ওয়েস্ট ইন্ডিজে পদ্মা সেতুর উন্মাদনায় মেতেছেন বাংলাদেশী টাইগাররা

স্পোর্টস ডেস্কঃ দেশ-বিদেশের সব আলোচনা-সমালোচনার কড়া জবাব দিয়ে সাহস আর জাতীয় গৌরবের প্রতীক পদ্মা বহুমুখী সেতুর শুভ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার (২৫ জুন) ১২টার দিকে ১৬ কোটি বাঙালির স্বপ্ন পূরণ করেন তিনি। স্বপ্নজয়ের এমন মাহেন্দ্রক্ষণে বাংলাদেশ ক্রিকেট দল সুদূর ওয়েস্ট ইন্ডিজে থেকেই বাঙালির স্বপ্নজয়ের উৎসবে শামিল হয়েছেন বাংলাদেশী টাইগাররা।

দুই টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন অবস্থান করছে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে। তবে দেশের এমন আনন্দমুখর মুহূর্তে বিদেশ বিভুঁইয়ে বসেই উদ্‌যাপন করেছে ক্রিকেটাররা। কেক কেটে পদ্মা সেতুর উদ্বোধন উদ্‌যাপন করেছে সাকিব-তামিমরা।

বিশ্ব দরবারে পদ্মা সেতুর গৌরবকে উঁচিয়ে ধরতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টেস্ট সিরিজটির নামকরণ করা হয় পদ্মা সেতুর নামে। সিরিজের আনুষ্ঠানিক নাম ‘পদ্মা ব্রিজ ড্রিম ফুলফিলড ফ্রেন্ডশিপ টেস্ট সিরিজ প্রেজেন্টেড বাই ওয়ালটন। এছাড়া সিরিজের অফিশিয়াল লোগোতে স্থান পেয়েছে পদ্মা সেতু। ক্রিকেট বলের ওপর পদ্মা সেতুর ছবি।

তারকাদের মনেও আনন্দের বাঁধ ভেঙেছে পদ্মা সেতু

বিনোদন ডেস্কঃ উদ্বোধন হলো স্বপ্নের পদ্মা সেতুর। আর এই পদ্মা সেতু নিয়ে গর্বিত ও বাঁধ ভাঙা আনন্দ বিরাজ করছে তারকাদের মধ্যেও। পদ্মা সেতু নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে একাধিক গান। সিনেমাও নির্মিত হয়েছে বহুল কাঙ্ক্ষিত এ সেতুটিকে নিয়ে। দেশের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছেন শোবিজ তারকারা।

চিত্রনায়িকা নিপুন আক্তার বলেন, পদ্মা সেতু আমাদের আত্মমর্যাদা, আমাদের অহংকার। শত বাঁধা, ষড়যন্ত্র অতিক্রম করে পদ্মা সেতু আজকে চালু হলো। এটি শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই সম্ভব হয়েছে। ধন্যবাদ প্রধানমন্ত্রী আপনাকে।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সহ-সাধারণ সম্পাদক সাইমন সাদিক বলেন, পদ্মা সেতু সারা বাংলাদেশের মানুষকে এক করেছে। আমরা বিশ্বাস করি, বাঙালি জাতি চাইলে অনেক কিছু করতে পারে। আমরা আবারও প্রমাণ করেছি আমাদের সক্ষমতা কতটা। নিজেদের অর্থায়নে পদ্মা সেতু করে তা বুঝিয়ে দিয়েছি। শুভ কামনা।

অভিনেতা ও নির্মাতা মীর সাব্বির বলেন, পদ্মা সেতুর সুবাদে বাংলাদেশের নাটক-চলচ্চিত্র এখন আর আগের মতো ঢাকাকেন্দ্রিক থাকবে না। দুটি শিল্পেরই পরিসর আরো বড় হবে। তাতে আমরা যেমন উপকৃত হবো, তেমনি যারা আমাদের কাজ দেখেন, সেই দর্শকদের মধ্যেও এটি চমৎকারভাবে ছড়িয়ে যাবে।

সংগীতশিল্পী প্রতীক হাসান বলেন, পদ্মা সেতুর সুবাদে কনসার্টের সংখ্যা বাড়বে। যোগাযোগ ব্যবস্থা এখন অনেক ভালো। দক্ষিণবঙ্গে অনেকে গানের অনুষ্ঠান আয়োজন করছে। আজ (২৫ জুন) থেকে পদ্মার ওপারে আমার কয়েকটি কনসার্ট শুরু হবে। মাদারীপুরের শিবচর থেকে শুরু করবো। তারপর খুলনায় শো আছে। বলা যায়, পদ্মা সেতু সংগীতশিল্পীদের জন্য একটি নতুন ডানা।

এদিকে, পদ্মা সেতু নিয়ে সমালোচনা না করার আহ্বান করেছেন ওমর সানী। ওমর সানী পুরো পরিবারের সঙ্গে পদ্মা সেতুর একটি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় জানান, আমার বাড়ি বরিশাল গৌরনদী, জন্ম কালিগঞ্জ জিনজিরা ঢাকা, শশুরবাড়ি সাতক্ষীরা খুলনা। আলহামদুলিল্লাহ পদ্মা সেতু আমার লাগবে আপনার লাগবে, আমাদের গর্বের পদ্মা সেতু, আমাদের প্রথম অর্জন স্বাধীনতা, আর দ্বিতীয় অর্জন পদ্মা সেতু, সমালোচনা নয় আসুন আমরা এক মুখে বলি আমাদের পদ্মা সেতু।

এ ছাড়া চিত্রনায়িকা শাবনূর, ইয়ামিন হক ববি থেকে শুরু করে শোবিজ জগতের বিভিন্ন সংগীতশিল্পীও পদ্মা সেতুর উদ্বোধন নিয়ে বিভিন্ন শুভেচ্ছাবার্তা দিয়েছেন।

 

মৌলভীবাজার খাদ্য গুদামে বন্যার পানির হানা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছু এলাকায় বন্যার পানি কমছে, আবার কিছু এলাকায় বাড়ছে। সদর উপজেলার শেরপুরে অবস্থিত খাদ্য গুদামে বন্যার পানি প্রবেশ করেছে। এতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর মজুদ রাখা ডাল, চিনি ও তেল অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানায়, উজানে বৃষ্টি না হওয়ায় মৌলভীবাজারে কুশিয়ারা ও মনু নদীর পানি কিছুটা কমলেও দুর্ভোগ বেড়েছে বানভাসি মানুষের। অধিকাংশ আশ্রয় কেন্দ্রের নিচতলায় টিউবওয়েল ও স্যানিটেশন ব্যবস্থা থাকায় তা পানিতে তলিয়ে গেছে। গৃহপালিত পশু নিয়ে চরম বিপাকে রয়েছে বানভাসি মানুষ। আশ্রয় কেন্দ্রগুলোতে ত্রাণ হিসেবে চাল দেওয়া হলেও তা রান্না করে খাওয়ার ব্যবস্থা নেই।

মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক জ্যোতি বিকাশ ত্রিপুরা জানান, শেরপুরে তাদের দুটি খাদ্য গুদাম রয়েছে। সেগুলো টিসিবি পন্য হিসেবে ব্যবহার করছে।

টিসিবির আঞ্চলিক কর্মকর্তা ইসমাইল মজুমদার জানান, গুদামে ৫৬৬ টন ডাল, ৩২০ টন চিনি ও ৬৫ হাজার লিটার তেল মজুত ছিল। গুদামে পানি প্রবেশ করায় গুদাম থেকে এসব পণ্য কুমিল্লা, চট্টগ্রাম ও ঢাকায় পাঠানো হচ্ছে। বন্যার পানি উঠায় গুদামে রাখা ডাল ও চিনির নিচের একটি স্তর ক্ষতি হয়েছে। তবে কী পরিমাণ ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

জেলা প্রশাসক মীর নাহিদ আহসান জানান, ইতোমধ্যে বন্যাকবলিত এলাকায় ১০১টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এ পর্যন্ত আশ্রয় কেন্দ্রে ২৫ হাজার মানুষ আশ্রয় নিয়েছেন। বন্যার্তদের জন্য জেলায় ২০ লাখ বরাদ্দকৃত টাকা বিতরণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। ৪১০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া ৫ হাজার ৫০০ প্যাকেট শুকনো খাবার পাঠানো হয়েছে। বন্যা কবলিত এলাকায় এসব বন্টন করা হচ্ছে।

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভাগ্নের কিলঘুষিতে মামা নিহত, আটক-২

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমির সীমানা নিয়ে বিরোধের জেরে ভাগ্নের কিলঘুষিতে মামা মজির উল্যাহ (৬২) মারা গেছেন। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনার পর মামলা হলে শুক্রবার সকালে ভাগ্নে আসাদুল ইসলাম (৪৩) ও তার পূত্র আল আমিন (২১) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে মামা মজির উল্যাহর মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে এবং দুপুরে গ্রেফতারকৃত আসাদুল ও আল আমিনকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ ।

মামলা সূত্রে জানা যায়, মজির উল্ল্যাহ ও তার প্রতিবেশী আসাদুল ইসলাম দু্র্সম্পর্কের মামা-ভাগ্নে। দুজনের বাড়ী সংলগ্ন একটি জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন বৃহস্পতিবার বিকালে ভাগ্নে আসাদুল ইসলামের জমির সীমানার মধ্যে অবস্থিত একটি কাঁঠাল গাছের ডাল মামা মজির উল্ল্যাহর রান্না ঘরের চালের উপর পরে। সেটি নিয়ে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে আসাদুল ও তার ছেলে আল-আমিন মামা মজির উল্ল্যাহ কে কিল ঘুষি দিলে তিনি মাটিতে লুটিয়ে পরেন এবং ঘটনাস্থলেই  তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল শেষে মরদেহ উদ্ধার করে নাগেশ্বরী থানায় নিয়ে আসে। এদিকে বৃহস্পতিবার রাতে নিহতের ছেলে আহসান হাবিব বাদী হয়ে আসাদুল, তার মা আছমা (৫৯), স্ত্রী আর্জিনা খাতুন (৩৪) ও ছেলে আল-আমিনকে আসামী করে নাগেশ্বরী থানায় হত্যা মামলা দায়ের করেন।

নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) তামবীরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে পরিবার থেকে মামলা হলে অভিযুক্ত আসাদুল ও আল-আমিনকে গ্রেপ্তার করা হয় । শুক্রবার সকালে মরদেহ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে এবং গ্রেফতারকৃত আসামীদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।

বন্যাদুর্গত পাঁচ শতাধিক পরিবারের মাঝে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের ত্রাণ বিতরণ

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বন্যা উপদ্রুত এলাকায় ৫ শতাধিক পরিবারের মাঝে চাল,ডাল,আলু ও শিশু খাদ্য সুজি, চিনি, শেমাই, বিস্কুট, নুডুলস ত্রাণ হিসাবে বিতরণ করেছে ফুলবাড়ী উপজেলা প্রশাসন।

শুক্রবার সকালে উপজেলার শিমুলবাড়ী ও ভাঙ্গামোড় ইউনিয়নের বন্যা কবলিত খোঁচাবাড়ী, যতিন্দ্র নারায়ণ ও সোনাইকাজী এলাকার প্রত্যেক পরিবারের জন্য ১০ কেজি চাল, ১ কেজি আলু, আধা কেজি ডাল, আধা কেজি চিনি, ১ প্যাকেট বিস্কুট,  ১ প্যাকেট নুডুলস, ১ প্যাকেট শেমাই ও সুজি বিতরণ করেন ফুলবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।

এ সময় উপজেলা ত্রাণ,পুনর্বাসন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ভাঙ্গামোড় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান  শরিফুল আলম মিয়া সোহেল, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন সহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।

অভিমানে কীটনাশক পানে কিশোরের মৃত্যু

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় বাবার বিরুদ্ধে মায়ের যৌতুক দাবি ও নারী নির্যাতন মামলার জের ধরে কিশোর ছেলে আবু বক্কর সিদ্দিক ছাদিক (১৫) শুক্রবার (২৪ জুন) ভোররাতে বিষপানে আত্মহত্যা করেছে। শুক্রবার দুপুরে পুলিশ ওই কিশোরের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। ঘটনার পর থেকে মা শেফা বেগম গা ঢাকা দিয়েছে।

এলাকাবাসী, কিশোরের পিতা ও মামা রুবেল আহমদের দেয়া তথ্যমতে, উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউপি’র সোয়ারারতল বিরাশি গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী শেফা বেগম পারিবারিক কলহের জের ধরে ৩ সন্তান নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে বাবার বাড়িতে বসবাস করছেন। ইতোপূর্বে শেফা বেগম স্বামীর বিরুদ্ধে আদালতে যৌতুক দাবি ও নারী নির্যাতন মামলা দায়ের করেন। ওই মামলায় গত বুধবার নাজিম উদ্দিন আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। তাদের বড় ছেলে আবু বক্কর সিদ্দিক ছাদিক আদালতে দাঁড়িয়ে বাবার পক্ষে সাক্ষ্য দেওয়ায় আদালত নাজিম উদ্দিনের জামিন মঞ্জুর করেন। এ ঘটনায় মা শেফা বেগম ছেলেকে বকাঝকা করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার হুমকি দেন। এতে অভিমান করে কিশোর ছেলে ছাদিক শুক্রবার ভোররাতে কীটনাশক পান করে। রাত আড়াইটার দিকে সে মারা যায়।

শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মাসুক আহমদ জানান, খবর পেয়ে শুক্রবার সকালে নিহতের লাশ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। দুপুরে লাশটি ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছেন। প্রাথমিকভাবে বিষপানে আত্মহত্যা বলেই মনে হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য বা কারণ জানা যাবে বলে জানান তিনি।

সিলেটের মাজার শরীফের টাকা কই?

৩৬০ আউলিয়ার দেশ সিলেট। সিলেটের সবগুলো মাজারে যে পরিমান টাকা উঠে আমার মনে হয়না আলাদা কোন সাহায্যের প্রয়োজন পড়ে। ৩৬০টি মাজার থেকে ৩৬০ টাকা কি বের হইছে? হযরত শাহজালাল (র.) দরগার ১টা ডেগের টাকা দিয়ে মিনিমাম ৫০০ মানুষকে খাওয়ানো সম্ভব, মাজারের পাতিলে কেন রান্না হচ্ছে না?

হযরত শাহজালাল (র.), তিনি তো এই পাতিল দিয়ে মানুষকেই খাওয়াতেন, সিলেটের এমন বিপদে মাজার কর্তৃপক্ষ কেন এখন রান্না করে ত্রান দিচ্ছে না? টাকার ডেগ আছে তিনটা! মাজারের টাকার ডেগের কোটি কোটি টাকা কই? এত দান খয়রাতের টাকা কি কবরের নীচে গিয়ে জমা হচ্ছে নাকি অলৌকিক ভাবে হাওয়া হয়ে যাচ্ছে ? এখনই যথার্থ সময় টাকাগুলো যথার্থ ভাবে কাজে লাগানোর! সবগুলো মাজারের টাকা বাজেয়াপ্ত করে বন্যার্তদের সহায়তা করা হোক।

বর্তমান পরিস্থিতি তে সিলেটের সকল মাজারের  হিসাব নিকাশ জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে নিয়ে আসা উচিত।

সাকিব আল হাসান রুবেল

গণমাধ্যম কর্মী, রৌমারী- কুড়িগ্রাম।

[বি.দ্রঃ মুক্তমত বিভাগে প্রকাশিত লেখার বিষয়, মতামত, মন্তব্য লেখকের একান্ত নিজস্ব। লেখকের মতামত, বক্তব্যের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় গ্রহণ করে না ও এর জন্য সম্পাদক কোনভাবে দায়ী নন। ]

কুড়িগ্রামে মু‌ক্তিযোদ্ধাকে হত্যার দায়ে ৬ জেএম‌বি’র মত্যুদন্ড

অলিউর রহমান নয়ন, কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ধর্মান্তরিত বীর মুক্তিযোদ্ধা হোসেন আলী হত্যা মামলায় ৬ জেএম‌বি সদস্যকে ফাঁ‌সি‌তে ঝু‌লি‌য়ে মৃত্যুদ‌ন্ডের আ‌দেশ দিয়ে‌ছেন আদালত। একই হত‌্যাকা‌ন্ডে দা‌য়েরকৃত বি‌স্ফোরক মামলায় তিন জেএম‌বি সদস‌্যকে যাবজ্জীবন সশ্রম কারাদ‌ন্ডের আ‌দেশ দেন আদালত। বৃহস্প‌তিবার (২৩ জুন) দুপু‌রে কু‌ড়িগ্রাম জেলা ও দায়রা জজ আদাল‌তের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান এ রায় ঘোষণা করেন। ২০১৬ সালে সংঘটিত এ হত্যাকান্ডে একটি হত্যা মামলা এ রায় ঘোষণা ক‌রেন বিচারক।

পাবলিক প্রসিকিউটর (পিপি) এসএম আব্রাহাম লিংকন এ তথ্য নিশ্চিত করে জানান, ‘রাষ্ট্রকে অস্থিতিশীল করার উদ্দেশে সম্পুর্ণ পরিকল্পিতভাবে এ হত্যাকান্ড সংঘটিত করা হয়েছে। আন্তর্জাতিক অঙ্গনে রাষ্ট্রকে সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার অপপ্রয়াসে এই খুন করা হয়েছে। এটা কোনও সাধারণ খুন নয়। একটা রাজনৈতিক উদ্দেশে এ খুন করা হয়েছে। আসামিরা আদালতে দেওয়া তাদের জবানবন্দিতে সেটা স্বীকারও করেছে। এই রা‌য়ে ন‌্যায় বিচার প্রতিষ্ঠার পাশাপা‌শি এ ধর‌ণের অপরাধ দম‌নে কার্যকর ভূ‌মিকা রাখ‌বে।

উল্লেখ্য, ২০১৬ সালের ২২ মার্চ কুড়িগ্রাম শহরের কৃষ্ণপুর গাড়িয়াল পাড়ার কাছে গড়ের পার এলাকায় প্রাতভ্রমণে বের হন ওই এলাকার বাসিন্দা ধর্মান্তরিত মুক্তিযোদ্ধা হোসেন আলী। সকাল পৌনে ৭ টার দিকে ওই এলাকার আশরাফিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরে পাকা রাস্তার ওপর হোসেন আলীকে কুপিয়ে হত্যা করে জেএমবি সদস্যরা। স্থানীয় কয়েকজন ব্যাক্তি তাদের আটকের চেষ্টা করলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হত্যাকারীরা। ওই দিনই অজ্ঞাত দুষ্কৃতিকারীদের আসামি করে কুড়িগ্রাম সদর থানায় মামলা করেন নিহত মক্তিযোদ্ধার একমাত্র ছেলে রুহুল আমিন আজাদ।

বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশন শ্রীমঙ্গল এর পক্ষ থেকে সুনামগঞ্জ ত্রান বিতরন

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের পক্ষ থেকে গতকাল ২৪জূন শুক্রবার শ্রীমঙ্গল থেকে সুনামগঞ্জে পৌঁছান। সম্মিলিত প্রচেষ্টায় মধ্যে ছিলেন সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিকলীগ মৌলভীবাজার জেলা শাখার বর্তমান সাধারন সম্পাদক আলহাজ্ব জাকারিয়া আহমদ, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের বালিশিরা পশ্চিমাঞ্চলের সভাপতি সুরঞ্জিত দাশ, বিটিইএসএ কোষাধ্যক্ষ আমিনুর রহমান, বিটিইএসএ লংলা অঞ্চলের সভাপতি কংকন ভট্টাচার্য, বিটিইএসএর সাবেক প্রচার সম্পাদক আলমগীর শাওন জুড়ি অঞ্চলের সাবেক সভাপতি আহমেদ হাসান, মাইজদি চা বাগানের প্রধান করনিক শেখ কাউছার প্রমুখ।

বন্যায় ক্ষতিগ্রস্ত বানভাসি মানুষের পাশে দাঁড়াতে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার ৭নং জগদল ইউনিয়নের পূর্ব রাজনাও,পশ্চিম  রাজনাও ও সিংহনাগ গ্রামের ৫০০ পরিবারের মধ্যে চাল, ডাল, তৈল, লবন, আলু, পিয়াজ, পানি বিশুদ্ধকরন ট্যাবলেট, ওরস্যালাইন, খাবার পানি ও রান্না করা খিচুড়ি পরিবেশন করেন ভানভাসি অসহায় মানুষের মাঝে বিতরণ করেন এবং সময় হলে আবার ফিরে আসবো আপনাদের মাঝে দোয়া ও শুভকামনা রইল আপনাদের সকলের জন্য।

ভাইয়ের হাতে ভাই খুন

মোঃ খোরশেদ আলম, কুমিল্লা জেলা প্রতিনিধিঃ কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলার ভিংলাবাড়ী পৌর এলাকা জমিসংক্রান্ত বিরোধের জেরধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। বৃহস্পতিবার (২৩ জুন) বিকেল ৩টার দিকে উপজেলার ভিংলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম জাহাঙ্গীর আলম (৩২)।

নিহত এর স্বজন ও স্থানীয়দের বরাতে জানা যায়, জমি নিয়ে দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর আলমের সঙ্গে তার ছোট ভাই আলমগীর হোসেনের মনোমালিন্য চলছিল। এরই মধ্যে তাদের পারিবারিক সম্পত্তিভাগাভাগিও করা হয়। বৃহস্পতিবার সকালে বাড়ির সীমানায় দেয়াল উঠানোকে কেন্দ্র করে দুই ভাইয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বড় ভাই আলমগীর হোসেন উত্তেজিত হয়ে ছোট ভাই জাহাঙ্গীর আলমের পেটে ছুরিকাঘাত করেন। পরে প্রতিবেশীরা জাহাঙ্গীরকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি)কমল কৃষ্ণ ধর বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যা সংঘটিত হয়েছে। এর বাইরে কোনো বিষয় আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে আলমগীর হোসেন পলাতক। তাকে আটকের চেষ্টা চলছে।