবার (৬ ফেব্রুয়ারি) সেটি জানিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। বোর্ড জানিয়েছে, তাদের অধীন প্রতিষ্ঠানভিত্তিক ফলাফল বোর্ডের ওয়েবসাইটে (www.dhakaeducationboard.gov.bd) রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন দিয়ে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এ ছাড়া www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এর পাশাপাশি মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

আলিমের ফল পেতে ALIM লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।

কারিগরি বোর্ডের ক্ষেত্রে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০২১ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

ডোমারে রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ মোশফিকুর ইসলাম, নীলফামারী প্রতিনিধিঃ নীলফামারীর ডোমারে সাংবাদিক সংগঠন ‘রিপোর্টার্স ইউনিটি’ এর ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটা, আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

(৬ ফেব্রুয়ারী) সোমবার সকালে ডোমার উপজেলা পরিষদ সংলগ্ন রিপোর্টার্স ইউনিটি চত্বর থেকে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডোমার পৌরসভার মেয়র আলহাজ্ব মনছুরুল ইসলাম দানু।

আলোচনা সভায় ডোমার রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি জুলফিকার আলী ভুট্টোর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোঃ আল আমিন।

এসময় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, নীলফামারী জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি আল ফারুক পারভেজ উজ্জ্বল, ডোমার পৌর মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইলিয়াস হোসেন, জেলা পরিষদের সংরক্ষিত নারী সদস্য মেহেরুন আক্তার পলিন, নীলফামারী জজ কোর্টের আইনজীবী মালা জেসমিন, ৫নং বামুনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুর রহমান, ডোমার পৌরসভার প্যানেল মেয়র ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর সেলিম রেজা, পৌরসভার প্যানেল মেয়র-২ এবং ৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ অহিদুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মোঃ সফিয়ার রহমান রতন প্রমূখ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

ফের ৫.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল মধ্য তুরস্ক

আন্তর্জাতিক ডেস্কঃ আবারও ভূমিকম্পের ঘটনা ঘটেছে তুরস্কের মধ্যবর্তী অঞ্চলে। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় দ্য ইউরোপীয়ান মেডিটারেনিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি)। খবর বার্তা সংস্থা এএফপির।

ইএমএসসি জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় দুই কিলোমিটার।  এদিকে, তুরস্কে গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) সংঘটিত ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটারশক অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, এখনো তুরস্কে রিখটার স্কেলে ৫ থেকে ৬ মাত্রার আরও কিছু ভূমিকম্প সংঘটিত হতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজ ইউএসজিএস-এর বরাত দিয়ে বলেছে, সোমবার সকালে সংঘটিত ভূমিকম্পের পর অনুভূত শতাধিক আফটারশকের অধিকাংশেরই মাত্রা ছিল ৪ এর বেশি। সংস্থাটি আশঙ্কা প্রকাশ করেছে, এই অবস্থায় এই অঞ্চলে ৫ থেকে ৬ মাত্রার বেশি আফটারশক আসতে পারে। এমনটা হলে তা পরস্থিতিকে আরও নাজুক করে তুলবে।

এক বিবৃতিতে ইউএসজিএস বলেছে, ‘মূল ভূমিকম্পের পর সময় যত বাড়ে আফটারশকের ফ্রিকোয়েন্সি এবং তীব্রতা ততই কমতে থাকে। যাইহোক ৫ থেকে ৬ মাত্রার বেশি আফটারশক এখনও ঘটতে পারে। যা উদ্ধারকারী দল ও জীবিতদের জন্য ক্রমাগত হুমকি নিয়ে আসতে পারে।’

এদিকে, তুরস্ক ও সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। সবশেষ খবর অনুযায়ী, দেশ দুটিতে সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে আঘাত হানা ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ৪ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে।

 

আজ সন্ধ্যায় ২২তম রাষ্ট্রপতির পদের মনোনয়নপত্র চূড়ান্ত হবে

জাতীয় ডেস্কঃ দেশের ২২তম রাষ্ট্রপতি কে হবেন এই নিয়ে এখন চলছে বেশ আলোচনা। এরই মধ্যে কয়েকজনের নামও উঠে এসেছে। তবে কে হবেন পরবর্তী রাষ্ট্রপতি সেটি নির্ধারণ হবে আজ সন্ধ্যায়। আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হবে। এই সভায় রাষ্ট্রপতি পদে দলটির মনোনয়ন চূড়ান্ত হবে। আর সংসদের সংখ্যাগরিষ্ঠতার ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীই হবেন রাষ্ট্রপতি।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় সংসদ ভবনের লেভেল ৯-এ সরকারি দলের সভাকক্ষে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় দলের নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদ পূর্ণ হচ্ছে আগামী ২৪ এপ্রিল। পরপর দুই মেয়াদে রাষ্ট্রপতি হয়েছেন তিনি। দেশের সংবিধান অনুযায়ী, তার আর রাষ্ট্রপতি হওয়ার সুযোগ নেই। সে কারণে নতুন কাউকে দেখা যাবে তার জায়গায়।

সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী, বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হওয়ার আগের ৯০ থেকে ৬০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন শেষ করতে হবে। সে হিসেবে, নির্বাচন কমিশন তফসিলও ঘোষণা করেছে।

তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি পদে ভোট গ্রহণ করা হবে ১৯ ফেব্রুয়ারি। এখানে ভোটার খোদ সংসদ সদস্যরা। আগ্রহী প্রার্থীরা ১২ ফেব্রুয়ারি মনোনয়নপত্র জমা দিতে পারবেন। ১৩ ফেব্রুয়ারি যাচাই-বাছাইয়ের পর ১৪ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে।

নিয়ম অনুযায়ী, রাষ্ট্রপতি পদে রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হয় এবং সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হন। সংবিধানের ৪৮(১) অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশের একজন রাষ্ট্রপতি থাকিবেন, যিনি আইন অনুযায়ী সংসদ-সদস্যগণ কর্তৃক নির্বাচিত হইবেন।

আওয়ামী লীগের বেশ কয়েকজন নীতিনির্ধারক নেতা জানিয়েছেন, রাষ্ট্রপতি নির্বাচনে দলের প্রার্থিতা নিয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো ধরনের আলোচনা হয়নি। তবে এ নিয়ে দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর মধ্যে বেশ কয়েকজনের নাম আলোচিত হচ্ছে।

তাদের মধ্যে রয়েছেন- স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান, সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।

আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়ের নেতারা জানিয়েছেন, পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন- সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আগামী দিনের জন্য যাকে যোগ্য মনে করবেন, তিনিই হবেন পরবর্তী রাষ্ট্রপতি। তবে আগামী দিনের রাজনৈতিক পরিস্থিতিতে যে কোনো সংকট সৃষ্টি হলে সাহসিকতা, দক্ষতা ও বিশ্বস্ততার সঙ্গে যিনি সংকট উত্তরণে সঠিক অবস্থান নিতে পারবেন, এমন একজনকেই রাষ্ট্রপতি করা হবে বলে আওয়ামী লীগ নেতারা মনে করছেন।

রাণীশংকৈলে সামাজিক সম্প্রীতি কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে সামাজিক সম্প্রতি কমিটির বর্ধিত সভা অনু্ষ্ঠিত হয়। সোমবার (৬ ফেব্রুয়ারী) বিকাল ৫ টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ওসি গুলফামুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, উপজেলা পুজা উৎযাপন পরিষদের সভাপতি ছবি কান্ত দেব, সাধারণ সম্পাদক সাধন বসাক, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম,  আবুল কাশেম, বকুল হোসেন,মতিউর রহমান, মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার তৈয়ব আলী, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রুহুল আমিন প্রমুখ।

এছাড়াও বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় গণমাধ্যমকর্মিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গতকাল ঠাকুরগাঁও জেলার  বালিয়াডাঙ্গী উপজেলার  বিভিন্ন মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনায় সামাজিক  সম্প্রীতি রক্ষার্থে  সতর্কিকরণ সম্পর্কে সভায় আলোচনা করা হয়।

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ৪৫০০ ছাড়িয়েছে

আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্ক ও সিরিয়ায় গতকাল সোমবার (৬ ফেব্রুয়ারি) বড় ধরনের ভূমিকম্পে ৪ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং হাজার হাজার ভবন বিধ্বস্ত হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়াদের উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।

দেশটিতে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের পরে কয়েক ডজন দেশ সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে। গতকাল ভোরে মানুষ যখন ঘুমাচ্ছিল, তখন ভূমিকম্পটি আঘাত হানে। প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ার কারণে জরুরি উদ্ধার অভিযান বাধাগ্রস্ত হচ্ছে।

তুরস্কে ৫ হাজার ৬০৬টি স্থাপনা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এর মধ্যে বহুতল আবাসিক ভবনগুলো ছিল মানুষে পরিপূর্ণ। এ ছাড়া আলেপ্পোতে প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলোর ক্ষতি হওয়ার পাশাপাশি কয়েক ডজন ভবন ধসের কথা জানিয়েছে সিরিয়া।

তুরস্কের দুর্যোগ পরিষেবা বিভাগের প্রধান ইউনুস সেজারের তথ্যমতে, তুরস্কে কমপক্ষে ২ হাজার ৯২১ জন নিহত এবং ১৫ হাজার ৮০০ জনেরও বেশি আহত হয়েছে।

প্রতিবেশী সিরিয়ায় অন্তত ১ হাজার ৪৫১ জন নিহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানায়, সরকার নিয়ন্ত্রিত এলাকায় ৭১১ জন মারা গেছে। তাদের বেশির ভাগই আলেপ্পো, হামা, লাতাকিয়া ও তারতুস অঞ্চলের বাসিন্দা।

সোমবার প্রথমে ভূমিকম্পের পর কয়েক ডজন আফটারশক হয়েছে। এর মধ্যে একটি ছিল ৭ দশমিক ৫ মাত্রার কম্পন, যা অনুসন্ধান ও উদ্ধার কাজ চলাকালে অঞ্চলটিকে ঝাঁকুনি দেয়।

তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর দিয়ারবাকিরের ৩৫ বছর বয়সী হ্যালিস আকতেমুর বলেন, আমরা তিনজনকে বাঁচাতে পেরেছি, কিন্তু দুজন মারা গেছে।

তাপমাত্রা শূন্যের নিচে নেমে যাওয়া সত্ত্বেও শহরটির আতঙ্কিত বাসিন্দারা উষ্ণতার জন্য আগুনের ব্যবস্থা করে রাস্তায় রাত কাটানোর প্রস্তুতি নেয়।

এদিকে, ভূমিকম্পের ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরেদোয়ান সাত দিনব্যাপী রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। এরদোয়ান টুইটারে বলেন, আমাদের সরকারি ও বিদেশি সব দপ্তরে ১২ ফেব্রুয়ারি সূর্যাস্ত পর্যন্ত পতাকা অর্ধনমিত রাখা হবে।

৮৪ বছরের মধ্যে তুরস্ক এত শক্তিশালী ভূমিকম্প দেখেনি। সবশেষ ১৯৩৯ সালে উত্তর-পুর্ব তুরস্কে এমন ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তখন প্রায় ৩০ হাজার মানুষের মৃত্যু হয়েছিল। এ ছাড়া ১৯৯৯ সালে দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর ইজমীতে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।

মাসিক অপরাধ সভা শ্রেষ্ঠ থানা শ্রীমঙ্গল ও সম্মাননা প্রদান

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মাস্টার প্যারেড কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা শ্রেষ্ঠ থানা ও অফিসারদের সম্মাননা প্রদান করা হয়। সোমবার (৬ ফেব্রুয়ারি) সকালে জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা এবং মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া  সার্কেল) দীপাঙ্কর ঘোষের  পরিচালনায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যদের অংশগ্রহণে প্যারেড পরিদর্শন করেন ও অভিবাদন গ্রহণ করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার। প্যারেড পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সকাল ১১ টার দিকে পুলিশ লাইনস ড্রিল শেডে জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসানের সঞ্চালনায় মাসিক কল্যাণ সভায়  সভাপতিত্ব করেন জেলা পুলিশের মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়।

মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের বিভিন্ন থানা, ফাঁড়িসহ অন্যান্য ইউনিটে কর্মরত সকল স্তরের পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও তার সমাধান এবং জেলা পুলিশের বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

কল্যাণসভা শেষে দুপুর ১ টার  মৌলভীবাজার জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সুদর্শন কুমার রায়ের সঞ্চালনায় মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া মহোদয়।

অপরাধ সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, গ্রেপ্তারি পরোয়ানা তামিল, স্পর্শকাতর মামলা সমূহের অগ্রগতি ও জেলার গোয়েন্দা কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। অপরাধ সভায় মৌলভীবাজার জেলার থানা ও পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

পুরষ্কারের অভিন্ন মানদন্ডের আলোকে ২০২৩ সালের জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলার শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয় শ্রীমঙ্গল থানা। জেলার শ্রেষ্ঠ এসআই মৌলভীবাজার সদর থানার এসআই (নিঃ) মাহাবুবুল আলম  ও কুলাউড়া থানার এএসআই মোঃ রুমান মিয়া শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন। এছাড়া সদর কোর্টের জামাল উদ্দিন শ্রেষ্ঠ সিএসআই এবং এএসআই মিশু রঞ্জন দেব শ্রেষ্ঠ জিআরও নির্বাচিত হন। মৌলভীবাজার জেলার ট্রাফিক বিভাগে কর্মরত সার্জেন্ট ও টিএসআইদের মধ্যে সেরা পারফরম্যান্সের জন্য সদর ট্রাফিক বিভাগের সার্জেন্ট রূপন চন্দ্র পাল বিশেষ পুরস্কার লাভ করেন।

অন্যদিকে সিলেট জেলার গোলাপগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৮ টি চোরাই মোটরসাইকেল, ২টি মাইক্রোবাস উদ্ধারে সার্বিক দিক নির্দেশনা এবং নেতৃত্ব দিয়ে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ এবং কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেককে বিশেষ সম্মাননা জানানো হয়।

এছাড়া জানুয়ারি মাসে মৌলভীবাজার জেলায় অস্ত্র ও মাদক উদ্ধার এবং ওয়ারেন্ট তামিলে বিশেষ অভিযানে সন্তোষজনক পারফরমেন্সের জন্য জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম বিশেষ পুরস্কার লাভ করেন।

শ্রেষ্ঠত্ব অর্জনকারী থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত অফিসারগণের হাতে মাননীয় পুলিশ সুপার মহোদয় ক্রেস্ট ও ধন্যবাদপত্র তুলে দেন।

অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) হাসান মোহাম্মদ নাসের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) জনাব দীপাঙ্কর ঘোষ এবং মৌলভীবাজার জেলা পুলিশের বিভিন্ন ইউনিট ও থানার অফিসার ইনচার্জগণ।