বন্যাদুর্গত মানুষের খাদ্যসহ সব কিছু সরবরাহ করবে সরকার: পরিবেশ মন্ত্রী

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, সরকার বন্যা কবলিত মানুষের জন্য প্রয়োজনীয় সবকিছু করছে। এ সরকার বন্যাসহ যেকোনো দুর্যোগে অসহায় মানুষের পাশে আছে এবং থাকবে। যতদিন বন্যা থাকবে ততদিন খাদ্যসহ প্রয়োজনীয় সবকিছুর সরবরাহ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটে এসেছিলেন এবং ঘোষণা করেছেন বন্যা কবলিত মানুষের জন্য যা যা প্রয়োজন সবকিছু তিনি করবেন। সরকারের পাশাপাশি বাংলাদেশ আওয়ামী লীগ ও এর সকল অঙ্গসংগঠন আপনাদের পাশে আছে এবং থাকবে।

বুধবার (২২জুন) জুড়ী উপজেলার বন্যাকবলিত বিভিন্ন স্থান পরিদর্শন এবং বানভাসি অসহায় মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণকালে এসব কথা বলেন। জুড়ী উপজেলা নির্বাহী অফিসার সোনিয়া সুলতানা এবং উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাশ প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

পরিবেশমন্ত্রী বলেন, আমাদের দেশ বন্যাপ্রবণ এলাকা তাই আমাদের এধরনের দুর্যোগের জন্য প্রস্তুত থাকতে হবে। মৌলভীবাজারে বন্যা আরো কয়েকদিন চলমান থাকতে পারে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, বেশি বন্যা হলে বিদ্যুৎ স্টেশন তলিয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়, ফলে দিয়াশলাই, টর্চলাইট, মোমবাতিসহ প্রয়োজনীয় উপকরণ প্রস্তুত রাখতে হবে। আত্মবিশ্বাস ও মনের জোর রাখতে হবে। যেকোনো প্রয়োজনে উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ দলীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করতে হবে।

উল্লেখ্য, আজ পরিবেশ মন্ত্রী জুড়ী উপজেলার বন্যাকবলিত ৮ শত ৫০ টি  বানভাসি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পানিবিশুদ্ধকরণ ট্যাবলেট সহ আনুষাঙ্গিক জিনিষপত্র সংবলিত ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর পূর্বে মন্ত্রী বড়লেখা পৌরসভা মিলনায়তনে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করেন।

ফুলবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে আওয়ামীলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে বর্নাঢ্য আয়োজনে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে  বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বর্ণাঢ্য রেলি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে কাচারী মাঠের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখের সভাপতিত্বে সভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) নুরুল হুদা দুলাল, সাংগঠনিক সম্পাদক ও ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, কুড়িগ্রাম জেলা পরিষদের সদস্য ও সাবেক ছাত্রনেতা আহাম্মদ আলী পোদ্দার রতন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ, ফুলবাড়ী সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশিদ, শিমুলবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান এজাহার আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল প্রমুখ বক্তব্য রাখেন।

আশ্রয় কেন্দ্রে নবজাতকের নাম দিলো ‘প্লাবন’

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: ভারী বর্ষণ আর উজানের পানিতে ডুবেছে মৌলভীবাজারের জুড়ী উপজেলার বসতবাড়ি। এ অবস্থায় বন্যাদুর্গত মানুষ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন। এর মধ্যে শনিবার (১৯ জুন) জুড়ী মডেল উচ্চ বিদ্যালয় আশ্রয় কেন্দ্রে ওঠেন প্রসূতি আলেখা বেগমসহ (৩৫) পরিবারের অন্য সদস্যরা। পরে বুধবার (২২ জুন) আলেখার কোল জুড়ে আসে ফুটফুটে শিশু সন্তান। নবজাতকের নাম রাখা হয়েছে “প্লাবন”।

খোঁজ নিয়ে জানা যায়, আলেখাদের বাড়ি জুড়ী উপজেলার সদর জায়ফরনগর ইউনিয়নের সোনাপুর গ্রামে। তার স্বামী সোহেল মিয়া ভাড়ায় ব্যাটারিচালিত অটোরিকশা চালান। তাদের আরও এক ছেলে ও দুই মেয়ে আছে।

আলেখার স্বামী সোহেল মিয়া বলেন, সোমবার দিবাগত রাত পৌঁনে ২টার দিকে স্ত্রী প্রথমবার প্রসবব্যথা অনুভব করেন। পরে জুড়ী থানা-পুলিশের সহযোগিতায় দ্রুত তাকে পুলিশের ভ্যানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। কিন্তু বিদ্যুৎ, পানি, নার্স না থাকার কথা বলে রোগীকে পাশের উপজেলা কুলাউড়ায় অথবা বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যেতে বলেন সেখানকার দায়িত্বরত এক চিকিৎসক। তবে বন্যার পানিতে সড়ক তলিয়ে যাওয়ায় কুলাউড়া অথবা বড়লেখায় যাওয়া সম্ভব ছিল না। এছাড়া গভীর রাত হওয়ায় বিভিন্ন স্থানে যোগাযোগ করেও কোনও গাড়ির ব্যবস্থা করতে পারিনি। তেলসংকটে হাসপাতালের অ্যাম্বুলেন্সও বিকল হয়ে পড়ে আছে বলে জানান স্বাস্থ্য কমপ্লেক্সের লোকজন। নানা দুশ্চিন্তায় সেখানেই রাত কাটে। এ অবস্থায় পরদিন মঙ্গলবার সকালে আশ্রয়কেন্দ্রে ফিরে আসি।

তিনি আরও বলেন, আশ্রয়কেন্দ্রে আসার পর ছালেহা বেগম নামের পরিচিত এক ধাত্রীর সঙ্গে যোগাযোগ করি। তার সহযোগিতায় আলেখা সন্তান জন্ম দেয়। দুর্যোগ সময়ে সরকারি হাসপাতালে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হওয়ার দুঃখ ভোলার নয় বলে জানান তিনি।

পরে বিকালে উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ বলেন, খবর পেয়ে নবজাতক ও প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে। তারা উভয়ই সুস্থ আছেন। প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে। পরিবেশ মন্ত্রীও নবজাতকের খোঁজ নিয়েছেন। আমরাও খোঁজ রাখছি।

তিনি আরও বলেন, চিকিৎসা সেবা না পাওয়ার বিষয়ে প্রসূতির স্বজনদের অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কেন গাফলাতি হল- এ নিয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। জায়ফর নগর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হাজী মাসুম রেজা বলেন, শুনেছি আশ্রয় কেন্দ্রে নবজাতকের জন্ম হয়েছে। পানি কমলে দেখতে যাবো।

নবাবগঞ্জে আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে নানা আয়োজনে  বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে নবাবগঞ্জের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ সময় উপজেলা আওয়ামীগের সহ সভাপতি ডাঃ মোশারফ হোসেন, সাদেকুল ইসলাম, মোজাম্মেল হক,উপজেলা আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান মানিক, হাফিজুর ইসলাম, সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক, সায়েম সবুজ, শাহ আলম, যুবলীগের যুগ্ম আহ্বায়ক দিলীপ কুমার ঘোষ, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক আবুল বাশার সবুজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শাহিনুর রহমান সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুজ্জামান জনি, সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা  উপস্থিত ছিলেন।

পরে আলোচনা সভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু সহ দেশের সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

কুলাউড়ায় রেললাইনের ওপরে পানি, বন্ধ হবার আশংকা

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়ার বরমচাল ইউনিয়নের ফানাই-আনফানাই নদী এলাকায় ফানাই ব্রিজের মধ্যবর্তী স্থানে রেললাইনে বন্যার পানি উঠেছে। এছাড়াও কুলাউড়া শহরতলী এলাকার আশপাশেও কয়েকটি স্থানে পানি উঠতে শুরু করেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বরমচালের ফানাই-আনফানাই নদীর মধ্যবর্তী এলাকার ওই স্থানের প্রায় ২শ’ ফুট রেললাইনে সোমবার বিকেল থেকে পানি উঠতে শুরু করে। এখন সময় যতই যাচ্ছে ততই বাড়ছে পানি। ধীরে ধীরে ডুবে যাচ্ছে ওই স্থানের রেললাইন। রেললাইন পানিতে তলিয়ে যাওয়ায় এখন গতি কমিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। তবে পানি বাড়তে থাকলে সারাদেশের সাথে সিলেট অঞ্চলের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঝুঁকিতে পড়ার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্টরা।

গেল কয়েক দিন থেকে টানা ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে হাকালুকি হাওরের তীরবর্তী কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার অধিকাংশ এলাকা বন্যায় প্লাবিত হয়েছে। কম বেশি বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এখনো অব্যাহত থাকায় নতুন নতুন এলাকার ঘরবাড়িতে উঠছে পানি। প্লাবিত হচ্ছে বিভিন্ন এলাকা। বৃদ্ধি পাচ্ছে হাওরের পানি। এমতাবস্থায় রেললাইনের ওই স্থানসহ কুলাউড়ার বিভিন্ন স্থানের রেললাইনে পানি উঠায় নতুন করে দুশ্চিন্তায় ফেলছে স্থানীয় বাসিন্দাসহ রেলযাত্রী ও সংশ্লিষ্টদের।

বরমচাল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য মো. সাজ্জাদ আলী সাজু ও মিজানুর রশিদ সুমন জানান, ফানাই-আনফানাই নদী এলাকায় ওই স্থানটিতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। মঙ্গলবারের তুলনায় পানি বুধবার দুপুর পর্যন্ত অনেক বৃদ্ধি পেয়েছে। তারা বলেন, এভাবে পানি বৃদ্ধি অব্যাহত থাকলে ওই স্থানটি দিয়ে ট্রেন চলাচল ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।

কুলাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সহকারী স্টেশন মাস্টার হরিপদ সরকার জানান, গেল ৩ দিন থেকে ওই স্থানটিতে বন্যার পানি বৃদ্ধি পাচ্ছে। ওই স্থানে রেল লাইনের ১ ইঞ্চি উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানির স্রোত কম থাকায় গতি কমিয়ে ট্রেন চলাচল অব্যাহত রয়েছে। তবে আর পানি কিংবা স্রোত বাড়লে ট্রেন চলাচল অব্যাহত রাখা যাবে কিনা তা আশঙ্কা রয়েছে।

তিনি জানান, রেলওয়ের প্রকৌশল বিভাগের সংশ্লিষ্টরা জায়গাটি পরিদর্শন করেছেন। তাদের পরামর্শনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। তবে গেল কয়েক দিনের পাহাড়ি ঢল ও অতিবৃষ্টি কারণে কুলাউড়া থেকে শমশেরনগর ও কুলাউড়া থেকে মাইজগাঁও পর্যন্ত গতি কমিয়ে ট্রেন চলাচলের নির্দেশনা দেয়া হয়েছে সংশ্লিষ্টরা।

রাণীশংকৈল বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা অনুষ্ঠিত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (বালক-বালিকা) ফুটবল টুর্নামেন্টের চুড়ান্ত খেলা বৃহস্পতিবার (২৩ জুন) বিকালে পৌরশহরের শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত টুর্নামেন্টেের চুড়ান্ত ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইসচেয়ারম্যান শেফালি বেগম, উপজেলা পৌর আ.লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার রাহিমউদ্দিন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মঞ্জুরুল আলম, সীমান্ত বসাক, জাহিদ হোসেন প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ছাত্র-ছাত্রী,কর্মকর্তা, সামাজিক-রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়ামোদী দর্শক ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন৷ চুড়ান্ত খেলার ফলাফলে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে পূর্ব বলদানী সপ্রাবিকে টাইব্রকারে ৩-০ গোলে হারিয়ে বাকসা সুন্দরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন অপরদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রাউতনগর সপ্রাবিকে ১-০ গোলে হারিয়ে মীরডাংগী সরকারি প্রাথমিক বিদ্যালয় বিজয়ী হন ৷ পরে দুই বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নবাবগঞ্জে বাড়ির পাশ্বে ঘুরতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় প্রাণ গেল শিশুর

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে পিকআপ ভ্যানের চাপায় ফাহিম (৬ বছর) নামের এক শিশু নিহত হয়েছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার শাল্টিমুরাদপুর গ্রামের জঙ্গলপাড়া নামকস্থানে এই দুর্ঘটনা ঘটে।নিহত শিশু ফাহিম শাল্টিমুরাদপুর গ্রামের ফরিদুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান,বাড়ির পাশে রাস্তায়  ঘুরতে গিয়েছিল ওই শিশু।এসময় দ্রুতগামী একটি পিকআপ ভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই ফাহিম মারা যায়।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন,পরিবারের কোন অভিযোগ না থাকায় শিশুটির লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিষধর শঙ্খিনী অক্ষত অবস্থায় উদ্ধার করে অবমুক্ত

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বুধবার রাত ৯ টায় দিকে ভাড়াউড়া চা বাগানের বাসিন্দা রঞ্জিতের মাধ্যমে টিম SEW এর কাছে খবর আসে যে উপজেলার ভাড়াউড়া বাগানের ৮ নম্বর লাইনে সঞ্জিত কাহারের ঘরের ভিতর শঙ্খিনী সাপ ঢুকে পড়েছে এবং বাড়ির মানুষ সাপটি মারার চেষ্টা করছে। SEW টিম তাৎক্ষণিক সক্রিয় ভূমিকা পালন করে ঘটনাস্থলে উপস্থিত হয়।

<<<ভিডিও দেখুন>>>

এদিকে এরমধ্যেই টিম SEW এর দিক নির্দেশনায় স্থানীয় সাপ উদ্ধারকর্মী মনিরাজকে নিয়ে সাপটিকে উদ্ধার করা হয় রঞ্জিত কাহার থেকে।গত রাতেই অক্ষত অবস্থায় উদ্ধার করে শঙ্খিনী সাপটিকে চা বাগানের জংগলের মধ্যে ততখনাৎ নিরাপদ স্থানে অবমুক্ত করা হয়।

শঙ্খিনী সাপ প্রানঘাতী তীব্র বিষধর হলেও এদের কামড় দেওয়ার তেমন কোন তথ্য প্রায় নেই বললেই চলে। এরা সহজে কাউকে কামড় দেয়না৷ অত্যন্ত নিরীহ এবং উপকারী সাপ অন্যান্য সাপ খেয়ে জীবন ধারন করে। SEW সংগঠনটি জীববৈচিত্র্য ও প্রানী রক্ষার কাজে দুর দূরান্তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। SEW মূখপাত্র খোকন তানজুম বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় বেঁচে থাক সকল বন্যপ্রাণী।

রাজনগরে পানিবন্দি ৩০ হাজার মানুষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের রাজনগরে গত এক সপ্তাহ ধরে কুশিয়ারা পাড়ের প্রায় ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। গত ১৬ জুন উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও কুশিয়ারা নদীর পানি উপচে ফেঁপে এসব এলাকা প্লাবিত হয়। এতে উপজেলার উত্তরভাগ ও ফতেহপুর ইউনিয়নের ২৮টি গ্রামের এসব মানুষ পানিবন্দি হয়ে পড়েন। উপজেলার মনু নদের পানি কিছুটা হ্রাস পাওয়ায় কয়েকেটি গ্রাম আশংকা মুক্ত হলেও কুশিয়ারা নদীর পানি অব্যাহত ভাবে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে কুশিয়ারার আব্দুল্লাহপুর সহ বিভিন্ন স্থানে ভাঙনের আশংকা রয়েছে। ঝুঁকির মধ্যে রয়েছে সহস্রাধিক পরিবার। স্থানীয় প্রশাসন, সংসদ সদস্য, আওয়ামীলীগ সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন এসব এলাকার বন্যার্তদেও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বেশ কয়েকটি মেডিকেল টিম গঠন করে দুর্গত এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে।

সরেজমিনে ঘুরে ও স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ জুন রাজনগরের উত্তরাঞ্চলের উত্তরভাগ ও ফতেপুর ইউনিয়নের ২৮টি গ্রাম প্লাবিত হয়। কুশিয়ারা নদীর পানি উপচে বন্যা প্রতিরক্ষা বাঁধের বাহিরে নদী তীরবর্তী এসব গ্রামে পানি ঢুকে পড়ে। এতে পানিবন্দী হয়ে পড়ে ৩০ হাজার মানুষ। টানা ৭ দিনের বন্যায় এসব এলাকার মানুষের মধ্যে খাদ্য সংকট সহ দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগের প্রাদুর্ভাব।

এদিকে, অব্যাহত বন্যায় মানুষের বাড়িঘর ছাড়াও প্লাবিত হয়েছে ৯টি প্রাথমিক বিদ্যালয়, ২৫টি মসজিদ, ৫টি মন্দির, একাধিক কবরস্থান। দুর্গত ৪শ পরিবারের প্রায় ২হাজার মানুষকে ৮টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় দেয়া হয়েছে।

দুর্গত মানুষের জন্য বিভিন্ন খাদ্য সহায়তা, ঔষধ, স্যালাইন সহ বিভিন্ন ভাবে সহায়তা করছে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সামাজিক সংগঠন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ হতে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ৮টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৪’শ পরিবারের মধ্যে ৮’শ প্যাকেট শুকনা খাবার ও ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে।

দুর্গত মানুষের জন্য বিভিন্ন খাদ্য সহায়তা, ঔষধ, স্যালাইন সহ বিভিন্ন ভাবে সহায়তা করছে উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সামাজিক সংগঠন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ হতে খাদ্য সহায়তা দেয়া হচ্ছে। ৮টি আশ্রয় কেন্দ্রে এখন পর্যন্ত ৪’শ পরিবারের মধ্যে ৮’শ প্যাকেট শুকনা খাবার ও ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বন্যা নিরসন না হওয়া পর্যন্ত এ প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বাবলু সূত্রধর জানান, এ পর্যন্ত বন্যা দুর্গতদেও মাঝে ৮’শ প্যাকেট শুকনা খাবার ও ৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। বন্যার পানি না নামা পর্যন্ত খাদ্যসহ বিভিন্ন সহায়তা অব্যাহত থাকবে। জেলা প্রশাসক মীর নাহিদ আহসান দুর্গত এলাকা পরিদর্শন করেছেন এবং এব্যপারে সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছেন।

রাণীশংকৈলে বিদ্যুৎ শক লেগে গৃহবধূর মৃত্যু, শ্বাশুড়ি আহত

হুমায়ুন কবির, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার আমজুয়ান গ্রামে গত বৃহস্পতিবার ৯ জুন বিদ্যুতের শকে  রুমি আকতার (৩২) নামে গৃহবধু মারা গেছেন। রুমি ওই গ্রামের জালালউদ্দিনের স্ত্রী। রুমির শ্বাশুড়ি নূরজাহান বেগম গুরুতর আহত  হয়ে হাসপাতালে  চিকিৎসাধীন আছেন।

ঘটনার দিন সকাল ৯টার দিকে রুমি নিজ বাড়ির বারান্দায় দড়িতে কাপড় শুকাতে দিতে যান। ভিজা দড়ির সঙ্গে বিদ্যুৎতারের স্পর্শে রুমি তারের সঙ্গে লেগে যান।  রুমিকে তার  তার শ্বাশুড়ি  ছাড়াতে গেলে তিনিও বিদ্যুতের শকে ছিটকে পড়েন। এ পরিস্থিতিতে রুমির ভাসুর  দুলাল হোসেন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় রুমি পথে মারা যান। রুমি ২ মেয়ে ও ১ ছেলে রেখে গেছেন।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাহিদ ইকবালের কাছে জানতে চাইলে তিনি — রুমির মৃত্যুর বিষয়টির সত্যতা  নিশ্চিত করেছেন।