নবাবগঞ্জে ১১বোতল ফেনসিডিল সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

অলিউর রহমান মেরাজ, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর নির্দেশে নবাবগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলাকালে অত্র থানার সাব-ইন্সপেক্টর বিভূতি ভূষণ ব্রতী রায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাত্রি অনুমান ১ ঘটিকার সময় নবাবগঞ্জ থানার ৫ নং পুটিমারা  ইউনিয়নের বুজরুক হরিনা গ্রামের মোঃ সৈয়দ আলীর ছেলে মোঃ এরশাদুলকে (৩৬) তার নিজ বসতবাড়ি হইতে ১১বোতল ফেন্সিডিল সহ আটক করেন।

গ্রেপ্তারকৃত  আসামী একজন মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে আসামীর বসত বাড়িতে তল্লাশি চালিয়ে তার বসতবাড়ির দুই তলা বিশিষ্ট মাটির ঘরে দ্বিতীয় তলায় একটি প্লাস্টিকের ব্যাগে ১১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। আসামী মোঃ এরশাদুল নবাবগঞ্জ থানার পূর্বের একাধিক মামলার এজাহারভুক্ত আসামী।

গ্রেপ্তারকৃত আসামী ও জব্দকৃত মালামাল সহ থানায় হাজির হয়ে এসআই বিভূতি ভূষণ ব্রতী রায় এর অভিযোগের ভিত্তিতে নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ  নবাবগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করেন।

নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, গ্রেফতার কৃত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

কমলগঞ্জে রাজনৈতিক নেতৃবৃন্দের অপরাজিতাদের মতবিনিময়

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:  মৌলভীবাজারের কমলগঞ্জে রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বুধবার (২২ জুন) সকাল সাড়ে ১১ টায় উপজেলা বিআরডিবি হলরুমে সুইজারল্যান্ড এর অর্থায়নে হেলভেটাস এর সহযোগিতায় ও রূপান্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।

বেসরকারি উন্নয়ন সংস্থা প্রিপ ট্রাস্টের মৌলভীবাজার জেলা প্রকল্প সমন্বয়কারী মর্জিনা আক্তারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌর মেয়র  উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জুয়েল আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন লেখক গবেষক আহমেদ সিরাজ, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রফিক মিয়া, উপজেলা যুবদলের নেতা গোলাম রাব্বানী তৈমুর। রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ নাগরিক নেতা সুশীল সমাজ প্রতিনিধি সাংবাদিক ও বিভিন্ন নারী দলের সদস্য বৃন্দ । সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় অপরাজিতার ট্রেনিং অফিসার পরিমল চন্দ্র দেব, অমিয় বর্মন লিটন ডিসট্রিক্ট প্রজেক্ট অফিসার প্রিপট্রাস্ট অপরাজিতা মৌলভীবাজার।

নেত্রকোণায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উদ্যােগে বন্যা কবলিতদের মাঝে ত্রাণ বিতরণ

নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্রা উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যা কবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

জেলার বারহাট্টা উপজেলার বাউসি ইউনিয়নের চাঁনপুর, দেওপুর বাজার, হাটখলা, হাজীগন্জসহ বিভিন্ন  এলাকায় বন্যা কবলিত ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে শুকনো খাবার, প্রয়োজনীয় ঔষধ ও খাবার সেলাইন বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি ও বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ সারোয়ার মোর্শেদ আকন্দ জাস্টিস,বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের সভাপতি তায়েফুর রহমান রিয়াদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাংগঠনিক সম্পাদক মোঃ শেখ মেহেদী রুমী (জয়), (বাকৃবি) মোঃ মুশফিকুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ মেডিকেল কলেজ ছাত্রলীগ ডাঃ এ এইচ রফি, সহ-সভাপতি নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের মিল্টন কান্তি কর, সহ- সভাপতি নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের এস এম তৌফিক রিমন, নেত্রকোণা জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য প্রণব রায় রাজু, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য রাকেশ সরকার, জেলা স্বেচ্ছাসেবকলীগের সম্মানিত সদস্য জাহাঙ্গীর হোসেন,বারহাট্রা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহব্বায়ক রফিকুল ইসলাম আজাদ বকুলসহ জেলার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্তে ৬ আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৬ জন আরোহী নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২২ জুন) সন্ধ্যায় দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য ভার্জিনিয়ার লোগান কাউন্টিতে এ ঘটনা ঘটে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের (এফএএ) এক বিবৃতিতে বলা হয়, বিকেল ৫টার দিকে বেল ইউএইচ-ওয়ানবি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। এটি বিনোদন অথবা ভ্রমণের জন্য ব্যবহার হতো। দুর্ঘটনায় তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় প্রকাশ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিএনএনকে ডেপুটি ডিরেক্টর সোনিয়া পোর্টার বলেন, হেইউ নামে পরিচিত হেলিকপ্টারটি একটি গ্রামের সড়কে বিধ্বস্ত হয়েছে।

ম্যানেজমেন্ট অথরিটি অপারেশনের প্রধান রে ব্রায়ান্ট বলেন, ভিয়েতনাম যুদ্ধের সময়কার হেলিকপ্টারটি লোগান কাউন্টি বিমানবন্দরের বাইরে ছিল এবং পর্যটকদের জন্য ব্যবহার করা হচ্ছিল। তিনি আরো বলেন, দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হেলিকপ্টারটিতে আগুন জ্বলতে দেখেন এবং তারা পরে আগুন নেভানোর চেষ্টা করেন।

ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর জিম জাস্টিস এক টুইটবার্তায় বলেন, নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য প্রার্থনা করছি আমি।

 

তৃতীয়বারের মতো করোনায় আক্রান্ত বাহাউদ্দিন নাছিম

সিএনবিডি ডেস্কঃ তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা এবং সাবেক সভাপতি কৃষিবিদ আ ফ ম বাহাউদ্দিন নাছিম। বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ বাসায় আইসোলেশনে আছেন।

গতকাল বুধবার (২২ জুন) করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসলেও শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে তার। সেই সঙ্গে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাহাউদ্দিন নাছিম। এর আগে পর পর দুইবার করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। ইতিমধ্যে বুস্টার ডোজসহ করোনা টিকার মোট তিনটি ডোজও নিয়েছেন বাহাউদ্দিন নাছিম।

তবে গত কয়েক মাসে সাংগঠনিক নানা কার্যক্রমে ব্যস্ত সময় কাটিয়েছেন আওয়ামী লীগের খুলনা ও বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই যুগ্ম সাধারণ সম্পাদক। সবশেষ ১৮ জুন স্বরূপকাঠি উপজেলা আওয়ামী লীগের সম্মেলন শেষ করে পদ্মা সেতুর উদ্বোধনে আওয়ামী লীগের জনসভা সফল করতে ২০ জুন মাদারীপুরে বর্ধিত সভা করে ঢাকায় আসলে অসুস্থ হন তিনি। পরে কোভিডের উপসর্গ থাকায় পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

যোগাযোগ বিচ্ছিন্ন পানিবন্দি দেড় লাখ মানুষ

তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি: অতি বর্ষণ ও পাহাড়ি ঢলে হাকালুকি হাওড়ের পানি বৃদ্ধির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মৌলভীবাজার জেলার সীমান্ত ঘেঁষা উপজেলা জুড়ী ও বড়লেখা। যোগাযোগ বিচ্ছিন্ন জুড়ী ও বড়লেখা, দেড় লাখ মানুষ পানিবন্দি।

হাওড়ের পানিতে আঞ্চলিক মহাসড়কগুলোর একাধিক স্থান তলিয়ে থাকায় এ দুই উপজেলায় সঙ্গে স্বাভাবিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে। একই সঙ্গে হাওড়ের নিম্নাঞ্চলসহ পৌর এলাকা মিলে পানিবন্দি হয়ে পড়েছেন প্রায় দেড় লাখ মানুষ। বন্যায় খাদ্য সংকটে পড়েছেন বানভাসিরা। সেই সঙ্গে বিশুদ্ধ খাবার পানির সংকটও দেখা দিয়েছে।

বড়লেখা উপজেলার ১০ ইউনিয়নের প্রায় ২০০ গ্রাম প্লাবিত হয়েছে। এ অবস্থায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮ ইউনিয়ন ও একটি পৌরসভায় খোলা হয়েছে ৩৫টি বন্যা আশ্রয় কেন্দ্র। প্রায় ৪৫ কিলোমিটার পাকা সড়ক পানিতে নিমজ্জিত হয়েছে। বিশেষ করে হাকালুকি পারের তালিমপুর ইউনিয়নের বেশিরভাগ সড়ক পানির নিচে তলিয়ে গেছে। যোগাযোগের একমাত্র ভরসা এখন নৌকা। এছাড়া সুজানগর, বর্ণি, দাসেরবাজার, নিজবাহাদুরপুর, উত্তর শাহবাজপুর, দক্ষিণভাগ ইউনিয়নের নিম্নাঞ্চলের রাস্তা তলিয়ে গেছে।

এদিকে বন্যায় বড়লেখা উপজেলার ১৫১টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৫৮টি পানিবন্দি এবং ২৩টি বিদ্যালয়কে বন্যা আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। এগুলোতে শ্রেণি কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অন্যদিকে মাধ্যমিক ও মাদ্রসা মিলিয়ে ৫১টি প্রতিষ্ঠানের মধ্যে ১২টি মাধ্যমিক বিদ্যালয়কে বন্যা আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। ১৫টি পানিবন্দি অবস্থায় আছে।

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, বন্যা পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি নেয়া হয়েছে। সার্বক্ষণিক আমরা দুর্গত এলাকার বানভাসিদের খোঁজখবর রাখছি। সবকটি আশ্রয় কেন্দ্রে শুকনা খাবারের পাশাপাশি খিচুড়ি বিতরণ করা হচ্ছে। পানি যতদিন না নামছে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।

সুশান্তের মাদক মামলায় রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল

বিনোদন ডেস্কঃ সুশান্ত সিং রাজপুতের মৃত্যুসংক্রান্ত মাদক মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়েছে সুশান্তের প্রেমিকা এবং অভিনেত্রী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে। গতকাল বুধবার (২২ জুন) এনসিবি মুম্বাইয়ের আদালতে এ মামলার ড্রাফট চার্জ পেশ করেছে।

জানা যায়, চার্জশিটে রিয়া ও তার ভাই শৌভিক চক্রবর্তীসহ মোট ৩৩ জন অভিযুক্তের নাম রয়েছে। আইনজীবী অতুল সরপান্ডে বলেন, চার্জশিটে অভিযুক্তদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রায় সব কটি বহাল থাকছে। ইতোমধ্যে মামলার বেশ কয়েকজন অভিযুক্ত আদালতে অভিযোগ খারিজের আবেদন জানিয়েছেন। আদালতে চার্জ খারিজের আবেদন দাখিল করেছেন শৌভিক ও রিয়া। যার কারণে অভিযুক্তদের বিরুদ্ধে চার্জ গঠনের কথা থাকলেও তা সম্ভব হয়নি।

বিচারক ভিজি রঘুবংশী জানান, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চার্জশিট গঠন করা যাবে না। আগামী ১২ জুলাই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। গতকাল বুধবার আদালতে হাজির হয়েছিলেন শৌভিক-রিয়াসহ মামলার অন্য অভিযুক্তরা।

উল্লেখ্য, ২০২০ সালের ১৪ জুন বান্দ্রায় নিজ ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয় সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত মরদেহ। প্রেমিকা রিয়া চক্রবর্তী ও তার পরিবারের নামে পুলিশে অভিযোগ করে সুশান্তের পরিবার। এরপরই সুশান্তের মৃত্যুরহস্য উদ্‌ঘাটনে তদন্ত চালায় সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট (ইডি)। তবে মাদকসংক্রান্ত সম্পৃক্ততা থাকায় বিষয়টি তদন্তের দায়ভার নেয় এনসিবি।

আত্মহত্যার রহস্যের সঙ্গে মাদক-কাণ্ড প্রকাশ্যে উঠে এসেছিল বলে রিয়াকে এই মামলার অন্যতম মূল অভিযুক্ত হিসেবে ২০২০ সালের সেপ্টেম্বরে গ্রেপ্তার করা হয়। প্রায় এক মাসের মতো জেল খেটেছিলেন তিনি। এখন এই মামলার তদন্ত সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী সিবিআই করছে। কিন্তু এখনো এই তদন্তকারী সংস্থা কোনো সিদ্ধান্তে পৌঁছায়নি।

 

২৩ জুন প্রাচীনতম ও ঐতিহ্যবাহী আওয়ামীলীগের গৌরবের ৭৩ বছর

সিএনবিডি ডেস্কঃ আজ ২৩ জুন দেশের প্রাচীনতম, ইতিহাস – ঐতিহ্যে আদর্শিক এবং মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে স্বাধীন বাংলাদেশ সৃষ্টি করা দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল আওয়ামী লীগের ৭৩ তম জন্মদিন। ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার ঐতিহ্যবাহী রোজ গার্ডেনে প্রতিষ্ঠিত হয় আজকের ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আওয়ামী মুসলিম লীগ নামে প্রথম আবির্ভাব ঘটে জনপ্রিয় ও ঐতিহ্যের সাক্ষী এ দলটির । ১৯৫৪ সালের নির্বাচনে বিজয়ের পর ১৯৫৫ সালে সর্বজনীন দল হিসেবে রুপলাভ করে বাংলাদেশ আওয়ামীলীগ এবং তখন মুসলিম শব্দটি বাদ দিয়ে ‘আওয়ামী লীগ’ নামকরণ করা হয়।

১৯৪৯ সালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর  হাত ধরে যাত্রা শুরু করে দলটি এবং তিনিই হন প্রতিষ্ঠাতা সভাপতি, সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক এবং শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক। পরে ১৯৫৩ সালে দলটির সাধারণ সম্পাদক হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৫৫ সালে ‘মুসলিম’ শব্দটি বাদ দিয়ে সাম্প্রদায়িক খোলসমুক্ত হয়। ১৯৭০ সাল থেকে এ দলের নির্বাচনী প্রতীক হয় নৌকা।

তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে নয় মাসের মুক্তিযুদ্ধ শেষে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণের প্রাণপ্রিয় নেতা এবং বিশ্বের এক নম্বর জননন্দিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ পরিচালনার দায়িত্ব নেন। মাত্র সাড়ে ৩ বছর অর্থাৎ ১৩১৪ দিনের মাথায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট বিপথগামী কুচক্রী মহলের নিষ্ঠুরতায় সপরিবারে নিহত হন তিনি। রক্তাক্ত হয় বাংলাদেশের রাজনীতি, অস্তিত্ব বিলীন হয় গণতন্ত্রের, আধাঁরে ঢেকে যায় মানুষের চাওয়া-পাওয়া। এরপর ১৯৯৬ সাল পর্যন্ত রাজনৈতিক নিষ্ঠুরতার শিকার হয়ে এক রকম পঙ্গুত্ব বরণ করেছিল আওয়ামী লীগ।

অনেক চড়াই উৎরাই পেরিয়ে ১৯৮১ সালের ১৭ মে আজকের প্রধানমন্ত্রী  বঙ্গবন্ধু কন্যা জননেত্রী  শেখ হাসিনা দেশে ফিরে আসেন। এ সময় তিনি আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে সংগঠনকে শক্তিশালী করার উদ্যোগ নেন। দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত ঘুরে বেড়ান। শেখ হাসিনার নেতৃত্বে নেতাকর্মীরাও আবারও প্রাণ ফিরে  পান, উজ্জীবিত হয় এবং  নবউদ্যামে সংগঠিত হয়। আওয়ামীলীগের ইস্পাত কঠিন আন্দোলন  শুরু হয়, চলতে থাকে রাজপথের আন্দোলন সংগ্রাম। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বে অগ্রণী ভূমিকা পালন করে দলটি। তারপর  ১৯৯১  সালের সাধারণ নির্বাচনে ব্যাপক প্রতিযোগিতার পরেও হেরে গিয়ে সংসদে বিরোধী দলের আসনে বসে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। অবশেষে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৬ সালে ক্ষমতায় আসে আজকের আওয়ামীলীগ।  ১৯৯৬ সালে তার নেতৃত্বেই ২১ বছর পর সরকার গঠন করে আওয়ামী লীগ।

 

 

২০০৮ সালের নির্বাচনে বিজয়ী হয়ে আবার সরকার গঠন করে দলটি। তখন থেকে টানা তিন মেয়াদে সরকারে রয়েছে আওয়ামী লীগ। সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে আওয়ামী লীগ ১৯৫৪ সালে (যুক্তফ্রন্ট), ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার হিসেবে, ১৯৯৬ সালে এবং ২০০৮ সালের নির্বাচনে জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে। ২০১৪ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে টানা দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসে এবং ২০১৯ এর জানুয়ারীতে এ টানা তৃতীয়বারের মতো শেখ হাসিনার নেতৃত্বে শপথ গ্রহণ করেছে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের কর্মসুচীঃ দিবসটি উপলক্ষে প্রতিবছর দলটির পক্ষ থেকে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। এবারও করোনাভাইরাস পরিস্থিতির কারণে স্বাস্থ্যবিধি মেনে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- এদিন সূর্যোদয়ক্ষণে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন। একই দিন সকাল ৮টায় ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং সকাল ১০টা ৩০ মিনিটে বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভা। সভায় গণভবন প্রান্ত থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

এ ছাড়াও এদিন টুঙ্গিপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একটি প্রতিনিধি দল শ্রদ্ধার্ঘ্য নিবেদন করবেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কর্মসূচি পালনে আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সব জেলা, উপজেলাসহ সব স্তরের নেতাকর্মী ও সমর্থকদের আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা এ উপলক্ষে বুধবার বাণী দিয়েছেন। তিনি বলেন, প্রতিষ্ঠার পর থেকে এ ভূখণ্ডে প্রতিটি প্রাপ্তি ও অর্জন সবই আওয়ামী লীগের নেতৃত্বেই হয়েছে। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা থেকে শুরু করে আজ পর্যন্ত বাঙালির অর্জন এবং বাংলাদেশের সকল উন্নয়নের মূলেই রয়েছে আওয়ামী লীগ।

উল্লেখ্য, বাংলাদেশ আওয়ামী লীগের শুভ জন্মদিন ঐতিহাসিক ২৩ জুন অঙ্কুরিত হয়েছিল ‘স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্নসূত্র’। বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী এমন একটি মহতী ক্ষণে উদযাপিত হচ্ছে যখন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা ও আত্মমর্যাদার অনন্য প্রতীক পদ্মাসেতু উদ্বোধন হতে যাচ্ছে। আগামী ২৫ জুন সফল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন করবেন।

ওয়েস্ট ইন্ডিজে নতুন টুর্নামেন্ট ফরমেটে ৬ উইকেট হারালেই অলআউট!

স্পোর্টস ডেস্কঃ ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) নতুন একটি টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে। চলতি বছরের ২৪ থেকে ২৮ অগাস্ট পর্যন্ত সেন্ট কিটস অ্যান্ড নেভিসের ওয়ার্নার পার্কে টুর্নামেন্টটির প্রথম আসর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

৬০ বল বা ১০ ওভারের এই টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে ‘সিক্সটি’। সিপিএলের দশম আসর মাঠে গড়ানোর আগেই অনুষ্ঠিত হবে ‘সিক্সটি’। এই টুর্নামেন্টে খেলবে সিপিএলের ছেলেদের ছয় ফ্রাঞ্চাইজি ও মেয়েদের তিন দল। আর এই খেলাতে নতুন কিছু নিয়ম মানতে হবে দলগুলোকে। ম্যাচে ষষ্ঠ উইকেটের পতন ঘটলেই ব্যাটিং দলকে অলআউট বলে বিবেচনা করা হবে। প্রতি ইনিংসে দুই ওভারের পাওয়ার-প্লে থাকবে। এছাড়া ইনিংসের প্রথম ১২ বলের মধ্যে দুটি ছক্কা মারতে পারলে ৩ থেকে ৯ ওভারের মধ্যে বাড়তি এক ওভারের পাওয়ার-প্লে নেয়া যাবে।

অন্যদিকে বোলারদের জন্যও থাকছে কিছু নতুন নিয়ম। একই প্রান্ত থেকে টানা পাঁচ ওভার বল করবে বোলিং করা দল। এরপর করবে অন্য অর্ধ থেকে। একজন বোলার সর্বোচ্চ ২ ওভার নিতে পারবে। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং শেষ করতে না পারলে পেতে হবে শাস্তি। ৪৫ মিনিটের মধ্যে পুরো ১০ ওভার শেষ করতে না পারলে শেষের ওভারে একজন ফিল্ডারকে মাঠের বাইরে থাকতে হবে।

উল্লেখ্য, ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ও ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ যৌথভাব এই টুর্নামেন্টি আয়োজন করছে। বিদেশি খেলোয়াড়রাও এই টুর্নামেন্টে খেলতে পারবেন।

 

আরব আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ৯ জুলাই

আন্তর্জাতিক ডেস্কঃ আরব আমিরাতে আগামী ৯ জুলাই বৃহস্পতিবার ঈদুল আজহা উদ্‌যাপিত হতে পারে বলে দেশটির জ্যোতির্বিদেরা এক পর্যবেক্ষণের ভিত্তিতে এ তথ্য জানিয়েছেন। গতকাল বুধবার (২২ জুন) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব মতে, জিলহজের প্রথম চাঁদ দেখা যেতে পারে আরব আমিরাতের স্থানীয় সময় ২৯ জুন (বুধবার) সন্ধ্যায়। আর আগামী ৩০ জুন বৃহস্পতিবার ইসলামি জিলহজ মাস শুরু হতে পারে। সে হিসাবে ৩০ জুন হবে জিলহজ মাসের প্রথম দিন। আর আগামী ৮ জুলাই পবিত্র আরাফার দিন। সেই হিসাবে আরব আমিরাতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে আগামী ৯ জুলাই (১০ জিলহজ)।

এদিকে, সংযুক্ত আরব আমিরাতে ঈদ উৎসবকে কেন্দ্র করে ৪দিনের ছুটি (৮ জুলাই থেকে ১১ জুলাই) পাওয়া যাবে।

উল্লেখ্য, প্রতিবছর জিলহজ মাসে সৌদি আরবের মক্কায় মুসলমানদের পবিত্র হজ অনুষ্ঠিত হয়। ১০ জিলহজ ঈদুল আজহার দিনে কোরবানি করার মধ্য দিয়ে এ প্রক্রিয়া শেষ হয়। সারা বিশ্বের মুসলমানদের কাছে এই ঈদ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়।